Pages

Friday, October 19, 2012

অবাধে চিংড়ি পোনা আহরণে ধ্বংসপ্রায় জলজসম্পদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

অবাধে চিংড়ি পোনা আহরণে ধ্বংসপ্রায় জলজসম্পদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
একসময় সুন্দরবন ও বাংলাদেশের উপকূলীয় নদীগুলো ছিল অফুরন্ত মৎস্যসম্পদে পূর্ণ। এসব এলাকায় প্রচুর পরিমাণে চিংড়িসহ ১২০ প্রজাতির মাছ ও মাছের পোনা পাওয়া যেত।

আশির দশকে শুরু হয় উপকূলীয় অঞ্চলে নোনা পানির চিংড়ি চাষ। শুরুতে প্রাকৃতিক পোনার উপর ভিত্তি করে প্রধানত বাগদা চিংড়ির চাষ গড়ে উঠে। তবে গত তিন দশকে বিশ্ববাজারে চাহিদা বাড়ার ফলে চিংড়ি চাষের ব্যাপক বিস্তার ঘটে। বর্তমানে সুন্দরবনসংলগ্ন মংলা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে প্রায় দেড় লাখ হেক্টর জমিতে চিংড়ির চাষ হচ্ছে। তবে এটিই কাল হয়েছে স্থানীয় মৎস্যসম্পদের জন্য।

অধিক পোনার চাহিদা পূরণ করতে প্রাকৃতিক উৎসের উপর অত্যধিক চাপ সৃষ্টি হয়েছে।

উপকূলীয় অঞ্চলের দরিদ্র নারী-পুরুষ জীবিকা নির্বাহের সহজ পন্থা হিসেবে নির্বিচারে বিভিন্ন ধরনের নেট জাল ব্যবহার করে বাগদার পোনা (পিএল) ও গলদার রেণু আহরণ করছে। পোনা সংগ্রহকারীদের কাছে বাগদা ও গলদার পোনা ছাড়া অন্যান্য প্রাণীর কদর না থাকায় আহরণের সময় ডাঙ্গায় ফেলে হত্যা করছে ১০০ প্রজাতির জলজ প্রাণী। এ কাজে জড়িত রয়েছে উপকূলীয় অঞ্চলের প্রায় ৫ লাখ মানুষ। ফলে এটি ওই অঞ্চলের জীববৈচিত্র্যর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বাগদা পোনাসহ অন্যান্য মূল্যবান জলজ প্রাণীর প্রাপ্যতা, জালে ধৃত পোনার জোয়ার-ভাটার প্রভাব, পোনা ধরার কাজে নিয়োজিত লোকের সংখ্যা ও পোনার বিস্তৃতি ইত্যাদি বিষয়ে বিস্তৃত তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৯১ থেকে ’৯৭ সাল পর্যন্ত সার্ভে অ্যান্ড এসেসমেন্ট অব শ্রিম্প ফ্রাই রিসোর্স অব বাংলাদেশ নামে প্রকল্প পরিচালনা করে। তাদের জরিপের ফলাফলে জানা যায়, পোনা সংগ্রহকারীরা একটি বাগদার পোনা ধরতে গিয়ে ধ্বংস করছে চাপদা, বাগতারা, ডিমুয়া, রশনাই, ছটকাসহ ৩৮ প্রজাতির চিংড়ি; পারশে, ভেটকি, ভাঙ্গানসহ ৬ প্রজাতির মাছ। এসিটেস, মাইসিড, মেগালোপা, কপিপড, অ্যালিমা, লার্ভি, আই সোপডসহ ৫৬ প্রজাতির জুপাঙ্কনসহ ১০০ প্রজাতির জলজ প্রাণী।

মৎস্য গবেষকদের মতে, দেশে ১৪৭টি চিংড়ি হ্যাচারি রয়েছে। এসব হ্যাচারিতে প্রতি বছর এক হাজার কোটি পোনা উৎপন্ন হয়। অথচ দেশে চাহিদা রয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি পোনা। ফলে প্রাকৃতিক উৎস থেকে পোনা আহরণ করা হয়। আর এসব কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে দেশের বিপুল ও বৈচিত্র্যময় জলজসম্পদ। সূত্র: ওয়েবসাইট।


বিটিসিএলের কলচার্জ কমলো :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

বিটিসিএলের কলচার্জ কমলো :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
মুঠোফোন যুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে ল্যান্ডফোনে মিনিট প্রতি কল চার্জ কমালো রাষ্ট্রায়ত্ব টেলিফোন অপারেটর বিটিসিএল। প্রতি মিনিট ৩০ পয়সার ফ্ল্যাট রেট থেকে বেরিয়ে এসে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত বিল প্রতি মিনিট চার্জ ধরা হয়েছে ১০ পয়সা। তবে বাড়ানো হয়েছে মাসিক ভাড়া। আগামী ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানাগেছে।

বিটিসিএল সূত্রে জানাগেছে, গত সোমবার বিটিসিএলের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে বর্তমানে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম মাল্টি-এক্সচেঞ্জের প্রতিটি টেলিফোনের মাসিক লাইন রেন্ট ৮০ টাকা হলেও এখন তা ১৬০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা শহরের মাসিক লাইন রেন্ট ৭০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং উপজেলা পর্যায়ে ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বিটিসিএলের বোর্ড চেয়ারম্যান এবং টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতেই ছয় মাসের জন্যে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছয় মাস পর এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিবে বোর্ড।

অবশেষে অভিষেক হচ্ছে অ্যাঞ্জিলা জনসনের :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

অবশেষে অভিষেক হচ্ছে অ্যাঞ্জিলা জনসনের :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
অবশেষে বলিউডে বেশ রাজকীয় অভিষেক হতে যাচ্ছে অ্যাঞ্জিলা জনসনের। বলিউডের জনপ্রিয় ও সময়ের সবচেয়ে সফল অভিনেতা সালমান খানের বিপরীতে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে এর জন্য পাক্কা দুই বছর অপেক্ষা করতে হয়েছে তাকে। শুধু সালমানের একটি ‘হ্যাঁ’ এর জন্য।

