কুমিল্লায় সংঘর্ষ, গুলি আহত অর্ধশতাধিক আজ হরতাল
কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। হরতাল পৃষ্ঠা
পালন ও বর্জনকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর ও জেলার মুরাদনগরে এ ঘটনা ঘটে। হরতাল চলাকালে মঙ্গলবার দুপুরে বিএনপির একাংশ ও আওয়ামী লীগের একাংশের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে মহানগরীতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে জেলা বিএনপির কার্যালয়সহ অন্তত ১৫টি দোকানপাট ভাঙচুর ও ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার জেলা সদরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে গতকাল বেলা ১২টার দিকে নগরীর কান্দিরপাড়ে স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন সমর্থিত আওয়ামী লীগের একটি গ্রুপ হরতালবিরোধী মিছিল বের করে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন সমর্থিত বিএনপির একটি গ্রুপ হরতালের সমর্থনে মিছিল বের করে। বিকালে জেলা দক্ষিণ বিএনপি’র সভানেত্রী বেগম রাবেয়া চৌধুরী নগরীর বাদুরতলাস্থ তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিনসহ তার সমর্থিত কর্মীদের দায়ী করেন এবং এ ‘অতর্কিত হামলা’র প্রতিবাদে আজ বুধবার জেলা সদরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক ফজলু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, যুবদল সভাপতি আমিরুজ্জামান আমীর, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ছাত্রদল সভাপতি উৎবাতুল বারী আবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারসহ দলীয় নেতৃবৃন্দ। এদিকে, গুলিবিদ্ধ নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহতরা হচ্ছেন যুবদল নেতা মাকছুদুল আলম মাছুদ, আবদুর রশীদ, আকরাম হোসেন এরশাদ, মহসিন, আউয়াল, সুমন, ছাত্রদল নেতা তুহিন, জনি পাটোয়ারী, মহসিন খন্দকার কাকনসহ ২০ জন এবং অপরপক্ষের যুবলীগ নেতা রাসেল, সানি, তুহিন, সবুজ, ছাত্রলীগ নেতা শরীফ, রাজীবসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে বলে বিএনপি দাবি করেছে।
এমপি আ.ক.ম বাহাউদ্দিন সাংবাদিকদের বলেন, কুমিল্লা বিএনপিতে দীর্ঘদিন ধরে দু’গ্রুপে বিরোধ চলে আসছে। দুপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের সময় বিএনপি নেত্রী রাবেয়া চৌধুরী আতঙ্কে একটি দোকানে আশ্রয় নেন। এসময় খবর পেয়ে আমি পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে নিরাপদে বাসায় পৌঁছে দেয়ার কারণে তিনি আমাকে অভিযুক্ত করেছেন।
এছাড়া, জেলার মুরাদনগর উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের বিষ্ণুপুরে হরতালের পক্ষে-বিপক্ষে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বিএনপি সমর্থক মোস্তফা খান, ঝন্টু মিয়া, আওয়ামী লীগ কর্মী আবু কাউছার, মাহমুদ সরকার, আলাউদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
No comments:
Post a Comment