Pages

Saturday, October 20, 2012

অনলাইনে জমজমাট কোরবানির হাট :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

অনলাইনে জমজমাট কোরবানির হাট :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
প্রযুক্তির ছোঁয়ায় জীবন আজ হয়ে উঠেছে আরো বর্ণিল। সেই পথেই ইন্টারনেট সংযোগ আমাদের আটপৌঢ়ে জীবনে দিয়েছে নতুন প্রাণ। জন্ম থেকে মৃত্যু জীবনের প্রতিটি পরতে যুক্ত এই অন্তর্জালের অন্তরঙ্গতা এখন জুড়ে গেছে মুসলমানদের আত্মোৎসর্গ আনন্দ আয়োজনেও।

তাই ঈদুল আজহাকে সামনে রেখে এবার ভার্চুয়াল দুনিয়াতেও বসে গেছে কোরবানির (গরু-ছাগলের) হাট। মর্তোলোকে জমে না উঠলেও ভার্চুয়াল দুনিয়ায় জমাজমাট হয়ে উঠেছে অনলাইন কোরবানির হাট।
 
দেশের ইতিহাসে প্রথম এই অনলাইন কোরবানির হাট বসেছে http://amardesheshop.com/index.php/qurbani/ ঠিকানায়। এখানে রয়েছে কোরবানি উপলক্ষে বিক্রির অপেক্ষায় থাকা গরু ও ছাগলের ছবি, কোড নম্বর, দাম এবং কোনো কোনে ক্ষেত্রে এর ভিডিও। অনলাইনে বুকিং দেয়ার পাশাপাশি ব্রাকব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের ই ক্যাশ, বি-ক্যাশ কিংবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পছন্দের পশু কিনতে পারছেন ক্রেতারা।

অর্থাৎ কোরবানির গরু কিনতে এখন আর প্রয়োজন নেই এ হাটে, ও হাটে ঘোরাঘুরি কিংবা কোরবানির পশু কিনে রশি টানাতে টানতে বাসায় আনার গলদঘর্ম কসরৎ। অনলাইন এই কোরবানির হাট থেকে এখন চাইলেই ঘরে বসে পছন্দের গরু নির্বাচন করতে পারছেন ক্রেতারা। একইভাবে গোয়াল থেকেই ঈপ্সিত মূল্যে পালিত কোরবানির পশু বিক্রি করতে পারছেন চাষী বা খামারীরা।
 
আর কোরবানির পশু ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে এই সেতুবন্ধন তৈরি করেছে অনলাইনে কেনা-বেঁচার হাট আমারদেশ-ই-শপ। আমার দেশে আমার গ্রাম প্রকল্পের আওতায় পরিচালিত এই ই-কমার্স সাইটটিতে কোরবানি উপলক্ষে আয়োজিত গরু-ছাগল ক্রয়-বিক্রয় আয়োজন শুরু হয়েছে চলতি মাসের ৬ তারিখ থেকে। অবশ্য শুরুর দিকে প্রথম দশ দিন অন লাইনের এই কোরবানির হাট ছিল ক্রেতাশূন্য। তবে দর্শনার্থী ছিল উল্লেখ কারার মতো। প্রতি দিনই একই সময়ে অনলাইনে এই কোরবানির হাটে ঘোরাঘুরি করছেন দেড়শ’ থেকে দুইশ’ দর্শণার্থী।

গত ১৫ অক্টোবর প্রথম বুকিং দেন নেদারল্যান্ড প্রবাসী মোমেন আহমেদ। ঈদের এক দিন আগে আগামী ২৬ অক্টোবর দেশে ফিরবেন মোমেন। তাই এবার ঈদ করবেন ঢাকার মহাখালীতে। কোরবানিও দেবেন এমহাখালী রেলগেট সংলগ্ন বাসার সামনের এক চিলতে খোলা জায়গায়। তাই আগে ভাগেই অনলাইন থেকে তিনটি গরু কিনেছেন তিনি। গরু তিনটির দাম পড়েছে এক লাখ ২৬ হাজার টাকা। দেশের বাইরে থেকেও সহজেই কোরবানির পশুর বন্দোবস্ত করতে পেরে দারুণ উচ্ছ্বসিত মোমেন।

তিনি বলেন, “অনলাইনেই কোরবানির পশু কিনতে পেরে সত্যি খুবই খুশি। এখন নিজেকে খুবই নির্ভার মনে হচ্ছে। গরুর হাটের বিড়ম্বনা ছাড়াই প্রথম পর্ব শেষ করলাম। এবার বাকি থাকলো কষাই পর্ব। এটাও যদি অনলাইনে কন্টাক্ট করতে পারতাম দারুণ হতো!”
 
অনলাইন এই কোরবানির হাট সম্পর্কে হাটের ব্যবস্থাপনা পরিচালক সাদিকা হাসান সেঁজুতি বার্তা২৪ ডটনেটকে জানান, আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে বুকিং নেয়া অব্যাহত থাকবে। ২৪ অক্টোবর থেকে শুরু হবে হোম ডেলিভারির কাজ। ডেলিভারির জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা চার্জ ধরা হচ্ছে। কোরবানির গরু হওয়ায় ছয় শতাংশ সার্ভিস চার্জ বাদে বিক্রির পুরো টাকাই চাষী বা খামারীকে দেয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এবার ছোট পরিসরে শুরু করা হলেও আগামীতে এর আকার আরো বাড়ানো হবে। ঢাকার বাইরেও এই সেবা চালু করা হবে। প্রাথমিকভাবে এবার মোট ২০০টির মতো গরু-ছাগল বিক্রি করা হবে। ইতিমধ্যেই ২০টির মতো বিক্রি হয়েছে বলে তিনি জানান।

সেঁজুতি বলেন, “কোরবানির পশু সংগ্রহের জন্য ইতিমধ্যেই দেশজুড়ে সাতটি ই-সেন্টার করা হয়েছে। সেন্টরগুলো রয়েছে মংলা, নরসিংদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, রংপুর এবং সিলেট। ফলে মধ্যসত্বভোগীদের বেড়াজাল এড়িয়ে ক্রেতা এবং বিক্রেতারা নির্ঝঞ্চাটভাবে কোরবানির পশু পেয়ে যাচ্ছেন ঘরে। এ জন্য সময়, শ্রম এবং অর্থ তিনই বাঁচছে। আমরা শুধু পরিবহ এবং ব্যাংক চার্জ ও অনন্য ব্যয়গুলোর জন্য নামমাত্র সার্ভিস চার্জ নিচ্ছি।”