নিজের প্রোডাকশনের নতুন ছবি ‘শের খান’ নির্মাণের জন্য বেশ কয়েকজন নতুন মুখকেই নির্বাচন করেছিলেন সাল্লু। যার মধ্যে বেশ এগিয়ে ছিলেন অ্যাঞ্জিলা জনসন। অসাধারণ শারীরিক সৌন্দর্যের কারণেই মূলত এদিক থেকে তিনি এগিয়ে ছিলেন। তারপরেও সালমানের পক্ষ থেকে সবুজ বাতির অপেক্ষা করছিলেন সবাই।

অবশেষে সালমান সম্প্রতি অ্যাঞ্জিলাকেই ‘শের খান’ এর প্রধান নারী চরিত্রের জন্য নির্বাচন করেছেন। ছবিটি পরিচালনা করবেন সাল্লুর ভাই সোহেল খান। শুধু তাই নয়, অ্যাঞ্জিলার সৌভাগ্যের দরজা যেন খুলে গেল সালমানের এই ‘হ্যাঁ’ এর মধ্যে দিয়ে। কারণ স্ক্রিপ্টে আগে দুটি নারী চরিত্র রাখা হয়েছিল। কিন্তু সালমানের কথায় একটি চরিত্র বাদ দেয়া হয়েছে। এখন ছবিতে বেশি ফোকাস করা হবে অ্যাঞ্জিলা জনসনকে।

এ বিষয়ে অ্যাঞ্জিলার বক্তব্য হচ্ছে, সালমানের মতো তারকার বিপরীতে কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমাকে এই ছবির জন্য কাস্ট করায় তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। এখন ছবিটির মাধ্যমে নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চাই।

ওদের ভালো হোক: শহিদ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

ওদের ভালো হোক: শহিদ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
  সাইফ-কারিনার বিগ ফ্যাট ওয়েডিংয়ে পদে পদেই ছিল সারপ্রাইজ। বিয়ের তারিখ জল্পনা, ডিজাইনার পোষাকের বদলে খানদানি শরারায় কারিনার বিয়ের পিঁড়িতে বসা, চল্লিস লাখি নবাবি হার...সবকিছুই যেন ছিল রহস্যে মোড়া। তবে বিগেস্ট সারপ্রাইজটা বোধহয় এল এবার। গোটা বলিউডের সঙ্গে সাইফ-কারিনাকে বিয়ের শুভেচ্ছা জানালেন শহিদও। সেই সঙ্গেই ছিল খোলা গলায় কারিনার প্রশংসাও।

সাইফিনার বিয়ের পরই মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন শহিদ। এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র চেষ্টা না করেই ক্যামেরার সামনে বললেন, “আমি সাইফ-কারিনার সুখি বিবাহিত জীবন কামনা কারি। রনধীর কাপুরকেও আমি অভিনন্দন জানাই। মেয়ের বিয়ে যে কোনও বাবার কাছেই একটা বিশাল বড় ব্যাপার। আমি আশা করব কারিনা বিয়ের পরও অভিনয় করবে। ও সত্যিই এই মুহূর্তে ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ অভিনেত্রী।”

বিয়েতে কি নিমন্ত্রণ পেয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তরে অবশ্য একটু হেঁয়ালি করলেন কারিনার প্রাক্তন প্রেমিক। তার জবাব, “ইনভিটেশন মিলা ইয়া নহি মিলা-অব ইসকে বারে মে হম ম্যায় ক্যায় কহু”! (নিমন্ত্রণ পেয়েছি কিনা সেই ব্যাপারে আর আমি কী বলব!) যাই হোক। এবারের মত অনুমানের উপরই ভরসা রাখতে হবে আমাদের। সূত্র: জিনিউজ।

বাড়তি ঘুম শিশুর মনোযোগ বাড়ায় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

বাড়তি ঘুম শিশুর মনোযোগ বাড়ায় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 আপনার শিশুকে আরো কিছুক্ষণ ঘুমাতে দিন। ঘুমের সময় কমিয়ে দিলে তাদের কান্নার ভাব হয়। মেজাজ খিটখিটে হয়। তারা হতাশ থাকে। কানাডার একদল গবেষক এ তথ্য দিয়েছেন।

গবেষকেরা বলছেন, ঘুমের প্রভাব পড়ে শিশুর ব্যবহার ও লেখাপড়া, উভয় ক্ষেত্রে। সাত থেকে ১১ বছর বয়স্ক ৩৩টি শিশুর ওপর দুই সপ্তাহ ধরে গবেষণাটি করা হয়। শিশুদের ওপর পরিচালিত গবেষণা থেকে বলা হচ্ছে, বেশি ঘুমিয়েছে এমন শিশুদের লেখাপড়ায় মনোযোগ বেড়েছে। আচার-আচরণেও ইতিবাচক পরিবর্তন এসেছে।
পর্যবেক্ষণে দেখা যায়, শিশুরা সাধারণত প্রায় নয় দশমিক তিন ঘণ্টা ঘুমায়। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের তথ্যমতে, ১০ ঘণ্টা। সূত্র: ইন্টারনেট।

রাজধানীতে পুলিশ পরিচয়ে ডাকাতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজধানীতে পুলিশ পরিচয়ে ডাকাতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 রাজধানীর মিরপুরে স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেন আব্দুলের বাসায় ডিবি-র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৩৫ ভরি স্বর্ণালংকার, সাড়ে চার লাখ টাকা, একটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার দিবাগত গভীর রাতে মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ১১০০ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন ও পরিবারের লোকজন জানান, রাত তিনটার দিকে তাদের নিজস্ব দেড় তলা ভবনের দেয়াল টপকে ছাদে ওঠে ডাকাতরা। চিলেকোঠার রুমে থাকা ছেলে কাশেমকে অস্ত্রের মুখে জিমি করে নিচে নামে তারা। তাকে ও তার ভাই বাঁধনকে দিয়ে দরজা নক করে চারটি রুমে প্রবেশ করে ডাকাতরা। এ সময় নিজেদের ডিবি-র‌্যাব পরিচয় দিয়ে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে চাদর দিয়ে ঢেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে জিম্মি করে রাখে। তারা ভোর পর্যন্ত লুটপাট চালিয়ে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, সাড়ে চার লাখ টাকা, একটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল নিয়ে চলে যায়।

খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।

শাওনকে হুমকি: ডা. এহসানকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

শাওনকে হুমকি: ডা. এহসানকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি ও তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে গ্রেফতার ডা. এহসানুজ্জামান খানকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত তাকে রিমান্ডে নেয়ার আদেশকেও অবৈধ ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে একই বেঞ্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে তাকে হাজির করার নির্দেশসহ  আটকাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তাকে কেন মুক্তি দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন।

আদালতে রিট (হেবিয়াস কর্পাস) আবেদনটি দায়ের করেন ডা.এহসানুজ্জামানের ভাই মো. আকিলুজ্জামান খান।

আবেদনটির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ কে এম শফিউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত ১৪ অক্টোবর রোববার ডা. এহসানকে রাজধানীর রমনা থানার ইস্কাটন রোডের অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সামনে থেকে র‌্যাব-৩ এর একটি দল গ্রেফতার করে।

এরপর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

হামলা পরিকল্পনার অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশী গ্রেফতার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হামলা পরিকল্পনার অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশী গ্রেফতার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 নিউ ইয়র্কে কেন্দ্রীয় ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম কাজী মোহাম্মদ রেজোয়ানুল আহসান নাফিস(২১)।

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) বুধবার তাকে গ্রেফতার করে।


আমেরিকা কর্তৃপক্ষ বলছে, নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ভবনের সামনে থেকে গ্রেফতার হওয়া কাজি নাফিস নামে ওই বাংলাদেশী তরুণ সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যেই আমেরিকায় গিয়েছেন।

আমেরিকান জাস্টিস ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ থেকে আসা ২১ বছর বয়সী কাজি মোহাম্মদ নাফিস এ বছরের জানুয়ারি মাসে আমেরিকায় যান এবং এ ধরনের হামলায় তাকে সাহায্য করার জন্য অনেকের সাথে যোগাযোগ শুরু করেন।

এফবিআইর কৌশুলিরা বলছেন, নাফিস যোগাযোগ করেছিলেন এমনই একজন পরে এফবিআইর সোর্স হিসেবে কাজ করে এবং তাদের তথ্য সরবরাহ করে।

এরপর থেকে তাকে পর্যবক্ষেণে রাখা হয় এবং ছদ্মপরিচয়ে এফবিআইর একজন এজেন্ট বোমা বিক্রির নাম করে তার কাছে একেকটি পঞ্চাশ পাউন্ড ওজনের কুড়িটি ব্যাগ বিক্রি করে যেগুলোতে আসলে কোনো বিস্ফোরক নয়, বোমা সদৃশ কিছু বস্তু ছিল মাত্র।

নাফিস সেখানে এক হাজার পাউন্ড ওজনের বোমা রয়েছে বলে মনে করে এবং সেগুলোর সাহায্যে নিউ ইয়র্ক শহরের ফেডারেল রিজার্ভ ভবন বোমা উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেন।

ভবনটির সামনে থেকে তাকে আটকের সময় সে ভ্যানভর্তি সেসব নকল বোমা দিয়ে বিস্ফোরন ঘটানোরও চেষ্টা করেন। কর্মকর্তারা বলছেন, সেখানে বিস্ফোরনের কোনো ভয়ই ছিল না।

এফবিআই বলছে, আটক ব্যক্তির পুরো নাম কাজি মোহাম্মদ রিজওয়ানুল আহসান নাফিস।


তার বিরুদ্ধে নিউ ইয়র্কের একটি আদালতে ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহারের চেষ্টা চালানোর এবং আল কায়েদার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

জঙ্গি সংগঠন আল কায়েদার সাথেও তার সংশ্লিস্ট রয়েছে বলে এফবিআই দাবি করছে।

এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন বলেছেন, তারাও বিষয়টি সংবাদ মাধ্যমে জেনেছেন।

আটক ব্যক্তি বাংলাদেশী কি-না সে বিষয়টি সম্পর্কে বাংলাদেশের দূতাবাস এখনো নিশ্চিত নয় বলেও তিনি জানান।
দূতাবাস বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে বলেও জানান  মোমেন।

বেতন ও উৎসব ভাতা নেই, ঈদ বঞ্চিত শিক্ষকরা

বেতন ও উৎসব ভাতা নেই, ঈদ বঞ্চিত শিক্ষকরা
চলতি মাসের বেতন ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা না পেয়ে ঈদ আনন্দ থেকে শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচী পালন কালে এ অভিযোগ করেন তিনি।

সেলিম ভূঁইয়া বলেন, ‘‘অক্টোবর মাসের বেতনের সরকারি অংশ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা না পেয়ে শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। এক শ্রেনীর ব্যবসায়ী ও সুবিধাভোগী রাজনীতিবিদ, মন্ত্রীরা দেশের সম্পদ লুট করছেন, অথচ বেসরকারি শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। সরকারের এদিকে কোন নজর নেই। তারা মুখে মুখে শিক্ষকদের সম্মানের কথা বলে অন্যদিকে শিক্ষকদের লাঠিপেটা করে।’’

সেলিম ভূঁইয়া বলেন, ‘‘সরকার ÿমতায় গিয়ে পৌনে ৪ বছরে শিক্ষকদের দেয়া ওয়াদা পূরণে বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিশ্চয়তা না থাকায় মেধাবীরা এই পেশায় আসতে চায় না।’’

