Pages

Saturday, October 13, 2012

জেরার মুখোমুখি হওয়ার ভয় ব্রিটনির :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

জেরার মুখোমুখি হওয়ার ভয় ব্রিটনির :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট




 পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ভয় পাচ্ছেন। তার এ ভয় আদালতে জেরার মুখোমুখি হওয়ার।

সম্প্রতি ব্রিটনি ও তার  পরিবারের বিরুদ্ধে  চুক্তিভঙ্গ এবং মানহানির মামলা করেছেন তার সাবেক ম্যানেজার স্যাম লাটফি। এ মামলার কারণে কাঠগড়ায় দাঁড়াতে হবে তাকে। আর এ নিয়েই ভয় পাচ্ছেন ব্রিটনি।

ব্রিটনির ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, আদালতে জেরার মুখোমুখি হতে ব্রিটনি ভয় পাচ্ছেন। যদিও তার উকিল বিষয়টি দেখছেন। তারপরও কাঠগড়ায় দাঁড়াতে মানসিকভাবে প্রস্তুত নন তিনি। তাছাড়া ব্রিটনি স্যাম লাটফির মুখোমুখি হতেও অস্বস্তি বোধ করছেন।

বাড়ছে তরুণদের স্ট্রোকের ঝুঁকি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

বাড়ছে তরুণদের স্ট্রোকের ঝুঁকি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 স্ট্রোকের ঝুঁকি থেকে ক্রমে বেরিয়ে আসছেন বৃদ্ধরা। এর নতুন আক্রোশের শিকার হচ্ছে তরুণ জনগোষ্ঠী। আমেরিকায় পরিচালিত এক সমীক্ষায় ওঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য।

এতে দেখা যায়, আমেরিকায় তরুণদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধদের তুলনায় বাড়ছে। স্ট্রোকে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজনের বয়স ৫৫-এর নিচে। সিনসিনাটি ও নর্থ ক্যানটাকি এলাকায় ২০ বছরের বেশি বয়সী ১৩ লাখ মানুষের মধ্যে ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিন দফায় সমীক্ষা চালানো হয়েছে।

দেখা গেছে, ১৯৯৩ সালে যারা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১৩ শতাংশ ৫৫ বছরের নিচে ছিলেন। ২০০৫ সালে যে ক'জন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১৯ শতাংশের বয়স ৫৫-এর নিচে। সব মিলিয়ে স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার কমেছে। কারণ বৃদ্ধদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার অনেক কমেছে।

আমেরিকান একাডেমী অব নিউরোলজি জার্নালে এ-সংক্রান্ত নিবন্ধ ছাপা হয়েছে। গবেষক ড. ব্রেট কিসেলা বলেন, ডায়াবেটিস ও মুটিয়ে যাওয়ার হার বেড়ে যাওয়া এবং কোলেস্টেরলসমৃদ্ধ খাবার তুলনামূলক বেশি গ্রহণ করার কারণে তরুণদের স্ট্রোক হওয়ার হার বাড়ছে। অন্যদিকে রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ব্যাপারে সতর্কতা বাড়ার কারণে বৃদ্ধদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার কমেছে।

এ ছাড়া বৃটেনে পরিচালিত সমীক্ষায়ও দেখা গেছে, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ফলে স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার কমছে। সূত্র: বিবিসি

জনসংযোগ কর্মকর্তার চা পানে মিলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

জনসংযোগ কর্মকর্তার চা পানে মিলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নানা তথ্য, সিদ্ধান্ত ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির ভাষণের লিখিত কপি গণমাধ্যমগুলোকে সরবরাহ করতে নারাজ মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম কবির।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বিভিন্ন অনুষ্ঠানে দেয়া ভাষণ গণমাধ্যম কর্মীদের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব থাকলেও তিনি তা করেন না বলেও দেখা গেছে।

তবে এ ব্যাপারে প্রশ্ন করা হলে জনসংযোগ কর্মকর্তা বার্তা২৪ ডটনেটকে জানান, “মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে ‘সুসম্পর্ক’ না থাকলে অনেক তথ্যই পাওয়া যায় না। এজন্য জনসংযোগ কর্মকর্তার কক্ষে এসে প্রায়ই চা পান করতে হয়। অনেক সাংবাদিক আমার অফিসে বসে থাকেন। তাদের অনেকেই তথ্য পান।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গণমাধ্যম কর্মী জানান, পররাষ্ট্রমন্ত্রণালয়ের এ জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন না। তার এমন রহস্যময় আচরণে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কে ইদানিং অনেক সিনিয়র গণমাধ্যম কর্মীদেরও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তবে মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই দাবি করেছেন, বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানেন না। জানলে তিনি অবশ্যই কিছু একটা করতেন।
 

হলমার্কের বিরুদ্ধে মামলা করবে সোনালী ব্যাংক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্কের বিরুদ্ধে মামলা করবে সোনালী ব্যাংক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় হলমার্ক গ্রুপের বিরুদ্ধে মামলা করবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।

বৃহস্পতিবার রাতে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আগামী সপ্তাহের যেকোনো দিন মামলা হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, সোনালী ব্যাংকের অর্থ আদায়ের মামলার অন্যতম প্রধান আসামি হচ্ছেন হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ওরফে তফছীর, চেয়ারম্যান জেসমিন ইসলাম, জেনারেল ম্যানাজার তুষার আহমেদ।

সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থ হচ্ছে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা। দুদকের প্রাথমিক অনুসন্ধানে ওই ফান্ডেড দায় লোপাটের সঙ্গে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় গত ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ূন কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সোনালী ব্যাংক ও হলমার্ক কর্মকর্তাসহ মোট ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক।

এসব মামলায় বর্তমানে হলমার্কের এমডি তানভীর ও জেনারেল ম্যানজার (জিএম) তুষার আহমেদ আটক রয়েছেন। তাদেরকে ২৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্র, গ্রেফতার ৭০ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্র, গ্রেফতার ৭০ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ইসলামী সমমনা ১২ দলের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর মসজিদের উত্তর গেট থেকে ইসলামী ও সমমনা ১২ দলের কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে মসজিদের পূর্বগেট থেকেও একইভাবে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে পল্টন মোড়, দৈনিকবাংলা মোড় ও বিজয়নগরসহ আশপাশের এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

