Pages

Friday, June 29, 2012

ক্ষমতায় থেকেই নির্বাচন, তিন মাস সংসদ বসবে না: সুরঞ্জিত

ঢাকা, ২৮ জুন: বর্তমান সরকার 'ক্ষমতায় থেকেই নির্বাচন করবে' বলে আবারো
জানালেন দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য
সুরঞ্জিত সেনগুপ্ত। সরকারের মেয়াদ শেষ হবার তিন মাস (৯০ দিন) আগে জাতীয়
নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নিজের আগের মন্তব্যের প্রতিধ্বনি করে
সেনগুপ্ত বলেন, ''নির্বাচনের আগে ৯০ দিনে সংসদ অধিবেশন বসবে না। সুতরাং
সংসদ সদস্যদের কোন অগ্রাধিকারও থাকছে না। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা থাকবে
মন্ত্রী পরিষদের কাছে।''

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি প্রসঙ্গে তিনি বলেন, ''পরাশক্তি
যুক্তরাষ্ট্র ও ভারতেও ক্ষমতায় থেকেই নির্বাচন দেয়া হয়। এতে তো তারা
কোনো প্রশ্ন তোলে না। সরকার না, নির্বাচন করে নির্বাচন কমিশন। তাই ইসিকে
শক্তিশালী করতে হবে।''

সংবিধান সংশোধনে গঠিত কমিটির কাছে শুধুমাত্র রাষ্ট্র ধর্ম ইসলাম ও
বিসমিলস্নাহ ছাড়া রাশেদ খান মেনন ও হাসানুর হক ইনু আর কোনো আপত্তি তুলেনি
বলেও জানান তিনি।

নির্বাচন আয়োজনে সংবিধান সংশোধন করা দরকার বলে ওয়ার্কার্স পার্টির
সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের জবাবে সেনগুপ্ত বলেন, ''একটি দলের
প্রধান হিসেবে তার চিন্তার স্বাধীনতা থাকবে। গণতান্ত্রিক সমাজে তা রোধ করা
সম্ভব না। কিন্তু সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে মেনন এবং ইনু শুধু
রাষ্ট্র ধর্ম ইসলাম ও বিসমিল্লাহ থাকার বিষয়েই আপত্তি করেছিলেন। এখন
অন্যান্য সংশোধনের কথা আসবে কেন?'' বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক
আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

'সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রাখা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব' শীর্ষক এ
সভায় আয়োজন করে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগ নামে একটি সংগঠন।

আলোচনায় সুরঞ্জিত বলেন, ''বিশেষ কমিটির কাছে তারা সমাবেশ করার অধিকার
চেয়েছিলেন। এছাড়া সব বিষয়ে তারা একমত হয়ে চূড়ান্ত প্রতিবেদনে
স্বাক্ষরও দিয়েছেন। তখন তারা কোন আপত্তি করেননি।''

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল
হক সবুজ ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন।

দুদকে সাংবাদিক নিষিদ্ধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ঢাকা, ২৮ জুন: গত দুই দিন ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান
কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কার্যালয়ে কর্মরত
ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে দেখা করার বিশেষ পূর্বানুমতি থাকলেও কার্যালয়ে
প্রবেশের অনুমতি মিলছে না।

বৃহস্পতিবার দুদকের মূল গেটে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ওপরের নির্দেশ
আছে বলে সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেন। দুপুরের দিকে 'কোনো লিখিত
আদেশ রয়েছে কি না'—জানতে চাইলে অপেক্ষারত সাংবাদিক ও দুদকের ফটকে
দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় দুদকের উপসহকারী প্রকৌশলী কোরবান আলী এসে বলেন, "ওপরের নির্দেশ
রয়েছে। সাংবাদিকেরা ভেতরে প্রবেশ করতে পারবেন না।"

বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত একই রকমভাবে সাংবাদিকদের
প্রবেশে বাধা দেয়া হয়।

আজ বেলা দুইটায় সাংবাদিকেরা মূল গেট পার হয়ে ভবনের নিচে জড়ো হলে আবারও
তাদের চলে যেতে বলা হয়।