তিনি বলেন, ‘‘গত ২৭ আগস্ট কিছু অশিক্ষক নেতার যোগসাজগে শিক্ষক স্বার্থবিরোধী প্রজ্ঞাপন জারি করেছেন। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল না হলে চাকুরী জাতীয়করণের এক দফা আন্দোলনে সরকারের ভাবমূর্তি শিক্ষক সমাজে ক্ষুন্ন হবে।’’

এসময় তিনি আগামী নভেম্বর মাসে কালোব্যাজ ধারণ করে জেএসসি ও বার্ষিক পরীক্ষা পরিচালনা এবং ১০ ডিসেম্বর শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচীতে যোগ দিতে সকল শিÿকদের প্রতি আহবান জানান তিনি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির মহাসচিব মো, জাকির হোসেন, কেন্দ্রীয় নেতা বাবু অজিত কুমার সরকার, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল প্রমুখ।

পদ্মা সেতু: বিশ্বব্যাংকের দ্বিতীয় দল আসছে নভেম্বরে

পদ্মা সেতু: বিশ্বব্যাংকের দ্বিতীয় দল আসছে নভেম্বরে
 পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দ্বিতীয় প্রতিনিধিদল আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ সাংবাদিকদের একথা জানান।

সম্প্রতি বিশ্বব্যাংক ও আইএমএফের সাধারণ সভায় যোগ দেন অর্থমন্ত্রী, ইআরডি সচিবসহ বাংলাদেশের একটি প্রতিনিধিদল। সভা শেষে গত মঙ্গলবার অর্থমন্ত্রী ও বুধাবর ইআরডি সচিব দেশে ফেরেন।

ইকবাল মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জাপানে বিশ্বব্যাংক ও আইএমএফের সাধারণ সভার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিদলটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) সঙ্গে বৈঠক করেছে। সেখানেও আমাদের দাবি ছিল, তদন্ত ও সেতু বাস্তবায়নের প্রক্রিয়া একসঙ্গে চলবে। তারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। তাদের সকলের সঙ্গে কথা বলে যা মনে হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই তারা (বিশ্বব্যাংকের দ্বিতীয় দল) ঢাকায় আসবে।

অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার অবৈধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট.

অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার অবৈধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট.
 সরকারি অনুমোদন নেই, এমন আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছে সরকার। এক সরকারি তথ্য বিবরণীতে বৃহস্পতিবার এ আহবান জানানো হয়।

তথ্য বিবরনীতে বলা হয়, উচ্চ আদালতের রায়ে অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাট অবৈধ ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত বছরের ৮ জুন অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার অবৈধ ঘোষণা করে রায় দেয়।

উচ্চ আদালতের এ নির্দেশনা অনুযায়ী প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে এ ধরণের অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন এবং মাটি ভরাট সংক্রান্ত প্রচার বা প্রচারণা না করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিছু বেসরকারি আবাসন কোম্পানি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তাদের বিভিন্ন আবাসন প্রকল্পের প্লট বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করছে। তারা তাদের এসব প্রকল্পের প্লট বিক্রিও করছে।

এ ধরণের বিজ্ঞাপন প্রচার এবং প্লট বিক্রির জন্য অবৈধভাবে মাটি ভরাট বন্ধে উচ্চ আদালতে একটি রিটের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম থাকছে না: সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম থাকছে না: সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবেনা। স্থানীয় সরকারের অধীনের নির্বাচনগুলোতে আমরা ইভিএম ব্যবহার করব। বর্তমান আইনে তাই উল্লেখ রয়েছে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে বিদ্যমান আইন পরিবর্তন করতে হবে। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার সময় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে একজন নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচনে আংশিক পরিমাণে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন। এর জন্য প্রয়োজনে নির্বাচনের ছয় মাস আগে আইন করবেন বলেও সেই কমিশনার জানান। সে কমিশনারের বক্তব্য সম্পর্কে সিইসি বলেন, ‘‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আমি বলিনি। আমাদের সিদ্ধান্ত হয়েছে সিটি করপোরেশন ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে ব্যবহারের বিষয়ে। ভবিষ্যতে আমরা উপজেলা পর্যায়েও এ প্রযুক্তি ব্যবহার করব।’’ সিইসি বলেন, ‘‘আসন সীমানা পুনর্নিধারণ সকলের বিষয়। এ বিষয়ে সংলাপে আমরা সব দলকে আমন্ত্রণ জানাবো। আমরা আশা করি সব দল এ সংলাপে যোগ দেবে। সংলাপে যোগ দিলে বিএনপিরই লাভ।’’ তিনি বলেন, ‘‘ঈদের আগেতো আর সময় নেই । ঈদের পরেই ইসি সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। আমরা সময় নিয়ে দলগুলো দাওয়াত দিতে চাই। কারণ বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্ব সহকারে তাদের কথাও শুনতে চাই।’’ তবে ঈদের পর কখন এ সংলাপ বসবে তিনি তার নির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন। দলগুলো সংলাপে অংশ নিয়ে কমিশনকে ভাল পরামর্শ দিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংলাপের মূল এজেন্ডা আসন সীমানা পুনর্নিধারণ হলেও কেউ চাইলে অন্য বিষয়েও মতামত দিতে পারবেন বলেও জানান রকিবউদ্দিন আহমদ। একই বিষয় নিয়ে ইতোমধ্যে ইসি সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ করেছেন। এ সংলাপ সম্পর্কে তিনি বলেন, ‘‘সংলাপে অংশ নেয়া কেউ যদি পরবর্তীতেও আমাদেরকে কোন বিষয়ে মতামত জানাতে চান, তিনি চিঠি দিয়ে বা এসে তার মতামত জানিয়ে দিতে পারবেন।’’ টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচন ও রংপুর সিটি করপোরেশনের নির্বাচন প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

