Pages

Monday, October 8, 2012

রামুর ঘটনায় সরকারের অবস্থান জানতে চেয়েছে নাসাকা :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনায় সরকারের অবস্থান জানতে চেয়েছে নাসাকা :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
 রামুর ঘটনায় সরকারের অবস্থান জানতে চেয়েছে নাসাকা। বান্দরবানে বিজিবি ও নাসাকার মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ বিষয়ে জানতে চায় তারা। রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ির লেম্বুছড়ি প্রাইমারি স্কুলে এ বৈঠক হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহাবুব। নাসাকার পক্ষে নেতৃত্ব দেন লে. কর্নেল সেইন থা ক্য।

বিজিবির আট ও নাসাকার নয় সদস্য বৈঠকে যোগ দেয়। বৈঠকে রোহিঙ্গা অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্তে নিরাপত্তা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে কথা হয়। নাইক্ষ্যংছড়ি বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব জানান নাসাকা বৈঠকে রামু ও উকিয়ায় বৌদ্ধ সম্প্রদায় ও মন্দিরে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে।

বিজিবি নাসাকাকে জানায়, সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে রামু ও উখিয়ার পরিস্থিতি শান্ত রয়েছে বলে বিজিবি নাসাকাকে জানায়।

সীমান্তে অনুপ্রবেশ বন্ধের বিষয়ে নাসাকাকে পদক্ষেপ নেয়ার কথাও বলে বিজিবি। সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৪৩ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দেয়ার বিষয়ে আলোচনা হয়।

নাসাকা তাদের দেশের এক নাগরিককে ফেরত দেয়ার জন্য বিজিবিকে অনুরোধ জানায়।

বিএসএফ’র গুলিতে তিন বাংলাদেশী আহত :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

বিএসএফ’র গুলিতে তিন বাংলাদেশী আহত :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশী আহত হয়েছেন। আহতরা হলেন একই উপজেলার উনিশবিঘী গ্রামের সেতাবুল ইসলাম (৪৫), আবু সায়েম (৩০) ও সাইদুর রহমান (৩২)।

চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, সকাল সাতটার দিকে ওই তিনজন সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় ভারতের মালদা জেলার নওদা ক্যাম্পের বিএসএফ’র সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বিএসএফ গুলি করলে তারা আহত হন।

মঞ্জুরুল আলম আরো জানান, গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী হতাহতের ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে গেছে। গত এক বছরে এ সংখ্যা আগের যেকোনো সময়ের চেয়ে বেড়ে গেছে বলে মনে করছেন সীমান্তের মানুষেরা। সম্প্রতি ঢাকায় বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্তহত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার অঙ্গীকার করলেও বিএসএফ তাদের পুরানো অভ্যাস থেকে ফিরে আসতে পারছে না।

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
টি২০ বিশ্বকাপের এবারের আসরের শিরোপা জিতেছে ড্যারেন সামির ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

১৯৭৫ ও ১৯৭৯ সালে পরপর দুইবার বিশ্বকাপ জেতার পর দীর্ঘ ৩৩ বছরে শিরোপা জয়ের স্বাদ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে দীর্ঘ ৩৩ বছর পর টি২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে শিরোপা খরার কাটালো ক্লাইভ লয়েডের উত্তরসুরিরা।

এ নিয়ে টি২০ বিশ্বকাপের চারটি আসরে চারটি দল শিরোপা জয় করে। কোনো দলই একের অধিকবার শিরোপা জিততে পারেনি। এর আগে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে।

ক্যারিবিয় স্পিনার সুনীল নারাইন এবং অধিনায়ক ড্যারেন সামির বিধ্বংসী বোলিংয়ে ১৩৭ রানের কম পুঁজি নিয়েও স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়ে চতুর্থ টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে গেইল-সামির ওয়েস্ট ইন্ডিজ। এত কম রান করেও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামির অসাধারণ অধিনায়কত্বে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৮.৪ ওভারে ১০১ রানে অলআউট করে শিরোপা জেতার স্বাদ পায় তারা।

সুনীল নারাইন ৩.৪ ওভার বল করে মাত্র ৯ রানে তিন উইকেট নেন শ্রীলঙ্কা। এছাড়া অধিনায়ক সামি ২ ওভার বল করে মাত্র ৬ রান খরচায় নেন দুই উইকেট।

অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে করেন সর্বোচ্চ ৩৩ রান। এছাড়া কুলাসেকারা ২৬ এবং সাঙ্গাকারার ২২ রান উল্লেখযোগ্য। এই তিন ব্যাটসম্যান ছাড়া লঙ্কানদের আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি।

দিলশান ০, ম্যাথুজ ১, জীবান মেন্ডিস ৩, থিসারা পেরেরা ৩, থিসারা পেরেরা ৪, মালিঙ্গা ৫ ও অজন্তা মেন্ডিস ১ রানের বেশি এগুতে পারেননি।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৬ উইকেটে ১৩৭ রান।

টসে জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের লাগাম টেনে ধরেন শ্রীলঙ্কার ডানহাতি অফব্রেক বোলার অজন্তা মেন্ডিস। মেন্ডিস একে একে ক্রিস গেইল, ডোয়াইন ব্র্যাভো, কিরণ পোলার্ড এবং আন্দ্রে রাসেল এই চার ক্যারিবীয় ব্যাটসম্যানের প্রাণ সংহার করেন। মেন্ডিস ৪ ওভার বল করে ১২ রান খরচায় ৪ উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জনসন চার্লস ০ এবং ক্রিস গেইল ১৬ বলে ৩ রান করে বিদায় নিলেও তিন নম্বরে ব্যাট করতে নামা মারলন স্যামুয়েলস ক্যারিয়ার সেরা ৭৮ রানের ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান করতে সক্ষম হয় ক্যারিবীয়রা।

স্যামুয়েলসের ৫৬ বলের ইনিংসে তিনটি চার ও ৬টি বিশাল ছক্কার মার রয়েছে।

এছাড়া ডোয়াইন ব্র্যাভো করেন ১৯ রান। শেষ দিকে অধিনায়ক সামি ১৫ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে অপরাজিত থাকেন।

অজন্তা মেন্ডিস তার করা চতুর্থ ওভারের তৃতীয় বলে পোলার্ডকে এবং চতুর্থ বলে আন্দ্রে রাসেলকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেও হ্যাটট্রিক আদায় করতে পারেননি।

লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন পেসার লাসিথ মালিঙ্গা। মালিঙ্গা ৪ ওভার বল করে ৫৪ রান দিয়েও কোনো উইকেট নিজের ঝুলিতে নিতে পারেননি। অপরদিকে সবচেয়ে মিতব্যায়ী বোলার ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৪ ওভার বল করে ১টি মেডেনসহ ১১ রান দিয়ে এক উইকেট নেন ম্যাথুজ।

দলের বিপদের মুহূর্তে ৫৬ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস এবং বল হাতে ১ উইকেট নেয়া চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস ম্যাচসেরার পুরস্কার পান।

অস্ট্রেলীয় ওপেনার শেন ওয়াটসন টুর্নামেন্ট সেরা মনোনীত হন।

ঢাকা মেট্রো নয় ওয়ালটন কিনেছে ঢাকা বিভাগ :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

ঢাকা মেট্রো নয় ওয়ালটন কিনেছে ঢাকা বিভাগ :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
নতুন মৌসুমে জাতীয় লিগে ফ্রাঞ্চাইজি আদলে একটি দলের মালিকানা ওয়ালটন পরিবার কেনার বিষয়টি সকলেই জানত। শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল। ওয়ালটন কর্তৃপক্ষ জানত ঢাকা মেট্রো কিনছে তারা। সবই ঠিক ছিল, কিন্তু আজ মিরপুরে বিসিবি প্রধান কার্যালয়ে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবির চুক্তি স্বাক্ষর করতে এসে জানতে পারেন ঢাকা মেট্রো নয়, ঢাকা বিভাগ। কিন্তু কেন এই পরিবর্তন তা আজ মিরপুরে জানা যায়নি। তবে জানা গেছে জাতীয় লিগে ঢাকা মেট্রোই নাকি থাকছে না!

