Pages

Friday, October 19, 2012

বেতন ও উৎসব ভাতা নেই, ঈদ বঞ্চিত শিক্ষকরা

বেতন ও উৎসব ভাতা নেই, ঈদ বঞ্চিত শিক্ষকরা
চলতি মাসের বেতন ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা না পেয়ে ঈদ আনন্দ থেকে শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচী পালন কালে এ অভিযোগ করেন তিনি।

সেলিম ভূঁইয়া বলেন, ‘‘অক্টোবর মাসের বেতনের সরকারি অংশ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা না পেয়ে শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। এক শ্রেনীর ব্যবসায়ী ও সুবিধাভোগী রাজনীতিবিদ, মন্ত্রীরা দেশের সম্পদ লুট করছেন, অথচ বেসরকারি শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। সরকারের এদিকে কোন নজর নেই। তারা মুখে মুখে শিক্ষকদের সম্মানের কথা বলে অন্যদিকে শিক্ষকদের লাঠিপেটা করে।’’

সেলিম ভূঁইয়া বলেন, ‘‘সরকার ÿমতায় গিয়ে পৌনে ৪ বছরে শিক্ষকদের দেয়া ওয়াদা পূরণে বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিশ্চয়তা না থাকায় মেধাবীরা এই পেশায় আসতে চায় না।’’

তিনি বলেন, ‘‘গত ২৭ আগস্ট কিছু অশিক্ষক নেতার যোগসাজগে শিক্ষক স্বার্থবিরোধী প্রজ্ঞাপন জারি করেছেন। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল না হলে চাকুরী জাতীয়করণের এক দফা আন্দোলনে সরকারের ভাবমূর্তি শিক্ষক সমাজে ক্ষুন্ন হবে।’’

এসময় তিনি আগামী নভেম্বর মাসে কালোব্যাজ ধারণ করে জেএসসি ও বার্ষিক পরীক্ষা পরিচালনা এবং ১০ ডিসেম্বর শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচীতে যোগ দিতে সকল শিÿকদের প্রতি আহবান জানান তিনি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির মহাসচিব মো, জাকির হোসেন, কেন্দ্রীয় নেতা বাবু অজিত কুমার সরকার, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল প্রমুখ।

পদ্মা সেতু: বিশ্বব্যাংকের দ্বিতীয় দল আসছে নভেম্বরে

পদ্মা সেতু: বিশ্বব্যাংকের দ্বিতীয় দল আসছে নভেম্বরে
 পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দ্বিতীয় প্রতিনিধিদল আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ সাংবাদিকদের একথা জানান।

সম্প্রতি বিশ্বব্যাংক ও আইএমএফের সাধারণ সভায় যোগ দেন অর্থমন্ত্রী, ইআরডি সচিবসহ বাংলাদেশের একটি প্রতিনিধিদল। সভা শেষে গত মঙ্গলবার অর্থমন্ত্রী ও বুধাবর ইআরডি সচিব দেশে ফেরেন।

ইকবাল মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জাপানে বিশ্বব্যাংক ও আইএমএফের সাধারণ সভার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিদলটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) সঙ্গে বৈঠক করেছে। সেখানেও আমাদের দাবি ছিল, তদন্ত ও সেতু বাস্তবায়নের প্রক্রিয়া একসঙ্গে চলবে। তারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। তাদের সকলের সঙ্গে কথা বলে যা মনে হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই তারা (বিশ্বব্যাংকের দ্বিতীয় দল) ঢাকায় আসবে।

অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার অবৈধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট.

অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার অবৈধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট.
 সরকারি অনুমোদন নেই, এমন আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছে সরকার। এক সরকারি তথ্য বিবরণীতে বৃহস্পতিবার এ আহবান জানানো হয়।

তথ্য বিবরনীতে বলা হয়, উচ্চ আদালতের রায়ে অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাট অবৈধ ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত বছরের ৮ জুন অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার অবৈধ ঘোষণা করে রায় দেয়।

উচ্চ আদালতের এ নির্দেশনা অনুযায়ী প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে এ ধরণের অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন এবং মাটি ভরাট সংক্রান্ত প্রচার বা প্রচারণা না করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিছু বেসরকারি আবাসন কোম্পানি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তাদের বিভিন্ন আবাসন প্রকল্পের প্লট বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করছে। তারা তাদের এসব প্রকল্পের প্লট বিক্রিও করছে।

এ ধরণের বিজ্ঞাপন প্রচার এবং প্লট বিক্রির জন্য অবৈধভাবে মাটি ভরাট বন্ধে উচ্চ আদালতে একটি রিটের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম থাকছে না: সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম থাকছে না: সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবেনা। স্থানীয় সরকারের অধীনের নির্বাচনগুলোতে আমরা ইভিএম ব্যবহার করব। বর্তমান আইনে তাই উল্লেখ রয়েছে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে বিদ্যমান আইন পরিবর্তন করতে হবে। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার সময় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে একজন নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচনে আংশিক পরিমাণে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন। এর জন্য প্রয়োজনে নির্বাচনের ছয় মাস আগে আইন করবেন বলেও সেই কমিশনার জানান। সে কমিশনারের বক্তব্য সম্পর্কে সিইসি বলেন, ‘‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আমি বলিনি। আমাদের সিদ্ধান্ত হয়েছে সিটি করপোরেশন ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে ব্যবহারের বিষয়ে। ভবিষ্যতে আমরা উপজেলা পর্যায়েও এ প্রযুক্তি ব্যবহার করব।’’ সিইসি বলেন, ‘‘আসন সীমানা পুনর্নিধারণ সকলের বিষয়। এ বিষয়ে সংলাপে আমরা সব দলকে আমন্ত্রণ জানাবো। আমরা আশা করি সব দল এ সংলাপে যোগ দেবে। সংলাপে যোগ দিলে বিএনপিরই লাভ।’’ তিনি বলেন, ‘‘ঈদের আগেতো আর সময় নেই । ঈদের পরেই ইসি সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। আমরা সময় নিয়ে দলগুলো দাওয়াত দিতে চাই। কারণ বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্ব সহকারে তাদের কথাও শুনতে চাই।’’ তবে ঈদের পর কখন এ সংলাপ বসবে তিনি তার নির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন। দলগুলো সংলাপে অংশ নিয়ে কমিশনকে ভাল পরামর্শ দিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংলাপের মূল এজেন্ডা আসন সীমানা পুনর্নিধারণ হলেও কেউ চাইলে অন্য বিষয়েও মতামত দিতে পারবেন বলেও জানান রকিবউদ্দিন আহমদ। একই বিষয় নিয়ে ইতোমধ্যে ইসি সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ করেছেন। এ সংলাপ সম্পর্কে তিনি বলেন, ‘‘সংলাপে অংশ নেয়া কেউ যদি পরবর্তীতেও আমাদেরকে কোন বিষয়ে মতামত জানাতে চান, তিনি চিঠি দিয়ে বা এসে তার মতামত জানিয়ে দিতে পারবেন।’’ টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচন ও রংপুর সিটি করপোরেশনের নির্বাচন প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

