Pages

Wednesday, October 24, 2012

পাইবাসের বদলে শেন জার্গানসেন না রিচার্ড ম্যাকিঞ্জ! :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

পাইবাসের বদলে শেন জার্গানসেন না রিচার্ড ম্যাকিঞ্জ! :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
 মাত্র ৪ মাস আগেই রিচার্ড পাইবাসকে অনেক জল ঘোলা করে মুশফিকদের প্রধান কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছিল। আর ৪ মাসের মধ্যেই কিনা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের আসনটি আবারো খালি হয়ে গেছে! পাইবাস যে মুশফিকদের কোচ হিসেবে আর থাকছেন তা তো গত কয়েক দিনে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু আনুষ্ঠানিকতা বাকি ছিল। সেটাও পাইবাস সেরে দিয়েছেন। এখন দেখার বিষয় বিসিবি কি করে!

কারণ এমন এক সময়ে প্রধান কোচের আসনটি শূন্য হয়ে যে, বিসিবি রীতিমতো বিপাকে পড়েছে। কারণ ১০ দিন পরই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলটি বাংলাদেশে আসছে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে। এমন একটি সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নেই?

এই সময়টাতেই বিসিরিতে নতুন সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্বভার গ্রহণ করলেন। কঠিন সিদ্ধান্ত নিতে হবে নতুন সভাপতিকে। আর সেই সিদ্ধান্ত নিতেই আজ দুপুর ১২টায় মিরপুরে সভাপতি পাপন সহ সকল বোর্ড পরিচালক বৈঠকে বসেছেন।

পাইবাসের বিকল্প নিয়ে সিদ্ধান্তই এই বৈঠকের মূল উদ্দেশ্য। অবশ্য বিসিবি বনাম পাইবাস যুদ্ধ তো শুরু হয়েছে টি২০ বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কা যাবার আগে থেকেই। তখন থেকেই বিসিবি বিকল্প চিন্ত করে রেখেছে। সেই বিকল্প ভাবনাটা কি হতে পারে বিসিবির? অনুসন্ধান করে জানা গেছে বিসিবি এখন জাতীয় ক্রিকেট দলের বোলিং শেন জার্গানসেনকে অথবা একাডেমি দলের কোচ রিচার্ড ম্যাকিঞ্জকে প্রধান কোচের দায়িত্ব দিতে চাইছে। এবং অবশ্যই তা আসন্ন হোম সিরিজ পর্যন্ত।

এই সিদ্ধান্তটি বোর্ডে অনুমোদনে জন্যেই আজ মিরপুরে ঈদের আগে জরুরি বৈঠক। কারণ ঈদের পর যখন অফিস শুরু হবে তখন আর বৈঠক করে পাইবাসের বিকল্প ঘোষণা করার সময় থাকবে না। ৫ নভেম্বর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিসিবির সামনে এই মুহূর্তে এছাড়া কোনো পথ খোলা নেই। তবে সাবেক বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল ক্রিকেট একাডেমির কোচ রিচার্ড ম্যাকিঞ্জের বিষয়ে অনিহা প্রকাশ করেছেন। এখন বিকাল পর্যন্ত অপেক্ষা বিসিবি জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কার নাম ঘোষণা করে!

কোচের দায়িত্বে থাকছেন না পাইবাস :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

কোচের দায়িত্বে থাকছেন না পাইবাস :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
অবশেষে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে থাকা নিয়ে অনাগ্রহের কথা জানিয়েছেন রিচার্ড পাইবাস। এতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে কোচের দায়িত্বে দেখা যাবে না ৪৭ বছর বয়সী এই অস্টেলিয়ানকে।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলের সঙ্গে দেশে ফিরলেও ছুটি নিয়ে চলে যান তার নিজ দেশে। কিন্তু সেখানে কতদিন অবস্থান করবেন তা নিয়ে স্পস্ট করে কিছু বলেননি।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করলেও পাইবাসের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চারমাস আগে বিসিবির সাথে চুক্তিবদ্ধ হোন পাইবাস। এর আগে পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার কোচিংয়ে দায়িত্বের সময় এশিয়া কাপে ফাইনাল খেলার সুযোগ পায় বাংলাদেশ।

কোস্টারিকায় শক্তিশালী ভূমিকম্প :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

কোস্টারিকায় শক্তিশালী ভূমিকম্প :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট
 কোস্টারিকায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৬। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সেখানে বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্প স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী সানজোসের ১৪০ কিলোমিটার পশ্চিমে হোজাঙ্কা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে।

মধ্য আমেরিকান দেশ কোস্টারিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা টেলিভিশন ও বেতার কেন্দ্রকে জানায়, তারা শক্তিশালী ভূমিকম্পের আঘাত টের পেয়েছে। স্থানীয় ভূ-কম্পনবিদরা জানান, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২।

ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এতে বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই।
তবে তারা সতর্ক করে বলেছে, এ ধরনের তীব্রতার ভূমিকম্প স্থানীয় সুনামির সৃষ্টি করতে পারে। এর ফলে সুনামি উৎপত্তির একশ’ কিলোমিটারের মধ্যে উপকূলবর্তী এলাকার ক্ষতি হতে পারে।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কোষ্টারিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রিখটার স্কেলে ৭.৬ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং ঘরবাড়ির অনেক ক্ষতি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: এএফপি।

আবারো সাংবাদিক খুন, আন্দোলন জোরদারের আহ্বান নেতাদের :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

আবারো সাংবাদিক খুন, আন্দোলন জোরদারের আহ্বান নেতাদের :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট
 আরেক সাংবাদিক খুন হলেন নরসিংদীতে। নিহত টি এ কাবিদ জয় ছিলেন নরসিংদীর স্থানীয় দৈনিক ‘নরসিংদীর বাণী’র পৌর প্রতিনিধি । মঙ্গলবার সন্ধ্যায় শহরের শালিধা এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

এ ঘটনায় সাংবাদিক নেতারা তাদের চলমান আন্দোলন জোরদারে দেশের সব সংবাদকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। মূলত পেশাগত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না সেটিও পর্যবেক্ষণ করছেন তারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বার্তা২৪ ডটনেটকে বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত আছে। আর নরসিংদীতে সাংবদিক জয়কে আসলে পেশাগত কারণে নাকি অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে সেটিও আমরা দেখছি।”

বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, “এত আন্দোলনের পরও কীভাবে আবারো সাংবদিক খুন হয়, সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আন্দোলন জোরদারে শিগগিরই আমরা (সাংবাদিক নেতারা) সভায় বসব।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাংবাদিক হত্যার ঘটনা দিন দিন বাড়ছে। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নেয়া উচিত। নয়তো আমাদের পেশাগত ঝুঁকি অনেক বেড়ে যাবে। আর গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশের গণতন্ত্রও বিপণ্ন হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্দোলন জোরদারে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে তেজগাঁও থানা পুলিশ মামলা করেছিল। গত রোববার ওই মামলায় জামিনে থাকা সাংবাদিকদের জামিন বাতিলের আবেদন করে পুলিশ। সোমবার শুনানি শেষে আগামী ৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “আমার দেশের ওই সাংবাদিকরা সবাই নিয়মিত অফিস করছেন। এ অবস্থায় তাদের স্থায়ী ঠিকানা জানতে পুলিশের এই রিমান্ড আবেদন সম্পূর্ণ অযৌক্তিক। এটি মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় এক প্রকার বাধা।”

সাংবাদিকতায় নবাগতদের উদ্দেশে এই সাংবাদিক নেতা বলেন, “এই পেশাটা এমনিতেই ঝুঁকিপূর্ণ। তারপর এসব হত্যাকাণ্ডে তরুণ সংবাদকর্মীদের মাঝে আতঙ্ক বাড়ছে। তবু হতাশ হওয়া যাবে না। সাহসের সঙ্গে ঝুঁকি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।”

গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সব সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি। অভ্যন্তরীণ বিভিন্ন কারণে সাংবাদিকদের বিভক্তি থাকলেও সাংবাদিক হত্যা-নির্যাতন ইস্যুতে তারা প্রথমবারের মতো এক হয়ে রাজপথে আন্দোলনে নামেন।

ব্যর্থতার বেড়াজালে শাবির প্রক্টরিয়াল বডি :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

ব্যর্থতার বেড়াজালে শাবির প্রক্টরিয়াল বডি :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম চলছে অনভিজ্ঞ ও অকর্মান্যদের দিয়ে। ফলে ভেঙে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কার্যক্রম।

গত চার বছরে একের পর এক অনিয়ম ও ব্যর্থতায় প্রকাশ পেলেও এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেনি আওয়ামী লীগপন্থী প্রশাসন। প্রক্টরিয়াল বডির মত গুরুত্বপূর্ণ পদে দলীয় নীতি বাস্তবায়ন ও রদবদলে ব্যস্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১১ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না প্রক্টরিয়াল বডির সদস্যরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, মহাজোট সরকারের ক্ষমতা লাভের পর থেকে শাবির প্রশাসনিকের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হয়। এর মধ্যে কাজে দক্ষতা ও ‘সিনিয়রিটি’ বিচার না করে এসব পদে অদক্ষ ও অপেক্ষাকৃত জুনিয়র শিক্ষকদের দিয়ে এক ধরনের ‘খামোখা’ প্রক্টরিয়াল বডি গঠন করেছেন কর্তৃপক্ষ।

সূত্র জানায়, মহাজোটের মদদপুষ্ট ও নিয়োগ প্রাপ্ত প্রক্টরিয়াল বডির সদস্যদের অধিকাংশই নিয়মিত অফিস কিংবা ক্যাম্পাসের আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণে তৎপরতা নেই। বরং অনেকে একটি ছাত্র সংগঠনের পেটুয়া হিসেবে ব্যবহৃত হচ্ছেন। অনেক সদস্য মাসের পর মাস সুবিধা নিলেও বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বজায় রাখায় তাদের মাথা ব্যথা নেই।

এর মধ্যে বিগত বছরগুলিতে ক্যাম্পাসে কারণ ছাড়াই বিভিন্ন সময় হোস্টেল ও মেসের নিরীহ শিক্ষার্থীরা পুলিশী তল্লাশি ও গ্রেফতারের শিকার হলেও প্রক্টরিয়াল বডি ছিলেন নিরব।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাসের বাইরে কোনো সমস্যায় পড়লে প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে পান না। এর মধ্যে সাবেক প্রক্টর ড. সাইফুল ইসলামের রেকর্ট ছিল সবচেয়ে বেশি। শিক্ষার্থীরা তাকে ফোন দিলে তিনি ধমক দিয়ে ফোন কেটে দিতেন।

অপরদিকে প্রক্টরিয়াল বডির সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের উদাসিনতা এবং তাদের ব্যর্থতার কারণে বিশ্ববিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও যৌন হয়রানিমূলক অপরাধ বৃদ্ধি পায়। সন্ধ্যার হলেই শহীদ মিনার, ছাত্রী হল ও আশপাশ এলাকায় বখাটেরদের দৌরাত্ব বেড়ে যায়।

তাছাড়া ক্যাম্পাস বন্ধ হলে শিক্ষার্থীরা আতঙ্কে থাকেন। এসব স্থানে বখাটেরা ফেনসিডিল ও মদ্য পানের নিরাপদ স্থান হিসেবে বেছে নেয়। গত সাড়ে তিন বছরে পুলিশ বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা থেকে একাধিক বখাটে, মদ্যপ, ফেনসিডিল ও জুয়াখোরদের আটক করে।

অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতা, ক্যাম্পাসের সাংবাদিকদের সম্পর্কে বিষেদগার ও বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ার হুমকি দেয়ায় ক্যাম্পাস ও সিলেট শহরে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। এর মধ্যে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সাবেক প্রক্টর অধ্যাপক ড. এস এম সাইফুল নিজেই শ্যামলী পরিবহন শ্রমিকদের হাতে লাঞ্ছিত হন।

