Pages

Sunday, October 7, 2012

ফেসবুকের ১০০ কোটি ব্যবহারকারী লক্ষ কোটি ‘লাইক’ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

ফেসবুকের ১০০ কোটি ব্যবহারকারী লক্ষ কোটি ‘লাইক’ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
বিশ্বব্যাপী ১০০ কোটি লোক এখন ফেসবুক ব্যবহার করছেন বলে সামাজিক মিডিয়া কোম্পানিটি জানিয়েছে।

গুরুত্বপূর্ণ এই মাইলফলক অতিক্রম করার কথা ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আমেরিকায় এক টেলিভিশন সাক্ষাৎকারে ঘোষণা দেন।

কোম্পানির হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীরা এক লক্ষ কোটিরও বেশি ‘লাইক’ দিয়েছেন, ৫১,৯০০ কোটি ছবি আপলোড এবং ১,৭০০ কোটি বার ‘চেক-ইন’ করেছেন।

আট বছর আগে ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই ওয়েবসাইট এখন নতুন বাজারে সম্প্রসারন করার কথা ভাবছে।

“আমাকে এবং আমার সহকর্মীদের আপনাকে সেবা করার সুযোগ দেবার জন্য আপনাকে ধন্যবাদ’’, মার্ক জুকারবার্গ নিজের ফেসবুক স্টেটাসে এই কথা দিয়ে আপডেট করেন।

‘’এক’শ কোটি লোককে একে অপরের সাথে যোগযোগ করিয়ে দিতে সাহায্য করাটা অসাধারণ অভিজ্ঞতা ছিল।”
''আমার জীবনে অন্যান্য কাজের চেয়ে এই কাজের জন্য আমি সব চেয়ে বেশি গর্বিত’’, জুকারবার্গ বলেন।

নতুন মাইল ফলকের ঘোষণার সময় যেসব তথ্য প্রকাশ করা হয়, তাতে দেখা যাচ্ছে এখন প্রায় ৬০ কোটি মানুষ মোবাইল প্রযুক্তি দিয়ে ফেসবুক ব্যবহার করছেন, যেটা জুন মাসের তুলনায় প্রায় পাঁচ কোটি বেশি।

হারভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হবার পর থেকে এ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীরা ১৪,০০০ কোটি বার ‘বন্ধুত্ব’ করেছেন।

শেয়ারবাজারে ফেসবুকের শেয়ারের মূল্য ইতোমধ্যেই ৩৮ ডলার থেকে ২২ ডলারে নেমে গেছে। বাজার দর ধরে রাখার জন্য সম্প্রসারণ এবং প্রবৃদ্ধি অত্যাবশ্যক বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

বিনিয়োগকারীরা ধারণা করছেন ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে আরো বেশি উপার্জনের রাস্তা বের করার দিকে, এবং নতুন বাজার সৃষ্টির দিকে কোম্পানি নজর দেবে।

ফেসবুক যদিও বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক, চীন এবং রাশিয়ার মত কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থানীয় প্রতিযোগীরা এখনো এগিয়ে আছে ।

নতুন বাজারের সন্ধানে
গত মাসে মার্ক জুকারবার্গ মস্কো সফরে গিয়ে প্রথমবারের মতো টেলিভিশন টক শোতে অংশগ্রহণ করেন, এবং প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদিয়েভ’র সঙ্গে সাক্ষাত করেন।

তার সফরের উদ্দেশ্য ছিল ভি-কনটাক্ট নামের একটি স্থানীয় সামাজিক নেটওয়ার্ককে বিচলিত করা। রাশিয়াতে ১০ কোটির বেশি লোক ভি-কনটাক্ট ব্যবহার করেন, অন্যদিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৭০ লাখ।

ফেসবুক চীনের দিকেও তাকিয়ে আছে এবং তাদের ভাষায় অন্যান্য ইন্টারনেট কোম্পানিদের কাছ থেকে ‘জ্ঞান অর্জন করছে’।

চীনে ফেসবুককে সফল হতে হলে রেন-রেন নামের স্থানীয় একটি নেটওয়ার্ক থেকে শীর্ষ স্থান দখল করতে হবে। এছাড়াও ফেসবুককে হয়তো প্রতিযোগিতা করতে হবে সিনা উইবো নামের টুইটারের মতো একটি সার্ভিসের সাথে, যাদের ৩০ কোটি ব্যবহারকারী আছে। সূত্র: বিবিসি।

নির্বাচনের আগেই লাদেন হত্যার ছবির মহরত :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

নির্বাচনের আগেই লাদেন হত্যার ছবির মহরত :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 আল কায়েদার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে তৈরি ছবির মহরত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দু’দিন আগে৷ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এনজিসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে এই তথ্য৷

বারাক ওবামার নির্বাচনি প্রচার অভিযানের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে গত মাসে নিউ ইংল্যান্ড-এ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব হার্ভে উইন্সটাইন৷ তিনি ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে তৈরি ছবি ‘সিল টিম সিক্স: দ্য রেইড অন ওসামা বিন লাদেন' এর পরিবেশক হিসেবে কাজ করছেন৷ এনজিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান হাওয়ার্ড ওয়েন্স এবং উইন্সটাইন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন ৪ঠা নভেম্বর এই ছবির মহরত করার৷ মহরত প্রদর্শনীর পর ছবিটি চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট নেটফ্লিক্স-এ ছাড়া হবে৷

‘সিল টিম সিক্স’ ছবিটি পরিচালনা করেছেন জন স্টকওয়েল৷ নাট্যধারায় মুক্তির জন্য ছবিটির প্রযোজনা করেছেন অস্কার বিজয়ী যুদ্ধের ছবি ‘দ্য হার্ট লকার' ছবির প্রযোজক নিকোলাস চার্টিয়ের৷ ইন্টারনেটে প্রকাশিত ছবিটির ট্রেলারে মূল চরিত্রগুলোকে বলতে শোনা গেছে, ‘আমরাই সেই দল যারা ওসামাকে শেষ করি’ এবং ‘এই সাফল্যের ওপর ভিত্তি করেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নেতৃত্ব স্থিতিশীল করতে যাচ্ছেন’৷

