Pages

Monday, September 24, 2012

কিশোরীর জন্মদিনে দাঙ্গা কারণ ফেসবুক নিমন্ত্রণ! :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

কিশোরীর জন্মদিনে দাঙ্গা কারণ ফেসবুক নিমন্ত্রণ! :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

ষোলতম জন্মদিনটি ঢাকঢোল পিটিয়ে করতে চেয়েছিল সে৷ এজন্য বন্ধুদের দাওয়াতও দিয়েছে ফেসবুকে৷ কিন্তু সেই ডিজিটাল দাওয়াত ‘প্রাইভেট’ ছিল না৷ ফলে কয়েক হাজার তরুণ-যুবা কিশোরীর জন্মদিনে হাজির হয়৷
 
নেদারল্যান্ডের হারেন নামক একটি ছোট্ট শহরের ঘটনা এটি৷ মাত্র ১৮ হাজার মানুষ বাস করে এই শহরটিতে৷ শহরটির এক কিশোরী ফেসবুকে বিপত্তি বাঁধায়৷ তার জন্মদিনের নিমন্ত্রণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকে৷ বিশ হাজার মন্তব্য জমা পড়ে সেখানে৷ শুক্রবার জন্মদিনের দিন তাই হাজার চারেক মানুষ হাজির হয় কিশোরীর শহরে৷
 
অবস্থা বেগতিক দেখে, কিশোরী আগেভাগেই অন্যত্র সরে গিয়েছিল৷ অন্যদিকে অনাকাঙ্খিত অতিথিদের সামলাতে বেগ পেতে হয় শহররের বাসিন্দাদের৷ শুরু হয় হইচই, হট্টগোল, ভাঙচুর৷ কিশোরীর বাড়ির আশেপাশে দাঙ্গা পুলিশ মোতায়েন করে স্থানীয় প্রশাসন৷ এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় অতিথিরা৷
 
শুক্রবার রাতের ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে৷ অন্যদিকে, গ্রেপ্তার হয়েছে চার অনাকাঙ্খিত অতিথি৷ পুলিশ অবশ্য জানিয়েছে, তারা ঘটনার ছবি তুলে রেখেছে৷ এবং ছবি বিশ্লেষণ করে আরো কয়েকজনকে জেলে ঢোকানো হতে পারে৷
 
স্থানীয় পুলিশের মুখপাত্রী মেলানি জোয়ামা এই বিষয়ে বলেন, ‘‘কিশোরী ফেসবুকে তার জন্মদিনের নিমন্ত্রণ পোস্ট করে, এরপর তার বন্ধুরা সেটি তাদের বন্ধুদের কাছে পাঠায় এবং এভাবে ইন্টারনেটে দাবানলের মতো নিমন্ত্রণটি ছড়িয়ে পড়ে৷ ''
 
অবশ্য শুধু কিশোরীকে দোষ দিয়েও লাভ নেই৷ কয়েকটি অনলাইন চক্র তার ছোট ভুলের সুযোগ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে৷ এই চক্রগুলো জন্মদিনের নিমন্ত্রণটি অনেক মানুষের কাছে পৌঁছে দেয়৷ এমনকি একটি ওয়েবসাইট জন্মদিনের উৎসবের সময় গণনা শুরু করে৷ সেই ওয়েবসাইটটির দাবি হচ্ছে, কিশোরীর জন্মদিনে যোগ দিতে দেড় লাখ মানুষকে আমন্ত্রণ জানিয়েছে তারা!
 
উল্লেখ্য, ফেসবুকে জন্মদিনের দাওয়াত নিয়ে বিপত্তি এটাই প্রথম নয়৷ এর আগে জার্মানি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম ঘটনা ঘটেছে৷ এর ফলে আর্থিকভাবে ক্ষতিও কম হয় না৷ সূত্র: এএফপি।
 

ওয়াইম্যাক্স চালু করতে ব্যর্থ বিটিসিএল :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

ওয়াইম্যাক্স চালু করতে ব্যর্থ বিটিসিএল :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 ব্যবসায়িক অংশীদার খুঁজে না পাওয়া এবং বৈদেশিক ঋণ আটকে যাওয়ায় লাইসেন্স পাওয়ার চার বছরেও তারহীন ইন্টারনেট সেবা ওয়াইম্যাক্স চালু করতে পারেনি বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাধ্য হয়েই প্রকল্পটি বাতিল করেছে প্রতিষ্ঠানটি।
 
 এদিকে ওয়াইম্যাক্স চালুতে ব্যর্থ হলেও ফোর-জি সমমানের এলটিই (লং টার্ম ইভোলিউশন) প্রযুক্তির চালুর উদ্যোগ নিয়েছে বিটিসিএল। এরই মধ্যে এলটিই চালুর অনুমোদন চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে আবেদন করেছে বিটিসিএল। বোর্ড সভায় অনুমোদনের পরই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
 
প্রসঙ্গত, সরকারি প্রতিষ্ঠান হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর ওয়াইম্যাক্সের লাইসেন্স পায় বিটিসিএল। ওই একই দিনে নিলামে লাইসেন্স পেয়ে পরবর্তীতে কিউবি ও বাংলালায়ন ওয়াইম্যাক্স সেবা চালু করে। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় বিটিসিএলকে নিলামে অংশ নিতে হয়নি। তারপরও ওয়াইম্যাক্স সেবা চালুতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়াইম্যাক্স সেবা চালু করতে চার বছরেও ব্যবসায়িক অংশীদার খুঁজে পায়নি বিটিসিএল। শুরু থেকে প্রতিষ্ঠানটি অংশীদার নিয়ে ওয়াইম্যাক্স চালু করার পক্ষে মত দিয়ে এসেছে। নেটওয়ার্ক অবকাঠামোর অনেকাংশ প্রস্তুত থাকার পরও এককভাবে এ সেবা চালু করতে বিটিসিএল বরাবরই কম আগ্রহ দেখিয়েছে।
 
সূত্র আরো জানায়, ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা দিতে প্রতিষ্ঠানটি কোরিয়ার এক্সিম ব্যাংক থেকে সাড়ে পাঁচশ’কোটি টাকা ঋণ নিতে চাইলেও শেষ পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি। ঋণের ওই টাকা দিয়ে আমদানিকৃত (ইমপোর্টেড পার্ট) যন্ত্রাংশ, মডেম কেনা এবং টাওয়ার ও অবকাঠামো নির্মাণের কথা ছিল।
 
বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ওয়াইম্যাক্সের বিষয়ে সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, ‘আমরা এখন নতুন কিছু করার কথা ভাবছি। ওয়াইম্যাক্সের চেয়েও আরো উন্নত প্রযুক্তি চালু করতে যাচ্ছে বিটিসিএল।’

