Pages

Thursday, October 11, 2012

নারায়ণগঞ্জে ডক ইয়ার্ডে আগুন :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জে ডক ইয়ার্ডে আগুন :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পানি এলাকায় থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেড নামে একটি ডক ইয়ার্ডে আগুন লেগেছে। বুধবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

আগুনে বৈদ্যুতিক টান্সফরমার ও জেনারেটর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবী করেছে। তবে অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাসিরউদ্দিন জানান, খবর বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

ডক ইয়ার্ডের মালিক কাজী জহির জানান, আগুনে ডক ইয়ার্ডের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক টান্সফরমার ও জেনারেটর পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 

রামুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি খালেদার :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি খালেদার :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 রামু, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় একজন নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘‘সরকার সত্যিকারভাবে চাইলে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া সম্ভব। তারা এটা না করলেও আগামীতে ক্ষমতায় এলে অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিবে বিএনপি।’’

বুধবার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রামুর বৌদ্ধ বিহারের ভিক্ষুদের একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে এলে তিনি তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

অতীতের মতো আগামী দিনে বৌদ্ধ সম্প্রদায়ের সকল দুর্যোগে বিএনপি পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘ রামুর ঘটনার পরে আমরা দলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি। দলের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়েছে, এটা অব্যহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো সংস্কারের জন্য যথাসম্ভব সাহায্য করা হবে।’’

বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমরা আপনাদের পাশে থাকলেও সেখানে অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণ, আপনাদের উপাসনার জন্য ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পুনঃনির্মাণের দায়িত্ব সরকারের।’’

তিনি সরকারের কাছে ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পুনঃনির্মাণের পাশাপাশি রামু, উখিয়া ও পটিয়াসহ সকল এলাকার জনগণের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

খালেদা জিয়াকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার জন্য বৌদ্ধ ধর্মালম্বীদের আমন্ত্রণ গ্রহন করে তিনি বলেন, ‘‘চীন সফর থেকে ফিরেই আমি নেতাদের নিয়ে আপনাদের এলাকায় যাবো।’’

বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার সময় পুলিশের নীরব থাকার কারণ খুঁজে বের করে দায়িত্বে অবহেলার জন্য শাস্তি দাবি করেন খালেদা জিয়া।

বিএনপির স্থানীয় সংসদ সদস্যকে এ ঘটনার জন্য দায়ী করে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘‘প্রকৃত অপরাধীকে চিহ্নিত না করে কাউকে জড়িয়ে এমন বক্তব্য দেয়া অন্যায়। এতে তদন্ত বাধাগ্রস্ত হয়।’’

তিনি বলেন, ‘‘বিচার বিভাগীয় তদমত্ম হোক আর নিরপেক্ষ সাবেক কোনো বিচারপতিকে দিয়ে হোক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করলে এ ঘটনায় প্রকৃত অপরাধীদের খুজে বের করে শাস্তি দেয়া সম্ভব। সরকার চাইলেই তা করতে পারে।’’

আতঙ্কে রামুর উখিয়া ও পটিয়ার বৌদ্ধরা
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎকালে রামুর রামকোট বৌদ্ধ তীর্থের অধ্যক্ষ প্রজ্ঞাবন্দা মহাস্থবির বলেন, ‘‘বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। একটি ভিত্তিহীন অভিযোগে এ নৈরাজ্যের ঘটনাকে সম্প্রতি মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা সমস্যার প্রতিক্রিয়া বলে আমাদের কাছে মনে হয়।”

তিনি বলেন, ‘‘ফেসবুকে উত্তম কুমার নামে একজন পুরষের ছবি আপলোড করার কথা বলেলেও আসলে এখানে একজন মহিলার পায়ে নেলপালিশ ছবি ছিল।’’

খালেদা জিয়াকে সরেজমিনে এ ঘটনা পরিদর্শনের আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘আপনি সেখানে গিয়ে সবাইকে বলে আসবেন যে আমরা সবাই একত্রে বসবাস করবে।’’

সকল ধর্ম ও পেশার মানুষকে নিয়ে শাস্তি কমিটি গঠনেরও দাবি করেন তিনি।

পটিয়ার কোলাগাঁও সার্বজনীন রত্নপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু বলেন, ‘‘আমরা নিরীহ মানুষ, কাউকে আমরা ক্ষতি করি না। অথচ আমরা যার পূজা করি সে মূর্তিগুলোকে ভাঙার পাশাপাশি লুটতরাজ করা হয়। এখন সেখানে পুলিশ মোতায়েন করা থাকলেও পুলিশ চলে গেলে যে কি অবস্থা হবে তা আমরা জানি না।’’

‘‘ওয়েস্ট্রিন নামক একটি শিপইয়ার্ডের শ্রমিকরা দলবদ্ধভাবে এখানে  হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি।’’

তাই রামুসহ এসব এলাকায় গিয়ে সবাইকে নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়ার জন্য খালেদা জিয়াকে রামুতে আমন্ত্রণ জানান তিনি।

খালেদা জিয়াকে আমন্ত্রণ ও দাবি পেশ
সাক্ষাত অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা রামুর ঘটনায় বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তারা একটি স্বারকলিপি দেন এবং খালেদা জিয়ার কাচে বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো বিধ্বসত্ম এলাকায় খালেদা জিয়ার একদিনের সফর করে এলাকাবাসিকে স্বামত্মনা দেয়া, বিএনপির পক্ষ থেকে একটি ত্রান তহবিল গঠন, ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহারের নিরাপত্তা ও মামলা, হামলা থেকে রক্ষা করা ও বর্তমানে ও ভবিষ্যতে বৌদ্ধধর্মালম্বীদের যেকোনো ধরণের সমস্যা ও খোঁজখবর রাখার পাশাপাশি আন্তর্জাতিক বৌদ্ধ সম্প্রদায়কে যাতে সদস্য অবহিত করা যায় সেজন্য বিএনপির পক্ষ থেকে একজন প্রতিনিধি নিয়োগ করার দাবি জানান বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