উল্লেখ্য, ২০১১ সালের ২ মে প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে মার্কিন নৌবাহিনীর বিশেষ দল নেভি সিল-কে ওসামা বিন লাদেনকে হত্যার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন৷ এরপরই পাকিস্তানি ভূখণ্ডে রাতের আঁধারে দুঃসাহসিক অভিযান চালিয়ে নেভি সিল বাহিনী ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার জন্য দায়ী আল কায়েদা নেতাকে হত্যা করে৷ ‘সিল টিম সিক্স’ ছবিটিতে সেই ঘটনারই লোমহর্ষক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে৷

এ প্রসঙ্গে উইন্সটাইন বলেন, ‘‘সেই রাতে যা ঘটেছিল তার প্রতিচ্ছবি অত্যন্ত আলোড়িত করে৷ আমি মনে করি, ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে যেভাবে আটকে রেখেছিল, দর্শকদেরকেও একইভাবে ধরে রাখবে৷ এছাড়া আমেরিকার অতিসাম্প্রতিক ইতিহাসের এমন একটি প্রতিচ্ছবি যতোবেশি সম্ভব ঘরে ঘরে পৌঁছে দেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরে আমি গর্ব বোধ করছি৷” সূত্র: এএফপি।

পঞ্চাশের যৌবনে বন্ড :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

পঞ্চাশের যৌবনে বন্ড :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
এখনও তার জেল্লায় ভাঁটা পড়েনি এতটুকুও। এখনো একইরকম ক্ষুরধার, ক্ষিপ্র, অনুসন্ধানী আক্রমণাত্মক। আর এসবের জন্যই তো যে কোনও লাস্যময়ীর পদস্খলন ঘটিয়ে দিতে পারে যেকোনো সময়, অবলীলায়। তিনি তো সবে পঞ্চাশ। শুক্রবার ৫০-এ পা দিলেন হৃদয়ে হিল্লোল-তুলে দেয়া জেমস বন্ড।

স্টুডিও ভেঙে পড়া, ব্যক্তিত্বের সংঘাত, ঠান্ডা যুদ্ধের অবসান। এই ধরনের যে কোনও ঘটনা বিপর্যয় ঘটিয়ে দিতে পারত বন্ডের জীবনে। সে সব নিয়ে স্টিভান রিলের তথ্যচিত্র ‘এভ্রিথিং অর নাথিং’। এদিন তারই প্রকাশ আর থিম টিউন বাজিয়ে জেমস বন্ডের ছায়াছবির ৫০ বছর উদযাপিত হল লন্ডনে। ১৯৬২-তে ঠিক আজকের দিনেই বন্ডের প্রথম ছবি ‘ডক্টর নো’র প্রিমিয়ার হয়েছিল হ্যারল্ড ম্যাকমিলানের শহরে। চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন কঠিন-কোমল সুপার স্পাই শ্যন কনরি। আত্মক্ষমতায় মদমত্ত এক খলনায়কের চক্রান্ত ভেস্তে দিতেই যাত্রা শুরু ০০৭-এর। ঠিক দু’বছর পর সিরিজের তৃতীয় সিনেমা ‘গোল্ডফিঙ্গার’ যখন রিলিজ করল, জেমস বন্ডের ক্যারিশমায় তখন আকণ্ঠ ডুবে গিয়েছে ব্রিটেন। সেদেশের সংস্কৃতিতে বন্ড তখন একটা আলাদা ডিসকোর্স।তার এই কারিশমার সঙ্গে একমাত্র ব্রিটিশ পপ ব্যান্ড বিট্লসের তুলনা তানা যায়।

তবে স্বল্পবসনাদের সবলীলায় শয্যাসঙ্গিনী করায়, বন্ড-সিরিজের কপালে ‘সেক্সিস্ট’ তকমাও লাগে। তাতে অবশ্য বন্ডের তুঙ্গশীর্ষ জনপ্রিয়তার বিন্দুমাত্র স্খলন হয়না। এবারের অলিম্পিকে রানি এলিজাবেথকে নিয়ে হেলিকপ্টারে করে আজকের বন্ড ড্যানিয়ল ক্রেগের প্রবেশ সেকথাই প্রমাণ করে।

অ্যালবার্ট ব্রকলি আর হ্যারি সাল্টজম্যানের ইওএন প্রোডাকশনস গত পাঁচ দশক ধরে জেমস বন্ডের মোট ২২টি ছবি বানিয়েছে। দুনিয়াজোড়া রিলিজ এনে দিয়েছে ৫০০ কোটি ডলার। এমাসের শেষে মুক্তি পাচ্ছে তেইশতম ছবি: স্কাইফল। সূত্র: জিনিউজ।

টুইটারে গাগা ভক্তদের রেকর্ড :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

টুইটারে গাগা ভক্তদের রেকর্ড :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
লেডি গাগা নামে যাকে চিনি আমরা, তার আসল নাম কী জানেন? স্টেফানি জোয়ান অ্যানজেলিনা জার্মানোটা৷ সংগীত জগত আর সামাজিক গণমাধ্যম সবখানেই এখন গাগার ভক্তদের ভিড় আর সবাইকে ছাড়িয়ে গেছে৷

যার সর্বশেষ খবর, টুইটারে গাগার ভক্তর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে৷ প্রতিদিন বাড়ছে গড়ে ৩০ হাজার করে, তাই একদম সঠিক হিসাবটা বলা বেশ মুশকিল৷ এইসব খবরাখবর যারা রাখে সেই স্টারকাউন্ট ডট কম জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মাইক্রোব্লগ টুইটারে গাগার ভক্তের সংখ্যা ছিল ৩,০০,৩০৯৪৯ জন৷

এর মধ্যে যে এই সংখ্যাটা আরো বেড়ে গেছে সেটা বলে দেয়ার অপেক্ষা রাখে না৷ ২৬ বছর বয়সী এই সংগীত তারকা গুগলের সামাজিক মাধ্যম গুগল প্লাসেও এখন দিন দিন নিজের পরিসর বাড়িয়ে চলেছেন৷ ইতিমধ্যে সেখানে তার ভক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে৷ সামনে থাকা ব্রিটনি স্পিয়ার্সকে ছাড়াতে হয়তো আর বেশিদিন নেই৷

লেডি গাগার এত জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্টারকাউন্ট ডট কম জানিয়েছে, সামাজিক গণমাধ্যমগুলোতে লেডি গাগা প্রায়ই তার ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন৷ তবে এই ক্ষেত্রে টুইটার তাকে আকাশচুম্বি জনপ্রিয়তা দিয়েছে৷ তিনিই প্রথমবারের মত এক কোটি এবং দুই কোটি ভক্তের মাইলফলক পার হন৷