Thursday, October 18, 2012

নারায়ণগঞ্জে ১৮ দল-পুলিশ সংর্ঘষ, আহত ৩০ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জে ১৮ দল-পুলিশ সংর্ঘষ, আহত ৩০ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার নারায়ণগঞ্জ নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির অফিসের সামনে সমাবেশ আহবান করে জেলা ১৮ দলীয় জোট।

কর্মসূচিতে অংশ নিতে বিকালে জেলা ছাত্রশিবিরের একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।

পুলিশ ও শিবিরের সংঘর্ষে ডিআইটি পুলিশ বক্স ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির প্রস্তাবিত সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসসহ পাঁচ নেতাকর্মী গ্রেফতার করেছে।

বিএনপির শহর শাখার সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, বিকেলে নগরের ডিআইটি এলাকায় ১৮ দলের সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।

পরে সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

ওই মুহূর্তে শিবির ও বিএনপির নেতাকর্মীরা শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত পুলিশ বক্স ভাঙচুর ও একটি গাড়ি ভাঙচুর করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, কোনো ধরনের বাধা বা উস্কানি ছাড়াই পুলিশকে লক্ষ্য করে শিবিরের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।  পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে করা হয়।

সংঘর্ষে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নজরুল, কনেস্টবল জাকির, খালেক, মেহেদী, রতনসহ সাত পুলিশ আহত হয়েছে।

উল্লেখ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে জেলা ১৮ দল।   

পরিবেশবান্ধব পর্যটনে ইকো গাইড :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

পরিবেশবান্ধব পর্যটনে ইকো গাইড :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 পরিবেশবান্ধব পর্যটনকে (ইকো ট্যুরিজম) উৎসাহিত করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউএসআইডির আইপ্যাক প্রকল্পের নৈসর্গ নেটওয়ার্ক নামের উপপ্রকল্প বাংলাদেশে কাজ করছে। এ প্রকল্পের অধীনে দেশের ১৯টি পর্যটন এলাকার স্থানীয় যুবকদের বিনামূল্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দিয়ে পর্যটন গাইড (ইকো গাইড) হিসেবে কাজের ক্ষেত্র তৈরি করে দেয়া হবে।
 
 
এ বিষয়ে নৈসর্গ নেটওয়ার্ক প্রকল্পের কমিউনিকেশন এসোসিয়েট শফিউল আদনান খান বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘তিনটি ধাপে যুবকদের প্রশিক্ষণ দেয়া হবে। এগুলো হলো: দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও পরিবেশ পরিচিতি। এতে যুবকেরা সরকারের পর্যটন এলাকাগুলোর গুরুত্ব সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারবেন। কীভাবে দেশী-বিদেশী পর্যটকরা সেসব এলাকায় গিয়ে  এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে ভ্রমণ ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন সে ব্যপারে গাইডরা পর্যটকদের নির্দেশনা দেবেন। পাশাপাশি পর্যটন গাইড হিসেবে কাজ করে আর্থিকভাবেও তারা স্বাবলম্বী হতে পারবেন। অনেকেই এখন এ পেশায় আসতে উৎসাহিত হচ্ছে। 
 
তিনি আরো বলেন, ‘‘পর্যটন অত্যন্ত সম্ভাবনাময় শিল্প। পরিবেশবান্ধব পর্যটন এখন সবার দাবি। বাংলাদেশে এ শিল্পকে পরিকল্পিতভাবে উৎসাহিত করা গেলে যেমন বাংলাদেশের সৌন্দর্য প্রশংসিত হবে, তেমনি বহু মানুষ একে ঘিরে কাজের সুযোগ পাবে।’’
 
শফিউল আদনান খান জানান, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, হবিগজ্ঞের বেমা কেলেংগা বন্য অভয়ারণ্য, সাতছড়ি জাতীয় উদ্যান, কক্সবাজারের টেকনাফ গেম রিজার্ভ ও চট্টগ্রামের চুনতি বন্য অভয়ারণ্যে এরই মধ্যে অত্যন্ত সাফল্যের সঙ্গে ইকো গাইডরা কাজ করছেন।

চট্টগ্রামে বিপুলসংখ্যক ভিওআইপি সরঞ্জাম উদ্ধার :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

চট্টগ্রামে বিপুলসংখ্যক ভিওআইপি সরঞ্জাম উদ্ধার :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 মন্ত্রীর জেহাদ ঘোষণার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অবৈধভাবে ভিওআইপি কাজে ব্যবহৃত কোটি টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
 
বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারি নজু মিয়ার হাট সংলগ্ন এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব-৭ এর একটি দল। তবে ঘটনা স্থল থেকে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার হননি। অবশ্য অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসা স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম-কে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর কমান্ডার নুরুজ্জামান।
 