জাতীয় লিগে ফ্রাঞ্চাইজি মালিকানা কিনতে ওয়ালটনের কর্মকর্তারা মিরপুরে উপস্থিত হন দুপুর নাগাদ। সাড়ে ৩টা নাগাদ বিসিবি বোর্ড রুমে বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু আর জালাল ইউনুস ওয়ালটনের চার কর্মকর্তা এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবির, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার, সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর জহিরুল আবেদীন ও এজিএম মিল্টন আহমেদকে নিয়ে চুক্তি স্বাক্ষরে আনুষ্ঠানিকতা সেরে ফেলতে বসেন। সেখানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

চুক্তি শেষে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এখন কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হচ্ছে না। আসলে আমরা আচমকা ওয়ালটনকে ফোন করে জানিয়েছি চুক্তি হচ্ছে।’ পরে বোর্ড রুম থেকে বেরিয়ে যাবার পথে হুমায়ুন কবিরকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি একই কথা বলেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, ‘আসলে আমি এই বিষয়টির সঙ্গে যুক্ত হয়েছি একদিন আগে। আমি বিস্তারিত কিছু জানি না। আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আপনাদের সব জানাব। এতোটুকু বলতে পারি আমারা ঢাকা মেট্রো নয় ঢাকা বিভাগ কিনেছি।’ কিন্তু চুক্তিতে কত বছর উল্লেখ আছে তা বলুন? হুমায়ুন কবির বলেন, ‘আমার জানা নেই।’ পরে সাংবাদিকদের চাপে ওয়ালটনের এজিএম মিল্টন আহমেদ বলেন, ‘আমি চুক্তির আগে খসড়া চুক্তি দেখেছি। তাতে ১০ বছরের কথা উল্লেখ আছে এবং প্রতি বছরের জন্য ৫০ লাখ টাকার কথা বলা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’

খুলনা ভেন্যুর অনুমোদন হয়নি :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

খুলনা ভেন্যুর অনুমোদন হয়নি :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
 হাতেগোনা এক মাসের মতো সময় আছে বিসিবির হাতে। ঈদের পর পরই অতিথি দল ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় পা দিবে। এবার সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকা আর খুলনা স্টেডিয়ামে। ঢাকায় ১টি টেস্ট, ৩টি ওডিআই আর ১টি টি২০। খুলনাতে ১টি টেস্ট, ২টি ওডিআই আর ১টি টি২০ ম্যাচ। এবারই প্রথম টেস্ট ভেন্যু হিসাবে খুলনা বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেতে চলেছে। সব কিছুই ঠিক, কিন্তু এর মধ্যেও সমস্যা রয়ে গেছে।

কারণ খুলনাকে টেস্ট ভেন্যুর সার্টিফিকেট আইসিসি এখনো দেয়নি। ১১ অক্টোবর আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। এই দলটি স্বাক্ষর করলেই খুলনা টেস্ট ভেন্যুর স্বীকৃতি পাবে। তার আগে বিসিবিও ৩৭ দিনের সিরিজের সিডিউল চূড়ান্ত করতে পারছে না। বিসিবি থেকে আজ এমন তথ্যই জানা গেছে। খুলনার ভেন্যু আইসিসির অনুমোদনের অপেক্ষায় থাকলেও কিউরেটর বাবু আজ খুলনার পথে ঢাকা ছাড়ছেন।

খুলনা ভেন্যুতে ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ওডিআই অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের কিছু খেলা অনুষ্ঠিত হয়েছে। তাই প্রশ্ন আসছে খুলনা কি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্ত্তত? জানতে চাইলে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘আমরা তো যেমন প্রস্ত্তত, তেমনি খুলনাও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্ত্ততি। আমরা সবদিক নজর রেখেই সিদ্ধান্ত নিয়েছি। হোটেল নিয়ে যে প্রশ্ন উঠতে পারে তা নিয়ে আশাকরি কোনো সমস্যা হবে না। এখন আইসিসি অনুমোদন দেয়ার অপেক্ষায়।’

অন্যদিকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের দায়িত্বে থাকা জাহিদ রেজা বাবুকে খুলনার উইকেট তৈরির দায়িত্ব দিয়েছে বিসিবি। আজ রাতেই বাবু খুলনার পথে রওয়ানা হবেন বলে জানালেন। এই কিউরেটরকে খুলনার উইকেট সম্পর্কে আর সেখানকার ড্রেনেজ সিস্টেম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘দেশের যেকোনো স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমের চেয়ে খুলনার ড্রেনেজ সিস্টেম সেরা বলেই জানি। বৃষ্টি এলে মাত্র ১ ঘণ্টায় মাঠ খেলার উপযোগি করা সম্ভব খুলনায়। আর উইকেট তো এখন কিছু বলা যাচ্ছে না। আগে সেখানে যাই, তারপর পরিবেশ দেখে সিদ্ধান্ত নেয়া হবে।’

বিসিবিতে নতুন জটলা, ইচ্ছে অনুযায়ী দল চালাতে চান পাইবাস :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

বিসিবিতে নতুন জটলা, ইচ্ছে অনুযায়ী দল চালাতে চান পাইবাস :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
 জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রিচার্ড পাইবাস দায়িত্বে নিয়েছেন এশিয়া কাপের পর। এরমধ্যে অভ্যন্তরে কি কি হচ্ছে তা খুব একটা বোঝা যায়নি। কিন্তু টি২০ বিশ্বকাপ থেকে মুশফিকরা দেশে ফিরে আসার পর থেকেই পাইবাসের সঙ্গে বিসিবির দূরত্বটা ক্রমশ বাড়তে থাকে। বিসিবি বোর্ড সভাপতির সঙ্গেও পাইবাসের আলোচনা হয়েছে। কিন্তু তাতে আশা করার মতো কিছু ছিল না। অথচ সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফরে আসছে! পাইবাস যে নিজের ইচ্ছে অনুযায়ী দল পরিচালনা করতে চান এতোদিন বিষয়টি মিডিয়ার কাছে অজানা ছিল। এখন বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। নতুন করে আবার কোচ জটিলতায় পড়তে চলেছে বিসিবি। পরিস্থিতি তাই ইঙ্গিত দিচ্ছে।

এই মুহূর্তে পাইবাস নাকি বলছেন বিসিবির সঙ্গে তার চুক্তি হয়নি! এবং সে তার মতো করে ছুটি কাটাবেন। সে অনুযায়ী পাইবাস দলের ছুটি দিয়ে চলেছেন। ২৫ অক্টোবর দেশে ফেরা জাতীয় দলের ক্রিকেটারদের এখনও ছুটি দিয়ে রেখেছেন। যা মেনে নিতে রাজি নয় বিসিবি পরিচালকরা। বিসিবি মিডিয়া কমিটির প্রধানের বক্তব্যে সেটা স্পষ্ট হয়ে বেরিয়ে এসেছে আজ রাতে।

এক দিন আগেই প্রকাশ হয়ে পড়ে পাইবাসের সঙ্গে বিসিবির চুক্তিটাই এখনো ঠিকমতো হয়নি। এ কথা নাকি পাইবাস নিজেই বলেছেন! তাহলে এতোদিন তিনি জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পালন করলেন কি করে? আর বিসিবি থেকে বেতন-ভাতা নিয়েছেন কি করে? এই প্রশ্নগুলো উল্টো মিডিয়ার কাছে জানতে চাইলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