অনলাইন কোরবানির হাটটি ঘুরে এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে মিল পাওয়া গেলো সেঁজুতির কথার। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত অনলাইনে কোরবানির এই হাটে বিক্রির অপেক্ষায় থাকা গুরুর দাম ছিল ৩২ হাজার ৫০০টাকা থেকে ৮২ হাজার ৫০০ টাকার মধ্যে। তবে প্রথম পেজে প্রদর্শিত মোট নয়টি গরুর মধ্যে সাতটিই বিক্রি হয়ে যেতে দেখা গেছে। ছাগলের কোনো ছবি দেখা যায়নি। তবে সেঁজুতি জানিয়েছেন, শুক্রবারের মধ্যে কোরবানির ছাগলও অনলাইনে (হাটে) চলে আসবে।
 

ফিল্মি চটক নয়, দিল্লিতে খানদানি দাওয়াত :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

ফিল্মি চটক নয়, দিল্লিতে খানদানি দাওয়াত :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 বলিউডি বিয়েতে দিল্লি ঘরানার রিসেপশন!

মানে, বলিউডের দুই তারকার বিয়ের আসর। কিন্তু ফিল্মি লোকজনের ভিড় কই? বরং রাজধানীর বড় বড় অনুষ্ঠানে যাদের দেখা যায়, সেই মুখগুলোই বেশি! যাকে বলে দিল্লি ক্রাউড!

রাজনীতির জগতের কথাই ধরুন! সব শিবিরের লোকজনই এসেছেন। কংগ্রেস-বিজেপি-বাম। সোনিয়া গান্ধী অবশ্য আসেননি। রাহুল গান্ধী এলেন। মনমোহন সিংহ আসেননি, এলেন মনমোহন-পত্নী গুরশরণ কাউর। সঙ্গে মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। শীলা দীক্ষিত, প্রফুল্ল পটেল, শশী তারুর। বিজেপির বসুন্ধরা রাজে, অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ। সিপিএমের সীতারাম ইয়েচুরি।

ক্রীড়াজগৎ থেকে কপিল দেব, আব্বাস আলি বেগ, বিশেন সিংহ বেদি। শিল্পপতি সুব্রত রায়। সরোদিয়া আমজাদ আলি খান সস্ত্রীক। চিত্রশিল্পী পরেশ মাইতি, জয়শ্রী বর্মন।

কিন্তু বলিউড কোথায়? দু’দিন আগে মুম্বাইয়ের তাজ হোটেলের পার্টিতে ভেঙে পড়েছিল বি-টাউন। আমির খান অবশ্য সেই পার্টিতেও ছিলেন না। এদিন সকালে রাজধানীতে এসেছিলেন একটি অনুষ্ঠানে। কিন্তু বিকেলেই ফিরে গেলেন। দাওয়াতে থাকেননি। এসেছিলেন পরিচালক মধুর ভান্ডারকর, ইমতিয়াজ আলি, অভিনেত্রী নন্দিতা দাশ। বাকি যারা, তারা তো বর-কনের ঘরের লোক।

সোনালি শাড়িতে শর্মিলা, কালো শেরওয়ানিতে সাইফ আর লাল লেহঙ্গা-গোলাপি ব্রোকেডের টপ পরিহিতা কারিনা। সোহার পরনে সোনালি ঘারারা। সন্ধে সাতটা কুড়ি নাগাদ শর্মিলা একবার বাইরে এলেন। ৩১ নম্বর আওরঙ্গজেব রোডের সামনে ভিড় করা জনতাকে বললেন, “জাঁকজমকটা বড় কথা নয়। নবদম্পতিকে আশীর্বাদ করেছি। আমি খুব খুশি।”

খুশির হাওয়াটা সকাল থেকেই রাজধানীর আওরঙ্গজেব রোডে বইছিল। মগরা ফুল আর রজনীগন্ধার মিষ্টি গন্ধ মাখা হাওয়া। চার দিকে থিকথিক করছে নিরাপত্তারক্ষী। শয়ে শয়ে সাংবাদিক। ওবি ভ্যান। কিন্তু রক্ষীর ঘেরাটোপ পেরিয়ে যেন বাতাসেরও প্রবেশ নিষেধ।

রক্ষীদের চোখে ধুলো দিয়ে ঢোকার উপায় নেই। জোর করে ঢুকতে চাইলে ওরা খুব নরম গলাতেই চলে যেতে বলবেন। সে কথার নড়চড় হবে না। কিন্তু কখন যে কোথা থেকে সাহস আসে! এবার যেমন এলো ছোট্ট ছেলেটার রূপ ধরে!

ভিড়ের মধ্যেই হঠাৎই উদয় হল সে। আড় চোখে চুপিসাড়ে বলল, “ও দিক দিয়ে যান, ঢুকে যেতে পারবেন। কেউ আটকাবে না। দেখবেন আমরা কেমন সাজিয়েছি ভিতরটা।” “তুমি যাবে সঙ্গে?” “না, ম্যাডাম। কুছ নেহি হোগা। আচ্ছা চলুন, আমি আপনাকে ভিতর অবধি নিয়ে যাচ্ছি!” গুটিগুটি পায়ে তার দেখানো পথে এগোতেই একেবারে রক্ষীর মুখোমুখি। কোথায় যাচ্ছেন? একটু কথা কাটাকাটি। কাকুতিমিনতি। বরফ গলে। “ছবি নেবেন না কিন্তু!”