এ সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির গণমাধ্যম শাখার সহকারী পরিচালক জাকির হোসেন খান বার্তা২৪ ডটনেটকে জানিয়েছেন, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ভিওআইপি কাজে ব্যবহৃত ৫টি চ্যানেল বক্স, ২টি কুইন্টাম, রাউটার, অ্যান্টিনা, ব্যাটারি, ইউপিএস, ৫০০ সিম কার্ড এবং একটি লার্জ স্কেল ভি-স্যাট উদ্ধার রয়েছে। এগুলোর মূল্য কোটি টাকার মতো হবে।
 
উদ্ধার করা সিমগুলো কোনো অপারেটরের সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন কোম্পানির সিম রয়েছে।
অপারেশন সম্পর্কে নরুজ্জামান বার্তা২৪ ডটনেটকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিটিআরসির স্থানীয় কর্মকর্তা কামরুল হাসান ভূঁইয়া-কে সাথে নিয়ে সকাল সাড়ে সাতটার দিকে আমরা অভিযান শুরু করি। এসময় সন্দেহের তালিকায় থাকা নজুমিয়ার হাটের একটি বাসায় গিয়ে সেখানে কাউকে না পেয়ে তালা ভেঙে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করি। এসময় একটি তার অনুসরণ করে পাশের টেক কম্পিউটার মার্কেটের ৫তলা ভবনের ছাদ থেকে লার্জ স্কেলের ভিস্যাট উদ্ধার করা হয়।

চিটাগং: বাঙালির স্বদেশভাবনার ছবি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

চিটাগং: বাঙালির স্বদেশভাবনার ছবি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

১৯৩০ সালের চট্টগ্রাম যুব বিদ্রোহ নিয়ে পরিচালক বেদব্রত পাইনের প্রথম ছবি ‘চিটাগং’৷ বাংলার সশস্ত্র আন্দোলনের এই সেলুলয়েড ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে চলচ্চিত্রমহলে৷
ড. বেদব্রত পাইন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির কৃতী ছাত্র৷ দীর্ঘ ১৫ বছর চাকরি করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সিনিয়র সায়েন্টিস্ট পদে৷ ৮৭টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি-উদ্ভাবনের কৃতিত্ব এবং পেটেন্ট রয়েছে তার দখলে৷ এমন বিদ্বান এবং কৃতী একজন মানুষ যখন সিনেমা বানাবেন বলে চাকরি ছেড়ে দেন, তখন তার কাছে বাড়তি প্রত্যাশা তো থাকবেই৷
কিন্তু হঠাৎ কেন চট্টগ্রাম যুব বিদ্রোহের কাহিনী? বেদব্রত জানালেন, দিল্লির এক ঐতিহাসিক বন্ধুর কাছে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম বলতে তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, প্রীতিলতা কে? তখনই তার প্রথম মনে হয়, বাঙালি বিপ্লবীদের কথা বলা দরকার৷
দিল্লির ইতিহাসবিদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে চিনতে না পারলেও চট্টগ্রামে গিয়ে প্রীতিলতা সম্পর্কে অনেক তথ্য, চট্টগ্রামের সশস্ত্র সংগ্রাম সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের বিবরণ পেয়ে যান বেদব্রত৷ এবং তার মনে হয়, শুধু ওই লড়াই নয়, মাস্টারদা সূর্যসেনের আদর্শ সম্পর্কেও পৃথিবীর জানা দরকার৷
২০০৮ সালে কলকাতার হাসপাতালে মৃত্যুশয্যায় শুয়ে বিপ্লবী সুবোধ রায় অনেক জরুরি খুঁটিনাটি জানিয়েছিলেন বেদব্রতকে, যা ইতিহাসেরও অজানা ছিল৷ সুবোধ ওরফে ঝুঙ্কু ছিলেন মাস্টারদার শিষ্য, চট্টগ্রামের ধলঘাট সংঘর্ষে মাস্টারদার কিশোর বাহিনীর অন্যতম সৈনিক৷ ‘চিটাগং' ছবিতে এই ঝুঙ্কুর চোখ দিয়েই সমস্ত ঘটনা বলেছেন বেদব্রত৷ সেটাও অত্যন্ত আবেগহীন, নাটকীয়তাবর্জিত ভঙ্গিতে৷
 
এ প্রসঙ্গে বেদব্রতর বক্তব্য, বাঙালিদের মধ্যে, আরও অনেকের মধ্যেই মেলোড্রামা খুব প্রিয়৷ কিন্তু হাউমাউ করে কাঁদলেও অনেক সময় দুঃখটা প্রকাশ করা যায় না৷ চিটাগং এমন একটা গল্প বলে, যেটা একটু শান্ত ভঙ্গিতে বলা উচিত ছিল বলে তার মনে হয়েছে, যাতে বক্তব্যটা মানুষের মনের ভেতর পর্যন্ত যায়৷
গোটা ছবিতেই মূল ইতিহাসের অনুসারী বেদব্রত, একটি ঘটনা বাদে৷ ইতিহাস বলে, সূর্যসেন গ্রেপ্তার হওয়ার পর প্রচণ্ড অত্যাচার করে তাকে মেরে ফেলেছিল ব্রিটিশ পুলিশ৷ তারপর তার মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়েছিল৷ কিন্তু চিটাগং ছবিতে সূর্যসেন নিজেই এগিয়ে যান ফাঁসির মঞ্চের দিকে৷
মাস্টারদা জানতেন যে ধরা পড়ার পর তার উপর পাশবিক অত্যাচার হবে৷ সেটাই হয়েছিল এবং তিনি মারা গিয়েছিলেন৷ কিন্তু সেই অত্যাচার এবং মৃত্যুবরণ নয়, বেদব্রত বড় করে দেখাতে চেয়েছেন মাস্টারদার আদর্শ এবং লড়াইকে৷ হারের নয়, জয়ের ছবি তুলে ধরতে চেয়েছেন তিনি৷
বেদব্রত পাইনের চিটাগং উসকে দিয়েছে বাঙালির স্বদেশভাবনাকে৷ মনে করিয়ে দিয়েছে, ভারতের স্বাধীনতার আন্দোলনে বাঙালির অবদানের কথা৷ সূত্র: ডয়েচে ভেলে

কারিনা এখন মিসেস খান :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

কারিনা এখন মিসেস খান :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

 বলিউডের অন্যতম ‘বিগ ফ্যাট’ বিয়ে তো বটেই!  ঐশ্বর্যা-অভিষেকের বিয়ের পর এত হইচই, এত জল্পনা আর কোনো বিয়ে নিয়ে হয়নি। সইফ দোজবর হয়েই অনেককে টেক্কা দিলেন! মঙ্গলবার বান্দ্রার বাড়িতে রেজিস্ট্রারি হয়ে যাওয়ার পরে করিনা কাপুরও পটৌডি পরিবারের ছোটি বেগম হলেন!