বরফি, স্তব্ধতার গান :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

বরফি, স্তব্ধতার গান :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 জন্মের সময় তার স্কোর ছিলো পাঁচে তিন। কান, ঠোঁট মাইনাস। তবু তিনটি ইন্দ্রিয় নিয়েই সে রাজা। নিজের নিশ্চুপ ক্যানভাসে সে রঙ ছড়িয়েছে ইচ্ছেমত। আর সেই রঙ্গীন বুদবুদগুলোই আসলে তার কথা, বাক্য, চিৎকার। সে বরফি, সে রণবীর কাপুর।

কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। অথচ তার মত কথক হওয়াও আমাদের মত ইন্দ্রিয়ওয়ালা মানুষের পক্ষে কঠিনই। আসলে বলা যায় বলিউডে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা বরফি হলো আমাদের ইতিবাচক চিন্তাগুলোরই যোগফল।

বহু কষ্টে, ভারি অদ্ভুত ভঙ্গিতে সে কেবল নিজের নামটুকু উচ্চারণ করতে পারে। তাও সেটা আদতে ছিলো মরফি। কিন্তু বোবা ছেলের ঠোঁটে তা হয়ে দাঁড়ায় বরফি। ব্যাস ওইটুকুই। বাকি সময় সে কথা বলে শরীর ও চোখ দিয়ে। একটা পুরোন সাইকেল, পকেট ছেঁড়া কোট, ভাঙ্গাচোরা ঘর-এই তার দুনিয়াদারির হাতিয়ার। তাতে অবশ্য আক্ষেপ নেই তার, নেই ভ্রুক্ষেপও। কেননা তার জীবনযাপনই ভালো থাকার অবিরাম প্রচেষ্টা।

আর ঋষি পুত্র রণবীর এই বরফির মধ্যে মিশে গিয়েছেন পরতে পরতে। দার্জেলিং পাড়ের আশ্চর্য ছেলেটার ভূমিকা যেন তিনি অভ্যস্ত পোশাকের মতই গায়ে জড়িয়েছেন। সে পোশাকে তাকে বেমানান লাগাতো দূরের কথা বরং মনে হয়েছে এই চরিত্রে তার চেয়ে ভালো হয়তো করার সাধ্য অন্তত বলিউডে কারো নেই।

ছোট ছোট অজস্র দৃশ্যে তিনি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছেন গভীরভাবে। তার জন্যই এই একশো পঞ্চাশ মিনিটের জার্নিতে সামিল না হয়ে যেন উপায়ই থাকে না। তাই যখন বরফি সম্পর্কের গভীরতা মাপতে লাইটপোস্ট ভেঙ্গে তার সামনে বন্ধুর হাত আঁকড়ে অপেক্ষা করতে শুরু করে, দর্শকরাও তখন উদ্বিগ্ন না হয়ে পারেন না। যখন সে স্কুল বাসের জানালায় উদয় হয়ে চুরি করে চকলেট খায় দর্শকরাও তখন মনে মনে যেন প্রার্থনা করতে থাকে যাতে সে দ্রুত পালাতে পারে। যখন সে দার্জেলিং ম্যালের মত ঘড়ির কাঁটা পনেরো মিনিট পিছিয়ে দেয়, দর্শকরা তখন তার নিরাপদে নিচে নেমে আসার জন্য অপেক্ষা করে।  যখন বরফি তার অক্ষমতা বুঝিয়ে প্রেমিকাকে ছেড়ে চলে আসে, তখন এক চিলতে চোখের জল মুছে নিতে হয় সবাইকে।

মাঝরাতে বরফি যখন সাদা ঘোড়ায় চেপে বান্ধবিকে নিয়ে সফরে বের হয়, তখন যেন দর্শকরাও তার সঙ্গে অন্য গন্তব্যে পাড়ি জমায়। বরফির এই স্বপ্নযাত্রাতো আসলে দর্শকদের স্বপ্নের দিকেই এগিয়ে যাওয়া। আর এই স্বপ্নে কারিগর অনুরাগ বসু।

মৌন মুখর এই ছবিটি বানাতে যে প্রবল মানসিক দক্ষতা দরকার হয়, অনুরাগ তা করে দেখিয়েছেন। তাই ছবিটি দেখে তাকে স্যালুট না জানিয়ে কারো উপায় নেই। স্যালুট প্রাপ্য ছবির আরেক পাণ প্রিয়াঙ্কারও। ঝিলমিল চ্যাটার্জি নামে অটিজমে আক্রান্ত মেয়েটি সারা জগতের কাছে অবাঞ্ছিত। এমনকি নেষাগ্রস্ত অবস্থায় তাকে মেরেও ফেলতে চেয়েছিল তার মা। তাই দাদুর কাছেই তার বাস। এ মেয়ের মুখেও অনুরাগ কথা দিয়েছেন খুব কম। পুরো ছবিতেই সামাণ্য কয়েকবার সে বরফিকে ডাকে। দাদুকে ফোন করে আর গান গায় আধখানা। সরল ও শান্ত তার পৃথিবী। সেই পৃথিবীতেই বরফিকে সে আঁকরায়। অবোধ অনুযোগহীন ঝিলমিল সংসারের কাছে অচল। অথচ সে গাড়িতে শুয়ে জঙ্গলের মধ্যে জোনাকি দেখে টিপটিপ। অসামাণ্য এক রুপকথা তৈরি হয়ে যায় সেলুলয়েড জুড়ে। মনে হয় মাথা তুললেই ছাদ নয়, চোখে পড়বে অনন্ত আকাশ।

সিনেমাটোগ্রাফর অনন্ত বর্মনে কাজই বরফির অন্যতম সম্পদ। ঝিলমিল এখনো পর্যন্ত পিয়াঙ্কা চোপড়ার করা জীবনের সেরা অভিনয় চরিত্র। নিস্পাপ মুখের ফিনফিনে ঝিলমিলের কোথাও যেন খুঁজেই পাওয়া যায় না বলিউডের গ্লামারাস পিগি চপসকে। তাই এমন রুপান্তর যে সম্ভব তা চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কষ্টকর।

সেই সঙ্গে খুব মিলেছে প্রিতমের সুর আর আবহ। কলকাতা টালিগঞ্জের বেশ কয়েকজন তারকাকেও পাওয়া গেছে ছবিটিতে। রুপা গাঙ্গুলী, হারাধন বন্দোপাধ্যায়, যিশু সেনগুপ্ত সহ প্রত্যেককেই তার চরিত্রের সঙ্গে বেশ ভালো মানিয়েছে।