খুবলিয়ার বিহারের অধ্যক্ষ জ্যোতি বোধি ভিক্ষু, রামুর বৌদ্ধ বিহারের বিশুদ্ধাবংশা ভিক্ষু, উখিয়ার বৌদ্ধ বিহারের কোলিয়া বংসা ভিক্ষু, উখিয়ার ভালুকিয়া বৌদ্ধ বিহারের সভাপতি দীপক বড়ুয়া, উত্তর বড়বিল বৌদ্ধ বিহারের সভাপতি বাবুল সেন বড়ুয়া, মরিয়া দীপংকর বৌদ্ধ বিহারের সভাপতি লাল বড়ুয়া, রেজুরকুল বৌদ্ধ বিহারের সভাপতি প্রেমানন্দ বড়ুয়া, সুরুলিয়া ধর্মজ্যেতি বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক চন্দন বড়ুয়াসহ প্রায় অর্ধশতাধিক বৌদ্ধ ধর্মালম্বী এতে  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রামুর ঘটনায় বিএনপির তদন্ত কমিটির সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।

কোনো তদন্তে ভীত নই, প্রয়োজনে পদত্যাগে প্রস্তুত: সুরঞ্জিত :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

কোনো তদন্তে ভীত নই, প্রয়োজনে পদত্যাগে প্রস্তুত: সুরঞ্জিত :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত রেল কেলেঙ্কারির ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বলেছেন, “তদন্ত নিয়ে আমি কখনোই ভীত ছিলাম না, এখনো নই। যত রকমের তদন্ত আছে, করুন। জাতীয়, আন্তর্জাতিক, জাতিসংঘ, দুদক, সংসদীয় কমিটি, বিচার বিভাগীয়, বিরোধী দলীয়- সব ধরনের তদন্ত করুন। তবে এ নিশ্চয়তা দিতে হবে, সে তদন্তের পর আর কোনো তদন্ত হবে না।” তদন্তের স্বার্থে তিনি প্রয়োজনে দফতরবিহীন মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে প্রস্তুত বলেও জানিয়ে বলেন, একবার নয়, বার বার শত বার পদত্যাগ করতে পারি।
 
বুধবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত এসব কথা বলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে তার সাবেক এপিএসের গাড়িচালক আজম খান রেলের অর্থ কেলেঙ্কারির দায়ভার তার ওপর চাপিয়ে যে সাক্ষাৎকার দিয়েছেন, এর প্রতিক্রিয়ায় সুরঞ্জিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
 
তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে সব ধরনের অভিযোগ থেকে মুক্তি চান বলে মন্তব্য করেন সুরঞ্জিত। দুর্নীতির অভিযোগ এনে হেনস্তা করায় নিজের ও পরিবারের সম্মানহানি হয়েছে দাবি করে তিনি প্রশ্ন রাখেন, “পৈত্রিক সম্পত্তি থাকা কি অপরাধ?”

ড্রাইভার আজম খান রাজনৈতিক ভাষায় কথা বলছেন অভিযোগ করে সুরঞ্জিত বলেন, “তার ভাষা ও বেশভুষা দেখে মনে হচ্ছে, তাকে কেউ শিখিয়ে-পড়িয়ে এনে মিডিয়ার সামনে কথা বলিয়েছে।”

সুরঞ্জিত প্রশ্ন করেন, “আজম খান এতদিন কোথায় ছিল, কে তাকে আশ্রয় দিয়েছিল, কার ইন্ধনে সে ছয় মাস পর ওই চিহ্নিত একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিল? ছয় মাস আগে দুদক যখন তদন্তের জন্য তাকে বারবার ডেকেছে তখন সে কেন আসেনি।”

সুরঞ্জিত এই ঘটনাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে বলেন, “রাজনীতিবিদদের চরিত্র হননের অপচেষ্টা এটাই নতুন নয়। আগে অনেক হয়েছে, ভবিষ্যতেও হবে।” তবে আমিই যেন শেষ শিকার হই বলেও মন্তব্য করেন তিনি।
 
সুরঞ্জিত বলেন, “আমার এবং আমার নিরাপরাধ পরিবারকে রক্ষার জন্য কতিপয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছি।”
 
নিজের পরিবারের কথা বলতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “রাজনীতি করার কারণে আমার নিরীহ পরিবার ষড়যন্ত্রের শিকার হোক তা চাই না।”
 
সুরঞ্জিত বলেন, “আমাদের যেমন আমলনামা রয়েছে, ঠিক মিডিয়া মালিকদেরও আমলমানা আছে।” আইন শুধু আমাদের জন্য, তাদের জন্য নয় প্রশ্ন রাখেন তিনি।
 
তবে কবে, কোথায়, কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন তা স্পষ্ট করেননি ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
 
সংবাদ সম্মেলন শুরুতেই তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, “বন্ধুরা সংবাদ পরিবেশনের সময় একবারও আমার দীর্ঘ ৫৫ বছরের রাজনীতির দিকে তাকালেন না।”
 
তিনি দাবি করেন, শেয়ারবাজারসহ বিভিন্ন ইস্যুতে সংসদ ও সংসদের বাইরে জোরালো বক্তব্য রাখায় তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র হচ্ছে। তিনি সব সময় রাজনীতি ও মিডিয়ার পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেছেন বলেও জানান।

দুদকের তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন দাবি করে সুরঞ্জিত বলেন, “রেলের কেলেঙ্কারির ঘটনায় আমার সম্পৃক্ততার অভিযোগ উঠলে তদন্তের স্বার্থে আমি পদত্যাগ করি। কিন্তু তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পর যারা আমাকে দোষারোপ করেছিলেন তারা কেউ দুঃখ প্রকাশ করেননি। অথচ তাদেরকে আমি কিছু বলিনি।”

সুরঞ্জিত বলেন, “এখনো আমাকে পদত্যাগ করার কথা বলা হচ্ছে। আমার তো কোনো পদই নেই, পদত্যাগ করবো কোথায় থেকে। আমাকে বলা হয় ‘উজিরে খামোখা।’ অথচ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক জওহর লাল নেহেরুও দফতরবিহীন মন্ত্রী ছিলেন। তিনি পরবর্তী সময়ে ভারতের প্রধানমন্ত্রীও হন।”
 
“আমার বন্ধু মওদুদ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ) বলছেন, পদত্যাগ করতে। আজ পদত হয়ত একসময় বলবেন দেশত্যাগ করুন। দোষী প্রমাণিত হলে সব ধরনের প্রশাসিক কর্মকাণ্ড থেকে সরে যাবো।”

যেকোনো তদন্তে তিনি প্রস্তুত জানিয়ে বলেন, “জাতীয়, আন্তর্জাতিক, বিচার বিভাগীয় যত ধরনের তদন্ত হতে পারে সব কিছুতে আমি প্রস্তুত। প্রয়োজনে পদত্যাগ করে তদন্ত কমিটিকে সহযোগিতা করবো।”
 
সুরঞ্জিত তার বক্তব্যে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের সমালোচনা করে বলেন, “বিদেশী গোয়েন্দা সংস্থা এফবিআই এসে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে যায়, তখন তো পদত্যাগ করলেন না?”
 