পুলিশ অর্ধশতাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল ছোঁড়ে। মসজিদের ভেতরেও টিয়ারশেলের গ্যাস ছড়িয়ে পড়ায় মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করেন।

পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন বার্তা২৪ ডটনেটকে বলেন, “এখনো আটককৃতদের নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বায়তুল মোকাররমের সামনে থেকে আনুমানিক ৭০-৮০ জন আটক করা হয়েছে।”

বেলা তিনটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। রাস্তায় জলকামানসহ বিভিন্ন গাড়িতে টহল দিচ্ছে পুলিশ সদস্যরা।  

প্রধানমন্ত্রী সবদিকে এখন চোর দেখছেন: এমকে আনোয়ার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রধানমন্ত্রী সবদিকে এখন চোর দেখছেন: এমকে আনোয়ার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার  বলেন, ‘‘প্রধানমন্ত্রী এখন সবদিকে চোর দেখছেন। সে কারণেই তিনি দেশের সম্মানিক ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজকে সিধ কাটা চোরের সঙ্গে তুলনা করছেন।’’
 
তিনি বলেন,  ‘‘ প্রধানমন্ত্রী এটাই যে বলবেন তা খুবই  স্বাভাবিক।  কারণ তিনি যে দিকে তাকান সেদিকেই তার নিজের ছবি দেখতে পান।’’
 
শুক্রবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ সকল জাতীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এ ছাত্র সমাবেশের আয়োজন করে।
 
এমকে আনোয়ার বলেন, ‘‘বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য রামুতে নীরিহ বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা করেছে সরকার।  আর সে কারণেই এ ঘটনায় তারা বিচার বিভাগীয় তদন্ত করতে চাচ্ছে না ।’’
 
 
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘‘বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আপনারা এ ঘটনায় দোষীদের শাস্তি না দিলে আগামীতে জনগণের সরকার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীসহ যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার করা হবে।’’
 
তিনি অভিযোগ করেন সরকার দলীয় বিচারপতি রায়ের মাধ্যমে খালেদা জিয়াসহ বিরোধী দলের নেতাকর্মীদের শাস্তি দেয়ার ষড়যন্ত্র করছে । কিন্তু দেশের জনগন জের তালা ভেঙ্গে বিএনপি নেতাদের বের করে আনবে।’’
 
তিনি আরো বলেন, ‘‘প্রধানমন্ত্রীর ১৫টি দুর্নীতির মামলাসহ সরকারি দলের নেতাকর্মীদের সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করে এবং হত্যা, খুন ও চুরি-ডাকাতির প্রায়ে এক লাখ আসামিকে মুক্তি দেয়া হয়েছে। অথচ খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে  অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে সরকার।’’
 
ক্ষমতায় আসতে পারবে না জেনে সরকার শেয়ার বাজার, হলমার্ক, ডেসটিনিসহ সব প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা লন্ডন, নিউইর্য়ক ও কানাডায় পাচার করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘‘ জনগণ পাচার করা সকল টাকা সরকারকে ফিরিয়ে আনতে বাধ্য করবে।’’
 
সরকার ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া এমপি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার ও উত্তরের সভাপতি আবুল মনসুর খান দীপক।
 
সমাবেশ পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড উপকূল, ২৩ জনের মৃত্যু :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড উপকূল, ২৩ জনের মৃত্যু :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
উপকূলীয় তিন জেলায় বৃহস্পতিবার এক আকস্মিক ঝড়ে ২৩ জন ব্যক্তি নিহত হয়েছেন।

উপকূলীয় ভোলা, নোয়াখালী ও চট্টগ্রামের জেলা কর্তৃপক্ষ বলছে, যদিও সেখানে আগে থেকেই তিন নম্বর সতর্কবার্তা ছিল, কিন্তু একটি ঝড় আসতে যাচ্ছে এরকম কোনো তথ্য তাদের কাছে ছিল না।

কর্তৃপক্ষ বলছে, তিনটি জেলায় ঝড়ে ২০ হাজারের মতো বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।এখনো নিখোঁজ রয়েছেন অনেক জেলে।

নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা ফিরোজ উদ্দিন জানান, রাত দুটা থেকে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। এর কিছু পর থেকে ঝড়টি এসে আঘাত করতে শুরু করে।

আক্রান্ত তিনটি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে নোয়াখালী জেলা।

কর্তৃপক্ষ বলছে, আগাম তথ্য না থাকার কারণে সেখানকার বাসিন্দাদের সতর্ক করার কোনো সুযোগই তারা পাননি।

নোয়াখালীর জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঝড়ে তার জেলাতেই ১৬জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনো অনেক জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, “এরকম একটি শক্তিশালী ঝড় সেখানে আঘাত করতে যাচ্ছে, তাদের এর ওপর কোনো সতর্কবার্তা কোনো দফতর বা সংস্থার পক্ষ থেকেই জানানো হয়নি।”

আবহাওয়া অধিদফতর বলছে, সাগরে একটি লঘুচাপ মঙ্গলবার থেকেই তারা পর্যবেক্ষণ করে আসছিলেন। কিন্তু এটি বুধবার রাতে নিম্নচাপে পরিণত হয়। তাদের দাবি, এই সতর্কবার্তাও তারা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, “বর্ষাকাল শেষ হওয়ার সময়ে এরকম ঝড়ের সৃষ্টি হয়ে থাকে।”

সাগরে একটি লঘুচাপ সনাক্ত করে মঙ্গলবার থেকেই তারা কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছিলেন।

