Pages

Showing posts with label Bangladesh_Politics. Show all posts
Showing posts with label Bangladesh_Politics. Show all posts

Saturday, March 9, 2013

নিখোঁজের ৪০ ঘণ্টা পর স্কুলছাত্র ত্বকীর লাশ উদ্ধার- নারায়ণগঞ্জে হরতাল আজ

নিখোঁজের ৪০ ঘণ্টা পর স্কুলছাত্র ত্বকীর লাশ উদ্ধার- নারায়ণগঞ্জে হরতাল আজ


নিখোঁজের ৪০ ঘণ্টা পর নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী রফিউর রাব্বির পুত্র তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সোয়া ১০টায় শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাটের বিপরীত পাশে অবস্থিত শহরের কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের তীর থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার বিকাল থেকে ত্বকী নিখোঁজ ছিল। ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আজ শহরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। হরতালে সিপিবি-বাসদসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সমর্থণ জানিয়েছেন। রফিউর রাব্বি নারায়ণগঞ্জে চলমান গণজাগরণ মঞ্চ এবং গণআন্দোলনের প্রধান উদ্যোক্তা। বুধবার বিকাল ৪টায় শহরের পুরাতন কোর্ট এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ত্বকী। নিখোঁজের ৪০ ঘণ্টা পর গতকাল সকাল ৮টায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি সদর মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করলেও পুলিশ কার্যত কিছুই করতে পারেনি। ত্বকীর লাশ উদ্ধারের পর নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রফিউর রাব্বি নদীর তীরে ছেলের লাশ সনাক্তের পর শোকে পাথর হয়ে যান। ত্বকীর লাশ দেখে অন্যরা কান্নায় ভেঙে পড়ে। লাশ উদ্ধারের খবর পেয়ে নদীর তীরে ছুটে যান সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিপিবির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলামসহ অন্যরা। লাশের ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হলে সেখানেও ছুটে যায় জেলার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িতরা। মর্গের সামনে ওই সময় জেলা উদীচীর সভাপতি জাহিদুল ইসলাম ভূঁইয়া দিপুসহ অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খবর পেয়ে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালও মর্গে ছুটে যান।
দুপুর দেড়টায় ময়নাতদন্ত শেষে ত্বকীর লাশ এম্বুলেন্স যোগে শহরের পুরাতন কোর্ট এলাকার বাড়িতে নেয়া হয়। ওই সময় সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট প্রদীপ ঘোষ বাবু আজ নারায়ণগঞ্জ শহরে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা দেন।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জের গণমানুষের পক্ষে তাদের দাবি আদায়ের বিভিন্ন আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন। এ ছাড়া বর্তমানে নারায়ণগঞ্জে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চেরও প্রধান উদ্যোক্তা। তিনি নাগরিকদের পক্ষে দাবি আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এসব কারণে কোন পক্ষ ক্ষোভ মেটাতে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তিনি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পক্ষে বিভিন্ন দাবি আদায়ে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি আন্দোলন সংগ্রাম করেছেন। তাই রাব্বি যেমন আমাদের সম্পদ তার ছেলে হিসেবে ত্বকীও আমাদের সম্পদ ছিল। তাকে যারা হত্যা করেছে সেই বিচারের ভার নারায়ণগঞ্জবাসীর ওপর ছেড়ে দিলাম।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন: বিকাল ৪টায় নিহত ত্বকীর লাশ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্থরের সাধারণ মানুষ ত্বকীর লাশে পুষ্পস্তবক অর্পণ করে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ওই সময় আবেগে শহীদ মিনারে উপস্থিত বেশির ভাগ মানুষই চোখের অশ্রু ধরে রাখতে পারেননি।
দাফন: এদিকে বিকালে সর্ব সাধারণেল শ্রদ্ধা নিবেদনের জন্য নিহত ত্বকীর লাশ শহরের চাষাঢ়া শহীদ মিনারে রাখা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ মাগরিব শহরের আমলাপাড়া বড় মসজিদে জানাজা শেষে বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় আধ্যাত্মিক সাধক প্রয়াত সিরাজুল ইসলাম শাহের আস্তানায় দাফন করা হয়।
রেজাল্ট জেনে যেতে পারলো না ত্বকী: নিহত ত্বকী এ বছর শহরের এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়। রেজাল্টের আগের দিন বুধবার বিকালে বাসা থেকে বের হয়ে ত্বকী নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। ঘোষিত ফলাফলে জানা যায়, ত্বকী পদার্থ বিজ্ঞানে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। প্রতিটি বিষয়ে তিনশ’ নম্বরের মধ্যে ত্বকী পদার্থ বিজ্ঞানে ২৯৭, রসায়ন বিজ্ঞানে ২৯৪ এবং গনিতে ২৫৮ নম্বর পায়। স্বল্প ভাষী মেধাবী ত্বকীর স্বল্প সংখ্যক বন্ধু ছিল। এদের দুজন রোবায়েত রহমান ও জোবায়ের হোসেন ইমন। ত্বকী খুনের ঘটনা জানতে পেরে তারা দুজনই হাসপাতাল মর্গে এসেছিলেন। এ প্রতিবেদককে তারা দুজন জানান, ত্বকী খুব মেধাবী ছাত্র ছিল। তাকে হারিয়ে তারাও শোকাহত। চলে যাওয়া ঘনিষ্ঠ বন্ধুকে উদ্দেশ্য করে তারা দুই বন্ধু আবেগাপ্লুত হয়ে বলে, ত্বকী যেখানেই থাকবে ভাল থাকবে। ত্বকীর স্কুল এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার সাহা বলেন, তাদের স্কুলে যে কজন ভাল ও মেধাবী ছাত্র আছে তাদের মধ্যে ত্বকী অন্যতম। লেখাপড়া ছাড়া তার অন্য কোন জগত ছিল না।
রফিউর রাব্বি অতীতে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে জোরালো ভূমিকা পালন করেছেন। এর মধ্যে অহেতুক বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদ, শহরের গভীর নলকূপ ব্যবহারকারীদের ওপর ওয়াসা কর্তৃপক্ষের ধার্যকৃত অতিরিক্ত ফি কমাতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এছাড়া ২০১১ সালের ৩০শে অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে নারায়ণগঞ্জ সম্মিলিত নাগরিক পরিষদ আইভীর পক্ষে অবস্থান নেয়। এর সদস্য সচিব ছিলেন রফিউর রাব্বি। এসব কারণে তার অজান্তে অনেক শত্রু সৃষ্টি হয়ে থাকতে পারে। বর্তমানে নারায়ণগঞ্জে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চেরও প্রধান উদ্যোক্তা তিনি।
রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, জানা মতে আমার ছেলের কোন শত্রু নেই। আমি অহেতুক বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করেছি, নাগরিক সমস্যা সমাধানে জরালো ভূমিকা রেখেছি, সিটি করপোরেশন নির্বাচনে সরাসরি একটি পক্ষের হয়ে কাজ করেছি এবং সর্বোপরি নারায়ণগঞ্জে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চেরও প্রধান উদ্যোক্তা হওয়ায় কেউ কেউ আমার ওপর ক্ষুব্ধ হতে পারে। আর ওই ক্ষুব্ধ হওয়ার সূত্র ধরে আমার ছেলেকে হত্যা করতে পারে। ঘটনার ব্যাপারে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের হয়নি। তবে তারা নিহতের বাবার ব্যক্তিগত এবং সামাজিক আন্দোলনের ফলে কোন শত্রু তৈরি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন। মামলা দায়েরের পর পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে সুনির্দিষ্ট একটি চিত্র পাবেন। এরপর তারা তদন্তে নামবেন।

Friday, March 8, 2013

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে


যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। গতকাল বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এ শপথ পাঠ করান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। সমাবেশ থেকে দেশের প্রতিটি বিভাগীয় শহরে গণজাগরণ সমাবেশ করার ঘোষণা দেন তিনি। আজকের শাহবাগের প্রজন্ম চত্বরের নারী জাগরণ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া ৭ই মার্চের চেতনায় সারা দেশের প্রতিটি পাড়ায়-মহল্লায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতার জন্য গণস্বাক্ষর কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ফলে আগামী ২২শে মার্চ পর্যন্ত এ কর্মসূচির সময় বাড়ানো হয়। বিকাল সাড়ে চারটায় পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। দুপুরের পর থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্রোতের মতো আসতে থাকে মানুষ। রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, থানা, ওয়ার্ডের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক, চিকিৎসক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করেন। পূর্ব ও পশ্চিম দিকের গেট দিয়ে আসতে থাকেন নানা শ্রেণী-পেশার লোকজন। ধীরে ধীরে বাড়তে থাকে লোক সমাগম। একসময় পুরো এলাকা লোকারণ্য হয়ে যায়। গণসংগীত, প্রতিবাদী কবিতা আর নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ এলাকা। বিকাল চারটার দিকে সমাবেশে গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার। তিনি মাইক হাতে নিয়ে বলেন, বঙ্গবন্ধু যখন ৭১ সালের ৭ই মার্চের সমাবেশে ভাষণ দিয়েছিলেন তখন আমি তার পাশে বসে গান পরিবেশন করে জনতাকে উজ্জীবিত করেছিলাম। তিনি পরপর দু’টি গান পরিবেশন করেন। তার গানে উদ্বেল হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশকে ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব ও পশ্চিম দিকের গেটের প্রবেশপথে বসানো হয় আর্চওয়ে। শতাধিক র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক নজরদারি করেন। অপূর্ব নামের এক ক্ষুদে শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো করে ৭ই মার্চের ভাষণ দেয়। তার ভাষণ শুনে সমবেত জনতা অভিভূত হয়ে যান। এ সময় উপস্থিত সবাই সেই দিনের মতো বারবার আওয়াজ তোলেন। সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় ১৯৭১ সালের ৭ই মার্চের রেসকোর্স ময়দানে। মুক্তিযুদ্ধ না দেখা তরুণ প্রজন্ম ফিরে যায় একাত্তরে। এরপর ৭১ সালে জামায়াত নেতা কাদের মোল্লার হাতে নির্যাতিত সখিনা খাতুনের হাতে পূর্বঘোষিত ১০ হাজার টাকা তুলে দেয়া হয়। গতকাল ছিল শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের ৩১তম দিন। আর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় শাহবাগের বাইরে ষষ্ঠ সমাবেশ। এর আগে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, মতিঝিলের শাপলা চত্বর, বাহাদুর শাহ পার্ক ও যাত্রাবাড়ীতে গণজাগরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বিকালে শাহবাগের প্রজন্ম চত্বরে নারী জাগরণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ পরিচালনা ও বক্তব্য রাখবেন নারীরা। এর জন্য গার্মেন্ট শ্রমিক ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের বিকাল ৩টা থেকে ছুটি দিতে মালিকদের আহ্বান জানানো হয়। এরপর ছাত্রনেতারা বক্তব্য রাখেন। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার বলেন, ৫ই মার্চ আমরা যে আন্দোলন শুরু করেছিলাম তা আজ তীব্র গণআন্দোলনে পরিণত হয়েছে। আমরা যে ৬ দফা দাবি উত্তোলন করেছি তা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ইতিমধ্যে আমাদের দাবি পূরণে সংসদে আইন পরিবর্তন করা হয়েছে। কিন্তু দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর থেকে জামায়াত-শিবির সারা দেশে সহিংসতা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা সামপ্রদায়িক হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে সারা দেশে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমরা অহিংস আন্দোলন করছি। মনে রাখবেন যাতে কোন ধরনের সহিংস পরিস্থিতি তৈরি না হয়। আমরা জনগণের জানমালের ক্ষতি হয় এমন কিছু করবো না। ৭ই মার্চের চেতনা নিয়ে আমাদের ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। তিনি বলেন, আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তেই উপনীত হয়েছি। এই সোহরাওয়ার্দী উদ্যানেই ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। সেদিন তার ভাষণ বাংলাদেশের প্রতিটি মানুষের রক্তকণিকায় মূর্ছনা তুলেছিল। ৭ই মার্চ আমাদের অনুপ্রেরণা। ইমরান বলেন, আমরা ৭ই মার্চ পর্যন্ত সারা দেশে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে জামায়াত-শিবিরের নৈরাজ্যের কারণে সারা দেশে কার্যক্রম চালাতে পারিনি। তাই আগামী ২২শে মার্চে পর্যন্ত এই কর্মসূচির সময় বাড়ানো হলো। মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করতে আপনারা সবাই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর তিনি সমবেত জনতাকে শপথ পাঠ করান। শপথে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সর্র্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় এবং তা কার্যকর না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধ এবং তাদের সকল অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম বয়কট করবো। সমাবেশে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, জাসদ ছাত্রলীগ সভাপতি হোসাইন আহমেদ তাফসির, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তমাল, ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন মিঠু, ছাত্রঐক্য ফোরামের আহ্বায়ক সোহান সোবহান, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বক্তব্য রাখেন।

