Pages

Thursday, October 4, 2012

বৌদ্ধদের ওপর হামলা বিচার দাবি অ্যামনেস্টির :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বৌদ্ধদের ওপর হামলা বিচার দাবি অ্যামনেস্টির :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে বৌদ্ধদের ওপর হামলাকারীদের বিচার এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, যে মাত্রায় সংখ্যালঘুদের ওপর এই হামলা চালানো হয়েছে, তাতে বাংলাদেশের মুসলিম এবং অমুসলিম সবাই স্তম্ভিত। বাংলাদেশের কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে এরকম ঘটনা যেন আর না ঘটে।

এরকম ঘটনা ঘটতে পারে বলে আগাম খবর পেয়েও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে যে কথা বলা হচ্ছে, তাও তদন্তের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

চট্টগ্রামে পুলিশের একজন ডিআইজি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তব্যে অবহেলা করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া সেখানে এ পর্যন্ত তিনশ লোককে গ্রেফতার করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, যারা ঘটনার সঙ্গে জড়িত বলে চিহ্নিত হবে, তাদের অবশ্যই ন্যায় বিচারের আন্তর্জাতিক মান অনুযায়ী বিচারের মুখোমুখি করতে হবে।

এছাড়া যারা এই হামলার শিকার হয়েছেন, তাদের আশ্রয় এবং ঘরবাড়ি পুনঃর্নিমাণে সহায়তা দেয়ারও দাবি জানিয়েছে অ্যামনেস্টি।

রামুতে বিএনপির প্রতিনিধিদল
এদিকে প্রধান বিরোধী দল বিএনপির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রামু গেছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মওদুদ আহমেদ।

বিএনপি নেতারা সেখান ক্ষতিগ্রস্ত বৌদ্ধগ্রামগুলো পরিদর্শন করবেন। সূত্র: বিবিসি

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে সোমবার আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর বৃহস্পতিবার বিকেলে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডুকে ফোন করে এ তথ্য জানিয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ডু বার্তা২৪ ডটনেটনেকে বলেন, ‘‘প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে, সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষক নেতাদের সঙ্গে বসতে চেয়েছেন।’’
 
প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে তারা আপাতত সব ধরনের কর্মসূচি স্থগিত করেছেন বলেও জানান তিনি।

এর আগে সকালে শিক্ষকরা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে মিছিল নিয়ে জাতীয় ঈদগাহ মাঠের সামনের কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড  ভেঙ্গে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ডুসহ বেশ কজন শিক্ষক আহত হন।

প্রসঙ্গত, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে ১ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছে শিক্ষকরা।  এর আগে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেও কোনো আশ্বাস মেলেনি। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর শিক্ষকরা শিক্ষাসচিবের সঙ্গে বসলে তিনিও সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাতে পারেননি। তাই শিক্ষকরা তাদের দাবি বাস্তবায়নে এবার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন। বুধবার শিক্ষক নেতাদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে  স্মারকলিপিও দিয়েছিলেন।

হলমার্ক এমডিসহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক এমডিসহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক  তানভীর আহমেদসহ ছয়জন এবং সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার ২১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

দুদকের জ্যেষ্ঠ উপ পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে দুদকের ৬ কর্মকর্তা বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় মামলাগুলো দায়ের করেন।

১১টি মামলার মধ্যে শিবলী একটি মামলার বাদী। এছাড়া দুদকের উপ পরিচালক আক্তার হামিদ, সহকারী পরিচালক মুজিবুর রহমান, সহকারী পরিচালক মশিউর রহমান, সহকারী পরিচালক নাজমুস সাদাত ও উপ সহকারী পরিচালক জয়নাল আবেদীন দুটি করে মামলা দায়ের করেন।

হলমার্ক গ্রুপের নেয়া দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকার মধ্যে (ফান্ডেড) প্রায় দেড় হাজার  কোটি টাকা জালজালিয়াতির মাধ্যমে  আত্মসাতের অভিযোগে এসব মামলা করেছে দুদক।