এই ঝড়টিই উপকূলের কাছাকাছি এসে নিম্নচাপে পরিণত হয়েছে। সূত্র: বিবিসি

রামুর ঘটনায় সত্য ধামাচাপা দিতে পারে সরকার: মকসুদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনায় সত্য ধামাচাপা দিতে পারে সরকার: মকসুদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘‘সরকার সত্যকে ভয় পায়। রামুর ঘটনায় সত্যকে ধামাচাপা দেয়া হতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারকেই আমাদের এই আশঙ্কা ভুল প্রমাণ করতে হবে। অতীতের সরকারগুলোও সত্যকে ভয় পেয়েছে। তাই এই ঘটনা বর্তমান সরকারের জন্য চরম পরীক্ষা।’’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রামু, উখিয়া এবং পটিয়ার ঘটনায় নাগরিক প্রতিনিধি দলের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সৈয়দ মকসুদ বলেন, ‘‘সরকার রামুর ঘটনাকে ধামচাপা অথবা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করলে আমরা কিন্তু বসে থাকব না। সংখ্যালঘুরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তাদের ১০-১২ জনের পেছনে আমরা ১০-১২ কোটি মানুষ আছি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে দ্বিতীয়বারও দেশের ভাবমূর্তি নষ্ট হবে।’’

গত ২৯-৩১ সেপ্টেম্বর রামু, উখিয়া এবং পটিয়ায় বৌদ্ধবিহার, হিন্দু মন্দির ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলা হয়। ঘটনা সরজমিনে দেখতে গত ৬ ও ৭ অক্টোবর সেখানে ১৫ সদস্যের নাগরিক প্রতিনিধি দল যায়। সফর শেষে তাদের বক্তব্য আনুষ্ঠানিকভাবে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘‘রামু, উখিয়া এবং পটিয়ায় বৌদ্ধবিহার, হিন্দু মন্দির ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসতবাড়িতে যে হামলা চালানো হয়েছে তা ছিল পরিকল্পিত। এই সহিংসতার জন্য দায়ী উগ্র মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি। তারা সুকৌশলে ধমার্ন্ধতাকে উস্কে দিয়েছে আর জামায়াত, রোহিঙ্গা, বিএনপি ও আওয়ামী লীগের ধর্মান্ধ জনতা এই কাজ করেছে।’’

হামলার ঘটনায় সরকার ও প্রশাসনের সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, এই হামলা আতর্কিত ছিল না। ট্রাক ভর্তি দুর্বৃত্তরা এসে আগে থেকেই এর পরিকল্পনা করেছিল। তারা মটিং মিছিল ও মাইকিং করে সেখানে লোক জমায়েত করেছিল। কিন্তু তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসন ছিল নিরব। এখন আবার রাজনৈতিক পাল্টাপাল্টি দোষারোপের ফলে আসল ঘটনাকে ধামাচাপা দেয়া হচ্ছে।’’

এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে সরকাররে প্রতি দাবি জানায় নাগরিক কমিটি ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি তারিক আলী, ঢাকা বিশ্ববিদ্যনালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৈস, আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহমেদ, প্রকৌশলী সরদার আমিন ও আদিবাসি অধিকার আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট নীলুফার বানু ।

Friday, October 12, 2012

আমেরিকা থেকে দেশে অনলাইনে টাকা পাঠানোর পদ্দতি চালু :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

আমেরিকা থেকে দেশে অনলাইনে টাকা পাঠানোর পদ্দতি চালু :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 বাংলাদেশীদের জন্য উত্তর আমেরিকা থেকে দেশে অনলাইনে অর্থ পাঠানোর নতুন গেটওয়ে চালু করলো কানাডাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাসাডা টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির নতুন সেবা সিম্প্লিসেন্ডবিডি এর মাধ্যমে ‘সহজতম’ উপায়ে যুক্তরাষ্ট্র বা কানাডায় ঘরে বসেই বাংলাদেশে অর্থ পাঠানো যাবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরায় বিদেশ থেকে টাকা পাঠানোর এই অনলাইন গেটওয়েটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। অনুষ্ঠানে ক্যাসাডা’র ব্যবস্থাপনা পরিচালক রেজা আরফিন, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মেহবুব হুসাইন, ক্যাসাডা’র চেয়ারম্যান ইন্তেজার আহমেদ ও নির্বাহী চেয়ারম্যান নাদিমুর রহমান উপস্থিত ছিলেন।  

নতুন এ সেবা সম্পর্কে ক্যাসাডা’র নির্বাহী চেয়ারম্যান নাদিমুর রহমান, ‘প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর যে পন্থাগুলো রয়েছে, তার বেশিরভাগই সময়সাপেক্ষ। আর দ্রুততার সঙ্গে অর্থ পাঠানোর যে প্রচলিত পথগুলো রয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়, এমনকি কাজের ব্যস্ততার মাঝে সময় করে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকাও অনেকের জন্য একটি বড় সমস্যা। এর বিপরীতে ক্যাসাডা টেকনোলজিস প্রবর্তিত ই ওয়ালেটের মাধ্যমে অনলাইনে মাউসের কয়েকটি ক্লিকে দেশে অর্থ পাঠানো যাবে। তবে এজন্য থাকতে হবে পেইজার অ্যাকাউন্ট। পেইজার ই-ওয়ালেট থেকে সহজেই টাকা ট্রান্সফার করা যাবে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে।

ব্যাংক এশিয়ার মাধ্যমে দেশের যে কোনো ব্যাংকের শাখায় এই অর্থ পাঠানো যাবে বলে জানিয়েছেন নাদিমুর।

জানা গেছে, দেশে ৫০০ ডলার পর্যন্ত টাকা পাঠাবার জন্য একজন গ্রাহককে চার্জ দিতে হবে ৫ ডলার, আর ৫০০ ডলারের ওপরে গেলে চার্জ দিতে হবে ১০ ডলার।

এক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের স্থানান্তর চার্জ মূল টাকা স্থানান্তরের সমপর্যায়ে বৃদ্ধি পায় জানিয়ে ক্যাসাডা টেকনলজি’র হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ফারিয়া শারমিন নিজাম বলেন, “এর ফলে এই সেবার রেমিটেন্স স্থানান্তরে হ্রাসকৃত ফি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

 সিমপ্লিসেন্ডবিডি.কম এর সেবা গ্রহন করতে প্রথমে পেইজা.কম এ ফ্রি অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে হবে বলে জানান ফারিয়া।