কারণ আজ মিরপুরে বোর্ড পরিচালকরা অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন। দুপুরের পর থেকেই ক্রিকেট অপারেশন্স-র জরুরি বৈঠক শুরু হয়। আর সাংবাদিকরা জানত আজ পাইবাস সম্পর্কে বৈঠকে আলোচনা হবে। রাত পর্যন্ত বহু সাংবাদিক বিসিবিতে উপস্থিত থেকেছে কিছু জানার জন্য। কিন্তু রাত ৭টা পার হয়ে গেলেও বৈঠক শেষ হয়নি। নামাজের জন্য রুম থেকে জালাল ইউনুস বেরিয়ে এলে তাকে সাংবাদিকরা কিছু বলতে অনুরোধ জানান।

পাইবাস প্রসঙ্গ তুলতেই জালাল ইউনুস বলেন, ‘পাইবাস নিয়েই তো আমরা আলোচনায় বসেছি। কি করব সেই আলোচনা শেষ হয়নি। আমরা পাইবাসকে বলব জাতীয় দলের অনুশীলনের সিডিউল দিতে। আর চুক্তির বিষয়টা আগে যা ছিল তাই বহাল থাকবে। আর সে যদি চুক্তি করে না থাকে তাহলে এতোদিন বেতন নিয়েছে কি করে? পরে তো রাজস্ব বোর্ডে ট্যাক্স কাটবে তখন চুক্তির কপি চাইবে, আর তাতে তো ঝামেলা হবে এ নিয়ে! চুক্তি কেন করে নাই এটা সেই ভালো বলতে পারবে।’

কিন্তু পাইবাস তো বলেছে রিচার্ড ম্যাকেঞ্জ সবকিছুর দায়িত্বে আছে? জালাল ইউনুস জবাবে বলেন, ‘বিসিবির হিসাব অনুযায়ী ক্রিকেট অপারেশন্সের অধীনে পাইবাস প্রধান কোচ, গেম ডেভেলপমেন্টের অধীনে ম্যাকেঞ্জ অ্যাকাডেমির দায়িত্বে। এখন পাইবাস কি বলল তা তো আমরা মানব না। পাইবাস বলে দিলেই তো ম্যাকেঞ্জ-র কাছে সব দায়িত্ব চলে যাবে না!’

পাইসাবের আপত্তিটা কোথায়? প্রশ্ন করা হলে জালাল ইউনুস বলেন, ‘সে ক্রিকেটারদের ছুটি দিয়েছে তাহলে কেন অনুশীলন শুরু হবে! আর মুশফিক তো বলেছে আর কত ছুটি কাটাবে। ১২ দিন বিশ্রাম তো হয়ে গেছে। অথচ পাইবাস বলছে ক্রিকেটারদের ছুটি। তাহলে তারা কেন অনুশীলন করবে?’

আসলে ৪ মাসে পাইবাসকে বিসিবির নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে? জানতে চাইলে জালাল ইউনুস বলেন, আমরা তো আসলে তাকে গত ৪ মাসে তেমনভাবে দেশের মাটিতে পাইনি। জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবার পর থেকেই তো সে সফরের মধ্যে আছে। এখন সামনে হোম সিরিজ এখন তাকে আমরা আমাদের আসল কাজের মধ্যে পাব।’

পাইবাসকে চাচ্ছেটা কি? জালাল ইউনুস বলেন, সে কি চায় সেটা আমাদের জানাক। আর তার চাওয়াতে তো জাতীয় দল চলতে পারে না! সে তার ছুটি অনুয়ায়ী দলের সিডিউল তৈরি করবে সেটা তো হতে পারে না।’ ৪৫ দিনের ছুটির বিষয়টি নিয়ে পাইবাস তো আপত্তি জানিয়ে দিয়েছে? জালাল ইউনুস- সে বলে দিলেই তো হবে না? তার ছুটির সঙ্গে তাল দিয়ে জাতীয় দল চলবে না। বিসিবির সিইও-র সঙ্গে পাইবাসের সব বিষয় আলোচনা হয়। এখনের বিষয়টাও সিইও তাকে জানাবে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব আজই। আমাদের সঙ্গে চুক্তি অনুয়ায়ী তাকে দল চালাতে হবে। তার ইচ্ছে অনুযায়ী নয়।’

কিন্তু বিসিবি বোর্ড সভাপতি পাইবাসকে তো অনুমতি দিয়েছেন? জালাল ইউনুস বলেন, ‘সভাপতির সঙ্গে পাইবাসের আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত বিসিবি সভাপতি পাইবাসকে দেননি।’

হজ: ঢাকায় অবাধে বিক্রি হচ্ছে সৌদি সিম :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

হজ: ঢাকায় অবাধে বিক্রি হচ্ছে সৌদি সিম :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
হজ উপলক্ষে ট্রাভেল এজেন্সিগুলোর পাশাপাশি রাজধানীর বায়তুল মোকাররম এবং হাজি ক্যাম্পের আশেপাশের দোকানগুলোয় বেড়ে গেছে সৌদি মুঠোফোন কোম্পানির সিম বিক্রি। ফলে কমতে শুরু করেছে দেশীয় মোবাইলফোন অপারেটরদের সিম বিক্রি বা আন্তর্জাতিক রোমিং সেবাগ্রহণ। এতে করে প্রতিদিনই বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে সরকার।
 
খোঁজ নিয়ে জানা গেছে, ভারতভিত্তিক একটি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স সেলুলার ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেডের আন্তর্জাতিক সিম বাংলাদেশে বিক্রি করছে দেশীয় প্রতিষ্ঠান ইন্ট্রাকো গ্রুপ।  প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে জানা যায়, প্রতিষ্ঠানটি ‘ম্যাট্রিক্স’ সিম হজযাত্রীদের বিনামূল্যে সরবরাহ করছে। এতে ইনকামিং কলও ফ্রি। তবে সৌদি আরব থেকে দেশে কল করতে প্রতি মিনিটে খরচ হবে ১৮ টাকা। 
 
প্রসঙ্গত, হজ মৌসুম এলেই দেশ থেকে যত জন হজ করতে যান প্রায় তার কাছাকাছি সংখ্যক সৌদি সিম বিক্রি হয়। ফ্লাইট নির্ধারতি হলেই বিমানবন্দর, হাজিক্যাম্প এবং বায়তুল মোকাররম থেকে সৌদি সিম সংগ্রহ করেন যাত্রীরা।
 
ফলে চলতি হজ মৌসুমে সৌদি আরবের তিনটি মোবাইল ফোন অপারেটরের প্রায় এক লাখ সিম বিক্রি হতে পারে বলে জানিয়েছেন সিম বিক্রিরা সাথে সংশ্লিষ্টরা।  সূত্র মতে, এখন টু’জি সিমের সঙ্গে থ্রিজি সিমও বিক্রি হচ্ছে। সিম বিক্রির ক্ষেত্রে এগিয়ে আছে সৌদি টেলিকম কোম্পানি (এসটিসি)। এরপরেই আছে ইটিসালাতের সিম।
 
তবে অবাধে বিদেশী সিম বিক্রি বৈধ না হলেও সৌদি আরবসহ বিদেশী সিমের অবাধ এই বিক্রি সম্পর্কে কিছুই জানে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
 
এ বিষয়ে বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ জানান, ‘ভ্যাস (মূল্য সংযোজিত সেবা) নীতিমালার মধ্যে এই সিম বিক্রির ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সরকার তো সেই নীতিমালাই গ্রহণ করল না।’ আর তাই অবস্থার উন্নতি কল্পে ভবিষ্যতে বিদেশী সিম বিক্রি আইনের আওতায় আনার বিষয়টি কমিশন ভেবে দেখবেন বলে তিনি জানান।
 