জাতিসংঘে ঐশ্বরিয়া :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

জাতিসংঘে ঐশ্বরিয়া :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
  অহংকার বর্জন করো, তবেই শান্তির প্রকৃত সন্ধান পাবে। এমনই একটি সংস্কৃত শ্লোক দিয়ে জাতিসংঘে বিভিন্ন দেশের ছাত্রছাত্রিদের ভারতীয় এই প্রাচীন শিক্ষার কথা মনে করিয়ে দিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সেনসেসন জাতিসংঘের শান্তিদূত ঐশ্বরিয়া রাই বচ্চন।
 
শনিবার আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে এসেছিলেন ভারতের বিখ্যাত বচ্চন পরিবারের এই বধূ। এদিন তিনি বিভিন্ন দেশের শিশুদের উদ্যেশ্যে বক্তব্য দেয়া ছাড়াও দেখা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গেও।
 
এছাড়া এদিন ঐশ্বরিয়া জাতিসংঘের অন্যান্য শান্তিদূত যেমন-অভিনেতা মাইকেল ডগলাস, বৃটিশ নৃতত্ত্ববীদ জ্যাঁ গুডঅল, নোবেল বিজয়ী ইহুদি বংশদ্ভূত মার্কিন সাহিত্যিক এলি উইজেল ও মার্নি সংগীত শিল্পী মনিক কোলম্যানের সঙ্গেও দেখা করেন।
 
এদিন জাতিসংঘের সদর দফতরে বিভিন্ন দেশের শিশুদের সঙ্গে কথা বলতে গিয়ে ঐশ্বরিয়া বলেন, তার নিজেকে একজন শিক্ষার্থী বলেই মনে হচ্ছে। কারণ তিনি শনিবার প্রথম জাতিসংঘের শান্তিদূত হিসেবে যাত্রা শুরু করলেন। আগামী দিনে ঐশ্বরিয়াকে জাতিসংঘের স্বাস্থ্য ও এইডস বিষয়ক প্রচারাভিযানে দেখা যেতে পারে বলেও জানান এই সাবেক বিশ্বসুন্দরী। সূত্র: বি.বাজ

বিশ্ব জয়ের রাস্তা ধরল বরফি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

বিশ্ব জয়ের রাস্তা ধরল বরফি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 অনুরাগ বসুর সিনেমা `বরফি`তে ছিল দার্জিলিং, কলকাতা, আবেগ আর না বলা অনেক কথা। সেই সব জিনিসগুলোই বরফিকে নিয়ে গেল সিনেমার জগতের বিশ্বসেরা খেতাব অস্কার জয়ের পথে।

শনিবার এ বছরের অস্কার পুরস্কারের জন্য মনোনয়নের প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। আর তাতে বিদেশী বিভাগে সেরা ছবির পুরস্কারের জন্য মনোনিত হলো `বরফি`। বলিউডের এই সিনেমা জুড়ে আছে বাংলা আর বাঙালি। ছবির বাঙালি পরিচালক অনুরাগ বসু। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় তিন বাঙালি রূপা গাঙ্গুলি, যীশু সেনগুপ্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়। তবে কী ভাষা, দেশ-রাজ্যের সীমা ছাড়িয়ে অনুরাগ বসুর এই ছবি চলে গেছে অন্তরমহলে। এর আগেও মাদার ইন্ডিয়া থেকে লগন, গাইড থেকে পিপলি লাইভের মতো সিনেমা অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।  গত সপ্তাহে রিলিজ করার পর, এক সপ্তাহের মধ্যে প্রায় ষাট কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অস্কারে মনোনয়ন পাওয়ার পর রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

 অস্কারের মনোনয়ন পাওয়ার পর পরিচালক অনুরাগ বসু বললেন, তিনি দারুণ খুশি। সিনেমার স্ক্রিপ্ট পড়েই রণবীর কাপুর নাকি বলেছিলেন, " আমি তো সিনেমায় কথা বলতে পারব না, কিন্তু আমার অভিনয় সবাইকে কথা বলবে।" সেটাই হলো বাস্তবে। সিনেমায় বরফি কিছু বলতে পারল না ঠিকই কিন্তু স্ক্রিণের বাইরে সে বলে গেল অনেক কিছু।

 অনুরাগ বসুর এই ছবিতে গল্প, রণবীর কপূর, প্রিয়াঙ্কা চোপড়ারা, অসাধারণ ক্যামেরা ওয়ার্ক, গান আম দর্শকদের মন জয় করেছে, এ বার জয় করার অপেক্ষায় অস্কারের বিচারকদের। আমির খান যা পারেননি, কথা বলতে না পারা বরফিকে পারবে?  সূত্র: জিনিউজ।

হুমায়ুন আহমেদ স্মরণে চলচ্চিত্র উৎসব শুরু সোমবার :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

হুমায়ুন আহমেদ স্মরণে চলচ্চিত্র উৎসব শুরু সোমবার :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
  সদ্য প্রয়াত নন্দিত সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ স্মরণে তিন দিনের চলচ্চিত্র উৎসব সোমবার থেকে শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর আয়োজনে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘চলচ্চিত্রে হুমায়ুন আহমেদ’ শীর্ষক উৎসবে প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদ পরিচালিত সাতটি চলচ্চিত্র।
 
২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অন্যান্যেল মধ্যে হুমায়ুন আহমেদের ছোটভাই কার্টুনিস্ট এবং রম্যপত্রিকা ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
উৎসব কমিটি সূত্রে জানাগেছে, প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেমা প্রদর্শন করা হবে।
 
২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ১টায় হুমায়ুন আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ প্রদর্শিত হবে। পরে যথাক্রমে ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘আমার আছে জল’ প্রদর্শিত হবে। ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’, ‘শ্যামল ছায়া’ ও ‘চন্দ্রকথা’ এবং ২৬ সেপ্টেম্বর ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘দুই দুয়ারী’ ও ‘শ্রাবণ মেঘের দিন’ দেখানো হবে। প্রদর্শনীর প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫ টাকা।

ফেসবুকে ব্যাপক সাড়া পাচ্ছেন সালমান, অমিতাভ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

ফেসবুকে ব্যাপক সাড়া পাচ্ছেন সালমান, অমিতাভ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 বলিউড তারকারা অবশেষে একে একে ফেসবুকে প্রবেশ শুরু করেছেন৷ এতদিন টুইটারে তারা সক্রিয় ছিলেন বেশি৷ আমির, প্রিয়াঙ্কার পর দিন কয়েক আগে ফেসবুকে যাত্রা শুরু করেন অমিতাভ বচ্চন৷ এরপর সালমান খান৷