দুদকের মামলায় আসামিরা হলেন-

হলমার্ক গ্রুপের ছয়জন
হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন নাহার, জি এম (কমার্শিয়াল) তুষার  আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, স্বতাধিকারী আনোয়ারা স্পিনিং মিলস, মীর জাকারিয়া, স্বাতবাধীকারী ম্যাক্র্ স্পিনিং মিলস, মো. জিয়াউর রহমান, স্বত্বাধিকার সেঞ্চুরী ইন্টারন্যাশনাল, মো. শহীদুল ইসলাম স্বত্বাধীকারী এ্যাপারেল এন্টারপ্রাইজ।

সোনালী ব্যাংকের  ২১ কর্মকর্তা হলেন-
সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখার সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমান, এজিএম মো. সাইফুল হাসান (সাময়িক বরখাস্ত), এক্সিকিউটিভ অফিসার, মো আব্দুল মতিন (সাময়িক বরখাস্ত), ধানমন্ডি শাখার এসইও মেহেরুন নেসা মেরি, অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মো. ওয়াহেদু জামান।

জিএম অফিস, প্রধান কার্যালয়ের আইটিএফডি, অডিট ও ইন্সপেকশন-২, সিএডি, টিএমডি বিভাগের কর্মকর্তারা হলেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হুমায়ন কবির, ডিএমডি (সাময়িক বরখাস্ত) মো. মইনুল হক, ডিএমডি (সাময়িক বরখাস্ত) মো. আতিকুর রহমান, জিএম আ.ন.ম. মো. মাসরুরুল হুদা, জিএম (সাময়িক বরখাস্ত) ননী গোপাল নাথ, জিএম (সাময়িক বরখাস্ত) মীর মহিদুল রহমান, ডিজিএম (সাময়িক বরখাস্ত) শেখ আলতাফ হোসেন, ডিজিএম (সাময়িক বরখাস্ত) ভগবতী মজুমদার, সাবেক জিএম সবিতা সিরাজ, ডিজিএম (সাময়িক বরখাস্ত) মো. সফিজউদ্দিন আহম্মেদ, ডিজিএম কানিজ ফাতেমা, এজিএম (সাময়িক বরখাস্ত) মো. কামরুল হোসেন খান, এজিএম (সাময়িক বরখাস্ত) আশরাফ আলী পাটোয়ারী, এজিএম মো. আবুল হাসান, এজিএম, মো. খুরশিদ আলম।

কুড়িগ্রামে পৃথক বজ্রপাতে নিহত ২, আহত ৬ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

কুড়িগ্রামে পৃথক বজ্রপাতে নিহত ২, আহত ৬ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। বুধবার রাত আটটার দিকে এ বজ্রপাতের ঘটনা দুটি ঘটে।

রাতে উপজেলার পশ্চিম রায়গঞ্জ গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রিকসাচালক নজরুল ইসলাম (৩০) এবং আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন (১০) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

প্রায় একই সময়ে উপজেলার চরবেরুবাড়ি গ্রামের বজ্রপাত হয়। এতে রোজিনা (১০), সাপখাওয়া চৌধুরীটারী গ্রামের ছাকিনা বেগম (৬০), কুটি নাওডাঙ্গা গ্রামের কহিনুর (১৮), গোপালপুর গ্রামের সাবানা (১৩), নেওয়াশী গ্রামের হাসানুল (১৫) বল্লভপুর গ্রামের ছামিনা বেগম (৪৫) আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
  নেত্রকোনায় বিএনপি নেতা মির্জা আববাসের গাড়ি বহরে হামলার প্রতিবাদে মঙ্গলবার নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের হামলা, অঙ্গ সংগঠনগুলোর নেতাদের নামে মিথ্যা মামলা এবং যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রায় শতাধিত নেতাকর্মীর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

৮ অক্টোবর সোমবার ঢাকাসহ সারাদেশের সকল মহানগর ও জেলা গুলোতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

উল্লেখ্য, মঙ্গলবার নেত্রকোনায় মির্জা আববাসের গাড়ি বহরে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল চলাকালে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দুটি মামলা করেছে পুলিশ। এতে অর্ধশতাধিক নামে এবং অজ্ঞাতনামা প্রায় আড়াই হাজার লোককে আসামি করা হয়েছে।

কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এ সময় ১০ অক্টোবর ১৮ দলের সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও ১৭ অক্টোবরের গণমিছিল হবে এবং ৬ অক্টোবর হবিগঞ্জে খালেদা জিয়া জনসভাও অনুষ্ঠিত হবে। বরিশালে ৯ অক্টোবরের পরিবর্তে ১৪ নভেম্বর খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হবে বলেও জানান ফখরুল।