সুরঞ্জিত সেনগুপ্ত প্রশ্ন করেন, “সুষ্ঠু তদন্তের স্বার্থে ছয় মাস আগেই তো আমি রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। ছয় মাস পরে কোন পদ থেকে পদত্যাগ করবো? আমার কি পদ আছে? দফতরবিহীন মন্ত্রীর পদ থেকে কীভাবে পদত্যাগ করবো? আপনারা কি দেখেছেন আমি মন্ত্রিসভার বৈঠকে যাই?”
 
“আপনারা আমার সব কেড়ে নিতে পারবেন, নাগরিকত্ব কাড়তে পারবেন না। আমি মুক্তিযুদ্ধ করেছি” বলেন সুরঞ্জিত।
 
মওদুদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিভিন্ন মামলা আছে, তাহলে আপনারা কি পদত্যাগ করবেন?”

উল্লেখ্য, গত ৬ অক্টোবর শুক্রবার ও শনিবার বেরসরকারি টেলিভিশন আরটিভিতে দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারে চাঞ্চল্যকর অনেক তথ্য ফাঁস করেন সাবেক রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুকের গাড়িচালক আজম খান।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল রাতে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল শুরু হয়। ফলে চাপের মুখে পড়েন রেলমন্ত্রী। ১৬ এপ্রিল ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্ত। পরে দুদক তদন্তে সুরঞ্জিতকে নির্দোষ প্রমাণ করে।

সাগর-রুনির খুনিদের আড়ালের চেষ্টা চলছে, অভিযোগ মোশাররফের :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

সাগর-রুনির খুনিদের আড়ালের চেষ্টা চলছে, অভিযোগ মোশাররফের :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে বলেছেন, ‘‘ সাংবাদিক দম্পতি হত্যার এতদিন পরে যে রিপোর্ট বেরিয়েছে তাতে সাধারণ কিছু অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু এ হত্যাকাণ্ডের আসল খুনি, পরিকল্পনাকারী ও খুনের কারণ সম্পর্কে তদন্তে কিছু বলা হয়নি।’’

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বৈরাচার বিরোধী গণ-আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ২২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেহাদ স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

সরকার সুরঞ্জিত সেনগুপ্তের রেলের কেলেঙ্কারি ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে মোশাররফ হোসেন বলেন, ‘‘আবুল হোসেন ও মশিউরের মতো এ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা সফল হবে না। ক্ষমতায় এলে সরকারের সকল দুর্নীতি ও অপকর্মের বিচার করবে বিএনপি।’’

তিনি বলেন, ‘‘দেশের অধিকাংশ মানুষ রেলের কেলেঙ্কারির ঘটনায় সুরঞ্জিত বাবু জড়িত বলে বিশ্বাস করলেও আজ তিনি সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করছেন। কিন্তু এতে কাজ হবে না ।’’

তিনি পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘‘আমি এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য সুরঞ্জিত সেনকে গ্রেফতারের কথা বলেছিলাম। বাংলাদেশ প্রতিদিন তাদের অনলাইন জরিপে এ বক্তব্যের পক্ষে বিপক্ষে ভোটে শতকরা ৯৭ ভাগ মানুষ পক্ষে ভোট দিয়েছেন।’’

তাই সরকার সুরঞ্জিত সেনের ব্যাপারে কোনো ব্যবস্থা না নিলেও আগামীতে জনগণের ভোটে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে সরকারের সকল দুর্নীতি ও অপকর্মের বিচার করবে।’’

‘মহাজোট সরকার আতাতের মাধ্যমে পাতানো নির্বাচন করতে চায়’  অভিযোগ করে মোশাররফ বলেন, ‘‘আগাম হোক আর সময় মতো নির্বাচন হোক সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হলে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। আর সরকার যদি এর বাইরে কিছু করার চেষ্টা করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তার জবাব দেবে।’’

তিনি বলেন, ‘‘সরকার ব্যর্থতা ও দুর্নীতি থেকে জনগণের নজর ভিন্নখাতে প্রবাহিত করতে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র করছে। রামুতে সরকার দলীয় লোকজন রামুর ঘটনায় জড়িত থাকলেও তারা বিরোধী দলকে এ ঘটনায় দায়ী করছে।’’

সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, হাবীবুর রহমান হাবিব, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, শহীদ জেহাদের বড় বোন চামেলী মাহমুদ।

সভা পরিচালনা করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন।

এর আগে বুধবার সকালে বিএনপির পক্ষ থেকে রাজধানীর দৈনিক বাংলামোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গাছের ওপর রেস্তোরাঁ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

গাছের ওপর রেস্তোরাঁ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 থাইল্যান্ডের খো খুড দ্বীপে সোনেভা ফিরি রিসর্টের পর্যটকদের জন্য রয়েছে নতুন চমক। সিয়াম উপসাগরের তীরবর্তী এ রিসর্টের হোটেল গেস্টদের জন্য রয়েছে ‘বৃক্ষ রেস্তোরাঁ’।

১৬ ফুট ওপরে পল্লবিত বড় একটি গাছের প্রায় মগডালে কাঠের পাটাতন এবং ইস্পাতের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে এ মিনি রেস্তোরাঁ। একসঙ্গে চার অতিথি এখানে বসে খাবার খেতে পারবেন।

উঁচু থেকে সাগরের বালুকা বেলা, দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, পাখিদের কূজন প্রশান্তি এনে দেবে অতিথিদের মনে। শান্ত, নিরিবিলি পর্যটন কেন্দ্রের এ শূন্যে তৈরি রেস্তোরাঁ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ওয়েটাররা শূন্যে মোটা ফিতায় ঝুলতে ঝুলতে খাবার নিয়ে ওপরে উঠে আসেন এবং পরিবেশন করেন রিসর্টের অর্গানিক শাক-সবজি দিয়ে রান্না করা টাটকা সুস্বাদু নানা পদের থাই খাবার।