Wednesday, March 6, 2013

বাংলাদেশে প্রাণহানিতে মর্মাহত যুক্তরাষ্ট্র

বাংলাদেশে প্রাণহানিতে মর্মাহত যুক্তরাষ্ট্র


বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিতে মর্মাহত যুক্তরাষ্ট্র। এ অবস্থায় সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন উপাসনালয় ও বাড়িতে হামলার খবরে। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপ-মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল। ৪ঠা মার্চ সাংবাদিকদের সামনে তিনি বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে আশা প্রকাশ করেন সরকার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেবে। সাংবাদিকরা তার কাছে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানতে চান। তাদের একজন বলেন, বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। এ নিয়ে কি আপনার কোন মন্তব্য আছে? জবাবে ভেনট্রেল বলেন, আমরা জানতে পেরেছি পরিস্থিতি শান্ত হয়ে আসছে। কিন্তু বাংলাদেশজুড়ে সহিংসতায় ৭০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এতে আমরা মর্মাহত। হিন্দুদের মন্দিরে ও বাড়িঘরে হামলার খবরেও আমরা উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করা মৌলিক অধিকার। একই সঙ্গে আমরা বিশ্বাস করি যে, সহিংসতা সমস্যার সমাধান নয়। তিনি বলেন, তাই আমরা সব বাংলাদেশীকে উৎসাহিত করছি শান্তিপূর্ণ উপায়ে তাদের দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটাতে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে। সাংবাদিকরা তার কাছে জানতে চান- বাংলাদেশ সরকার যেভাবে পরিস্থিতি মোকাবিলা করছে তা আপনি কিভাবে দেখছেন? জবাবে প্যাট্রিক ভেনট্রেল বলেন, আমরা দেখছি পরিস্থিতি শান্ত হচ্ছে। এ ছাড়া এ বিষয়টিকে আমি অন্য কোনভাবে ব্যাখ্যা করতে চাই না। পাশাপাশি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করছি।
তাদের কথোপকথন ছিল এ রকম-
প্রশ্ন- বাংলাদেশ প্রসঙ্গে-
ভেনট্রেল: হ্যাঁ, বলুন।
প্রশ্ন: বাংলাদেশ পরিস্থিতিতে সেখানকার নিরাপত্তা নিয়ে আপনার কাছে হালনাগাদ তথ্য আছে...
ভেনট্রেল: হ্যাঁ, আছে।
প্রশ্ন: সেখানে তো বিক্ষোভ চলছে? ভারতের প্রেসিডেন্ট-ও বাংলাদেশ সফরে রয়েছেন। এ নিয়ে কোন মন্তব্য আছে আপনার?
ভেনট্রেল: প্রশ্নের পরের অংশটা কি-
প্রশ্ন: ভারতের প্রেসিডেন্ট-ও বাংলাদেশ সফরে রয়েছেন-
ভেনট্রেল: ঠিক আছে। আমরা যখন আশান্বিত হয়েছি যে বাংলাদেশে পরিস্থিতি শান্ত হয়ে আসছে তখন দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কমপক্ষে ৭০ জন নিহত হওয়ায় আমরা মর্মাহত হয়েছি। হিন্দুদের মন্দিরে ও বাড়িঘরে হামলার ঘটনায়ও আমরা উদ্বিগ্ন। যেহেতু শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ মৌলিক গণতান্ত্রিক অধিকার তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সহিংসতা কোন সমস্যার সমাধান নয়। কাজেই আমরা সব বাংলাদেশীকে তাদের দাবিদাওয়ার প্রকাশ ঘটাতে শান্তিপূর্ণ উপায় অবলম্বনে এবং একই সঙ্গে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।
প্রশ্ন: বাংলাদেশ সরকার পরিস্থিতি যেভাবে মোকাবিলা করছে তা কিভাবে দেখছেন?
ভেনট্রেল: দেখুন, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি শান্ত হয়ে আসছে। এর বাইরে অন্য কিছু ব্যাখ্যা করতে চাই না। একই সঙ্গে অব্যাহতভাবে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে।

কুমিল্লায় সংঘর্ষ, গুলি আহত অর্ধশতাধিক আজ হরতাল

কুমিল্লায় সংঘর্ষ, গুলি আহত অর্ধশতাধিক আজ হরতাল


কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। হরতাল পৃষ্ঠা
পালন ও বর্জনকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর ও জেলার মুরাদনগরে এ ঘটনা ঘটে। হরতাল চলাকালে মঙ্গলবার দুপুরে বিএনপির একাংশ ও আওয়ামী লীগের একাংশের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে মহানগরীতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে জেলা বিএনপির কার্যালয়সহ অন্তত ১৫টি দোকানপাট ভাঙচুর ও ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার জেলা সদরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে গতকাল বেলা ১২টার দিকে নগরীর কান্দিরপাড়ে স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন সমর্থিত আওয়ামী লীগের একটি গ্রুপ হরতালবিরোধী মিছিল বের করে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন সমর্থিত বিএনপির একটি গ্রুপ হরতালের সমর্থনে মিছিল বের করে। বিকালে জেলা দক্ষিণ বিএনপি’র সভানেত্রী বেগম রাবেয়া চৌধুরী নগরীর বাদুরতলাস্থ তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিনসহ তার সমর্থিত কর্মীদের দায়ী করেন এবং এ ‘অতর্কিত হামলা’র প্রতিবাদে আজ বুধবার জেলা সদরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক ফজলু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, যুবদল সভাপতি আমিরুজ্জামান আমীর, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ছাত্রদল সভাপতি উৎবাতুল বারী আবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারসহ দলীয় নেতৃবৃন্দ। এদিকে, গুলিবিদ্ধ নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহতরা হচ্ছেন যুবদল নেতা মাকছুদুল আলম মাছুদ, আবদুর রশীদ, আকরাম হোসেন এরশাদ, মহসিন, আউয়াল, সুমন, ছাত্রদল নেতা তুহিন, জনি পাটোয়ারী, মহসিন খন্দকার কাকনসহ ২০ জন এবং অপরপক্ষের যুবলীগ নেতা রাসেল, সানি, তুহিন, সবুজ, ছাত্রলীগ নেতা শরীফ, রাজীবসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে বলে বিএনপি দাবি করেছে।
এমপি আ.ক.ম বাহাউদ্দিন সাংবাদিকদের বলেন, কুমিল্লা বিএনপিতে দীর্ঘদিন ধরে দু’গ্রুপে বিরোধ চলে আসছে। দুপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের সময় বিএনপি নেত্রী রাবেয়া চৌধুরী আতঙ্কে একটি দোকানে আশ্রয় নেন। এসময় খবর পেয়ে আমি পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে নিরাপদে বাসায় পৌঁছে দেয়ার কারণে তিনি আমাকে অভিযুক্ত করেছেন।
এছাড়া, জেলার মুরাদনগর উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের বিষ্ণুপুরে হরতালের পক্ষে-বিপক্ষে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বিএনপি সমর্থক মোস্তফা খান, ঝন্টু মিয়া, আওয়ামী লীগ কর্মী আবু কাউছার, মাহমুদ সরকার, আলাউদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

Monday, March 4, 2013

চাঁদে সাঈদীর মুখ দেখার গুজব

চাঁদে সাঈদীর মুখ দেখার গুজব



রোববার মাঝরাতে চাঁদের গায়ে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতিকৃতি দেখা গেছে বলে গতকাল গুজব ছিল দেশের বিভিন্ন স্থানে। সকাল থেকেই মানুষের মুখে মুখে তা ছড়িয়ে পড়ে। মোবাইল ফোনে, মেসেজের মাধ্যমে এবং ফেসবুকেও ছড়ানো হয় এই গুজব। বগুড়ার মসজিদ থেকেও প্রচার করা হয় এই
তথ্য। চাঁদে সাঈদীর ছবি দেখা গেছে- এমন খবর ছড়িয়ে পড়ায় গতকাল বিভিন্ন স্থানে সাধারণ ধর্মপ্রাণ মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে সহিংসতায় জড়ায়। হরতালের পক্ষে পিকেটিংয়েও অংশ নেয়। এ কারণে বগুড়ায় সকাল থেকে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করে। চট্টগ্রামের সাতকানিয়ায়ও এ ধরনের গুজব ছড়িয়ে পড়ে। সেখানেও জামায়াত-শিবিরের সঙ্গে সাধারণ মানুষ রাস্তায় নামে এমন গুজব শুনে।
এদিকে আলেমরা জানিয়েছেন, এ ধরনের গুজব বা প্রচারণা সত্য বলে মনে করা ইসলাম ধর্মের বিশ্বাসের বিরোধী। যারা এমন গুজব সত্য বলে মনে করবেন তারা বিশ্বাস থেকে বিচ্যুত হয়ে যাবেন।

Saturday, March 2, 2013

দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে

দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে

 দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে

দেশের সামপ্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে চলমান সংঘাতময় পরিস্থিতি দেশকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। গতকাল এক বিবৃতিতে এরশাদ বলেন, একদিনে প্রায় ৬০ জনের মৃত্যুর ঘটনা দেশের রাজনীতির ইতিহাসে এই প্রথম। জাতীয় জীবনের এ ‘সন্ধিক্ষণে’ ধীরস্থিরভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি। এরশাদ বলেন, শাহবাগের আন্দোলন এবং বিচার বিভাগের ‘সমান্তরাল অবস্থান’ পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় আরও বিবেচনাপ্রসূত, দূরদর্শী সিদ্ধান্ত নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে এরশাদ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত হয়ে পড়েছে এবং সৃষ্টি হয়েছে এমন এক সংঘাতময় পরিস্থিতির যা দেশকে একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে আমার এবং আমার দলের বক্তব্য সুস্পষ্ট। আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সকল প্রভাব ও চাপমুক্ত। কিন্তু সমপ্রতি শাহবাগ স্কয়ার এবং বিচার বিভাগের সমান্তরাল অবস্থান পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে। আমরা শাহবাগের তারুণ্যের উচ্ছ্বাসের বিরুদ্ধে নই কিন্তু তাদের কিছু কিছু দাবি ও কর্মসূচি প্রদানের মাধ্যমে পরিস্থিতি যে আরও জটিল হচ্ছে আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া ভারতের প্রেসিডেন্টের সফরকালে প্রতিবাদ ও আন্দোলনের ভাষা সংযত রাখারও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

Wednesday, February 27, 2013

সাঁকোতে সাবধান

সাঁকোতে সাবধান


প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জোটের নেতাদের অতিকথনে। তাদের নির্দেশ দিয়েছেন মিডিয়া ও দলীয় নেতাদের সামনে সংযত হয়ে বক্তব্য দিতে। বলেছেন, সরকারের নীতিনির্ধারকদের অতিকথা অনেক সময় বিব্রতকর অবস্থায় ফেলতে পারে সরকারকে। তাই যে কোন বিষয়ে কথা বলতে হবে সতর্কতার সঙ্গে। পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন উস্কানিমূলক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে তাই। ২৫শে ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি আরও বলেছেন, আমাদের পক্ষে আগ বাড়িয়ে কিছু করা বা বলা ঠিক হবে না। আপনাদের আগ বাড়ানো বক্তব্যকে কাজে লাগাচ্ছে প্রতিপক্ষরা। দয়া করে ওই ধরনের বক্তব্য দিয়ে সাহায্য করবেন না উস্কানিতে।
প্রধানমন্ত্রীর বক্তব্যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁর সজাগ দৃষ্টি, রাজনৈতিক মনোভাব ও সরকারি অবস্থান স্পষ্ট। তিনি চাইছেন উদ্ভূত অবস্থার শান্তিপূর্ণ সমাধান অর্থাৎ পরিস্থিতি যেন ঘোলাটে না হয়ে ওঠে, সরকারকে যেন বিব্রত না হতে হয়। শাহবাগ চত্বরের তরুণ-যুব সমাজের মৌলবাদমুক্ত অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জাগরণ-আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে সরকার, সংসদ, মন্ত্রী, এমপি, সচিব, বেশির ভাগ বিরোধী দল ও পেশাজীবী সংগঠনসহ সবাই। আন্দোলনের আশা-আকাঙ্ক্ষা পূরণের দিকে যথোচিত উদ্যোগ-কার্যক্রমও নিয়েছে সরকার। এর মধ্যে ঢুকে পড়ে একটি নৃশংস হত্যাকাণ্ড এবং একটি অকথ্য ব্লগ। দ্রুত পালটে যেতে থাকে পরিস্থিতি। তারপর ইস্যু হয়ে ওঠে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণ বনাম নাস্তিক্যবাদ। তারপর মহানবীর অবমাননা বনাম জাতীয় পতাকা ও শহীদ মিনারের অবমাননা। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে এখন। এ অবস্থান মরিয়া। ঘৃণা-বিদ্বেষ-আক্রোশ-আক্রমণ এখন স্থান করে নিয়েছে মুখের ভাষায়। সমবেত হামলায়। স্থান অদল বদল করে নিচ্ছে রাজনীতি ও নাশকতা। রক্ত ঝরছে, স্বজনহারাদের আর্তনাদে ভারি হয়ে উঠছে আকাশ। হিন্দুস্থান টাইমস লিখেছে, গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ছে বাংলাদেশে।
শান্তিভূমি পুণ্যভূমি বাংলাদেশ আবার যুদ্ধভূমি? তাহলে কোথায় সেই শুভবুদ্ধি? সোমবারের ওই বৈঠকেই প্রধানমন্ত্রী ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদকে। তিনি জানেন, এই আলোচনার পথই একমাত্র পথ। এ পথেই সমাধান ঘটতে পারে বিরোধ, বিবাদ, বিভ্রান্তির।
কিন্তু সবাই কি তা জানেন? বা সবাই কি তা চান?
বিভাজিত জাতির উন্নতি কঠিন জেনেও আমরা বিভাজিত। এ বিভাজন এখন তীব্র। সবাই জানেন বিচারক, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিকরা যদি দলীয় হয়ে যান তাহলে দেশের মানুষের দাঁড়াবার আর জায়গা থাকে না, তারপরও আমাদের অনেকের চলন বলন কাজকর্ম তো দলীয় কর্মীদের চেয়েও উগ্র আক্রমণাত্মক হয়ে উঠেছে। এর অবসান কোথায়?
প্রধানমন্ত্রীর বৈঠকের খবর ‘মন্ত্রীদের অতিকথনে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী’ শিরোনামে ছাপা হয়েছে মানবজমিন-এ। খবরটির লিঙ্ক ফেসবুক-এ দেয়ার কিছুক্ষণ পরেই মন্তব্য আসে এক স্নেহভাজন কবি-সাংবাদিকের, ‘চ্যানেলগুলোর... বন্ধ হবে এতে? মন্ত্রীদের ক্যামেরা-প্রীতি থাকবে না... বলেন কি?’
প্রশ্নটি মিডিয়ার প্রতি। কারণ উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সে। কিন্তু এ সঙ্কটকালে কি হতাশার কারণ হয়ে উঠছে তার ভূমিকা? আসলে আমাদের দেশে কি ভূমিকা নেয় মিডিয়া? স্বাভাবিক পরিস্থিতিতে নিজের যে ভূমিকা বেছে নেয় মিডিয়া আসলে তার ওপরই নির্ভর করে সঙ্কটকালীন পরিস্থিতিতে তার ভূমিকা। সে কি সমাজের নেতা? নাকি সংস্কারক? পরিবর্তনের অনুঘটক? নাকি খবর ও মতামতের বাহক মাত্র? বার্তাবাহক হিসেবেও কি সে স্বাধীন নাকি অভ্যন্তরীণ বা বহিঃস্থ চাপ বা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত?
যা-ই হোন, দয়া করে সাঁকো নাড়তে বলবেন না কাউকে।