বেলা সোয়া দুইটায় দুদকের পক্ষ থেকে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব
কুমার ভট্টাচার্য নিচে এসে বলেন, "কেবলমাত্র দুদক ডাকলেই আপনারা আসবেন,
অন্যথায় নয়।"

Saturday, May 19, 2012

ফেসবুকের আকাশচুম্বি শেয়ারমূল্য

আমেরিকান তথা বিশ্ব শেয়ারবাজারের সাম্প্রতিক ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে অবিশ্বাস্য মূল্যে বিক্রি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের শেয়ার।

বৃহস্পতিবার নিউ ইয়র্ক শেয়ার বাজারে ফেসবুকের ফেসভ্যালু ছিল শেয়ার প্রতি ৩৮ ডলার। অত্যধিক চাহিদার কারণে কোম্পানি কতৃপর্ক্ষ একপর্যায়ে যার ফেসভ্যালু ঘোষণা করে  ১০০ বিলিয়ন ডলার। যা আমেরিকার ইতিহাসে কোনো কোম্পানির সর্বোচ্চ আইপিও (ইনসিয়াল পাবলিক অফারিং) মূল্য।

জানা যায়, মাত্র আট বছর বয়সের অথচ বিপুলভাবে জনপ্রিয় কোম্পানি সম্প্রতি ৩৪ থেকে ৩৮ ডলার ফেসভ্যালুতে মোট ৪২১ মিলিয়ন বিক্রির ঘোষণা দিলে চলতি সপ্তাহের শুরু থেকেই এর চাহিদা হু হু করে বাড়তে থাকে। তারপরেই বৃহস্পতিবার সকাল থেকেই ক্রেতাদের মধ্যে কোম্পানিটির শেয়ার নিয়ে উত্তেজনা বাড়তে থাকলে কোম্পানি কর্তৃপক্ষ ফেস ভ্যালু বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

তবে আকাস্মিকভাবে শেয়ার মূল্য অস্বাভাবিক পরিমাণ বাড়ানোয় ইতিমধ্যে কোম্পানিটির বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে প্রশ্ন উঠছে কোম্পানির সক্ষমতা নিয়ে। শেয়ারের দাম যে পরিমাণ বাড়ানো হয়েছে ক্রেতাদের সে পরিমাণ লভ্যাংশের গ্যারান্টি দিতে কোম্পানির সক্ষম কিনা এবং মোবাইল ফোন প্লাটফর্ম থেকে কতটুকুই বা সুবিধা গ্রহণ করতে পারবে তা নিয়ে এখন চলছে আলোচনা।

এছাড়া নতুন শেয়ার হোল্ডাররাও বলছেন কোম্পানিটি ঠিক কিভাবে চলছে তা সম্পর্কে তাদের স্পস্ট ধারণা নেই।
  
ভাবনার বিষয় হলো, ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে শেয়ার হোল্ডারদের কোনো সদুত্তর দিতে পারেনি।  

Sunday, April 1, 2012

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব বন্যা’র দখলে

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব বন্যা’র দখলে :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
মুম্বাই, ৩১ মার্চ:: ৪৯তম প্যান্টালুনস‍ ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২ নির্বাচিত হলেন বন্যা মিশ্র। খেতাব জিতে দৃশ্যতই খুশি এই চন্ডীগড়ের কন্যে। অন্যদিকে, মিস ইন্ডিয়া আর্থের খেতাব দখলে রাখলেন পুণের ২৪ বছর বয়সী প্রাচী মিশ্র। পাশাপাশি মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের জন্য গর্ব করতে পারবে চেন্নাই। ২৩ বছরের রোচেল মারিয়া রাও জিতে নিলেন এই পুরস্কার। ২০ জন ফাইনালিস্টের থেকে নির্বাচিত এই তিন জনকে বিজয়ীর মুকুট পরিয়ে দিলেন গতবারের বিজয়ী কনিষ্ঠা ঢাঙ্কার, হাস্লেন কাউর ও অঙ্কিতা সোরেই।