এ রিসর্টে এক রাত যাপনের মাথাপিছু খরচ ৪৪ হাজার থাই বাথ। অন্যান্য খরচের জন্য আলাদা বিল নেয়া হয় না। এমনকি গাছের ওপরে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া ফ্রি। শুধু ভিড় এড়াতে অগ্রিম বুকিং দিতে হয়। সূত্র: বিবিসি

‘ডিজিটাল দেশ গড়তে সাধারণ মানুষকে প্রযুক্তির আওতায় আনতে হবে’ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

‘ডিজিটাল দেশ গড়তে সাধারণ মানুষকে প্রযুক্তির আওতায় আনতে হবে’ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, “ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এখানকার সাধারণ মানুষকে প্রযুক্তির আওতায় আনতে হবে। এর কোনো বিকল্প নেই।”

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘পেশাগত দক্ষতা উন্নয়নে আইসিটি বই এবং শিশির ২০১২: বাংলা অপারেটিং সিস্টেম’ এর প্রকাশনা উৎসব উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন।

ইয়াফেস ওসমান বলেন, “প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে আরো সহজলভ্য করতে হবে। ইংরেজি থেকে পিছিয়ে দিতে নয় বরং ইংরেজিতে যারা পিছিয়ে বা দুর্বল আছে তাদেরকে প্রযুক্তির ছোঁয়া দিতেই বাংলা অপারেটিং সিস্টেম।”

ঢাকাসহ বিভিন্ন দেশের স্থানে এখনো অনেক স্কুলে কম্পিউটার ল্যাব নেই উল্লেখ করে তিনি আরো বলেন, “কোথাও ল্যাব থাকলেও শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তির আওতায় আসতে চাইলেও তা সম্ভব হচ্ছে না। এ অবস্থার আরো উন্নতি করা দরকার।”

বাংলা ভারসন ব্যবহার করা যাবে না এমন কোনো মোবাইল ফোন দেশে রাখা হবে না বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন অঙ্কুরের সাধারণ সম্পাদক মাহে আলম খান, স্পেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন পেড্রো জিনাস, বেসিসের সভাপতি একেএম ফাহিম মাশরুর এবং সাধারণ সম্পাদক মুনির হাসান।

ঢাকায় দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বৈঠক :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

ঢাকায় দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বৈঠক :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
দক্ষিণ এশিয়ার নয়টি দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয়েছে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কাউন্সিল (এসএটিআরসি) । এ উপলক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সহযোগিতায় বিটিআরসি সম্মেলন কক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী সভা ও কর্মশালা ।

এতে অংশ নিয়েছেন আফগানিসত্মান, ইরান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিসত্মান, ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের টেলিযোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রক, বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, পরামর্শকসহ ১৫ জন সদস্য।

উদ্বোধনী সভায় বিটিআরসির পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন বিটিআরসির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহ্মেদ।

এরপর কার্যকরী গ্রম্নপের চেয়ারম্যান ইরানের ড.  মিনা দস্তি ও এসএটিআরসির পরামর্শক অমরেন্দ্র নারায়ণ আলোচনা করেন। অনুষ্ঠানের প্রজেক্ট কো-অর্ডিনেটর ফরহাদুল পারভেজ দক্ষিণ এশিয়া তরঙ্গ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিটিআরসির পক্ষ থেকে লে. কর্নেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন  (পরিচালক, স্পেকট্রাম ম্যানেজমেন্ট) বাংলাদেশের তরঙ্গ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের ওপর  একটি উপস্থাপনা প্রদান করেন।

দু দিনব্যাপী এই সভায় প্রতিনিধিরা অ্যাকশন প্ল্যান ফেজ-৪, এসএটিআরসি দেশগুলোতে ৭০০ মেগাহার্জ তরঙ্গের সঙ্গতিপূর্ণ ব্যবহার, সীমান্ত সমন্বয়, এশিয়ার দেশগুলোতে তরঙ্গ বণ্টনে বাজারভিত্তিক পদ্ধতি অনুসরণ, আঞ্চলিক মোবাইল ব্রডব্যান্ডের জন্য তরঙ্গের প্রয়োজনীয়  প্রাপ্যতা গবেষণা, তরঙ্গ ব্যবহারের তথ্য আদান-প্রদান, ঢাকা ঘোষণা ও পরবর্তী ১৪তম সভার প্রসত্মাব বিষয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করবেন।

টেলিটক’র থ্রিজি সেবা চালু ১৪ অক্টোবর :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

টেলিটক’র থ্রিজি সেবা চালু ১৪ অক্টোবর :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 পরীক্ষামূলকের পর ১৪ অক্টোবর থেকে চালু হচ্ছে টেলিটক এর থ্রিজি সেবা। তবে শুরুতেই এই সেবা পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। ইতিমধ্যেই যারা গ্রাভিটি ক্লাবের সদস্য হয়েছেন তাদের সকলকেও শুরুর দিন থেকে সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তাই থ্রিজি সেবা প্রাপ্তির তালিকায় প্রথমেই নির্বাচন করা হয়েছে কর্পোরেট গ্রাহকদের।  একই সঙ্গে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারকরে মুঠোফোনে দেশী টিভি’র অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টিও চূড়ান্ত করতে সক্ষম হয়নি টেলিটক কর্তৃপক্ষ।

টেলিটক এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, পূর্ণ প্রস্ত্ততি আগামী ১৪ অক্টোবর থেকে চালু হচ্ছে টেলিটকের থ্রিজির আনুষ্ঠানিক যাত্রা। নানা সীমাবদ্ধতার কারণে প্রথম পর্যায়ে করপোরেট দুনিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই কেবল এই সংযোগ দেয়া হচ্ছে।

এছাড়া যারা ইতোমধ্যে গ্র্যাভিটি ক্লাবের সদস্য হয়েছেন তাদের মধ্য থেকে মাসে সর্বোচ্চ পরিমাণ টাকা বহারকারীরা উদ্বোধনের পর থেকে এ সুবিধা ভোগ করতে পারবেন। আর চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে থ্রিজি ব্যবহার করতে পারবেন সকল গ্রাহক। আর দ্বিতীয় পর্যায়ে ৪ থেকে ৫ লাখ গ্রাহককে থ্রিজি সেবা দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান।