উল্লেখ্য, টুইটারে লেডি গাগার আধিপত্য থাকলেও আরেক সামাজিক মাধ্যম ফেসবুক আর ইউটিউবে কিন্তু শীর্ষে আরেক সংগীত তারকা৷ তিনি হচ্ছেন রিয়ানা৷ এখানে রিয়ানার চাহিদা সবচেয়ে বেশি, তবে টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা এখনও গাগার চেয়ে অনেক পেছনে, দুই কোটি ২৬ লাখ৷ সূত্র: এএফপি।

এভাবেও ফিরে আসা যায়... :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

এভাবেও ফিরে আসা যায়... :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে দিনটা। মুক্তি পেল গৌরী শিণ্ডের ছবি ‘ইংলিশ ভিংলিশ’। ফিরলেন শ্রীদেবী।

সাম্প্রতিককালে কামব্যাক কথাটার প্রচলন বলিউডে খুব বেড়েছে। নব্বইয়ের দশকের অভিনেত্রীরা, যারা ইতিমধ্যেই স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন তারা একে একে ফিরছেন অভিনয়ে। তবে কারও ফেরাটাই ঠিক যেন ফেরা হয়ে উঠছিল না। সেই কামব্যাক কথাটার মর্যাদা রাখলেন শ্রীদেবী। ফেরার মতো ফেরা। এবছরের সবথেকে বড় প্রিমিয়ার শো থেকে বেরিয়ে সকলের মুখে একটাই কথা। “শি ইজ ব্যাক। ব্যাক উইথ আ ব্যাং”।

‘ইংলিশ ভিংলিশ’র প্রিমিয়ারে এদিন প্রায় গোটা বলিউড জমা হয়েছিল শ্রীদেবীকে স্বাগত জানাতে। স্বামী বনি কপুর, দুই মেয়ে জানভি ও কুশিকে নিয়ে এসেছিলেন ভারতের অন্যতম সেরা সুন্দরী। আর প্রিমিয়ারের পরে জয়া বচ্চন, টাবু, মাধুরী দিক্ষীত, শিল্পা শেট্টি, বিদ্যা বালন, সোনাক্ষি সিনহা, বিপাশা বসু থেকে কঙ্গনা রওনাত, কঙ্কনা সেন শর্মা, সোনালি কুলকার্নি, আয়েষা টাকিয়া, টিসকা চোপড়ার মতো অভিনেত্রীরা লাইন দিয়ে কুর্নিশ জানান তাকে। স্বামী শ্রীরাম নেনেকে নিয়ে এসেছিলেন শ্রীদেবীর একসময়ের প্রতিদ্বন্দ্বী মাধুরী দিক্ষীতও। নিজের কামব্যাকে সাড়া ফেলতে না পারলেও সোচ্চারে শ্রীদেবীকে ‘অল দ্য বেস্ট’ জানান তিনি।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমনটা আগে ঘটেছে বলে শোনা যায়নি। কামব্যাক ফিল্মের পরই যেখানে অভিনেত্রীদের নিয়ে আগেকার সঙ্গে তুল্যমূল্য বিচারে বসে যান দর্শক থেকে সমালোচক, সেখানে গোটা ইন্ডাস্ট্রির এভাবে মুগ্ধতা, ভালোবাসায় স্বাগত জানানোর দৃশ্য সত্যিই বিরল। ছবি দেখার পর শ্রীদেবীর গুনমুগ্ধ শিল্পার উক্তি, “শ্রীদেবী ফিরে এসেছেন তাঁরে নিজের জায়গায়। আমরা ওনার সামনে কিছুই না।”

তবে বলিউড বিউটিরা নন। শ্রীদেবীকে অভিনন্দন জানাতে এসেছিলেন তার নায়ক, পরিচালক, নির্মাতা সকলেই। অমিতাভ বচ্চন, অনিল কাপুর, সঞ্জয় কপুর থেকে শুরু করে আশুতোষ গোয়ারেকর, রমেশ সিপ্পি, আনিস বাজমি, ছবি দেখে মুগ্ধ সকলেই।

এর আগে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও প্রিমিয়ারের পর টানা ১০ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলেন শ্রীদেবী। সূত্র: জিনিউজ।

কিশোর বয়সে ধূমপান মৃত্যুঝুঁকি বাড়ায় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

কিশোর বয়সে ধূমপান মৃত্যুঝুঁকি বাড়ায় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 কিশোর বয়সে ধূমপান করলে অল্প বয়সেই হূদরোগে মৃত্যুর আশঙ্কা বৃদ্ধি পায়। এমনকি পরবর্তী সময়ে ধূমপান সম্পূর্ণ ছেড়ে দিলেও এ আশঙ্কা থেকেই যায়।

জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

যারা কিশোর বয়সে ধূমপান শুরু করে সারা জীবন তা ধরে রাখে, তাদের মৃত্যুর ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন গবেষকরা।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ডেভিড ব্যাটি বলেন, এ ঝুঁকি সময়ের সঙ্গে বাড়তে থাকে। তবে যত শিগগির ধূমপানের অভ্যাস ছেড়ে দেয়া যায় ততই মঙ্গল।

এর আগেও কম বয়সে ধূমপানের সঙ্গে ভবিষ্যতে হূদরোগ ও ক্যানসারের ঝুঁকির সম্পর্ক নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে মধ্যবয়সী ব্যক্তিরা কত বেশি ধূমপান করছেন তার ওপর নির্ভর করে করা এসব গবেষণা খুব বেশি নির্ভরযোগ্য নয় বলে মনে করেন গবেষকরা।

তবে সাম্প্রতিক গবেষণাটিতে তরুণ বয়সীরা কী পরিমাণ ধূমপান করছেন সে উপাত্ত নিয়ে গবেষণা করা হয়। এতে ১৯১৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ম্যাসাচুসেটসের হার্ভার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য পরীক্ষায় ধূমপানের পরিমাণ বিষয়ে দেয়া তথ্য ব্যবহার করা হয়। পরে ৬০, ৭০ ও ৮০-র দশকে ওই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় জরিপ চালানো হয়। সূত্র: রয়টার্স

সংবিধান অনুযায়ী বিচারকরা স্বাধীন: প্রধান বিচারপতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সংবিধান অনুযায়ী বিচারকরা স্বাধীন: প্রধান বিচারপতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সংবিধান ও আইন অনুযায়ী দেশের সকল বিচারকরা বিচার কাজ পরিচালনায় স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন।