এদিকে দেশীয় অপারেটরদের রোমিং সেবা বা সিম বিক্রি কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক অপারেটরের কর্মকর্তা বলছেন, ‘আমরা কত কষ্ট করে সেবা দিয়েও গ্রাহককে সন্তুষ্ট কতে পারছি না। আর এভাবে বিদেশী কোম্পানি এসে সস্তায় সিম বিক্রি করে অবাধে দেশের টাকা বাইরে নিয়ে যাচ্ছে। তাই সংশ্লিষ্টদের এ বিষয়ে যত্নবান হওয়া উচিত।’

সারা দেশে মোবাইলফোন রিচার্জ বন্ধ করে দেয়ার হুমকি :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

সারা দেশে মোবাইলফোন রিচার্জ বন্ধ করে দেয়ার হুমকি :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
কমিশন বৃদ্ধিসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষে ঢাকায় মোবাইলফোনে টাকা রিচার্জ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ মোবাইলফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও ঢাকা টেলি রিচার্জ ঐক্য পরিষদ। রোববার থেকে সারা দেশে মোবাইল রিচার্জ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।
 
শনিবার থেকে ঢাকায় মোবাইল রিচার্জ বন্ধ রাখে ঢাকা টেলি রিচার্জ ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে সোমবার পর্যন্তই নয় অনির্দিষ্টকালের জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছে।
 
এদিকে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠন দুটি রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এদিকে টেলি রিচার্জ ঐক্য পরিষদ দুপুরে মতিঝিলে বিক্ষোভ মিছিল করে বিকেলে ৩০টি দলে বিভক্ত হয়ে কেউ মোবাইলফোনে রিচার্জ করছে কি না তা দেখতে ঢাকা শহর প্রদক্ষিণে বের হয়।
 
বিক্ষোভ পালনকালে রিচার্জ বন্ধ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “আমরা সন্ধ্যার মধ্যে সারাদেশে আমাদের সংগঠনের সদস্যদের ফোনে রিচার্জ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।”
 
তিনি জানান, এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় মোবাইলে রিচার্জ বন্ধ রয়েছে।
 
তিনি জানান, রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমানের বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বলেন, “কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন দুই এক দিনের মধ্যে বৈঠকে বসবেন। বৈঠকে সমস্যার সমাধান না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য রবিতে রিচার্জ বন্ধ করে দেব।”
 
প্রসঙ্গত, রিচার্জে কমিশন বাড়ানোর দাবি (এক হাজার টাকায় ১০০ টাকা, বর্তমানে দেয়া হচ্ছে ২৭ টাকা ৫০ পয়সা) জানিয়ে আসছিল সংগঠন দুটি। এতে কোনো অপারেটর কর্ণপাত না করলে অ্যাসোসিয়েশন দুর্বার আন্দোলনের হুমকি দেয়।  
 
এদিকে রবির ঊর্ধতন কর্মকর্তারা জাপানে অপারেটরটির বোর্ড সভায় যোগদান করায় এ ব্যাপারে মন্তব্য জানতে কাউকে পাওয়া যায়নি। রবির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, দেশে ফিরে কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানাবেন।
 
অন্যান্য অপারেটরদের সম্পর্কে সংগঠন দুটির নেতারা বলেন, “সাতদিনের মধ্যে অন্য অপারেটররা আমাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। বৈঠক না করলে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো।”
 
অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, কমিশন বৃদ্ধি, পিসিও (পাবলিক কল অফিস) সিমে ২৪ ঘণ্টা ২৫ পয়সা মিনিটে কথা বলা, ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত দেয়াসহ ১১ দফা দাবি পেশ করেছে সংগঠনটি।
 
ঐক্য পরিষদের আহ্বায়ক নূরুল হুদা জানিয়েছেন, ‘আমাদের জানা মতে ঢাকা ও নারায়ণগঞ্জের ৯৫ শতাংশ রিচার্জ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।’ যে দুই একটি জায়গায় খোলা আছে তা বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি দাবি করেন। তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে রিচার্জ বন্ধ রয়েছে।
 
তিনি বলেন, “আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছি। কর্মসূচির দ্বিতীয় দিনে আমরা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবো। আর সোমবার সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে।”

আশানুরূপ সাড়া পায়নি কারিনার ‘হিরোইন’ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

আশানুরূপ সাড়া পায়নি কারিনার ‘হিরোইন’ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 হলো না কারিনার। যতটা গর্জে ছিল ততটা বর্ষেনি তার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’ ছবিটি। যদিও নির্মাণের ঘোষণা থেকে শুরু করে মুক্তির দিন পর্যন্ত বলিউডের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই ছবি। পরিচালক মধুর ভাণ্ডারকারও মনে করেছিলেন তার ‘ফ্যাশন’ ছবিটির সফলতাকে ছাপিয়ে যাবে ‘হিরোইন’। কিন্তু সেটা হয়নি। হিরোইন একেবারেই গড়পড়তা ব্যবসা করেছে প্রথম সপ্তাহে। প্রথম সপ্তাহের পর থেকে ব্যবসা আরো খারাপ যাচ্ছে।
 
কারিনার ‘হিরোইন’ এর সঙ্গে মুক্তি পাওয়া তার চাচাতো ভাই রণবীর কাপুর অভিনীত ‘বরফি’ ছবিটি বরং রেকর্ড গড়েছে ব্যবসা সফলতার। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘বরফি’ ব্যবসা করেছে ১০০ কোটি রুপিরও বেশি।
 
মূলত ‘বরফি’ কাল হয়ে দাঁড়িয়েছিল ‘হিরোইন’ এর জন্য। কিন্তু ঘটার কথা ছিল ঠিক এর উল্টো। ধারণা করা হয়েছিল ‘হিরোইন’ এর কারণে ‘বরফি’ মার খাবে।
 
যাই হোক, বোন কারিনা থেকে সফলতার দৌড়ে এবারের জন্য এগিয়ে গেলেন ভাই রণবীর। তাছাড়া ‘হিরোইন’ ছবিতে কারিনার অভিনয়-পারফরমেন্স অসাধারণ হলেও এর কাহিনী তেমন একটা দর্শক টানতে পারেনি। অনেকটা ‘ফ্যাশন’ এর আদলেই তৈরি হয়েছে এই ছবি। শুধু ফ্যাশন দুনিয়ার বদলে এই ছবিতে দেখানো হয়েছে অভিনয় জগতটাকে।
 
এদিকে ‘বরফি’ ছবির কাহিনী তৈরি হয়েছে একটি ভিন্নধর্মী সম্পর্ক, প্রেম-ভালবাসা ও তার নাটকিয়তাকে কেন্দ্র করে। ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন রণবীর কাপুর। ছবিটি ব্যাপকভাবে পছন্দ করেছে দর্শক। সে কারণেই হলো না এবার কারিনার। বিষয়টি নিয়ে এখন কারিনার মনও ভীষণ খারাপ। কারণ এই ছবিটিকে ঘিরে পরিচালক মধুর ও কারিনা অনেক বড় স্বপ্ন দেখেছিলেন। বাস্তবে যার কিছুই ফলেনি।
 
তবে ছবিটির সফলতার বিষয়ে মিডিয়ার কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেননি কারিনা। তিনি শুধু বলেন, ছবিটি কতটা সফল সেটা পরিচালক হিসেব করে বলতে পারবেন। তবে ‘হিরোইন’ আমার জীবনের একটি মাইলফলক হয়েই থাকবে। কারণ এখানে আমার চরিত্রটি স্বপ্নের। এ ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছে ছিল অনেক দিনের। এর মাধ্যমে আমার স্বপ্নটা অন্তত পূরণ হয়েছে।

এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতা জাপানের ওয়াকামাৎসু :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতা জাপানের ওয়াকামাৎসু :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 দক্ষিণ কোরিয়ার পুসানে চলছে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব৷ জাপানের পরিচালক কোজি ওয়াকামাৎসুকে এবারের এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতা পুরস্কার দেয়া হয়েছে৷

এরপর বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াকামাৎসু বলেন, এশিয়ার সরকারগুলো শুধুমাত্র বাণিজ্যিক ছবি বানানোর জন্য অর্থ সাহায্য দিয়ে থাকে৷ তাই তরুণ নির্মাতারা সে দিকেই ঝুঁকছে৷

তিনি বলেন, “এটা ঠিক নয়৷ কেননা জনপ্রিয় ধারার বাইরেও ছবি তৈরি করতে হবে৷ কোন তরুণ নির্মাতা চাইলে যেন বিকল্প ধারার ছবি নির্মাণ করতে পারে সরকারগুলোকে সে ব্যবস্থাও করতে হবে৷”

বাণিজ্যিক নয়, এমন ছবির প্রতি তার গভীর ভালবাসার প্রতিদান স্বরূপ এবার ওয়াকামাৎসুকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার দিয়েছে পুসান উৎসব কর্তৃপক্ষ৷

ওয়াকামাৎসুর ছবি ‘ক্যাটারপিলার’ ২০১০ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘রৌপ্য ভল্লুক' পেয়েছিল৷ ওই ছবিতে গত শতকের ত্রিশের দশকে জাপানের নীতির সমালোচনা করা হয়েছিল৷

পুসান উৎসবে শনিবার দক্ষিণ কোরীয় একটি ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে, যেটা দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে৷

‘ন্যাশনাল সিকিউরিটি’ নামের ওই ছবিতে দক্ষিণ কোরিয়ার সাবেক সামরিক নেতা জেনারেল পার্ক চুং-হি’র সময়ে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে অমানুষিক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে৷ জেনারেল পার্ক এর মেয়ে পার্ক গিয়ুন হাই আগামী ডিসেম্বের মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী৷ ফলে ছবিটি সেই নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে৷ যদিও পার্ক গিয়ুন হাই ইতিমধ্যে তার বাবার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন ।

সাইফিনার বিয়েতে রাষ্ট্রপতি? :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

সাইফিনার বিয়েতে রাষ্ট্রপতি? :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 ছেলের বিয়েতে কোনো আয়োজনে ত্রুটি রাখছেন না নবাব-পত্নি শর্মিলা ঠাকুর। সাইফিনার বিয়ের দিন যতই এগিয়ে আসছে উৎসবের ব্যস্ততায় ততই মাতছে পতৌদি-প্রাঙ্গন। অতিথি-তালিকার দায়িত্ব নিজেই সামলাচ্ছেন হবু শ্বাশুড়ি শর্মিলা ঠাকুর স্বয়ং। আর সেই সূত্রেই পতৌদি প্যালেস থেকে সরাসরি বার্তা গেছে এমনকি রাইসিনা হিলসেও। সূত্রে খবর, ১৫ মিনিটের জন্য হলেও একবার সপরিবারে বিবাহ বাসরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতিকেও। প্রণববাবুও অভিনন্দন জানিয়েছেন পতৌদি পরিবারকে। তবে সময়ের অভাবে ১৬ অক্টোবরে নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে বলে জানা গিয়েছে।

পরিবার ও ঘনিষ্ঠ পরিসরেই সীমাবদ্ধ থাকবে বিয়ের মূল অনুষ্ঠান। তবে বলাই বাহুল্য, এর পরে গ্র্যান্ড রিসেপশনে উপস্থিত থাকবেন টিনসেল টাউনের বহু রথী-মহারথীরাই। ডিজাইনার রিতু কুমারের পোশাকে সাজবেন কাপুর ললনা বেবো। বিয়ের পর নামের পরে নবাব পদবি গ্রহণ করবেন করিনা। বাদ যাবে না পিতৃ-পদবিও। খুব তাড়াতাড়ি বলিউডের দেবী-পক্ষে সংযোজন হবে নতুন নাম, কেকেকে, কারিনা কাপুর খান। সূত্র: জিনিউজ।

ডায়াবেটিস দমনে নতুন থেরাপি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

ডায়াবেটিস দমনে নতুন থেরাপি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৩০ কোটির মতো৷ জার্মানিতেই ৭০ লাখেরও বেশি ডায়াবেটিস রোগী আছেন৷ মোট জনসংখ্যার প্রায় নয় শতাংশ৷ তাই রোগটিকে দমন করতে নানা রকম থেরাপি ও ওষুধপত্র বের করার চেষ্টা করছেন গবেষকরা৷
 
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ২০৩০ সাল নাগাদ ৪০ কোটিতে দাঁড়াবে৷ বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের মত উন্নয়নশীল দেশগুলিতে রোগটির অগ্রযাত্রা বেড়েই চলেছে৷ এর প্রধান কারণ সেখানকার মানুষদের জীবনযাত্রায় পরিবর্তন৷ স্থূলতা, চলাফেরার অভাব, মন্দ খাদ্যাভ্যাস ইত্যাদি রোগটিকে বিশেষ করে প্রভাবিত করে৷ ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি এ ক্ষেত্রে নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছে৷ এটা একটা লাভজনক ব্যবসাও৷
 
ইন্সুলিনে নির্ভরশীলতা
ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি দুই ধরনের হয়ে থাকে: টাইপ ১ ও টাইপ ২৷ সাধারণত অল্পবয়সীরা আক্রান্ত হয় টাইপ ১ ডায়াবেটিসে৷ যেমনটি দেখা যায় অলিভারের ক্ষেত্রে৷
হঠাৎ করেই সে ক্লান্তি বোধ করতে শুরু করে৷ তার ওপর আবার ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দেয়, বেড়ে যায় মূত্রত্যাগের বেগও৷ তখন অলিভারের বয়স ছিল ১৮৷ ১০ বছর ধরে হানোফার শহরের এই ছাত্র দৈনিক ইনসুলিন ইঞ্জেকশন নিচ্ছে৷
 
অলিভার জানায়, রাতে বিছানায় যাবার আগে আমি ইনসুলিন ইঞ্জেকশন নেই৷ এটা ২৪ ঘণ্টা কাজ করে৷ কিন্তু তবুও আমি খাওয়ার আগে কিংবা খালি পেটে রক্ত পরীক্ষা করে দেখি৷ প্রয়োজন হলে দ্রুত কাজ করে, এই রকম ইন্সুলিন দিয়ে আরো একটু নিয়ে খাপ খাইয়ে নেই৷ তার মানে সারাটা দিনই রোগের ব্যাপারটা মাথায় থাকে৷ খাওয়া দাওয়াও চিন্তাভাবনা করে করতে হয়৷'
 
অ্যান্টিবডির আশ্রয়
অল্পবয়সীদের যাতে সবসময় টাইপ ১ ডায়াবেটিস নিয়ে মাথা ঘামাতে না হয়, সেজন্য গবেষকরা ইনসুলিনের বিকল্প কিছু আবিষ্কারের চেষ্টা করছেন৷ এর মধ্যে একটি পদ্ধতি হল, দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ইনসুলিন উৎপাদনকারী বেটাসেলগুলিকে আক্রমণ করতে না পারে, সে জন্যে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করা৷
 
হানোফার শহরের মেডিকেল ইউনিভার্সিটির এল্মার ইয়েকেল এই প্রসঙ্গে জানান, এটা রোগনির্ণয়ের সময় দেয়া এককালীন এক থেরাপি৷ এরপর রোগীকে আর চিকিৎসা দিতে হয় না৷ একবারই দিতে হয় বলে এক আকর্ষণীয় পদ্ধতি এটি৷ এর মূল লক্ষ্য: রোগ নির্ণয়ের সময় টিকে থাকা বেটাকোষগুলিকে রক্ষা করা ও কাজে লাগানো৷
 