রাজি। আর তার পরেই পা বাড়িয়ে ঢুকে পড়া এক অন্য পৃথিবীতে! সেখানে রাজকীয় সিলমোহর তো আছেই। তার সঙ্গেই এমন একটা আভিজাত্য, যেটা একই সঙ্গে খুব সমসাময়িকও। এক সাহেব তো আস্ত একটা বইই লিখছেন সাইফ-কারিনার বিয়ে নিয়ে।
চারধারে গাছগাছালিতে ছাওয়া এক বিশাল প্রাঙ্গণ। অন্তত পাঁচ থেকে ছয় রকমের আলো! মূলত সোনালি আর সাদা রঙের। গাছের ডাল থেকে ঝুলছে। গাছের সবুজের সঙ্গে আলোর রোশনাইয়ে মাখামাখি গোটা চত্বর। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নিউ ভ্যারাইটি ডেকরেটরের এক কর্তার সঙ্গে আলাপ হলো। বিনয়ী স্বরে বললেন, “এ তো কিছুই না...!” ওর সংস্থা কোন কোন বিয়েতে কীভাবে সাজিয়েছে, তার একটা ফিরিস্তি তখনই শুনিয়ে দিলেন আমাকে।

এই বাড়িতে এক সময় থাকতেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভৈরোঁ সিংহ শেখাওয়াত। এখন ফাঁকা। দিল্লিতে এ রকম কিছু সরকারি ভবন ইচ্ছে করেই ফাঁকা রেখে দেয়া হয়, বললেন এক সূত্র। দাওয়াত শেষে পদোতি প্যালেসে চলে যান সাইফরা। একটা ছোট্ট পারিবারিক অনুষ্ঠানও হবে।

তারপর? মধুচন্দ্রিমা কবে? শোনা যাচ্ছে, সাইফ-কারিনা আগে শেষ করবেন জমে থাকা শু্যটিং। তারপরই নাকি, শীত পড়লে সোজা সুইৎজারল্যান্ড! ফোন করা গেল সুইস আল্পস-এর পাদদেশের বিখ্যাত স্টাড প্যালেস হোটেলে। সাইফ-কারিনার নামে বুকিং আছে কি? রিসেপশনিস্ট জানালেন, “ওরা আগে আমাদের এখানে এসেছেন। হোটেল খুলবে ১৬ ডিসেম্বরের পর। কিন্তু অতিথিদের নামের তালিকা জানাতে পারব না।”

সাইফ-কারিনা স্টাডের অতিথি হচ্ছেন কি না, ক’দিন পরেই বোঝা যাবে। আপাতত সাইফ-কারিনার অতিথিরা কোথায় বসছেন? কয়েক পা এগোতেই একটা আঁকাবাঁকা লন। তারই বাঁ দিকে অতিথিদের বসার জায়গা। অনেকটা বড় ড্রইং রুমের মতো। সার দেয়া চমৎকার সব সোফা। প্রাচুর্যের ছাপ সর্বত্রই ছড়িয়ে আছে, কিন্তু কোথাও এতটুকু রুচির গরমিল নজরে পড়ে না। এখানেই কি তবে নবদম্পতি অতিথিদের অভ্যর্থনা জানাবেন? এক মহিলা ভয়েস টেস্টে ব্যস্ত। কোনও উত্তর দিলেন না। ভেসে আসছে রাজস্থানি লোকগান... ‘কেসরিয়া বালম’। লোকসঙ্গীতের কোনও আসর বসবে কি? না। অল্প দূরেই তো স্যাক্সোফোনের মতো একটা যন্ত্র বার করছেন এক বাদক। খুব একটা রিপোর্টার-সুলভ অনুসন্ধিৎসু হওয়ার মতো সময় নেই। যেকোনও মুহূর্তে শুনব, এ বার চলে যান! তার চেয়ে একটু আলাপ জমানোর চেষ্টা করা ভাল। গায়িকা বললেন, “আমি সোনাল কালরা। জ্যাজ শিল্পী। তবে আজ কেসরিয়া বালমও গাইব।” ফিউশন!

দূরে কার্পেটে মোড়া আর একটি চত্বর। সেখানে টকটকে লাল রঙের খানদানি জৌলুস। একটার নীচে আর একটা মোমবাতির সারি ঝুলছে। গাছ থেকে উঁকি মারছে গুচ্ছ গুচ্ছ গোলাপের তোড়া। খাবার জায়গাটা বোধহয় আরও সুন্দর। প্রত্যেকটা টেবিলের মাঝখানে মোগলি ছাঁদের আলো। শ্যাম্পেন গ্লাসগুলো আলোয় ঠিকরে উঠছে। ওয়েটাররা প্লেট সাফ-সুতরো করছেন, ন্যাপকিন গুছিয়ে রাখছেন। রাতের মেনুতে চার-পাঁচ রকমের বিরিয়ানি, তন্দুর কাবাব থেকে শুরু করে মুগ ডালের হালুয়া, কালা জামুন, শাহি টুকরা, কেসরিয়া জিলাবি...।

বেরনোর সময় সেই একই রক্ষী মাথা নেড়ে বললেন, “ছবি তোলেননি তো?” হাসলাম। মনে পড়ে গেল, শর্মিলার বলা সেই ‘নায়ক’ ছবির সংলাপ। ‘মনে রেখে দেব।’ সুত্র: ওয়েবসাইট।

বিশ্বব্যাপী স্থূলতা বাড়ছেই :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

বিশ্বব্যাপী স্থূলতা বাড়ছেই :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 বিশ্বব্যাপী স্থূলতা ক্রমেই বাড়ছে। স্থূলতার হার সবচেয়ে বেশি উত্তর আমেরিকার দেশগুলোয়। ওই অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৬ শতাংশ বাস করলেও পৃথিবীর মানুষের মোট ওজনের এক-তৃতীয়াংশের বাস উত্তর আমেরিকার দেশগুলোয়।

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে এসব তথ্য। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকদের ওই প্রতিবেদন বায়োমেড সেন্ট্রাল জার্নালে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, বিশ্বের মোট মানুষের ওজন ২৮৭ মিলিয়ন টন। বিশ্বে প্রতিটি মানুষের ওজন গড়ে ৬৩ কেজি করে; কিন্তু উত্তর আমেরিকায় প্রতিটি মানুষের গড় ওজন ৮০ দশমিক ৭ কেজি।

অন্যদিকে এশিয়ায় প্রতিটি মানুষের গড় ওজন ৫৭ দশমিক ৭ কেজি। বিশ্বের মোট জনসংখ্যার ৬১ শতাংশের বাস এশিয়ায়; কিন্তু বিশ্বের মোট স্থূলকায় মানুষের ১৩ শতাংশের বাস এশিয়ায়। স্থূলতার শীর্ষ সারিতে রয়েছে বেশ কয়েকটি আরব দেশও।