জমকালো এই অনুষ্ঠানে বিচারকের আসন উজ্জ্বল করেছিলেন সোনম কাপুর, প্রযোজক একতা কাপুর, ফিল্ম ডিরেক্টর রোহিত শেট্টি, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, ক্রিকেটার হরভজন সিংহ, গায়ক সোনু নিগম, অভিনেতা মার্ক রবিনসন্স প্রমুখ।

অভিনেতা আলি জাফর ও প্রাক্তন মিস ইন্ডিয়া মানাসভি মামগাই ও নেহা হিঙ্গের ডান্স পারফরমেন্স মাত করেন দর্শকদের। পাকিস্তানি গায়কের ‘মধুবালা’ পারফরমেন্সে মজলেন উপস্থিত সকলেই। সূত্র: ওয়েবসাইট।

Friday, February 17, 2012

বিদেশ :: বার্তা২৪ ডটনেট

বিদেশ :: বার্তা২৪ ডটনেট
বিশ্বের নবম বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও খুব একটা পরিচিত নয় এই দেশটি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের থেকে পৃথক হওয়ার পর ১৬ ডিসেম্বর দেশটি তাদের স্বাধীনতা ঘোষণা করে। ২০০৬ সালে কাজাকিস্তানের চলচ্চিত্র ‘বোরাত’ দিয়ে বিশ্বের নজর কারে এই দেশ। যদিও কাজাকিস্তানের প্রকৃত চিত্র নিয়ে বোরাত নির্মিত হয়নি বলে গুজব রয়েছে। তেল আহরণকারী কোম্পানি ও অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি’র জন্য বেশ বিখ্যাত এই দেশ। দেশটির বর্তমান প্রেসিডেন্ট নূর-সুলতান নজর বায়েফ।
এক নজরে কাজাকিস্তান
দেশের নাম: কাজাকিস্তান
রাজধানী: আলমা আতা
স্বাধীনতা দিবস: ১৬ ডিসেম্বর ১৯৯১ সালে
রাষ্ট্রীয় নাম: কাজাকিস্তান প্রজাতন্ত্র
জাতিসংঘের সদস্য লাভ: ২ মার্চ ১৯৯২
আয়তন: ২৭,১৭,৩০০ বর্গ কিঃ মিঃ
লোকসংখ্যা: ১ কোটি ৬১ লাখ
ভাষা: কাজাক, রুশ, জার্মান
মুদ্রা: টেঙ্গোর, ১ ডলার = ৭৫.৮০ টেঙ্গোর
ধর্ম: ইসলাম, মুসলিম ৪৭%, রুশ আর্থোডক্স ৪৪%।
শিক্ষার হার: ৯৯.০%।
মাথাপিছু জি ডি পি: ২,৭০০ ডলার।
গ্রিনিচ সময়: + ৩.৫ ঘণ্টা।
গড় আয়ু: ৭০.১/৫৮.৭পুরুষ/ মহিলা।
ইতিহাস: আদিমকাল থেকে এখানকার অধিবাসীরা যাযাবর ও পশুপালক হিসাবে জীবন অতিবাহিত করে আসছে। আদি ব্রোঞ্জ যুগে কাজাখ এলাকায় বেশ কিছু প্রাচীন সংস্কৃতির উদ্ভব হয়, যার মধ্যে রয়েছে শ্রুবনা সংস্কৃতি, আফানাসেভো সংস্কৃতি, এবং আন্দ্রোনোভ সংস্কৃতি। ৫০০ খ্রিস্টপূর্বাব্দ হতে ৫০০ খ্রিস্টাব্দ অবধি কাজাকিস্তানে যাযাবর যোদ্ধা সংস্কৃতির উদ্ভব ঘটে যার মধ্যে প্রধান ছিলো শক ও হুন।
১৯৯১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বরে কাজাকিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতনের পর কাজাকিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। এরা হলেন তুর্কি এবং মঙ্গলীয় বংশধারার উত্তরাধিকার। আঠারো শতকের শুরু থেকে আস্তে আস্তে রাশিয়ার অধীনে চলে যেতে থাকে। ঊনবিংশ শতকে মধ্য এশিয়ার অন্যান্য এলাকার জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট বিপ্লবের পর কাজাকিস্তান ১৯২০ সাল থেকে সোভিয়েত ইউনিয়নের ১৫টি প্রজাতন্ত্রের একটি হিসেব পরিচিতি পায়। অবশেষে প্রজাতন্ত্রগুলোর মধ্যকার ঐক্যে দুর্বলতা দেখা দিলে কাজাকিস্তানও তাদের স্বাধীনতা ঘোষণা করে এবং নূর-সুলতান নজর বায়েফকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয়া হয়।
ভৌগলিক অবস্থান ও আয়তন: কাজাকিস্তানের আয়তন প্রায় ২৭ লক্ষ বর্গ কিলোমিটার। প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে চীন, রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজিস্তান এবং তুর্কমেনিস্তান। রিপাবলিক অব কাজাকিস্তান নামেই পরিচিত দেশটি। দেশটির অধিকাংশ এলাকা মধ্য এশিয়ায় পড়েছে এবং একাংশ ইউরোপে পড়েছে। কাজাকিস্তান বিশ্বের সর্ববৃহৎ ভূমিবেষ্টিত দেশ। দেশটির একটি বৃহৎ অংশ ঘিরে রেখেছে কাসপিয়ান সাগর।