সালমান খান লিখে ফেসবুকের খোঁজ বোতামটি চাপলে অনেক পাতার সন্ধান পাওয়া যায়৷ এদের মধ্যে কোনোটি এমনভাবে পরিচালিত যে, মনে হবে আসল সালমানের বুঝি দেখা পাওয়া গেল৷ কিন্তু সেগুলো সবই ভুয়া পাতা৷ আসল সালমান এতদিন ছিলেন না ফেসবুকে৷
গত সপ্তাহে আসল সালমান মানে বলিউড তারকা সালমান খান ফেসবুকে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন৷ নিজের পাতায় একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন এই তারকা৷ সালমান বলেন, ‘‘অনেকে আমার কাছে জানতে চেয়েছে, আমি কেন ফেসবুকে নেই৷ তারা আরো বলেছে, আমার নামে অনেক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, যা বিভ্রান্তি ছড়াচ্ছে৷”

সালমান নামে যারা ভুয়া ফেসবুক পাতা খুলেছেন তাদের সতর্ক করেছেন এই বলিউড তারকা৷ ভুয়া অ্যাকাউন্টগুলোর প্রতি তার আহ্বান হচ্ছে, ‘হয় আমার আনুষ্ঠানিক পাতায় আসো, না হয় দূর হও৷’

ফেসবুকে প্রবেশের কয়েকদিনের মধ্যেই প্রায় ত্রিশ লাখ লাইক পেয়েছেন সালমান খান৷ তার পাতায় প্রতিনিয়তই যুক্ত হচ্ছে অনেক মানুষ৷ সালমান সম্পর্কিত সর্বশেষ সব খবরাখবর পাওয়া যাবে এই পাতায়৷

প্রসঙ্গত, গত মাসে ফেসবুকে যোগ দেন বলিউড ‘বিগ বি' অমিতাভ বচ্চন৷ সেসময় তিনি বলেন, ‘‘আমি আমার ব্লগে আশাতীত সাড়া পেয়েছি, যা আমাকে উৎসাহিত করেছে এবং এজন্যই আমি ভক্তদের সঙ্গে যোগাযোগের আরো একটি পথ (ফেসবুক) উন্মুক্ত করেছি৷”

ফেসবুক পাতার মাধ্যমে শুধু ভারতীয় নয়, গোটা বিশ্বের ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চান অমিতাভ৷ তবে ফেসবুক ভক্তের বিচারে ইতিমধ্যে বিগ বি-কে টপকে গেছেন সাল্লু ভাই৷ সালমান ভক্ত সংখ্যা যেখানে ত্রিশ লাখ ছুঁইছুঁই, সেখানে অমিতাভের রয়েছে প্রায় পঁচিশ লাখ ভক্ত৷ অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার ফেসবুক ভক্তের সংখ্যা ত্রিশ লাখের কিছু বেশি, আমির খানের পঞ্চাশ লাখের বেশি। সূত্র: পিটিআই।

তৃষ্ণা ছাড়াও পানি জরুরি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

তৃষ্ণা ছাড়াও পানি জরুরি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 আমরা সবাই জানি, আমাদের শরীরের মোট ওজনের ৭৫ শতাংশই পানি। শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে পানির উপস্থিতি রয়েছে। বিশেষ করে ফুসফুস এবং মস্তিষ্কের মতো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোয় পানির উপস্থিতি অনেক বেশি।
 
সাধারণত আমরা মনে করি, তখনই আমাদের তৃষ্ণা পায় যখন শরীরে পানির প্রয়োজন হয়। কিন্তু এ ধারণা কি আসলেই সত্যি? আমাদের মধ্যে অনেকেই দীর্ঘক্ষণ তাপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করি, সে সময় আমাদের খুব বেশি তৃষ্ণা পায় না, তার মানে কি আমাদের শরীরে তখন পানির প্রয়োজন নেই?
 
বিজ্ঞানীরা বলছেন, তখনো শরীরে পানির প্রয়েজন হয়। তৃষ্ণা না পেলেও শরীরে পানির প্রয়োজন আছে। আর এটি পূরণ না হলে শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে।
 
গবেষকদের মতে, আমাদের শরীরের ভেতরে পানির প্রবাহ বাড়তি থাকলে কোষগুলো উদ্দীপ্ত হয় এবং শক্তি আহরণ করে। এ ছাড়া ত্বকের এবং স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পানির উপস্থিতি প্রয়োজন।
 
প্রতিদিন চার লিটার পানি শরীর থেকে নির্গত হয়। এ ঘাটতি পূরণ করার জন্য একই পরিমাণ পানি পান করা দরকার। তা আপনার তৃষ্ণা থাকুক আর না থাকুক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ মেয়াদে পদ্মা সেতুর কাজ শুরু করা কঠিন: যোগাযোগমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

এ মেয়াদে পদ্মা সেতুর কাজ শুরু করা কঠিন: যোগাযোগমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  বিশ্বব্যাংক ফিরে এলেও বর্তমান সরকারের মেয়াদকালে পদ্মা সেতুর কাজ শুরু করা খুব একটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একটি পদ্মা সেতুই দেশের সব সমস্যার সমাধান নয়-এ মন্তব্য করে মন্ত্রী বলেন, “বিশ্বব্যাংক যে সব শর্ত দিয়েছে তার কারিগরি, প্রক্রিয়াগত ও কৌশলগত সব সমস্যার জট খুলতে অনেক সময় লাগবে।”

বিকল্প অর্থায়নের কথা উল্লেখ করে তিনি পদ্মা সেতু নির্মাণের যে নির্বাচনী প্রতিশ্রুতি সরকারের ছিল তা থেকে সরে আসারও কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন।

এর আগে শনিবারও সাভারের এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেছিলেন, “পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ফিরে আসার অর্থ এই নয় যে, খুব শিগগির এর কাজ শুরু হবে। কিছু প্রক্রিয়াগত, পদ্ধতিগত এবং টেকনিক্যাল বিষয় রয়েছে যা সুরাহা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। এরপর বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে চারটি শর্ত দিয়েছিল। শর্তগুলো পূরণ হওয়ায় গত বৃহস্পতিবার বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসার ঘোষণা দেয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ৬ মাস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ৬ মাস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করা হবে। এসব প্রতিষ্ঠানের নারী শিক্ষক ও কর্মচারীরা এ সুবিধা ভোগ করবেন।

রোববার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কয়েকটি সংগঠনের নেতারা শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

নুরুল ইসলাম আরো বলেন, দাবি অনুযায়ী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িবাড়া ও চিকিত্সাভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে টাকার পরিমাণটা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সুনির্দষ্টি করা হবে বলে মন্ত্রী জানান।