নানা অনিয়ম ও ব্যর্থতার কারণে ভিসি ড. মো. সালেহ উদ্দিনের তোপের মুখে পড়লে ভিসি বিরোধী ড. সুশান্ত ও ড. ইউনুসের নেতৃত্বাধীন শিক্ষকদের ওই প্যানেলের প্রক্টর ড. এস এম সাইফুল ইসলামসহ অপর চার সহকারী প্রক্টর চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী রবিন, ইসরাত ইবনে ইসমাঈল,  সাঈদ আরেফিন খান নোবেল, আসিফ ইকবাল পদত্যাগ করতে বাধ্য হন।

পরে প্রশাসন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়কে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়। তবে নিয়োগের পরপরই তিনিও ব্যর্থ হন আইনশৃঙ্খলা রক্ষায়।

গত বছরের ডিসেম্বরে  বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অনিক ও খাইরুল হত্যার জের ধরে ক্যাম্পাসে ব্যাপক তাণ্ডবলীলা চালায় শিক্ষার্থীরা। অথচ তাঁর নেতৃত্বাধীন প্রক্টরিয়াল বডি কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

বিভিন্ন দাবিতে ছাত্রলীগ উপাচার্যকে প্রশাসনিক ভবনে দিনভর অবরুদ্ধ করে রাখলেও ব্যবস্থা নেয়নি এই আইন শৃঙ্খলা বাহিনী বরং এ ক্ষেত্রে তারা ছিলেন টুনো সরদারের ভূমিকায়।

তাছাড়া জানুয়ারিতে ছাত্রলীগ-শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় প্রক্টরিয়াল বডির ব্যর্থতার কারণে সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

শাবির প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। ক্যাম্পাস বা বাইরে কোনো শিক্ষার্থী বিপদে পড়লে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদেরকে ফোন দিলে অধিকাংশ সময়েই ফোন বন্ধ পান শিক্ষার্থীরা। আবার অনেক সময় বাড়িতে থাকলে প্রক্টরিয়াল বডি স্ত্রীদের দিয়ে ফোনে কথা বলানোরও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সিনিয়র শিক্ষাকগণ আশঙ্কা পোষণ করে বলেন, অতীতের তুলনায় শাবির আইন শৃঙ্খলার মেরুদণ্ড ভেঙ্গে গেছে। যারা আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত, তারা এ কাজে এক্সট্রা সম্মানি পান। তবে কাজের দায়বদ্ধতা না থাকায় দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলায় তারাও আইন ভঙ্গে লিপ্ত।

পঞ্চগড়ে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

পঞ্চগড়ে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 পঞ্চগড়ে ধানক্ষেতে পোকার আক্রমণ ঠেকাতে পরিবেশবান্ধব আলোক ফাঁদ স্থানীয় কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। অতিরিক্ত টাকা খরচ করে কীটনাশক ব্যবহার না করে কম খরচের এই পদ্ধতিতে উপকৃত হচ্ছেন গ্রামের সাধারণ কৃষকরা।

আলোক ফাঁদ পদ্ধতি অনেক পুরনো হলেও পঞ্চগড় জেলায় নতুন করে এটা চালু হয়েছে। এতে কৃষকরা কীটনাশক ব্যবহার না করে ফসল ফলানোর নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এখন থেকে জমিতে ধানসহ যে কোনো ফসল ফলাতে কৃষকদের অতিরিক্তি টাকা খরচ করে কীটনাশক ব্যবহার করতে হবে না। পঞ্চগড় সদরের মীরগড় ব্লকের বিভিন্ন কৃষি জমিতে এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে।

এই পদ্ধতিতে কৃষি জমির এক অংশে বিদুৎ অথবা চার্জার লাইটের আলো এবং তার নিচের একটি পাত্রে পানি দিয়ে বিশেষ পদ্ধতিতে আলোক ফাঁদ বানানো হচ্ছে। এতে যে জমিতে ক্ষতিকর পোকার সংখ্যা বেশি, সেই জমিতে পরপর কয়েক দিন ফাঁদ পাতার মাধ্যমে পোকা নিধন করা সম্ভব হচ্ছে।

কমলাপুর এলাকার কৃষক নজরল ইসলাম জানান, এই পদ্ধতিতে সামান্য ডিটারজেন্ট ও পানি মিশিয়ে পোকা দমন করা যায়।

সদর উপজেলার মীরগড় ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা গুলজার রহমান আনসারী বলেন, যে এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই সেখানে টর্চ লাইটের আলো বা অন্য কোনো আলো ফেলে এ ফাঁদ ব্যবহার করা যায়। এতে কৃষকদের যেমন উৎপাদন ব্যয় কমবে, তেমনি বিষমুক্ত ফসল পাবেন সাধারণ মানুষ। এ ফাঁদ ইতিমধ্যে জেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে।

থ্রিজি নিয়ে ভোগান্তি :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

থ্রিজি নিয়ে ভোগান্তি :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
মুঠোফোনে থ্রিজি সেবা চালু করতে না করতেই ভোগান্তিতে পড়েছেন টেলিটক গ্রাহকরা। গত সোমবার মধ্যরাতের পর থেকে টুজি সিম থ্রিজিতে মাইগ্রেট করতে গেলে এ সমস্যা দেখা দেয়। মঙ্গলবার রাত পর্যন্ত এই ভোগান্তির অবসান হয়নি।

বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরোপুরি সমস্যার সমাধান সম্ভব হয়নি বলে একাধিক গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।

গ্রাহদের অভিযোগ, বিনা নোটিশেই নেটওয়ার্ক ও সেবা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাদের। টেলিটক থেকে অন্য মোবাইলে ফোন করতে দফায় দফায় বিড়ম্বনায় পড়ছেন তারা। অন্য অপারেটর থেকেও টেলিটকে ফোন আসেনি। এ বিষয়ে অভিযোগ জানাতে বারবার টেলিটক কাস্টমার কেয়ারে ফোন করেও সেখান থেকে সাড়া না মেলেনি।

থ্রিজি সেবাতেও বিদেশী অপারেটরদের আধিপত্য বিস্তার করতে টেলিটক’র অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেবা নিয়ে এমন ভোগান্তির সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন টেলিটক এর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক। তাদের অভিযোগ, সেবা দিতে কারিগরি মানোন্নয়নে কিছুটা সমস্যা হতেই পারে। তাই বলে কি একটি ক্ষুদে বার্তা দিয়ে জানানো খুব কঠিন কিছু? কাস্টমার কেয়ারে বারবার ফোন দিয়েও কেন পাওয়া যাবে না?