গবেষক-অধ্যাপক ইয়ান রবার্টস বলেন, স্থুলতা নিয়ে আমাদের সবার মধ্যে একটি ধারণা হচ্ছে-আমরা মনে করি, এটি আমার ব্যক্তিগত সমস্যা নয়; কিন্তু গবেষণায় দেখা গেছে, আমরা সবাই আসলে স্থূল হচ্ছি। যদিও এ হার উত্তর আমেরিকায় বেশি। যদি প্রতিটি রাষ্ট্র নিজ নিজ নাগরিকের স্থূলতা নিয়ে সচেতন হয়, তবে এ সমস্যার সমাধান সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: বিবিসি

বেডরুম না হোক শহরেতো নিরাপত্তা দেয়া যায়: মকসুদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বেডরুম না হোক শহরেতো নিরাপত্তা দেয়া যায়: মকসুদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, “বেডরুমে নিরাপত্তা দেয়া না যেতে পারে কিন্তু শহর বা জনপদেতো নিরাপত্তা দেয়া যায়। রামু’তে বৌদ্ধবিহারে সহিংসতার আশঙ্কার কথা আগেই প্রশাসনকে জানানো হয়েছে। তবুও প্রশাসন নির্লিপ্ত ছিল। বর্তমান সরকারের জন্য এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে না।”

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৌদ্ধবিহারে হামলার প্রতিবাদে বিকেলে নাগরিক সংহতি ও প্রতিবাদ সমাবেশে সূচনা বক্তব্য রাখেন মকসুদ। ‘অসাম্প্রদায়িক ও জাতিগত বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই’ নামক একটি সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে।

গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের বাসার শয়নকক্ষ থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি’র লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দুই সাংবাদিককে নিজেদের ঘরে মারা হয়েছে। সরকারের পক্ষে কারো বেডরুম পাহারা দেয়া সম্ভব নয়।” ২৩ ফেব্রুয়ারি গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজার জেলার রামু উপজেলা সদরে দুষ্কৃতিকারীদের একাধিক দল বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরানো ১২টি বৌদ্ধবিহার ও মন্দিরে আগুন লাগায়। পুড়িয়ে দেয় বৌদ্ধপল্লীর ৪০টির মতো বসতবাড়ি। শতাধিক ঘরবাড়িও ভাঙচুর করে তারা। বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে পবিত্র কোরআন শরিফের অবমাননাকর ছবি ব্যবহার করা হয়েছে- এমন অভিযোগে গভীর রাতে ওই হামলা চালানো হয়। রামুর ঘটনার পর টেকনাফ, উখিয়া, পটিয়ায় বেশ কয়েকটি বৌদ্ধবিহার ও বাড়ি এবং একটি হিন্দু মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালায় দুষ্কৃতকারীরা।

শুক্রবার প্রতিবাদ সমাবেশে সৈয়দ মকসুদ বলেন, “রামুর ঘটনা তদন্ত করতে ১৮ দিন লাগে না। এক দিনেই এটি সম্ভব।”

রামুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা ‘সন্তোষজনক নয়’ বলেও মন্তব্য করেন তিনি।

অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনের লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আবুল মকসুদ।

সমাবেশে আরো বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শামসুজ্জামান সেলিম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।

টিআইবি প্রতিবেদনে সঠিক তথ্য না থাকলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

টিআইবি প্রতিবেদনে সঠিক তথ্য না থাকলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু সংসদ সদস্যদের বিরুদ্ধে দেয়া টিআইবি’র রিপোর্ট প্রশ্নে বলেছেন, টিআইবিসহ আন্তর্জাতিক যেকোনো সংস্থা কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের আগে নিশ্চয় সেটা চিন্তা-ভাবনা করেই করেছে। প্রতিবেদনে সঠিক তথ্য থাকলে সংসদ সদস্যদের বিরুদ্ধে আর সঠিক তথ্য না থাকলে বিআইবির বিরুদ্ধে কার্যকরি পদক্ষেপ নেয়া হবে।
 
শুক্রবার বেলা ১১ টায় তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়ায় পদ্মা নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
এছাড়াও তথ্যমন্ত্রী নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে এ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
 
এ সময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওবাইদুর রহমান, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতারা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় যোগ দেন।

হলমার্কের দুটি ডকুমেন্ট দেখাতে পারি: ব্যারিস্টার খোকন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্কের দুটি ডকুমেন্ট দেখাতে পারি: ব্যারিস্টার খোকন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেন দুদক যদি চায় আমি হলমার্কের দুটি ডকুমেন্ট দেখাতে পারি।

শুক্রবার বিকেলে ফটোজার্নলিস্ট অ্যাসোসিয়েশনে মানবাধিকার সমিতি আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুদকের চেয়ারম্যান হলমার্কের কোনো ডকুমেন্ট খুঁজে পান না। কারণ হচ্ছে এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের যোগাযোগ রয়েছে।

খোকন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তিনি সকালে গণতন্ত্রের ও মানবাধিকারের কথা বলছেন আবার তিনিই বিকেলে গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করছেন।

দেশে যদি গণতন্ত্র থাকে তাহলে কেন জামায়াত অফিসে তালা ঝুলছে, বিএনপি অফিস তিন দিন পুলিশ আটকে রাখবে। বিরোধী দলেরও রাজনীতি করার অধিকার রয়েছে। বাংলাদেশের মানবাধিকারের এ অবস্থা যদি এরিস্টটল, সক্রেটিস দেখতেন তাহলে তারা নিশ্চিত আত্মহত্যা করতেন বলে মন্তব্য করেন খোকন।

বিশেষ অতিথির বক্তৃতায় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, দেশে যখন দানবের শাসন চলতে থাকে তখন আর মানবাধিকার আশা করা যায় না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকে সেই স্বাধীনতা বিপন্ন। তাই আবার একটি প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য ১০ জনকে সম্মাননা দেয়া হয়।

সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, মার্গুব মোর্শেদ, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমার ইরান এবং সংগঠনের মহাসচিব মিলন মল্লিক।

নাফিস ষড়যন্ত্রের শিকার, দাবি পরিবারের :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