আবুল কালাম আজাদের বিরুদ্ধে হুলিয়া জারি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আবুল কালাম আজাদের বিরুদ্ধে হুলিয়া জারি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে গ্রেফতার করতে পত্রিকা বিজ্ঞপ্তি দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারক এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।

প্রসিকিউটর সাহিদুর রহমান সাংবাদিকদের জানান, কুখ্যাত রাজাকার আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে গ্রেফতার করতে দুটি বহুল প্রচারিত বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি জারির মাধ্যমে হুলিয়া জারি করেছেন।

তিনি বলেন, আগামী দুই এক দিনের মধ্যে তাকে হাজির হতে এ বিজ্ঞপ্তি দেয়ার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্য তাকে হাজির হতে আগামী ৭ অক্টোববর পর্যন্ত সময় দেয়ার কথা বলেছেন ট্রাইব্যুনাল। ওই তারিখের মধ্যে তিনি হাজির না হলে তার অনুপস্থিতেই বিচার কাজ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে ডিএমপি কমিশনার তাদের প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনের উল্লেখ করা হয়, তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে গ্রেফতার করতে সবখানে খোঁজা হচ্ছে।

প্রসিকিউটর বলেন, ডিএমপির এ প্রতিবেদন গ্রহণ করে ট্রাইব্যুনাল আজ এ নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

ওই দিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ২৩ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। ওই তারিখের মধ্যে তাকে গ্রেফতার করতে না পারলে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করার জন্য ডিএমপির প্রতি একটি নির্দেশ জারি করেন।

গত ২ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর সাহিদুর রহমান আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন।

আনুষ্ঠানিক অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, দেশান্তরিত, ধর্মান্তরিতকরণসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গিছে বলে জানিয়েছেন প্রসিকিউটর সাহিদুর রহমান।

তিনি বলেন, ১০টি ঘটনায় ২২টি অভিযোগের ভিত্তিতে মোট ৪৪৮ পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয়েছে রেজিস্ট্রারের কাছে। রোববার আদালত প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নিয়ে তাকে দ্বিতীয় বারের মতো গ্রেফতারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আগামী ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিটর সাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, কুখ্যাত রাজাকার  আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ৬৪ পৃষ্ঠার ফরমাল চার্জ (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।

তিনি বলেন, বাচ্চু রাজাকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো একাত্তর সালের ২১ এপ্রিল ফরিদপুরে জগৎবন্ধু আশ্রমে আটজন সাধুকে বাচ্চু রাজাকারের সহযোগীতায় পাক বাহিনী নির্মমভাবে হত্যা করেন।

এর আগে গত ২৬ জুলাই তদন্ত সংস্থা বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করতে না পারলে বা খুঁজে না পেলে কী করবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর সাহিদুর রহমান জানান, গ্রেফতার করতে না পারলে দুটি ইংরেজি ও বাংলা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। তাতেও তাকে গ্রেফতার করা সম্ভব না হলে তার অনুপস্থিতে বিচার কাজ চলবে।

মাওলান আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত সংস্থার তদন্ত কাজ গত ১০ এপ্রিল থেকে শুরু হয়। এরপর গত ৩ এপ্রিল তাকে গ্রেফতার করে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাকিস্তানের উদ্দেশে ভারতে চলে যান।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ গত ২৫ মার্চ দেয়া আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২ এপ্রিল দাখিল করে প্রসিকিউশন।

রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে র‌্যাব: হারস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে র‌্যাব: হারস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 পুলিশের অভিজাত বাহিনী র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজনৈতিক ও অনৈতিকভাবে বিশেষ মহল থেকে প্রভাবিত হচ্ছে। র‌্যাবের কার্যক্রমে অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

জনমত জরিপে এমন তথ্য পাওয়া গেছে বলেছে দাবি হিউম্যান এনভায়রনমেন্ট রাইট্ সোসাইটির ( হারস্ )।

রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে মানবাধিকার ও পরিবেশ রক্ষা বিষয়ক সংগঠনটি।

সংস্থার নির্বাহী পরিচালক মির্জা ওয়ালিদ হোসেন তার রিখিত বক্তব্যে জানান, জরিপে ১ হাজার ৫৫৩ জন নাগরিক অংশ নিয়েছেন।

জরিপের ফলাফল

কোনো কোনো র‌্যাব সদস্য রাজনৈতিক ও অনৈতিকভাবে কোনো মহল দ্বারা প্রভাবিত হচ্ছে কি- এমন প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৬৭০ জন (৪৩.১৪ %), না বলেছেন ২৮৫জন ( ১৮.৩৫%), জানি না বলেছেন ৫১৪ জন ( ৩৩.১৯%) এবং নিরুত্তর ছিলেন ৮৪জন (৫.৪১%)।

র‌্যাব সদস্য কর্তৃক কোন কোন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করেন- এম প্রশ্নের উত্তরে ৬৬০ জন (৪২.৫%) বলেছেন, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। ১৯০ জন (১২.২৩%), বিষয়টি জানেন না ৪৭৬ (৩০.৬৫%)  আর নিরুত্তর ছিলেন ২২৭ জন ( ১৪.৬২%)।

সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে র‌্যাব সদস্যদের আরও দায়িত্বশীল আচরণ, মানবতা ও ভদ্রতা সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন জরিপে অংশগ্রহণকারীদের ১১৯৮জন (৭৭.১৪%)। ৮৬ জন (৫.৫৪%) বলেছেন প্রশিক্ষণের প্রয়োজন নেই। ১৩৭ জন (৮.৮২%) বিষয়টি জানেন না আর ১৩২ জন (৮.৫%) এ প্রশ্নের উত্তর দেননি।

র‌্যাবের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে অবদান রাখছে বলে মত দিয়েছেন ১ হাজার ৪০০ জন। ১২২ জন বলেছেন অবদান রাখছে না, ২১ জনের বিষয়টি জানা নেই এবং ১০ জন এ সংক্রান্ত উত্তর দেননি।

পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব তুলনামূলক ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করেন ৫৮০ জন। ৪৮২ জন বললেন ভূমিকা ইতিবাচক নয়। ৪০৩ জন বলেছেন জানি না আর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নিরুত্তর ছিলেন ৮৮ জন।

র‌্যাবের বিরম্নদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন ৬১৮ জন। চক্রান্ত নেই বলছেন ২৪২ জন, বিষয়টি জানা নেই ৪৭০ জনের, নিররুত্তর ছিলেন ২২৭ জন।