Thursday, October 18, 2012

নারায়ণগঞ্জে ১৮ দল-পুলিশ সংর্ঘষ, আহত ৩০ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জে ১৮ দল-পুলিশ সংর্ঘষ, আহত ৩০ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার নারায়ণগঞ্জ নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির অফিসের সামনে সমাবেশ আহবান করে জেলা ১৮ দলীয় জোট।

কর্মসূচিতে অংশ নিতে বিকালে জেলা ছাত্রশিবিরের একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।

পুলিশ ও শিবিরের সংঘর্ষে ডিআইটি পুলিশ বক্স ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির প্রস্তাবিত সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসসহ পাঁচ নেতাকর্মী গ্রেফতার করেছে।

বিএনপির শহর শাখার সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, বিকেলে নগরের ডিআইটি এলাকায় ১৮ দলের সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।

পরে সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

ওই মুহূর্তে শিবির ও বিএনপির নেতাকর্মীরা শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত পুলিশ বক্স ভাঙচুর ও একটি গাড়ি ভাঙচুর করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, কোনো ধরনের বাধা বা উস্কানি ছাড়াই পুলিশকে লক্ষ্য করে শিবিরের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।  পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে করা হয়।

সংঘর্ষে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নজরুল, কনেস্টবল জাকির, খালেক, মেহেদী, রতনসহ সাত পুলিশ আহত হয়েছে।

উল্লেখ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে জেলা ১৮ দল।   

পরিবেশবান্ধব পর্যটনে ইকো গাইড :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

পরিবেশবান্ধব পর্যটনে ইকো গাইড :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 পরিবেশবান্ধব পর্যটনকে (ইকো ট্যুরিজম) উৎসাহিত করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউএসআইডির আইপ্যাক প্রকল্পের নৈসর্গ নেটওয়ার্ক নামের উপপ্রকল্প বাংলাদেশে কাজ করছে। এ প্রকল্পের অধীনে দেশের ১৯টি পর্যটন এলাকার স্থানীয় যুবকদের বিনামূল্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দিয়ে পর্যটন গাইড (ইকো গাইড) হিসেবে কাজের ক্ষেত্র তৈরি করে দেয়া হবে।
 
 
এ বিষয়ে নৈসর্গ নেটওয়ার্ক প্রকল্পের কমিউনিকেশন এসোসিয়েট শফিউল আদনান খান বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘তিনটি ধাপে যুবকদের প্রশিক্ষণ দেয়া হবে। এগুলো হলো: দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও পরিবেশ পরিচিতি। এতে যুবকেরা সরকারের পর্যটন এলাকাগুলোর গুরুত্ব সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারবেন। কীভাবে দেশী-বিদেশী পর্যটকরা সেসব এলাকায় গিয়ে  এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে ভ্রমণ ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন সে ব্যপারে গাইডরা পর্যটকদের নির্দেশনা দেবেন। পাশাপাশি পর্যটন গাইড হিসেবে কাজ করে আর্থিকভাবেও তারা স্বাবলম্বী হতে পারবেন। অনেকেই এখন এ পেশায় আসতে উৎসাহিত হচ্ছে। 
 
তিনি আরো বলেন, ‘‘পর্যটন অত্যন্ত সম্ভাবনাময় শিল্প। পরিবেশবান্ধব পর্যটন এখন সবার দাবি। বাংলাদেশে এ শিল্পকে পরিকল্পিতভাবে উৎসাহিত করা গেলে যেমন বাংলাদেশের সৌন্দর্য প্রশংসিত হবে, তেমনি বহু মানুষ একে ঘিরে কাজের সুযোগ পাবে।’’
 
শফিউল আদনান খান জানান, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, হবিগজ্ঞের বেমা কেলেংগা বন্য অভয়ারণ্য, সাতছড়ি জাতীয় উদ্যান, কক্সবাজারের টেকনাফ গেম রিজার্ভ ও চট্টগ্রামের চুনতি বন্য অভয়ারণ্যে এরই মধ্যে অত্যন্ত সাফল্যের সঙ্গে ইকো গাইডরা কাজ করছেন।

চট্টগ্রামে বিপুলসংখ্যক ভিওআইপি সরঞ্জাম উদ্ধার :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

চট্টগ্রামে বিপুলসংখ্যক ভিওআইপি সরঞ্জাম উদ্ধার :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 মন্ত্রীর জেহাদ ঘোষণার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অবৈধভাবে ভিওআইপি কাজে ব্যবহৃত কোটি টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
 
বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারি নজু মিয়ার হাট সংলগ্ন এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব-৭ এর একটি দল। তবে ঘটনা স্থল থেকে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার হননি। অবশ্য অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসা স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম-কে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর কমান্ডার নুরুজ্জামান।
 
এ সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির গণমাধ্যম শাখার সহকারী পরিচালক জাকির হোসেন খান বার্তা২৪ ডটনেটকে জানিয়েছেন, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ভিওআইপি কাজে ব্যবহৃত ৫টি চ্যানেল বক্স, ২টি কুইন্টাম, রাউটার, অ্যান্টিনা, ব্যাটারি, ইউপিএস, ৫০০ সিম কার্ড এবং একটি লার্জ স্কেল ভি-স্যাট উদ্ধার রয়েছে। এগুলোর মূল্য কোটি টাকার মতো হবে।
 
উদ্ধার করা সিমগুলো কোনো অপারেটরের সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন কোম্পানির সিম রয়েছে।
অপারেশন সম্পর্কে নরুজ্জামান বার্তা২৪ ডটনেটকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিটিআরসির স্থানীয় কর্মকর্তা কামরুল হাসান ভূঁইয়া-কে সাথে নিয়ে সকাল সাড়ে সাতটার দিকে আমরা অভিযান শুরু করি। এসময় সন্দেহের তালিকায় থাকা নজুমিয়ার হাটের একটি বাসায় গিয়ে সেখানে কাউকে না পেয়ে তালা ভেঙে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করি। এসময় একটি তার অনুসরণ করে পাশের টেক কম্পিউটার মার্কেটের ৫তলা ভবনের ছাদ থেকে লার্জ স্কেলের ভিস্যাট উদ্ধার করা হয়।