তিনি বলেন, “পেইজা অ্যাকাউন্ট হোল্ডাররা এরপর তাদের পেইজা ই-ওয়ালেটে অর্থ সংযোগ করতে পারবেন। এরপর সিমপ্লিসেন্ডবিডি.কম ওয়েবসাইটের মাধ্যমে তিনটি সহজ ধাপে টাকা পাঠানো সম্ভব হবে গ্রহনকারীর ব্যাংক অ্যাকাউন্টে। সিমপ্লিসেন্ডবিডি এর সেবার মাধ্যমে গ্রাহকেরা নিজেদের বাসা থেকে খুবই সহজে বাংলাদেশে টাকা পাঠানোর সুবিধা উপভোগ করতে পারবেন।

এই সেবা প্রদানের মধ্যে যা আয় হবে তার একটি উল্লখযোগ্য অংশ স্থানীয় দু:স্থদের সেবায় ব্যয় করা হবে।

জানাগেছে, কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ মেনে দেশের বাইরেও অর্থ পাঠানো যাবে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ক্যাসাডা টেকনোলজি অ্যালার্ট পে প্রচলনের মাধ্যমে দেশের প্রথম অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছিলো। এই প্রথম আইটি রেমিটেন্স প্ল্যাটফর্ম প্রচলন করা হয়েছিলো যার মাধ্যমে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক আয় সরাসরি তাদের বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে গ্রহন করতে সক্ষম হয় ৭ হাজারেরও অধিক স্থান থেকে। বিশ্বের ১৯৭টি দেশে ২১ টি ভিন্ন মুদ্রা ব্যবস্থায় সেবা প্রদান করছে পেইজা। বিশ্বেজুড়ে ৯ মিলিয়নেরও অধিক পেইজা সদস্য রয়েছে।

দাদুর জন্মদিনেই জনসমক্ষে এলেন আরাধ্যা :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

দাদুর জন্মদিনেই জনসমক্ষে এলেন আরাধ্যা :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 নাতনির জন্মের পর এটাই তার প্রথম জন্মদিন। আরাধ্যার জন্মের পর থেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার থেকে আড়াল করে রাখলেও তাকে ছাড়া কি আর জন্মদিন কাটানো যায়! আরাধ্যার কাছেই বা জনসমক্ষে আসার এর থেকে ভাল মঞ্চ আর কীই বা হতে পারতো। আর তাই দাদুর জন্মদিনের মঞ্চকেই আরাধ্যা বেছে নিলেন তার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্সের জন্য।

ক্রিম রঙের ফ্রিল দেয়া ফ্রক, ক্রিম রঙের জুতো। পুরো পরিবারের সঙ্গে মঞ্চে উঠে কেক কাটলেন বচ্চন পরিবারের লিটল প্রিন্সেস। এক লহমায় সত্তর বছরের বার্থডে বয়-এর থেকে লাইমলাইট ছিনিয়ে নিলেন একরত্তি মেয়েটি! ভারতের এক নম্বর ফিল্মি ফ্যামিলির ১১ মাসের নান্হি পরীকে দেখতে পার্টিতে উপস্থিত ৮০০ জনের কৌতূহলি দৃষ্টি থেমে গেল এক জায়গাতেই।

এই না হলে বচ্চন পরিবারের উত্তরসূরী! জন্মের আগে থেকেই যে সেলিব্রিটি তিনি। সূত্র: জিনিউজ।

বুঢঢা হোগা তেরা বাপ! :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

বুঢঢা হোগা তেরা বাপ! :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 সকাল থেকেই ছিল গোটা বলিউড জুড়ে সাজ সাজ রব। দীলিপ কুমার, যশ চোপড়া, রজনিকান্ত, শাহরুখ খান থেকে হাই প্রোফাইল রাজনীতিবিদ প্রফুল প্যাটেল। সকলেরই গন্তব্য গোরেগাঁওয়ের ফিল্ম সিটির রিলায়েন্স মিডিয়া ওয়ার্ক। বুধবার রাতে সেখানে ৮০০ লোকের পাত পড়ল। সারা সন্ধে লাল কার্পেট বিছিয়ে যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে, তিনি এলেন, দেখলেন, জয় করলেন। সঙ্গে স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক, কন্যা শ্বেতা, পুত্রবধূ ঐশ্বর্য। কালো ভেলভেটের পোশাকে দীর্ঘাঙ্গী মানুষটির হাজারো অর্কেস্ট্রার সুরে লাল কার্পেটে হাঁটা পথ মনে করিয়ে দিল ৪ দশক ধরে তার অবিরাম পথচলাকে। আজ ৭০ পূর্ণ করলেন তিনি। বলিউডে ৪ দশকের `সরকার রাজ` এখনও অব্যাহত। পৃথিবীর সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রির শাহেনশাহ্র আসনটিতে তার একচ্ছত্র আধিপত্য। হেমা মালিনী, সায়রা বানু, ওয়াহিদা রহমান, বিনোদ খন্না, প্রেম চোপ়ডা, কাদের খান, প্রাণ, জিনত আমন, জিতেন্দ্র, আশা পারেখ....এঁরা কেউ কেউ বিগ বির থেকেও বয়সে প্রবীণ। কেউবা তার স্নেহধন্য। কেউ বা প্রতিদ্বন্দ্বী। কিন্তু ১০ অক্টোবরের রাতে বলিউডের `অল দ্য ওয়ে লেড টু ফিল্ম সিটি`। শ্রদ্ধা, ভালোবাসা ছাড়া বোধহয় এটা সম্ভব নয়। এই বিশেষ দিনটিতেও অক্ষুণ্ণ থাকল `দিওয়ার`-এর অমর জুটি। অসুস্থ শরীর নিয়েও হুইল চেয়ারে অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এলেন শশী কপুর। শুধু অমিতাভের সমসাময়িকরাই নন। দীপিকা পাডুকোন, পরিনীতি চোপড়া, অনুরাগ কাশ্যপ, কল্কি, সোনাক্ষি সিনহা, বিদ্যা বালন, জন এব্রাহাম, আরশাদ ওয়ার্সি, টাবু, সপরিবার মাধুরী দীক্ষিত, মহিমা চৌধুরী, আব্বাস মস্তান, সুধীর মিশ্র, অনিল কপুর, সুভাষ ঘাই, অলকা যাজ্ঞিক, বোমন ইরানি, আর মাধবন, অমিশা পটেল, অজয় দেবগন, অনিল কপুর, কাজল, শ্রীদেবী, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, দিব্যা দত্ত, আশুতোষ গোয়ারেকর, জুহি চাওলা, প্রীতি জিন্টা, বিপুল শাহ, রানা ডগ্গুবাতি, ঊর্মিলা মাতন্ডকর, দক্ষিণের আইকনিক স্টার চিরঞ্জীবি, নাগঅর্জুন, রাম চরণ তেজা, শিব সেনার উদ্বভ ঠাকরে, সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব...বিগ বিকে অভিনন্দন জানাতে আসেন। সকলের উদ্দেশে বিগ বি-র বিনীত কৃতজ্ঞতা, থ্যাঙ্কস ফর কামিং` যেন আবারও বুঝিয়ে দিল তিনিই সেরা। আর তার জন্মদিনে গোটা বলিউড, দক্ষিণ, রাজনীতি মহল এক ছাদের তলায় এসে যেন অস্ফুটে বলে গেল "বুঢঢা হোগা তেরা বাপ।” শুভেচ্ছা রইল আমাদের তরফেও। আপনার দীর্ঘায়ু কামনা করি। সূত্র: জি নিউজ।