র‌্যাব থাকার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন ১৩১০ জন। র‌্যাবের প্রয়োজন নেই বলেছেন ১০৪ জন, বিষয়টি জানেন না ৭৬ জন আর এ প্রশ্নের উত্তর দেননি ৭১ জন। র‌্যাব ভেঙে দেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে ধারনা ১ হাজার ১৭৪ জন। র‌্যাব ভেঙে দেয়ার পক্ষে ২৩৬ জন, বিষয়টি জানেন না ৭৬ জন আর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নিরুত্তর ছিলেন ১৯ জন। জরিপে অংশগ্রহণকারী নাগরিকদের ৩১২ জন র‌্যাবকে ভয় পান। ১১০৪ জন ভয় পান না। ভয়ের বিষয়টি জানা নেই ১৭ জনের এবং এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ১২০ জন। র‌্যাব থাকার প্রয়োজনীয়তা আছে বলে জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৮৪ জনের বেশি নাগরিক মনে করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, হারসের প্রধান উপদেষ্টা শহীদুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক ইমরান হোছাইন, প্রদীপ সেন, মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম বাবু, আইন বিভাগের প্রধান সমন্বয়কারী এডভোকেট আইয়ুব আহমেদুল্লা প্রমুখ।

উত্তরায় ভবনে আগুন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

উত্তরায় ভবনে আগুন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে রাজলক্ষী কমপ্লেক্সের পাশে আলাউদ্দিন টাওয়ার নামে একটি ১৬ তলা দালানে অগ্নিকাণ্ড ঘটেছে। সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
 
নিচ তলার আগুন ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
 
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, প্রথমে তাদের দুটো ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
 
রাত পৌনে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনটির নিচের দিকের তলাগুলো ধোঁয়ায় ছেয়ে আছে। অগ্নি নির্বাপক কর্মীরা ভবনটির ভেতরে আটকে পড়া লোকদের মই দিয়ে নামিয়ে আনার চেষ্টা করছেন।
 
পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মুহাম্মদ শহিদুল্লাহ, মেটোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ ঘটনাস্থলে পৌছেছেন। সেনা বাহিনী ও নৌ বাহিনীর দুটি টিমও উদ্ধার কাজে অংশ নেয়।

খালেদা জিয়ার ছোটভাই সাঈদ এসকান্দারের ইন্তেকাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

খালেদা জিয়ার ছোটভাই সাঈদ এসকান্দারের ইন্তেকাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোটভাই সাবেক সংসদ সদস্য সাঈদ এসকান্দার নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বার্তা২৪ ডটনেটকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

সাঈদ এসকান্দার দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। তিনি আমেরিকার নিউ ইয়র্কের একটি হাসপাতালে সাতমাস চিকিৎসাধীন ছিলেন।

দুই বছর আগে সাঈদ এসকান্দার সিঙ্গাপুরে হৃদরোগের চিকিৎসা করান এবং সেখানকার একটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করেন।

সাঈদ এস্কান্দার ২০০১ সালে ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম থেকে এমপি নির্বাচিত হন। পরে ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপটে তাকে আর  নির্বাচনে মনোনয়ন না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এমপি নির্বাচিত হন।

সাঈদ এসকান্দারের দুই স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

স্বতস্ফূর্ত ও শান্তিপূর্ণ হরতাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

স্বতস্ফূর্ত ও শান্তিপূর্ণ হরতাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ইসলামী ও সমমনা ১২ দলের ডাকে রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রায় শান্তিপূর্ণ ও স্বতস্ফূর্তভাবে পালিত হয়েছে। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকেই রাজধানীতে রাস্তায় কোনো পিকেটার চোখে পড়েনি। বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল বের করার চেষ্টা করা হলেও পুলিশ বাধায় তা পণ্ড হয়ে যায়। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও হরতাল ঠেকাতে মাঠে ছিলেন। পূর্বঘোষিত মহাসমাবেশ করতে না দেয়া, প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে পুলিশি বাধা এবং আটক নেতাদের মুক্তির দাবিতে শনিবার ইসলামী ও সমমনা ১২ দল এ হরতালের ডাক দেয়। প্রধান বিরোধী দল বিএনপির হরতালেও যেখানে তেমন সাড়া পাওয়া যায় না সেখানে ছোট কয়েকটি ইসলামী দলের হরতাল তেমন পালিত হবে না বলেই ধারণা করা হচ্ছিল। তবে আজকের হরতাল ছিল অনেকটা স্বতস্ফূর্ত। হরতাল আহ্বানকারীরা মাঠে না থাকলেও রাস্তায় যানবাহন অন্যান্য হরতালের চেয়ে কম ছিল। দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। অফিস আদালত, ব্যাংক-বিমা খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। ব্যাংকপাড়া মতিঝিল এবং সচিবালয়েও হরতালের ছাপ স্পষ্টভাবে চোখে পড়েছে। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন জেলা ও মহানগরীতে স্বতস্ফূর্ত হরতাল পালনের খবর পাওয়া গেছে। বন্দরনগরী চট্টগ্রামে পিকেটাররা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও কয়েকটি বাস ভাঙচুর করে। নগরীতে মিছিল-সমাবেশ করতে চাইলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এছাড়া সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশালে হরতালের পক্ষে তেমন কোনো পিকেটিং চোখে না পড়লেও হরতাল মোটামুটি পালিত হয়েছে। বিভিন্ন জেলা শহরে হরতালের পক্ষে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। নোয়াখালীতে হরতালের পক্ষে খোদ ছাত্রলীগ কর্মীরা পিকেটিং করেছেন। তবে তারা মহানবী সা.কে অবমাননার ইস্যুতে এ হরতাল করেন। এছাড়া নরসিংদী ও পাবনায় অন্য ইস্যুতে স্থানীয়ভাবে আগে থেকেই হরতালের ডাক দেয়ায় সেখানে আরো জোরালোভাবে পালিত হয়েছে রোববারের হরতাল। আজকের হরতালে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট কোনো সমর্থন ছিল না। জামায়াতে ইসলামী এতে সমর্থন দেয়নি। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বেসরকারি এক টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন, এ হরতালে তিনি সমর্থন দিয়েছেন। তবে কারা হরতাল আহ্বান করেছেন সে ব্যাপারে তিনি জানেন না বলে জানান। উল্লেখ্য, তার দলের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামীও শনিবার গ্রেফতার হয়েছেন। এদিকে সরকারি দল আওয়ামী লীগ দাবি করছে, ইসলামি কোনো ইস্যু না বরং বিএনপি-জামায়াতের ইন্ধনেই এই হরতাল ডাকা হয়েছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর দাবি করেছেন, বিএনপি জামায়াতের ইশারায় যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ হরতাল আহ্বান করা হয়েছে। তার ভাষায়, ইসলামি কোনো ইস্যুতে এ হরতাল হলে উত্তরাঞ্চলের তিন জেলায় কেন হরতাল পালন করা হবে না। উল্লেখ্য, দিনাজপুরে ১৮ দলীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে বগুড়া, রংপুর ও দিনাজপুরকে হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সুরে একই অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল আলম টুকু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশ্লেষকরা মনে করেন, মহানবী সা.কে অবমাননার ইস্যুটি সামনে থাকায় আজকের হরতালটি অনেকটা স্বতস্ফূর্তভাবে পালিত হয়েছে। এই ইস্যুতে হরতাল ডাকা না হলেও আন্তর্জাতিক মিডিয়াসহ অনেকেই মনে করেছেন রাসুলের অবমাননার প্রতিবাদেই এ হরতাল ডাকা হয়েছে। এ জন্য ধর্মীয় অনুভূতির কারণে অনেকেই নৈতিকভাবে এ হরতালে সমর্থন দিয়েছেন। মূলত সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস পুনঃস্থাপন, নারীনীতি বাতিল, শিক্ষানীতি সংশোধনসহ সব ইসলামবিরোধী আইন বাতিলের দাবিতে গত ২৪ জুলাই সমমনা ও ইসলামি ১২ দল রাজধানীর পল্টন ময়দানে মহাসমাবেশের ঘোষণা দেন। শনিবার বিকেলে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর একদিন আগে পল্টন এলাকায় ১৪৪ ধারা জারি করায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়নি। মহাসমাবেশ করতে না দিলে হরতাল দেয়া হবে সেই হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন ১২ দলের প্রধান মাওলানা মুহিউদ্দীন খান। শনিবার প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নিজামীসহ ১৮৬ জনের একটি মামলা হয়েছে। বেআইনি সমাবেশ করে পুলিশ এর কাজে বাধাদান ও জখম করা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ, জনমনে ত্রাস সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। রোববার এ মামলায় আহমাদুল্লাহ আশরাফ ও আব্দুল লতিফ নেজামী বাদে ৩০ জনকে দুদিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন সিএমএম আদালত। এদিকে ১২ দলীয় জোটের শরিক দলগুলোর পরিচায় স্পষ্ট নয়। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ ১২ দল নিয়ে গত বছরের জুনে এ জোটের যাত্রা শুরু হলেও এখন এতে নেই চরমোনাই পীরের ইসলামী আন্দোলন এবং শায়খুল হাদিসের খেলাফত মজলিস। এ জোটের নেতৃত্বে আছেন জমিয়তে ওলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান। এছাড়া জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত প্রিন্সিপাল জয়নুল আবেদিন ও খলিলুর রহমান মাদানীও সরাসরি এর সঙ্গে জড়িত।