Tuesday, February 14, 2012

পদোন্নতিতে বৈষম্যের ফলে প্রশাসন মেধাশূন্য: বিসিএস সমন্বয় কমিটি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পেদান্নিতেত ৈবষম্েমর ফেল প্রশাসন েমধাশূন্্য: বিসিএস সমন্বয় কমিটি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: জনপ্রশাসনে বিভিন্ন পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে এর বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিসিএস সমন্বয় কমিটি। মঙ্গলবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উপ-সচিব ও এর ওপরের কয়েকটি পদে অসমতা এবং যুগ্ম সচিব পদে ২৬৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের বাইরে মাত্র ২২ জনকে পদোন্নতি দেয়ায় কমিটি ক্ষোভ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পদ না থাকা সত্ত্বেও সরকারের উপ-সচিব থেকে এর ওপরের পর্যায়ে প্রতিটি ক্ষেত্রেই বিদ্যমান পদের চেয়ে বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হচ্ছে। অপরদিকে এসব পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যমূলক আইনের কারণে মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তারা পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে কার্যত জনপ্রশাসনের উচ্চতর স্তর মেধা শূন্য হয়ে পড়ছে।

বিসিএস সমন্বয় কমিটি মনে করে, সব ক্যাডারে পৃথকভাবে বিভাগীয় পদোন্নতি কমিটি বা সুপিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে পদোন্নতি দেয়া হচ্ছে। কিন্তু বৈষম্যমূলক বিধিমালার কারণে প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে তা করা হচ্ছে না। একটি স্বাধীন দেশে এ ধরণের বৈষম্যমূলক আইন থাকতে পারে না। সমন্বয় কমিটি অবিলম্বে এ আইন বাতিল করে ‘সংবিধানের মূল চেতনার আলোকে বৈষম্যহীন আইন’ প্রণয়নের জোর দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ক্যাডারের লাইন পদে পদোন্নতির ক্ষেত্রে একই নীতিমালার ভিত্তিতে বিধি প্রণয়ন করতে হবে।

সাগর-রুনি হত্যা নিয়ে যেকোনো সময় ‘সুখবর’: স্বরাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সাগর-রুনি হত্যা নিয়ে যেকোনো সময় ‘সুখবর’: স্বরাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, “আপনারা অপেক্ষা করুন, যে কোনো সময় ‘সুখবর’ শুনতে পাবেন। তদন্ত কাজে অগ্রগতি হয়েছে।”

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ব্যাপারে গুজব ছড়ানোর কোনো অবকাশ নেই। গোয়েন্দা টিম পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। শিগগিরই আপনারা অগ্রগতি জানতে পারবেন।”

এ সময় তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নাতি নির্যাতিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়ার পরও নির্ধারিত সময়ে তদন্ত এবং এ সময়ের মধ্যে কেউ গ্রেফতার না হওয়ার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী অনেকটা এড়িয়ে যান।

তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ ব্যাপারে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত কাজ যেন দ্রুত হয় সে জন্য সময় বেঁধে দিয়েছিলেন। আপনার গতকাল এ ব্যাপারে আইজিরও বক্তব্য শুনেছেন। তদন্ত কাজ চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।”

গত শুক্রবার রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি খুন হন। এ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। তবে চারদিন পেরিয়ে গেলেও এখনও এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

Sunday, February 5, 2012

বিদায়ী কমিশনাররা সুষ্ঠু নির্বাচনে ইভিএমের বিকল্প দেখছেন না

আগামীতে জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকারের অধীনের সব ধরনের নির্বাচন সুষ্ঠু করার জন্য রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে ইভিএম ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন বিদায়ী তিন নির্বাচন কমিশনার।

বার্তা২৪ ডটনেটের সঙ্গে আলাপকালে তারা এ মত দেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা বলেন, ‘‘আমার অভিজ্ঞতা বলছে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা সম্ভব হলে নির্বাচনে কারচুপির মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনা যায়। অন্যদিকে ইভিএম ব্যবহার করলে কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই পরিকল্পনা মোতাবেক অল্প সময়ে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল জানিয়ে দেয়া যায়।’’

তিনি বলেন, ‘‘ভোটগ্রহণের দিন সবচেয়ে বেশি ঝামেলা দেখা দেয়। রাজনৈতিক দলগুলোই অধিকাংশ ঝামেলা পাকায়, ভোটগ্রহণের চেয়ে ভোটগণনার সময় বেশি কারচুপির অভিযোগ পাওয়া যায়। আর ইভিএমে ভোটগ্রহণে অল্প সময়ে ফলাফল দেয়া সম্ভব হওয়ায় কোনো মহল কারচুপিতে খুব একটা সুবিধা করতে পারে না। তাই বারবার ইভিএমে জোর দিচ্ছি।’’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘‘নির্বাচনে কারচুপি এদেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি। এ সংস্কৃতি বন্ধ করার জন্য জাতির সামনে এই মুহূর্তে ইভিএম ব্যবহারের চেয়ে ভাল কোনো বিকল্প আমার জানা নেই। এ পদ্ধতিতে ভোটগ্রহণ কম ব্যয় ও সময় সাপেক্ষ।’’

তিনি বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোতো সমস্যা সৃষ্টির চেষ্টা করবেই, কিন্তু কমিশন শক্তিশালী হলে ঝামেলা সৃষ্টিকারীরা সফল হতে পারে না। ইভিএমের মাধ্যমে ভোটের ফলাফলকে একাধিক বার চ্যালেঞ্জ করা সম্ভব, কিন্তু ব্যালটে এটা করা যায় না। কেননা, ভোটগ্রহণের পরেও আমরা অন্তত একমাস এ ফলাফল সংরক্ষণ করি। কেউ চাইলে প্রয়োজনে একশবার এ ভোট গুণে দেখতে পারে।’’

নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ‘‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমানে ইভিএম নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচনগুলোর ফলাফল দেখলে আমরা তার প্রমাণ পাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবাই চায়। কিন্তু দুই একটি দল ইভিএম বিষয়ে বিরোধীতার জন্যই বিরোধীতা করছে। তাদের এ বিরোধীতা থেকে বেরিয়ে আসা উচিত। বিষয়টি ভালভাবে বোঝার চেষ্টা করলে তারা আর ইভিএমের বিরোধীতা করবেন না।’’

তিনি বলেন, ‘‘সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করে ইভিএম ব্যবহারের ক্ষেত্র তৈরি করা গেলে আগামীতেও সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনের পক্ষে অনুষ্ঠান করা সম্ভব হবে। নির্বাচন অনুষ্ঠান কমিশনের কাজ, এখানে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ নিষ্প্রয়োজন। এ বিষয়টি আমলে নিয়েই দলগুলোর হস্তক্ষেপ বন্ধ করা উচিত। তবেই নির্বাচন সুষ্ঠু হবে।’’

নির্বাচনে কারচুপি বন্ধ করার পেছনে গণমাধ্যমও ভাল ভূমিকা রাখতে পারে বলেও মত দেন তারা।