দুই বছরে ঢাকায় ৭টি বেসরকারি মেডিকেল কলেজ, তদন্তের নির্দেশ :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

দুই বছরে ঢাকায় ৭টি বেসরকারি মেডিকেল কলেজ, তদন্তের নির্দেশ :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
বর্তমান সরকারের দুই বছরে ঢাকা শহরে সাতটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয়ার যৌক্তিকতা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

একই সাথে বেসরকারিভাবে স্থাপিত এসব হাসপাতালের জায়গা ও রোগীদের সেবা প্রদানের সুযোগ-সুবিধা বিষয়ে আগামী বৈঠকে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তবে এসব মেডিকেল কলেজের অনুমোদন ২০০৯ সাল থেকে ২০১১ পর্যন্ত দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, আলহাজ্ব অধ্যাপক ডাঃ এম. এ. মান্নান, নাজমুল হাসান, মোঃ মুরাদ হাসানও জেড.আই.এম. মোসত্মফা আলী। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহম্মদ হুমায়ুন কবিরসহ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

 সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বর্তমান সরকারের আমলে কতগুলো নতুন বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ফার্মাসিটিক্যাল কোম্পানি অনুমোদন দেয়া হয়েছে তার তালিকা উপস্থাপন ও আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য নাজমুল হাসানকে আহবায়ক করে গঠিত ৩নং সাব-কমিটির সুপারিশকৃত ৬২টি ফার্মাসিটিক্যাল কোম্পানি বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং হালনাগাদ অবস্থা সম্পর্কে আলোচনা হয়। ফার্মাসিটিক্যাল কোম্পানি বাতিল সম্পর্কে সংসদীয় সাব-কমিটির সুপারিশ যথাযথ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সাব-কমিটি’র সুপারিশ উপেক্ষা করে যে কয়েকটি ফার্মাসিটিক্যাল কোম্পানিকে সুযোগ দেয়ার অভিযোগ রয়েছে সেগুলোকে কিসের ভিত্তিতে সুযোগ দেয়া হলো তা উল্লেখপূর্বক আগামী বৈঠকে কমিটিতে প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে ইডিসিএল (Essential Drugs Company Ltd.) এর বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের অভিযোগের প্রেক্ষিতে জনবল নিয়োগ, ঔষধ তৈরীর কাচাঁমাল ও আনুষঙ্গিক ক্রয় প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রণালয় কর্তৃক তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা হয়।

হরমোন থেরাপিতে নারীদের হৃদরোগের শঙ্কা কমে :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

হরমোন থেরাপিতে নারীদের হৃদরোগের শঙ্কা কমে :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 একটা বয়সের পর নারীদের হরমোনসংক্রান্ত জটিলতা দেখা দেয়। এ সময় শরীর বিশেষ কিছু হরমোন তৈরি বন্ধ করে দেয়। এর ফলে ঋতুস্রাব বন্ধ হওয়াসহ বিভিন্ন সমস্যা সমস্যা দেখা দেয়।  এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য অনেকেই 'হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি' বা এইচআরটি নামের চিকিৎসা নিয়ে থাকেন। এর মাধ্যমে শরীরের হরমোনের জোগান দেয়া হয়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এই এইচআরটি নারীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার শঙ্কা কমায়।

তবে হৃদযন্ত্রের ওপর এইআরটির সুফল জানার পরও দীর্ঘ মেয়াদে এ ধরনের চিকিৎসার অনুমতি দেন না বিশেষজ্ঞরা। তারা মনে করেন, দীর্ঘদিন এইচআরটি চালানো ঠিক হবে না।
এইচআরটি নিয়ে একটি নতুন গবেষণা চালানো হয় ১,০০০ নারীর ওপর। এর মধ্যে অর্ধেকই এইচআরটি গ্রহণ করেছেন। ১০ বছর ধরে চালানো এ গবেষণার ফলাফলে দেখা গেছে, যারা এইচআরটি গ্রহণ করেছেন তাদের ক্যান্সার, ডিপ ভেইন থ্রম্বোসিস বা শিরায় রক্ত জমাটবাঁধা এবং স্ট্রোকের মতো ঘটনা বাড়েনি। বরং তাদের মৃত্যুহার ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা কমেছে।

এইচআরটি নিয়ে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা-প্রবন্ধে আরো বলা হয়েছে, এ চিকিৎসা গ্রহণের সঙ্গে ক্যান্সার বা স্ট্রোক হওয়ার কোনো সম্পর্ক নেই। তবে আগের বেশ কিছু গবেষণায় এইচআরটির সঙ্গে এসব রোগের সম্পর্কের কথা বলা হয়েছিল। সূত্র: ওয়েবসাইট।