পদ্মা সেতু দুর্নীতি তদন্তে দাতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে সরকার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পদ্মা সেতু দুর্নীতি তদন্তে দাতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে সরকার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে না। আগের চুক্তিতেই তারা অর্থায়ন করবে। তাছাড়া এ ক্ষেত্রে নতুন কোনো শর্ত দেয়নি বলে  সরকারের পক্ষ থেকে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, ‘‘বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও দুর্নীতির তদন্তে সহ-অর্থায়নকারীদের সাথে নিবিড়ভাবে কাজ করবে।’’ পরে বিকেলে বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইকবাল মাহমুদ বলেন, “পদ্মায় ফেরার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক চারটি শর্ত দিয়েছিল। সেগুলো পুরণ হওয়ায় তারা এ প্রকল্পে ফিরেছে। আর তাদের দেয়া শর্তগুলো পূরণ হয়েছে কিনা তা দেখতেই বহুজাতিক এই আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিনিধি দল অচিরেই আগামী ২/১ সপ্তাহের মধ্যেই ঢাকায় আসছে।’’ আগের করা চুক্তি বাতিল হওয়ায় বিশ্ব ব্যাংকের সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে কি না- জানতে চাইলে সচিব বলেন, নতুন করে কোনো চুক্তি করতে হবে না। বিশ্ব ব্যাংকের ওই প্রতিনিধি দল পদ্মা প্রকল্প দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবে বলে জানান তিনি। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল যদি তদন্ত করে কোনো ‍দুর্নীতি পায় তখন অর্থায়ন বাতিল হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “দুর্নীতির প্রমাণ পেলে বাংলাদেশি আইনে শাস্তি হবে। তবে অর্থায়ন বাতিল হবে না।” দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার অর্থায়ন বাতিলের আড়াই মাস পর পুনরায় ফেরার ঘোষণা দেয়। প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে সরকারের শীর্ষস্তরের ব্যক্তিদের দুর্নীতি তদন্তে ও ভবিষ্যতে দুর্নীতি  প্রতিরোধে বিশ্বব্যাংকের বাতলানো কমপক্ষে চারটি পূর্বশর্ত পূরণে বাংলাদেশ সম্মত হয়েছে উল্লেখ করে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব পদক্ষেপ সরকার সন্তোষজনকভাবে বাস্তবায়িত করার পরই সেতু প্রকল্পটিতে নতুন করে ‘সম্পৃক্ত’ হবে ব্যাংকটি। আমেরিকার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনস্থ প্রধান দফতর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানায় বিশ্বব্যাংক। নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘‘ব্যাংক এতে রাজি হয়েছে যে, সরকারের দ্বারা সম্মত পদক্ষেপগুলোর সন্তোষজনক বাস্তবায়ন হলে, ব্যাংকের পরিচালনা কর্তৃপক্ষের সমর্থনসহ পদ্মা বহুমুখী সেতুতে আবার নতুন করে সম্পৃক্ত হবে ব্যাংক।’’ বিবৃতিতে বলা হয়, ‘‘নতুন করে প্রকল্প বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে একগুচ্ছ পদক্ষেপ নিতে সরকার রাজি হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সেতু নির্মাণ নিশ্চিত করতে বাড়তি নজরদারির ব্যবস্থাসহ নতুন ক্রয় প্রক্রিয়ার ব্যবস্থা করা, পূর্ণাঙ্গভাবে, নিরপেক্ষতা ও দ্রুততার সাথে তদন্তে এগিয়ে যাবে এবং সরকারি তদন্ত খতিয়ে দেখতে ও তাদের তদন্তের ফল সরকার ও বিশ্বব্যাংককে জানাতে একটি স্বাধীন আন্তর্জাতিক প্যানেল থাকবে।’’