নাফিস ষড়যন্ত্রের শিকার, দাবি পরিবারের :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার বাংলাদেশী তরুণ কাজী রেজোয়ানুল আহসান নাফিস (২১) ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। নাফিস অনেকটা নিরীহ প্রকৃতির বলেও দাবি করে তার পরিবার।

নাফিসের পরিবার বলছে, তাকে কোনোভাবে ফাঁসানো হয়েছে। কিন্তু কেন, কী কারণে, কারা তাকে ফাঁসালো, তা স্পষ্ট নয় পরিবারের কাছে।

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে রেজওয়ানুল আহসানের মা-বাবা থাকেন। এটি রেজওয়ানুলের নানাবাড়ি। এখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। তার বাবা কাজী মোহাম্মদ আহসানউল্লাহ ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মা রোকেয়া সিদ্দিকী গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে রেজওয়ানুল ছোট। বোন চিকিৎসক।

বাবা আহসানউল্লাহ জানান, রেজওয়ানুল ২০০৬ সালে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ঢাকা কলেজে ভর্তি হন। এইচএসসিতে জিপিএ ৪ দশমিক ৮৮ পান তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে ভর্তি হন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৯ সালে রেজওয়ানুল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকম প্রকৌশল বিভাগে ভর্তি হন। আট সেমিস্টার শেষ করে ২০১১ সালের ফল সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি আর যোগাযোগ করেননি।

আহসানউল্লাহ বলেন, “রেজওয়ানুল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু কখনো কোনো মৌলবাদী বা উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। খুবই অন্তর্মুখী ছিলেন, সারা দিন ঘরে বসে কম্পিউটারে গেমস খেলতেন।”

পরিবারের সদস্যরা জানান, এ বছরের ৮ জানুয়ারি পড়াশোনার জন্য আমেরিকায় যান নাফিস। অর্ধেক শিক্ষাবৃত্তিতে ভর্তি হন মিসৌরি স্টেট বিশ্ববিদ্যালয়ে। সেখানে সাইবার নিরাপত্তা বিষয়ে পড়ছিলেন তিনি। সেখানে একটি বাঙালি পরিবারের সঙ্গে থাকতেন তিনি। প্রথম কয়েক মাস পড়াশোনার জন্য দেশ থেকে অর্থ পাঠাতে হয়েছে। সেখানে এক সেমিস্টার শেষ করেই রেজওয়ানুল আরেকটি কোর্স করার জন্য নিউ ইয়র্কে যান। ৯ অক্টোবর থেকে ক্লাস শুরু হয়। সেখানে ‘মুসলিম পিৎজা হাউস’ নামের একটি রেস্তোরাঁয় সম্প্রতি কাজ পেয়েছিলেন রেজওয়ানুল।

রেজওয়ানুলের বাবার দাবি, তার ছেলে এমন কাজ করতেই পারেন না। তাঁকে অবশ্যই কোনো একটি পক্ষ ফাঁসিয়েছে। তিনি বিষয়টি স্পষ্ট করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

অপরদিকে, নাফিসের এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নাফিসকে তারা ভালো বলেই জানে। নাফিস কারো সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করেছে বলেও কেউ উল্লেখ করতে পারেনি। এলাকাবাসীও মনে করে নাফিস কোনো ষড়যন্ত্রের শিকার।

এদিকে, নাফিসের খবর পাওয়ার পর থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও এ ব্যাপারে তথ্য সংগ্রহে তৎপর রয়েছেন। তবে এখন পর্যন্ত তারা নাফিসের ব্যাপারে নেতিবাচক কোনো তথ্য পাননি বলে সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, বুধবার আমেরিকার নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করার অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাতে গ্রেফতার হন বাংলাদেশী তরুণ কাজী রেজোয়ানুল আহসান নাফিস।

এ দেশে উগ্রবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

এ দেশে উগ্রবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, এদেশে কোনো উগ্রবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান নেই। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে তাদের বিষদাত ভেঙে দেয়া হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর পোস্তগোলা মহাশ্মাশান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার যখন এগিয়ে চলেছে, তখন একটি চক্র পরিকল্পিতভাবে রামুর বৌদ্ধ বিহারে হামলা চালিয়েছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তারা যুদ্ধাপরাধীর বিচার ঠেকাতে চায়।”

ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, “আওয়ামী লীগের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ এবং আস্থা রাখতে পারে বলেই পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিশ্বকে ভ্রান্ত ধারণা দেবে যে বর্তমান সরকারের কাছে কোনো ধর্মের লোক নিরাপদ নয়।”

যে কারণেই বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এখন চীনে গেছেন সরকারের বিরুদ্ধে নালিশ করতে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের প্রতি অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামুর ঘটনা দেশের অভ্যন্তরীণ বিষয়। সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের পূর্নবাসন করছে, অথচ বিরোধী দলীয় নেত্রী দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের কাছে নালিশ করে সুনাম নষ্ট করছেন।”

আসন্ন পুজায় নিরাপত্তায় সরকার সবধরণের পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, “পুজা উপলক্ষে যত ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া দরকার সরকার সব রকমের ব্যবস্থা নিয়েছে। কোনো নৈরাজ্য সৃষ্টি করা হলে কঠোর হাতে তা দমন করা হবে।”

মহাশ্মাশানের সভাপতি নিতাই চন্দ্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সানজিদা খানম।

বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার সহাদেব বৌদ্ধ, নুকুল চন্দ্রও সাহা, মহাশ্মাশানের সহ-সভাপতি অরুণ সরকার রানা প্রমুখ।

রাজনৈতিক প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: হেনরী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজনৈতিক প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: হেনরী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সোনালী ব্যাংকের সাবেক পরিচালক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরী বলেছেন, “রাজনৈতিক প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্রকারীরা বেশ কিছুদিনধরে দেশের বেশ কিছু পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ও আমার পরিবারের নামে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে। যা রাজনৈতিক ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত।”
 
শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ নিজ বাসায়  সাংবাদিক সম্মেলনে হেনরী এসব কথা বলেন।
 
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরো বলেন- “২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার এবং আমার পরিবারের অবৈধ অর্থ সম্পদের কথা প্রচার করে আসছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক।”
 