শিগগির চালু হচ্ছে চট্টগ্রাম-সিঙ্গাপুর ফ্লাইট :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

শিগগির চালু হচ্ছে চট্টগ্রাম-সিঙ্গাপুর ফ্লাইট :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সিঙ্গাপুরের ভিসা প্রসেসিংসহ শিগগিরই চট্টগ্রাম-সিঙ্গাপুর সরাসরি ফ্লাইট চালু করবে সিঙ্গাপুরভিত্তিক এয়ার লাইন্স কোম্পানি টাইগার এয়ারওয়েজ।

প্রাথমিকভাবে সপ্তাহে ২/৩টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ অপারেশন শুরু করা হবে এবং আগামী  ডিসেম্বর  নাগাদ চট্টগ্রাম-ঢাকা অভ্যন্তরীণ ফ্লাইটও পরিচালনা করবে এই এয়ারওয়েজ।

বৃহস্পতিবার চিটাগাং চেম্বার পরিচালকদের সাথে সাক্ষাতকালে কোম্পানির সিনিয়র নেটওয়ার্কিং এনালিস্ট শেরন কোয়েক এ তথ্য জানান।

এ সময় চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ হাবিবুল হক ও মোরশেদ আরিফ চৌধুরী, এয়ার লাইন্সের কর্মকর্তা জয়নুল আবেদীন জয় ও আব্দুল খালেদ শাহেদ উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হলে মালয়েশিয়া ও ব্যাংককসহ সিঙ্গাপুর যাতায়াতকারীদের সময় ও আর্থিক সাশ্রয় হবে বলে জানান।

টাইগার এয়ারওয়েজের শেরন কোয়েক বলেন, সিঙ্গাপুরের সাথে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে ভিসা প্রসেসিংসহ বাজেট ফ্লাইট হওয়ায় তা যাত্রীদের জন্য সহজলভ্য হবে। তিনি সফলতার সাথে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে চিটাগাং চেম্বারের মাধ্যমে ব্যবসায়ী সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম-সিঙ্গাপুর ফ্লাইট ভাড়া যৌক্তিক হারে নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

নাইকোর মামলায় মোশাররফের জামিন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

নাইকোর মামলায় মোশাররফের জামিন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
কানাডীয় কোম্পানি নাইকো রিসোসের্র কাছ থেকে ঘুষ গ্রহণের মামলায় জামিন পেয়েছেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ. জহুরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক আগামি ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এ মামলায় মোশাররফ হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিনের ওই মেয়াদ শেষ হওয়ায় তিনি বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন।

গত ২ ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক এসএম সাহিদুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

এজহারে বলা হয়, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন নাইকো রিসোর্সকে ফেনী গ্যাস ক্ষেত্রের উত্তোলিত গ্যাস অধিক মূল্যে ক্রয় চুক্তি করে দেওয়ার জন্য ৯৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি নেন।

এছাড়া ওই গাড়ির রেজিস্ট্রেশন বাবদ ২৩ হাজার ৮৩৫ টাকা এবং কানাডা ও আমেরিকা ভ্রমণের জন্য ৫ হাজার কানাডিয়ান ডলার ঘুষ নেন।

চলতি বছরের ২ আগস্ট মামলাটিতে দুদক চার্জশিট দাখিল করে। এ মামলায় এ কে এম মোশাররফ হোসেন এবং নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের তৎকালীন প্রেসিডেন্ট কাশেম শরীফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

বিচারককে প্রত্যাহারের দাবি আইনজীবীদের :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বিচারককে প্রত্যাহারের দাবি আইনজীবীদের :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ঢাকা বারের সাবেক একজন সভাপতিকে পুলিশ ডেকে হ্যান্ডকাপ পরানোর হুমকি দেয়ার ঘটনায়  বিচারক আরিফুর রহমানকে আদালত থেকে প্রত্যাহার করার দাবি     জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতির  নেতারা।

যতদিন ওই বিচারককে প্রত্যাহার করা না হচ্ছে, ততদিন তার আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ বর্জন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে ঢাকা আইনজীবী সমিতির নেতাদের কাছে ওই বিচারককে ক্ষমা চাইতে হবে।

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির সভাপতির পক্ষে দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর‌্যন্ত বৈঠক শেষে বারের নেতারা এ সিদ্ধান্ত নেন। পরে এক  সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

এ ব্যাপারে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন বার্তা২৪ ডটনেটকে জানান, গত ২০ বছরে ঢাকার কোনো বিচারকের আদালত বর্জনের উদাহরণ নেই। এ ব্যাপারে আগামী রোববার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক আহবান করা হয়েছে। সোমবার ঢাকা বারের আইনজীবীদের সঙ্গে সাধারণ সভা করারও সিদ্ধান্ত হয়েছে।

বারের বৈঠক শুরু হয় বিকেল ৩টায়। তা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবীর  সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন, বারের সাবেক সভাপতি সরদার মোহাম্মদ সুরুজ্জামান, আবু সাঈদ সাগর, এ এফ এম আব্দুল ওয়াদুদ, শেখ হেমায়েত হোসেন, সানাউল্লাহ মিঞা প্রমুখ।

বারের সাবেক সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ হীরু জানান, বিচারক আরিফুর রহমান সাগর যে ব্যবহার করেছেন তা অকল্পনীয়। তাকে অবশ্যই ঢাকা কোর্ট থেকে প্রত্যাহার করতে হবে।

বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরিফুর এ ঘটনা লিখিত আকারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জানিয়েছেন। ওই আবেদনের বলা হয়েছে , এ ঘটনা তিনি আইন মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। বারের সাবেক সভাপতির সঙ্গে বিরোধের জের ধরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরিফুর রহমানকে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এজলাস থেকে তাকে নামিয়ে দেন ঢাকা বারের আইনজীবীরা।