প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে টেলিটক নেটওয়ার্ক আপগ্রেডেশনের কাজ শুরু করে। ওই সময় থেকেই সমস্যায় পড়েন সারা দেশের গ্রাহকরা। টেলিটক সূত্রে জানা গেছে, নেটওয়ার্ক ভোগান্তিতে পড়া গ্রাহকের সংখ্যা ১০ হাজারের বেশি হবে। এ বিষয়ে টেলিটকের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, “পুরনো গ্রাহকদের মধ্যে যারা টুজি থেকে থ্রিজিতে উন্নীত হচ্ছিলেন তাদেরই এ সমস্যা হয়েছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এখন যেসব সিম বিক্রি হচ্ছে তার সবই থ্রিজি ফলে আগামীতে আর এ সমস্যা হবে না।” তিনি জানান, সমস্যা এড়াতে কিছু কৌশল হাতে নেয়া হয়েছে।

জানা জায়, টুজি সিমকে থ্রিজিতে উন্নীত করতে গেলে পুরনো সিম তা সাপোর্ট করেনি। ফলে সিম অকার্যকর হয়ে যায়। টেলিটক কর্তৃপক্ষ ওই সিমের বদলে নতুন থ্রিজি সিম সরবরাহ করবে গ্রাহকদের।

টেলিযোগাযোগ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের অভিমত, সব ধরনের প্রস্তুতি না নিয়েই টেলিটকের থ্রিজি চালু করায় এ সমস্যা হচ্ছে। আগামীতে অপারেটরটিকে এ ধরনের আরো সমস্যায় পড়তে হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘গ্রাহক সংখ্যা বাড়লে সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে।’

একাধিক সূত্রে জানা গেছে, টেলিটক অবকাঠামো নির্মাণের কাজ এখনো শেষ করতে পারেনি। দেশীয় ৫টি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সঙ্গে লিংক তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। এসব বাস্তবায়ন করতে আরো সময় প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেলগুলোর লিংক শেয়ার, কনটেন্ট প্রোভাইডারদের সঙ্গে চুক্তির বিষয়গুলোও সম্পন্ন না হওয়ায় আপাতত থ্রিজি দিয়ে স্যাটেলাইট টিভিতে সরাসরি খেলা দেখা আপাতত সম্ভব হবে না।

ব্রিটনি স্পিয়ারস’র বিয়ের প্রস্তুতি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

ব্রিটনি স্পিয়ারস’র বিয়ের প্রস্তুতি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
ছেলে বন্ধু জেসন ট্রাওয়েকের সঙ্গে গাঁটছড়া বাঁধার উদ্দেশ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ারস। আর তাই বিশেষ ডায়েট করছেন তিনি। তিন বছর ডেট করার পর গেল বছর ডিসেম্বরে ট্রাওয়েকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ব্রিটনি।

সম্প্রতি জানা গেছে, আমেরিকার এক্স ফ্যাক্টর শোটি শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। এক্স ফ্যাক্টর বিচারক ব্রিটনি এখন থেকেই নিজের শরীরের প্রতি বিশেষ নজর রাখা শুরু করেছেন। তিনি ব্রাইডজেলা ডায়েট করছেন যেন বিয়ের দিন তাকে দেখতে সবচেয়ে আকর্ষণীয় লাগে। তিনি বিয়ের দিনে তার চেহারা এবং আউটফিট নিয়ে সচেতন। এক্স ফ্যাক্টর শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন এ পপ তারকা।

গর্ভাবস্থায় চিপস খেলে নবজাতকের ওজন কম হয় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

গর্ভাবস্থায় চিপস খেলে নবজাতকের ওজন কম হয় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট




 গর্ভাবস্থায় যেসব নারী চিপস খান তাদের সন্তান কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। স্পেনের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।



সেন্টার ফর রিসার্চ ইন এনভায়রনমেন্ট এপিডেমিওলজির (সিআরইএএ) গবেষকরা
জানান, গর্ভাবস্থায় চিপস খেলে নবজাতক শিশুর স্বাস্থ্য সমস্যা হওয়ার অধিক
ঝুঁকি রয়েছে। চিপসে এক্রিলিমিড নামে এক ধরনের উপাদান আছে, যা শিশুর মাথার
আকৃতি ছোট করে দেয়। সাধারণত ভাজা-পোড়া, তৈলাক্ত খাবার ও কফিতে এক্রিলিমিড
নামের রাসায়নিক উপাদানটি থাকে।



যেসব মা গর্ভাবস্থায় অধিক পরিমাণে চিপস, ক্রিপস এবং বিস্কুট জাতীয় খাবার খান তাদের শিশুদের গড় ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়।



বিষয়টি নিয়ে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেনমার্ক, যুক্তরাজ্য, গ্রিস,
নরওয়ে ও স্পেনের  এক হাজার ১০০ গর্ভবতী মহিলার ওপর পরীক্ষা চালানো হয়। এ
সময় দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় চিপস জাতীয় খাবার খেতে বেশি পছন্দ
করেছেন তাদের সন্তানের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়েছে।



এ সময় দেখা যায় ১৮৬ মহিলার শিশু খুব ছোট মাথা ও ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে।
কারণ খুঁজতে গিয়ে আমরা তাদের খাদ্য তালিকার খোঁজ করি এবং দেখতে পাই তারা
অধিক পরিমাণ চিপস জাতীয় খাদ্য গ্রহণ করেছেন। ফলে তাদের গর্ভের সন্তান কম
ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। সূত্র: ডেইলি মৈইল।


আজ শুভ বিজয়া :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আজ শুভ বিজয়া :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ আহ্বান নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বুধবার সমাপন ঘটবে হিন্দু সমপ্রদায়ের সবচে বড় উত্সব শারদীয় দুর্গাপূজা। আজ শুভ বিজয়া।

সনাতন বিশ্বাসে শনিবারের বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে। টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে আজ ফিরে যাবেন কৈলাশে স্বামী শিবের সান্নিধ্যে। গজগামিনী দেবী ফিরে যাবেন নৌকায়। ফল-মড়ক।

আজ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল। ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্র পাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। ধান, দুর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানাবে ভক্তরা।

একদিকে বিদায়ের সুর। অন্যদিকে উত্সবের আমেজ। ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, তাঁতী বাজার, শাঁখারী বাজার, স্বামীবাগসহ বিভিন্ন মণ্ডপে চলবে আবির উত্সব। সকালে দেয়া হবে দর্পণ ঘট বিসর্জন। রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিজয়া শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হবে। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। বঙ্গভবনসহ গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জিত করা হয়েছে।

যানজটে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

যানজটে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সাভারের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে ঈদে বাড়িমুখি হাজার হাজার যাত্রী। যানজটের কারণে সিডিউল অনুযায়ী বাস না ছাড়ার কারণে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে দেখা গেছে যাত্রীদের ভিড়। মঙ্গলবার বিকাল থেকে রাস্তায় থেমে থেমে যানজট লেগে আছে। বুধবার শেষ খবর পাওয়া পর্যন্তও যানজট লেগেই আছে। রাস্তার কোথাও কোথাও পুলিশ দেখা গেলেও যানজট নিরসনে তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীগামী একটি বাসের যাত্রী রাসেল মোস্তাফিজ জানান, গতকাল রাত ১১ টার সময় তিনি ঢাকা থেকে রাজশাহীর গাড়িতে ওঠেন। আজ বেলা ১১টার সময় রাজশাহী পৌঁছান। সাধারণত রাজশাহী পৌঁছাতে সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে। অন্যদিকে এ মহাসড়কে পযাপ্ত র‌্যাব ও ট্রাফিক পুলিশ না থাকায় যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। মহাসড়কে যানজট থাকার কারণে দুই দিনেও বাড়ি যেতে পারছে না উত্তরাঞ্চলের লাখ লাখ ঘরমুখী মানুষ। প্রতিবছর ঈদের তিন মাস আগে ঢাক-ডোল পিটিয়ে যোগাযোগ মন্ত্রণালয় রাস্তায় নামার কথা বললেও শেষ বেলায় তাদের পাওয়া যায়না। যানজটের কারণে বাসের শিডিউল বিপর্যস্ত। এজন্য ঘরমুখো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বাস টার্মিনালে। কিন্তু বাসের কোনো দেখা নেই। সময়মতো কোনো বাসই ছাড়তে পারছে না টার্মিনাল থেকে। বুধবার সকালে রাজধানীর আসাদগেট জবা পরিবহন ও এসবি কাউন্টারে গিয়ে দেখা যায় শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জবা পরিবহনের কাউন্টার ম্যানেজার হালিম জানান, গাবতলী থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট থাকায় বাসগুলো যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে ফিরতে দেরি হচ্ছে। এ কারণে আমরা সময় মতো যাত্রীদের পৌঁছেদিতে পারছিনা। সরকার এ মহাসড়কটি মেরামত করলে যাত্রীদের ভোগান্তি কমে যাবে। রাজধানী থেকে কুড়িগ্রামে ঈদের ছুটিতে যাচ্ছেন শহিদুর রহমানের চার সদস্যের পরিবার। তাদের নিয়ে টার্মিনালের এক কোনে বসে কলা ও পাউরটি খাচ্ছেন তিনি। তিনি বলেন, এসবি পরিবহনে কুড়িগ্রাম যাওয়ার জন্য গত ১৭ অক্টোবর অগ্রিম টিকিট কেটেছি। রাত ১০টায় বাস। রাত ৯টার দিকে কোনো রকম খেয়ে না খেয়ে গাবতলী এসে পৌঁছেছি। এখন সকাল ১১ বাজে। যারা ৯টার টিকিট কেটেছিল, তারাই এখনো যেতে পারেনি। শুনেছি, ঘাটেও অনেক যানজট। গাবতলী বাস টার্মিনালে দেখা গেল মানুষের হতাশা। সকাল সাড়ে ৭টার বাস ছাড়ছে দেড়টায় আর ১০টার বাস ছাড়ছে ৩টায়। যেসব পরিবহন কোম্পানি অতিরিক্ত ট্রিপের জন্য রিজার্ভ বাস রেখেছিল, তারা সে বাসগুলো দিয়ে কোনো রকম চালিয়ে নিলেও যাদের এ ব্যবস্থা নেই তারা আছে মহাবিপদে। একদিকে যাত্রীদের চাপ অন্যদিকে ব্যবসায়িক ক্ষতি। অনেক কাউন্টার থেকে স্টাফরা যাত্রীদের ভয়ে আশপাশে ঘুরছেন আর বারবার ফোনে বাসের অবস্থান জানছেন।

সোনারগাঁওয়ে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২০ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

সোনারগাঁওয়ে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২০ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতু এলাকায় বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসের ২০ বাস যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ইলিয়াটগঞ্জ থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী মেঘনা সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশবর্তী বৈদ্যুতিক খুটিতে সজোরে ধাক্কা খায়।

এতে বাসের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে বাসটি সম্পূর্ণ ভূস্মিভূত হয়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরণের কোনো অঘটন ঘটেনি।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল বার্তা২৪ ডটনেটকে জানান, যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে সৃষ্ট আগুনে পুরো বাস ভূস্মিভুত হয়ে গেছে।

ক্যারিয়ার বিষয়ে অরেঞ্জ বিডি’র সেমিনার :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

ক্যারিয়ার বিষয়ে অরেঞ্জ বিডি’র সেমিনার :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
তথ্য প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে থাকা অরেঞ্জ বিডি’র পক্ষ থেকে গত শনিবার ক্যারিয়ার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আহসানল্লাহ্  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল  সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারের বিষয় ছিল ‘ক্যারিয়ার ফর আইসিটি ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট’।

সেমিনারে ওয়েব প্রোগ্রামার, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভলপার এবং জবসইনবিডি সম্পর্কিত নানা তথ্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অরেঞ্জ বিডি’র পক্ষ থেকে ওয়েব সলিউশন পরিচালক মো. হাফিজ আহমেদ বক্তব্য রাখেন। তিনি কিভাবে আইসিটিতে ক্যারিয়ার উন্নত করা যায় এ বিষয়ে দিকনির্দেশনা দেন।

বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার মো. আশরাফউজ্জামান খান অরেঞ্জ বিডি এবং আইসিটি ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্টের পদক্ষেপগুলো, অরেঞ্জ বিডির উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা, OSET এর পটভূমি ও উদ্দেশ্য, আইসিটি ওয়ার্ক ফোর্স’র চ্যালেঞ্ সমূহ এবং কিভাবে OSET এসব চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় সহায়তা করবে এসব বিষয়ে আলোচনা করেন। সবশেষে মার্কেটিং এক্সিকিউটিব মাহমুদুল হাসান জবসইনবিডি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ড. এস.এম.আবদুল্লাহ আল-মামুন ও মো. আবুল হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সামিউদ্দিন মো. আরিফুর রাহমান ও মি. ববি বড়ুয়া।

শাহ্রিয়ার শাম্স তমালের সঞ্চালনায় বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে একটানা দেড় ঘণ্টা চলার পর বিকেল পাঁচটায় সেমিনার সমাপ্ত হয়। এছাড়া দিনব্যাপী জবসইন বিডির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। -বিজ্ঞপ্তি

মালালার জন্য গান :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

মালালার জন্য গান :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
  নারী শিক্ষা আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ১৪ বছরের কিশোরী মালালা ইউসুফজাইকে নিয়ে গান লিখেছেন নন্দিত গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রমিথিউসের বিপ্লব। ‘তুমি হৃদয়ের অনুভূতি/তুমি বিবেকের প্রতিশ্রুতি/ফিরে এসো ফিরো এসো/ প্রাণের আকুতি/পৃথিবীর আকুতি/মালালা মালালা/ নও তুমি একলা’ শীর্ষক গানটির  সুর ও সঙ্গীতায়োজন করেছেন বিপ্লব নিজেই।  গানটি শীঘ্রই শুনতে পাওয়া যাবে প্রমিথিউস ব্যান্ডের নিজস্ব ওয়েবসাইটসহ দুটি ওয়েবসাইটে (www.prometheusbd.com/ www.levelzerodb.com)।
 
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, “নারীদের শিক্ষার অধিকার এবং মানুষের চিন্তার অবরুদ্ধতার বিরুদ্ধে মালালা যে বিদ্রোহ করেছে তা হচ্ছে মানুষকে উন্নত চেতনায় সমৃদ্ধ করার সংগ্রাম। মালালা মানুষের চেতনায় এবং হৃদয়ে আলো বিতরণের যে কর্মসূচি গ্রহণ করেছে, তাতে অংশগ্রহণের দায় থেকেই বাংলাদেশের পক্ষে এই গানটি লিখতে অনুপ্রাণিত হয়েছি।”
 
শিল্পী বিপ্লব বলেন, “চেতনা ও হৃদয়ের তাগিদ এবং দায়বদ্ধতা থেকে বাংলাদেশের শিল্পী সমাজের পক্ষে আমার এই গান। সব আশঙ্কাকে মিথ্যে করে দিয়ে মানুষের মাঝে আশার বাতিঘর হয়ে ফিরে আসুক মালালা, শিল্পী হিসেবে এটাই আমার কামনা।”

Tuesday, October 23, 2012

মিয়ানমারে পশু কোরবানির কঠিন শর্ত, ঈদের নামাজ অনিশ্চিত :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

মিয়ানমারে পশু কোরবানির কঠিন শর্ত, ঈদের নামাজ অনিশ্চিত :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

 নিজ বাসভূমিতে অবরুদ্ধ মিয়ানমারের মুসলমানদের আসন্ন ঈদুল আজহায় পশু কোরবানির মৌখিক অনুমতি দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী নাসাকার স্থানীয় কমান্ডাররা। তবে শর্ত দেয়া হয়েছে- যেসব পশুর কোনো ব্যবহার উপযোগিতা রয়েছে যেমন- চাষাবাদের কাজে বা বোঝা বহনের কাজে লাগে কিংবা দুধ দেয়-এমন পশু কোরবানি করা যাবে না।

গত কয়েক মাসের মুসলিম বিরোধী সহিংসতায় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট হওয়ার পর সংখ্যালঘু মুসলমানরা এখন প্রায় সর্বস্বান্ত। রাখাইন ও নাসাকা বাহিনী মুসলমানদের গরু, ছাগলসহ গবাদিপশুও কেড়ে নিয়ে গেছে। এছাড়া, সামর্থবান রোহিঙ্গা মুসলমানদের ধরে নিয়ে গিয়ে মোটা অংকের মুক্তিপণ আদায় করেছে নাসাকা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

এ অবস্থায়  সেখানকার অনেক মুসলমানেরই এবার কোরবানি দেয়ার সামর্থ নেই। তারপরও যদি কেউ কোরবানি দিতে চায়, তাকে বেশি দামে পশু কিনতে হবে মগ কিংবা নাসাকা বাহিনীর কাছ থেকে। সেখানেও রয়েছে আরেক দফা বিপদ।

সর্বোপরি, সুস্থ ও তাজা পশু কোরবানির জন্য যেখানে ধর্মীয়  নির্দেশনা রয়েছে সেখানে  নাসাকা কমান্ডারের নির্দেশ মতো ব্যবহার অনুপোযোগী পশু কোরবানি জায়েজ হবে কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন মুসলমানরা।

কোরবানি নিয়ে এ রকম একটি আশংকা যেমন রয়েছে- তেমনি ঈদের নামাজ পড়া যাবে কিনা বা কোথায় জামায়াত হবে তা এখনো অনিশ্চিত। তবে মংডু থেকে টেলিফোনে একজন মুসলিম নাগরিক জানালেন,  নাসাকা বাহিনী বলেছে- নামাজের বিষয়টি ঈদের দিনই জানানো হবে।

উল্লেখ্য, গত জুন মাসে মুসলিমবিরোধী সহিংসতা শুরু হওয়ার পর মুসলিম অধ্যুষিত এলাকাগুলো নাসাকা, সেনাবাহিনী ও সশস্ত্র রাখাইনরা ঘিরে রেখেছে। সেখানে মসজিদ ও মক্তবগুলো রয়েছে তালাবন্ধ। আজান ও প্রকাশ্যে নামাজ পরার সুযোগ নেই মুসলমানদের।

এদিকে, মুসলিম অধ্যুষিত আকিয়াবে পূর্ব ও উত্তর পাশের চারটি থানা এলাকায় বৌদ্ধ মগদের ডাকে  শনিবার হরতাল ও বিক্ষোভ মিছিল অয়োজন করা হয়।

তাদের দাবি হচ্ছে, মুসলমানদের মিয়ানমারের নাগরিকত্ব বাতিল, তাদেরকে শহর এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া এবং বাংলাদেশে বৌদ্ধদের ওপর হামলার বিচার করা ও ক্ষতিপূরণ দেয়া। সূত্র: আইআরআইবি

জেলখানা পরিদর্শনের অনুমতি পাননি আহমাদিনেজাদ :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

জেলখানা পরিদর্শনের অনুমতি পাননি আহমাদিনেজাদ :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট
 ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা জেলাখানা পরিদর্শনে অনুমতি দেয়নি।

রাজধানী তেহরানের উত্তর দিকে অবস্থিত ওই জেলখানায় তার একজন খুব কাছের সহযোগীকে আটক করার পর তাকে সেখানে যেতে বলা হলেও পরে তা স্থগিত করা হয়।

বিচার বিভাগ থেকে বলা হয়েছে এ মুহূর্তে জেলখানায় পরিদর্শনে যাওয়া তার জন্য সময়োপযোগী হবে না।

তার চেয়ে দেশের অর্থনীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার কাছে বেশি গুরুত্ব পাওয়া উচিত।

প্রেসিডেন্ট আহমাদিনেজাদ জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক ছিলেন তখন বিচার বিভাগের কর্মকর্তারা তার খুব ঘনিষ্ঠ একজন সহকারীকে আটক করে এবং জেলে পাঠায়।

গত মাসে আটক হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরানের কয়েকজন নেতাকে অপমান করেছেন।

সে ঘটনার পর এ মাসের শুরুতে আহমাদিনেজাদকে জেলখানা পরিদর্শনের জন্য যেতে বলা হয়।

ইরানের রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত এই জেলখানাটি নাম এভিন জেলখানা। কুখ্যাত এভিন জেলখানা নামে সবাই চেনে।

কিন্তু এখন ওই বিচার বিভাগ থেকে বলা হচ্ছে, প্রেসিডেন্ট এখন ওই জেলখানা পরিদর্শনে যেতে পারবেন না যেখানে তার ঘনিষ্ঠ সহকারী আটক রয়েছেন।

বিচার বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যাতে প্রেসিডেন্টের মনোযোগ দেয়া উচিত। তার মধ্যে দেশের অর্থনীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

এই মুখপাত্র আরো বলেছেন, এই মুহূর্তে প্রেসিডেন্টের জেলখানা পরিদর্শনের ব্যাপারটি, তার বিবেচনা বোধের ভুল ব্যাখ্যা দাঁড় করানো হবে।

এই ঘটনা এমন এক সময় ঘটল যার আট মাস পর প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ক্ষমতার সময়সীমা শেষ হবে। সূত্র: বিবিসি

মামলা প্রত্যাহারে আমার দেশ সংবাদকর্মীদের আল্টিমেটাম :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

মামলা প্রত্যাহারে আমার দেশ সংবাদকর্মীদের আল্টিমেটাম :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট
 ঈদুল আজহার আগে দৈনিক আমার দেশ’র সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন পত্রিকাটির সাংবাদিক-কর্মচারীরা। মামলা প্রত্যাহার করা না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
 
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ পরিবার আয়োজিত প্রতিবাদ সমাবেশে মাহমুদুর রহমান এ কথা বলেন। দৈনিকটির সব সাংবাদিকের রিমান্ড চাওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
 
মাহমুদুর রহমান বলেন, “এই ফ্যাসিবাদী সরকার আমাকে ৫৭ টি মামলা ও ১৪ দিন রিমান্ডে নিয়েছিল। আবার নতুন করে আমার দেশ’র সাংবাদিকরা আওয়ামী আক্রমণের শিকার হয়েছেন। আজকে যা চলছে পৃথিবীর ইতিহাসে এ রকম দ্বিতীয় উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না।”
 
তিনি বলেন, “আমার দেশ’র চার’শ সাংবাদিকের নামে মামলা দিয়েছে। নাম না জানায় তাদের সবার রিমান্ড চাওয়া হয়েছে। এ মামলায় এজহারভুক্ত আসামি সাতজন। এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সেক্রেটারি সৈয়দ আবদাল হোসেনের নাম রয়েছে। গণতান্ত্রিক সরকারের আমলে জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারির রিমান্ড ও গ্রেফতারের কথা বলা হতে পারে-এর চেয়ে ধৃষ্ঠতা আর নেই। এ সরকার পৃথিবীর সব স্বৈরশাসককে হার মানিয়েছে। তাই এ সরকারকে গণতান্ত্রিক সরকার বলা যায় না।”
 
মাহমুদুর রহমান বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের জন্য আন্দোলনে আসিনি। আমরা আমাদের পেশার স্বাধীনতার জন্য আন্দোলনে এসেছি।”
 
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আমার সহকর্মীদের রিমান্ডে নয়, আমাকে রিমান্ডে নিন। আপনি একদিকে গণতন্ত্রের কথা বলবেন, আরেকদিকে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবেন-এটা হতে পারে না।”
 
মাহমুদুর রহমান বলেন, “আজ বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা বিপন্ন। তাই এই পাগলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। এই সরকার মস্তিষ্ক বিকৃত সরকার। কারণ, বিভিন্নভাবে গণতন্ত্রের স্বাধীনতাকে পদদলিত করছে।”
 
সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দীন সবুজ বলেন, “আজ বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা বিপন্ন। সরকার মিডিয়ার ওপর যে নির্যাতন করছে এটা বন্ধ করা উচিত। এভাবে চলতে পারে না। এসব হয়রানি সংবাদপত্রের ওপর নগ্ন হামলা।”
 
প্রেস ক্লাবের সেক্রেটারি সৈয়দ আবদাল হোসেন বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাংবাদিকরা আক্রান্ত হয়। এ পর্যন্ত ১৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এর বিচার নেই। চ্যানেল ওয়ান বন্ধ করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই সরকার মিডিয়া দলন করছে।”
 
তিনি বলেন, “সাংবাদিকদের নাম জানার জন্য রিমান্ডের আবেদন করা কোনো সভ্য আচরণ নয়। এ সরকারের মধ্যে সভ্য কিছু নেই বলেই অসভ্য আচরণ করছে।”
 
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহিদ বলেন, “প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন। আবার তিনিই সংবাদপত্রের কভারেজ বন্ধ করে কণ্ঠ রোধ করেন। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তাই এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।”
 
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাকের হোসাইন স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশে বলেন, “পারফরমেন্স যদি দেখাতে হয় তাহলে ভালো ভালো জায়গা আছে। সেখানে পারফরমেন্স দেখিয়ে মন্ত্রিত্ব পাকাপোক্ত করতে পারেন।”
 
তিনি বলেন, “রিমান্ডের ভয় দেখিয়ে লাভ নেই। ২০১০ সালে আপনার সরকারের ভরা যৌবন ছিল, এখনতো বার্ধক্য পৌঁছেছেন। যদি বোধ ও মান সন্মান থাকে তাহলে এ কাজ থেকে দূরে থাকবেন। অপেক্ষা করুন আপনাদের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। তখন আপনাদের রিমান্ড নেয়া হবে।”
 
অনুষ্ঠান পরিচালনা করেন কবি আব্দুল হাই শিকদার।
 
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা কে এম আব্দুল্লাহ, শহীদুল ইসলাম, নুরুল আমীন রোকন, এম এ আজিজ, জাহাঙ্গীর আলম প্রধান, আমার দেশ’র টিম লিডার বাছির কামাল, সাংবাদিক ওলিউল্লাহ নোমান ও আলাউদ্দীন আরিফ প্রমুখ।

আমার দেশ সাংবাদিকদের রিমান্ড শুনানি ৩ ডিসেম্বর :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

আমার দেশ সাংবাদিকদের রিমান্ড শুনানি ৩ ডিসেম্বর :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট
 দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্য সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলার শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
 
ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী সোমবার এ আদেশ দেন।
 
আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ মামলার শুনানির জন্য পরবর্তী তারিখ চেয়ে আবেদন করলে বিচারক শুনানি শেষে আগামী ৩ ডিসেম্বর মামলার শুনানির দিন ধার্য করেন।
 
রোববার এ মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব হাসান দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ পাঁচ সাংবাদিকের জামিন বাতিল করে একদিনের পুলিশ হেফাজতে নেয়ার আবেদন করেন।
 
এ মামলায় সোমবার আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার আলাউদ্দিন আরিফ ও অফিস সহকারী সাইফুল ইসলামসহ সব সাংবাদিক-কর্মচারী আদালতে হাজির হন।
 
রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় জামিনে থাকা আসামিদের জামিননামায় শুধু আমার দেশ পত্রিকার ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাদের গ্রামের বা শহরের বাড়ির স্থায়ী ঠিকানা দেয়া হয়নি।
 
২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে পরের দিন একটি মামলা দায়ের করে তেজগাঁও থানা পুলিশ।
 
মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক আলাউদ্দিন আরিফ ও অফিস সহকারি সাইফুল ইসলামের নাম এজাহারভুক্ত করে  অজ্ঞাতনামা কয়েকশ’ সাংবাদিক কর্মচারীকে আসামি করা হয়।

ঢাবি-আইসিডিডিআরবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

ঢাবি-আইসিডিডিআরবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসিডিডিআরবি-এর মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার ভিসি দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং আইসিডিডিআরবি’র অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক ড. আববাস উদ্দিন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবদুল মালেক, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন রশীদ চৌধুরী, অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী, আইসিডিডিআরবি বোর্ড অব ট্রাস্টির বাংলাদেশ সরকারের প্রতিনিধি অধ্যাপক ড. সোহরাব আলী, পরিচালক ড. ফেরদৌসী কাদরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসিডিডিআরবি যৌথভাবে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণমূলক প্রকল্প গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীরা আইসিডিডিআরবিতে শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন এবং আইসিডিডিআরবি’র গবেষকগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই চুক্তি স্বাক্ষরের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘এই চুক্তি দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা আইসিডিডিআরবি নয়, সমগ্র বাংলাদেশ উপকৃত হবে। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য গবেষকদের প্রতি আহবান জানান তিনি।’’

সোনারগাঁওয়ে বিরল প্রজাতির মেছো বাঘের বাচ্চা উদ্ধার :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

সোনারগাঁওয়ে বিরল প্রজাতির মেছো বাঘের বাচ্চা উদ্ধার :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কোনাবাড়ি গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে সোমবার সকালে বিরল প্রজাতির মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী গ্রামের আমির হোসেন রানার পরিত্যাক্ত ঘরে  ব্যতিক্রমী ডাক শোনা যায়। এ সময় আমির হোসেনের ছোটভাই মোশারফ হোসেন ও তার স্ত্রী সুমা আক্তার ওই ঘরের তালা খুলে ভিতরে ঢুকে বিরল প্রজাতির মেছো বাঘের তিনটি বাচ্চা দেখতে পান।

বিষয়টি জানাজানি হলে সকাল থেকে আশেপাশের হাজারো গ্রামবাসী ওই বাড়িতে ভিড় জমায়। খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে বাচ্চা তিনটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, আমরা অনেক বন্যপ্রাণী চিনি না। এগুলো আসলে মেছো বাঘের বাচ্চা কিনা সেটা চিড়িয়াখানার লোকজন ভাল বলতে পারবে।

সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো মেছো বাঘের বাচ্চা হতে পারে। উদ্ধারকৃত বাচ্চাগুলো শনাক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তান্তর করা হবে।