জানাগেছে, আগামী ১৪ অক্টোবর রাষ্ট্রপতির সঙ্গে ভিডিও কল করে থ্রিজির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেড় ঘণ্টা ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। ওই অনুষ্ঠান গ্র্যাভিটি ক্লাবের সদস্যদের মধ্যে যারা থ্রিজি সেবা উপভোগ করছেন তারা মোবাইলফোনে সরাসরি উপভোগ করতে পারবেন বলে বার্তা২৪ ডটনেট-কে নিশ্চিত করেছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক।

তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, টেলিটক এখনো অবকাঠামো নির্মাণের কাজ শেষ করতে পারেনি। তবে দেশীয় ৫টি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সঙ্গে লিংক তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে মাত্র। এসব বাস্তবায়ন করতে আরো ৬ থেকে ৮ মাস সময় প্রয়োজন।

অন্যদিকে আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেলগুলোর লিংক শেয়ার, কনটেন্ট প্রোভাইডারদের সঙ্গে চুক্তির বিষয়গুলোও সম্পন্ন না হওয়ায় আপাতত থ্রিজি দিয়ে স্যাটেলাইট টিভিতে সরাসরি খেলা দেখা আপাতত সম্ভব হবে না।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান বলেন, “আমরা শুরতে ইন্টারনেট সক্ষমতা বৃদ্ধি ও ডেটা কানেক্টিভিটি (২ এমবিপিএস) নিয়ে কাজ করছি। কনটেন্টের (আধেয়) বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।”

তিনি জানান, প্রাথমিকভাবে টেলিটকের থিজি নেটওয়ার্কে ডেটা কানেক্টিভিটির পাশাপাশি ভিডিও কনফারেন্স করা যাবে। এজন্য মোবাইলফোন সেট বা ল্যাপটপে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে হবে।

এ বিষয়ে টেলিযোগাযোগ বিশেষজ্ঞ ও এরিনাফোন বিডির পরিচালক ফজলে রাবিব বলেন, “মোবাইলফোনে থ্রিজি ব্যবহার করে নাটক, গান বা মুভি দেখতে চাইলে উচ্চক্ষমতার ব্যাটারি প্রয়োজন। স্মার্টফোনেই উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি আছে। এ বিষয়টিও ব্যবহারকারীদের ভাবতে হবে। তা না হলে অল্প দিনের মধ্যেই মোবাইলফোন সেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে।”

তিনি জানান, দেশের সিংহভাগ টেলিটক সিম ব্যবহারকারীর মোবাইলফোনসেট মাঝারি মানের। ডেটাকার্ড (ইন্টারনেট মডেম) দিয়ে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করলে নাটক, মুভি বা গান উপভোগ করা যাবে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির টেলিটকের পূর্ণাঙ্গ অবকাঠামো তৈরি না করে সেবা চালু করার বিষয়টিকে গ্রাহক ধরার কৌশল হিসেবে দেখছে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ৪-৫ লাখ নতুন গ্রাহক তৈরি করতে যাচ্ছে থ্রিজি চালু করে। থ্রিজির ঘোষণা আসার পর থেকে টেলিটকের গ্রাহক বাড়ছে।

প্রসঙ্গত, টেলিটকের জন্য ‘২১১০ থেকে ২১৬০’ মেগাহার্টজ তরঙ্গের (ফ্রিকোয়েন্সি) মধ্যে ১০ মেগাহার্টজ বরাদ্দ দিয়েছে বিটিআরসি। রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বলেই টেলিটক অগ্রাধীকারভিত্তিতে লাইসেন্স পেয়েছে। বিষয়টি নিশ্চিত থাকায় প্রতিষ্ঠানটি (লাইসেন্সের নিলাম) আগেই থ্রি-জি সেবা চালু করতে যাচ্ছে। আগামী জানুয়ারিতে থ্রি-জির নিলাম অনুষ্ঠিত হবে। ওই নিলামে টেলিটকও অংশ নিয়ে লাইসেন্স গ্রহণ করবে।

মায়ের পিস্তলেই কি আত্মঘাতী আশা-কন্যা? :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

মায়ের পিস্তলেই কি আত্মঘাতী আশা-কন্যা? :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 পুলিশ সূত্রে খবর ৩০-৩৫ বছর আগে আশা ভোঁসলের একটি পিস্তল হারিয়ে যায়। বর্ষা ভোঁসলে নিজের প্রাণ নেয়ার সময় সেই পিস্তলটিই ব্যবহার করেছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে আত্মহত্যার অস্ত্রটির মালিক অনুসন্ধানে আরো তদন্তের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। এমনকি বর্ষার প্রাক্তন স্বামীর সঙ্গেও কথা বলছে পুলিশ।

প্রসঙ্গত, বর্ষার ভাই আনন্দ ভোঁসলের কাছেও একটি আগ্নেয়াস্ত্র আছে। পুলিস তাকেও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে, এই সপ্তাহের শেষের দিকে মা আশা ভোঁসলে ও খালা লতা মঙ্গেসকরকেও জিজ্ঞাসাবাদ করার কথা পুলিসের।

বর্ষার মৃত্যুর কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে ভোসলে পরিবার। তবে সূত্রের খবর বেশ কিছুকাল ধরে পারবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। একটি অনুষ্ঠান উপলক্ষে সিঙ্গাপুরে গিয়েছিলেন আশা ভোসলে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফিরে আসছেন। সূত্র: জিনিউজ।

আটান্ন বসন্ত পেরিয়ে চিরযৌবনা রেখা :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

আটান্ন বসন্ত পেরিয়ে চিরযৌবনা রেখা :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 আটান্নতে পা দিলেন রাজ্যসভার সাংসদ ভানুরেখা গণেশন। তিনি ভারতীয় সিনেমার মায়া। তিনিই ভারতীয় ছবির প্রথম চাঁদনি। পৃথুলা থেকে চাবুকের মতো ধারালো হয়ে ওঠার নজিরে তিনি অদ্বিতীয়া। দুই গভীর দুচোখের চোখের মায়াবী আবেদনে, সিক্ত রক্তাভ ঠোঁটের নেশায় এই উমরাও জান ভারতীয় সিনেমার একমেবাদ্বিতীয়ম এনিগমা। তার আবেদনে দিশেহারা হয়েছেন আমজনতা থেকে দীর্ঘকায় পুরুষটি পর্যন্ত!