তিনি অভিযোগ করে বলেন, ‘‘মঙ্গলবার নেত্রকোনায় ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা মির্জা আববাসের গাড়ি বহরে হামলা করে। এর প্রতিবাদে নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল চলাকালে সরকারের মদদপুষ্ঠ লোকেরা গাড়িতে অগ্নিসংযোগ করে ও ভাঙচুর চালায়।’’

কিন্তু পুলিশ অতর্কিত বিক্ষোভ মিছিলে টিয়ারশেল ও লাঠিচার্জ করে মিছিল  পণ্ড করে দেয়। এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় এবং গতকালই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘পুলিশ ইতিমধ্যে নেতাকর্মীদের নামে তিনটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়েছে।’’

পুলিশ এখনো কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

অবিলম্বে এসব মামলা প্রত্যাহার, আটককৃতদের মুক্তি ও আহতদের সুচিকিৎসার দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে অন্যান্যের উপস্থিত ছিলেন সাদেক হোসেন খোকা, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সংসদ সদস্য অ্যা্ডভোকেট আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবু, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল।

Wednesday, October 3, 2012

কার্যালয়ে অবরুদ্ধ নির্ঘুম রাত কাটালেন বিএনপি নেতারা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

কার্যালয়ে অবরুদ্ধ নির্ঘুম রাত কাটালেন বিএনপি নেতারা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ নির্ঘুম রাত কাটালেন বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়ে।

আগে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্ট-ধাওয়ার পরে পরিস্থিতি শান্ত হলে আটকে পড়া নেতাকর্মীরা বের হতে পারলেও মঙ্গলবার সংঘর্ষের পরে পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে গ্রেফতার আতঙ্কে বের হতে পারেন নি তারা। যারা বের হয়েছেন তাদের সবাইকেই গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (দফতরের দায়িত্ব প্রাপ্ত) বার্তা২৪ ডটনেটকে অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘‘কি করব ভাই। কালকে বিকেলে পরে নেতাকর্মীদের নিয়ে যে কার্যালয়ে ঢুকেছি, এখনো এখানেই আছি। রাতে যারাই বের হয়েছে পুলিশ তাদেরই আটক করেছে।’’

তিনি বলেন, ‘‘সারারাত অবরুদ্ধ অবস্থায় সবাই নির্ঘুম রাত কাটিয়েছি। সকাল থেকেই দুইস্তর বিশিষ্ট পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ কার্যালয় ঘিরে রেখেছে।’’

মঙ্গলবার থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলেও জানান রিজভী।

রুহুল কবির রিজভী ছাড়া বিএনপির সিনিয়র কোনো নেতা কার্যালয়ে অবরুদ্ধ না থাকলেও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবু, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ সকল অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী রয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার নেত্রকোনায় ১৮ দলীয় জোটের সমাবেশে যাওয়ার পথে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আববাসের  গাড়ি বহরে হামলার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ায় দুটি গাড়িতে অগ্নিসংযোগ ও ২০ জনকে গ্রেফতার করে পুলিশ।’’

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট
  সপ্তাহের চর্তুথ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বুধবার ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে ৬৫ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৪৪ কোটি ৮৩ লাখ ৩১ হাজার কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এদিকে বুধবার ডিএসই’র সূচক আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে চার হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে।

এর আগে, আজ ডিএসইতে লেনদেন শুরুর প্রথম দিকে ডিএসই’র সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছিল ২১৪ কোটি টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

বুধবার লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ৮১ টির, কমেছে ১৭৯টির এবং অপরির্বতিত রয়েছে ১৬ কোম্পানির শেয়ার।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

অপরদিকে, বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-যমুনা ওয়েল, ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, ইউসিবিএল, মেঘনা পেট্রোলিয়াম, আরএন স্পিনিং, বেক্সিমকো, গ্রামীণ মি.ফান্ড ২, এইমস ফার্স্ট মি.ফান্ড, ও বিএসসিসিএল।

অন্যদিকে, মঙ্গলবার ডিএসই’র সূচক আগের দিনের চেয়ে ১১৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৭০৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭৯ কোটি ৬০ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