Sunday, February 17, 2013

নাশকতা ঠেকাতে রাস্তায় সিসি ক্যামেরা আর্চওয়ে ওয়াচ টাওয়ার

নাশকতা ঠেকাতে রাস্তায় সিসি ক্যামেরা আর্চওয়ে ওয়াচ টাওয়ার


জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। শাহবাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ রাজধানীজুড়ে বিস্তার করা হয়েছে নিরাপত্তার জাল। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা, আর্চওয়ে, ওয়াচ টাওয়ার। রায়ট কার ও টিয়ারশেল গান নিয়ে রাস্তায় টহল দিচ্ছে র‌্যাব-পুলিশ। প্রস্তুত রাখা
হয়েছে এলিট ফোর্স সোয়াত টিম। বসানো হয়েছে অতিরিক্ত কন্ট্রোল রুম। ঢাকা মোট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের বাঁচাতে জামায়াত-শিবির নেতা-কর্মীরা এখন মরিয়া। অব্যাহতভাবে তারা চালিয়ে যাচ্ছে চোরাগোপ্তা হামলা। পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। তারা শাহবাগ স্কয়ারেও হামলা চালাতে পারে বলে আগাম তথ্য পেয়েছি। এ কারণে শাহবাগসহ রাজধানীজুড়ে নতুন ছক অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
ডিএমপি হেড কোয়ার্টার সূত্র জানায়, সম্ভাব্য অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে রাজধানীতে ১০ হাজার পোশাকধারী এবং ১ হাজার রিজার্ভ ফোর্সসহ আইন প্রয়োগকারী সংস্থার প্রায় ১৫ হাজার সদস্য কাজ করছে। টহলে রয়েছে র‌্যাবের প্রায় ২ হাজার সদস্য। দাঙ্গা পুলিশের পাশাপাশি এপিবিএন, ডিবি পুলিশ এবং বোম ডিস্পোজাল টিম রাস্তায় ওয়ার্মআপ করছে। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখা যায়- নয়া পল্টন, মতিঝিল, কাওরানবাজার, কল্যাণপুর, শ্যামলী, মহাখালী, মিরপুর-১০, ফকিরাপুল, শাহজাহানপুর মোড়, যাত্রাবাড়ী এবং ডেমরাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে অধিকতর তৎপর র‌্যাব-পুলিশের সদস্যদের। স্পটে স্পটে কাজ করছে থাকবে গোয়েন্দা ওয়াচম্যান, ডিবির ভিডিও ও স্টিল ক্যামেরাম্যানরা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের প্রধান টার্গেট পুলিশ। তবে নিজ দলের নেতাদের বাঁচাতে তারা যে কোন ধরনের ঘটনা ঘটাতে পারে। শাহবাগে হামলার আশঙ্কাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। তাই সেখানে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুরো রাজধানীকেই আমরা ওয়াচের মধ্যে রেখেছি। চোরাগোপ্তা হামলার কারণে কখনও কখনও আমরা আগে থেকে হামলার বিষয়ে ধারণা পাচ্ছি না। তবে হামলার সঙ্গে সঙ্গে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, জামায়াতের যে কোন নাশকতা মোকাবিলায় পুলিশ প্রস্তুত। তারা যাতে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ব্যক্তি এবং শাহবাগে আন্দোলনকারীদের কোন ধরনের ক্ষতি করতে না পারে সেদিকে পুলিশের বিশেষ দৃষ্টি রয়েছে।
পুলিশের রমনা বিভাগের ডিসি সৈয়দ নূরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার থেকে শাহবাগে নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করেছি। বাড়তি ফোর্স নিয়োজিত করেছি। শাহবাগ কেন্দ্রিক পর্যাপ্ত ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। সেখানে বসানো হয়েছে কন্ট্রোল রুম। টহল বাড়ানো হয়েছে। স্থাপন করা হয়েছে ৩২টি সিসি ক্যামেরা। প্রবেশপথগুলোতে দেয়া হয়েছে আর্চওয়ে। বড় বড় ভবনগুলোকে ব্যবহার করা হচ্ছে ওয়াচ টাওয়ার হিসেবে। শাহবাগ ও ট্রাইব্যুনাল এলাকায় ডিবি ও সোয়াতকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

নিরাপত্তা চেয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রণালয় লেখা স্টিকার থাকছে না

নিরাপত্তা চেয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রণালয় লেখা স্টিকার থাকছে না


জামায়াত-শিবিরের সম্ভাব্য আক্রমণ বা তাণ্ডব থেকে নিরাপদ থাকতে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে সচিবালয়ের বাইরে অবস্থিত সরকারের কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ। তাদের চিঠি পেয়ে নিরাপত্তা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা। ওদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গাড়িতে সচিবালয়ের ‘যানবাহন প্রবেশপত্র’ রাখলেও ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ লেখা স্টিকার খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আজকালের মধ্যে তারা গাড়িতে থাকা ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ লেখা স্টিকার খুলে ফেলবেন। এছাড়া অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগকে এ বিষয়ে সতর্ক করে চিঠি দিতে যাচ্ছেন তারা। সচিবালয়ে প্রবেশ করা গাড়িগুলো মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। সচিবালয়ে প্রবেশকারী গাড়ি নিচে কোন বিস্ফোরক নিয়ে প্রবেশ করছে কিনা তা কম্পিউটারের মাধ্যমে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী অফিস করেন এমন দিনে বা অন্যান্য দিনেও থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিজেদের নিরাপত্তা দুর্বলতার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে এর অফিসটি ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে অবস্থিত। সরকারি পর্যায়ে মালয়েশিয়াতে জনশক্তি পাঠানোর জন্য তৈরী কেন্দ্রীয় ডাটাবেজের কার্যক্রম এ ভবন থেকেই পরিচালিত হচ্ছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট গ্রহণসহ জনশক্তি বিষয়ক নানা গুরুত্বপূর্ণ কার্যাদি এ ভবন থেকে করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররাফ হোসেন প্রবাসী কল্যাণ ভবনে অফিস করে সব কাজ দেখভাল করছেন। তিনি সরকারের একজন সিনিয়র মন্ত্রীও বটে। এমন অবস্থায় প্রবাসী কল্যাণ ভবন অনেকটা অরক্ষিত। অন্য আর দুই মন্ত্রণালয়ও সচিবালয়ের বাইরে থাকায় তাদের নিরাপত্তা দুর্বলতার কথা তুলে ধরেছে। তারা বলেছেন, সহসাই এসব ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম সংশোধনী বাতিলের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব অধ্যাদেশ অবৈধ হয়ে গেছে ওই সব অধ্যাদেশ পুনরায় আইনে পরিণত করার বিষয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমেদের সভাপতিত্বে আইন সংশোধন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। স্টিকার তুলে ফেলা সংক্রান্ত বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার এক সিনিয়র কর্মকর্তা। তিনি বলেন, জামায়াত শিবিরের আক্রমণের প্রধান টার্গেট পুলিশ এবং সরকারি গাড়ি। এরই মধ্যে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। এ কারণে এখনই দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন। এরপরই সিদ্ধান্ত নেয়া হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন গাড়িতে মন্ত্রণালয়ের নাম লেখা সংবলিত স্টিকার রাখা যাবে না। যেসব গাড়িতে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ লেখা স্টিকার রয়েছে তা তুলে ফেলতে হবে। একই সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীদের সতর্কতার সঙ্গে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হয়েছে। কোথাও আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে পরিচয় গোপন রাখার জন্য বলা হয়েছে। ওদিকে সতর্ক বার্তা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে। এ সপ্তাহেই সতর্ক বার্তাটি পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের উচ্চ পর্যায়ে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই জামায়াত শিবিরের তাণ্ডব থেকে সরকারি গাড়ি রক্ষা করতে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের গাড়িও একই নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি তৈরির প্রক্রিয়া করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতি গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) বিবেচনায় সচিবালয়ের নিরাপত্তায় আমূল পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ম্যানুয়াল নিরাপত্তার বদলে অটোমেটিক (স্বয়ংক্রিয়) হয়েছে। সচিবালয়ের নিরাপত্তা সরঞ্জামের তালিকায় যোগ হয়েছে আন্ডার ভেহিক্যাল সার্ভিলেন্স সিস্টেম, এক্সপ্লোসিভ ডিটেক্টরসহ অনেক আধুনিক মানের যন্ত্রপাতি। গাড়ির মধ্যে কোন আগ্নেয়ান্ত্র বা বোমা থাকলে এসব যন্ত্রপাতি দিয়ে তা সহজেই ধরা যাবে। গাড়ি ছাড়া যেসব দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করছেন তাদের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র অটোমেটিক সিস্টেমে পরীক্ষা করা হচ্ছে। এজন্য বিপুল সংখ্যক ব্যাগ স্ক্যানার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও এক্সপ্লোসিভ ডিটেক্টর কেনা হয়েছে। এখন নতুন পথে দর্শনার্থী প্রবেশসহ কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করছেন। কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে ঝামেলা পোহাতে হলেও নিরাপত্তা নিয়ে কোন ছাড় দিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭, আজ হরতাল


সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭, আজ হরতাল

 