শাওন ভাদো দিয়ে বলিউডে যাত্রা শুরু রেখার। সালটা ১৯৭০। তবে রেখার সাফল্যের পথ কোনোদিনই মসৃণ হয়নি। অমিতাভ বচ্চনের বিপরীতে দো আনজানে বদলে দিল রেখার ভাগ্যরেখা। বিনোদ মেহরার বিপরীতে ঘর ছবিতে রেখার অভিনয় দর্শক মনে রাখবে চিরকাল।

এরপর একে একে মিস্টার নটবরলাল, খুবসুরত, সিলসিলা, উমরাও জান, খুন ভরি মাঙ্গ, ইজাজত, আস্থা, কামসূত্র, বুলান্দি, জুবেইদা ছবিতে নিজের দৃপ্ত অভিনয়ের পরিচয় দিয়েছেন রেখা। ১৯৮২ সালে উমরাও জান ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কারও জেতেন রেখা। কোই মিল গয়া ছবিতে হৃতিক রোশনের মায়ের ভূমিকায় রেখাকে দেখে যারা ভেবেছিলেন এবার বোধহয় মায়েদের দলেই ঢুকে গেলেন রেখা, তাদের সবাইকে চমকে দিয়ে মাত্র দুবছর পরেই ফিরে এসেছিলেন অসাধারণ আইটেম গান দিয়ে। ক্যায়সি পহেলি হ্যায় জিন্দেগানি। ছন্দে ছন্দে যৌবনের জয়গান। ছবির নাম পরিণীতা। সত্যিই। রেখাই পারেন।

রিল লাইফে সাফল্যের চূড়ায় পৌঁছলেও তার ব্যক্তিগত জীবন বারবার উথাল পাতল হয়েছে। বিগ বির সঙ্গে সম্পর্ক, তিনবার ক্ষণস্থায়ী বিবাহ, স্বল্পবাক, রেখাকে করে তুলেছে আরও রহস্যময়ী। যা বলিউডে সত্যিই বিরল। ভারতীয় অভিনেত্রীরা নিজেদের সময়ে ডিভা হয়ে উঠলেও পরবর্তীতে গৃহিণী তকমা গায়ে নিয়ে হারাতে থাকেন আবেদন। আসলে ভারতীয় পুরুষদের মন বোধহয় এখনও নিজের স্বপ্নের নারীটিকে কারও স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না।

আর যদি তার ব্যক্তিগত জীবন হয় একটু ট্র্যাজিক, তাহলে ভারতীয় পুরুষের চোখে তিনি হয়ে ওঠেন আরও রহস্যময়ী। সেইজন্যই বোধহয় একাকিনী রেখার আবেদনও চিরকালীন। সূত্র: জিনিউজ।

বছরে ১০ লাখ লোক বিষণ্ণতার কারণে আত্মহত্যা করে :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

বছরে ১০ লাখ লোক বিষণ্ণতার কারণে আত্মহত্যা করে :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 বিষণ্ণতার কারণে প্রতি বছর বিশ্বে ১০ লাখ লোক আত্মহত্যা করে। বিষণ্ণতা একটি গুরুতর কষ্টদায়ক ও কর্মক্ষমতা হ্রাসকারী মানসিক রোগ। এ কারণেই বিষণ্ণতায় ভুক্তভোগীদের অনেকে আত্মহত্যাপ্রবণ।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস আয়োজিত ‘বিষণ্ণতা: একটি বৈশ্বিক সংকট’ শীর্ষক কনফারেন্সে বিশেষজ্ঞরা এ কথা বলেন।

কনফারেন্সে উপস্থিত বিশেষজ্ঞরা বলেন, দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৪ দশমিক ৬ শতাংশ এবং শিশু-কিশোরদের ১ শতাংশ বিষণ্ণতায় আক্রান্ত। বিষণ্ণতার কারণে ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। বিষণ্ণতা কর্মক্ষমতা কমিয়ে দেয়, মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ে।

তারা আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ১৮ বছরের বেশি বয়স্ক মানুষের মধ্যে একটি গবেষণা করা হয়। সেখানে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১৬.১ শতাংশ কোনো না কোনো ধরনের মানসিক রোগে ভুগছে।

মানসিক রোগী ও প্রতিবন্ধিতার বিষয়টি এক কিনা জানতে চাইলে প্রফেসর ডা. মো. শাহ আলম বলেন, বিষয়টি এক নয়, তবে মানসিক রোগের কারণে মাঝে মাঝে প্রতিবন্ধিতা আসতে পারে। সামাজিক, পারিবারিক বা যে কোনো ধরনের চাপের কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে।

অধ্যাপক এম গোলাম রব্বানী জানান, ২০০৯-১০ সালে শিশুদের ওপর পরিচালিত পৃথক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের মোট ১৮.৪ শতাংশ শিশু-কিশোর কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। তবে শিশুদের ক্ষেত্রে বিষণ্ণতার হার মাত্র ১ শতাংশ।

মানসিক স্বাস্থ্যবিষয়ক নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, এই নীতিমালা নিয়ে আমরা দিন রাত্রি কাজ করে যাচ্ছি। এটা বাস্তবায়ন করতে দুটি মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। আগামী সপ্তাহে আমরা বসব। তারপরে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া হবে। আমরা আশা করি এক মাসের মধ্যেই এ নীতিমালায় একটা গতি আসবে।

কনফারেন্সে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন জাতীয় মানসিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ওয়াজিউল আলম।

স্ট্রোকের ঝুঁকি কমায় টমেটো :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

স্ট্রোকের ঝুঁকি কমায় টমেটো :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 যারা নিয়মিত টমেটো খেতে ভালোবাসেন, তাদের স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি কম। সম্প্রতি ফিনল্যান্ডের বিজ্ঞানীরা এক গবেষণা শেষে এ তথ্য দেন।

নিউরোলজি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, তারা এক হাজারের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে নিয়ে গবেষণা করেন, যাদের উচ্চ রক্তচাপ এবং রক্তে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান লাইকোপেন কম ছিল।

গবেষকরা দেখেছেন, যারা নিয়মিত টমেটো খেয়েছেন, তাদের স্ট্রোকের আশঙ্কা অন্যদের তুলনায় ৫৫ শতাংশ কমে গেছে।

গবেষণাটিতে ফলমূল ও শাকসবজি জাতীয় খাবারের গুরুত্ব তুলে ধরা হয়। টমেটো, তরমুজ, পেঁপেতে লাইকোপেন নামে এই রাসায়নিক উপাদানটি পাওয়া যায়। তবে তা সবচেয়ে বেশি পরিমাণে থাকে টমেটোতে, যা শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে।