তিনি বলেন, “তবে একজন বিচারক কিভাবে বিচার পরিচালনা করবেন এটা তার ব্যক্তিগত মানুষীকতার ওপর নির্ভর করে।”

শনিবার সকালে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের অডিটোরিয়ামে নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন নবীন আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা দক্ষতার সঙ্গে আইন পেশার কাজ করবেন। কারণ আইনজীবীর দক্ষতা ও যোগ্যতা বিচারিক কাজের সঙ্গে জড়িত।”

তিনি বলেন, “একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত হতে পারে।”

‘যার নাই কোনো গতি সে করে ওকালতি’ এই প্রবাদ বাক্যটি উচ্চারণ করে প্রধান বিচারপতি বলেন, “এ বাক্যটি আগে প্রযোজ্য ছিল। এখন আর এ কথা প্রযোজন্য নাই। কেননা এখন আইন পেশায় দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা প্রবেশ করেছেন। এ পেশা এখন চ্যালেঞ্জিং পেশায় পরিণত হয়েছে।

সরকারের প্রধান আইন কর্মকর্তা বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল মাহবুবে আলম নবীন আইনজীবীদের সততার সঙ্গে আইনপেশা পরিচালনা করার আহবান জানিয়ে বলেন, “এ পেশায় আপনার যোগ্যতা প্রমাণ দিতে নিজেকে সৎ রেখে কাজ করতে হবে। একই সঙ্গে বিচারকদের প্রতি শ্রদ্ধাও থাকতে হবে।”

তিনি বলেন, “উচ্চ আদালতে কোনো বিচারক সম্পর্কে অভিযোগ থাকলে তা প্রধান বিচারপতির কাছে বলতে হবে। আর নিম্ন আদালতে কোনো বিচারক সম্পর্কে অভিযোগ থাকলে তা জেলা জজকে জানাতে হবে।”

মাহবুবে আলম বলেন, “সভ্যতার অনেক সংকট আছে তবে আজকের সবচেয়ে বড় সংকট হল নৈতিকতার। তাই নৈতিকতা সমুন্নত রেখে সনদ গ্রহণকারী আইনজীবীদের কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।”

বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাশ করা দুই হাজার ৫৬২ জনের মধ্যে এক হাজার ৩৬৯ জনের সনদ বিতরণ করা হয়। বাকিদের সনদ পরে বিতরণ করা হবে বলে বার কাউন্সিল সূত্রে জানা গেছে।

বাংলাদেশ বার কাউন্সিলের এন্ডোরমেন্ট কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী।

‘সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দুর্নীতি করেছেন সুরঞ্জিত’ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

‘সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দুর্নীতি করেছেন সুরঞ্জিত’ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
শুধু মন্ত্রী হিসেবে নয় আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থাকাকালেও নিয়োগ-বদলিসহ নানা দুর্নীতির সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত জড়িত ছিলেন বলে দাবি করেছেন সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়িচালক আজম খান।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ দাবি করেন। শনিবার আরটিভিতে সাক্ষাত্কারের দ্বিতীয় ও শেষ পর্ব প্রচারিত হয়।

এছাড়া আজম খান দাবি করেন, “সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তের টেলিকম ব্যবসার আলাপ তো আমার সামনেই হয়েছে। রেলের টাকা থেকে টাকাগুলো ওখানে দেয়া হয়েছে।”

তিনি বলেন, “সুরঞ্জিত সেনগুপ্ত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে ফোন করে বলতেন, আমার এপিএসকে পাঠালাম। এই কয়েকটা কোটা ছিল। সুরঞ্জিত সেনগুপ্ত পাঁচটা পাঠালে এপিএস আরো পাঁচটা দিয়ে দিতেন। সেখান থেকে ওমর ফারুক টাকা পেতেন।” ওই টাকার ভাগ সুরঞ্জিতের কাছেও যেত বলে তিনি দাবি করেন।

রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্তকে রক্ষা করতে ওমর ফারুক তাকে নানা প্রলোভন দেখান বলে চালক আজম দাবি করেন। তিনি বলেন, “ফারুক সাহেব বলেন এখনো সময় আছে। টাকাটা কোথায় যাচ্ছে, তুমিও জানো আমিও জানি। সব ভার আমি নিয়েছি। তুমি আর কাউকে ফাঁসাইও না। সুরঞ্জিত সেনগুপ্তকে ফাঁসাইও না। তুমি আমাকেই ফাঁসাও। টাকাটা আমার, তুমি বলো।”

আজম খান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন। আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে এলে তিনি খুন বা গুম হতে পারেন বলে আশঙ্কা করছেন।

গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঝিগাতলা গেট দিয়ে একটি গাড়ি ভেতরে ঢুকে পড়ে। ওই গাড়িটি ওমর ফারুকের এবং এটি চালাচ্ছিলেন আজম খান। গাড়ির যাত্রী ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, তার নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার। তারা কেউ এখন স্বপদে নেই।

উল্লেখ্য, শুক্রবার আরটিভিতে আজম খানের সাক্ষাতকারের প্রথম পর্বটি প্রচার হয়। এতে আজম খান দাবি করেন, ওই রাতে ৭০ লাখ টাকার বস্তা সুরঞ্জিতের বাড়িতেই যাচ্ছিল। বেসরকারি টেলিভিশন চ্যানেলের এ সাক্ষাৎকারটি দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়ায় ঝড় তুলে। তবে সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করেছেন, এটা মিডিয়ার কারসাজি। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সরাকরি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানিয়েছে ‘চাকরিতে প্রবেশর বয়স সীমা বৃদ্ধির দাবি বাস্তবায়ন কমিটি’ (বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ)।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

গড় আয়ু, সেশন জট এবং অনার্স ও  পাস কের্সের মেয়াদ বাড়লেও সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা না বাড়ানোকে এক ধরনের প্রহসন বলে আখ্যায়িত করেন তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আনন্দ কুমার মণ্ডল, আব্দুল মান্নান, সাজ্জাদুর রহমান, মশিউর রহমান, মেহেদী হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএসসহ ১ম ও দ্বিতীয় শ্রেণীর  সরকারি চাকরির প্রজ্ঞাপনে বয়স সীমা ২১ বছর। কিন্তু যখন এই নিয়মটি চালু করা হয় তখন একজন শিক্ষার্থী দুই বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্স শেষ করে আবেদন করতে পারতো।