পুলিশ ও শিবিরের ঘণ্টাব্যাপী সংঘর্ষে শনিবার নগরীর মীরবক্সটুলা, নয়া সড়ক ও চৌহাট্টা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় রক্তক্ষয়ী সংঘর্ষে ১১ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে ৭ জন গুলিবিদ্ধ। গুলিবিদ্ধদের মধ্যে শিবিরকর্মী আলী আজকর রাহাতের অবস্থা গুরুতর হওয়ায় দুপুরে তাকে এয়ার কপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় উত্তেজিত শিবিরকর্মীরা ৫টি যানবাহন ভাঙচুর ছাড়াও দোকানপাটে হামলা চালায়। ঘটনার পর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৫ জনকে আটক করেছে। ঘটনার প্রতিবাদে আজ সিলেট জেলায় সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল ডেকেছে ছাত্রশিবির। কক্সবাজারে পুলিশ ও জামায়াত সংঘর্ষের পর থেকে সিলেটের ছাত্রশিবিরের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। সকাল থেকে শিবিরকর্মীরা নগরীর কয়েকটি এলাকায় মিছিল বের করার খবর ছড়িয়ে পড়ে। এতে নগরীর শিবির অধ্যুষিত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়। বেলা পৌনে ১১টায় ছাত্রশিবিরের কয়েক শ’ সদস্য নগরীর মীরবক্সটুলা, মানিকপীর রোড, কাজিটুলা এলাকা থেকে একযোগে মিছিল বের করে। এ সময় নয়াসড়ক এলাকায় পুলিশ মোতায়েন ছিল। মিছিল বের করার পরপরই পুলিশ সদস্য ভাগ হয়ে তিনটি মিছিলে বাধা দেয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশের সঙ্গে শিবিরকর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। মীরবক্সটুলা থেকে বের হওয়া শিবিরের মিছিলটি চৌহাট্টা অভিমুখে আসে। একদল পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছোড়ে। লাঠিসোটা হাতে থাকা শিবিরকর্মীরা চৌহাট্টা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় শিবিরকর্মীরা মীরবক্সটুলা এলাকায় যায়। এ সময় তারা ফের পুলিশের মুখোমুখি হলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের গুলিতে বেশ কয়েকজন শিবিরকর্মী আহত হয়। ওদিকে, মানিকপীর রোড থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর নয়াসড়ক এলাকায় পৌঁছলে তারা পুলিশের বাধার মুখে পড়ে। ওখানে সংঘর্ষকালে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। কাজিটুলা থেকে বের হওয়া মিছিলের সঙ্গে নয়াসড়ক এলাকায় পুলিশের সংঘর্ষ হয়। তবে প্রায় আধাঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে সিলেট নগরীর মীরবক্সটুলার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। শতাধিক শিবিরকর্মী পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় তারা পুলিশকে ইটপাটকেল ও ককটেল ছুড়লে পুলিশের ট্রাফিক এসি রাজীব ও কোতোয়ালি থানার ওসি আতাউর রহমানসহ ১১ জন পুলিশ সদস্য আহত। পুলিশ সদস্য আহত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়েছিল। আর পুলিশ সদস্য আহত হওয়ার পরপরই পুলিশ ফাঁকা গুলি ছুড়তে শুরু করে। এ সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে ছাত্রশিবির কর্মী আলী আজকর রাহাতসহ ৭ জন। দুপুর ১২টার দিকে সংঘর্ষ করতে করতে শিবিরকর্মীরা নয়াসড়ক এলাকা থেকে কাজিটুলা, মানিকপুর রোড ও জেল রোড দিয়ে চলে যায়। জামায়াতের সিনিয়র নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ ৭ শিবিরকর্মীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজসহ বেশ কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকজনের অস্ত্রোপচার হয়েছে। এছাড়া অন্য আহতদের চিকিৎসা সেবা দেয়া হয়। গুরুতর আহত শিবিরকর্মী রাহাতকে প্রথমে উইমেন্সে এবং পরে ইবনে সিনার নেয়া হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে অস্ত্রোপচার করা হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বিকালে এয়ার কপ্টার যোগে তাকে ঢাকায় নেয়ার ব্যবস্থা করা হয়। রাহাত সিলেট মদনমোহন শিবিরের নেতা। সে মহানগর শিবিরের সহকারী ছাত্র কল্যাণ সম্পাদক। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় বলে জানা গেছে। সংঘর্ষকালে শিবিরকর্মীরা নগরীর চৌহাট্টা, হাওয়াপাড়া গলির মুখ, মীরবক্সটুলা নয়া সড়ক এলাকায় ৫টি যানবাহন ভাঙচুর চালায়। এক পর্যায়ে রাস্তার পাশে থাকা দোকানপাটেও হামলা চালানো হয়। এতে তটস্থ এলাকার মানুষ দোকানপাট বন্ধ করে দেন। সিলেট উইমেন্স মেডিকেল কলেজসহ তিনটি ক্লিনিকের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। এদিকে, সংঘর্ষের সময় আহত হন পুলিশের এসি ট্রাফিক রাজীব ও কোতোয়ালি পুলিশের ওসি আতাউর রহমানসহ ১১ জন। এর মধ্যে এসি রাজীবসহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন, শিবিরকর্মীরা হাতে লাঠিসোটা নিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালানো হয়। তিনি জানান, এ ঘটনায় পুলিশ প্রায় ২৫ জনের মতো আটক করেছে। এর মধ্যে যারা শিবির কর্মী তাদের চিহ্নিত করে অন্যদের ছেড়ে দেয়া হবে। সিলেট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিকালে মানবজমিনকে জানান, পুলিশ সংঘর্ষকালে শতাধিক রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট ছুড়েছে। আর যাদের আটক করা হয়েছে তাদের ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল্লাহ আজাদ চৌধুরী জানিয়েছেন, ঘটনার পর থেকে পুলিশ নয়াসড়ক, চৌহাট্টা ও কাজিটুলা এলাকায় অভিয়ান অব্যাহত রেখেছে। এদিকে, নয়াসড়ক এলাকায় সংঘর্ষকালে শিবিরকর্মীরা নগরীর সুবিদ বাজার এলাকায় মিছিল করেছে। তবে পুলিশ আসার আগেই তারা মিছিল শেষ করে চলে যায়। ওই মিছিলটি রাজারগলি এলাকা থেকে বের হয়েছিল বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। একই সময়ে সিলেট এমসি কলেজের সামনে থেকে শিবিরকর্মীরা অপর আরেকটি মিছিল বের করার চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষকালে ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় যানবাহন ভাঙচুর করা হয়েছে। এদিকে, পুলিশের গুলিতে শিবিরকর্মী রাহাত গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর দক্ষিণ সুরমায় পৌঁছা মাত্র ওখানে শিবিরকর্মীরা বিক্ষোভ করার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার আগেই বিক্ষোভকারীরা চলে যায়।

Thursday, January 31, 2013

ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়া- বাংলাদেশের গণতন্ত্র বাঁচান

ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়া- বাংলাদেশের গণতন্ত্র বাঁচান


যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে ২০১৩ সাল কি একটি সন্ধিক্ষণ হবে? আমার দেশ ১৫ কোটি মানুষের। ভারত ও মিয়ানমারের মধ্যবর্তী অংশে এর অবস্থান। ১৯৭১ সাল থেকে এ দেশটি স্বাধীন। আমাদের নিজেদের গন্তব্য নির্ধারণের জন্য যেসব দেশ প্রথম স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। কিন্তু সামপ্রতিক বছরগুলোতে বাংলাদেশের গণতন্ত্রকে খাটো করে দেখা হচ্ছে, এর অর্থনৈতিক আনুগত্য বিশ্বের ক্রমবর্ধমান শক্তিগুলোর দিকে ধাবিত তখন যুক্তরাষ্ট্র অলস অবস্থানে আছে বলে অভিযোগ আনা যেতে পারে। এ সময়ে দু’দেশের সম্পর্কে চলে টানাপড়েন।
এর অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্রের সরকার, কংগ্রেস বা বিভিন্ন সংস্থা সহায়তার ক্ষেত্রে যে নেতৃত্ব দিয়ে থাকে তার কিছুই করেনি তা নয়। এখন থেকে ৬ মাস আগে, বিশ্বব্যাংক চার মাইল দীর্ঘ একটি সেতু প্রকল্পে প্রায় ২০০ কোটি ডলারের তহবিল প্রত্যাহার করে নেয়। গত ৪০ বছরে বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় কোন একক অবকাঠামোর প্রকল্প। পাশাপাশি বিশ্বব্যাংক এ প্রকল্পে মন্ত্রণালয় পর্যায়ে দুর্নীতি ও তহবিল তছরূপ নিয়ে তদন্ত দাবি করে।
একই সময়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাংলাদেশ ককাসের সদস্যরা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসকে অপসারণের জন্য বাংলাদেশ সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা জানান। গ্রামীণ ব্যাংকও ওই পুরস্কার বিজয়ী বাংলাদেশী ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান। এই ব্যাংক লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে। তাকে অপসারণের কারণ? এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ভুল ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে: ‘যদি বাংলাদেশে কেউ নোবেল পুরস্কার পাওয়ার দাবি রাখেন, তাহলে তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
শেখ হাসিনা নোবেল পুরস্কারের কোন দাবি করেছেন এ বিষয়ে বেশির ভাগ বাংলাদেশী একমত হবেন না। বাংলাদেশের আধাসামরিক বাহিনী, শেখ হাসিনার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হাতে ২০০৯ সাল থেকে প্রায় ৩০০ মানুষ নিখোঁজ হয়েছেন। তাদের এ সংখ্যা নিবন্ধিত। তাদের পরিবারকে এ বিষয়ে জিজ্ঞেস করুন। অথবা শ্রমিক অধিকার বিষয়ক নেতা খুন হওয়া আমিনুল ইসলামের পরিবারের কথাই বিবেচনা করুন। তাকে হত্যা করার পর এএফএল-সিআইও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সুবিধা বাতিল করার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় নৃশংসতার অভিযোগে স্থানীয় পর্যায়ে যেসব রাজনৈতিক নেতা ও তার সমর্থকদের স্থানীয় যুদ্ধ অপরাধ আদালতে অভিযুক্ত করা হচ্ছে তারাও শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারেন।
শুধু বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এ বিচার করার জন্য যুদ্ধ অপরাধ বিষয়ক যুক্তরাষ্ট্রের দূত শেখ হাসিনা সরকারের নিন্দা জানিয়েছেন। ডিসেম্বরে দি ইকোনমিস্ট ফাঁস করে দেয় ই-মেইল ও ফোন রেকর্ডিং। তাতে প্রকাশ হয়ে পড়ে হাসিনা প্রশাসন কিভাবে এ বিচার নিয়ে হস্তক্ষেপ করছে এবং কিভাবে তারা হাসিনার বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার জন্য বিচারকদের করছে।
সহজ কথা হলো- গত ৫ বছর ধরে, এশিয়ার অন্যতম উজ্জ্বল গণতন্ত্রের দেশ থেকে কিভাবে দ্রুতগতিতে সরতে সরতে বাংলাদেশ পরিণত হচ্ছে এক পরিবারকেন্দ্রিক ক্ষমতার কেন্দ্রে। এখন নির্বাচনের আগে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন মুছে দিয়েছেন শেখ হাসিনা। বাস্তবে, তিনি নিজেই এই শাসন ব্যবস্থা প্রচলনে সহায়তা করেছিলেন। এ ব্যবস্থায় ক্ষমতা হস্তান্তর ও নির্বাচনী প্রক্রিয়া দেখভালের জন্য গঠন করা হয় নির্দলীয় সরকার- যাতে ক্ষমতাসীন সরকার কোন রাজনৈতিক হস্তক্ষেপ করতে না পারে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকা এক রকম নিশ্চয়তা। যদি ভোটাররা নতুন একটি সরকারের জন্য ভোট দেয়ার সিদ্ধান্ত নেন তাহলেই ক্ষমতা হাতবদল হয়। এ বছরের শেষের দিকে সাধারণ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পরিকল্পনার বিরুদ্ধে লাখ লাখ মানুষ রাজপথে প্রতিবাদে সমবেত হয়েছেন। তা সত্ত্বেও দৃশ্যত, শেখ হাসিনা সামনে এগিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বাস করছেন, জনপ্রিয় বিরোধী দল তার শাসনের বিরোধিতা করলেও এতে তিনি পুনঃনির্বাচিত হবেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই মিয়ানমার সফর করেন। বাংলাদেশের প্রতিবেশী এই মিয়ানমার ছিল একঘরে। সে অবস্থা থেকে তারা বেরিয়ে আসছে। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের ক্রমবিকাশ হচ্ছে। বাংলাদেশ যদি এক পরিবারের শাসনে হাল ছেড়ে দেয় তাহলে এ অঞ্চলের জন্য তা হবে এক বড় পশ্চাৎ যাত্রা। এখন দক্ষিণ-পূর্ব এশিয়া আশায় ভরা একটি অঞ্চল। কারণ, আমেরিকা স্বাধীনতাকে উৎসাহিত করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের জনগণ ব্যালট বাক্সের মাধ্যমে তাদের মতামত দেয়ার সুযোগ পান।
যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের, যেমন গ্রেট বৃটেন, আছে ভোটারদের দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান জানানোর জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করানোর জন্য প্রভাব খাটানোর ক্ষমতা। এটাকে নিশ্চিত করতে, বাংলাদেশকে গণতন্ত্রের পথ থেকে পিছলে যাওয়া থেকে রক্ষা করতে তাদের বক্তব্য ও পদক্ষেপ আরও শক্তিশালী হওয়া দরকার। তাই ড. মুহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিরা যারা দারিদ্র্য দূরীকরণের জন্য স্বীকৃতি লাভ করেছেন তাদের অবশ্যই সম্মান জানাতে হবে কংগ্রেস ও বৃটিশ পার্লামেন্টের। অন্যদিকে শেখ হাসিনা কেবলমাত্র স্বীকৃতির লোভ করে যান।
শেখ হাসিনাকে অবশ্যই বোঝাতে হবে যে, যারা শ্রমিক অধিকারকে সমর্থন করেন এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিরোধিতা যারা করেন তাদেরকে যদি মত প্রকাশ করতে দেয়া না হয় তাহলে বাণিজ্যের ক্ষেত্রে যে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে তা প্রত্যাহার করা হবে। এই শাসক গোষ্ঠীর যারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারকে খাটো করে দেখে- পশ্চিমা শক্তিগুলোর তাদের বিরুদ্ধে ভ্রমণের ক্ষেত্রে ও অন্যান্য ক্ষেত্রে অবরোধ বিবেচনা করা উচিত। আমাদের জনগণের সামনে এসব কথা তাদের প্রকাশ্যে বলা ও করা উচিত যাতে আমাদের নাগরিকরা তা দেখতে ও শুনতে পান। এভাবেই যুক্তরাষ্ট্র বিশ্বে গণতান্ত্রিক মিশন প্রতিষ্ঠায় রত আছে তা নিশ্চিত করতে পারে।
কথায় আছে, আইনের আদালতের চেয়েও বড় আদালত হলো মানুষের বিবেক। পূর্ণ বিবেকবোধ দিয়ে এটা বলা অসম্ভব যে, শেখ হাসিনার অধীনে বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও দারিদ্র্য দূরীকরণ নিরাপদ নয়। এসবই রয়েছে ভয়ানক বিপদের মুখে। এখন আমেরিকার নেতৃত্বে বিশ্বের সামনে সময় বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ও তা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার।

Wednesday, January 30, 2013

দেলোয়ারের বুকে পিস্তল ঠেকিয়ে বলেছিলেন ‘ইউ উইল বি কিল্‌ড’