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হলমার্কের ঋণ কেলেঙ্কারির সঙ্গে সোনালী ব্যাংকের সাবেক এই পরিচালক জড়িত বলে বিভিন্ন মিডিয়া খবর প্রকাশ হয়েছে।

যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার অনুরোধ যোগাযোগমন্ত্রীর :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার অনুরোধ যোগাযোগমন্ত্রীর :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ভাঙাচোরা সড়ক, রাস্তা খোঁড়াখুঁড়ি আর যত্রতত্র পার্কিংয়ের কারণে ভয়াবহ যানজটে গুলিস্তান-ফুলবাড়ি সড়ক। যানজট কমাতে আসন্ন ঈদুল আজহার আগেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আর দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, কমপক্ষে আরো আরো পাঁচ মাস এ ভোগান্তি থাকবে। শুক্রবার সকালে গুলিস্তান-ফুলবাড়িয়া সড়ক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তারা।

একদিকে ফ্লাইওভার নির্মাণের কাজ, অন্যদিকে রাস্তায় চলছে খোঁড়াখুড়ি-সব মিলে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়ি সড়কে অসহনীয় যানজট। তার ওপর রয়েছে রাস্তার অর্ধেকজুড়ে পার্ক আর ডাম্পিং করে রাখা গাড়ি। এ অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে থেকে অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রীরা।

বছরখানেক ধরেই রাস্তা খোঁড়াখুঁড়ি আর দুই বছর ধরে চলা ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। ফলে বঙ্গবাজার থেকে কাপ্তানবাজার পর্যন্ত পুরো এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে গাড়ি ডাম্পিং আর পার্কিং টার্মিনাল গড়ে উঠেছে।

শুক্রবার সকালেগুলিস্তান-ফুলবাড়িয়া সড়ক পরিদর্শন করতে যান যোগাযোগমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, রেলপথমন্ত্রী এবং নৌ পরিবহনমন্ত্রী। রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ ও ফ্লাইওভার নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ জানান যোগাযোগমন্ত্রী। পাশাপাশি এসব গাড়ি পার্কিংয়ের জন্য গুলিস্তানে একটি টার্মিনাল করার কথা বলেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ফ্লাইওভার নির্মাণকাজ শেষ হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
উল্লেখ্য, ২০১০ সালের জুন মাসে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু করে সরকার।

নাফিস ইস্যুতে স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে রাতে বসছেন কূটনীতিকরা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

নাফিস ইস্যুতে স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে রাতে বসছেন কূটনীতিকরা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে আটক নাফিস সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছে সরকার। এজন্য আমেরিকাস্থ বাংলাদেশ দূতাবাসের কনসাল অফিস সে দেশের স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে এক বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার রাতে এ বৈঠকে বসতে রাজি হয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, “আগে নাফিসের নাগরিকত্ব সম্পর্কে জানার চেষ্টা করছে সরকার। সে ক্ষেত্রে জানার চেষ্টা করা হচ্ছে। সে বাংলাদেশী নাগরিক না বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।”

তিনি বলেন, “তার জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হয়ে আমরা আমেরিকার কাছে কনস্যুলার একেসেস চাইব। কনস্যুলার একেসেস’ পেলে বাংলাদেশের একজন কূটনীতিক নাফিসের সঙ্গে একাকী কথা বলার সুযোগ পাবেন।”

তিনি বলেন, “স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক হলেই বিষয়টি পরিষ্কার হবে।”

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগের সব বাংলাদেশীদের ক্ষেত্রে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে, নাফিসের ক্ষেত্রেও সে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার রাতে মার্কিন আমেরিকার নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশী তরুণ কাজী রেজোয়ানুল আহসান নাফিস (২১)।

তবে নাফিসের পরিবার ও এলাকাবাসী দাবি করেছেন, নাফিস নিরীহ ও শান্ত প্রকৃতির ছেলে। তাকে ইচ্ছে করেই এ ঘটনায় ফাঁসানো হতে পারে। হয়তবা বোকা নাফিসকে বড় ধরনের কোনো ষড়যন্ত্রের শিকার বানানো হয়েছে।

হলমার্ক চেয়ারম্যান জেসমিনকে দুদকে জিজ্ঞাসাবাদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক চেয়ারম্যান জেসমিনকে দুদকে জিজ্ঞাসাবাদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ঋণ জালিয়াতির মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে জেসমিনকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। বিকেল চারটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। পরে তাকে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ মঞ্জুর করেন।
সোনালী ব্যাংকের ১৫শ’ ৬৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব মানিকগঞ্জ থেকে গ্রেফতার করে।

হলমার্ক চেয়ারম্যান জেসমিন ৫ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক চেয়ারম্যান জেসমিন ৫ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশেনের (দুদক) উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা এ এন এম আক্তার হামিদ ভূঁইয়া শুক্রবার সাত দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১২ টা থেকে চারটা পর্যন্ত জেসমিনকে দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেফতার করে র‌্যাব। মুকুল নামে হলমার্কের এক কর্মচারীর বাড়িতে জেসমিন ইসলাম আত্মগোপনে ছিলেন।

এই মামলায় জেসমিনসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। মোট ২০৮ কোটি আট লাখ ৭৩ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা তুলে নেয়ার অভিযোগে গত ৭ অক্টোবর ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে হলমার্ক এমডি তানভীর মাহমুদ এবং তার ভায়রা ও প্রতিষ্ঠানের জিএম তুষার আহমেদকে গ্রেফতার করে র‌্যাব।

Friday, October 19, 2012

অবাধে চিংড়ি পোনা আহরণে ধ্বংসপ্রায় জলজসম্পদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

অবাধে চিংড়ি পোনা আহরণে ধ্বংসপ্রায় জলজসম্পদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
একসময় সুন্দরবন ও বাংলাদেশের উপকূলীয় নদীগুলো ছিল অফুরন্ত মৎস্যসম্পদে পূর্ণ। এসব এলাকায় প্রচুর পরিমাণে চিংড়িসহ ১২০ প্রজাতির মাছ ও মাছের পোনা পাওয়া যেত।