২৫৮ ব্যক্তিকে নিয়ে চালানো গবেষণায় দেখা গেছে, যাদের রক্তে লাইকোপেন সবচেয়ে কম, তাদের প্রায় ১০ জনের মধ্যে একজনের স্ট্রোকের আশঙ্কা থাকে। আর রক্তে অ্যান্টি অক্সিডেন্ট বেশি রয়েছে এমন ২৫৯ ব্যক্তিকে নিয়ে চালানো গবেষণায় দেখা যায়, তাদের প্রায় ২৫ জনের মধ্যে একজনের স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞানীরা জানান, টমেটোয় থাকা লাইকোপেন অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টের তুলনায় প্রদাহ ও রক্ত জমে যাওয়ার মতো বিষয়গুলো কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে। সূত্র: বিবিসি

রেল কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ মন্ত্রীকে জানানোর আহ্বান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রেল কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ মন্ত্রীকে জানানোর আহ্বান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 রেলের কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা মন্ত্রীকে জানানোর জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম বার্তা২৪ ডটনেটকে বলেন, “এখন থেকে যাত্রীরা রেলভবনে এসে বা ফোনে তাদের অভিযোগ জানাতে পারবেন।”

একই সঙ্গে রেলমন্ত্রী মুজিবুল হক ভবিষ্যতে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া দায়িত্বে অবহেলার জন্য লাকসামের স্টেশন মাস্টার পিতু রঞ্জন ভূইয়াকে কারণ দর্শানো ও আন্তনগর উপকূল এক্সপ্রেসের কন্ডাক্টর গার্ড ওয়াজেদ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন রেলপথমন্ত্রী।

মীর সাহাব উদ্দিন নামের জনৈক যাত্রী মোবাইলে অভিযোগের ভিত্তিতে মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়।

রামুর ঘটনায় প্রশাসনের সম্পৃক্ততা আছে: ধর্ম প্রতিমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনায় প্রশাসনের সম্পৃক্ততা আছে: ধর্ম প্রতিমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, “রামুতে যখন এতো বড় ঘটনা ঘটে প্রসাশন তখন নীরব ভূমিকা পালন করে। এটাই প্রমাণ করে দোষীদের সঙ্গে প্রশাসনের সম্পর্ক রয়েছে।”

বুধবার বেলা ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গমাতা আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত ও রামুর মানুষ নির্বাচনের সময় কেন্দ্রে না যায় এ জন্য ভয় দেখাতে একটি গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে। তাদের এ অপচেষ্টা সফল হবে না।”

শাহজাহান মিয়া বলেন, “বিএনপি ও জামায়াতের কারণে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতা রক্ষা করতে পারি নাই। তারা দেশে জঙ্গি কায়েম করতে চায়। বাংলাভাইসহ কয়েকজনকে ফাঁসি দেয়া হয়েছিল তাই কয়েকদিন ভালো ছিলাম। এখন আবার শুরু করছে। এদেরকেও কঠিন শাস্তি দেয়া হবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিসেস তহুরা আলী এমপি, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, ঢাকা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসরারুল হক আসু।

চাকরি জাতীয়করণের দাবি বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষক-কর্মচারিদের :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

চাকরি জাতীয়করণের দাবি বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষক-কর্মচারিদের :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
চাকরি জাতীয়করণ, তিন মাসের বকেয়া বেতন ও উৎসব ভাতার দাবি জানিয়েছেন বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষক-কর্মচারিরা।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

বিশেষ শিক্ষা বিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রফেশনাল, শিক্ষক ও কর্মচারি সমিতির (বিশিবিপ্রমিকস) সভাপতি মুক্তিযোদ্ধা ডা. দেলওয়ার হোসেন খান বলেন, “আমরা আজ বিভিন্ন বৈষম্যের শিকার। তিন মাসের বেতন ভাতা বকেয়া পড়ে আছে। তা ছাড়া উৎসব ভাতা আমরা পাচ্ছি না।”

এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক তাহমিনা পারভীন ও সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. মোশারফ হোসেন লাবু।

এ সময় তারা বলেন, প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা নীতিমালা ২০০৯’ বাস্তবায়নের পর শতভাগ বেতন দেয়া হলেও অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হয়নি।

খোকার দুর্নীতির তদন্তে সংসদীয় উপ-কমিটি গঠন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

খোকার দুর্নীতির তদন্তে সংসদীয় উপ-কমিটি গঠন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মেয়াদকালে অনিয়ম ও দুর্নীতির তদন্তে সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে গঠিত উপ-কমিটির তদন্ত শেষ করার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

একইসঙ্গে ওই সময়ে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে গাড়ি পার্কিং ও মার্কেট নির্মাণ এবং দোকান বরাদ্দে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে হুইপ নূর-ই-আলম চৌধুরীকে আহ্বায়ক করে আরো একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

এ উপ-কমিটিকে আগামী চার মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অসুস্থতাজনিত কারণে কমিটির সভাপতি রহমত আলী অনুপস্থিত থাকায় কমিটি’র সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে হওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসনের নেয়ার বিভিন্ন পদক্ষেপের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়।

এ ব্যাপারে গঠিত সংসদীয় উপ-কমিটি তদন্ত শেষ করতে না পারায় উপ-কমিটির কাজ শেষ করার সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়।

২০০৯ সালের ১ জুলাইয়ের আগে সাত বছর মেয়র হিসেবে খোকার দায়িত্ব পালনকালে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি ও সার্বিক কার্যক্রম বিষয়ে অনিয়ম ও অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক একটি উপ-কমিটি গঠন করা হয়।

সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, একেএম মোস্তাফিজুর রহমান, আশরাফ আলী খান খসরু ও মোস্তফা জালাল মহিউদ্দিন এ উপ-কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।

একই মেয়াদে ঢাকা সিটি করপোরেশনে গাড়ি পার্কিং, মার্কেট নির্মাণ ও দোকান বরাদ্দে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বৈঠকে গঠিত উপ-কমিটিতে আবুল খায়ের ভূঁইয়া, একেএম মোস্তাফিজুর রহমান, আশরাফ আলী খান খসরু ও মোস্তফা জালাল মহিউদ্দিনকে সদস্য করা হয়েছে।