ঢাকা বারের শতাধিক আইনজীবী বিচারক আরিফুর রহমানকে গত বুধবার এজলাস থেকে নেমে যেতে বাধ্য করান। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এজলাসে ছিলেন বিচারক আরিফুর রহমান। ওই সময় তার এজলাসে আসেন ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাঈদ সাগর। এ সময় একটি মামলায় সাক্ষ্য নিচ্ছিলেন বিচারক। এসময় আইনজীবী সাগর তার একটি মামলার শুনানি গ্রহণ করার জন্য বিচারকের কাছে আবেদন জানান। বিচারক তাকে “পরে আসেন” বললে ওই আইনজীবী বিচারকের উদ্দেশ্যে বলেন, পরে আসেন। মানে কী? এ সময় বিচারক তাকে ‘পাগল’ বলে আখ্যায়িত করেন।

পরে ওই আইনজীবী ও বিচারকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এমনকি ওই বিচারক খাস কামরায় ডেকে নিয়ে সাংবাদিকদের বলেন, “ওই আইনজীবীকে গ্রেফতার করা আমার উচিৎ ছিল। কেননা তিনি আদালতের পরিবেশ নষ্ট করেছেন। আমি ভুল করেছি তাকে গ্রেফতার না করে।”

ওই দিনের ঘটনায় আইনজীবী মুনজুর আলম বলেন, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বারের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শতাধিক আইনজীবী ওই বিচারকের এজলাসে আসেন। পরে তারা বিচারকের কাছে কৈফিয়ত চান, কেন একজন সিনিয়র আইনজীবীকে বের হয়ে যেতে বলেছেন? এ সময় বিচারক ও আইনজীবীদের মধ্যে তুমুল হট্রগোল দেখা দেয়। একপর্যায়ে আইনজীবীরা ওই বিচারককে বলেন, আপনি আর বিচারিক কাজ করতে পারবেন না।

বিচারক এজলাস থেকে নেমে নিজের খাস কামরায় চলে যান। পরে বিচারক আরিফুর রহমান নিজের খাস কামরায় আলাপকালে এ প্রতিবেদককে বলেন, “ওই আইনজীবী (সাগর) বিচারিক কাজে বাধা দিয়ে আদালতের পরিবেশ নষ্ট করেছেন। অন্যায়ভাবে আমাকে গালিগালাজ করেছেন।”

তিনি বলেন, “আমি কাউকে পরোয়া করি না। আমি শতভাগ সততার সঙ্গে কাজ করি। আমার সঙ্গে কারো সম্পর্ক ভাল নয়- কারণ আমি সৎ। কারো কাছে মাথা নত করে বিচারকাজ চালাবো না।”

এ দিকে আইনজীবী আবু সাঈদ সাগর এ প্রতিবেদককে ওই ঘটনা প্রসঙ্গে বলেন, আমি তার আদালতে একটি মামলার শুনানি করতে গিয়েছিলাম। অহেতুক আমাকে তিনি ‘এজলাস’ থেকে বের হয়ে যেতে বলেছিলেন। একজন জেলা জজ হয়ে তিনি এ রকম আচরণ করতে পারেন না বলে মন্তব্য করেন সাগর।

তিনি বলেন, “একজন জেলা জজ হয়ে কেন তিনি হাতা গুটিয়ে, ব্যান্ড না পরে বিচারকাজ পরিচালনা করেন? আমাকে ‘পাগল’ বলে আখ্যায়িত করে গালিগালাজ করেছিলেন। তিনি সময়মতো এজলাসে আসেন না। এমনকি ‘গাউন’, টাই এবং জামার হাতা গুটিয়ে এজলাসে বসে বিচারকাজ চালাচ্ছিলেন।

আইনজীবী আবু সাঈদ সাগর ঢাকা বারের সাবেক সভাপতি ছিলেন। তিনি বার কাউন্সিলের সাবেক সদস্য।

বুদ্ধিজীবী হত্যার তদন্ত প্রতিবেদন পেশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বুদ্ধিজীবী হত্যার তদন্ত প্রতিবেদন পেশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 ১৯৭১ সালে বাংলাদেশে র স্বাধীনতার যুদ্ধের শেষ দিনগুলিতে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কাছে জমা দেয়া হয়েছে।

এতে তৎকালীন আধাসামরিক বাহিনী আলবদরের দু’নেতা চৌধুরী মুইন উদ্দিন এবং আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে অপহরণ ও খুনের ১৮টি স্বতন্ত্র অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত দু’জন ১৯৭১ সালে জামায়াতে ইসলামী তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন।

মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার কর্মকর্তারা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এএকএম সাইফুল ইসলাম এবং নূরজাহান বেগম মুক্তার কাছে এই প্রতিবেদন জমা দেন।
তদন্ত কর্মকর্তারা জানান, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত চৌধুরী মুইন উদ্দিন বর্তমানে বৃটেনে এবং আশরাফুজ্জামান খান নিউ ইয়র্কে বসবাস করছেন। সূত্র: বিবিসি।

সুরঞ্জিতের মন্ত্রিত্ব চ্যালেঞ্জ করা রিট খারিজ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সুরঞ্জিতের মন্ত্রিত্ব চ্যালেঞ্জ করা রিট খারিজ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সুরঞ্জিত সেনগুপ্তকে ‘দপ্তরবিহীন মন্ত্রী’ রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন।

আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিক।

রিটে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে ওই পদে সুরঞ্জিত সেনগুপ্তের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বন্ধের জন্য আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়।

এই রিটে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়।

গত ৭ অক্টোবর এ আবেদনের বিষয়ে শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।

রিটের পক্ষে রিটকারী আইনজীবী নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা।  

২৭ সেপ্টেম্বর ড. তুহিন মালিক এ আবেদনটি ফাইল করেন। এরপর ৩০ সেপ্টেম্বর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ আবেদনটি শুনতে বিব্রতবোধ করেন। পরে আবেদনটি বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চে নেয়া হয়।

ডেসটিনির চেয়ারম্যান ও এমডি কারাগারে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ডেসটিনির চেয়ারম্যান ও এমডি কারাগারে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 মুদ্রা পাচারের দুই মামলায়  ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন ।