আশির দশকে শুরু হয় উপকূলীয় অঞ্চলে নোনা পানির চিংড়ি চাষ। শুরুতে প্রাকৃতিক পোনার উপর ভিত্তি করে প্রধানত বাগদা চিংড়ির চাষ গড়ে উঠে। তবে গত তিন দশকে বিশ্ববাজারে চাহিদা বাড়ার ফলে চিংড়ি চাষের ব্যাপক বিস্তার ঘটে। বর্তমানে সুন্দরবনসংলগ্ন মংলা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে প্রায় দেড় লাখ হেক্টর জমিতে চিংড়ির চাষ হচ্ছে। তবে এটিই কাল হয়েছে স্থানীয় মৎস্যসম্পদের জন্য।

অধিক পোনার চাহিদা পূরণ করতে প্রাকৃতিক উৎসের উপর অত্যধিক চাপ সৃষ্টি হয়েছে।

উপকূলীয় অঞ্চলের দরিদ্র নারী-পুরুষ জীবিকা নির্বাহের সহজ পন্থা হিসেবে নির্বিচারে বিভিন্ন ধরনের নেট জাল ব্যবহার করে বাগদার পোনা (পিএল) ও গলদার রেণু আহরণ করছে। পোনা সংগ্রহকারীদের কাছে বাগদা ও গলদার পোনা ছাড়া অন্যান্য প্রাণীর কদর না থাকায় আহরণের সময় ডাঙ্গায় ফেলে হত্যা করছে ১০০ প্রজাতির জলজ প্রাণী। এ কাজে জড়িত রয়েছে উপকূলীয় অঞ্চলের প্রায় ৫ লাখ মানুষ। ফলে এটি ওই অঞ্চলের জীববৈচিত্র্যর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বাগদা পোনাসহ অন্যান্য মূল্যবান জলজ প্রাণীর প্রাপ্যতা, জালে ধৃত পোনার জোয়ার-ভাটার প্রভাব, পোনা ধরার কাজে নিয়োজিত লোকের সংখ্যা ও পোনার বিস্তৃতি ইত্যাদি বিষয়ে বিস্তৃত তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৯১ থেকে ’৯৭ সাল পর্যন্ত সার্ভে অ্যান্ড এসেসমেন্ট অব শ্রিম্প ফ্রাই রিসোর্স অব বাংলাদেশ নামে প্রকল্প পরিচালনা করে। তাদের জরিপের ফলাফলে জানা যায়, পোনা সংগ্রহকারীরা একটি বাগদার পোনা ধরতে গিয়ে ধ্বংস করছে চাপদা, বাগতারা, ডিমুয়া, রশনাই, ছটকাসহ ৩৮ প্রজাতির চিংড়ি; পারশে, ভেটকি, ভাঙ্গানসহ ৬ প্রজাতির মাছ। এসিটেস, মাইসিড, মেগালোপা, কপিপড, অ্যালিমা, লার্ভি, আই সোপডসহ ৫৬ প্রজাতির জুপাঙ্কনসহ ১০০ প্রজাতির জলজ প্রাণী।

মৎস্য গবেষকদের মতে, দেশে ১৪৭টি চিংড়ি হ্যাচারি রয়েছে। এসব হ্যাচারিতে প্রতি বছর এক হাজার কোটি পোনা উৎপন্ন হয়। অথচ দেশে চাহিদা রয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি পোনা। ফলে প্রাকৃতিক উৎস থেকে পোনা আহরণ করা হয়। আর এসব কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে দেশের বিপুল ও বৈচিত্র্যময় জলজসম্পদ। সূত্র: ওয়েবসাইট।


বিটিসিএলের কলচার্জ কমলো :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

বিটিসিএলের কলচার্জ কমলো :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
মুঠোফোন যুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে ল্যান্ডফোনে মিনিট প্রতি কল চার্জ কমালো রাষ্ট্রায়ত্ব টেলিফোন অপারেটর বিটিসিএল। প্রতি মিনিট ৩০ পয়সার ফ্ল্যাট রেট থেকে বেরিয়ে এসে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত বিল প্রতি মিনিট চার্জ ধরা হয়েছে ১০ পয়সা। তবে বাড়ানো হয়েছে মাসিক ভাড়া। আগামী ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানাগেছে।

বিটিসিএল সূত্রে জানাগেছে, গত সোমবার বিটিসিএলের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে বর্তমানে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম মাল্টি-এক্সচেঞ্জের প্রতিটি টেলিফোনের মাসিক লাইন রেন্ট ৮০ টাকা হলেও এখন তা ১৬০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা শহরের মাসিক লাইন রেন্ট ৭০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং উপজেলা পর্যায়ে ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বিটিসিএলের বোর্ড চেয়ারম্যান এবং টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতেই ছয় মাসের জন্যে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছয় মাস পর এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিবে বোর্ড।

অবশেষে অভিষেক হচ্ছে অ্যাঞ্জিলা জনসনের :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

অবশেষে অভিষেক হচ্ছে অ্যাঞ্জিলা জনসনের :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
অবশেষে বলিউডে বেশ রাজকীয় অভিষেক হতে যাচ্ছে অ্যাঞ্জিলা জনসনের। বলিউডের জনপ্রিয় ও সময়ের সবচেয়ে সফল অভিনেতা সালমান খানের বিপরীতে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে এর জন্য পাক্কা দুই বছর অপেক্ষা করতে হয়েছে তাকে। শুধু সালমানের একটি ‘হ্যাঁ’ এর জন্য।

নিজের প্রোডাকশনের নতুন ছবি ‘শের খান’ নির্মাণের জন্য বেশ কয়েকজন নতুন মুখকেই নির্বাচন করেছিলেন সাল্লু। যার মধ্যে বেশ এগিয়ে ছিলেন অ্যাঞ্জিলা জনসন। অসাধারণ শারীরিক সৌন্দর্যের কারণেই মূলত এদিক থেকে তিনি এগিয়ে ছিলেন। তারপরেও সালমানের পক্ষ থেকে সবুজ বাতির অপেক্ষা করছিলেন সবাই।

অবশেষে সালমান সম্প্রতি অ্যাঞ্জিলাকেই ‘শের খান’ এর প্রধান নারী চরিত্রের জন্য নির্বাচন করেছেন। ছবিটি পরিচালনা করবেন সাল্লুর ভাই সোহেল খান। শুধু তাই নয়, অ্যাঞ্জিলার সৌভাগ্যের দরজা যেন খুলে গেল সালমানের এই ‘হ্যাঁ’ এর মধ্যে দিয়ে। কারণ স্ক্রিপ্টে আগে দুটি নারী চরিত্র রাখা হয়েছিল। কিন্তু সালমানের কথায় একটি চরিত্র বাদ দেয়া হয়েছে। এখন ছবিতে বেশি ফোকাস করা হবে অ্যাঞ্জিলা জনসনকে।