আন্তর্জাতিক ক্লিনিক্যাল গবেষণায় এই পদ্ধতি নিয়ে মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে৷ এতে হানোফার'র মেডিকেল ইউনিভার্সিটিও অংশ নিয়েছে৷ তবে ফলাফলটা পাওয়া গেছে বিভিন্ন রকমের৷ ইউরোপ ও অ্যামেরিকার হালকা পাতলা দেহের তরুণ ডায়াবেটিস রোগীরা অ্যান্টিবডির উপাদান থেকে উপকার পেয়েছে৷ কিন্তু এশিয়ান অঞ্চলের রোগীরা আশাব্যঞ্জক তেমন কিছু দেখাতে পারেনি৷
 
এল্মার ইয়েকেল জানান, আমরা মনে করি টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পেছনে এশিয়ার দেশগুলিতে অন্যান্য কারণ থাকতে পারে৷ জিনগত ও পরিবেশগত কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে৷ এই দুটোই এশিয়ার দেশগুলিতে ভিন্ন রকমের হতে পারে৷ এছাড়া সেখানকার পরীক্ষিত ব্যক্তিরা স্থূল আকৃতির ছিলেন৷
 
রক্তের স্টেমসেল
আরো কিছু গবেষণার মাধ্যমে বোঝা যাবে, কেন টাইপ ১ ডায়াবেটিস রোগীদের সবার ক্ষেত্রে অ্যান্টিবডির উপাদান কাজে লাগছে না৷ অন্যদিকে ব্রাজিলের গবেষকরা স্টেম সেল নিয়ে গবেষণা করছেন৷ এই পরীক্ষায় তরুণ রোগীদের নিজেদের দেহ থেকে নেয়া রক্তের স্টেমসেল আবার ঢুকিয়ে দেয়া হয় তাদের শরীরে৷ এক্ষেত্রেও রয়েছে ইমিউন সিস্টেমকে সতেজ করার প্রচেষ্টা৷ যাতে শরীরের বেটা সেলগুলি আর ধ্বংস হতে না পারে৷ এ ব্যাপারে ক্লিনিক্ল্যাল পরীক্ষায় আশার আলো দেখা যাচ্ছে৷
 
আর একটি পদ্ধতি নিয়ে ইসরায়েল, অ্যামেরিকা ও জার্মানিতে চিন্তাভাবনা করা হচ্ছে৷ যাতে দৃষ্টি দেয়া হয়েছে লিভারের দিকে৷ এল্মার ইয়েকেল'এর ভাষায়, এবিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে৷ আমাদের দেহে প্রচুর পরিমাণে লিভার সেল রয়েছে , যেগুলি প্রতিনিয়ত পুনর্গঠিত হচ্ছে৷ এই কোষগুলির আচার আচরণ পরিবর্তন করে ইনসুলিন প্রস্তুককারী সেলে রূপান্তরিত করা যায় কিনা, সে ব্যাপারে পরীক্ষা চলছে৷ প্রাণীর ক্ষেত্রে সাফল্যও দেখা গেছে৷ মানুষের ক্ষেত্রে এটা একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি হতে পারে কিনা, তা বোঝা যাবে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে৷
 
টিকা পদ্ধতি
তবে টাইপ ১ ডায়াবেটিস দমন করার ব্যাপারে আর একটি পদ্ধতি বেশ কিছুটা এগিয়ে রয়েছে৷ আর তা হলো টিকা দিয়ে এই প্রকারের ডায়াবেটিস দমন করা৷ কয়েকটি ক্লিনিক্যাল পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে৷ হয়তো বছর তিনেকের মধ্যে প্রথম টিকাটি বাজারে আসবে৷ অন্যদিকে ডায়াবেটিস টাইপ ২-এর ক্ষেত্রে একটি ভালো খবর রয়েছে৷ আর তা হলো, একটি ওষুধ কিছুদিনের মধ্যেই অনুমোদন পেতে যাচ্ছে, যার নাম ‘ফরক্সিগা'৷ এর সাহায্যে কিডনিকে এমনভাবে উদ্দীপিত করা হবে, যাতে রক্তের অতিরিক্ত শর্করা মূত্রের মাধ্যমে বের হয়ে যায়৷ সেক্ষেত্রে রোগীদের আর ইন্সুলিন নেয়ার প্রয়োজন পড়বে না৷ সূত্র: ডিডব্লিউ

ভারত থেকে রেলের ৫৫টি ওয়াগন কেনার চুক্তি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ভারত থেকে রেলের ৫৫টি ওয়াগন কেনার চুক্তি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ভারত থেকে ৫০টি এমজি বগি ফ্লাট কনটেইনার ওয়াগন ও ৫টি ব্রেকভ্যান ওয়াগন (মালবাহী) কিনতে যাচ্ছে সরকার। এজন্য ব্যয় হবে ৩২ লাখ ৭৬ হাজার ১৪১ ডলার।

রোববার বাংলাদেশ রেলওয়ে ও ভারতের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের এক বিলিয়ন সরকারি ঋণ সহায়তার আওতায় এ ওয়াগনগুলো সংগ্রহ করা হবে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রকল্প পরিচালক আবদুল মতিন চৌধুরী এবং ভারতের পক্ষে তিতাগর ওয়াগনস্ লিমিটেডের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার অশোক কুমার দাস।

চুক্তির শর্ত অনুযায়ী চুক্তি স্বাক্ষরের দিন থেকে ১২ মাসের মধ্যে বগিগুলো সরবরাহ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী মুজিবুল হক জানান, বর্তমানে ঢাকা-চট্টগ্রামের মধ্যে তিনটি মালবাহী রেল চলাচল করছে। চুক্তি অনুযায়ী ওয়াগনগুলো পেলে এর সংখ্যা পাঁচটিতে উন্নীত হবে।

মন্ত্রী আরও জানান, আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন চোখে পড়বে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সচিব মহবুব উর রহমান, রেলের মহাপরিচালক আবু তাহেরসহ রেলের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

ভিক্ষুক পুনর্বাসনের সরকারি তহবিলও আত্মসাত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ভিক্ষুক পুনর্বাসনের সরকারি তহবিলও আত্মসাত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক সরকারি প্রকল্পে  ব্যাপক আর্থিক দুর্নীতি ও অনিয়মের তথ্য পেয়েছে সংসদীয় কমিটি।

একইসঙ্গে জরিপকৃত ভিক্ষুকদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও ছবিসহ তালিকা আগামী বৈঠকে কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক এ সুপারিশ করা হয়।

এছাড়া কমিটির বৈঠকে ভিক্ষুক জরিপের সর্বশেষ অবস্থা, ভিক্ষুক উচ্ছেদ কতদিনে সম্ভব, এ সংক্রান্ত কি কি পদক্ষেপ নেয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক এই কর্মসূচির বরাদ্দকৃত ৭ কোটির মধ্যে ছাড়কৃত ৬ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন খাতে ব্যয় ও বিভিন্ন এনজিও’র মধ্যে বিতরণের অনিয়ম খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন আগামী বৈঠকে কমিটিতে উপস্থাপন করতে বলা হয়।

বৈঠকে সমাজসেবা অধিদফতরের ২০০৯ ও ২০১০ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্তে বিভিন্ন পদে লোক নিয়োগে বিলম্ব হওয়ার কারণ উল্লেখ করে আগামী বৈঠকে প্রতিবেদন দাখিল এবং জনবল নিয়োগে ব্যর্থতার জন্য দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।


কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন বার্তা২৪ ডটনেটকে বলেন, আমরা অনেক এনজিও’র দুনীতির তথ্য পেয়েছি, তারা প্রকল্পের টাকা বিতরণ না করে আত্মসাত করেছে। এ জন্য এখন আমরা জরিপকৃত ভিক্ষুকদের নামসহ বিতরনের তালিকা চেয়ে পাঠিয়েছি।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন,কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, নুরন্নবী চৌধুরী, এ. এন. মাহফুজা খাতুন, বেবী মওদুদ ও অপু উকিল এবং বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাসসহ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। বৈঠকে সমাজ সেবা অধিদফতর সব জেলার যেসব সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে তার তালিকা উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রীর অনুমোদন করা সমাজসেবা অধিদফতরের অধীন ৫টি উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব বাজেটে স্থানান্তর দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বিধবা ভাতা ১০ শতাংশ বাড়াতে দরকারি ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।  রোগি কল্যাণ সমিতির সেবা কার্যক্রম জেলা থেকে উপজেলা পর্যায়ে চালু করতে তহবিল বাড়াতে দরকারি ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের পরিচালকরা দায়ী: মির্জা আজিজুল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের পরিচালকরা দায়ী: মির্জা আজিজুল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ দায়ী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জা মোঃ আজিজুল ইসলাম। রোববার রাজধানীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘হলমার্ক জালিয়াতি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ব্যাংকিং খাতের ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত গোলটেবিলে তিনি বলেন, আমাদের ব্যাংকিং ব্যবস্থার কিছু দুর্বলতা আছে যার সুযোগে হলমার্ক কিছু অসাধু লোকদের নিয়ে এই কেলেঙ্কারি সাধন করেছে। এজন্য তিনি এই কেলেঙ্কারির মুল হোতার শাস্তি দাবী করেন পাশাপাশি টাকা আদায় করার কথাও বলেন।

অবশ্য হলমার্ক কেলেঙ্কারির তদন্তে গঠিত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি বলেন, অনেকেই বলে ব্যাংকের নিয়মকানুন শক্ত নয়, বিষয়টা সঠিক নয়। বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন নীতিমালার মধ্য দিয়ে ব্যাংক খাত পরিচালিত হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহম্মেদ বলেন, রাজনৈতিকভাবে পরিচালনা পর্ষদ গঠিত হয় বলেই পরিচালনা পর্ষদ নিরপেক্ষ হতে পারেনা।

হলমার্ক কেলেঙ্কারির জন্য সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের গাফলতি আছে বলেও মন্তব্য করেন তিনি। বেঠকে তিনি আরো বলেন, এই সব সমস্যার সমাধান রাজনীতিবিদরাই করতে পারে। তবে সেক্ষেত্রে তাদের সততার পরিচয় দিতে হবে।

পুলিশের সাবেক আইজিপি এস এম শাহাজাহান এর সভাপতিত্বে গোলটেবিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন  বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক আবু আহম্মেদ, বদিউল আলম মজুমদার, অধ্যাপক মামুন রশিদ, সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালেহ ইমাম মজুমদার ও সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির হিরু।

মহাখালীর সাততলা বস্তিতে আগুন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম বার্তা২৪ ডটনেটকে জানায়, সন্ধ্যা ৭টার দিকে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পান তারা। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আরো ৩টি ইউনিট এতে যোগ হবে বলে জানানো হয়েছে।

কোন স্থান থেকে বা কীভাবে আগুন লেগেছে তা এ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারেও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

রামুর ঘটনা বাংলাদেশের বিরুদ্ধে নীলনকশার অংশ: ড. মিজান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনা বাংলাদেশের বিরুদ্ধে নীলনকশার অংশ: ড. মিজান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, “কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। এটি শুধু বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নয়, বরং বাংলাদেশের বিরুদ্ধে করা নীলনকশার অংশ।”
 
রোববার দুপুর ১২টায় কমিশনের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক প্রতিষ্ঠান অক্সফাম ও জাতীয় মানবাধিকার কমিশনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. মিজানুর এসব কথা বলেন।
 
ড. মিজানুর রহমান বলেন, “এত বড় একটি ঘটনা কারা কেন ঘটিয়েছে গোয়েন্দা ও প্রশাসনের সদিচ্ছা থাকলেই তা বেরিয়ে আসবে। যদি তারা এটা বের করতে না পারে, তাদের বিদায় করতে হবে।”
 
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, “সেখানে গিয়ে দেখেছি কতটা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। স্বয়ংক্রিয় রাসায়নিক ব্যবহার করে বৌদ্ধদের বাড়িতে আগুন দেয়া হয়েছে। মাঝের মুসলমান বাড়িতে আগুন লাগেনি। হাজার বছরের পুরানো মূর্তি ভাঙচুরের পর তার চোখের দামি পাথর খুলে নেয়া, স্বর্ণের মূর্তি লুটের ঘটনা খুবই পরিকল্পিত, এটা বোঝা যায়।”
 
তিনি বলেন, “প্রধানমন্ত্রী কাল সেখানে যাবেন। এটি সরকারের অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। বৌদ্ধরা এদেশেরই নাগরিক, এটা তাদের বিশ্বাসযোগ্যভাবে বোঝাতে হবে।”
 
পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “কেবল গ্রেফতারের সংখ্যা বাড়াতে সাধারণ মানুষকে হয়রানি করা ঠিক হবে না। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে হবে।”
 
রাজনীতিবিদদের প্রতি ঈঙ্গিত করে তিনি বলেন, “এ ঘটনা নিয়ে কাউকে দোষারোপ করে রাজনীতি করা ঠিক হবে না। বরং আগুন লাগার আগে কারা সেখানে জনসভা করেছিল, সভায় কী বলেছে, লাঠিসোটা নিয়ে কারা এসেছে, আগুন লাগার পর জনপ্রতিনিধিরা কোথায় ছিল এসব বিষয় আমলে এনে তদন্ত করতে হবে।”
 
মানবাধিকার কমিশনও এ ঘটনার একটি প্রতিবেদন প্রকাশ করবে বলে চেয়ারম্যান জানান।
 
জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অক্সফামের চুক্তির ব্যাপারে তিনি বলেন, “খাদ্যের অধিকার অত্যন্ত মৌলিক অধিকার। গ্রামের মানুষ বিশেষ করে নারীরা যেন এ অধিকার নিশ্চিত করতে পারে সেজন্য অক্সফামের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে।”
 
এ সময় অক্সফামের বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেরেথ প্রাইস জোনস বলেন, “বাংলাদেশের খাদ্য অধিকার নিয়ে অক্সফাম ও জাতীয় মানবাধিকার কমিশন চুক্তিবদ্ধ হয়েছে। আশা করি, এ চুক্তি উভয়পক্ষের জন্য ইতিবাচক হবে।”

সুরঞ্জিত ও আজমকে জিজ্ঞাসাবাদ করবে দুদক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সুরঞ্জিত ও আজমকে জিজ্ঞাসাবাদ করবে দুদক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং তার সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান দুদক চেয়ারম্যান গোলাম রহমান।

এরই মধ্যে সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুক তালুকদার এবং রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তখন এপিএস নিখোঁজ থাকার কারণে তাকে দুদক জিজ্ঞাসাবাদ করতে পারেনি ।

গত শুক্রবার বেসরকারি একটি টিভি চ্যানেলে সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের এক সাক্ষাৎকারের পর সুরঞ্জিতের রেল বাণিজ্যের বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। সুরঞ্জিতের বাসায় টাকা নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ প্রতক্ষ্যদর্শী হলেন ড্রাইভার আজম। তাই দুদক তাকেও জিজ্ঞাসাবাদ করবে।

আলী আজম প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ''আজমকেও জিজ্ঞাসাবাদ করবে দুদকের তদন্ত টিম।''