চিটাগং: বাঙালির স্বদেশভাবনার ছবি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

চিটাগং: বাঙালির স্বদেশভাবনার ছবি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

১৯৩০ সালের চট্টগ্রাম যুব বিদ্রোহ নিয়ে পরিচালক বেদব্রত পাইনের প্রথম ছবি ‘চিটাগং’৷ বাংলার সশস্ত্র আন্দোলনের এই সেলুলয়েড ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে চলচ্চিত্রমহলে৷
ড. বেদব্রত পাইন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির কৃতী ছাত্র৷ দীর্ঘ ১৫ বছর চাকরি করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সিনিয়র সায়েন্টিস্ট পদে৷ ৮৭টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি-উদ্ভাবনের কৃতিত্ব এবং পেটেন্ট রয়েছে তার দখলে৷ এমন বিদ্বান এবং কৃতী একজন মানুষ যখন সিনেমা বানাবেন বলে চাকরি ছেড়ে দেন, তখন তার কাছে বাড়তি প্রত্যাশা তো থাকবেই৷
কিন্তু হঠাৎ কেন চট্টগ্রাম যুব বিদ্রোহের কাহিনী? বেদব্রত জানালেন, দিল্লির এক ঐতিহাসিক বন্ধুর কাছে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম বলতে তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, প্রীতিলতা কে? তখনই তার প্রথম মনে হয়, বাঙালি বিপ্লবীদের কথা বলা দরকার৷
দিল্লির ইতিহাসবিদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে চিনতে না পারলেও চট্টগ্রামে গিয়ে প্রীতিলতা সম্পর্কে অনেক তথ্য, চট্টগ্রামের সশস্ত্র সংগ্রাম সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের বিবরণ পেয়ে যান বেদব্রত৷ এবং তার মনে হয়, শুধু ওই লড়াই নয়, মাস্টারদা সূর্যসেনের আদর্শ সম্পর্কেও পৃথিবীর জানা দরকার৷
২০০৮ সালে কলকাতার হাসপাতালে মৃত্যুশয্যায় শুয়ে বিপ্লবী সুবোধ রায় অনেক জরুরি খুঁটিনাটি জানিয়েছিলেন বেদব্রতকে, যা ইতিহাসেরও অজানা ছিল৷ সুবোধ ওরফে ঝুঙ্কু ছিলেন মাস্টারদার শিষ্য, চট্টগ্রামের ধলঘাট সংঘর্ষে মাস্টারদার কিশোর বাহিনীর অন্যতম সৈনিক৷ ‘চিটাগং' ছবিতে এই ঝুঙ্কুর চোখ দিয়েই সমস্ত ঘটনা বলেছেন বেদব্রত৷ সেটাও অত্যন্ত আবেগহীন, নাটকীয়তাবর্জিত ভঙ্গিতে৷
 
এ প্রসঙ্গে বেদব্রতর বক্তব্য, বাঙালিদের মধ্যে, আরও অনেকের মধ্যেই মেলোড্রামা খুব প্রিয়৷ কিন্তু হাউমাউ করে কাঁদলেও অনেক সময় দুঃখটা প্রকাশ করা যায় না৷ চিটাগং এমন একটা গল্প বলে, যেটা একটু শান্ত ভঙ্গিতে বলা উচিত ছিল বলে তার মনে হয়েছে, যাতে বক্তব্যটা মানুষের মনের ভেতর পর্যন্ত যায়৷
গোটা ছবিতেই মূল ইতিহাসের অনুসারী বেদব্রত, একটি ঘটনা বাদে৷ ইতিহাস বলে, সূর্যসেন গ্রেপ্তার হওয়ার পর প্রচণ্ড অত্যাচার করে তাকে মেরে ফেলেছিল ব্রিটিশ পুলিশ৷ তারপর তার মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়েছিল৷ কিন্তু চিটাগং ছবিতে সূর্যসেন নিজেই এগিয়ে যান ফাঁসির মঞ্চের দিকে৷
মাস্টারদা জানতেন যে ধরা পড়ার পর তার উপর পাশবিক অত্যাচার হবে৷ সেটাই হয়েছিল এবং তিনি মারা গিয়েছিলেন৷ কিন্তু সেই অত্যাচার এবং মৃত্যুবরণ নয়, বেদব্রত বড় করে দেখাতে চেয়েছেন মাস্টারদার আদর্শ এবং লড়াইকে৷ হারের নয়, জয়ের ছবি তুলে ধরতে চেয়েছেন তিনি৷
বেদব্রত পাইনের চিটাগং উসকে দিয়েছে বাঙালির স্বদেশভাবনাকে৷ মনে করিয়ে দিয়েছে, ভারতের স্বাধীনতার আন্দোলনে বাঙালির অবদানের কথা৷ সূত্র: ডয়েচে ভেলে

কারিনা এখন মিসেস খান :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

কারিনা এখন মিসেস খান :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

 বলিউডের অন্যতম ‘বিগ ফ্যাট’ বিয়ে তো বটেই!  ঐশ্বর্যা-অভিষেকের বিয়ের পর এত হইচই, এত জল্পনা আর কোনো বিয়ে নিয়ে হয়নি। সইফ দোজবর হয়েই অনেককে টেক্কা দিলেন! মঙ্গলবার বান্দ্রার বাড়িতে রেজিস্ট্রারি হয়ে যাওয়ার পরে করিনা কাপুরও পটৌডি পরিবারের ছোটি বেগম হলেন!

সাইফ-অমৃতার বিয়ে যখন হয়েছিল, তখন সাইফ শুধু পটৌড-শর্মিলার ছেলে বলেই খ্যাত। নিজে তেমন কিছু করে উঠতে পারেননি তখনো। অমৃতা নায়িকা হলেও পয়লা সারির ছিলেন না কোনো দিনই। সেই তুলনায় আজকের সাইফ-কারিনা বিয়ে কিন্তু তাদের নিজেদের ওজনেই অনেক বেশি হেভিওয়েট!