এ বিষয়ে অ্যাঞ্জিলার বক্তব্য হচ্ছে, সালমানের মতো তারকার বিপরীতে কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমাকে এই ছবির জন্য কাস্ট করায় তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। এখন ছবিটির মাধ্যমে নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চাই।

ওদের ভালো হোক: শহিদ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

ওদের ভালো হোক: শহিদ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
  সাইফ-কারিনার বিগ ফ্যাট ওয়েডিংয়ে পদে পদেই ছিল সারপ্রাইজ। বিয়ের তারিখ জল্পনা, ডিজাইনার পোষাকের বদলে খানদানি শরারায় কারিনার বিয়ের পিঁড়িতে বসা, চল্লিস লাখি নবাবি হার...সবকিছুই যেন ছিল রহস্যে মোড়া। তবে বিগেস্ট সারপ্রাইজটা বোধহয় এল এবার। গোটা বলিউডের সঙ্গে সাইফ-কারিনাকে বিয়ের শুভেচ্ছা জানালেন শহিদও। সেই সঙ্গেই ছিল খোলা গলায় কারিনার প্রশংসাও।

সাইফিনার বিয়ের পরই মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন শহিদ। এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র চেষ্টা না করেই ক্যামেরার সামনে বললেন, “আমি সাইফ-কারিনার সুখি বিবাহিত জীবন কামনা কারি। রনধীর কাপুরকেও আমি অভিনন্দন জানাই। মেয়ের বিয়ে যে কোনও বাবার কাছেই একটা বিশাল বড় ব্যাপার। আমি আশা করব কারিনা বিয়ের পরও অভিনয় করবে। ও সত্যিই এই মুহূর্তে ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ অভিনেত্রী।”

বিয়েতে কি নিমন্ত্রণ পেয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তরে অবশ্য একটু হেঁয়ালি করলেন কারিনার প্রাক্তন প্রেমিক। তার জবাব, “ইনভিটেশন মিলা ইয়া নহি মিলা-অব ইসকে বারে মে হম ম্যায় ক্যায় কহু”! (নিমন্ত্রণ পেয়েছি কিনা সেই ব্যাপারে আর আমি কী বলব!) যাই হোক। এবারের মত অনুমানের উপরই ভরসা রাখতে হবে আমাদের। সূত্র: জিনিউজ।

বাড়তি ঘুম শিশুর মনোযোগ বাড়ায় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

বাড়তি ঘুম শিশুর মনোযোগ বাড়ায় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 আপনার শিশুকে আরো কিছুক্ষণ ঘুমাতে দিন। ঘুমের সময় কমিয়ে দিলে তাদের কান্নার ভাব হয়। মেজাজ খিটখিটে হয়। তারা হতাশ থাকে। কানাডার একদল গবেষক এ তথ্য দিয়েছেন।

গবেষকেরা বলছেন, ঘুমের প্রভাব পড়ে শিশুর ব্যবহার ও লেখাপড়া, উভয় ক্ষেত্রে। সাত থেকে ১১ বছর বয়স্ক ৩৩টি শিশুর ওপর দুই সপ্তাহ ধরে গবেষণাটি করা হয়। শিশুদের ওপর পরিচালিত গবেষণা থেকে বলা হচ্ছে, বেশি ঘুমিয়েছে এমন শিশুদের লেখাপড়ায় মনোযোগ বেড়েছে। আচার-আচরণেও ইতিবাচক পরিবর্তন এসেছে।
পর্যবেক্ষণে দেখা যায়, শিশুরা সাধারণত প্রায় নয় দশমিক তিন ঘণ্টা ঘুমায়। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের তথ্যমতে, ১০ ঘণ্টা। সূত্র: ইন্টারনেট।

রাজধানীতে পুলিশ পরিচয়ে ডাকাতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজধানীতে পুলিশ পরিচয়ে ডাকাতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 রাজধানীর মিরপুরে স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেন আব্দুলের বাসায় ডিবি-র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৩৫ ভরি স্বর্ণালংকার, সাড়ে চার লাখ টাকা, একটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার দিবাগত গভীর রাতে মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ১১০০ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন ও পরিবারের লোকজন জানান, রাত তিনটার দিকে তাদের নিজস্ব দেড় তলা ভবনের দেয়াল টপকে ছাদে ওঠে ডাকাতরা। চিলেকোঠার রুমে থাকা ছেলে কাশেমকে অস্ত্রের মুখে জিমি করে নিচে নামে তারা। তাকে ও তার ভাই বাঁধনকে দিয়ে দরজা নক করে চারটি রুমে প্রবেশ করে ডাকাতরা। এ সময় নিজেদের ডিবি-র‌্যাব পরিচয় দিয়ে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে চাদর দিয়ে ঢেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে জিম্মি করে রাখে। তারা ভোর পর্যন্ত লুটপাট চালিয়ে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, সাড়ে চার লাখ টাকা, একটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল নিয়ে চলে যায়।

খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।

শাওনকে হুমকি: ডা. এহসানকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

শাওনকে হুমকি: ডা. এহসানকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি ও তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে গ্রেফতার ডা. এহসানুজ্জামান খানকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত তাকে রিমান্ডে নেয়ার আদেশকেও অবৈধ ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে একই বেঞ্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে তাকে হাজির করার নির্দেশসহ  আটকাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তাকে কেন মুক্তি দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন।

আদালতে রিট (হেবিয়াস কর্পাস) আবেদনটি দায়ের করেন ডা.এহসানুজ্জামানের ভাই মো. আকিলুজ্জামান খান।

আবেদনটির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ কে এম শফিউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত ১৪ অক্টোবর রোববার ডা. এহসানকে রাজধানীর রমনা থানার ইস্কাটন রোডের অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সামনে থেকে র‌্যাব-৩ এর একটি দল গ্রেফতার করে।

এরপর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।