Pages

Showing posts with label Narayanganj Citizen Murder. Show all posts
Showing posts with label Narayanganj Citizen Murder. Show all posts

Saturday, March 9, 2013

নিখোঁজের ৪০ ঘণ্টা পর স্কুলছাত্র ত্বকীর লাশ উদ্ধার- নারায়ণগঞ্জে হরতাল আজ

নিখোঁজের ৪০ ঘণ্টা পর স্কুলছাত্র ত্বকীর লাশ উদ্ধার- নারায়ণগঞ্জে হরতাল আজ


নিখোঁজের ৪০ ঘণ্টা পর নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী রফিউর রাব্বির পুত্র তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সোয়া ১০টায় শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাটের বিপরীত পাশে অবস্থিত শহরের কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের তীর থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার বিকাল থেকে ত্বকী নিখোঁজ ছিল। ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আজ শহরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। হরতালে সিপিবি-বাসদসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সমর্থণ জানিয়েছেন। রফিউর রাব্বি নারায়ণগঞ্জে চলমান গণজাগরণ মঞ্চ এবং গণআন্দোলনের প্রধান উদ্যোক্তা। বুধবার বিকাল ৪টায় শহরের পুরাতন কোর্ট এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ত্বকী। নিখোঁজের ৪০ ঘণ্টা পর গতকাল সকাল ৮টায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি সদর মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করলেও পুলিশ কার্যত কিছুই করতে পারেনি। ত্বকীর লাশ উদ্ধারের পর নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রফিউর রাব্বি নদীর তীরে ছেলের লাশ সনাক্তের পর শোকে পাথর হয়ে যান। ত্বকীর লাশ দেখে অন্যরা কান্নায় ভেঙে পড়ে। লাশ উদ্ধারের খবর পেয়ে নদীর তীরে ছুটে যান সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিপিবির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলামসহ অন্যরা। লাশের ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হলে সেখানেও ছুটে যায় জেলার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িতরা। মর্গের সামনে ওই সময় জেলা উদীচীর সভাপতি জাহিদুল ইসলাম ভূঁইয়া দিপুসহ অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খবর পেয়ে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালও মর্গে ছুটে যান।
দুপুর দেড়টায় ময়নাতদন্ত শেষে ত্বকীর লাশ এম্বুলেন্স যোগে শহরের পুরাতন কোর্ট এলাকার বাড়িতে নেয়া হয়। ওই সময় সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট প্রদীপ ঘোষ বাবু আজ নারায়ণগঞ্জ শহরে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা দেন।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জের গণমানুষের পক্ষে তাদের দাবি আদায়ের বিভিন্ন আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন। এ ছাড়া বর্তমানে নারায়ণগঞ্জে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চেরও প্রধান উদ্যোক্তা। তিনি নাগরিকদের পক্ষে দাবি আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এসব কারণে কোন পক্ষ ক্ষোভ মেটাতে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তিনি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পক্ষে বিভিন্ন দাবি আদায়ে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি আন্দোলন সংগ্রাম করেছেন। তাই রাব্বি যেমন আমাদের সম্পদ তার ছেলে হিসেবে ত্বকীও আমাদের সম্পদ ছিল। তাকে যারা হত্যা করেছে সেই বিচারের ভার নারায়ণগঞ্জবাসীর ওপর ছেড়ে দিলাম।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন: বিকাল ৪টায় নিহত ত্বকীর লাশ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্থরের সাধারণ মানুষ ত্বকীর লাশে পুষ্পস্তবক অর্পণ করে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ওই সময় আবেগে শহীদ মিনারে উপস্থিত বেশির ভাগ মানুষই চোখের অশ্রু ধরে রাখতে পারেননি।