উখিয়া-টেকনাফে রাত্রিকালীন ১৪৪ ধারা বহাল :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

উখিয়া-টেকনাফে রাত্রিকালীন ১৪৪ ধারা বহাল :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
ফেসবুকে কোরআন অবমাননার জের ধরে কক্সবাজারের বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহার ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হলেও উখিয়া-টেকনাফে তা রাতের বেলায় জারি বহাল রয়েছে।

এদিকে এ ঘটনায় রামু উপজেলা থেকে আরো ২০ জনকে আটক করেছে পুলিশ। এনিয়ে আটকের সংখ্যা দাঁড়াল ২০৫ জনে। এছাড়া মঙ্গলবার রাতে চকরিয়া উপজেলার মানিকপুর এলাকায় একটি বৌদ্ধ বিহারে হামলার চেষ্টাকালে তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে কক্সবাজারে সহিংসতার পর পুলিশি অভিযানে আটক নিয়ে নানা ধরণের রহস্যের সৃষ্টি হয়েছে।

জেলা পুলিশ ও বিভিন্ন থানা পুলিশ সহিংস ঘটনায় জড়িত সন্দেহে আটকের সংখ্যা নিয়ে একেক সময় একেক তথ্য দিচ্ছেন।

তবে পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বুধবার সকালে জানিয়েছেন, এ পর্যন্ত ২০৫ জনকেই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় গার্মেন্ট শ্রমিক নিহত :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় গার্মেন্ট শ্রমিক নিহত :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
নারায়ণগঞ্জের আড়াই হাজারে সদর উপজেলার পৌরসভা এলাকায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মো. বাবুল(১৮)। তিনি আড়াইহাজারে গোপালদীর ভাই ভাই স্পিনিং মিলের শ্রমিক।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, বুধবার সকালে ঢাকা থেকে বাঞ্ছারামপুরগামী একটি প্রাইভেট কার বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোকে সজরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই টেম্পো আরোহী গার্মেন্ট শ্রমিক বাবুল মারা যান।

পুলিশ প্রাইভেটকারের চালক আব্দুল বাতেন ও প্রাইভেটকারটি আটক করে। নিহত বাবুল আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দি গ্রামের আব্দুল বারেকের ছেলে। এ ঘটনায় দুপুরে থানায় একটি মামলা রুজু হয়েছে।

সাকিব কাল রাতে দেশ ছাড়বেন :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

সাকিব কাল রাতে দেশ ছাড়বেন :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
 মাত্র ক’দিন হলো টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ শেষে জাতীয় দল দেশে ফিরেছে। সামনে জাতীয় লিগ। তবে এই জমকালো জাতীয় লিগে খেলা হবে না সাকিব আল হাসানের।

আইপিএলে খেলা সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হবার কারণে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে। দক্ষিণ আফ্রিকাতে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে সাকিব আল হাসান কাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

তবে ভারত হয়ে দক্ষিণ আফ্রিকা যাবেন না সাকিব। তিনি নিজেই আজ মিরপুরে এ তথ্য দিলেন। বলেন, সরাসরি দক্ষিণ আফ্রিকা যাব। ভারত হয়ে যাওয়া হবে না। কাল রাত ৯-৩০টায় ফ্লাইট।

ওবামা-রমনি মুখোমুখি বিতর্ক আজ :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

ওবামা-রমনি মুখোমুখি বিতর্ক আজ :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট
 আমেরিকায় আগামী ৬ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি বুধবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন। মার্কিন প্রেসিডন্ট নির্বাচনের আগে দেশের ভোটারদের কাছে অন্যতম আকর্ষণ প্রার্থীদের এই মুখোমুখি বিতর্ক। এর মাধ্যমেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর উপস্থিত বুদ্ধি ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন। কে প্রেসিডেন্ট হলে দেশবাসীকে কি উপহার দেবেন, কিভাবে দেবেন সেই বিতর্ক উপভোগ করেন মার্কিনীরা। একে অন্যের প্রস্তাবিত নীতির সমালোচনা করে পরস্পরকে ঘায়েল করারও সুযোগ পেয়ে যান প্রার্থীরা।