মঙ্গলবার সকালেই সাইফ-কারিনার রেজিস্ট্রি হলো। সাক্ষী হিসেবে থাকলেন শর্মিলা ঠাকুর, রণধীর কাপূর আর ববিতা। উপস্থিত ছিলেন করিশমাও। সইফ সই করেছেন ছোটবেলার নাম, ‘সাজিদ আলি খান’ হিসেবে। বয়স, ৪২। করিনার বয়স লেখা আছে, ৩১। তবে রেজিস্ট্রি নোটিস দেয়ার পরেই তার জন্মদিন ছিল। ফলে এমনিতে তিনি এখন ৩২। রাতে তাজে রিসেপশন ছিল। আর সেখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। এসেছিলেন শশী কাপূর, রতন টাটা। রণবীর কপূর, সুভাষ ঘাই, প্রীতি জিন্টা, সকন্যা অনিল কাপূর, শাহরুখের স্ত্রী গৌরীও তাড়াতাড়িই চলে এসেছিলেন।

সদ্য শেষ হয়েছে রেজিস্ট্রি। তার পরেই জনসমক্ষে। তবে রেজিস্ট্রির দিনে সবচেয়ে বড় চমকটা আসে করিনার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপূরের কাছ থেকে। রীতিমতো আনুষ্ঠানিকভাবে সাইফিনা এবং তাদের পরিবারকে নিজের তরফে শুভেচ্ছা জানালেন তিনি।
 
বললেন, “ববিতা আন্টি আর রণধীর আঙ্কলকে অনেক দিন ধরে চিনি। মেয়ের বিয়ে একটা বিশাল ব্যাপার। কারিনা আর সাইফ, দু’জনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, বিয়ের পরেও অভিনয়টা চালিয়ে যাবে কারিনা। এই মুহূর্তে ও ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী।”
 
বিয়েতে তিনি কি আমন্ত্রিত? এই প্রশ্নটা পাশ কাটিয়ে গিয়েছেন শাহিদ। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান।

সাইফ-কারিনা রেজিস্ট্রি বিয়ে চেয়েছিলেন। সেই মোতাবেক বিয়ে মিটেও গেল। বাকি থাকল নিকাহ। তার পরই ‘গ্র্যান্ড রিসেপশন’ বা দাওয়াত-এ-ওয়ালিমা। ১৮ অক্টোবরের সেই রাজকীয় আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন শর্মিলা। আমন্ত্রণ জানাতে গিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছেও। শর্মিলার নিজের বিয়েতে হাজির ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেন। কিন্তু শর্মিলার ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না প্রণব। সে দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তার অন্য কর্মসূচি রয়েছে। তবে ১৮ তারিখ প্রণববাবুর শুভেচ্ছা-বার্তা পৌঁছে দিয়ে যাবেন তার এডিসি।
 
তবে প্রথম সারির অনেক কংগ্রেস নেতাই ও দিন থাকবেন বলে আশা করা হচ্ছে। শর্মিলার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক বরাবরই ভালো। সম্পর্ক ভালো খোদ সোনিয়া গান্ধীর সঙ্গে। যদিও দেশীয় রাজাদের অনুদান ব্যবস্থা (প্রিভি পার্স) ভেঙে দেয়ার বিরুদ্ধে নিজের অসন্তোষ গোপন রাখেননি মনসুর আলি খান। কংগ্রেসের বিরুদ্ধে ভোটেও দাঁড়িয়েছিলেন, জিততে পারেননি।
 
সম্পর্ক আরো খারাপের দিকে যায়, যখন দুপ্লে রোডের বাসভবন নিয়ে বিতর্কে সরকারি সম্পত্তি ব্যবহারের অভিযোগে মনসুরের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়। অরুণ জেটলি তখন মনসুরের হয়ে মামলা লড়ার আগ্রহ দেখিয়েছিলেন। শেষমেশ পটৌডি দম্পতি নিজেদের অধিকার নিয়ে আর লড়েননি।
 
দিল্লির বসন্ত বিহারের বাড়িতেই থাকতে শুরু করেন ওরা। কিন্তু এত কিছুর মধ্যেও শর্মিলা কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কই বজায় রেখে গিয়েছেন। সেন্সর বোর্ডের প্রধানও হয়েছিলেন তিনি।
বিয়ের অনুষ্ঠান মিটে গেলেই শর্মিলা চলে যাবেন বিলেতের বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক ডক্টরেট নিতে। পরিচালক সঙ্গীতা দত্ত শর্মিলা আর সোহাকে নিয়ে ‘লাইফ গোজ অন’ বলে একটি ছবি বানিয়েছিলেন। সেই সঙ্গীতার সঙ্গে একটি কথোপকথন-অনুষ্ঠানেও যোগ দেবেন শর্মিলা। সঙ্গীতা সেই দিকেই তাকিয়ে আছেন। “শর্মিলাজি এত ডিসিপ্লিনড, সেটাই হয়তো ওর সিক্রেট। দেখছেন তো, কেমন একা হাতে বিয়ের ব্যাপারটা সামলাচ্ছেন তিনি।” সূত্র: ওয়েবসাইট

রাতের কাজে ক্যানসারের ঝুঁকি! :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

রাতের কাজে ক্যানসারের ঝুঁকি! :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
  মানুষের কাজের পরিধি ও ব্যস্ততা বেড়ে যাওয়ায় রাত জাগার হার বাড়ছে। আবার কাজের ধরনের কারণে অনেককে অনবরত রাত জাগতে হয়। এ ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সবাইকে সতর্ক করে আসছেন।
 
কিন্তু কানাডায় পরিচালিত এক গবেষণা আমাদের অবশ্যই নতুন করে ভাবতে বাধ্য করবে। গবেষণায় জানা গেছে, যারা রাতের পালায় কাজ করেন, তাদের বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।