দাফন: এদিকে বিকালে সর্ব সাধারণেল শ্রদ্ধা নিবেদনের জন্য নিহত ত্বকীর লাশ শহরের চাষাঢ়া শহীদ মিনারে রাখা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ মাগরিব শহরের আমলাপাড়া বড় মসজিদে জানাজা শেষে বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় আধ্যাত্মিক সাধক প্রয়াত সিরাজুল ইসলাম শাহের আস্তানায় দাফন করা হয়।
রেজাল্ট জেনে যেতে পারলো না ত্বকী: নিহত ত্বকী এ বছর শহরের এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়। রেজাল্টের আগের দিন বুধবার বিকালে বাসা থেকে বের হয়ে ত্বকী নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। ঘোষিত ফলাফলে জানা যায়, ত্বকী পদার্থ বিজ্ঞানে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। প্রতিটি বিষয়ে তিনশ’ নম্বরের মধ্যে ত্বকী পদার্থ বিজ্ঞানে ২৯৭, রসায়ন বিজ্ঞানে ২৯৪ এবং গনিতে ২৫৮ নম্বর পায়। স্বল্প ভাষী মেধাবী ত্বকীর স্বল্প সংখ্যক বন্ধু ছিল। এদের দুজন রোবায়েত রহমান ও জোবায়ের হোসেন ইমন। ত্বকী খুনের ঘটনা জানতে পেরে তারা দুজনই হাসপাতাল মর্গে এসেছিলেন। এ প্রতিবেদককে তারা দুজন জানান, ত্বকী খুব মেধাবী ছাত্র ছিল। তাকে হারিয়ে তারাও শোকাহত। চলে যাওয়া ঘনিষ্ঠ বন্ধুকে উদ্দেশ্য করে তারা দুই বন্ধু আবেগাপ্লুত হয়ে বলে, ত্বকী যেখানেই থাকবে ভাল থাকবে। ত্বকীর স্কুল এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার সাহা বলেন, তাদের স্কুলে যে কজন ভাল ও মেধাবী ছাত্র আছে তাদের মধ্যে ত্বকী অন্যতম। লেখাপড়া ছাড়া তার অন্য কোন জগত ছিল না।
রফিউর রাব্বি অতীতে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে জোরালো ভূমিকা পালন করেছেন। এর মধ্যে অহেতুক বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদ, শহরের গভীর নলকূপ ব্যবহারকারীদের ওপর ওয়াসা কর্তৃপক্ষের ধার্যকৃত অতিরিক্ত ফি কমাতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এছাড়া ২০১১ সালের ৩০শে অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে নারায়ণগঞ্জ সম্মিলিত নাগরিক পরিষদ আইভীর পক্ষে অবস্থান নেয়। এর সদস্য সচিব ছিলেন রফিউর রাব্বি। এসব কারণে তার অজান্তে অনেক শত্রু সৃষ্টি হয়ে থাকতে পারে। বর্তমানে নারায়ণগঞ্জে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চেরও প্রধান উদ্যোক্তা তিনি।
রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, জানা মতে আমার ছেলের কোন শত্রু নেই। আমি অহেতুক বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করেছি, নাগরিক সমস্যা সমাধানে জরালো ভূমিকা রেখেছি, সিটি করপোরেশন নির্বাচনে সরাসরি একটি পক্ষের হয়ে কাজ করেছি এবং সর্বোপরি নারায়ণগঞ্জে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চেরও প্রধান উদ্যোক্তা হওয়ায় কেউ কেউ আমার ওপর ক্ষুব্ধ হতে পারে। আর ওই ক্ষুব্ধ হওয়ার সূত্র ধরে আমার ছেলেকে হত্যা করতে পারে। ঘটনার ব্যাপারে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের হয়নি। তবে তারা নিহতের বাবার ব্যক্তিগত এবং সামাজিক আন্দোলনের ফলে কোন শত্রু তৈরি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন। মামলা দায়েরের পর পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে সুনির্দিষ্ট একটি চিত্র পাবেন। এরপর তারা তদন্তে নামবেন।