সাইফ-অমৃতার বিয়ে যখন হয়েছিল, তখন সাইফ শুধু পটৌড-শর্মিলার ছেলে বলেই খ্যাত। নিজে তেমন কিছু করে উঠতে পারেননি তখনো। অমৃতা নায়িকা হলেও পয়লা সারির ছিলেন না কোনো দিনই। সেই তুলনায় আজকের সাইফ-কারিনা বিয়ে কিন্তু তাদের নিজেদের ওজনেই অনেক বেশি হেভিওয়েট!

মঙ্গলবার সকালেই সাইফ-কারিনার রেজিস্ট্রি হলো। সাক্ষী হিসেবে থাকলেন শর্মিলা ঠাকুর, রণধীর কাপূর আর ববিতা। উপস্থিত ছিলেন করিশমাও। সইফ সই করেছেন ছোটবেলার নাম, ‘সাজিদ আলি খান’ হিসেবে। বয়স, ৪২। করিনার বয়স লেখা আছে, ৩১। তবে রেজিস্ট্রি নোটিস দেয়ার পরেই তার জন্মদিন ছিল। ফলে এমনিতে তিনি এখন ৩২। রাতে তাজে রিসেপশন ছিল। আর সেখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। এসেছিলেন শশী কাপূর, রতন টাটা। রণবীর কপূর, সুভাষ ঘাই, প্রীতি জিন্টা, সকন্যা অনিল কাপূর, শাহরুখের স্ত্রী গৌরীও তাড়াতাড়িই চলে এসেছিলেন।

সদ্য শেষ হয়েছে রেজিস্ট্রি। তার পরেই জনসমক্ষে। তবে রেজিস্ট্রির দিনে সবচেয়ে বড় চমকটা আসে করিনার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপূরের কাছ থেকে। রীতিমতো আনুষ্ঠানিকভাবে সাইফিনা এবং তাদের পরিবারকে নিজের তরফে শুভেচ্ছা জানালেন তিনি।
 
বললেন, “ববিতা আন্টি আর রণধীর আঙ্কলকে অনেক দিন ধরে চিনি। মেয়ের বিয়ে একটা বিশাল ব্যাপার। কারিনা আর সাইফ, দু’জনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, বিয়ের পরেও অভিনয়টা চালিয়ে যাবে কারিনা। এই মুহূর্তে ও ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী।”
 
বিয়েতে তিনি কি আমন্ত্রিত? এই প্রশ্নটা পাশ কাটিয়ে গিয়েছেন শাহিদ। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান।

সাইফ-কারিনা রেজিস্ট্রি বিয়ে চেয়েছিলেন। সেই মোতাবেক বিয়ে মিটেও গেল। বাকি থাকল নিকাহ। তার পরই ‘গ্র্যান্ড রিসেপশন’ বা দাওয়াত-এ-ওয়ালিমা। ১৮ অক্টোবরের সেই রাজকীয় আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন শর্মিলা। আমন্ত্রণ জানাতে গিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছেও। শর্মিলার নিজের বিয়েতে হাজির ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেন। কিন্তু শর্মিলার ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না প্রণব। সে দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তার অন্য কর্মসূচি রয়েছে। তবে ১৮ তারিখ প্রণববাবুর শুভেচ্ছা-বার্তা পৌঁছে দিয়ে যাবেন তার এডিসি।
 
তবে প্রথম সারির অনেক কংগ্রেস নেতাই ও দিন থাকবেন বলে আশা করা হচ্ছে। শর্মিলার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক বরাবরই ভালো। সম্পর্ক ভালো খোদ সোনিয়া গান্ধীর সঙ্গে। যদিও দেশীয় রাজাদের অনুদান ব্যবস্থা (প্রিভি পার্স) ভেঙে দেয়ার বিরুদ্ধে নিজের অসন্তোষ গোপন রাখেননি মনসুর আলি খান। কংগ্রেসের বিরুদ্ধে ভোটেও দাঁড়িয়েছিলেন, জিততে পারেননি।
 
সম্পর্ক আরো খারাপের দিকে যায়, যখন দুপ্লে রোডের বাসভবন নিয়ে বিতর্কে সরকারি সম্পত্তি ব্যবহারের অভিযোগে মনসুরের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়। অরুণ জেটলি তখন মনসুরের হয়ে মামলা লড়ার আগ্রহ দেখিয়েছিলেন। শেষমেশ পটৌডি দম্পতি নিজেদের অধিকার নিয়ে আর লড়েননি।
 
দিল্লির বসন্ত বিহারের বাড়িতেই থাকতে শুরু করেন ওরা। কিন্তু এত কিছুর মধ্যেও শর্মিলা কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কই বজায় রেখে গিয়েছেন। সেন্সর বোর্ডের প্রধানও হয়েছিলেন তিনি।
বিয়ের অনুষ্ঠান মিটে গেলেই শর্মিলা চলে যাবেন বিলেতের বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক ডক্টরেট নিতে। পরিচালক সঙ্গীতা দত্ত শর্মিলা আর সোহাকে নিয়ে ‘লাইফ গোজ অন’ বলে একটি ছবি বানিয়েছিলেন। সেই সঙ্গীতার সঙ্গে একটি কথোপকথন-অনুষ্ঠানেও যোগ দেবেন শর্মিলা। সঙ্গীতা সেই দিকেই তাকিয়ে আছেন। “শর্মিলাজি এত ডিসিপ্লিনড, সেটাই হয়তো ওর সিক্রেট। দেখছেন তো, কেমন একা হাতে বিয়ের ব্যাপারটা সামলাচ্ছেন তিনি।” সূত্র: ওয়েবসাইট