ওবামা ও রমনি মোট তিনটি বিতর্কে মুখোমুখি হবেন। এর প্রথমটি অনুষ্ঠিত হবে বুধবার। এই বিতর্ক উপলক্ষ্যে গত কয়েকদিন নির্বাচনী প্রচারাভিযানে গুরুত্ব কম দিয়ে একে অপরকে মোকাবেলার প্রস্তুতি নেন। কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে ওবামা আর রমনির মধ্যে এই টেলিভিশন বিতর্ক নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ডেনভারে বিতর্ক শেষে দুই প্রার্থীই আবার নির্বাচনী প্রচারাভিযানে ফিরবেন। বিতর্কে রমনি যদি ভালো করতে পারেন তবে দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতে পারে বলে মনে করছেন  বিশ্লেষকরা। বিতর্কের প্রস্তুতি নিতে দুই প্রার্থী কোচেরও পরামর্শ নিচ্ছেন। সূত্র: রয়টার্স ও সিএনএন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট
  জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিতব্য ২০১১ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ৬ অক্টোবরের পরিবর্তে ২০০৯-১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী ২৮ নভেম্বর এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে পূর্বে প্রকাশিত এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

বৈশ্বিক উষ্ণায়নে বিলুপ্ত হচ্ছে মাছ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

বৈশ্বিক উষ্ণায়নে বিলুপ্ত হচ্ছে মাছ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
  বৈশ্বিক উষ্ণায়নের ফলে মাছের প্রজাতির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। আমেরিকার গবেষকরা আশঙ্কা করছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে মাছের প্রজাতির সংখ্যা ২৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।

৬০০ প্রজাতির মাছের ক্ষেত্রে ২০০১ থেকে ২০৫০ সাল পর্যন্ত উষ্ণায়নের প্রভাব সংক্রান্ত একটি মডেল দাঁড় করিয়েছেন গবেষকরা। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) নামের একটি সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে এ মডেল দাঁড় করিয়েছেন গবেষকরা।

এর পরিপ্রেক্ষিতে বৃটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, পানির তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে এর ফলে মাছের দেহের ওজন স্বাভাবিকের তুলনায় কমতে শুরু করে। সমুদ্রের এ উষ্ণতা বৃদ্ধির কারণ হতে পারে অতিরিক্ত গ্রিন হাউজ গ্যাসের নির্গমন। গ্রিন হাউজ গ্যাসের নির্গমন রোধ করতে ব্যর্থ হলে তা সামুদ্রিক প্রাণীর জীবনচক্রে বড় ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলেই গবেষকরা আশঙ্কা করছেন।

এর আগের বিভিন্ন গবেষণায় গবেষকরা জানিয়েছিলেন, সমুদ্রের তাপমাত্রা বেড়ে গেলে তা বিভিন্ন প্রজাতির মাছের খাদ্যচক্র ও প্রজননে প্রভাব ফেলতে পারে। তবে সাম্প্রতিক গবেষণায় গবেষকরা দেখেছেন, খাদ্যচক্র ও প্রজননের পাশাপাশি মাছের শরীর ও ওজনের ক্ষেত্রেও তা প্রভাব ফেলে।
‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকরা জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধিতে মাছের শরীরের ওপর মারাত্মক প্রভাব পড়ে এবং মাছের প্রজাতির সংখ্যা হ্রাস পেতে পারে।

এ প্রসঙ্গে গবেষক উইলিয়াম চেং জানিয়েছেন, পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তাপমাত্রা বেড়ে গেলে অক্সিজেনের মাত্রা কমে যায় যা মাছের প্রজাতি বিলুপ্তির কারণ হতে পারে। সূত্র: বিবিসি

বুয়েট থেকে প্রকৌশলী নেয়ার আগ্রহ গুগলের :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

বুয়েট থেকে প্রকৌশলী নেয়ার আগ্রহ গুগলের :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 প্রযুক্তিতে ব্যক্তিপর্যায়ে সফলতার পর এবার প্রতিষ্ঠানগতভাবেও কদর বেড়েছে বাংলাদেশের। সম্ভাবনাময়ী প্রকৌশলীর খোঁজে সার্চ ইঞ্জিন খ্যাত টেক জায়ান্ট গুগল ইন করপোরেশন নজর দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দিকে।