গোলাম রহমান বলেন, ''৯ এপ্রিল রাতে টাকা যে সুরঞ্জিতের বাসায় যাচ্ছিল এরকম কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। দালিলিক প্রমাণ ছাড়া দুদক কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।''

দুদক চেয়ারম্যান বলেন, ''আজমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কাউকে দোষী বলতে পারি না। দুদক তথ্য-উপাত্তের ভিত্তিতেই ব্যবস্থা নিয়ে থাকে।''

এদিকে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, “পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল সঙ্গে দুদক কাজ করতে প্রস্তুত।” তিনি বলেন, ''আমার সঙ্গে বিশ্বব্যাংকের কথা হয়েছে। তারা অক্টোবরের মাঝামাঝি সময়ে আসবেন বলে জানিয়েছেন।''

তিনি বলেন, ''বিশ্বব্যাংকের প্যানেল আসছে এটা আমাদের জন্য সৌভাগ্য। তারা যদি আমাদের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করে তাহলে কমিশনের প্রতি মানুষের বিশ্বাষযোগ্যতা আরো বাড়বে।''

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যালোচনা করতে তিন সদস্যেরর আন্তর্জাতিক বিশেষঞ্জ দল গঠন করেছে বিশ্বব্যাংক। দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই প্রকল্পে বিশ্বব্যাংকসহ অন্য দাতাদের অর্থায়ন বিষয়টি নির্ধারিত হয়।

বিচারক শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে স্পিকারের রুলিং অবৈধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বিচারক শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে স্পিকারের রুলিং অবৈধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 হাই কোর্ট বিভাগের একজন বিচারকের স্পিকারের রুলিংয়ের বিষয়ে বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আপিলের অনুমতি দেয়নি আপিল বিভাগ।
 
রোববার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকার পক্ষের করা আবেদনটি কিছু অবজারভেশনসহ নিষ্পত্তি করেন।
 
স্পিকারের রুলিংকে অকার্যকর করে হাই কোর্টের দেয়া আদেশ বিষয়ে গত ৪ অক্টোবর লিভ টু আপিলের শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করে দেন আপিল বিভাগ।
 
ওই দিন আপিলের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অন্যদিকে আপিলের বিপক্ষে রোকন উদ্দিন মাহমুদ ও আক্তার ইমাম শুনানি করেন।
 
হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকার গত ৩ সেপ্টেম্বর লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। পরে চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা ৩০ সেপ্টেম্বর বিষয়টির শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগে শুনানি হয়।
 
একজন বিচারক সংবিধানের ৭৮ (১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া যেতে পারে, প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা গ্রহণ করবেন স্পিকারের এই রুলিংয়ের আইনগত ভিত্তি নেই বলে হাই কোর্টের দেয়া রায় ২৭ আগস্ট প্রকাশিত হয়।
 
জাতীয় সংসদে একজন বিচারক সম্পর্কে স্পিকারের দেয়া রুলিং নিয়ে প্রশ্ন তুলে গত ১৮ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন ওই রিট আবেদনটি করেছিলেন।
 
শুনানি নিয়ে গত ২৪ জুলাই আদালত পর্যবেক্ষণসহ আবেদন নিষ্পত্তি করেন। আর হাই কোর্টের রায় প্রকাশের এক সপ্তাহের মাথায় গত ৩ সেপ্টেম্বর লিভ টু আপিল করে সরকার।
 
প্রসঙ্গত, ২৯ মে জাতীয় সংসদ অধিবেশনে সড়ক ভবন সরিয়ে নেয়ার বিষয়ে বক্তব্য দেন সংসদ সদস্যরা। এ নিয়ে ৫ জুন হাইকোর্ট বিভাগের বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী কিছু মন্তব্য করেন। একই দিন সংসদে কয়েকজন সদস্য এর তীব্র প্রতিবাদ করেন এবং সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে ওই বিচারপতিকে অপসারণের দাবি জানান। এর ১৩ দিনের মাথায় ১৮ জুন সোমবার স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট সংসদে একটি রুলিং দেন।

তানভীরকে জেলে নেয়া সমাধান নয়: সংসদীয় তদন্ত দলের সভাপতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

তানভীরকে জেলে নেয়া সমাধান নয়: সংসদীয় তদন্ত দলের সভাপতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সোনালী ব্যাংক থেকে ঋণের নামে দুই হাজার ৬৬৮ কোটি টাকা হাতিয়ে নেয়া তদন্তে গঠিত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি বলেছেন, অনেকেই বলে ব্যাংকের নিয়মকানুন শক্ত নয়, বিষয়টা সঠিক নয়। বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন নীতিমালার মধ্য দিয়ে ব্যাংক খাত পরিচালিত হয়।

রোববার রাজধানীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘হলমার্ক জালিয়াতি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ব্যাংকিং খাতের ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিলে তিনি এ কথা বলেন।

পুলিশের সাবেক আইজিপি এস এম শাহাজাহান এর সভাপতিত্বে গোলটেবিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন  বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক আবু আহম্মেদ, বদিউল আলম মজুমদার, অধ্যাপক মামুন রশিদ, সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালেহ ইমাম মজুমদার ও সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির হিরু।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই গোলটেবিলে বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জা মোঃ আজিজুল ইসলাম বলেন,  আমাদের ব্যাংকিং ব্যবস্থার কিছু দুর্বলতা আছে যার সুযোগে হলমার্ক কিছু অসাধু লোকদের নিয়ে এই কেলেঙ্কারি সাধন করেছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহম্মেদ বলেন, রাজনৈতিকভাবে পরিচালনা পর্ষদ গঠিত হয় বলেই পরিচালনা পর্ষদ নিরপেক্ষ হতে পারেনা।

তবে তাজুল ইসলাম এমপি বলেন, এতে পরিচালনা পর্ষদের দায় নেই।

একইসঙ্গে তিনি বলেন, হলমার্কের বিষয়টাকে সামনে রেখে ব্যাংক ব্যবস্থায় এমন কোনো পরিবর্তন আনা ঠিক হবেনা যা পুরো অর্থনীতি ধ্বংস করে দেবে।

জালিয়াত ব্যবসায়ী গ্রুপটির এমডি তানভীর আহমেদ সম্পর্কে সংসদীয় তদন্ত কমিটির সভাপতি বলেন, তানভীরকে জেলে নিয়ে পেটালেই সমস্যার সমাধান হবে না। বরং তাকে জেলে না নিয়ে তার থেকে টাকা আদায়ের ব্যাবস্থা করা উচিত।  পরে সংসদীয় তদন্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে করা হবে।

প্রসঙ্গত, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ১১ মামলায় তানভীর আহমেদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীরসহ ২৭ আসামিকে ধরতে জোর তৎপরতা চালাচ্ছে গোয়েন্দারা। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে দুদক চেষ্টা চালালেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে শনিবার দিবাগত রাত দুইটা থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত র্যাব-৪-এর একটি দল সাভারে হলমার্কের কারখানায় অভিযান চালায়। গ্রেফতারি পরোয়ানা নিয়ে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-৪-এর দলটি রাত দুইটার দিকে সাভারে হলমার্কের যান এবং ভোর ছয়টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

এর আগে তাজুল ইসলামের নেতৃত্বাধীন এই সংসদীয় তদন্ত কমিটি জানিয়েছিলো, তাদের তদন্তে হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কমিটির জিজ্ঞাসাবাদে কেউ তার নামও বলেনি। এ ঘটনায় সরকারের উচ্চ মহলের কারও হস্তক্ষেপ ছিল না। ব্যাংকের পরিচালনা পর্ষদও এ ঘটনায় দায়ী নয়।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন নাহিদুল ইসলাম এমপি, এম এ মান্নান এমপি ও গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক এমপি।