রাতের কাজে ক্যানসারের ঝুঁকি! :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

রাতের কাজে ক্যানসারের ঝুঁকি! :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
  মানুষের কাজের পরিধি ও ব্যস্ততা বেড়ে যাওয়ায় রাত জাগার হার বাড়ছে। আবার কাজের ধরনের কারণে অনেককে অনবরত রাত জাগতে হয়। এ ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সবাইকে সতর্ক করে আসছেন।
 
কিন্তু কানাডায় পরিচালিত এক গবেষণা আমাদের অবশ্যই নতুন করে ভাবতে বাধ্য করবে। গবেষণায় জানা গেছে, যারা রাতের পালায় কাজ করেন, তাদের বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।

পুরুষের রাত জেগে কাজ করার সঙ্গে ফুসফুস, মূত্রাশয়, প্রোস্টেট (মূত্রথলি সংলগ্ন গ্রন্থি), মলনালি ও অগ্ন্যাশয়ে ক্যানসারের সম্পর্ক কী তা জানতে আইএনআরএস ইনস্টিটিউট আরমানদ-ফ্র্যাপিয়ার এ গবেষণা চালায়।
 
অধ্যাপক ম্যারি ইলিস প্যারেন্ট বলেন, ঘুমের সময় মেলাটোনিন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। রাতে আলোকিত স্থানে থাকলে এ হরমোন নিঃসরণ ব্যাহত হয়। এতে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে। এ হরমোনের অভাব থাকলে দেহে টিউমার হতে পারে।
 
আমেরিকান জার্নাল অব ইপিডেমিওলজিতে এ-সংক্রান্ত নিবন্ধ ছাপা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এক ঘণ্টা টিভি দেখায় আয়ু কমে ২২ মিনিট :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

এক ঘণ্টা টিভি দেখায় আয়ু কমে ২২ মিনিট :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 সোফায় আরাম করে বসে বা বিছানায় গা এলিয়ে দিয়ে নিশ্চিন্তে যারা নিয়মিত টেলিভিশনের অনুষ্ঠান দেখেন, তারা সাবধান। তাদের জন্য রীতিমতো আঁৎকে ওঠার সংবাদ দিয়েছেন বিজ্ঞানীরা।
 
অবিশ্বাস্য হলেও সত্যি, অস্ট্রেলিয়ার গবেষকরা প্রমাণ পেয়েছেন, ২৫ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি যদি কেবল এক ঘণ্টা টিভির সামনে বসে থাকেন, তার আয়ু ২২ মিনিট কমে যাবে।
 
যিনি একেবারেই টেলিভিশন দেখেন না, তার সঙ্গে তুলনামূলক বিচারের পর এ ফল ঘোষণা করা হয়। প্রতিদিন যারা গড়ে ৬ ঘণ্টা টিভি দেখেন, তাদের স্বাভাবিক আয়ুর ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে। এ হিসেবে একজন মানুষের মোট আয়ু থেকে গড়ে খসে পড়বে চার বছর আট মাস।
 
গবেষণায় দেখা গেছে, টেলিভিশনের প্রতি আসক্তি শারীরিক অক্ষমতা, ধূমপান ও স্থূলতার মতোই মারাত্মক। অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপরও একটি জরিপ চালানো হয়। তাতে দেখা যায়, অধিকাংশ নাগরিকই রীতিমতো টিভি দেখায় আসক্ত।
 
২০০৮ সালে পরিচালিত এক জরিপের তথ্যানুযায়ী, ২৫ বছর ও তার বেশি বয়সী অস্ট্রেলীয় নাগরিকরা শুধু সে বছরই মোট ৯৮০ কোটি ঘণ্টা টিভি দেখেছেন।
 
সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত প্রায় একই ধরনের জরিপের তথ্যমতে, সাধারণভাবে একজন মার্কিন নাগরিক সপ্তাহে গড়ে সাড়ে ৩৫ ঘণ্টা টিভি দেখে সময় কাটান। সময় থাকতেই তাই সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জীবনটাকে সত্যিই ভালোবেসে থাকলে, টিভির মায়া ত্যাগ করাই সর্বোত্তম। আর দেখলেও প্রথমে হিসাব কষে নিতে পারেন জীবন থেকে কতো বছর আয়ু খসাতে আপনার কোনো আপত্তি নেই। সূত্র: হিন্দুস্তান টাইমস

শক্তিশালী গণগ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

শক্তিশালী গণগ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশে শক্তিশালী গণগ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে।

তিনি বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্রন্থাগার পেশাজীবীদের দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেন, “আমরা সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশনের মাধ্যমে জাতীয় গ্রন্থাগার আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি। এতে গবেষণা সহজ হবে এবং পেশাদারিত্বের মানোন্নয়ন ঘটবে।”

বাংলাদেশ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।

অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি কাজী আব্দুল মাজেদ, মহাসচিব ড. মিজানুর রহমান এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক নাফিজ জামান শুভ বক্তৃতা করেন।

শেখ হাসিনা জ্ঞানচর্চার কেন্দ্রে হিসেবে দেশব্যাপী গ্রন্থাগারের সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখার জন্য সমাজের সম্পদশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “আপনাদের অর্জিত অর্থের একটি অংশ এলক্ষ্যে বিনিয়োগ করে বাংলাদেশকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করার সরকারি উদ্যোগে সহযোগিতা করুন।”