দেলোয়ারের বুকে পিস্তল ঠেকিয়ে বলেছিলেন ‘ইউ উইল বি কিল্‌ড’


ওয়ান ইলেভেনের সময় দলের সংস্কারপন্থিদের স্বীকৃতি দেয়ার বৈঠকে অংশ নিতে মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল খোন্দকার দেলোয়ার হোসেনকে। সামরিক বাহিনীর তৎকালীন ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ব্রিগেডিয়ার আমিন ও ব্রিগেডিয়ার বারী ২০০৭ সালের ২৮শে অক্টোবর তাকে ডেকেছিলেন ধানমণ্ডির একটি বাসায়। পরদিন সাইফুর রহমানের বাসায় অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে চাপ দিয়েছিলেন। তাদের প্রস্তাব ও হুমকিতে ভাবলেশহীন খোন্দকার দেলোয়ারকে একপর্যায়ে মারতে গিয়েছিলেন ব্রিগেডিয়ার আমিন। বুকে পিস্তল ঠেকিয়ে বলেছিলেন- ‘ইউ উইল বি কিলড, ইউর ফ্যামিলি উইল বি ডেস্ট্রয়েড’। এমনভাবেই সে দুঃসহ দিনের বর্ণনা করেছেন তার মেয়ে ডা. লুনা খোন্দকার। সেদিন ছেলেকে গ্রেপ্তার করে ব্ল্যাকমেইলের চেষ্টাও করা হয়েছিল। কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অনুগত ও বিশ্বস্ত দেলোয়ার চিকিৎসার জন্য বারডেমে ভর্তি হয়ে সেখান থেকে কৌশলে করেছিলেন আত্মগোপন। তার এ অনমনীয় ও দূরদর্শী সিদ্ধান্তের কারণে অনিবার্য বিপর্যয় থেকে বেঁচে গিয়েছিল বিএনপি। তার এ সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে তাকে নিয়ে রাজনীতিক, বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম দেশের রাজনৈতিক পটপরিবর্তনে দেলোয়ার হোসেনের ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি উল্লেখ করেছেন, বিপরীত ধারার রাজনীতি করেও তারা ক্ষমতা এবং ক্ষমতার বাইরে থাকাকালে পরস্পরের বাড়িতে ছুটে গেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর হোসনে আরা হোসেন লিখেছেন মুক্তিযুদ্ধের সময় খোন্দকার দেলোয়ার কিভাবে মৃত্যুর ভয় উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন বড় ভাইয়ের কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। খোন্দকার দেলোয়ারের মজলিসি চরিত্রের বর্ণনা করেছেন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া। তার অনাড়ম্বর জীবন, চলাফেরা ও খাদ্যাভাসের স্মৃতি তুলে ধরেছেন সাংবাদিক আতাউস সামাদ, নূরুল কবীর, সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. আবদুল করিম। ওয়ান ইলেভেনের সময় পরিবারের ওপর চাপ ও ২৯শে অক্টোবরের আত্মগোপন নিয়ে লিখেছেন তার অনুজ রাজনৈতিক সহকর্মী মহিউদ্দিন খান মোহন, জাহাঙ্গীর আলম মিন্টু, ছেলে খোন্দকার আকতার হামিদ পবন ও মেয়ে ডা. লুনা খোন্দকার। জরুরি সরকারের আমলে রাজনৈতিক দুঃসময়ে খোন্দকার দেলোয়ার হোসেনের একনিষ্ঠ ও সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করে বাণী দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম তার স্মৃতিচারণে লিখেছেন- ‘এরশাদবিরোধী আন্দোলনের উত্তেজনাকর মুহূর্তগুলোতে আমার ধানমণ্ডির বাসায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৫ দল ও বিএনপির নেতৃত্বাধীন ৭ দলের লিয়াজোঁ কমিটির অনেক গোপন বৈঠক হয়েছে। এসব বৈঠকে সব সময় খোন্দকার দেলোয়ার সাহেব উপস্থিত থাকতেন। আন্দোলনকে সফলতার দিকে এগিয়ে নিতে কর্মসূচি নির্ধারণে তার বিচক্ষণতা, দূরদর্শিতা ও আন্তরিকতা ছিলো লক্ষণীয়। ...জাতীয় সংসদে প্রকাশ্য ঐকমত্যের ভিত্তিতে একটি ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে ’৯১ সালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। ঐকমত্যের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্রের বিল পাস হলেও এর পেছনে অনেকের অবদান ছিল। এদের একজন ছিলেন খোন্দকার দেলোয়ার হোসেন সাহেব। যা অবশ্যই আজ আমাকে বলতে হবে। ... ’৯২ সালে গোলাম আযমসহ অন্যদের গ্রেপ্তার ও বিচারের ব্যাপারে বিরোধী দল হিসেবে আমরা সংসদ থেকে ওয়াক আউট করি। পরে লাগাতার বর্জন শুরু করি। দীর্ঘ বর্জনের এক পর্যায়ে খোন্দকার দেলোয়ার সাহেব আমার সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সংসদের একটি কক্ষে আলোচনায় বসেন। এরই ধারাবাহিকতায় আমি তাকে আমার ধানমণ্ডির বাসায় অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানালে তিনি অত্যন্ত আন্তরিকভাবে অচলাবস্থা নিরসনে আমার বাসায় আসেন। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় তদানীন্তন জাতীয় সংসদের স্পিকারের কক্ষে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার ভিত্তিতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। এ প্রেক্ষিতে সরকারি দলের তদানীন্তন উপনেতা ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী গোলাম আযমের বিচারসহ চারটি বিষয়ে সংসদের উন্মুক্ত অধিবেশনে ঘোষণা দান করেন। আর এর মধ্য দিয়ে বিরোধী দলের দীর্ঘদিনের সংসদ বর্জনের অবসান ঘটে।’ কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম লিখেছেন- ‘খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর এত প্রশংসা যারা করলেন, তারা তার জীবিতকালে অমন সীমাহীন জঘন্য সমালোচনা না করলেই কি পারতেন না? আজ যারা গলা ফাটিয়ে কথা বলেন তারা কিন্তু ওয়ান ইলেভেনের জরুরি অবস্থার সময় ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন। সেদিন এই খোন্দকার দেলোয়ারই একজন নির্ভীক রাজনীতিবিদের মতো সিংহের তেজে মাঠে-ময়দানে ছিলেন। তার নিজের দল বিএনপিতেও তিনি কম অপমানিত-লাঞ্ছিত হননি।’
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লিখেছেন- ‘রাজনীতির বাইরেও তার সাথে আমার একটা আলাদা সম্পর্ক ছিল উভয়ের নামের শুরুতে ‘খোন্দকার’ থাকার কারণে। আমি তাকে সব সময় ‘সিনিয়র খোন্দকার সাহেব’ বলে সম্বোধন করতাম। তিনি সব সময় মিষ্টি হেসে তা উপভোগ করতেন। ... প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর স্বৈরাচারী এরশাদ যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শামসুল হুদা ও ডা. মতিনের মাধ্যমে ঢাকা মিরপুরের বিউটি সিনেমা হলে বিএনপি নামে একটি সম্মেলন করে বিভক্ত করতে অপচেষ্টা করেছিল, তখন যে কয়জন নেতা বিএনপি’র মূলধারা শহীদ জিয়ার রাজনীতিকে সমুন্নত রেখেছিলেন তাদের মধ্যে খোন্দকার দেলোয়ারের নাম উল্লেখযোগ্য। ... বিভিন্ন সংস্থা ও মহল তাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে দেয়ার জন্য হেন চেষ্টা নেই যা করেনি। এমন চাপের মুখে তিনি সেদিন এক বিবৃতিতে বলেছিলেন যে, তার মৃত্যু হতে পারে তবুও তাকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সরানো যাবে না। সেদিন আমরা কারাগারে থেকে উৎসাহিত হয়েছিলাম এবং আশ্বস্ত হয়েছিলাম।’ স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস লিখেছেন- ‘সারাজীবন খোন্দকার দেলোয়ার যেসব বন্ধুর সাথে রাজনীতি করেছেন, চিন্তা-ভাবনা ও মতবিনিময় করেছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন রাজনৈতিক আলাপচারিতায়- ১/১১ পর সেই বন্ধুরা চক্রান্তকারীদের এজেন্ট হয়ে দলের চেয়ারপারসনের গলায় ছুরি বসাতে তৎপর হয়ে ওঠে সংস্কারপন্থির খোলস পরে। দেলোয়ার ভাই তখন সেই বন্ধুদের সঙ্গ ত্যাগ করে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছিলেন অসীম সাহসিকতায়, আদর্শিক চেতনায়, কৃতজ্ঞতাবোধের ঈমানি দায়িত্বে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ লিখেছেন- ‘এই পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকেন যাদের স্বরূপটা সুস্পষ্ট হয় অসময়ে, সঙ্কটকালে, অনিশ্চিত মুহূর্তে অপ্রত্যাশিত ক্ষণে। তিনি যে আপাদমস্তক রাজনীতিক ছিলেন, তার নিজের দলের প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, দলীয় নেতৃত্বের প্রতি অনুগত থেকে দলীয় আদর্শকে প্রাণপণে ভালবাসতেন তার প্রকাশ অন্য সময়ে যেমন ছিলো, তার হাজার গুণ বেশি প্রকাশিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চরম সঙ্কটকালে।... ওই সময়ে তার সাহস, তার আত্মবিশ্বাস, তার রাজনৈতিক প্রজ্ঞা ছিলো তুলনাহীন। তিনি ওই সঙ্কটকালে শক্তভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে এবং দুর্ভেদ্য দেয়াল হয়ে না দাঁড়ালে জাতীয়তাবাদী দলের বিপর্যয় ঘটে যাওয়া অসম্ভব ছিলো না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারউল্লাহ চৌধুরী লিখেছেন- ‘জাতীয়তাবাদী ঘরানার মধ্যপন্থি, উদার, বাম ও প্রগতিশীল রাজনৈতিক সংস্কৃতি ছিল তার নিত্যসঙ্গী। বাংলাদেশী জাতীয়তাবাদের যে মৌলিক শিক্ষা, শহীদ জিয়ার যে আদর্শিক অনুপ্রেরণা, বেগম খালেদা জিয়ার যে দিক নির্দেশনা-তা ছিল খোন্দকার দেলোয়ারের মূল শক্তি ও প্রেরণা। এই প্রেরণার পথে তিনি চলেছেন সারাজীবন, আমৃত্যু। ... যখন ১/১১ পর একটি বিতর্কিত ও ক্ষতিকর সরকার রাষ্ট্র দখল করে এবং বেগম জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবারকে ধ্বংসের সর্বাত্মক আক্রমণ ও ষড়যন্ত্র চালায়- তখনও খোন্দকার দেলোয়ার ছিলেন আপসহীন, অটল। দল ও নেতৃত্বের প্রতি এমন শর্তহীন বিশ্বস্ততা ও আনুগত্য বর্তমান সময়ে এক বিরল ও অনুকরণীয় উদাহরণ।’ আতাউস সামাদ লিখেছেন- ‘খোন্দকার দেলোয়ার হোসেন রাজনীতিতে নমনীয়তা এবং সহাবস্থানের পক্ষে ছিলেন। চিফ হুইপ হিসেবেও তিনি সমঝোতার পক্ষে কাজ করতেন বলে শুনেছি। অতি আশ্চর্যের বিষয় হলো, এই নমনীয় খোন্দকার দেলোয়ার হোসেনই অত্যন্ত দৃঢ়তা ও দুঃসাহসের সঙ্গে ১/১১’র জরুরি আইনের সরকারের পেছনের সেনাশাসকরা বিএনপি ভাঙার জন্য যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল, যাতে তৎকালীন নির্বাচন কমিশন সরাসরি সহায়তা দিয়েছিল, তা প্রতিহত করেছিলেন। আর তা করেছিলেন বৃদ্ধ বয়সে এবং ভগ্নস্বাস্থ্য নিয়ে।’ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া লিখেছেন- ‘বিচিত্র এই জীবনের চলার পথে চলতে চলতে কত মানুষের সঙ্গে পরিচয় হয়, আবার হঠাৎ কেউ হারিয়ে যায়। কিন্তু আবার কেউ কেউ হারিয়ে গেলেও তাদের কথা ভোলা যায় না। তেমনি দেলোয়ার ভাইয়ের সঙ্গে পরিচয় আমার স্বামী শাহ এএমএস কিবরিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। বিয়ের পর থেকে আমার স্বামীর কাছ থেকে দেলোয়ার ভাইয়ের এত কথা, এত গল্প শুনেছি, তাই উনার সঙ্গে আমার স্বামী যখন আমাকে পরিচয় করিয়ে দিলেন তখন মনে হয়েছে উনি আমার বহু পরিচিত। প্রথম দেখাতেই পরিচয় পেয়েছি তার উদার ও অমায়িক ব্যবহারের। মুখে তার হাসি লেগেই থাকতো এবং শুনেছি ওরা দু’জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ইউনিভার্সিটিতে একই সঙ্গে পড়াশোনা করেছেন। তারা দু’জন ছাত্রজীবনে একই সঙ্গে গল্প করতেন, ঘুরে বেড়াতেন। আমার স্বামী প্রায়ই বলতেন আমাকে- ‘দেলোয়ারের মনটা খুব পরিষ্কার। দেলোয়ার ভাই খুব ভাল গল্প বলতে পারতেন। আর বন্ধু-বান্ধবের সান্নিধ্য তার খুব প্রিয় ছিল। ... ২৭শে জানুয়ারি সেই কালরাত্রিতে আমার স্বামীকে যখন গ্রেনেডের আঘাতে মৃত্যুবরণ করতে হলো সেদিন দেলোয়ার ভাই ও তার পরিবার ছুটে এসেছিলেন আমাদের সান্ত্বনা দেয়ার জন্য।’ সাংবাদিক শফিক রেহমান ‘জিরো আওয়ার’ অনুষ্ঠানে খোন্দকার দেলোয়ার হোসেন সম্পর্কে মন্তব্য করেছেন- ‘তিনি ছিলেন একজন ক্লাসিক্যাল পলিটিশিয়ান।’ ...বেগম খালেদা জিয়া খুব স্বল্পভাষী ও মৃদুভাষী। তবুও আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, খোন্দকার দেলোয়ার যে সাহসী এটা আপনি বুঝলেন কি করে? তিনি (খালেদা জিয়া) আমাকে বললেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি জেনেছিলেন যে খোন্দকার দেলোয়ার একজন সাহসী লোক। আমি বায়তুল মোকাররমে তাকে দেখেছি পুলিশ যখন লাঠিপেটা করছিল তখন তিনি পালিয়ে না গিয়ে পুলিশের সামনে গিয়েছিলেন এবং লাঠির বাড়িও খেয়েছিলেন।’ নূরুল কবীর লিখেছেন- ‘এমন মানুষকে, রাজনৈতিক-দার্শনিক মতপার্থক্য সত্ত্বেও, পছন্দ না করেও পারা যায় না। আমিও দেলোয়ার ভাইকে পছন্দ করতাম। তার সহজ-সরল অনাড়ম্বর জীবন-যাপনের প্রতি শ্রদ্ধা পোষণ করতাম।’ কণ্ঠশিল্পী আপেল মাহমুদ লিখেছেন- ‘দেশের জন্য, মানুষের জন্য বিভিন্ন সময়ে তাকে কারাবরণ করতে হয়েছে। আজ দলের যে অবস্থান এই বিশাল ব্যাপ্তির জন্য সিংহভাগ কৃতিত্ব আমাদের শ্রদ্ধেয় মরহুম দেলোয়ার ভাইয়ের।’ যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল লিখেছেন- ‘কি এক জাদুকরী ব্যক্তিত্ব! তার সাথে রাগ করা যায় কিন্তু অশ্রদ্ধা করা যাবেই না। ঘৃণার তো প্রশ্নই আসে না। নীতি এবং বিশ্বাসবোধ এর ভিত্তি কতটা দুঃসাহসী এবং অনমনীয় করতে পারে একজন মানুষকে, তার বিরল দৃষ্টান্ত তিনি। যথার্থই এক সংশপ্তক। ... তিনি যেন একটি রাজনৈতিক বিজ্ঞানাগার। কেউ ছাত্র হতে চাইলে সে পরম মমতাময় একজন শিক্ষক পেতেন, রাজনীতি শিখতে চাইলে সে অকৃপণ হাতের ভাণ্ডার নিতে পারতেন, হতাশায় নুয়ে পড়া কেউ কাছে গিয়ে নিষ্কলুষ স্বীকারোক্তি দিলে আশার সঞ্জীবনী সুধা নিয়ে ফিরতে পারতেন।’
খোন্দকার দেলোয়ারের বড় ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর সম্পাদনায় স্মারকগ্রন্থে স্মৃতিচারণ লিখেছেন- দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, ড. মাহফুজ পারভেজ, বিএনপি ও অঙ্গ দলের নেতা হাবিব-উন নবী খান সোহেল, নুরে আরা সাফা, কবীর মুরাদ, মীর সরফত আলী সপু, আরিফুর রহমান নাদিম, এডভোকেট জিল্লুর রহমান, শাকিল ওয়াহেদ, আবুল কালাম আজাদ, ড. খাজা নাজিমউদ্দীন, খোন্দকার দেলোয়ারের ছেলে এএইচ খোন্দকার জগলু, ডা. আকতারা খাতুন লুনা, খোন্দকার আবদুল হামিদ ডাবলু, ডা. দেলোয়ারা বেগম পান্না, ডা. লুনা খন্দকার প্রমুখ। এছাড়াও স্মারকগ্রন্থে দেশে-বিদেশে খোন্দকার দেলোয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে তোলা ও পারিবারিক ছবি, তার মৃত্যুতে বিদেশী দূতাবাসের শোকবার্তা এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কাটিং রয়েছে।