বৈঠকে গুলিস্তান-যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ কাজের অর্থ বরাদ্দ ও ব্যয়, প্রকল্প পরিচালক নিয়োগ এবং বিভিন্ন তথ্য উপাত্তসহ সার্বিক কাজ সম্পাদন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়।

বৈঠকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আগামী জুনের মধ্যে গুলিস্তান-যাত্রবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ কাজ সমাপ্ত করে যানবাহন চলাচল উপযোগী করার সুপারিশ করা হয়। এ কাজে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদ্বয়কে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে ঢাকা শহরে বসবাসরত মানুষের জীবন-যাত্রার মান আরও উন্নয়নে সহায়ক ভূমিকা পালনে সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আবুল খায়ের ভূঁইয়া, একেএম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান খসরম্ন, মোস্তফা জালাল মহিউদ্দিন ও আশরাফুন নেছা মোশারফ।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (মানবসম্পদ) ও কমিটি সচিব ভীম চরণ রায়সহ সংশ্লিষ্ট কর্মকতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে কুকুর লেলিয়ে হত্যা পিতা-পুত্র কারাগারে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

চট্টগ্রামে কুকুর লেলিয়ে হত্যা পিতা-পুত্র কারাগারে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় অভিযুক্ত পিতা-পুত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার প্রধান আসামি চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী শাহ সেলিম টিপু এবং তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসানুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ফরহাদ ম্যানশন নামের ১০১ নম্বর বাড়ির চারতলার ছাদে কৌশলে হিমুকে ডেকে নিয়ে যায় অভিজাত পরিবারের ৫ বখাটে যুবক। ওই বহুতল ভবনের ছাদে তাকে কুকুর লেলিয়ে নির্যাতন করে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত হিমু ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান।

নিহত হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের ছাত্র ছিলেন। এ ঘটনায় হিমাদ্রির মামা অসিত দাশ শাহ সেলিম টিপুকে প্রধান করে ৫ জনের নামে মামলা করেন।

মামলায় বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, অভিযোপত্র দাখিলের আগে থেকে ব্যবসায়ী টিপু এবং তার ছেলে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

তিনি জানান, সমপ্রতি ওই মামলায় চার্জশিট দাখিলের পর তারা নিন্ম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন, শাহাদাৎ হোসেন সাজু, শাওন ও ড্যানি। এরমধ্যে সাজু আগে থেকেই কারাগারে। ড্যানি ও শাওন এখনও পলাতক।
 

দুর্নীতি তদন্তে বিশ্বব্যাংকের প্যানেল আসছে ১৪ অক্টোবর :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

দুর্নীতি তদন্তে বিশ্বব্যাংকের প্যানেল আসছে ১৪ অক্টোবর :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
পদ্মা সেতুর দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কাজ করতে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল ১৪ অক্টোবর ঢাকায় আসছে।
 
বুধবার বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রখ্যাত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিশ্বব্যাংকের প্যানেলটি ১৪ অক্টোবর ঢাকায় আসবে। প্যানেলটি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখতে বেশ কটি পরিদর্শনের অংশ হিসেবে এটি হবে তাদের প্রাথমিক পর্যায়ের পরিদর্শন।
 
প্যানেলটি বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার এবং সহ-অর্থায়নকারী সংস্থাগুলোর কাছে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরবে।
 
বিশ্বব্যাংক ৫ অক্টোবর তাদের তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটির নাম ঘোষণা করে। এ কমিটির প্রধান হয়েছেন লুইন মরেনো অকেম্পো। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর ছিলেন।
 
তার সঙ্গে কমিটিতে আছেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্বাধীন দুর্নীতিবিরোধী কমিশনের সাবেক কমিশনার টিমোথি তং এবং যুক্তরাজ্যের গুরুতর প্রতারণা প্রতিরোধবিষয়ক অফিসের সাবেক পরিচালক রিচার্ড অলডারম্যান।

দেশের উন্নয়নে দুর্নীতি বড় বাধা: আইনমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

দেশের উন্নয়নে দুর্নীতি বড় বাধা: আইনমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, দেশের উন্নয়নে দুর্নীতি বড় বাধা। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি ও জঙ্গীবাদ বিরোধী চেতনা জাগিয়ে তুলতে হবে। সোনার বাংলা গড়তে হলে অবশ্যই সর্বস্তরে দুর্নীতিকে না বলতে হবে।

বুধবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে ‘প্রফেসর মাহফুজা খানম-ব্যরিস্টার শফিক আহমেদ বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রফেসর মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য এএবিএম আনোয়ারুল হক, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, পিপি আব্দুস সালাম, জেলা প্রশাসক মুনশি শাহাবুদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া  ও কাশীনাথ সরকার।

আইনমন্ত্রী তার বক্তব্যে কক্সবাজারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, “এই হামলার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের সরকার অবশ্যই বিচারের আওতায় আনবে।”

আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ ও তার পত্নী প্রফেসর মাহফুজা খানমের নামে ২০০৩ সাল থেকে মানিকগঞ্জে জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। এ বছর ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে এই বৃত্তি দেয়া হয়।


এছাড়া মন্ত্রী বিকেলে মানিকগঞ্জ আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের স্থানে নতুন একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

শিশুসন্তান হত্যা মামলায় মায়ের ১০ বছর জেল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

শিশুসন্তান হত্যা মামলায় মায়ের ১০ বছর জেল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
মায়ের প্রহারে সাড়ে তিন বছরের শিশু সুরাইয়ার মৃত্যর ঘটনায় মা হামিদা বেগমকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামসুল আরেফীন এ রায় দেন।

রায়ে দণ্ডিতকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের কথা উল্লেখ করা হয়েছে।

রায়ের বিবরণে বলা হয়, গত বছরের ২৫ জুন গুলশান ১ এর ১২১ নম্বর সড়কের বি-১ নম্বর ফ্ল্যাটে নিজের মেয়েকে উত্তেজিত হয়ে খুন করেন হামিদা।

মামলায় বলা হয়, তুচ্ছ কারণে বিরক্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটান তিনি। হামিদা ওই বাড়ির চিকিৎসক ফাতিহা কবীর মীমের গৃহকর্মী ছিলেন।
ডা. মীম বাদি হয়ে গুলশান থানায় ওই ঘটনায় মামলা করেন। হামিদা হত্যার ঘটনা স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দী দেন।