তিনি বলেন, তার সরকার দেশের গ্রন্থাগারগুলোর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রন্থাগারগুলো ডিজিটাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে জ্ঞানপিপাসুরা আরো সহজে তাদের পাঠচাহিদা মেটাতে পারবেন। এছাড়া গ্রন্থাগারের অবকাঠামোর ব্যাপক উন্নয়নের পাশাপাশি সরকারি গণগ্রন্থাগারগুলোর নিজস্ব ভবন এবং ৪৫টি জেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায় পর্যন্ত গণগ্রন্থাগার স্থাপনের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আধুনিকায়ন করা হচ্ছে। এখানে পাঠকরা অনলাইন সার্ভিসের সুবিধা পাবেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের তথ্যসেবা প্রদানে ব্লাইন্ড সেন্টার খোলা হয়েছে। একটি ডিজিটাল ডিপোজিটোরি তৈরির কাজও এগিয়ে চলছে। এসঙ্গে দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ হাজার সহকারী লাইব্রিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের প্রণীত আধুনিক ও যুগোপযোগী শিক্ষানীতিতে গ্রন্থাগার ব্যবস্থার উন্নয়নের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলার ওপর গুরত্বারোপ করা হয়েছে। সূত্র: বাসস
 

খালাফ হত্যার বিচার পর্যবেক্ষণ করছে সৌদি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

খালাফ হত্যার বিচার পর্যবেক্ষণ করছে সৌদি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সৌদি সরকার তার দেশের কূটনীতিক খালাফ আল আলি হত্যার বিচারকাজ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বুধবার সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ নাসের আল বুসাইরি সংবাদ সম্মেলন করে একথা জানান। দুপুরে গুলশানস্থ তার বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন সৌদি রাষ্ট্রদূত।

ইতিমধ্যে এই ঘটনায় দোষীরা ধরা পড়ায় সৌদি সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানান তিনি।

এ সময় রাষ্ট্রদূত বলেন, “বিচার প্রক্রিয়া চলছে এটা ঠিক। কিন্তু সৌদি সরকার তখনই সন্তুষ্ট হবে, যখন দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের শাস্তি দেয়া হবে।”

জামায়াত নেতাদের গ্রেফতারে সৌদি সরকারের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এর আগেও খারাপ সম্পর্ক ছিল না, এখনো নেই, আর ভবিষ্যতেও হবে না।”

প্রসঙ্গত, গত ৫ মার্চ রাতে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

ডেসটিনির এমডি ও চেয়ারম্যান ১৮ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ডেসটিনির এমডি ও চেয়ারম্যান ১৮ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে করা দুদকের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে নয় দিন করে ১৮ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ এ আদেশ দেন।
তবে গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ এই দুই মামলায় উচ্চ আদালতে আবেদন করেছেন। ওই আবেদনের ওপর বুধবার শুনানি হওয়ার কথা। নিম্ন আদালত তার রিমান্ড আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি।

গত ১১ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম দুই মামলায় ১০ দিন করে এই তিনজনকে ২০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান। পরে আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার বেলা দুইটার দিকে তাদের আদালতে হাজির করা হয়।

গত বৃহস্পতিবার এই তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার সিনিয়র বিশেষ জজ জহুরুল হক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন ও গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে ১০ পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

বিশ্বব্যাংক প্রমাণ দিলে জড়িতদের বিরুদ্ধে মামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বিশ্বব্যাংক প্রমাণ দিলে জড়িতদের বিরুদ্ধে মামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বিশ্বব্যাংক প্রমাণ দিলেই পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে।

বুধবার সচিবালয়ে অর্থনীতিসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “দুদক মামলা করার জন্য প্রস্তুত। বিশ্বব্যাংককে তারা এ কথা জানিয়েছে। বিশ্বব্যাংক প্রমাণ দিলে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে।”

মন্ত্রী বলেন, “আমরা চেয়েছি পদ্মা সেতু প্রকল্পের তদন্ত ও বাস্তবায়ন একসঙ্গে চলতে। কিন্তু একসঙ্গে চলবে কি না-সে ব্যাপারে এখনো নিশ্চিত নই আমি। তবে এ ব্যাপারে আমি আশাবাদী। বিশ্বব্যাংকের দ্বিতীয় দলটি ঢাকায় এলে এ বিষয়টি জানা যাবে।”

সম্প্রতি জাপানে বিশ্বব্যাংকের সাধারণ সভায় যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

এছাড়া হলমার্কের ঋণ কেলেঙ্কারির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ঘুম দেরিতে ভেঙেছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “২০১০ সালেই হলমার্কের বিষয়টি বাংলাদেশ ব্যাংক জেনেছিল। ২০১১ সালে তারা কিছুই করেনি। ২০১২ সালে তারা জেগে উঠল। এতে প্রমাণিত হয় যে বাংলাদেশ ব্যাংক নিজে অতটা সক্ষম নয়।”

মুহিত বলেন, “রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শুধু পর্ষদটা আমরা গঠন করে দিই।”

আইএমএফ’র বর্ধিত ঋণসুবিধার দ্বিতীয় কিস্তির অর্থ আগামী নভেম্বরে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, জাপানে আইএমএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সেখানে মূলত তিনটি বিষয় নিয়ে দর-কষাকষি হয়। এগুলো হলো: রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বৃদ্ধি, মূসক আইন প্রণয়ন ও পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের হার।

অর্থমন্ত্রী বলেন, “মূসক আইন যা হওয়ার কথা, তা হয়ে যাবে। এতে কোনো সমস্যা হবে না। পুঁজিবাজারে ব্যাংকের সার্বিক বিনিয়োগের হার আইএমএফ চায় ২৫ শতাংশ। আমরা বলেছি, এটা ৪০ শতাংশ; তবে আস্তে আস্তে তা কমিয়ে আনা হবে।”

Wednesday, October 17, 2012

মানুষ-প্রকৃতির ধ্বংসলীলায় হারিয়ে যাচ্ছে ‘ডেড সি’ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

মানুষ-প্রকৃতির ধ্বংসলীলায় হারিয়ে যাচ্ছে ‘ডেড সি’ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 হারিয়ে যেতে বসেছে পৃথিবীর সর্বনিম্ন অঞ্চল ‘ডেড সি’। একদিকে ইসরায়েল আর অন্য দিকে জর্ডান। মাঝখানে নীল ‘সাগরের’ টানে সারা বছর পৃথিবীর দূর-দূরান্ত থেকে ছুটে আসে অগুণতি মানুষ। কিন্তু আর কত দিন?

জেরুজালেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোটি স্টেইনের কথায়, “হয়তো আর এক যুগ, হয়তো বা তা-ও নয়।”

১ লাখ ২০ হাজার বছর আগের কথা। প্রায় একই দশা হয়েছিল বৃহত্তম হ্রদটির। কিন্তু ২০১১-য় যে অশনি সংকেত দেখতে পাচ্ছেন গবেষকরা, তাতে আগামী কয়েক বছর যদি খরার মুখে পড়ে পশ্চিম এশিয়ার দেশগুলি, তা হলে হয়তো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে ‘ডেড সি’।

২০১০-এ হ্রদের নিচে গর্ত খুড়ে গভীরতম অংশে পৌঁছে গিয়েছিলেন বিজ্ঞানীরা। এ বছর গবেষণার ফল হাতে পেয়ে রীতিমতো চমকে গিয়েছেন তারা। দ্রুত গতিতে শুকিয়ে যাচ্ছে হ্রদের জল। গত ১৪ বছরে জলের স্তর নেমেছে প্রায় ১০ মিটার। একই সঙ্গে চলছে মানুষের ‘অত্যাচার’।

আশপাশের খরাপ্রবণ দেশগুলোতে সেচের জলের জোগান দিতে দিতে ‘ফুরিয়ে’ যাচ্ছে হ্রদের উৎস নদীগুলো। ‘লবণ’ হ্রদের থেকে খনিজ লবণ সংগ্রহ করছে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা। প্রভাব পড়ছে তারও। মানুষের সঙ্গে ধ্বংসের খেলায় হাত মিলিয়েছে প্রকৃতি। পৃথিবীর উষ্ণায়নও ‘ডেড সি’-র মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা গবেষকদের।

পরিবেশবিদ স্টেইন জানান, কয়েকশো হাজার বছর আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও এ বার তাকে বাঁচানো যাবে কি না সন্দেহ। তখন হ্রদের ধারে জনবসতি ছিল খুবই কম। কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম। জর্ডন নদী হ্রদের জলের প্রধান উৎস। খাল কেটে টেনে নিয়ে শুকানো হচ্ছে নদীর জল। চলছে সেচের কাজ।

এখন হ্রদকে বাঁচানোর একমাত্র উপায়, ‘জলের জোগান’ অব্যাহত রাখা। সেচের কাজে ‘হ্রদের’ অবাধ ব্যবহার বন্ধ করতে হবে। তবে, এর ফলে পশ্চিম এশিয়ার দেশগুলোকে যে ভয়ঙ্কর জলাভাবে পড়তে হবে সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সূত্র: ওয়েবসাইট

গুগলের নির্বাহী ক্যাস্ট্রো ইয়াহুতে :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

গুগলের নির্বাহী ক্যাস্ট্রো ইয়াহুতে :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু প্রতিদ্বন্দ্বী গুগলের এক্সিকিউটিভ হেনরিক ডি ক্যাস্ট্রোকে পরবর্তী চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দিয়েছে।

এ বছরের শুরুর দিকে গুগলের প্রথম সারির অপর এক কর্মকর্তাকে নিয়োগ দিয়ে সাড়া ফেলেছিল ইয়াহু। সেবার গুগলের অপর এক এক্সিকিউটিভ ম্যারিসা মায়েরকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছিল ইয়াহু।

ইয়াহুর পক্ষ থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ডি ক্যাস্ট্রো ইয়াহুর বৈশ্বিক ক্রয় প্রক্রিয়া, কর্মকাণ্ড, গণমাধ্যম ও ব্যবসা উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করবেন।

প্রতিদ্বন্দ্বিতায় গুগলের জনপ্রিয়তার কাছে কিছুটা ম্লান আগেই হয়েছে ইয়াহু। সে ক্ষতি পুষিয়ে নিতেই নতুন এ নিয়োগ। পুনর্গঠনের দিকে এখন মনোযোগী প্রতিষ্ঠানটি। সার্চ ইঞ্জিন হিসেবে শুরুতে বেশ দাপটের সঙ্গেই ইয়াহু এগিয়ে চলছিল। কিন্তু পরে গুগল তাদের প্রতিদ্বন্দ্বিতায় অনেক পেছনে ফেলে দেয়। সূত্র: বিবিসি অনলাইন

থ্রিজি সিম নিয়ে বিড়ম্বনা :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

থ্রিজি সিম নিয়ে বিড়ম্বনা :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 উচ্চ আদালত এবং নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সিম বিক্রির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক কারার সাম্প্রতিক আইন শিথিল করা হলেও তৃতীয় প্রজন্মের সিম বিক্রির ক্ষেত্রে তা মানছে না রাষ্ট্রীয় মুঠোফোন অপারেটর টেলিটক। ফলে বাজারে ছাড়ার পর থেকেই টেলিটক’র থ্রিজি সিম ক্রয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা।

রোববার প্রধানমন্ত্রী টেলিটক’র থ্রিজি সেবার বাণিজ্যিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই উচ্চগতির এই সংযোগ নিতে পদে পদে বিপাকে পড়ছেন অনেক গ্রাহক। পর্যাপ্ত তথ্যের অভাব, টেলিটক এর ওয়েব পেজ আপডেট না এবং কাস্টমার কেয়ার থেকে প্রয়োজনীয় সাপোর্ট না পেয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকজন।