Tuesday, January 29, 2013

‘শিবির দেখলেই গুলি’

‘শিবির দেখলেই গুলি’


ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শিবির কর্মীদের দেখা মাত্র পুলিশকে গুলির নির্দেশ দিয়েছেন। আইজিপির সামনেই তিনি এ নির্দেশ দেন। গতকাল দুপুরে শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখতে যান পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার। তার সঙ্গে ছিলেন ডিএমপির কমিশনার বেনজির আহমেদ। তিনি হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন কনস্টেবল মোকলেছুর রহমানের খোঁজখবর নেয়ার সময় তাকে উদ্দেশ্য করে বলেন, ‘অস্ত্র ছিল না, গুলি করতে পারোনি? এখন থেকে শিবির দেখামাত্র গুলি করবা।’
এরপর চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন পায়ে আঘাত পাওয়া কনস্টেবল জিয়াউরকে ডিএমপি কমিশনার বলেন, পায়ের আঘাত সুস্থ হয়ে উঠে ওদের পা ভেঙে দিবা। উল্লেখ্য, গতকাল সকালে থেকে রাজধানীর দৈনিক বাংলা, মতিঝিল, স্টেডিয়াম এলাকা, জিরো পয়েন্ট ও সচিবালয় এলাকায় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এতে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) হায়াতুজ্জামান, পেট্রোল ইন্সপেক্টর সানোয়ার, অপারেশন অফিসার সাজ্জাদ হোসেন, সার্জেন্ট গোলাম সারোয়ারসহ ১৮ পুলিশ সদস্য আহত হন। তাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, পুলিশের পর্যাপ্ত প্রস্তুতির কারণে শিবিরকর্মীরা তাদের বেশি ক্ষতি করতে পারেনি। হামলা চালিয়ে যে নাশকতা চালানো হয়েছে, তা ফৌজদারি অপরাধ। দেশের প্রচলিত আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক আবু মুসা মোহম্মাদ ফকরুল ইসলাম, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Monday, January 21, 2013

আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ

আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ


স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হওয়ায় এ আদেশ দেন ট্রাইব্যুনাল-২। মাওলানা আযাদ বর্তমানে পলাতক রয়েছেন।

সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় পাঠ শুরু হয়। ১১২ পৃষ্ঠার ৩৩টি অনুচ্ছেদে বিভক্ত রায়টির সারসংক্ষেপ পাঠ করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন।

স্বাধীনতার ৪১ বছর পর কোনো মানবতাবিরোধী অপরাধের মামলার এই প্রথম রায় ঘোষণা হলো।

সোমবার সকাল পৌনে ১১টায় কোর্ট বসে। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন আদালত শুরুর আগেই সবার সহযোগিতা কামনা করেন। জনাকীর্ণ আদালতকক্ষে ট্রাইব্যুনাল চেয়ারম্যান রায় পাঠ করেন। তার সঙ্গে ছিলেন অপর দুই সদস্য। ট্রাইব্যুনাল-২ এ স্থান সংকুলান না হওয়ায় আজকের আদালত বসে ট্রাইব্যুনাল-১ এ।

২৬ ডিসেম্বর এ মামলায় উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। মামলায় আইনি পয়েন্টে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। এরপর আসামিরপক্ষের আইনজীবী আবদুশ শুকুর খান তার যুক্তি উপস্থাপন শেষ করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার রায় যেকোনো দিন দেয়া হবে মর্মে বিএভি’তে রেখে দেন।

মাওলানা আযাদের পরিচয়: নাম মাওলানা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু, পিতার নাম মৃত আবদুস সালাম মিয়া, মায়ের নাম মৃত মাগফুরা খাতুন।
স্থায় ঠিকানা: বড়খাড়দিয়া (ছয়আনি), থানা সালথা, জেলা ফরিদপুর। বর্তমান ঠিকানা: আযাদ ভিলা ২৭৯/৬ চানপাড়া, উত্তরখান, ঢাকা।

১৯৪৭ সালের ৫ মার্চ ফরিদপুরের বড়খাড়দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল কালাম আযাদ। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজে লেখাপড়া করেছেন।

গত বছরের ৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো: আযাদের বিরুদ্ধে ছয় ধরনের আটটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনে প্রসিকিউশন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠনের আগ পর্যন্ত আযাদ পাকিস্তানি সেনাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন।

পাকিস্তানি হানাদারদের সঙ্গে মিলে আযাদ স্থানীয় হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতাপক্ষের বাঙালি জনগোষ্ঠীর ওপর নৃশংস নির্যাতন চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তার বিরুদ্ধে আনা আট অভিযোগের মধ্যে প্রথম, দ্বিতীয় ও অষ্টম অভিযোগে মুক্তিযুদ্ধকালে অপহরণ, আটকে রাখা ও নির্যাতনের কথা বলা হয়েছে। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ অভিযোগ হত্যার, পঞ্চমটি ধর্ষণ আর সপ্তম অভিযোগ হলো গণহত্যার।

প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরের জুন মাসের প্রথম সপ্তাহে সকাল ১০টার দিকে আযাদ ও তার সহযোগীরা ফরিদপুর শহরের খাবাশপুরের রণজিৎনাথ ওরফে বাবুনাথকে ধরে নির্যাতন করা হয়।
তবে গভীর রাতে রণজিৎ জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়।

দ্বিতীয় অভিযোগ, ১৯৭১ সালের ২৬ জুলাই সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা থেকে ধরে আনা আবু ইউসুফকে ফরিদপুর স্টেডিয়ামে আটকে রেখে আযাদ অমানবিক নির্যাতন করেন।

অষ্টম অভিযোগ, ১৯৭১ সালের ১৮ মে সকাল ১০টার দিকে আযাদ সাত-আটজন রাজাকার সদস্যকে নিয়ে সালথা থানার উজিরপুর বাজারপাড়া গ্রাম থেকে হিন্দু এক তরুণীকে অপহরণ করে খাড়দিয়া গ্রামের চান কাজীর বাড়িতে আটকে রেখে নির্যাতন করেন। সাত-আট দিন পর মুক্তি পান ওই তরুণী।

তৃতীয় অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৪ মে আযাদ ১০-১২ জন রাজাকার সদস্যসহ বোয়ালমারী থানার কলারন গ্রামের সুধাংশু মোহন রায়কে গুলি করে হত্যা করেন। এ সময় সুধাংশুর বড় ছেলে মনিময় রায় গুলিতে গুরুতর আহত হন।

চতুর্থ অভিযোগ হচ্ছে, ১৬ মে বেলা ৩টার দিকে আযাদ ১০-১২ জন রাজাকার সদস্যকে নিয়ে সালথা থানার (সাবেক নগরকান্দা) পুরুরা নমপাড়া গ্রামে যান এবং মাধবচন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যা করেন।

৩ জুন আযাদের নেতৃত্বে ১০-১২ জন রাজাকার সদস্য সালথার ফুলবাড়িয়া গ্রামে হিন্দুপাড়ায় লুটপাট চালায়। সেখানে তারা চিত্তরঞ্জন দাসকে গুলি করে হত্যা করে বলে ষষ্ঠ অভিযোগে বলা হয়।

পঞ্চম অভিযোগ হচ্ছে, একাত্তরের ৮ জুন দুপুর ১২টার দিকে আযাদ রাজাকার সদস্যদের নিয়ে বোয়ালমারী থানার নতিবদিয়া গ্রামের এক হিন্দু বাড়িতে হামলা চালান। আযাদ ও তার সহযোগীরা ওই বাড়ির দুই নারীকে ধর্ষণ করেন।

সপ্তম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৭ মে রাজাকার বাহিনীর ৩০-৩৫ সদস্যকে নিয়ে আযাদ বোয়ালমারী থানার হাসামদিয়া গ্রামের হিন্দুপাড়ায় লুটপাট চালান এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেন।

পরে নির্বিচারে গুলি চালিয়ে শরৎচন্দ্র পোদ্দার, সুরেশ পোদ্দার, শ্যামাপদ পোদ্দার, যতীন্দ্র মোহন সাহা, নীল রতন সমাদ্দার, সুবল কয়াল ও মল্লিক চক্রবর্তীকে হত্যার অভিযোগ আনা হয়।

এ মামলায় আযাদের বিরুদ্ধে প্রসিকিউশনের ২২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এসব সাক্ষীকে রাষ্ট্র নিয়োগ দেয়া আইনজীবী আবদুশ শুকুর খান জেরা করেছেন।

আসামিপক্ষে কোনো সাক্ষী না থাকায় এ মামলার কার্যক্রম অতিদ্রুত শেষ হয়েছে।

গত বছরের ২২ মার্চ চিফ প্রসিকিউটরের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারের আবেদন করা হয়। এর প্রেক্ষিতে ৩ এপ্রিল ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তখন থেকে তিনি পলাতক।

গত ৭ অক্টোবর ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদের অনুপস্থিতিতে বিচার শুরুর আদেশ দিয়ে তার পক্ষে আইনি লড়াই করতে সরকারের খরচে মো. আবদুশ শুকুর খানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়।