ডেসটিনির শীর্ষ ওই তিন কর্মকর্তা সকাল ১০টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সকাল সাড়ে ১০টা থেকে এগারটা ১৫ মিনিট পর্যন্ত ওই আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লা হীরু এবং এহসানুল হক সমাজী তাদের জামিন আবেদনে বলেন, “চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান ও ব্যবস্থাপনা পরিচালক সমাজের সম্মানিত ব্যবসায়ী।

ডেসটিনির মাল্টিপারপাস ও ট্রি প্লান্টেশন কোম্পানি কোনো প্রকারের সমবায় আইন লঙ্ঘন করেনি উল্লেখ করে তারা বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা আত্মসমর্পণ করেছেন, তাদের জামিন দেয়া হোক।

আইনজীবী সমাজী বলেন, “যদি আদালত তাদের জামিন নামঞ্জুর করেন তবে সবার কাছে প্রমাণিত হবে তারা দোষী। কিন্তু উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, সমস্ত সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে রায় হওয়ার আগে কাউকে দোষী বলা যাবে না।”

ডেসটিনির ব্যাংক হিসাব জব্দ থাকায় ৫৬ লাখ পরিবার না খেয়ে আছে উল্লেখ করে আইনজীবী হিরু বলেন, “ডেসটিনির কোনো গ্রাহক কী দুদককে বলেছে ‘তারা প্রতারিত হয়েছে? তবে কেন এবং কার ইশারায় লাখ লাখ লোককে না খেয়ে রাখা হচ্ছে’এমন প্রশ্ন তুলে হীরু বলেন, “অবশ্যই এর পেছনে কেউ একজন খেলছে। তারা কিসের স্বার্থ, কাদের স্বার্থে ডেসটিনিকে হয়রানি করছে?”

হীরুর বক্তব্যের জবাবে দুদকের প্রধান আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, “আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সরাসারি অভিযোগ করতে হয় না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমলযোগ্য অপরাধীদের বিচারের মুখোমুখি করা। ডেসটিনির হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সাড়ে ৩৩ হাজার কোটি টাকার মধ্যে ৫৩৩টি ব্যাংক একাউন্টে টাকা আছে মাত্র ১৩ কোটি।”

মামলার তদন্তের স্বার্থে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আহবান জানিয়ে কাজল বলেন, “অভিনব কায়দায় জনগণকে প্রতারিত করে ডেসিটনির এসব কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেম দেন আদালত।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ডেসটিনির বিরুদ্ধে মুদ্রা পাচারের দু’টি মামলায় জামিন বাতিলের আবেদন মঞ্জুর করে আদালত। যার ফলে ডেসটিনির ২২ কর্মকর্তার জামিন বাতিল হয়ে যায়। এরপর থেকে তারা পলাতক ছিলেন।

গত ৬ আগস্ট মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পন করে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ছয়জন জামিন নেন। ওই আদেশের বিরুদ্ধে গত ১৩ আগস্ট দুদকের পক্ষ থেকে ডেসটিনির শীর্ষ পাঁচ কর্মকর্তার জামিনের আদেশ পুনর্বিবেচনার জন্য (রিভিশন) ঢাকার বিশেষ জ্যেষ্ঠ জজ আদালতে আবেদন করা হয়।

১২ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জ্যেষ্ঠ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. আখতারুজ্জামান রিভিশন আবেদন গ্রহণ করে নিম্ন আদালতের আদেশ বাতিল করেন।

গত ১৩ আগস্ট আসামিপক্ষ ভারপ্রাপ্ত বিচারকের দেয়া আদেশের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের কাছে আদেশ পুনর্বিবেচনার আবেদন জানান। আদালত ওই আবেদন গ্রহণ করায় ভারপ্রাপ্ত বিচারকের আদেশ বাতিল হয়ে যায়। এরপর বিচারক শুনানির জন্য ২০ সেপ্টেম্বর ধার্য করেন। ওই দিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ স্থানান্তরের প্রমাণ পেয়ে দু’টি মামলা দায়ের করেন।

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দু’টি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পর্যটন মেলার প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূতের বিস্ময় :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট

পর্যটন মেলার প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূতের বিস্ময় :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট
 তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিনতে ওতমান বিস্ময় প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নরলিন বিনতে ওতমান বলেন, “পর্যটন মেলায় পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হবেন শুনে অবাক হয়েছি। পরে চিন্তা করে দেখেছি, বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নে ট্যুরিজম ভূমিকা রাখে। তাই হয়তো তাকে আমন্ত্রন জানানো হয়েছে।”

তিনি বলেন, “ট্যুরিজমের মধ্য দিয়ে দেশকে বিশ্বের কাছে মেলে ধরার সুযোগ হয়। বাংলাদেশের ট্যুরিজম ক্ষেত্র সম্ভাবনাময়। অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে এ শিল্পের বিকাশ দ্রুত ঘটবে। সরকার যদি সত্যিই এ শিল্পের বিকাশ চায়, তবে যথাযথ পরিকল্পনা করে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, “পর্যটন বিশ্বের একটি দ্রুত বিকাশমান শিল্প। বাংলাদেশ সরকার এ শিল্পের বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রেল, নৌ ও বিমানপথের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করা সম্ভব হলে বিদেশী পর্যটকরা এ দেশে আসতে আরো বেশি উৎসাহিত হবেন।”

তিনি বলেন, “এ শিল্পের বিকাশে তিনটি বিষয় ভুমিকা রাখে। সেগুলো হলো বিশ্ব অর্থনীতি, বিভিন্ন দেশের আন্তঃযোগাযোগ ও পরিবেশবান্ধবভাবে বিকশিত হবার সুযোগ সৃষ্টি। বাংলাদেশ এ তিনটি বিষয়কেই গুরুত্ব দিচ্ছে।”

সরকারের পাশাপাশি এ শিল্পের বিকাশে বেসরকারি উদ্যেক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরজম বোর্ডের প্রধান নির্বাহী আখতার উজ জামান খান কবির, টোয়াব সভাপতি হাসান মনসুর প্রমুখ।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ(টোয়াব) এ মেলার আয়োজন করেছে। মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, গ্রিস, শ্রীলংকা, ফিলিপাইনসহ আটটি দেশের ২০৯টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ৩০ টাকা।