Friday, September 21, 2012

তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 রংপুর-লালমনিরহাট জেলার সীমান্তে দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সোয়া দুইটায় তিনি রংপুর অংশে সেতুর পশ্চিম প্রান্তে উদ্বোধনী ফলক উন্মোচন করে সেতু দিয়ে লালমনিরহাট অংশে পূর্ব প্রান্তে যান। সেখানে ফলক উন্মোচন করে সংক্ষিপ্ত রাখেন। লালমনিরহাট অংশে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “২০০১ সালে ক্ষমতায় থাকাকালে এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। কিন্তু মাঝপথে বিএনপি সরকার তাতে বাধা দেয়। এ কারণে এই সেতুর নির্মাণ পিছিয়ে যায়। আল্লাহর রহমতে উন্নয়নের প্রবেশ পথ হিসেবে তিস্তা সড়ক সেতুর আজ থেকে যাত্রা শুরু হলো।” প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় এসে দেশের সার্বিক উন্নয়ন করেছি। এই অঞ্চল থেকে মঙ্গা দূর করেছি। দেশে খাদ্য সংকট ছিল সেই সংকট দূর করেছি। এখন দেশের খাদ্য সমস্যা নেই।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “নির্বাচনী ওয়াদা অনুযায়ী রংপুরকে বিভাগে পরিণত করেছি, বিশ্ববিদ্যালয় ও সিটি করপোরেশন করেছি। রংপুরের সব ধরনের উন্নয়ন আরো তরান্বিত করার জন্য আমাদের সরকার প্রস্তুত।” এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পাটমন্ত্রী আব্দুল লতিফ, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন,  খালিদ মাহমুদ চৌধুরী এমপি, টিপু মুন্সি, কাউনিয়া উপজেলা আনোয়ারুল ইসলাম। এদিকে তিস্তা সেতুর উদ্বোধন উপলক্ষে মানুষের ঢল নামে সেতু এলাকায়। কিন্তু প্রধানমন্ত্রী কাউনিয়া অংশে দেয়া মাইকগুলো বিকল হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর কোনো কথাই শুনতে পারেননি না উৎসুক জনতা। তারা হতাশ হয়েই খুলে দেয়া তিস্তা সেতু ঘুরে দেখেন।

সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যা মামলার চার্জশিট দাখিল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যা মামলার চার্জশিট দাখিল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার ওবায়দুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ চার্জশিট দাখিল করেন।

মহানগর হাকিম রেজাউল করিম চার্জশিট গ্রহণ যোগ্যতার শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বও পরবর্তী তারিখ ধার্য করেন।

চার্জশিটভুক্ত পাঁচ আসামি হলেন, সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম খোকন ও সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ।

হলমার্ক কেলেঙ্কারি: মোদাচ্ছেরকে দুদকের জিজ্ঞাসাবাদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক কেলেঙ্কারি: মোদাচ্ছেরকে দুদকের জিজ্ঞাসাবাদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। তবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে কোথায় এবং কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি দুদক চেয়ারম্যান।
 
দুদক চেয়ারম্যান বলেন, যেহেতু তিনি সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল তাই তাকে এমন জায়গায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে যেখানে তিনি স্বাচ্ছন্দবোধ করেন।

হলমার্ক গ্রুপকে ঋণ দিতে স্বাস্থ্য উপদেষ্টা সুপারিশ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্রসঙ্গত, হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্ক একাই দুই হাজার কোটি টাকারও বেশি হাতিয়ে নেয়। পরে এ ব্যাপারে অনুসন্ধান শুরু করে দুদক। ইতিমধ্যে দুদক ৫৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

ডিজিটাল বাংলাদেশ গড়তে সব করেছি: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ডিজিটাল বাংলাদেশ গড়তে সব করেছি: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সময় মানুষের আয় বেড়েছে, জিনিসের দাম কমেছে। আমি রংপুরকে বিভাগ করেছি। রংপুরে বিশ্ববিদ্যালয় করেছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে সব করেছি। আর কি চান? সব কিছুই তো দিয়ে দিলাম।

বৃহস্পতিবার বিকেলে তিস্তা সড়ক সেতু উদ্বোধন শেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি ’৯৬ সালে তিস্তা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। বিএনপি এ সেতুর কাজ বন্ধ করে রেখেছিল। আমি ক্ষমতায় এসে মাত্র তিন বছরের মধ্যে এ সেতুর কাজ শেষ করে উদ্বোধন করলাম। সে কারণে আমি আজ সবচেয়ে বেশি আনন্দিত।”

প্রধানমন্ত্রী দেশের উত্তরাঞ্চলে তার সরকারের আমল করা উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, “১৭১ কোটি টাকা ব্যয়ে বুড়িমারী-লালমনিরহাট রেল লাইনের সংস্কার করেছি। ১৫০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় তিস্তা সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থার স্থাপন করলাম। এছাড়া হাতিবান্ধায় ন্যাশনাল সার্ভিস, দ্বিতীয় ধরলা সেতু, তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা জন্য মুক্ত করা, নার্সিং কলেজসহ অধিকাংশ উন্নয়ন আমি করেছি।”

তিনি বলেন, “আওয়ামী লীগ উন্নয়নের সরকার। যে কারণে দেশের জনগণ বারবার আমাদের ভোট দেয়। কিন্তু ভোট চোররা ভোট চুরি করে ক্ষমতায় আসার চেষ্টা করে আসছে।”

প্রধানমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় এসে জাতীয় চার নেতাসহ জাতির পিতার হত্যার বিচার করেছি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। শেষও করব। কিন্তু এতে বিরোধী দল বাধা সৃষ্টি করছে। তাতে কোনো লাভ হবে না। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।”

২০ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা বলেন, “আমাদের সময় দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কৃষককে সুদমুক্ত ঋণ দিয়েছি। সারের দাম কমেছে। আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার।”

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা সাইফুজ্জামান শিখর।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, রেলমন্ত্রী মজিবুল হক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

জনসভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ রংপুর বিভাগের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২২  কোটি টাকা ব্যয়ে নির্মিত লালমনিরহাট-কুড়িগ্রাম জেলার একমাত্র প্রবেশপথ ৭৫০ মিটার দীর্ঘ তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করেন।

এছাড়া জনসভাস্থল থেকেই ১৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বুড়িমারী-লালমনিরহাট সংস্কারকৃত ৮৫ কিলোমিটার নতুন রেল লাইন, ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত লালমনিরহাট ডায়াবেটিক সমিতির বহুতল ভবনের উদ্বোধন করেন।