তারা বলেন, এখন ডিগ্রি পাস কোর্সের মেয়াদ তিন বছর করা হয়েছে। এছাড়াও বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। আবার শিক্ষা নীতিমালায় জন্মনিবন্ধন অনুযায়ী ছয় বছর বয়সে বিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। এসব বিষয় বিবেচনা করে চাকরিতে আবেদনের বয়স সীমা বাড়ানো উচিত।

তারা আরো বলেন, দেশের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পেক্ষাপটের কারণে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন শেষ করতে ২৮ থেকে ২৯ বছর সময় লেগে যায়।

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত, আহত ১ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত, আহত ১ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
রাজধানীর মহাখালী আমতলী রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তার জানিয়েছেন।

এসআই আরিফ বার্তা২৪ ডটনেটকে জানান, আহত এবং নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রেল লাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
 

আ’লীগ ক্ষমতায় এলেই সংখ্যালঘুরা নিরাপত্তাহীন হয়ে পড়ে: মওদুদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আ’লীগ ক্ষমতায় এলেই সংখ্যালঘুরা নিরাপত্তাহীন হয়ে পড়ে: মওদুদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনা তদন্ত শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, “বাংলাদেশ একটি মডারেট গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র। এখানে সাম্প্রাদায়িকতার কোনো স্থান নেই। অতীতেও ছিল না।”

তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলেই সংখ্যালঘুরা নিরাপত্তাহীন হয়ে পড়ে। এই ধারাটি নতুন নয়। ’৭১ সালেও তাদের সহায় সম্পদ কেড়ে নেয়া হয়েছে। কারা করেছে দেশবাসী তা জানে।”

কক্সবাজারের রামু, উখিয়ায় ও পটিয়ায় বৌদ্ধ ও হিন্দু মন্দিরে হামলা এবং ভাংচুরের ঘটনা  অনুসন্ধানে গঠিত বিএনপি’র তদন্ত দলের প্রধান ব্যরিস্টার মওদুদ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পটিয়ার লাখেরা ও কোলাগাঁও এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।  এর আগে তদন্তদ দল শুক্রবার কক্সবাজারের রামু ও উখিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মওদুদ বলেন “পটিয়ায় মন্দিরে যারা ভাংচুর করেছে, তাদের দলীয় পরিচয়, প্রশাসনের ভূমিকা, সরকারের পদক্ষেপ, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধী দলকে দায়ী করে বক্তব্য প্রদানের সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখবে বিএনপির তদন্ত দল।”

এসব ঘটনা ঘটিয়ে কারা সুবিধা হাসিল করতে চায়, আগামী নির্বাচনের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা তা সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

ব্যরিস্টার মওদুদ বৌদ্ধ ও হিন্দু ধর্মালম্বীদের আশ্বস্ত করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে এ সব ঘটনার হোতাদের বিচার করা হবে। কোনো ধর্মের প্রতি আঘাত না করে তিনি নির্বিঘ্নে সবাইকে স্ব স্ব ধর্ম পালনের আহবান জানান।

এর আগে বিএনপির তদন্ত দল পটিয়ায় এসে পৌঁছলে তাদের স্বাগত জানিয়ে ঘটনাস্থলে নিয়ে যান পটিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইদ্রিচ মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সেলিম চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

এসময় তার সঙ্গে তদন্ত কমিটির সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী,  কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাক্তন পানি সম্পদপ্রতিমন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অব. রুহুল আলম প্রতিটি বিহার ও মন্দির ঘুরে ঘুরে দেখেন।

তারা ঘটনাস্থলের আলামত সংগ্রহ, ঘটনার সময় উপস্থিত লোকজনের সাক্ষাতকার, ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষুর বক্তব্য রেকর্ড করেন। তারা স্থানীয় বৌদ্ধ নেতাদের সঙ্গেও সাক্ষাত করেন।

ক্ষতিগ্রস্ত বিহার কমিটির সভাপতি অজিত বড়ুয়াসহ বৌদ্ধ স্ম্প্রদায়ের নেতারা তদন্ত কমিটিকে জানান, ঘটনার সময় স্থানীয় কালারপোল পুলিশ ফাঁড়ির পুলিশ উপস্থিত ছিল। তাছাড়া আগের দিন থেকেই ওয়েস্টার্ন মেরিনের শ্রমিকরা মিছিল করবে বলে জানা গেছে।

তারা জানান, সেখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বড়ুয়া পাড়ায় এসে তারা হামলা করবে বড়ুয়া সম্প্রদায় তা বিশ্বাস করতে পারেনি। শত শত লোক মিছিল করে বড়ুয়া পাড়ায় প্রবেশের সময় সরকার পন্থী চট্টগ্রামের স্থানীয় একটি দৈনিক পত্রিকার পটিয়া প্রতিনিধি ছবি তুলেছেন। এতেই প্রমাণিত হয় ঘটনাটি ছিল পূর্ব কল্পিত।

তদন্ত কমিটিকে তারা আরও জানান, কোলাগাঁও ও লাখারা এলাকার মুসলমানদের সঙ্গে তাদের কোনো বিরোধ অতীতে ছিল না। তারা ঘটনাটিকে রাজনীতিকরণ না করার ও পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি করা থেকে বিরত থাকার জন্য সরকারি দল ও বিরোধী দলের প্রতি আহবান জানান।

রামুর ঘটনায় জড়িতদের ছাড় নেই: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনায় জড়িতদের ছাড় নেই: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 কক্সবাজারের রামু ও চট্টগ্রামের পটিয়ায় হামলার ঘটনায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারী দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “বহির্বিশ্বে বাংলাদেশের অসাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তি নষ্ট এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।”

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বাংলাদেশের বৌদ্ধ সমাজ সুরা কমিটির একটি প্রতিনিধি দল গণভবনে যায়। প্রধানমন্ত্রী এসময় তাদের এ কথা বলেন।

এই সহিংসতার পেছনে মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশকেও দায়ী করেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “বিগত সরকারের সময় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন হওয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচিত পেয়েছিল। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর দেশে জঙ্গিবাদের দুর্নাম ঘুঁচেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।”

সাবেক পুলিশ কর্মকর্তা টি আর বড়ুয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনার তদন্ত করেছে বলে প্রধানমন্ত্রীকে জানান বৌদ্ধ সমাজ সুরা কমিটির সদস্য সচিব অশোক বড়ুয়া।

ফেসবুকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় এক দল দুষ্কৃতকারীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে।

টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচন নভেম্বরে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচন নভেম্বরে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 নভেম্বরের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের ১১ থেকে ১৩ তারিখের মধ্যে এ তফসিল ঘোষণা করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে সম্ভাব্য এ তারিখ সম্পর্কে জানা যায়।

চলতি বছরের ১২ ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের উপর আইনি বাধ্যবাধকতা রয়েছে।

সুষ্ঠুভাবে এ নির্বাচন অনুষ্ঠানে কমিশন ইতোমধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। সদ্যসমাপ্ত গাজীপুর-৪ আসনের উপনির্বাচন থেকে অর্জিত অভিজ্ঞতা এ নির্বাচনে কাজে লাগাতে চায় কমিশন।

কমিশন সূত্র জানায়, ইসির আগামী সভায় এ নির্বাচনের তফসিল ও নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে ।

১৪ সেপ্টেম্বর এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যু হয়। ১৮ সেপ্টেম্বর এ আসনকে শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

এ বিষয়ে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘‘শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে আমরা এ আসনের উপনির্বাচন করব। ইতোমধ্যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আসনকে শূণ্য ঘোষণা করে প্রকাশিত গেজেট হাতে পেয়েছি।’’

এ উপনির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দ্বিতীয় নির্বাচন। বর্তমান কমিশনের অধীনে প্রথম নির্বাচন হলো গাজীপুর-৪ আসনের উপনির্বাচন। প্রথম নির্বাচনটি অনুষ্ঠানে ইসি সফল হয়েছে বলে মনে করছে। গাজীপুরের অভিজ্ঞতা আগামী নির্বাচনগুলোতে ব্যবহার করে কমিশন তার সফলতা ধরে রাখতে চায় বলেও কমিশনররা মত দেন। 

সুরঞ্জিতের আবার পদত্যাগ চাইলেন ড. ইফতেখার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সুরঞ্জিতের আবার পদত্যাগ চাইলেন ড. ইফতেখার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
রেলের দুর্নীতির পুনঃতদন্ত দাবি করে আবারও সুরঞ্জিতের পদত্যাগ চাইলেন টিআইবির নির্বাহী পরিচালক  ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “স্বচ্ছ, প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে দফতরবিহীন মন্ত্রীর পদ থেকে সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ করা উচিত। সেই সঙ্গে তার এপিএসের ড্রাইভার আজম খানের তথ্যকে সরকারের অস্বীকার করা উচিত হবে না। এখন সরকারের উচিত আজম খানকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া।”

ড. ইফতেখার শনিবার সকালে খুলনার একটি অনুষ্ঠানে বার্তা২৪ ডটনেটকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “সরকারের একটি অংশকে রেলের বিষয়টিকে কিছু হয়নি বলে অস্বীকার করার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। সেই সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তকেও বক্তব্য এড়িয়ে গেলে চলবে না।”

তিনি আরো বলেন, “পুরো ঘটনার মধ্যে আজম খান ছিল। এখন যারা বলছেন এতদিন আজম খান কোথায় ছিল, এটা সুস্থ বক্তব্য হলো না। এটা এড়িয়ে যাওয়ার মানসিকতা।”

ড. ইফতেখার বলেন, “ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্ত যেভাবে পদত্যাগ করেছিলেন। এখনো একইভাবে তার পদত্যাগ করে পুনঃতদন্তের পরিবেশ করে দেয়া উচিত।”
 

পদ্মা সেতুর দুর্নীতি অনুসন্ধানে বিশ্বব্যাংকের প্যানেল ঘোষণা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পদ্মা সেতুর দুর্নীতি অনুসন্ধানে বিশ্বব্যাংকের প্যানেল ঘোষণা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অনুসন্ধানে তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে বিশ্ব ব্যাংক। তিন সদস্যের এ প্যানেলের প্রধান করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক চিফ প্রসিকিউটর লুই মোরেনো ওকাম্পোকে।

শুক্রবার এই প্যানেল গঠনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটনভিত্তিক বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি। শনিবার নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে বাতিল করে দেয়া ১২০ কোটি ডলারের অর্থায়ন পুনরায় চালুর আগে বিশ্বব্যাংক যেসব পদক্ষেপ নেবে বলে জানিয়েছিল; তদন্ত পর্যালোচনা প্যানেল গঠন তার একটি। তিন সদস্যের এই প্যানেলের প্রধান হিসেবে লুইস পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে বাংলাদেশের তরফ থেকে যে তদন্ত করা হয়েছে সে ব্যাপারে পর্যালোচনা করে বিশ্বব্যাংকের কাছে প্রতিবেদন দেবে। বাংলাদেশ সরকারকেও তারা একটি প্রতিবেদন দেবে।

এদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেছেন, স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বিশ্বব্যাংক অঙ্গীকারবদ্ধ। এই প্যানেল স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সরাতে বাংলাদেশের মানুষের কাছে একটি অপূর্ব সুযোগ সৃষ্টি করবে।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে গত জুনে বিশ্ব ব্যাংক তাদের প্রস্তাবিত ঋণ প্রস্তাব বাতিল ঘোষণা করে। পরে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের সব শর্ত মেনে নেয়ায় সংস্থাটি শর্ত বাস্তবায়ন সাপেক্ষে পদ্মা সেতু প্রকল্পে ফেরার ঘোষণা দেয়। শর্ত অনুযায়ী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সৈয়দ আবুল হোসেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানো হয়। দুর্নীতি দমন কমিশনও তদন্তে নতুন তদন্ত দল গঠন করে।

রামুর ঘটনা দায় সরকার এড়াতে পারে না: বিশিষ্টজনদের অভিমত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনা দায় সরকার এড়াতে পারে না: বিশিষ্টজনদের অভিমত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
কক্সবাজারের রামু ও চট্টগ্রামের পটিয়ায় হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা।

অতীতের ন্যায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর এই ধরণের ঘটনা নিয়ে বরাবরই রাজনীতি করা হচ্ছে এবং রাজনৈতিক ফায়দা লোটা হচ্ছে। এই ঘটনার দায় সরকার কোনো ভাবেই এড়াতে পারে না বলে তারা অভিমত দিয়েছেন।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে  বক্তারা এসব কথা বলেন। বৌদ্ধ বসতিতে অমানবিক হামলার পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করে নাগরিক ঐক্য। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘‘আমাদের সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার কথা রয়েছে। কিন্তু রামুর ক্ষেত্রে সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। এ ঘটনা সংবিধানের লঙ্ঘন এবং সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়া হচ্ছে।”