খোঁজ নিয়ে জানাগেছে, সোমবার সকাল থেকে থ্রিজি সিম বিক্রি করার কথা থাকলেও অধিকাংশ খুচরা বিক্রেতা এবং পরিবেশকদের কাছে সিম পৌঁছায় বিকালে। ফলে তারা কাউকে কোনো সিম দিতে পারেনি। সিমের সঙ্গে এই নির্দেশনাও দেয়া হয় যে জাতীয় পরিচয়পত্র ছাড়া যেন কারো হাতে সিম না যায়।

কিন্তু এ বিষয়ে সম্প্রতি উচ্চ আদলত এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক আইনটি শিথিল করায় এবং এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপনে স্পষ্ট করে কোনো তথ্য না দেয়ায় সিম কিনতে গেয়ে বিড়ম্বনায় পড়ছেন গ্রাহকরা।

এছাড়াও পর্যাপ্ত ডিলার না থাকায় বনানীর তিনটি দোকানে ঘুরেও থ্রিজি'র সিম কিনতে পারেননি উত্তরার সাংবাদিক জামিউল হাসান। তিনি জানান, সঙ্গে জাতীয় পরিচয়পত্র না থাকায় তাকে সিম দেয়া হয়নি। অথচ সরকারের দেয়া সাংবাদিকতার অ্যাক্টিডিটেশন কার্ডেও কাজ হচ্ছে না।

এ বিষয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বাড়তি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর তাদের আর কিছুই বলার থাকতে পারে না।

মুজিবুর রহমান বলেন, বর্তমান সিম দিয়ে যা কিছু করার সম্ভব থ্রিজি'র সিমে চাইলে আরো অনেক বেশি কাজ করা সম্ভব। সেক্ষেত্রে কারো ক্ষতি করতে চাইলে সেটিও বেশি পরিমাণে করা সম্ভব। সুতরাং জাতীয় পরিচয়পত্র এখানে বাধ্যতামূলক করতেই হবে।

প্রসঙ্গত, থ্রিজি'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টেলিটকক ব্যবস্থাপনা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলে, থ্রিজি সিম যেন কোনো অবস্থায় ভুয়া নিবন্ধনের কবলে না পড়ে। এ জন্যে প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র দেখে গ্রাহকের পরিচয় নিশ্চিত হয়ে তবেই সিম বিক্রি করতে হবে।

এদিকে গত ১২ অক্টোবর থেকে বিটিআরসি সব ধরনের সিমের প্রি-অ্যাক্টিভিশন বন্ধ করে দিয়েছে। ফলে পরিচয়পত্রের তথ্য নিশ্চিত হয়ে এবং ছবি মিলিয়ে তবেই সিম সক্রিয় করা হবে। এ কারণে গত কয়েক দিনে মোবাইল ফোন অপারেটরদের সিম বিক্রির পরিমাণ একেবারেই পড়ে গেছে।

গুগলের নির্বাহী ক্যাস্ট্রো ইয়াহুতে

গুগলের নির্বাহী ক্যাস্ট্রো ইয়াহুতে
 জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু প্রতিদ্বন্দ্বী গুগলের এক্সিকিউটিভ হেনরিক ডি ক্যাস্ট্রোকে পরবর্তী চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দিয়েছে।

এ বছরের শুরুর দিকে গুগলের প্রথম সারির অপর এক কর্মকর্তাকে নিয়োগ দিয়ে সাড়া ফেলেছিল ইয়াহু। সেবার গুগলের অপর এক এক্সিকিউটিভ ম্যারিসা মায়েরকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছিল ইয়াহু।

ইয়াহুর পক্ষ থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ডি ক্যাস্ট্রো ইয়াহুর বৈশ্বিক ক্রয় প্রক্রিয়া, কর্মকাণ্ড, গণমাধ্যম ও ব্যবসা উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করবেন।

প্রতিদ্বন্দ্বিতায় গুগলের জনপ্রিয়তার কাছে কিছুটা ম্লান আগেই হয়েছে ইয়াহু। সে ক্ষতি পুষিয়ে নিতেই নতুন এ নিয়োগ। পুনর্গঠনের দিকে এখন মনোযোগী প্রতিষ্ঠানটি। সার্চ ইঞ্জিন হিসেবে শুরুতে বেশ দাপটের সঙ্গেই ইয়াহু এগিয়ে চলছিল। কিন্তু পরে গুগল তাদের প্রতিদ্বন্দ্বিতায় অনেক পেছনে ফেলে দেয়। সূত্র: বিবিসি অনলাইন

দীর্ঘক্ষণ বসে থাকলে মৃত্যুঝুঁকি বাড়ে

দীর্ঘক্ষণ বসে থাকলে মৃত্যুঝুঁকি বাড়ে
 নানা কাজে সবাইকে কিছু না কিছু সময় বসে থাকতেই হয়। বিশেষ করে যারা দাফতরিক কাজ করেন, তাদের দিনে সাত বা আট ঘণ্টা বসে থাকতে হয়। কম্পিউটারনির্ভর কাজ হলে বসে থাকতে হয় আরো বেশি। এর সঙ্গে রয়েছে টিভি দেখা, কম্পিউটার গেমস ইত্যাদি। কিন্তু এই বসে থাকার কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।

গবেষকরা দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে বসে থাকলে ডায়াবেটিস, হৃদরোগ এমনকি মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

১৮টি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে এ দাবি করেন গবেষকরা। প্রায় আট লাখ মানুষের ওপর গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন বৃটেনের লিসেস্টার অ্যান্ড লাফবারাফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

তারা বলেন, নিয়মিত ব্যায়াম করার পরও দীর্ঘক্ষণ বসে থাকায় স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার চেয়ে নড়াচড়া করা স্বাস্থ্যের জন্য ভালো বলেও গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে।

গবেষকরা বলেন, টেলিভিশন দেখা, গাড়িতে বসে থাকা বা কম্পিউটার নিয়ে বসে থাকতে হয় অনেককে। কাজে এবং চলায় ভারসাম্য আনতে অনেকেই এখন ব্যায়ামাগারে ছুটছেন। সূত্র: বিবিসি