এরপর তার বিরুদ্ধে আনীত অভিযোগের কয়েকদফা শুনানি শেষে গত বছরের ৪ নভেম্বর আযাদের বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট ঘটনায় অভিযোগ গঠন করা হয়। এর আগে প্রসিকিউশন তার বিরুদ্ধে ১০টি ঘটনায় ২২টি অভিযোগের ভিত্তিতে মোট ৪৪৮ পৃষ্ঠার অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, “আমারা গভীর প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহ ভরে বসেছিলাম। আমাদের প্রত্যয়দীপ্ত বিশ্বাস আগামীকাল মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে প্রত্যাশিত রায় ঘোষণা করা হবে।”

এ বিষয়ে মামলার দায়িত্বেরত প্রসিকিউটর সাহিদুর রহমান বলে, “মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কুখ্যাত রাজাকার মাওলানা আবুল কালাম আযাদের রায় ঘোষণা করা হবে।”

২২ ডিসেম্বর থেকে আবুল কালাম আযাদের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে এ মামলার রায়ের জন্য নির্দিষ্ট দিন ধার্য না করে সিএভিতে রেখে দেন।

৭ অক্টোবর ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদের অনুপস্থিতিতে বিচার শুরুর আদেশ দিয়ে তার পক্ষে আইনি লড়াই করতে সরকারের খরচে মো. আবদুশ শুকুর খানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।

গত ১১ অক্টোবর এ মামলার নথিপত্র (ডকুমেন্ট) ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে বুঝে নেন। ৯ সেপ্টেম্বর বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

গত ২৬ জুলাই তদন্ত সংস্থা বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্তকাজ শেষ করে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। এর আগে গত ৩ এপ্রিল বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর থেকে তিনি পলাতক। পরে গত ২৫ সেপ্টেম্বর ডেইলি স্টার ও জনকণ্ঠ পত্রিকায় তাকে আদালতে হাজির হওয়ার হুলিয়া জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন ট্রাইব্যুনাল।

Sunday, January 20, 2013

পুলিশের চোখ ফাঁকি দিয়ে কারাগার থেকে বেরিয়ে আসছে পেশাদার অপরাধীরা

পুলিশের চোখ ফাঁকি দিয়ে কারাগার থেকে বেরিয়ে আসছে পেশাদার অপরাধীরা

সরকারের শেষ সময়ে এসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায় শতাধিক পেশাদার অপরাধী কারাগার থেকে বেরিয়ে এসেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে কারাগার কর্তৃপক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্কে ভাটা পড়েছে। ফলে বন্ধ হয়ে গেছে নজরদারি।

গত তিন বছর শীর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসীদের তালিকা ধরে কারা কর্তৃপক্ষের সহায়তায় কারাবন্দি পেশাদার অপরাধীদের মুক্তির বিষয়টি মনিটর করছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী একটি মহলের চাপে এমনটি হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তারা বলছেন, এই প্রক্রিয়ায় গত ছয় মাসে মাদারীপুরের পেশাদার অপহরণকারী ও খুনি হাকিম, পুলিশ শাহীন গ্রুপের মজিবর পেশাদার অপহরণকারী টিঅ্যান্ডটি কলোনির শাওন, ছিনতাইকারী রমজান ও সুমন,যাত্রাবাড়ীর সানডে গ্রুপের ছিনতাইকারী আলী, ধোলাইপাড়ের ছোট হান্নু, কারা থেকে মুক্তি পেয়েছেন।

পুলিশ মহাপরিদর্শক কার্যালয় সূত্র বলছেন, পুরান ঢাকার বাণিজ্যিক এলাকায় সানডে গ্রুপের ছিনতাইকারীদের বিচরণ, এদের হোতা আলী। এই দলটি মূলত রোববারে ছিনতাই করে। শুক্র ও শনিবার ব্যংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা রোববার সকালে দুইদিনের ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে যায়। এ সময়ই তাদের শিকার বানায় এই দলটি। আলীর গ্রেফতারের পর এই ধরনের ছিনতাই প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এখন আলীসহ আরো ডজনখানেক পেশাদার ছিনতাইকারী মুক্তি পেয়েছেন। এরাই পরে বিভিন্ন বড় সন্ত্রাসীর দলে যোগ দিয়ে চুক্তিতে খুন, চাঁদাবাজি করে থাকে।

জানা গেছে, সরকারের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী জামিন পেতে সন্ত্রাসীদের জন্য সুপারিশ করছেন। আরেকজন প্রভাবশালী মন্ত্রী কারা কর্তৃপক্ষকে প্রভাবিত করে ত্বরান্বিত মুক্তির বিষয়টি নিশ্চিত করছেন। আবার কিছু সন্ত্রাসী ডিবির চোখ ফাঁকি দিতে কারাগার বদল করে ঢাকার বাইরের কারাগারে চলে যাচ্ছেন।

কারাবিধি অনুযায়ী কারাবন্দিদের নিজ জেলার কারাগারে স্থানান্তরের সুযোগ রয়েছে।সন্ত্রাসীরা সেই বিধির সুযোগ নিয়ে কারাবাস শেষে ঢাকার বাইরের কারাগার থেকে নির্বিঘে বের হয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি এড়িয়ে গেছেন কারা মহাপরিদর্শকও।

Saturday, January 19, 2013

গোয়েন্দা জালে...

গোয়েন্দা জালে...

 গোয়েন্দা নজরদারিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গত কয়েক দিন ধরে তাকে ঘিরে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। তার গতিবিধি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাসা থেকে অফিস অথবা অন্য কোন কর্মস্থলে গেলেও তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক। ডাকসু’র সাবেক ভিপি মান্না বর্তমানে আওয়ামী লীগের কোন পদে নেই। কথিত সংস্কারবাদী বলে পরিচিত এ নেতা স্পষ্ট ভাষায় দল এবং সরকারের সমালোচনা করছেন বিভিন্ন সভা-সেমিনারে। টিভি টকশো এবং লেখনীতেও তিনি সরকারের কর্মকাণ্ডের সমালোচনায় মুখর। সরকারের সমালোচনা করার কারণেই তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে মান্নার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। এক সময়ের তুখোড় এই ছাত্রনেতা দলীয় পদ হারালেও সামপ্রতিক সময়ে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় আসেন। আলোচনা ছিল দলীয় সমর্থন না পেলেও নাগরিক ঐক্যের ব্যানারে ডিসিসি’র মেয়র পদে তিনি নির্বাচন করবেন। সমপ্রতি সারা দেশে নাগরিক ঐক্যের ব্যানারে জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ছাত্রনেতা। এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, নির্বাচনে নাগরিক ঐক্য সব আসনে প্রার্থী দেয়ার চিন্তা করছে।
২০০২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে মাহমুদুর রহমান মান্না দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে অনুষ্ঠিত কাউন্সিলে মান্নাসহ সংস্কারপন্থি বলে খ্যাত নেতারা দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন। অপেক্ষাকৃত তরুণ নেতারা তাদের জায়গা দখল করেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বাদ পড়ার পর সুশীল সমাজের প্ল্যাটফর্মে কাজ করছেন তিনি। বিশিষ্ট নাগরিকদের নিয়ে গড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন। এসব কর্মসূচিতে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করছেন অতিথিরা। মাহমুদুর রহমান মান্না এর আগে স্যাটেলাইট টিভি বাংলাভিশন ও এটিএন নিউজের দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। সরকার বিরোধী বক্তব্য আসায় এটিএন নিউজ কর্তৃপক্ষ মান্নার ওই টকশো বন্ধ করে দেয়। সামপ্রতিক সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরের একটি টকশো উপস্থাপনা করছেন মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে বিভিন্ন পত্রিকায় সমসাময়িক ঘটনা নিয়ে কলামও লিখছেন তিনি।

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে মন্ত্রী-এমপিরা

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে মন্ত্রী-এমপিরা


মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন এমপি-মন্ত্রীরা।শুধু প্রতিপক্ষ নয়, নিজ দলের মন্ত্রী-এমপিদের এ ধরনের অঘটন সরকারকে চরমভাবে বিব্রতকর অবস্থায় ফেলছে। মহাজোট সরকারের মেয়াদকালেই অন্তত অর্ধডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী নানাভাবে বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়েছেন।এছাড়াও বহু সংসদ সদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে।

বিশিষ্টজনেরা মনে করছেন, তাদের এ বির্তকিত কর্মকাণ্ডের জন্য মহাজোট তথা আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে মাশুল দিতে হবে।

এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান নতুন বার্তা ডটকমকে বলেন, “সরকারের মন্ত্রী-এমপিরা এ ধরনের যে সব কাজ করছেন তা বেআইনি। এজন্য সরকারি দলকে অবশ্যই আগামী নির্বাচনে মাশুল দিতে হবে। কারণ এ সকল কর্মকাণ্ড জনগণ ভালো ভাবে নেয় না, কখনো নেবেও না।”

২০০৯ সালের ৬ ডিসেম্বর মহাজোট সরকার শপথ নেয়ার পর থেকেই এমপি-মন্ত্রীরা নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তারমধ্য অর্থ কেলেঙ্কারি, ধর্ম নিয়ে কটাক্ষ, অস্ত্র উঁচিয়ে জনতার ওপর গুলি, এবং নিজস্ব সন্ত্রাসী বাহিনী দ্বারা নিজ এলাকায় নিয়ন্ত্রণ, টেন্ডার পাইয়ে দেয়াসহ নানা অভিযোগ।

সর্বশেষ গত বৃহ্পতিবার ময়মনসিংহ-১০ আসনের এমপি গিয়াস উদ্দিন আহমেদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন এবং তাদের গালিগালাজ করেছেন।পরে তিনি কর্মকতাদের বিরুদ্ধে মন্ত্রীর কাছে নালিশ করেন। এক পর্যায়ে এমপি গিয়াস মন্ত্রীকে বলেন, “আপনি জানেন আমি মেজর জিয়াকে হত্যা করেছি, আমি ফাঁসির আসামি, কাউকে ভয় পাই না। আমি আসার সঙ্গে সঙ্গে আমার কাজ করে দিতে হবে।”

এমপি গিয়াস উদ্দিনের ক্ষেত্রে এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও তিনি তার নিজ এলাকায় লাইসেন্স করা পিস্তল উঁচিয়ে জনগণের ওপর গুলিও করেন।

বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান ইসলামী রাজনীতি নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় মুসল্লিরা মন্ত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।

‘ইসলামে ধর্মভিত্তিক রাজনীতির কোনো স্থান নেই, কোরআনে এ সম্পর্কে কোনো আয়াত নেই, রাসূল (সা.) ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করতেন না, তিনি এ কাজ কখনো করেননি’- মন্ত্রীর এমন বক্তব্যের পর মঞ্চের সামনে বসা মুসল্লিদের মধ্য থেকে একজন হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে জানতে চান, মুসলমান হিসেবে মন্ত্রী কেন তাহলে রাজনীতি করছেন? এক পর্যায়ে কয়েকজন মুসল্লি দাঁড়িয়ে যান এবং মন্ত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করতে থাকেন। পরে নিরাপত্তা কর্মীরা মন্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যান।

এর আগেও একটি বেসরকারি টিভি চ্যালেনের টকশোতে আওয়ামী লীগের ওই মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চোখ তুলে নেয়ার হুমকি দেন।

এছাড়া সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের বিরুদ্ধে রেলে নিয়োগের নামে অবৈধ অর্থ কেলেঙ্কারির ঘটনা চরম বিব্রতকর অবস্থায় ফেলে সরকারকে।

অন্যদিকে, মহাজোট সরকারের চার বছরে নির্বাচিত এলাকাতেই অবাঞ্ছিত হয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী-এমপি। বেশ কয়েকজন মন্ত্রীর বাসা-বাড়িতেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগি্নসংযোগ করা হয়েছে। অবাঞ্ছিত হয়ে কোনো কোনো মন্ত্রী আবার নিজ এলাকায় দীর্ঘদিন ঢুকতেও পারেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতায় থাকাকালে দলের অনেক মন্ত্রীই নির্বাচনী এলাকার সঙ্গে সম্পর্ক রাখছেন না বলে অভিযোগ রয়েছে। নিজ দলীয় নেতাকর্মীরাও তাদের সাক্ষাৎ পান না। ফলে অনেকেই নিজেদের স্থানীয় নেতা-কর্মীদের বিচ্ছিন্ন হামলার শিকার হচ্ছেন।

ঠাকুরগাঁওয়ে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের বাড়িতে জনতা হামলা চালায়। গত ১৫ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নকে বিভক্ত করে নতুন করে গেজেট সংশোধন করার প্রতিবাদে এ হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। তারা রাস্তায় কাঠ ও টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টা বিক্ষোভও করে।

নিজ এলাকা নরসিংদীতে অবাঞ্ছিত হন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। দলীয় লোকেরাই মন্ত্রীকে নিজ এলাকায় প্রবেশে বাধা দেয়। দীর্ঘ ১১ মাস এলাকা ছাড়া থাকার পর গত ১৫ সেপ্টেম্বর নিজ এলাকায় কড়া নিরাপত্তায় প্রবেশ করেন তিনি। আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র লোকমান হত্যার ঘটনাকে ঘিরে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হন রাজিউদ্দিন আহম্মেদ রাজু। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন নিজ এলাকায় লাঞ্ছিত হন দলীয় লোকজনের হাতে।

টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও নিয়োগের ক্ষেত্রে অনিয়মের কারণে নির্বাচিত এলাকার বহু এমপি হামলার শিকার হয়েছেন।বর্তমান সরকারের মেয়াদে সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে প্রথম ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর আক্রমণের শিকার হন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি মনিরুল ইসলাম মনি। একই বছরের ১৪ নভেম্বর নিজ বাড়িতে হামলার শিকার হন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি আফাজউদ্দিন আহম্মেদ। এছাড়া লাঞ্ছিত হন সরকারের শরিক জাতীয় পার্টির রংপুরের গঙ্গাচরার এমপি, এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলকে অতিথি না করায় তার হাতে দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার লাঞ্ছিত হন। এ ঘটনায় ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা-কর্মী ও এলাকাবাসী সংসদ সদস্যকে লাঞ্ছিত করেন।

Friday, January 18, 2013

এবার মন্ত্রীর দপ্তরে এমপি গিয়াসের গুলির হুমকি

এবার মন্ত্রীর দপ্তরে এমপি গিয়াসের গুলির হুমকি


ময়মনসিংহের গফরগাঁও এলাকার সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) গিয়াস উদ্দিন আহমেদ এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং তার একান্ত সচিবের কম্পিউটার অপারেটরকে গালাগাল ও গুলি করার হুমকি দিয়েছেন। গতকাল দুপুরে মন্ত্রণালয়ে একটি কাগজের ফটোকপি দিতে দেরি হওয়ায় এমপি তাদের গালাগাল ও হুমকি দেন বলে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা। বিষয়টি অস্বীকার করেছেন গিয়াস উদ্দিন। মন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে দপ্তরি নিয়োগের তদবির নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিনের দপ্তরে যান ময়মনসিংহ-১০ আসনের এমপি গিয়াস উদ্দিন। ওই সময় মন্ত্রীকে না পেয়ে ফিরে যান তিনি। এরপর দুপুর দেড়টায় আবার মন্ত্রীর কাছে ডিও লেটারটি নিয়ে যান। এতে সুপারিশ করে দেন মন্ত্রী। মন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে ডিও লেটারের কপিটির ফটোকপি দিতে বলেন। তখন বলা হয়, এখানে কোন ফটোকপি মেশিন নেই। তাই ফটোকপি করা যাচ্ছে না। পরে তিনি মন্ত্রীর পিএস রূপন কান্তির রুমে যান। সেখানে কম্পিউটার অপারেটর মাইনুদ্দিন ভূঁইয়াকে বলেন ফটোকপি করে দেয়ার জন্য। এসময় ফটোকপি করতে দেরি হওয়ায় গিয়াস উদ্দিন রেগে যান এবং কর্মকর্তাদের গালিগালাজ করেন। এক পর্যায়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দুর্নীতিবাজও বলেন। শেষ পর্যায়ে সবাইকে গুলি করে হত্যার হুমকি দেন। এরপর মন্ত্রীর রুমে কম্পিউটার অপারেটর মাইনুদ্দিনকে নিয়ে ঢোকেন তিনি। এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নালিশ করেন মন্ত্রীর কাছে। এক পর্যায়ে বলেন, আপনি জানেন আমি মেজর জিয়াকে হত্যা করেছি, আমি ফাঁসির আসামি, কাউকে ভয় পাই না। আমি আসার সঙ্গে সঙ্গে আমার কাজ করে দিতে হবে। এ কথা বলে চলে যান এমপি। ঘটনার বিবরণ এমপি’র কাছ থেকে মন্ত্রী শুনতে চাইলে তিনি কিছু জানাতে রাজি হননি। পরে মন্ত্রী তার দপ্তরে কর্মকর্তা ও কম্পিউটার অপারেটর মাইনুলের কাছ থেকে সব বিষয় জানেন। তবে মন্ত্রীর দপ্তরে গিয়ে গুলি করার হুমকির বিষয়টি অস্বীকার করেছেন গিয়াস উদ্দিন আহমেদ। তিনি বলেন, এক কর্মকর্তা আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি মন্ত্রীর কাছে অভিযোগ করেছি, আমি তাকে হুমকি দেইনি। মন্ত্রীর দপ্তরে গিয়ে আমি হুমকি দেবো, আমি কি পাগল? এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন জানিয়েছেন, ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটমাট হয়ে গেছে। এর আগে নিজ নির্বাচনী এলাকায় সাধারণ জনগণকে গুলি করার জন্য পিস্তল তাক করে সারা দেশে আলোচনার ঝড় তোলেন এমপি গিয়াস। গতকালের ঘটনার মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিলেন এই এমপি। এর আগে ২০১২ সালের ১৯শে মে গফরগাঁওয়ে স্থানীয় জনতাকে লক্ষ্য করে সরকার দলীয় এই এমপি গুলিবর্ষণ করেন। ‘টক অব দ্য কান্ট্রি’ হয়েছিলেন তখন। সর্বত্র আলোচনার ঝড় তুলেছিলেন।

দুই কারণে আসামি হচ্ছেন আবুল হোসেন

দুই কারণে আসামি হচ্ছেন আবুল হোসেন


দুই কারণে আসামি হচ্ছেন সৈয়দ আবুল হোসেন। শেষ পর্যন্ত এজাহারে আগত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন আবুল হাসান চৌধুরীও। এমন তথ্যই পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রে। সৈয়দ আবুল হোসেনকে আসামি করার সিঁড়ি ধরেই নাম থাকছে আবুল হাসানের। সৈয়দ আবুল হোসেনকে পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামি করা না হলে বিশ্বব্যাংকের বিদায় অনেকটা নিশ্চিতই বলা যায়। অন্যদিকে আবুল হোসেনকে আসামি করা হলেও বিশ্বব্যাংক অর্থায়ন করবে এমন নিশ্চয়তাও নেই। এখন আবুল হোসেনকে নিয়ে বিপাকে পড়েছে দুদক। আবুল হোসেনকে আসামি করা না করা নিয়ে বিশ্বব্যাংক ফিরে গেলে পুরো দায় দুদকের ঘাড়ে পড়বে এবং চরম ভাবে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে মনে করছেন দুদকের ঊর্ধ্বতন মহল। দুদকের ওই মহলের এক কর্মকর্তা জানিয়েছেন, পদ্মা সেতুর দুর্নীতি মামলায় সৈয়দ আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীকে মামলার আসামি করার ক্ষেত্রে দুদক এক ধাপ এগিয়ে আছে এজাহারে তাদের নাম উল্লেখ করে। এখন অধিকতর তদন্তে তারা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন- এমন আসামি হওয়ার নজির দুদকে অনেক আছে। দুদক চেয়ারম্যান গোলাম রহমান একাধিকবার বলেছেন, মামলা দায়ের করার সময় সৈয়দ আবুল হোসেনকে আসামি করার মতো যথেষ্ট প্রমাণাদি হাতে ছিল না, এখন তদন্তে প্রমাণাদি পাওয়া গেলে তিনি আসামি হবেন। সূত্রমতে সৈয়দ আবুল হোসেনকে আসামি করার মতো দু’টি বড় প্রমাণ এখন দুদকের নাগালে। রমেশ সাহার ডায়েরি ও এসএনসি লাভালিন কর্মকর্তাদের সঙ্গে সৈয়দ আবুল হোসেনের বৈঠক সংক্রান্ত বিষয়ে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার বক্তব্য। পদ্মা সেতু দুর্নীতি মামলার সূত্রপাত এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরি থেকে। ওই ডায়েরিতে মিনিস্টার ও সেক্রেটারি শব্দগুলোর পাশে ঘুষের পার্সেন্টেজ উল্লেখ করা আছে। কানাডিয়ান পুলিশের জব্দ করা ওই ডায়েরির পাশাপাশি ঘুষের প্রমাণ হিসেবে কানাডিয়ান আদালতে দেয়া রমেশ সাহার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও আছে। এতদিন রমেশ সাহার ডায়েরি দুদকের কাছে ছিল না। বিশ্বব্যাংক বা কানাডিয়ান পুলিশ সেগুলো সরবরাহ করেনি। সূত্রমতে অতি সমপ্রতি কানাডিয়ান রয়েল পুলিশ এক চিঠি মারফত দুদককে জানিয়েছে তারা রমেশ সাহার ডায়েরি সহ রমেশ সাহার আদালতের কাগজপত্র দুদকে সরবরাহ করবে। রমেশ সাহার ডায়েরিতে পরিষ্কার ভাবেই মিনিস্টার শব্দ লেখা আছে, এটা সৈয়দ আবুল হোসেনের সংশ্লিষ্টতার একটি বড় ধরনের প্রমাণ। এছাড়া, ঘুষ দিয়ে কানাডিয়ান আদালতে দেয়া রমেশ সাহার বক্তব্যও পাওয়া যাবে। অন্যদিকে ঢাকাতে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার মধ্যস্থতায় সৈয়দ আবুল হোসেনের সঙ্গে এসএনসি লাভালিন কর্মকর্তাদের বৈঠক হয়েছিল। বিশ্বব্যাংক প্যানেলের ভাষ্য অনুসারে ওই বৈঠকেই ঘুষ লেনদেনের ফয়সালা হয়েছিল। একটি সূত্র জানিয়েছে, মোশাররফ হোসেন ভূঁইয়ার মাধ্যমে অনুষ্ঠিত ওই বৈঠকে সে সময়ের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের অংশগ্রহণের বিষয়টি দুদককে নিশ্চিত করেছেন মোশাররফ হোসেন ভূঁইয়া নিজেই দুদকে দেয়া তার বক্তব্যে। এসএনসি লাভালিনের সঙ্গে যোগাযোগের বিষয়টিতেই ফেঁসে যাচ্ছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীও।
সূত্রমতে সৈয়দ আবুল হোসেনকে আসামি করার মতো দু’টি গুরুত্বপূর্ণ তথ্য এখন প্রমাণ হিসেবে দুদকের নাগালে। এছাড়াও বিশ্বব্যাংক প্রতিনিধি দল শুরু থেকেই বলে আসছে বাংলাদেশের প্রশাসনিক পদ্ধতিতে মন্ত্রীই হচ্ছেন প্রধান। প্রধান ব্যক্তি দায় এড়াতে পারেন না।

Tuesday, January 15, 2013

‘সমরাস্ত্র ক্রয়ের বিষয় জনগণকে জানানো উচিত’

‘সমরাস্ত্র ক্রয়ের বিষয় জনগণকে জানানো উচিত’


সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিক ফারুক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে যে ৮ হাজার কোটি টাকার সমরাস্ত্র ক্রয় চুক্তি হচ্ছে তা সার্বিক প্রতিরক্ষানীতির অংশ কিনা তা জনগণের জানা প্রয়োজন। বিষয়টি জনগণের সামনে প্রকাশ করা উচিত। প্রধানমন্ত্রীর রাশিয়া সফর সম্পর্কে মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর এ সফরে দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ৪০ বছর পর সরকারপ্রধান পর্যায়ের কেউ রাশিয়া সফর করছেন। এর আগে ১৯৭২ সালের মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) সফর করেছিলেন। তাই এ সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সফর। ৪০ বছরে পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে। ২৪ বছর আগে ছিল সোভিয়েত ইউনিয়ন। এখন হয়েছে রাশিয়া। পরিবর্তনের প্রেক্ষিতে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব আরও বেশি। তাই আমি আশা করি এ সফর দু’দেশের মধ্যে সম্পর্ক নিবিড়তর করবে। সংবাদ মাধ্যমে আমরা যা জানতে পেরেছি তা হলো দু’টি গুরুত্বপূর্ণ বিষয় এ সফরের কার্যসূচিতে স্থান পাবে। ৮ হাজার কোটি টাকার সমরাস্ত্র ক্রয় আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি। প্রথম বিষয়টিতে আমার বক্তব্য হলো এ ব্যাপারে আমরা এখনও বিস্তারিত কিছুই জানি না। যে টাকা ধার করা হবে তার সুদের হার কত তাও জানিনা এবং এটা সার্বিক প্রতিরক্ষানীতির অংশ হিসেবে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কেনা হচ্ছে কিনা তা-ও জানি না। এসব বিষয় আমরা সুস্পষ্টভাবে জানতে চাই। জনগণকেও জানানো উচিত। কারণ, এটা একটা বিরাট বিষয়। এটা দু’দেশের একটা বাণিজ্যিক সম্পর্কের বিষয়। তবে এ সফরের মাধ্যমে দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে উন্নয়ন ঘটবে বলে আমি আশা করছি।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোন বিচ্যুতির আশঙ্কা থাকে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। আমরা একটা সার্বভৌম জাতি। কখন কার সঙ্গে কি রকমের সম্পর্ক করবো, এতে কারও কিছু যায় আসে না। এমনটি হওয়ারও কথা না। এগুলো দ্বিপক্ষীয় বিষয়। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর তার অর্জন নিয়ে নানা সমালোচনা হয়েছিল। এ সফর নিয়ে তেমন কোন সংশয় আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সফর তো শেষ হয়নি। তাই এখনই এ ধরনের কোন মন্তব্য করা ঠিক হবে না। তিনি বলেন, সব বিষয়ে আমাদের ভেবেচিন্তে পদক্ষেপ নেয়া উচিত বলে আমি মনে করি।