কোনো ঘটনা ঘটলেই তার দায় বিরোধী দলের ওপর চাপানো এবং তদন্তের আগেই মন্তব্য করে বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়। এই অসুস্থ অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ড. কামাল বলেন, ‘‘এটি প্রধান দুই দলের বিষয় নয়। জাতীয় বিষয় হিসেবেই নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে হবে। হামলাকারী যে দলেরই হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে এর পেছনের উস্কানিদাতাদেরও আইনের আওতায় আনতে হবে।’’

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘‘এই ঘটনায় আমরা লজ্জিত, ক্ষমা চাচ্ছি। কিন্তু সবাই বলছে ঘটনা পরিকল্পিত। এখন প্রশ্ন হচ্ছে কে বা কারা এই  পরিকল্পনা করেছে সেটি কেউ বলছে না।’’

তিনি বলেন, ‘‘হামলার আগে ওই এলাকায় প্রথম মিছিল করেছিল ছাত্রলীগ, তার পরে মৎসজীবী লীগ, ও কৃষকলীগ। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনের পর কেন পটিয়া আক্রমণ হলো, এই প্রশ্নের জবাব এড়াতে পারবেন না।’’

এ ঘটনায় সুবিধাভোগী কারা তা ভাবার বিষয়। পাশাপাশি রাজনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আসিফ নজরুল আরো বলেন, ‘‘আওয়ামী লীগ ক্ষতায় এলেই দেশে বড় ধরণের বিচিত্র ঘটনা ঘটে। এ সরকারের আমলে বিডিআর বিদ্রোহ, শেয়ার কেলেংকারি, হলমার্কসহ ব্যাংকের টাকা লুটপাট, সাম্প্রদায়িক হামলা হয় কেন? এগুলো সরকারকে খুজে দেখতে হবে। সরকার না পারলে নাগরিক ঐক্যপরিষদকে দেখতে হবে।’’

সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাঈদ বলেন, ‘‘বাংলাদেশে ধর্ম নিয়ে সকল রাজনৈতিক দল রাজনীতি করে, কেউ বেশি আর কেউ কম। সংবিধান অনুসরণ করলে সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটতো না। রামুর ঘটনায় প্রশাসনের ব্যর্থতা আছে। অর্থ নিয়ে পুলিশসহ অন্যান্য বিভাগে নিয়োগ দেয়ার কারণে অর্থের লোভে তারা যে কোনো ঘটনায় নীরব থাকে।’’

স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনার বিচার করবেন বলার ৪৮ ঘণ্টার মধ্যে রামুতে এই ঘটনা ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

মাহামুদুর রহমান মান্না বলেন, ‘‘রামুতে হামলার পর উখিয়া ও পটিয়ায়  আবার কেন হামলা হলো? স্বরাষ্ট্রমন্ত্রী এর জবাব কে দেবেন? এই ঘটনার নিরক্ষে তদন্ত চাওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেত্রী বা স্বারাষ্ট্রমন্ত্রী যদি ক্ষমা চাইতেন, তবে হয়তো ক্ষমা করা যেতো।’’

বৈঠকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস করিম বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেই রোহিঙ্গা জঙ্গিদের দায়ী করে বক্তব্য দিলেন। পরে আবার বিরোধী দলকে দায়ী করলেন। তিনি কী তথ্য প্রমাণের ভিত্তিতে এ কথা বললেন? সঠিক তথ্য না নিয়ে কথা বলা মানে বিপদ নিয়ে খেলা।’’

সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘‘রামুর ঘটনায় আইন যদি সঠিকভাবে প্রয়োগ না করি তা হলে কী হবে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে কোটি কোটি টাকার দুর্নীতি মামলা থেকে মুক্ত করে মন্ত্রী করা হয়েছে। এ থেকেই প্রমাণ হয় আইনের সঠিক প্রয়োগ না করার বহিঃপ্রকাশ।’’

নেভী কমান্ডার অব. ফয়েজ, সাবেক রাষ্ট্রদূত এস এস চাকমা, এসবি চাকমা ও ইঞ্জিনিয়ার দিপেন্দু বিকাশ বড়ুয়া।

আজ রাতে ৬ ঘণ্টা বন্ধ থাকবে মেঘনা ও গোমতী সেতু :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আজ রাতে ৬ ঘণ্টা বন্ধ থাকবে মেঘনা ও গোমতী সেতু :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর রক্ষণাবেক্ষণের কাজ শনিবার আবার শুরু হচ্ছে। ফলে আজ রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া আগামী ২০ অক্টোবর, ৩ নভেম্বর ও ১৭ নভেম্বরও ছয় ঘণ্টা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কাজ চলবে। এ সময় মহাসড়কের বিভিন্ন যানবাহন বিকল্প সড়ক হিসেবে কাঁচপুর ব্রিজ, তারাব মোড়, রূপগঞ্জ, নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, সরাইল বিশ্বরোড মোড়, ব্রাহ্মণবাড়িয়া, ময়নামতি ও কুমিল্লা-চট্টগ্রাম সড়ক ব্যবহার করতে পারবে।

মেঘনা-গেমতী সেতুর প্রকল্প পরিচালক কর্নেল মো. সাজ্জাদ হোসেন জানান, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেতু দুটির ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যান চলাচল সচল রাখতে রাত ১০টা থেকেই উভয় পাশে যানবাহনগুলো কাঁচপুর ব্রিজ ও ময়নামতি পয়েন্ট থেকে বিকল্প সড়কে ঘুরিয়ে দেয়া হবে।

সরকার অত্যাচারীতে পরিণত হয়েছে: হবিগঞ্জের জনসভায় খালেদা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সরকার অত্যাচারীতে পরিণত হয়েছে: হবিগঞ্জের জনসভায় খালেদা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার অত্যাচারীতে পরিণত হয়েছে। তাদের হাতে দেশের জনগণ, ব্যবসায়ী, শিক্ষক ও মা-বোন কেউই নিরাপদ নয়। তারা দেশকে ধ্বংস করে দিতে চায়। অত্যাচারী এ সরকারকে ক্ষমতা থেকে নামাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের নিউফিল্ডে ১৮ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘‘রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর হামলায় সরকার ও সরকারদলীয় লোকজন জড়িত। দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের অভাবে দেশের লোকজন এখন ভালো নেই।’’
 
বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘‘সরকার পদ্মা সেতুর কাজ শুরু করার আগেই দুর্নীতি করেছে। এ সরকার ছাত্রলীগকে দিয়ে টেন্ডারবাজি, ভর্তিবাণিজ্য, চাঁদাবাজি করাচ্ছে। ছাত্রলীগ পুরো দেশকে অস্থির করে তুলেছে।’’
 
তিনি বলেন, ‘‘বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ স্বৈরাচারী এরশাদকে ক্ষমতা থেকে হটালেও বর্তমানে সেই বিশ্ববেহায়া বিশ্বচোর এরশাদের সঙ্গে হাত মিলিয়েছে। এদের হাত থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে হবে।’’
 
খালেদা জিয়া আরো বলেন, ‘‘সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে। আগামীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্যই তারা সর্বত্র দলীয়করণ করছে। এর হাত থেকে বিচার বিভাগও রেহাই পায়নি। কে জামিন পাবে আর কে পাবে না দলীয়ভাবেই সিদ্ধান্ত হচ্ছে।’’

আবার এক-এগারোর অমানিশা চাই না: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আবার এক-এগারোর অমানিশা চাই না: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র ধ্বংস হতে দেব না । আবার এক-এগারোর অমানিশা চাই না। তত্ত্বাবধায়ক নামের ওই সরকার ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ীদের উপর কী নির‌্যাতন জুলুম চালিয়েছে তা দেশবাসীর জানা আছে।”

ব্যারিস্টার রফিক উল হকের নাম না নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার অনেকেরই খায়েশ আছে। তারা সুযোগের অপেক্ষায় আছেন কীভাবে গাড়িতে পতাকা উড়ানো যায়। কিন্তু গাড়িতে পতাকা ওড়ানোর খায়েশ পূরণ করতে হলে রাজনীতিতে নামতে হবে এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে।”

শনিবার দুপুরে গণভবনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। সেই গণতন্ত্র ধ্বংস হোক তা চাই না। দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে দেশবাসীর সহযোগিতা চাই।”

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ইসলামের শিক্ষা বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী আরো বলেন, “আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কোনো সাম্প্রদায়িক সংঘাত চাই না। আমরা অসম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী। এ দেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। সব মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে এটাই আমরা চাই।”

আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে এমন ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার গঠন করার পর সারা দেশে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশনসহ কয়েকটি উপনির্বাচন হয়েছে। কোনো নির্বাচন নিয়ে কেউই প্রশ্ন তুলতে পারেনি। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। আগামী নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে।”

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির আমলে ইউপি নির্বাচনের সময় প্রায় ২০০ লোক মারা গেছে। আমাদের আমলে কোনো লোক মারা যাওয়া তো দূরের কথা, কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়নি। এটাই গণতন্ত্র। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ যে গণতন্ত্রে বিশ্বাসী সেটা প্রমাণ করেছে।

যুদ্ধাপরাধের বিচার যখন একটি পর‌্যায়ে তখন বিরোধী দল ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, “একাত্তর সালে আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, জাতির জনককে হত্যার পর তাদের দোসর আলবদর-রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিল, প্রধানমন্ত্রী ও মন্ত্রী বানাল। তাদের নীতি-আদর্শ নিয়ে দেশ পরিচালনা করল। যখন আমরা সেই স্বাধীনতাবিরোধীদের বিচার শুরু করেছি, তখন বিএনপির জ্বালা শুরু হয়েছে। কারণ তারা যুদ্ধাপরাধীর বিচার চান না।”

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের জনগণ কিছু পায়। উত্তরাঞ্চলের সেই চিরচেনা মঙ্গা দূর হয়েছে। আগে মানুষ ভাতের জন্য আবদার করত। আর এখন বলে রাস্তাঘাট ও বিদ্যুৎ চাই। সরকারের সাড়ে তিন বছরে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে সাড়ে ৬ হাজার মেগাওয়াট করেছি। মূ্যস্ফীতি ১১-১২ ভাগ থেকে কমিয়ে ৫ ভাগে এনেছি। সারের জন্য আর কৃষককে গুলি খেয়ে মরতে হয় না। সারই কৃষককে খুঁজে বেড়ায়।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ আলম লেলিন, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন দিনাজপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

সভায় দলীয় সভাপতি উদ্বোধনী ভাষণের পর দিনাজপুর জেলার সব উপজেলা ও থানার সভাপতি-সম্পাদকরা তাদের বক্তব্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী ‍উপজেলা নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য নির্দেশ দেন।

প্রশ্ন ফাঁস: ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রশ্ন ফাঁস: ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
প্রশ্নপত্র ফাঁসের খবরের প্রেক্ষিতে ৩৩তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। কাল রোববার এই পরীক্ষা শুরুর কথা ছিল। এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে বেশ কিছুদিন ধরেই খবর পাওয়া যাচ্ছিল।
 
পিএসসি’র ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শনিবার শনিবার সন্ধ্যায় জানানো হয়, লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘৭-১০-২০১২ তারিখ থেকে ১৮-১০-২০১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য ৩৩ তম বিসিএসের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশতঃ সরকারি কর্মকমিশন কর্তৃক স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত ঘোষিত উক্ত বিষয় সমূহের পরবর্তী পরীক্ষার তারিখ যথাসময়ে পত্রিকার মাধ্যমে জানানো হবে। ৩০-১০-২০১২ তারিখ থেকে ১৪-১১-২০১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য অন্যান্য পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা যথারীতি ঘোষিত পরীক্ষার সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।’’
 
পরে যোগাযোগ করা হলে প্রশ্নপত্র ফাঁসের খবরের ব্যাপারে তিনি বলেন, “বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই আমরা পরীক্ষা স্থগিত করলাম। পরবর্তীতে তারিখ জানাবো।”
 
চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য এ বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পৌনে দুই লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। গত ২৮ জুন প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আগামী ৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
 
২৮ হাজার ১৬২ জন পরীক্ষার্থী এতে অংশ নেবেন। মোট ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানিয়েছেন, প্রশ্নপত্র পাওয়ার আশায় বেশ কয়েকজনই টাকা দিয়েছেন। ওই পরীক্ষার্থীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, বিষয়টি অতি গোপনীয়। অন্য কাউকে যেন জানানো না হয়। প্রশ্নপত্র ফাঁসের এই গুজবের কারণে ঠিকমতো লেখাপড়া করতে পারছেন না বলেও অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী।