Pages

Thursday, November 22, 2012

শত বছরের সেরা রেকর্ড

শত বছরের সেরা রেকর্ড


ইতিহাসগড়া দিনে ইতিহাসই গড়লেন আবুল হাসান রাজু। মৌলভীবাজারের ছেলে এই বোলার পুরো জাতিকে মাতালেন ব্যাট হাতে। দলকে উদ্ধার করলেন চরম বিপর্যয়ের হাত থেকে। তার সাবলীল ব্যাটিংয়েই খুলনা তথা গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফুটেছে। না হয়, মাত্র তিন আগে শেষ হওয়া মিরপুর টেস্টে অর্জিত সব কৃতিত্বই ম্লান হয়ে যাচ্ছিল। তবে পড়ন্ত বেলায় মাহমুদুল্লাহ রিয়াদ আর আবুল হাসান দারুণভাবে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন।। খুলনায় অভিষেক টেস্টের প্রথম দিনটি এর চেয়ে স্মরণীয়ভাবে বোধহয় শেষ হতে পারতো না। নানা প্রতিকূলতা উপেক্ষা করে অনেক আশা আর আনন্দ নিয়ে মাঠ আর বাইরে হুমড়ি খেয়ে পড়েছিলেন হাজারো ক্রিকেটপ্রেমী নারী আর পুরুষ। কিন্তু রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের আকাশ ভারি হয়ে উঠেছিল হতাশার কালো মেঘে। তবে দিনের আলো নিভে গেলেও স্টেডিয়ামে আলো কমতে দেননি আবুল হাসান রাজু। বাংলাদেশে যখন ‘আবুল’ নামটি রীতিমতো খলনায়কে পরিণত হচ্ছিল ঠিক তখন আবুল হাসান দেশের গর্ব হয়ে এলেন। গড়লেন শত বছরের রেকর্ড। পড়ন্ত বিকালে নবম উইকেটে ব্যাট করতে নেমে হাঁকালেন অসাধারণ এক সেঞ্চুরি। সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেললেন ১১০ বছরের ইতিহাসও। ক্রিকেট ইতিহাসে টেস্ট অভিষেকে ১০ নাম্বারে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব তার আগে মাত্র একজনেরই ছিল। ১৯০২ সালে মেলবোর্নে আস্ট্রেলিয়ার র‌্যাগি ডাফ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই ১০৪ রান করেছিলেন। তবে তার সেটি ছিল দ্বিতীয় ইনিংসে। আর আবুল হাসান করেছেন ১০৮ বলে অপরাজিত ১০০ রান করেছেন প্রথম ইনিংসে। সেদিক থেকে আবুল হাসানকে অনন্যই বলতে হবে। আর চার রান হলে তিনি ১১০ বছরের রেকর্ড ভেঙে এই তালিকায় থাকবেন সবার উপরেই। বাংলাদেশের পক্ষে অভিষেক টেস্টে আমিনুল ইসলাম বুলবুল আর মোহাম্মদ আশরাফুলের পর হাসান তৃতীয় ব্যটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকালেন। দিন শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৩৬৫ রান। ১৯৩ রানে অষ্টম উইকেট পতনের পর যোগ হয়েছে আরও ১৭২ রান। ৭২ রানের ইনিংস খেলে হাসানকে যোগ্য সাহচর্য দেন সহঅধিনায়ক মাহমুদুল্লাহ। টেস্ট ইতিহাসে নবম উইকেটে এটি চতুর্থ সেরা জুটি।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আবুল হাসান বলেন, আমি আসলে সেঞ্চুরি বা রেকর্ডের জন্য খেলিনি। দলের জন্য সেই মুহূর্তে এমন একটা ইনিংস খেলা প্রয়োজন ছিল, তা-ই করেছি। অভিষেক ম্যাচে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুল এখন দেশের বাইরে। তবে দ্বিতীয় সেঞ্চুরিয়ান আশরাফুল টেস্ট দল থেকে বাদ পড়ায় ঘরে বসেই দেখেছেন আবুল হাসানের অসাধারণ এই ইনিংস। তিনি বলেন, আমি এক কথায় বলবো অসাধারণ ইনিংস। আমরা দু’জন অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছি ব্যাটসম্যান হিসেবে আর ও তো বোলার। সেই হিসেবে ওর সেঞ্চুরিটা আরও বেশি গুরুত্বপূর্ণ ও আনন্দের। বলতে পারেন ওর জন্য এমন একটি ইনিংস আমাদের চেয়েও দ্বিগুণ খুশির। আর দলের জন্যও বিশেষ উপকারে এসেছে ওর সেঞ্চুরিটি। নয়তো বাংলাদেশের স্কোর বোর্ডে দিন শেষে এত রান জমা পড়তো না।’
টস জিতে ব্যাট করতে নেমে ৯৮ রানেই ৫ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এমন বিপর্যয় ভাবতেই পারেননি খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ দেখতে আসা দর্শকরা। তবে তাদের হতাশা দূর করেছেন জাতীয় দলে সিলেটের নতুন সংযোজন আবুল হাসান রাজু। তাই খুলনার দর্শকরা তার নাম নিয়ে মিছিল করতে করতে স্টেডিয়াম ছাড়েন। তবে আবুল হাসানের কাছে তার ইনিংসটা হলো নিজের সাধারণ খেলার ফল। তিনি বলেন, আসলে বাজে বল যখন এসেছে তখন আমি মেরেছি।
টস জেতার আনন্দ ম্লান হতে সময় লাগেনি বেশি। দলীয় মাত্র ৫ রানে নাজিমুদ্দিনের আউট দিয়ে হতাশার দিন শুরু। মধ্যাহ্ন বিরতির আগে প্রথম সেশনে ৮৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এর পর দলীয় ৯৮ রানে ৫ম উইকেটের পতন। নাজিমের বিদায়ের পর তামিম ইকবাল ৩২, শাহরিয়ার নাফিসের ২৬ রানের কল্যাণে একটু ধাক্কা সামলে ওঠে দল। তবে দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি ভাঙ্গে শাহরিয়ার নাফিস আউট হলে। দলের স্কোর তখন ৬৪। দলীয় ৭৭ রানের সময় তামিম, ৯৩ রানে নাঈম ইসলাম (১৬) ও ৯৮ রানের সময় সাকিব আল হাসান ১৭ রানে আউট হলে দল চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেন। মুশফিক ৩৮ ও নাসির হোসেন তার তৃতীয় টেস্ট ফিফটি তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দলীয় ১৮৫ রানের সময় ৬৮ বলে ৮টি চার ও ১ টি ছয়ের মারে ৫২ রান করা নাসির আউট হন। এরপর ১৯৩ রানে আবারো ব্যাটিং বিপর্যয় ঘটে। মুশফিকের আউটের পর সোহাগ গাজীও ফিরে যান ০ রানে। ৮ উইকেটে স্কোর ১৯৩। আর এই আশঙ্কা আর সংশয়ের ওপর দাঁড়িয়েই শুরু হয় মাহমুদুল্লাহ ও আবুল হাসানের সংগ্রাম। রবি রামপাল ইনজুরিতে খেলতে না পারায় দলে জায়গ হয়েছিল ফিদেল এডওয়ার্ডসের। কিন্তু তিনিও কম নন। দূর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ১৬ ওভারে ৮১ রানের খরচায় বাংলাদেশের ৫টি উইকেট। স্যামি নিয়েছেন দু’টি আর পারমল একটি। হতাশায় কেটেছে বিশ্ব কাঁপানো সুনীল নারাইনের।

বিস্মিত করল বাংলাদেশ

বিস্মিত করল বাংলাদেশ


চা বিরতির সময় বাংলাদেশ দলের বিপর্যয় দেখে যাঁরা খেলা দেখা বন্ধ করে দিয়েছিলেন, শেষ বিকেলে তাঁদের বিস্ময়ের অন্ত নেই। এ কী দেখছেন তাঁরা! ১৯৩ রানে ৮ উইকেট পড়ে যাওয়া বাংলাদেশের সংগ্রহ সেই ৮ উইকেটেই ৩৬৫!
বিস্ময়ের ওপর বিস্ময়, দশ নম্বরে ব্যাট করতে নামা ‘বোলার’ আবুল হাসান হাঁকিয়ে ফেলেছেন এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক সেঞ্চুরি! ঐতিহাসিক বলা হচ্ছে এ কারণে, আবুল যে কীর্তি করেছেন, তা টেস্ট ক্রিকেটে বিরলতম ঘটনাগুলোর একটি। অভিষেকে দশ নম্বরে কোনো ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১১০ বছর আগে, ১৯০২ সালে। অস্ট্রেলীয় ক্রিকেটার রেগি ডাফের সেই কীর্তিরই পুনরাবৃত্তি করলেন আমাদের আবুল হাসান।
খুলনা টেস্টের প্রথম দিনের শেষ বেলাটি ছিল বিস্ময় ছড়ানো। আবুল হাসান ও মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন ১৭২ রানের রেকর্ড জুটিতে ক্যারিবীয়দের নিয়ন্ত্রণ থেকে ম্যাচ বের করে আনে বাংলাদেশ। আবুল হাসানের ব্যাটিং প্রথম থেকেই ছিল বিস্ময়-জাগানিয়া। ঠেকানোর বল ঠেকিয়ে, মারার বল মেরে আবুল লজ্জা দিচ্ছিলেন বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটসম্যানদের। মাহমুদউল্লাহও নিজের অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দিয়ে সাহস জুগিয়ে যাচ্ছিলেন এই অভিষিক্ত তরুণকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে মাত্র একটি ফিফটি হাঁকানো আবুল যে শেষ পর্যন্ত সেঞ্চুরিই হাঁকিয়ে ফেলবেন, তা কে ভেবেছিল? সেই বিস্ময়ই উপহার দিয়ে নিজেকে ইতিহাসের খাতায় বন্দী করে ফেললেন জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের পক্ষে খেলা এই তরুণ পেসার। আজকের পর থেকে আবুল হাসান নিশ্চয়ই পেসার হিসেবে পরিচিত হবেন না, আজ থেকে তিনি যে পুরোদস্তুর এক ব্যাটসম্যান; যাঁর ওপর নির্ভর করা চলে।
দিনের মধ্যভাগে দলীয় সংগ্রহ ২০০ পার হবে কি না, এই সংশয়ে থাকা বাংলাদেশের স্কোর দিনশেষে ৮ উইকেটে ৩৬৫। ইতিহাস গড়ে ব্যক্তিগত ১০০ রানে অপরাজিত থাকা আবুল হাসানের সঙ্গী হয়ে আছেন মাহমুদউল্লাহ; তাঁর সংগ্রহ ৭২ রান। দলীয় স্কোরকে ৪০০ পার করে নিয়ে যাওয়ার স্বপ্নটা এখন দেখাই যায়।
আবুল হাসানের এই অনন্য কীর্তির দিনে বাংলাদেশের টপ-অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। জুনায়েদ সিদ্দিকীর পরিবর্তে সুযোগ পাওয়া নাজিমউদ্দিনকে (৪) দিয়ে শুরু। শাহরিয়ার নাফীস (২৬), তামিম ইকবাল (৩২), সাকিব আল হাসান (১৭)—সবাই ব্যর্থ। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে নাসির দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন। ব্যক্তিগত ৫২ রান করে নাসির যেভাবে আউট হন, সেটা আর যা-ই হোক, কোনো টেস্ট ব্যাটসম্যানের সঙ্গে যায় না। মুশফিক ফিরে যান ৩৮ রানে। সোহাগ গাজী যখন আউট হলেন, তখন দলীয় স্কোর ২০০ হচ্ছে কি না, সেটা নিয়ে জোর আলোচনা। অথচ দিনের শেষে পুরো প্রেক্ষাপটই পরিবর্তিত হয়ে গেছে অবিস্মরণীয়ভাবে।
ফিদেল এডওয়ার্ডস মিরপুর টেস্টে খেলেননি। রবি রামপলের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া এডওয়ার্ডসই আজ বাংলাদেশ শিবিরে সবচেয়ে বড় আতঙ্কটা ছড়িয়েছেন। ১৬ ওভার বল করে ৮১ রানে তাঁর সংগ্রহ ৫ উইকেট। তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন নাজিমউদ্দিন, সাকিব, নাঈম ইসলাম, মুশফিক ও সোহাগকে। দুটি উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক ড্যারেন স্যামি। তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীস স্যামির শিকার। পেরমল পেয়েছেন নাসিরের উইকেটটি।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের টেস্ট অভিষেকটা প্রথম দিন শেষেই স্মরণীয়। সপ্তম টেস্ট ভেন্যুর মর্যাদাটা দিনশেষে অন্যমাত্রায় নিয়ে গেলেন আবুল হাসান। তাঁকে অভিনন্দন না জানালেই নয় !

Wednesday, November 21, 2012

পটিয়ায় বায়োগ্যাসে রান্না জ্বলছে বাতিও

পটিয়ায় বায়োগ্যাসে রান্না জ্বলছে বাতিও

চট্টগ্রামের পটিয়ায় দু'ভাই সেলিম ও জসিমের বায়োগ্যাসে এখন পাড়াগাঁ আলোকিত হচ্ছে। তাদের প্লান্টের গ্যাসের ওপর নির্ভর করে পশ্চিম হাইদগাঁও গ্রামে রান্নাবান্না চলছে। জ্বলছে বাতিও। দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট উত্তরণে বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। উপজেলার পশ্চিম হাইদগাঁও গ্রামের প্রয়াত সামছুদ্দীন মাস্টারের দুছেলে সেলিম ও জসিমের উদ্যোগে বায়োগ্যাসের দুটি প্লান্ট স্থাপন হয়েছে। প্লান্ট থেকে বাঁধা নলের সাহায্যে পাড়া থেকে পাড়ায় গ্যাস চলে গেছে। বায়োগ্যাসের কারণে এখন গ্রামগুলোয় রান্নাবান্নায় কাঠ পুড়তে হচ্ছে না। ২০০৯ সালে ছোট ভাই জসিম উদ্দিনের উদ্যোগে পটিয়া পূবালী ব্যাংকের অর্থায়নে ২৪ একর জায়গাজুড়ে দৈনিক আড়াই হাজার ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতাসম্পন্ন বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়। দু'বছরের মাথায় বড় ভাই সেলিম উদ্দিনও জুট মিলের মহাব্যবস্থাপকের চাকরি ছেড়ে ছোট ভাইয়ের সঙ্গে যোগ দিয়ে ২০১১ সালে ৫ হাজার ঘনফুট উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরেকটি গ্যাস প্লান্ট স্থাপন করেন। এখানেও পূবালী ব্যাংক অর্থায়ন করেছে। তারা দুই প্লান্টে এ পর্যন্ত ৭৫ পরিবারে গ্যাস সংযোগ দিয়েছেন। যা থেকে মাসিক ৪৫ হাজার টাকা আয় হয়। গ্যাস প্লান্ট সংলগ্ন তাদেরই মালিকানাধীন পোল্ট্রি ফার্ম। মুরগির বিষ্ঠা বায়োগ্যাস প্লান্টের উপকরণ হিসেবে ব্যবহার হয়। প্লান্টের গ্যাস থেকেই তাদের পোল্ট্রি খামার লোডশেডিং মুক্ত থাকে। স্থানীয় মোহাম্মদ ফয়সাল ও শহীদুল ইসলাম জুলু নামের দু'যুবক তাদের বিপণন কাজে সহযোগিতা করছেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের 'ফিক্সড ডোম' প্রযুক্তির সাহায্যে বায়োগ্যাস প্লান্ট দু'টি স্থাপন করা হয়েছে। এতে কারিগরি সহায়তা দিয়েছেন বগুড়ার মাসুদ বায়োগ্যাস কনসালট্যান্ট ফার্ম। বায়োগ্যাস ব্যবহারকারী রোজিনা আকতার জানান, প্রাকৃতিক গ্যাসের চেয়ে এ গ্যাসের চাপ একটু কম হলেও স্বাভাবিক সব রান্নাবান্না করা যায়। লাকড়ির (জ্বালানি কাঠ) চেয়ে অনেক সাশ্রয়ী। স্থানীয় জাহাঙ্গীর আলম নামের আরেক গ্রাহক জানান, পাড়াগাঁয়ে গ্যাস পাওয়া দুরূহ হলেও জসিম ও সেলিমের বায়োগ্যাস অনেকের উপকারে আসছে। লিজা পোল্ট্রি ফার্ম অ্যান্ড বায়োগ্যাস প্লান্টের স্বত্বাধিকারী জসিম উদ্দিন জানান, প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে আরো অধিক ক্ষমতাসম্পন্ন প্লান্ট বসিয়ে পুরো গ্রামে গ্যাস সংযোগ দেয়া যাবে। এসএসপোল্ট্রি অ্যান্ড বায়োগ্যাস প্লান্টের পরিচালক সেলিম উদ্দিন জানান, গ্রামের চাহিদা মিটিয়ে তাদের বায়োগ্যাস দিয়ে বেকারির ওভেন স্থাপন করবেন। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ঋণ দিয়ে গ্রাম পর্যায়ে বায়োগ্যাসের উৎপাদন বাড়াতে সরকার পদক্ষেপ নিলে প্রত্যন্ত অঞ্চলের যুবকরা এ ধরনের প্লান্ট স্থাপনে উৎসাহী হবে।

ক্ষমা চাওয়ার দাবি তোলেনি বাংলাদেশ

ক্ষমা চাওয়ার দাবি তোলেনি বাংলাদেশ


পাকিস্তানের কাছে বাংলাদেশ ক্ষমা চাওয়ার দাবি তোলেনি। ক্ষমা চাওয়ার ইস্যুতে নয়, নিজের অসুস্থতার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তান সফরে যেতে অপারগতা প্রকাশ করেছেন। এ দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার। কয়েক দিন আগে তিনি বাংলাদেশ সফর করেন। সে সময় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু হিনা রব্বানী খার তাতে অস্বীকৃতি জানান। তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অনুরোধ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে অস্বীকৃতি জানান। এর পরই খবর ছড়িয়ে পড়ে যে, পাকিস্তান ক্ষমা না চাওয়ার জন্য শেখ হাসিনা পাকিস্তানের ওই সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এ ধরনের খবর প্রত্যাখ্যান করেছেন হিনা রব্বানী খার। তবে তিনি কোথায় এসব কথা বলেছেন তা রিপোর্টে উল্লেখ করা হয় নি। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, আগামীকাল থেকে ইসলামাবাদে শুরু হচ্ছে ডি-৮ সম্মেলন। এ সম্মেলনে যোগ দেয়ার জন্য শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন হিনা রব্বানী খার। তখন বাংলাদেশ পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেনি। হিনা রব্বানীর গত ৯ই নভেম্বরের সফরের সময় বাংলাদেশের নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, পাকিস্তানকে ক্ষমা চাওয়ার যেসব দাবির কথা বলা হচ্ছে তা পুরোপুরি ভুল। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখে কিছুটা সমস্যা ছিল। তাই তার চিকিৎসকরা তাকে সফরে না যেতে পরামর্শ দিয়েছেন। ওদিকে পাকিস্তানের মিডিয়ায় খবর প্রচারিত হয়েছে যে, ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) পাকিস্তানি বেসামরিক কর্মকর্তা ও সামরিক কর্মকর্তারা যে যুদ্ধাপরাধ করেছেন তার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কিন্তু পাকিস্তান তাতে অস্বীকৃতি জানানোয় শেখ হাসিনা ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার কথা জানিয়ে দিয়েছেন। তবে হিনা রব্বানী খার বলেন, ওই সম্মেলনে যোগ দিচ্ছেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধইয়োনো, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক ইবেলি জোনাথান, তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান। এতে মালয়েশিয়া তার উপ-প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশ থেকে একজন বিশেষ প্রতিনিধি যোগ দিতে পারেন। এই সম্মেলনের উদ্বোধন করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সভাপতিত্বও করবেন তিনি। এ সম্মেলন থেকে পরবর্তী দুই বছরের জন্য ডি-৮-এর চেয়ারম্যান করা হবে পাকিস্তানকে।

ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক সাইবার যুদ্ধ

ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক সাইবার যুদ্ধ


ইসরাইল গাজায় হামলা শুরু করার পর থেকে দেশটির সরকারি ওয়েবসাইটগুলোতে ৪ কোটি ৪০ লাখ বার হ্যাকিং করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইসরাইল সরকারের প্রকাশ করা তথ্যে দেখা যায় এর মধ্যে সবচেয়ে বেশি হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সাইটগুলোতে। এপি জানিয়েছে, এক কোটি বার হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে ইসরাইলের প্রেসিডেন্টের ওয়েবসাইটে, ৭০ লাখ বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ও ৩০ লাখ বার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে। ইসরাইলের অর্থমন্ত্রী বলেছেন, এসব চেষ্টায় কেবল একবার সফলতা পেয়েছে হ্যাকাররা। তবে কোন সাইটটিতে হ্যাকিংয়ে সফল হয়েছে হ্যাকাররা সেটা উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এনোনেইমাস ৭শ’টি ইসরাইলি সাইট উল্লেখ করে বলেছে, গাজায় নতুন হামলা শুরু হওয়ার পর থেকে তারা এসব সাইটে হামলা করার চেষ্টা করেছে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক প্রোগ্রামের সাইটটির ডাটাবেজ ওলটপালট করার দাবি করেছে এনোনেইমাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি ইসরাইল সরকার ও তাদের সামরিক বাহিনীর মালিকানাধীন ওয়েবসাইটগুলো হ্যাক করার জন্য হ্যাকারদেরকে আহ্বান জানিয়েছে। এর মধ্যে ইসরাইলের কাদিমা পার্টি ও ব্যাংক অব জেরুজালেমের ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অন্ধকারে আটকে আছে বাংলাদেশ

অন্ধকারে আটকে আছে বাংলাদেশ


অন্ধকারে আটকে আছে বাংলাদেশ। বৃটেনের প্রভাবশালী ম্যাগাজিন দি ইকোনমিস্ট ১৯শে নভেম্বর তার অনলাইন সংস্করণে বাংলাদেশে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তার শিরোনাম ‘বাংলাদেশ এভার মার্কিয়ার’। ব্যানিয়ান নামের দক্ষিণ এশিয়া বিভাগে প্রকাশিত ওই প্রতিবেদনে যুদ্ধাপরাধ আদালতের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের ঢাকায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন বিবাদীপক্ষের এক সাক্ষী। আদালতে প্রবেশের আগেই তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ আছে। এ থেকে কি বোঝা যায়? ওই সাক্ষীর নাম সুখরঞ্জন বালি। তাকে ওই আদালতের গেটের খুব কাছ থেকে পাঁজাকোলা করে নিয়ে যাওয়া হয়। এই আদালতেই হচ্ছে পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালে রক্তপাতের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা যুদ্ধে বিপুল সংখ্যক মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত কয়েক জনের বিচার। সরকারের হিসাবে ওই যুুদ্ধে ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়। ইকোনমিস্ট লিখেছে, গত ৫ই নভেম্বর বিবাদী পক্ষ ও তাদের সাক্ষী আদালতে পৌঁছামাত্র সুখরঞ্জন বালিকে তাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়। তাদেরকে নিজেদের গাড়ি থেকে নেমে পরিচয় দিতে বলা হয়। বিবাদীপক্ষের এক আইনজীবী হাসানুল বান্না সোহাগ বলেন, ওই দলের চার সদস্য নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার লোক বলে দাবি করেন। তাদের একজন সুখরঞ্জন বালিকে আমার হাত থেকে কেড়ে নেন এবং তাকে বাধ্য করেন তাদের সাদা গাড়িতে উঠতে। এরপরই ওই পুলিশ ভ্যান ঘটনাস্থল ত্যাগ করে। ওই সাক্ষীর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় সাক্ষ্য দেয়ার কথা ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থি দল জামায়াতে ইসলামীর যে ৭ সদস্যের বিচার হচ্ছে দেলাওয়ার হোসাইন সাঈদী তাদের একজন। তিনি মানবতাবিরোধী, গণহত্যা, হত্যা, ধর্মীয় বিচার ও আরও ১৬টি অভিযোগে অভিযুক্ত। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সুখরঞ্জন বালি মূলত রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন। তার এক ভাইকে ১৯৭১ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর নির্দেশে হত্যা করা হয়েছে বলে তিনি সাক্ষ্য দিয়েছেন। কিন্তু তিনি কখনও আদালতে আসেন নি ওই সাক্ষ্য দিতে। তিনি তদন্ত কর্মকর্তাদের কাছে তার ভাইকে হত্যার ওই সাক্ষ্য দিয়েছেন বলে বলা হয়েছে। বিবাদীপক্ষের এক আইনজীবী বলেন, উল্টো সুখরঞ্জন বালি আদালতে যাচ্ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে। তিনি আদালতকে বলতে চেয়েছিলেন সাঈদী নন, পাকিস্তানি সেনারা তার ভাইকে হত্যা করেছে। এতে সাঈদী জড়িত নন। বিবাদীপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, জোর করে সাক্ষ্য আদায়ের ঘটনা এটাই একমাত্র নয়। তিনি বলেন, প্রসিকিউশন সাক্ষীদের আদালতে না তোলার কৌশল নিয়েছে, যাতে আদালতে তাদের মৌখিক সাক্ষ্যের পরিবর্তে লিখিত সাক্ষ্যকে প্রমাণ হিসেবে নেয়া হয়। আইনজীবী তাজুল ইসলাম বলেন, তারা সুখরঞ্জন বালিকে তুলে নিয়েছে। কারণ, সরকার দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা করছে। ১৪ই নভেম্বর প্রসিকিউশন তার মৃত্যুদণ্ড দাবি করেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই বিচার প্রক্রিয়া পরিচালনার মূলে রয়েছে নির্বাচিত রাজনৈতিক পক্ষ। কেউ ভাবতে পারেন যে, সেই রাজনৈতিক পক্ষ এখন দেখাতে চেষ্টা করছে যে আইনি প্রক্রিয়া হাস্যকর অবস্থার দিকে যাচ্ছে না। কিন্তু দিনের আলোতে প্রকাশ্যে একজন সাক্ষীকে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি যে প্রতিক্রিয়া তা বিশ্বাস করা কঠিন। আদালত এ বিষয়টি দেখার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেন। তারা আদালতকে দেখায় যে, ওই অপহরণের ঘটনা সাজানো। এ ঘটনায় মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। ১১ই নভেম্বর বাংলাদেশের এটর্নি জেনারেল হাইকোর্টে একটি হেবিয়াস করপাস আবেদনের ওপর সাক্ষ্য দেন। তিনি দাবি করেন যে, আদালতের সুনাম নষ্ট করতে বিবাদী পক্ষ ওই অপহরণের ঘটনা সাজিয়েছে। ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়, এই আদালতে সর্বোচ্চ মানদণ্ড মেনে বিচার করা হচ্ছে- এর পক্ষে এর কোন ঘটনাই প্রমাণ হতে পারে না। যে সব পর্যবেক্ষক এর ওপর তীক্ষ্ন নজর রেখেছেন তারা বলছেন, বিচার প্রক্রিয়া তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে সাধারণ নির্বাচনের জন্য এক বছরের সামান্য বেশি সময় বাকি আছে। এর আগেই এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেয়া হয়ে থাকতে পারে। বিবাদীপক্ষের সাক্ষীদের সংখ্যা কমিয়ে আনার যে সিদ্ধান্ত আদালত নিয়েছে তাতে তা-ই ইঙ্গিত করে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় ২৮ থেকে ৪৬ জন সাক্ষীকে সাক্ষ্য দিতে অনুমতি দেয়া হয় নি। ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর প্রধান ছিলেন গোলাম আযম। পাকিস্তানপন্থিদের হয়ে ডেথ স্কোয়াড গঠনের জন্য তিনি অভিযুক্ত। তার সাক্ষীর সংখ্যা ১০-এ সীমিত করে দেয়া হয়েছে। গোলাম আযম যে ডেথ স্কোয়াড গঠন করেছিলেন তাতে অনেক মানুষকে স্বাধীনতা যুদ্ধের ৯ মাসে হত্যা ও অনেক নারীকে ধর্ষণ করা হয়েছিল। এই বিচার প্রক্রিয়া সব সময়ই চলছে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে। এক্ষেত্রে বিবাদীপক্ষের কৌশল, যেমন তারা গোলাম আযমের মামলায় ২০০০ সাক্ষীর একটি তালিকা দিয়েছে, তা সব সময়ই তাদের সহায়তা করছে না। এক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা তা হলো- এই যুদ্ধাপরাধের মূল হোতা সাবেক পশ্চিম পাকিস্তানের কর্মকর্তাদের আদালতে তোলা হয় নি। তারা রয়েছে পাকিস্তানে। পাকিস্তানের সেনারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যেসব অপরাধ সংঘটিত করেছে তার জন্য বাংলাদেশ এ মাসে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু যথারীতি পাকিস্তান সরকার ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছে। সম্ভবত এর ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামাবাদ সফরের পাকিস্তানি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

স্যান্ডি দুর্গতদের জন্য ম্যাডোনা

স্যান্ডি দুর্গতদের জন্য ম্যাডোনা


নিউ ইয়র্কে বেশ খোলামেলাভাবে নেচে স্যান্ডি দুর্গতদের জন্য ৬০ হাজার ডলার আয় করলেন ম্যাডোনা। সেখানে নিজের পশ্চাৎদেশ প্রদর্শন করে ওই অর্থ উঠাতে সক্ষম হন তিনি। একটি গণমাধ্যম জানায়, ৫৮ বছর বয়সী এ পপ তারকা সবাইকে স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত এবং গৃহহারাদের সহায়তায় এগিয়ে আসতে বলেন। স্যান্ডি দুর্গতদের জন্য সবাই মঞ্চে টাকা ছুঁড়ে দেন। ম্যাডোনা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সবার উদ্দেশ্যে বলেন, আমি স্যান্ডি দুর্গতদের জন্য আমার বিবসনা পশ্চাৎদেশ প্রদর্শন করছি। সেখানে উপস্থিত একজন জানান, এক ব্যক্তি বিশ ডলার ছুঁড়ে মারলে ম্যাডোনা সেটি ফেরত দিয়ে বলেন, ১০০ ডলার চাই। তিনি চিৎকার করে বলেন, ‘আমার পশ্চাৎদেশের মূল্য কি এতোই কম’! তবে শেষে সব মিলিয়ে স্যান্ডি দুর্গতদের জন্য ষাট হাজার ডলার একত্র করতে সক্ষম হন এই পপ তারকা।

যৌন আবেদন বাড়াতে...

যৌন আবেদন বাড়াতে...

 


জিরো ফিগার চর্চার এই যুগে বলিউডের মতো জায়গায় জেরিন খান মার খেয়ে যাচ্ছিলেন তার খানিক মুটিয়ে যাওয়া নিয়ে। এ কারণে নিজেই অভিনয় থেকে খানিকটা দূরে সরে থাকেন তিনি। প্রথম ছবির দীর্ঘ সময় পর এর মধ্যে কেবল ‘হাউজফুল-২’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ছবির শুটিং চলাকালীন সময়ের আগে থেকেই শারীরিক সৌন্দর্য ও যৌন আবেদন বাড়াতে নানা ধরনের কসরত শুরু করেন জেরিন। বিশেষ করে নিয়মিত কমপক্ষে ২ ঘণ্টা তিনি জিমে ব্যয় করছেন। এছাড়া সাঁতার কাটছেন প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা। পাশাপাশি রিচ ফুড একদমই ত্যাগ করেছেন তিনি। যার ফলাফল ‘হাউসফুল-২’ ছবিতে খানিকটা পাওয়া গেছে। প্রথম ছবির তুলনায় অনেক স্লিম জেরিনকেই এই ছবিতে আবিষ্কার করতে পেরেছেন দর্শক। তবে নতুন খবর হচ্ছে এই ছবির পর আরও চার কেজি ওজন কমিয়েছেন জেরিন। অর্থাৎ মোটমাট প্রথম ছবির পর থেকে ১২ কেজি ওজন তিনি কমিয়েছেন। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। নিজের শারীরিক এই পরবর্তনের বিষয়টি সম্প্রতি জেরিন মিডিয়াকে বেশ খুশি মনে জানান দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘হাউজফুল-২’ ছবিতে নিজেকে দেখে আসলে আমি নিজেই অবাক হয়েছিলাম। তখন আমি ৮ কেজি কমেছিলাম। এর পর আরও উৎসাহ পেয়ে যাই। নিজের শারীরিক সৌন্দর্য ও যৌন আবেদন বাড়াতে কেনা চায়! সেই চিন্তা থেকেই নিয়ম করে সব কিছু শুরু করলাম। যার ফলশ্রুতিতে এখন আমি মোট ১২ কেজি কমেছি। বর্তমানে জিরো ফিগারের প্রায় কাছাকাছি রয়েছি আমি। বিষয়টি নিয়ে আমি বেশ উত্তেজিত ও আনন্দিত। নিজেকে আয়নায় দেখতে এখন অনেক বেশি ভাল লাগছে।

সিভিল এভিয়েশনে সুন্দরীদের দাপট

সিভিল এভিয়েশনে সুন্দরীদের দাপট


সিভিল এভিয়েশনের সুন্দরীরাই স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট গড়ে তুলেছে। এদের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একাধিক অবৈধ স্বর্ণের চালান দেশে ঢুকেছে। সর্বশেষ সাড়ে ১৩ কেজি স্বর্ণ পাচারকালে গ্রেপ্তারকৃত ৫ জনের কাছ থেকে এ তথ্য জানতে পেরেছে তদন্তকারী সংস্থা- মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে সিভিল এভিয়েশনের সিকিউরিটি সুপারভাইজার খন্দকার নিজাম উদ্দিন, সিকিউরিটি গার্ড আবুল কালাম, চালানের বাহক মনোয়ারুল হক, স্বর্ণ আমদানিকারক দেব কুমার দাশ ওরফে দেবু ও একটি গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার আবদুল আজিজ শাহ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের বিভিন্ন পর্যায়ে জড়িত সদস্যদের নাম বলেছে। এদের মধ্যে সিভিল এভিয়েশনের লাগেজ স্ক্যানিং মেশিন অপারেটর রেখা পারভীন ও লায়লাসহ অন্ততপক্ষে আরও ১২ জনের তথ্য দিয়েছে। বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। সূত্র মতে, সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক রেখা পারভীন ও লায়লা ভারতে পালিয়ে গেছে। তার সহযোগী আরও ৪-৫ তরুণী গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দিয়েছে। এর বাইরে এ সিন্ডিকেটে জড়িত দু’টি মানি এক্সচেঞ্জ ও দু’টি জুয়েলারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা। মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মোল্লা নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বর্ণ পাচারে জড়িতদের তথ্য দিয়েছে। তবে সিকিউরিটি সুপারভাইজার খন্দকার নিজাম উদ্দিন গোয়েন্দা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেও আদালতের কাছে অস্বীকার করেছে। এ কারণে তাকে ফের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ১০ই সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ফ্ল্যাশ ট্যাংকি থেকে প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। ওই স্বর্ণ দুবাই থেকে আসা একটি ফ্লাইটে নিয়ে আসে মনোয়ার নামে এক চোরাকারবারি। বিমানবন্দরে দায়িত্ব পালনকারী আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা গোপনে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো একটি প্যাকেটে ১১৭টি সোনার বার উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৭ কোটি ২ লাখ টাকা। পরে মনোয়ারুল হককে আটক করে ওইদিনই বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে এপিবিএন কর্তৃপক্ষ। মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় গোয়েন্দা পুলিশকে। পরে গোয়েন্দা পুলিশ ১১ই সেপ্টেম্বর মনোয়ারকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে মনোয়ারুল হক জানায়, স্বর্ণের মূল পাচারকারী দেব কুমার দাশ ওরফে দেবু। তার কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণ করে নির্বিঘ্নে চালান বাইরে বের করে দেয়ার দায়িত্ব পালন করে থাকে সিভিল এভিয়েশনের স্ক্যানিং মেশিন অপারেটর ও উচ্চ পদস্থ কর্মকর্তারা। এদের সহায়তা করে থাকে সিভিল এভিয়েশনের সিনিয়র নিরাপত্তাকর্মী আবুল কালাম এবং গোয়েন্দা সংস্থা এনএসআই’র ফিল্ড অফিসার আবদুল আজিজ শাহ। এ তথ্য পাওয়ার পর গোয়েন্দা পুলিশ ওই দু’জনকেও গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিমানবন্দর থেকে স্বর্ণের চালানটি বাইরে বহন করার দায়িত্ব পালন করতো আবদুল আজিজ শাহ। পরে গ্রেপ্তারকৃত ওই ৪ জনই স্বর্ণ পাচারের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এদিকে ঘটনার পর থেকেই লাপাত্তা হয়েছে স্ক্যানিং মেশিন অপারেটর রেখা পারভীন ও লায়লাসহ ৪-৫ তরুণী। গোয়েন্দাদের ধারণা, সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক রেখা পারভীন ভারতে পালিয়ে গেছে। তার সহযোগীরাও কর্মস্থলে না গিয়ে ছুটি নিয়ে পলাতক রয়েছে। ইতিমধ্যে ওই তরুণীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় গোয়েন্দা পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে। গোয়েন্দারা জানান, তাদের কাছে তথ্য রয়েছে রেখা পারভীন ও লায়লাই স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক। পাচারের দিন নির্ধারিত হওয়ার আগেই তারা ছুটি নিয়ে থাকে। পরে ওইদিন উপস্থিত হয়ে বিমানবন্দরের বোর্ডিং এলাকায় চলে যায়। সেখানে গিয়ে স্বর্ণের বার শরীরের স্পর্শকাতর জায়গায় ভরে নিরাপদে বাইরে বেরিয়ে আসে। পদে ছোট হলেও রূপ দেখিয়ে সিভিল এভিয়েশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নজর কাড়তে পটু তারা। তাদের সঙ্গে সম্পর্ক গড়েই বিমানবন্দরে চোরাচালানিরা নিরাপদ রুট গড়ে তুলতে সক্ষম হয়েছে ওই তরুণীরা। এদের সঙ্গে কেবিন ক্রু ও বিমানবালাদের সম্পর্ক রয়েছে। সূত্র মতে, রেখার বাড়ি শরীয়তপুর জেলায়। সাড়ে ১৩ কেজি স্বর্ণ ধরা পড়ার পরপরই চারদিনের ছুটি নেয়। ওই ছুটি শেষ হলেও এখন পর্যন্ত কাজে যোগ দেয়নি। এমনকি বাড়িতেও যায়নি। একই কায়দায় লায়লাসহ আরও ৪-৫ জন তরুণী পলাতক রয়েছে। সূত্র মতে, স্বর্ণ চোরাচালানি সিন্ডিকেটে অসাধু স্বর্ণ ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জ কর্মকর্তারাও জড়িত। বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার পর্যবেক্ষণ করে সুবিধাজনক লাভ বিবেচনা করে খুবই অল্প সময়ের মধ্যে অবৈধভাবে স্বর্ণ নিয়ে আসে। চন্দ্রিমা সুপার মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী দেব কুমার দাশকে গ্রেপ্তার করার পর ওই তথ্য জানতে পারে গোয়েন্দারা। তার নির্দেশনাতেই দুবাই থেকে চালানটি আনা হয়। টাকা পাঠানো হয় হুন্ডির মাধ্যমে। সে টাকায় দুবাইয়ে স্বর্ণ কিনে একদিন পরই তা নিয়ে আসে মনোয়ার। এজন্য তাকে ফ্লাইটের রিটার্ন টিকিট ছাড়াও পারিশ্রমিক হিসেবে ৩০ হাজার টাকা দেয়ার চুক্তি হয়েছিল। দেব কুমারের জন্য এভাবে প্রায়ই চালান এনেছে বলে জিজ্ঞাসাবাদে জানায় মনোয়ার। গোয়েন্দা পুলিশ জানায়, রেখা পারভীনের নির্দেশে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনকারী তরুণীরা চোরাচালানে সহায়তা করে। বিমানবন্দরের প্রবেশপথ থেকে বিমানে ওঠা পর্যন্ত প্রত্যেক স্তরে লোক দিয়ে স্বর্ণের চালানগুলো নিরাপদে পার করে দেয় তারা। এরপর সিভিল এভিয়েশনের সিটিওডি সুপারভাইজার খন্দকার নিজাম উদ্দিনের নির্দেশ মতে নিরাপত্তাকর্মী আবুল কালাম ও গোয়েন্দা সংস্থা এনএসআইর ফিল্ড অফিসার আবদুল আজিজ শাহ মিলে চালানগুলো বিমানবন্দরের বাইরে আসকোনা হাজী ক্যাম্প এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখান থেকে স্বর্ণের চালান সুবিধামতো জায়গায় নিয়ে যাওয়া হয়। ডিবি পুলিশ উত্তরা এলাকা থেকে ১৯শে সেপ্টেম্বর দেব কুমার দাশকে গ্রেপ্তার করে। ২০শে সেপ্টেম্বর আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে। ডিবি জিজ্ঞাসাবাদে দেব কুমার সোনা চোরাচালানের কথা স্বীকার করেন এবং তার সঙ্গে রেখা পারভীনসহ নিরাপত্তাকর্মী কালাম ও এনএসআই’র ফিল্ড অফিসার আবদুল আজিজ শাহের সম্পৃক্ততার কথা বলেন। গত ২রা অক্টোবর আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দেব কুমার। এর আগে ২১শে সেপ্টেম্বর ডিবি পুলিশ বিমানবন্দরের গোল চত্বর থেকে সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী আবুল কালামকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকেও রিমান্ডে নেয়া হয়। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বর্ণ পাচারের কাজ করিয়ে বিনিময়ে রেখা প্রতি চালানে মোটা অঙ্কের টাকা দিতো। ২৯শে সেপ্টেম্বর কালাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এদিকে, স্বর্ণ পাচারে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় এনএসআই কর্তৃপক্ষ ফিল্ড অফিসার আবদুল আজিজ শাহকে চাকরি থেকে বরখাস্ত করে ২৫শে সেপ্টেম্বর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। ডিবি হেফাজতে তিনি বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে স্বর্ণ পাচারের কথা স্বীকার করে এবং ২৭শে সেপ্টেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশের ডিসি মোল্যা নজরুল ইসলাম বলেন, স্বর্ণ পাচারের মূল হোতা সিভিল এভিয়েশনের লাগেজ স্ক্যান অপারেটর রেখা পারভীন ও লায়লাসহ একাধিক তরুণীকে খুঁজছে পুলিশ। তাদের ধরতে পারলেই পাচারকারী চক্রের সকল সদস্যের পরিচয় উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে জানান।
কে এই রেখা: সিভিল এভিয়েশনে চাকরি নেয়ার আগে কিছুই ছিল না রেখার। চাকরি নেয়ার পরেই রাতারাতি কপাল খুলে যায় তার। পদবি- লাগেজ স্ক্যানিং অপারেটর। পদটি মানে ছোট হলেও রূপে ধরাশায়ী করতেন উচ্চপদস্থ কর্মকর্তাদের। জড়িয়ে পড়ে অবৈধ সোনা চোরাচালান সিন্ডিকেটে। এক পর্যায়ে নিয়ন্ত্রক বনে যায়। ৪-৫ বছরের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়ে যায়। উত্তরায় কিনে সাড়ে ৩ কোটি টাকায় দু’টি ফ্ল্যাট। গাজীপুরে নিজের নামে ১২ কাঠার জমি কেনে। নিজে চড়ে বেড়ায় কালো একটি অ্যালিয়ন গাড়িতে। এক ছেলে ও এক মেয়ের মা রেখা পারভীন থাকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে। স্বর্ণের চালানটি উদ্ধারের পর মহানগর গোয়েন্দা পুলিশ মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। বর্তমানে রেখা গোয়েন্দা পুলিশের ডিজিটাল নেটওয়ার্কের বাইরে রয়েছে। অন্যদিকে নিজাম উদ্দিন ১৯৯৫ সালে দৈনিক ৩০ টাকা বেতনে চাকরি নিয়েছিলেন। ২০০৩ সালে সিকিউরিটি সুপারভাইজারের দায়িত্ব পায়। এরপর থেকেই অবৈধ সম্পদের পাড়ার গড়েন। উত্তরায় ১৮শ’ বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাটের মালিক তিনি। একাধিক ব্যাংকে কয়েক কোটি টাকার সঞ্চয়ী হিসাবের তথ্য পেয়েছে পুলিশ। নিজামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ঝাউতলা গ্রামে। তার পিতার নাম খন্দকার মোজাফ্‌ফর হোসেন। বর্তমানে উত্তরার ১১ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির বি/৩ নম্বর ফ্ল্যাটে থাকতেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের সনদপত্র সংগ্রহ করে তিনি চাকরির পদোন্নতি নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

তথ্যপ্রযুক্তি নিয়ে সরকারের ২৬ চ্যালেঞ্জ

তথ্যপ্রযুক্তি নিয়ে সরকারের ২৬ চ্যালেঞ্জ


তথ্যপ্রযুক্তি নিয়ে ২৬ চ্যালেঞ্জের মুখে সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে ডিজিটাল করার প্রত্যয়ে নানাভাবে ভাটা পড়েছে। প্রযুক্তি ব্যবহারে যোগ্য ও সুষ্ঠু পরিকল্পনার অভাব এর জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকারের পক্ষ থেকে তথ্যপ্রযুক্তির উন্নয়ন নিয়ে তৃপ্তির ঢেঁকুর তোলা হচ্ছে। আগামী নির্বাচনে তথ্যপ্রযুক্তির উন্নয়নকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্যোগ এরই মধ্যে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তির ২৬ চ্যালেঞ্জ
নিয়ে সমপ্রতি ব্যাখা দিয়েছেন। ওই সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা তুলে ধরেছেন। গত বুধবার সংসদ অধিবেশনে এ নিয়ে লিখিত উত্তরও দিয়েছেন। তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশকে আগামী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা হবে। তথ্যপ্রযুক্তি নিয়ে সরকারের ২৬ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, তথ্যপ্রযুক্তি নিয়ে আইন ও বিধিমালা, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ ও ডিজিটাল কনটেন্ট, কম্পিউটার ল্যাব, ডিজিটাল স্বাক্ষর, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, ন্যাশনাল ডাটা সেন্টার, সফটওয়্যার টেকনোলজি পার্ক, ই-গভর্নেন্স, জেলা ই-সেবাকেন্দ্র, ডিজিটাল বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড, জাতীয় ই-তথ্যকোষ, ই-বুক, লার্নিং অ্যান্ড আর্নিং, অনলাইন ট্যাক্স পেমেন্টে, ট্যাক্স ক্যালকুলেটর ও অনলাইন ট্যাক্স রিটার্ন প্রস্তুত, ই-পুঁজি, মোবাইলভিত্তিক ৭ ধরনের সেবা, ই-এশিয়া, ডিজিটাল উদ্ভাবনী মেলা, ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২, গ্রামীণ ডাকঘরগুলোকে কমিউনিটি তথ্যপ্রযুক্তি কেন্দ্রে রূপান্তর, ইলেক্ট্রনিক মানি-অর্ডার সার্ভিস প্রবর্তন, পোস্টাল ক্যাশ কার্ডের প্রচলন, অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন, ২য় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন ও থ্রিজি সেবা প্রবর্তন। এসব চ্যালেঞ্জের মধ্যে মোবাইল অপারেটরদের নিয়ে সরকারের নেয়া নানা পদক্ষেপ সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে থ্রিজির লাইসেন্স নিয়ে বেসরকারি মোবাইল অপারেটরদের সঙ্গে সরকারের স্নায়ুযুদ্ধ চলছে। গত অক্টোবরে সরকার নিয়ন্ত্রিত টেলিটককে থ্রিজি সেবার সুবিধা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে অন্যান্য অপারেটরদের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানিয়েছেন, শিগগিরই তাদের ওই সুবিধা দেয়া হবে। এদিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগামী ২ মাসের মধ্যে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি (থ্রিজি) সেবা যাচ্ছে বেসরকারি অপারেটরে। এগুলো হচ্ছে- বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, সিটিসেল ও ওয়ারিদ। এরই মধ্যে বিষয়টি নিয়ে খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে। এ প্রসঙ্গে বিটিআরসির নতুন চেয়ারম্যান সুনীল কান্তি বোস মানবজমিনকে বলেন, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সচিব থাকা অবস্থায় বেসরকারি মোবাইল অপারেটরদের থ্রিজি লাইসেন্স দেয়ার কাজ অনেক দূর এগিয়ে নেয়া হয়েছে। আশা করি আগামী বছরের প্রথম দিকে থ্রিজি লাইসেন্স প্রাইভেট সেক্টরে দেয়া যাবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ বলা যাবে না। বেসরকারি মোবাইল অপারেটরদের ওই লাইসেন্স দেয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। এদিকে তথ্যপ্রযুক্তির ২৬ চ্যালেঞ্জ নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন প্রসঙ্গে বলা হয়েছে, দেশের ৫৬টি জেলাকে এর আওতায় আনা হয়েছে। বাকি ৮টি জেলাকে (শরীয়তপুর, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, বরগুনা, ভোলা, পটুয়াখালী ও খাগড়াছড়ি) অপটিক্যাল ফাইবার দ্বারা সংযোগের কাজ টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবমেরিন ক্যাবল সংযোগ প্রসঙ্গে বলা হয়েছে, ২০১৪ সালের শেষদিকে ২য় সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শেষ হবে। এভাবে অপর চ্যালেঞ্জগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে তথ্য তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সরকার যেভাবে দেশকে ডিজিটাল করার প্রত্যয় দেখিয়েছিল, দিন শেষে তা বাস্তবায়ন হয়নি। তারা বলেন, এজন্য অনেক কারণ রয়েছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তির ওপর দক্ষ ও যোগ্য লোকের অভাব অন্যতম। এ ছাড়া সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবও স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. হাসানুজ্জামান সমপ্রতি মানবজমিনকে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের উচিত আরও কিছু পদক্ষেপ নেয়া। ডিজিটাল জাতীয় পরিচয়পত্রের ব্যবহার, ভূমির ম্যাপ ও তথ্য ডিজিটালাইজ করা। এতে করে দেশে ভূমি ক্রয়-বিক্রয় নিয়ে সর্বত্র যে দুর্নীতি হয়, সেটা রোধ করা সম্ভব।

৫ বছরের জন্য স্থগিত হতে পারে মৃত্যুদণ্ড

৫ বছরের জন্য স্থগিত হতে পারে মৃত্যুদণ্ড

 



মৃত্যুদণ্ড কার্যকর প্রশ্নে বাংলাদেশের অবস্থানের নাটকীয় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। পাঁচ বছরের জন্য সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হতে পারে। এজন্য মৃত্যুদণ্ডবিরোধী আন্তর্জাতিক চুক্তিতেও স্বাক্ষর করতে পারে বাংলাদেশ। তবে কি কারণে বাংলাদেশ এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা স্পষ্ট নয়। এ নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে বিশ্বের ১৪০টি দেশে এরই মধ্যে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে। বাংলাদেশে কয়েকটি মানবাধিকার সংগঠন মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্তির জন্য আন্দোলন করে আসছে। মৃত্যুদণ্ডের বিরোধিতা প্রসঙ্গে মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্র মানবজমিনকে বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত মৃত্যুদণ্ডবিরোধী কোন চুক্তিতে স্বাক্ষর করেনি। বাংলাদেশের বিচার প্রক্রিয়া স্বচ্ছ নয়। এ বিচার প্রক্রিয়ায় ভুলভাবেও অনেকের মৃত্যুদণ্ডের সুযোগ রয়ে গেছে। এ কারণে আমরা মৃত্যুদণ্ডের বিধানের পক্ষে নই। সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধানের পক্ষে আমরা। ১৯৬৬ সালের ১৬ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মৃত্যুদণ্ডবিরোধী ‘ইন্টারন্যাশনাল কভিন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস’ গৃহীত হয়। ১৯৭৬ সালের ২৩শে মার্চ থেকে এটি কার্যকর হয়। তবে এ চুক্তিতে স্বাক্ষরে জাতিসংঘের সদস্য দেশগুলোর কোন বাধ্যবাধকতা নেই। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এ বছর মার্চ পর্যন্ত বিশ্বের ৭৪টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে। বাংলাদেশ এখন পর্যন্ত এ চুক্তিতে স্বাক্ষর করেনি। বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। তবে নিম্ন আদালত কাউকে মৃত্যুদণ্ড দিলেই তা কার্যকর হয় না। সর্বোচ্চ আদালত হাইকোর্টের অনুমোদন ছাড়া কোন ব্যক্তির মৃত্যুদণ্ডই কার্যকর করা যায় না। ডেথ রেফারেন্সের শুনানি হয় হাইকোর্টে। এক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি নিজে আইনজীবী নিয়োগ না দিলেও রাষ্ট্র তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশের সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদে বলা আছে, ‘কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না।’ মৃত্যুদণ্ডের শাস্তিকে অমানবিক উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছিল। হাইকোর্ট পরে ওই রিট আবেদন খারিজ করে দেয়। তবে বাংলাদেশেও সামপ্রতিক বছরগুলোতে উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদনের সংখ্যা অনেক কমে গেছে। সামপ্রতিক অতীতে উচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহাল রাখার ঘটনা ঘটছে খুবই কম। বৈশ্বিক পটভূমিতেও মৃত্যুদণ্ড নিয়ে গত বছরগুলোতে সারা দুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। ২০০৩ সালের ১০ই অক্টোবর থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মৃত্যুদণ্ডবিরোধী দিবস। মৃত্যুদণ্ড সম্পর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মূল্যায়নে বলা হয়েছে, বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপের ক্ষেত্রে গত দশকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কিন্তু মৃত্যুদণ্ডকে ইতিহাসের ডাস্টবিনে ছুড়ে ফেলতে আরও কঠিন চ্যালেঞ্জ রয়ে গেছে। ২০০৩ সালের পর থেকে ১৭টি দেশ যে কোন অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করেছে। এতে মৃত্যুদণ্ড বিলোপকারী দেশের সংখ্যা ১৪০-এ গিয়ে দাঁড়িয়েছে। ৭০ শতাংশ দেশ এখন এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

Tuesday, November 20, 2012

নতুন রূপে আমিশা পাটেল


‘কাহো না পেয়ার হ্যায়’খ্যাত বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা পাটেল ‘রেস ২’-তে সম্পূর্ণ নতুন গেটআপে হাজির হচ্ছেন। বিগত কয়েক বছর ধরেই অনেক চেষ্টা করছেন বলিউডে বাজিমাত করার। কিন্তু ‘আঁখে’ ছবির পর কোনো কাজই তাকে সেই সাফল্য এনে দিতে পারেনি। তবে কাজ করেছেন অনেকগুলো ছবিতেই। তাই মাঝে তামিল ছবিতেও নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেন, এবং সেখানেও ব্যর্থ। এবার নিজেকে পুরোদস্তুর বদলে হাজির হচ্ছেন বলিউডে। সঞ্জয় দত্তর সঙ্গে ‘চতুর্সিং টু স্টার’ ছবিতে তিনি অনেক আবেদনময়ী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। সেই ধারাবাহিকতায় এখন নিজেকে যেকোনোভাবে খোলামেলায় উপস্থাপন করতে কোনো আপত্তি নেই বলে জানান। ‘রেস ২’ ছবিতে শতভাগ বিকিনি রূপে দেখা যাবে তাকে। এর আগে ‘থোরা পেয়ার থোরা ম্যাজিক’ ছবিতেও বিকিনি গেটআপ নিয়েছিলেন। তবে এই সময়ে এসে এটিকে বিকিনি বলা যায় না। তবে ‘রেস ২’-তে পুরোদস্তুর আবেদনময়ী নারী হিসেবে তাকে পাওয়া যাবে। শুধু তাই নয়, তিনি আরও ৫টি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। যার অধিকাংশতেই ভিন্ন ভিন্ন গেটআপে দেখা যাবে বলে জানান তিনি। আরও জানান, দুয়েকটি গভীর অন্তরঙ্গ দৃশ্যেও কাজ করেছেন তিনি।

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঠেকাতে ভাইরাস

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঠেকাতে ভাইরাস

অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো রেজিস্ট্যান্স। আজ যে অ্যান্টিবায়োটিকটি আপনাকে সুস্থ করে তুলছে কাল সেটিই হয়তো রেজিস্ট্যান্স হয়ে উঠবে। তখন আর ওষুধ খেয়েও কাজ হবে না। কারণ আপনার শরীরের ব্যাক্টেরিয়াগুলো প্রতিরোধ শক্তি গড়ে তুলবে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে। এটা বিশ্বব্যাপী একটি খুব বড় সমস্যা। কেন এই রেজিস্ট্যান্স গড়ে ওঠে তা বলতে গেলে অনেক কথা। অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স শেষ না করে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়া কিংবা কারণে-অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়াÑ এসবই এর প্রধান কারণ। এ ছাড়া আরো অনেক কারণ আছে। তো কারণ যাই থাক এটা একটা বড় রকমের সমস্যা এবং সে কারণেই এই সমস্যা দূর করা যায় কী করে তা নিয়ে বিশ্বব্যাপী নিরন্তর গবেষণা চলছে। সম্প্রতি আমেরিকার গবেষকেরা নতুন আশার আলো দেখেছেন। তারা ভাইরাস ব্যবহার করে ফল পেয়েছেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে অ্যান্টিবায়োটিকের এ সমস্যাটা আর থাকবে না।

আট লাখ বিনিয়োগকারীর সঞ্চয় হারানোর আশংকা

আট লাখ বিনিয়োগকারীর সঞ্চয় হারানোর আশংকা

ডেসটিনি পরিস্থিতি
++ কাজ না থাকায় বেকার ৪৮ লাখ পরিবেশক
++ কয়েক মাস বেতন পাচ্ছেন না কর্মকর্তা-কর্মচারীরা
++ প্রশাসক নিয়োগ করা হবে আদালতের মাধ্যমেই
সঞ্চয় হারানোর আশংকায় আছেন ডেসটিনির আট লাখ সাধারণ বিনিয়োগকারী। এছাড়া ৪৫ লাখ পরিবেশক গত ছয় মাস ধরে কোন কাজ না থাকায় এক রকম বেকার জীবনযাপন করছেন। অর্থ আত্নসাত্ ও টাকা পাচারের অভিযোগে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা আটক হওয়ার পর থেকে সাধারণ বিনিযোগকারীদের মধ্যে এ আশংকা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম মুখ থুবরে পড়ায় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত। অনেকেই সর্বস্ব বিনিয়োগ করে এখন সর্বশান্ত। তিন বেলা খাবার কেনার মতো পয়সাও নেই অনেকের কাছে। ডেসটিনি গ্রুপের একমাত্র বৈশাখী টেলিভিশনের ব্যাংক অ্যাকাউন্ট সচল থাকলেও অনিয়ম ও র্দুনীতির অভিযোগে এই গ্রুপের অন্য সব প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করেছে সরকার। ফলে কোন প্রকার লেনদেন করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। গত কয়েক মাস ধরে কোন বেতন-ভাতা না পাওয়ায় এক রকম মানবেতন জীবনযাপন করছেন ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী।
সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, যদি ডেসটিনির কার্যক্রম অবৈধ হয়ে থাকে তাহলে তা আইনের আওতায় আনা হোক। এছাড়া কারো বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ প্রমানিত  হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু হাজার হাজার মানুষের জীবনজীবিকা হয় যে প্রতিষ্ঠানের মাধ্যমে তা সচল রাখুক সরকার।  বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত আদালতের মাধ্যমেই ডেসটিনিতে প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ীদের বাঁধার মুখে সরকার কোম্পানি আইন সংশোধন করে সরাসরি প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
ডেসটিনি গ্রুপের নানা অনিয়ম ও র্দুনীতি খতিয়ে দেখতে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি মোট ৩ হাজার ৮০০ কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে। এর মধ্যে এক হাজার ৪৫৪ কোটি টাকা সরাসরি তছরুপ করা হয়েছে। বাকি দুই হাজার ৩৪৬ কোটি টাকার লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক।
ইতিমধ্যে টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ডেসটিনি গ্রুপের এমডি, ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট ও চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। এই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমিন। জামিনে রয়েছেন ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ, বীরপ্রতীক।
সমপ্রতি ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও কাজকর্ম স্থবির। অনেক কর্মচারীই ঠিকমতো অফিসে আসেন না। কয়েক মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। একই অবস্থা ডেসটিনির পরিবেশকদেরও।
রাজধানীর কাকরাইলে স্কাউট ভবনে ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস প্রায় খালি! নিরবতা বিরাজ করছে। এই অফিসে ৩ হাজার ৩’শ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন বলে জানা গেছে। কাকরাইলে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:-এ কর্মকর্তা-কর্মচারী রয়েছে ৩’শ জনের উপরে। এছাড়া ট্রি প্লানটেশনে কাজ করেন ১২৫ জন। এই কর্মচারীদের সবাই গত কয়েক মাস ধরে কোন বেতন পাচ্ছেন না। একই অবস্থা ডেসটিনি ২০০০ লি:-এর কাস্টমার সার্ভিস সেন্টারেও।
রাজধানীর পল্টনে অবস্থিত ডেসটিনি ২০০০ লি:-এর কাস্টমার সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার এস এম মাহবুবুর রহমান ইত্তেফাককে বলেন, ‘কাস্টমার সার্ভিস সেন্টারেই ৫২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন যারা সাড়ে ৪ মাস ধরে কোন বেতন-ভাতা পান না। নগদে আমাদের কোন পণ্য বিক্রি হয় না। ব্যাংক এ্যাকাউন্ট জব্দ থাকায় প্রায় ৮ মাস ধরে কোন পণ্য বিক্রি করা যাচ্ছে না।’ তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে ৬৭ কোটি টাকার পণ্য আটকে আছে। শিগগির পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। কিন্তু তা খালাস করা যাচ্ছে না।
সূত্র জানায়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধের পাশাপাশি পাঁচ মাস ধরে বাকি রয়েছে অফিস ভাড়াও। অফিসের এসি, চেয়ার ইত্যাদি বিক্রি করে পাওনাদারদের টাকা পরিশোধের চেষ্টা করা হচ্ছে।
ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সদস্য শহিদুল হক বলেন, ‘আমরা কেউ ক্ষতিগ্রস্ত নই, প্রতারিত হইনি। ডেসটিনি-২০০০ লি.-এর ৪৫ লাখ ক্রেতা-পরিবেশক মানবেতর জীবন-যাপন করছেন; বর্তমান অবস্থায় আমরা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন।’
পরিবেশক ও সাধারণ বিনিয়োগকারী আব্দুল্লাহ-আল মামুন বলেন, কারো বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু প্রতিষ্ঠানের কর্মকাণ্ডতো অবৈধ না। হাজার হাজার মানুষের জীবন-জীবিকা হয় যে প্রতিষ্ঠানের মাধ্যমে তা সচল রাখুক সরকার।
আরেক বিনিয়োগকারী ডেসটিনি কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহবায়ক সাইফুর রহমান চৌধুরী টিপু বলেন, দেশে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) আইন না থাকলে সরকার আইন করুক। আমরা সেই আইন মেনে চলবো।
ডেসটিনি গ্রুপের উপ-পরিচালক আশরাফুল আমীন ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. অবৈধ ব্যাংকিং করছে না দাবি করে বলেন, সোসাইটি সদস্য ছাড়া কারো সাথে লেনদেন করে না। ডেসটিনি ২০০০ লি.-এর যারা পরিবেশক শুধু তারাই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.-এর সদস্য হতে পারবে। আর সদস্যরাই শুধু ঋণ নিতে পারবে। এছাড়া ডেসটিনি ট্রি প্লানটেশন লি.-এর ৬ লাখ সদস্যও ডেসটিনি ২০০০ লি.-এর পরিবেশকরাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেসটিনি ২০০০ লি.-এর ৪৫ লাখ পরিবেশকের মধ্যে আট লাখ ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.-এর সদস্য। ডেসটিনির কার্যক্রম এক রকম বন্ধ থাকায় এ ৪৫ লাখ পরিবেশক এখন বেকার বসে আছে।
২০০১ সালে জয়েন্ট স্টক থেকে অনুমোদন নিয়ে যাত্রা শুরু করে মাল্টিলেভেল কোম্পানি (এমএলএম) ডেসটিনি ২০০০ লি.। বিভিন্ন পণ্য বিক্রির মধ্যে দিয়ে কোম্পানির যাত্রা শুরু হলেও ২০০৫ সালে সমবায় অধিদপ্তর থেকে অনুমোদন নিয়ে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি যাত্রা শুরু করে। এরপর যাত্রা শুরু করে ডেসটিনি ট্রি প্লানটেশন। বর্তমানে এ গ্রুপের প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭টি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেসটিনির বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে সমালোচিত হচ্ছে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেড। দুর্নীতি ও অনিয়মের অভিযোগও এ দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই বেশি।
দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, গাছ লাগানোর মাধ্যমে ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেড দুই হাজার ৩৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু প্রকৃত পক্ষে তারা ৮১ লাখ গাছ লাগিয়ে সংগ্রহ করে ২৯৮ কোটি টাকা। বাকি দুই হাজার ৩৬ কোটি টাকা গাছ না লাগিয়েই সংগ্রহ করেছে। অথচ যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধন কার্যালয় থেকে নেয়া স্মারকসংঘে বৃক্ষরোপণ বাবদ অর্থ আদায়ের কোন কথা বলা ছিল না। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিও অবৈধ ব্যাংকিংয়ের সঙ্গে জড়িয়ে অর্থ সংগ্রহ করেছে বলে অভিযোগ রয়েছে।
এ সূত্র জানায়, ডেসটিনির অবৈধ কর্মকাণ্ড নিয়ে এর কার্যক্রম চালুর শুরুর দিকেই প্রতারণার অভিযোগ উঠেছিল। ২০০০ সালের ডিসেম্বরে বিনিয়োগ বোর্ডে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ডেসটিনি ছাড়াও ‘জিজিএন’ ও ‘নিউওয়ে বাংলাদেশ’সহ সব এমএলএম প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর ২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক অর্থ সচিবের কাছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠায়। পরবর্তীতে ২০০৫ সালের ৪ এপ্রিল আবারো অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু তত্কালীন জোট সরকার ও পরে তত্ত্বাবধায়ক সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ডেসটিনির নানা অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে বাণিজ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। গত ১১ অক্টোবর তদন্ত প্রতিবেদন প্রকাশকালে তত্কালীন বাণিজ্য সচিব গোলাম হোসেন ডেসটিনির মোট তিন হাজার ৮০০ কোটি টাকার অনিয়ম তুলে ধরেন। এর মধ্যে এক হাজার ৪৫৪ কোটি টাকা সরাসরি তছরুপ করা হয়েছে। বাকি দুই হাজার ৩৪৬ কোটি টাকার লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক।
তদন্ত প্রতিবেদন প্রকাশকালে তত্কালীন বাণিজ্য সচিব সাংবাদিকদের জানান, ডেসটিনি গ্রুপের ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির কোনো না কোনোভাবে কার্যক্রম আছে। বাকি ১৩টি প্রতিষ্ঠান নাম সর্বস্ব। এর মধ্যে ডেসটিনি ২০০০-সহ ২৬ কোম্পানির মধ্যে আর্থিক অনিয়ম হয়েছে ৪৭৩ কোটি টাকার। ডেসটিনি মাল্টিপারপাসে অনিয়ম হয়েছে ৯৮২ কোটি টাকার। ২৬ কোম্পানির অস্বাভাবিক লেনদেন এক হাজার ২৮২ কোটি টাকার। আর মাল্টিপারপাস কো-অপারেটিভে সন্দেহজনক লেনদেন হয়েছে এক হাজার ৬২ কোটি টাকার।
তিনি বলেন, আইন লঙ্ঘনের জন্য সরকারের সাতটি সংস্থা আলাদাভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সংস্থাগুলো হলো দুর্নীতি দমন কমিশন (দুদক), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও রেজসকো। এখন পর্যন্ত দুদক টাকা পাচারের অভিযোগে মামলা করেছে।

আড়াই লাখের বেশি সরকারি পদ খালি

আড়াই লাখের বেশি সরকারি পদ খালি


সরকারি চাকরির ১৩ লাখ ৭০ হাজার পদের মধ্যে আড়াই লাখেরও বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে। তবে সরকারি চাকরিতে সাধারণ কোটা বাড়ানো বা বয়স বাড়ানোর কোন পরিকল্পনা নেই সরকারের। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। সংসদ কার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম লিখিত জবাবে সংসদকে জানান, সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি, বেসরকারি ও আত্মকর্মসংস্থান- তিনটিকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তার পক্ষে অপু উকিলের সম্পূরক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, আংশিকভাবে সত্যতা আছে। তবে কিছু ক্ষেত্রে সত্যতার অভাব রয়েছে। অনিয়মের অভিযোগ উঠলে গায়ের জোরে পরীক্ষা নেয়া সম্ভব হয় না। তখন ঘটনা তদন্ত করতে হয়। কমিটি গঠন করতে হয়। সে ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিলম্ব হয়ে যায়। তিনি বলেন, আমরা শুদ্ধতার দিকে এগোতে চাই। কারও স্বার্থে কিছু করতে চাই না। অপু উকিলের প্রশ্নটি ছিল- নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে অযথা বিলম্ব করা হয়। এতে দীর্ঘদিন পর্যন্ত পদ শূন্য পড়ে থাকে। এ বিষয়ে সরকার কোন প্রতিকার নেবে কিনা- সে প্রশ্ন রাখেন তিনি। মন্ত্রী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই। তিনি জানান, সরকারি চাকরিতে সাধারণ কোটা বাড়ানোর কোন পরিকল্পনা নেই সরকারের। মন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৯৯৭ সালের ১৭ই মার্চ সরকারি চাকরিতে কোটা সম্পর্কে পরিপত্র জারি করা হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদের জন্য বিদ্যমান বিভিন্ন ধরনের কোটার শতকরা হার হচ্ছে- মেধা কোটা (জেলা কোটা বহির্ভূত) ৪৫ শতাংশ, জেলা কোটা (জনসংখ্যার ভিত্তিতে জেলাওয়ারী বণ্টন) ৫৫ শতাংশ, মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ, মহিলা ১০ শতাংশ, উপজাতীয় ৫ শতাংশ এবং অবশিষ্ট (জেলার সাধারণ প্রার্থীদের জন্য) ১০ শতাংশ। তাছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী (জেলা কোটা বহির্ভূত) ১০ শতাংশ, জেলা কোটা (জনসংখ্যার ভিত্তিতে জেলাওয়ারী বন্টন) ৯০ শতাংশ, মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ, মহিলা ১৫ শতাংশ, উপজাতীয় ৫ শতাংশ, আসনার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য ১০ শতাংশ এবং অবশিষ্ট (জেলার সাধারণ প্রার্থীদের জন্য) ৩০ শতাংশ। তিনি আরও জানান, সংবিধানের ২৯(৩) অনুচ্ছেদের আলোকে সরকার সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা নির্ধারণ করে থাকে। বর্তমানে সরকারি চাকরিতে সাধারণ কোটা বাড়ানোর কোন পরিকল্পনা সরকারের নেই। মন্ত্রী জানান, ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোন দালিলিক ডকুমেন্টস আজ পর্যন্ত কারও কাছ থেকে পিএসসি পায়নি। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর পিএসসি লিখিত পরীক্ষা স্থগিত করে। ফাঁস হওয়া প্রশ্ন কোন নাগরিকের হাতে থাকলে তার কপি ও জালিয়াতির সঙ্গে জড়িত চক্র সম্পর্কে তথ্য পিএসসিকে দেয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মন্ত্রী আরও জানান, পত্রপত্রিকায় প্রশ্নপত্র ফাঁসের গুজবের সংবাদ প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের এবং জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের জন্য কমিশন গত ৭ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত আবশ্যিক ও একটি পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করে। বিএনপির অনুপস্থিত সংসদ সদস্য হারুনুর রশিদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সালের ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত সচিব পর্যায়ের একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। তার নাম আ ত ম ফজলুল করিম। উল্লেখ্য, তিনি কবি আবু করিম হিসেবে পরিচিত।

সমুদ্র এলাকায় ৩ নং সতর্কসঙ্কেত অব্যাহত

সমুদ্র এলাকায় ৩ নং সতর্কসঙ্কেত অব্যাহত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ পশ্চিম দিকে সামান্য সরে গিয়ে আজ সোমবার সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দণি-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসে একটানা গতিবেগ ঘন্টায় ৫১ কিলোমিটার যা দমকা ঝড়োহাওয়ার আকারে ৬১ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারী ধরনের উত্তাল রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতাসঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমুহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি অন্ধকারে ছিলাম, আলোর দেখা পেয়েছি : দুদক চেয়ারম্যান

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি

অন্ধকারে ছিলাম, আলোর দেখা পেয়েছি : দুদক চেয়ারম্যান

 


পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তের প্রতিবেদন ডিসেম্বরে দাখিল করবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। আজ সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী মাসের (ডিসেম্বর) প্রথম সপ্তাহেই দুদকের অনুসন্ধানী দল প্রতিবেদন জমা দেবে।
দুদক চেয়ারম্যান বলেন, আমরা অন্ধকারে ছিলাম, আলোর দেখা পেয়েছি। সবকিছু ঠিকঠাক মতো চলছে। ডিসেম্বরে বিশ্বব্যাংকের দ্বিতীয় প্যানেল ঢাকায় আসছে বলেও ইঙ্গিত করেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ উত্থাপনের পর উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাহিদকে প্রধান করে চার সদস্যের একটি অনুসন্ধানী দল গঠন করে দুদক। অনুসন্ধানী দলের অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক জয়নুল আবেদিন শিবলী, উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ও উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম।
গত ৩ সেপ্টেম্বর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষ করে দুদক। পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত ৩১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ও পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর ড. মসিউর রহমান, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম, আবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান সেতু ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আক্তার প্রমুখ।
বিশ্বব্যাংকের দেয়া শর্ত অনুসারে ইতোমধ্যেই পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। আর বিশ্বব্যাংকের গঠিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিন সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল বাংলাদেশ সফর করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে দলটি গত ১৪ অক্টোবর বাংলাদেশে আসে। তারা দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করে কিছু গাইডলাইন দেন। সেই গাইডলাইন অনুযায়ী দুদক আবারও জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Monday, November 19, 2012

দুর্গন্ধখেকো পোশাক

দুর্গন্ধখেকো পোশাকগায়ের দুর্গন্ধ নিয়ে সবারই কমবেশি অস্বস্তি তো লাগেই। আর দুর্গন্ধ দূর করতে আমরা নানা ধরনের পারফিউম ব্যবহার করে থাকি। কিন্তু পোশাকের নিচে জমে থাকা ঘাম যে দুর্গন্ধ সৃষ্টি করে তা কি আর কেবল পারফিউম দিয়ে যায়? ফলে দুর্গন্ধ থাকে, থাকে অস্বস্তি। কিন্তু যদি এমন হয়, গায়ে তৈরি হওয়া দুর্গন্ধ ওই পোশাকই নির্মূল করে দেবে, তাহলে? সম্প্রতি জাপানের সেইরিন নামে একটি টেঙ্টাইল কম্পানি এমন এক ধরনের অন্তর্বাস তৈরি করছে, যা গায়ের দুর্গন্ধ খেয়ে ফেলবে। অন্তর্বাসের নিচে জমে থাকা ঘাম থেকে সৃষ্ট দুর্গন্ধ নির্মূল করবে ওই বিশেষ ধরনের অন্তর্বাস। শুধু তা-ই নয়, এই অন্তর্বাস দুর্গন্ধ খেয়েই ক্ষান্ত হবে না, মনোমুঙ্কর সুগন্ধিও ছড়াবে। কম্পানিটি মনে করছে, এই অন্তর্বাস জাপানের ব্যবসা-বাণিজ্যে দারুণ সুফল বয়ে আনবে। এটি নারী-পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবে। এরই মধ্যে এ ধরনের অন্তর্বাস বাজারজাত শুরু করেছে কম্পানিটি।
এ পোশাকে ব্যবহার করা হয়েছে মৃৎশিল্প বা চীনামাটির বাসনে ব্যবহার করা এক ধরনের সুগন্ধি। এই অন্তর্বাসকে আবহাওয়া উপযোগী করে তৈরি করা হয়েছে, যা আবহাওয়া বুঝেই কাজ করবে। এমনকি স্বাস্থ্যের কথা বিবেচনা করে নেওয়া হয়েছে চিকিৎসকের পরামর্শও।
সেইরিন কম্পানির নামি ইয়াসিদা নামে এক মুখপাত্র জানান, এ অন্তর্বাস কয়েক বছর ধরে প্রস্তুত করা হচ্ছে। এই পোশাক দৈনন্দিন জীবনে মানুষকে দুর্গন্ধমুক্ত রাখবে এবং সুগন্ধি ছড়াবে। প্রথমে আমরা এ অন্তর্বাস হাসপাতালে বিক্রি করার চিন্তা করেছিলাম। কিন্তু পরে মানুষের সাড়া পেয়ে অবাক হয়েছি। এখন আমরা মানুষকে দুর্গন্ধমুক্ত রাখতে বাজারজাত শুরু করেছি।

বায়ুদূষণে বাড়ে মস্তিষ্কের বয়স

বায়ুদূষণে বাড়ে মস্তিষ্কের বয়স

আপনি যদি উচ্চমাত্রায় বায়ুদূষণের শিকার হন তা হলে আপনার মস্তিষ্কের বর্তমান বয়স আরো তিন বছর বেড়ে যাবে। ফলে কমে যাবে আপনার চিন্তা করার ক্ষমতা। এই প্রথমবারের মতো এমন তথ্য বেরিয়ে এসেছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষণায়। দীর্ঘদিন ধরে উচ্চমাত্রার বায়ুদূষণযুক্ত এলাকায় বাস করা বয়স্ক মানুষের চিন্তা করার ক্ষমতা তুলনামূলক মুক্ত বায়ুতে বসবাসরত লোকজনের চেয়ে খারাপ হয় বলে গবেষণায় দাবি করা হয়েছে।
গবেষক জেনিফার এইলশায়ার পঞ্চাশোর্ধ্ব ১৪ হাজার ৭৯৩ জন নারী-পুরুষের ওপর জরিপ চালিয়ে এমন প্রমাণ পেয়েছেন। তিনি জানান, 'বয়সজনিত কারণে এমনিতেই স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। তার ওপর বায়ুদূষণের শিকার হলে তাঁদের মস্তিষ্কের কার্যক্ষমতা আরো ঝুঁকির মধ্যে পড়ে। বায়ুদূষণের কারণে বয়স্কদের হৃদযন্ত্র, শ্বসনতন্ত্রের সমস্যা বেড়ে যাওয়ার পাশাপাশি অকাল মৃত্যুর আশঙ্কাও বেড়ে যায়।'
গবেষণা প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের মাত্রার পার্থক্যের কারণে ব্যক্তির চিন্তাভাবনার ক্ষমতায় পার্থক্য দেখা দেয়। তবে প্রত্যেকের ক্ষেত্রেই মস্তিষ্কের বয়স বৃদ্ধির পরিমাণ তিন বছর।
গবেষণায় বায়ুদূষণের মাত্রার সঙ্গে ব্যক্তির বয়স, ধূমপানের অভ্যাস, হৃদযন্ত্র ও শ্বসনতন্ত্রের অবস্থা, গোষ্ঠী এমনকি প্রাতিষ্ঠানিক শিক্ষাকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

ক্ষমা কার?

ক্ষমা কার?

এটা সত্য প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানই ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২১ আসামিকে ক্ষমা করেছেন। কিন্তু কার পরামর্শে প্রেসিডেন্ট এতটা ক্ষমাশীল হলেন সে প্রশ্ন এখন সর্বত্র। সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ বলছে, একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগদান ব্যতীত আর সব কাজই প্রেসিডেন্ট করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। এ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রেসিডেন্টের কাউকে ক্ষমা করার সুযোগ নেই। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা সম্পর্কিত পরিসংখ্যান গত বুধবার সংসদে প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী ১৯৭২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ২৫ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করা হয়েছে। এর মধ্যে ১৯৭২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমা করা হয়েছে মাত্র চারজনকে। আর ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ক্ষমা করা হয়েছে ২১ জনকে। প্রেসিডেন্টের ক্ষমা নিয়ে চারদিকে বিতর্ক যখন তুঙ্গে তখন শনিবার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের ক্ষমা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু সংবিধান ও হাইকোর্টের অন্তত একটি রায় আইনমন্ত্রীর এ বক্তব্যকে সমর্থন করে না। ক্ষমা কি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী করেন- গতকাল আইনমন্ত্রীর কাছে এ প্রশ্ন করা হলে তিনি মানবজমিনকে বলেন, প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী ক্ষমা করেন। তবে এ ব্যাপারে তিনি আর বিস্তারিত কিছু বলেননি। প্রেসিডেন্টের ক্ষমা নিয়ে গত ২৫শে এপ্রিল একটি রায় দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিল। সে রায়ে বলা হয়, সরকার বা প্রেসিডেন্ট কর্তৃক সাজা কমিয়ে দেয়া বা বাতিল করে দেয়ার ক্ষমতা চর্চার ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সম-অধিকারের নীতি অবলম্বন করতে হবে। রাজনৈতিক বিবেচনায় ক্ষমা তাই ক্ষমতার অপব্যবহার। এ বিষয়ে একটি বিধিমালা থাকা উচিত বলেও রায়ে অভিমত ব্যক্ত করা হয়। সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে বলা আছে, ‘সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করিবেন। তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শ দান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না।’ যদিও সংবিধানের ৪৯ অনুচ্ছেদ বলছে, ‘কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোন দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে।’ সংবিধান বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম তার কনস্টিটিউশনাল ল’ অব বাংলাদেশ গ্রন্থে লিখেছেন, শান্তি ও ন্যায়বিচারের জন্য সংবিধানে ক্ষমার ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু বাংলাদেশের সরকারগুলো রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে এ বিধানের অপব্যবহার করেছে।