পুরুষের রাত জেগে কাজ করার সঙ্গে ফুসফুস, মূত্রাশয়, প্রোস্টেট (মূত্রথলি সংলগ্ন গ্রন্থি), মলনালি ও অগ্ন্যাশয়ে ক্যানসারের সম্পর্ক কী তা জানতে আইএনআরএস ইনস্টিটিউট আরমানদ-ফ্র্যাপিয়ার এ গবেষণা চালায়।
 
অধ্যাপক ম্যারি ইলিস প্যারেন্ট বলেন, ঘুমের সময় মেলাটোনিন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। রাতে আলোকিত স্থানে থাকলে এ হরমোন নিঃসরণ ব্যাহত হয়। এতে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে। এ হরমোনের অভাব থাকলে দেহে টিউমার হতে পারে।
 
আমেরিকান জার্নাল অব ইপিডেমিওলজিতে এ-সংক্রান্ত নিবন্ধ ছাপা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এক ঘণ্টা টিভি দেখায় আয়ু কমে ২২ মিনিট :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

এক ঘণ্টা টিভি দেখায় আয়ু কমে ২২ মিনিট :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 সোফায় আরাম করে বসে বা বিছানায় গা এলিয়ে দিয়ে নিশ্চিন্তে যারা নিয়মিত টেলিভিশনের অনুষ্ঠান দেখেন, তারা সাবধান। তাদের জন্য রীতিমতো আঁৎকে ওঠার সংবাদ দিয়েছেন বিজ্ঞানীরা।
 
অবিশ্বাস্য হলেও সত্যি, অস্ট্রেলিয়ার গবেষকরা প্রমাণ পেয়েছেন, ২৫ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি যদি কেবল এক ঘণ্টা টিভির সামনে বসে থাকেন, তার আয়ু ২২ মিনিট কমে যাবে।
 
যিনি একেবারেই টেলিভিশন দেখেন না, তার সঙ্গে তুলনামূলক বিচারের পর এ ফল ঘোষণা করা হয়। প্রতিদিন যারা গড়ে ৬ ঘণ্টা টিভি দেখেন, তাদের স্বাভাবিক আয়ুর ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে। এ হিসেবে একজন মানুষের মোট আয়ু থেকে গড়ে খসে পড়বে চার বছর আট মাস।
 
গবেষণায় দেখা গেছে, টেলিভিশনের প্রতি আসক্তি শারীরিক অক্ষমতা, ধূমপান ও স্থূলতার মতোই মারাত্মক। অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপরও একটি জরিপ চালানো হয়। তাতে দেখা যায়, অধিকাংশ নাগরিকই রীতিমতো টিভি দেখায় আসক্ত।
 
২০০৮ সালে পরিচালিত এক জরিপের তথ্যানুযায়ী, ২৫ বছর ও তার বেশি বয়সী অস্ট্রেলীয় নাগরিকরা শুধু সে বছরই মোট ৯৮০ কোটি ঘণ্টা টিভি দেখেছেন।
 
সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত প্রায় একই ধরনের জরিপের তথ্যমতে, সাধারণভাবে একজন মার্কিন নাগরিক সপ্তাহে গড়ে সাড়ে ৩৫ ঘণ্টা টিভি দেখে সময় কাটান। সময় থাকতেই তাই সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জীবনটাকে সত্যিই ভালোবেসে থাকলে, টিভির মায়া ত্যাগ করাই সর্বোত্তম। আর দেখলেও প্রথমে হিসাব কষে নিতে পারেন জীবন থেকে কতো বছর আয়ু খসাতে আপনার কোনো আপত্তি নেই। সূত্র: হিন্দুস্তান টাইমস

শক্তিশালী গণগ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

শক্তিশালী গণগ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশে শক্তিশালী গণগ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে।

তিনি বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্রন্থাগার পেশাজীবীদের দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেন, “আমরা সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশনের মাধ্যমে জাতীয় গ্রন্থাগার আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি। এতে গবেষণা সহজ হবে এবং পেশাদারিত্বের মানোন্নয়ন ঘটবে।”

বাংলাদেশ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।

অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি কাজী আব্দুল মাজেদ, মহাসচিব ড. মিজানুর রহমান এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক নাফিজ জামান শুভ বক্তৃতা করেন।

শেখ হাসিনা জ্ঞানচর্চার কেন্দ্রে হিসেবে দেশব্যাপী গ্রন্থাগারের সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখার জন্য সমাজের সম্পদশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “আপনাদের অর্জিত অর্থের একটি অংশ এলক্ষ্যে বিনিয়োগ করে বাংলাদেশকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করার সরকারি উদ্যোগে সহযোগিতা করুন।”

তিনি বলেন, তার সরকার দেশের গ্রন্থাগারগুলোর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রন্থাগারগুলো ডিজিটাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে জ্ঞানপিপাসুরা আরো সহজে তাদের পাঠচাহিদা মেটাতে পারবেন। এছাড়া গ্রন্থাগারের অবকাঠামোর ব্যাপক উন্নয়নের পাশাপাশি সরকারি গণগ্রন্থাগারগুলোর নিজস্ব ভবন এবং ৪৫টি জেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায় পর্যন্ত গণগ্রন্থাগার স্থাপনের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আধুনিকায়ন করা হচ্ছে। এখানে পাঠকরা অনলাইন সার্ভিসের সুবিধা পাবেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের তথ্যসেবা প্রদানে ব্লাইন্ড সেন্টার খোলা হয়েছে। একটি ডিজিটাল ডিপোজিটোরি তৈরির কাজও এগিয়ে চলছে। এসঙ্গে দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ হাজার সহকারী লাইব্রিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের প্রণীত আধুনিক ও যুগোপযোগী শিক্ষানীতিতে গ্রন্থাগার ব্যবস্থার উন্নয়নের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলার ওপর গুরত্বারোপ করা হয়েছে। সূত্র: বাসস