আগ্রহ প্রকাশ করেছে বুয়েট’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনীয়ারিং (সিএসই) বিভাগ থেকে সরাসরি প্রকৌশলী নিয়োগ করতে।

আরাধ্য প্রকৌশলী নিয়োগ করতে আগামী ৯ অক্টোবর বুয়েট’র সিএসই বিভাগে ইন্টারভিউ নিতে যাচ্ছে গুগল। এই নির্বাচনী পরীক্ষা পরিচালনা করবেন গুগল’র ভারত অফিসের শীর্ষ কর্মকর্তা অশ্বিনী শার্মা।

তিনি জানিয়েছেন, আগামী ৯ অক্টোবর বিকেল সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ইন্টারভিউয়ে উত্তীর্ণ প্রার্থীদের যুক্তরাষ্ট্রে চাকরির জন্য পাঠানো হবে।
জানাগেছে, ইন্টারভিউয়ে অংশ নিতে আগামী ৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দিতে হবে।

ইন্টারভিউয়ে যোগ দিতে বুয়েট’র পঞ্চম এবং তার আগের ব্যাচের ছাত্ররা shaifur.at.buet@gmail.com ঠিকানায় পিডিএফ ফরম্যাটে আবেদন কারীর রিজ্যুম ইমেল করে আবেদন করতে পারবেন। মেইলে পরীক্ষার বিষয় "Application for Google Jobs" লিখতে হবে। রিজ্যুম’র ওপর ভিত্তি করে টেলিফোনে ইন্টারভিউ নেয়া হবে।
আর ষষ্ঠ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের বিভাগীয় অফিসে রক্ষিত খাতায় ছাত্র আইডি, নাম এবং সিজিপিএ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এসময় শেষ টার্মের ফলাফলের ফটোকপি জমা দিতে হবে।

গ্রামীণফোনের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ফের মামলা :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

গ্রামীণফোনের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ফের মামলা :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 ফের মামলায় জড়ালেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী টোরে ইয়ানসেন ও সাবেক প্রধান মানব সম্পদ কর্মকর্তা হারুণ ভাট্টি।

গ্রামীণফোনের এই শীর্ষ দুই কর্মকর্তা ছাড়াও মামলা হয়েছে প্রতিষ্ঠানটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে।

মঙ্গলবার ঢাকার শ্রম আদালত-১ -এর চেয়ারম্যান মিয়া মোহাম্মদ শরীফের (জেলা ও দায়রা জজ) আদালতে বাদী হয়ে মামলা করেছেন গ্রামীণফোনের সেলস অ্যান্ড ডিসট্রিবিউশন বিভাগের কর্মকর্তা ওমর ফারুক।

মামলায় অভিযুক্ত অন্য ৬ কর্মকর্তা হলেন, শরীফুল ইসলাম, তাওহীদ আবদুল্লাহ, নাঈমুজ্জামান, নাসের ফজলে আযম, সাজ্জাদ হাসিব ও আওলাদ হোসেন। এদের মধ্যে প্রথম তিন জন পিএনও এবং শেষ তিনজন সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্মকার্তা।

মমলা বাদীপক্ষের আইনজীবী সেলিম আহসান খান জানান, শ্রম আইনের ১৮৬ ধারার ১ ও ২ উপধারা, ১৯৫ ধারার (ঘ) এবং দ-বিধির ২৯১ ও ৩০৭ ধারা লঙ্ঘনের অভিযোগে গ্রামীণফোনের ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি বলেন, ‘শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালত সমন জারি করেছেন। অভিযুক্তদের আদালতে উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। আদালতে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া জারি হবে।’

প্রসঙ্গত, কর্মী ছাঁটাইয়ে দেশে বিদ্যমান শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ৩০ আগস্ট গ্রামীণফোন প্রধান নির্বাহী টোরে ইয়ানসেন ও সাবেক প্রধান মানব সম্পদ কর্মকর্তা হারুণ ভাট্টির বিরুদ্ধে একই আদালতে মামলা করেন চাকরিচ্যুত কর্মী রাসুলুল আমিন মুরাদ ও আদিবা জেরিন। গত ৩ সেপ্টেম্বর মামলাটি নথিভুক্ত করে অভিযুক্তদেও বিরুদ্ধে সমন জারি করে আদালত। সমন অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় ফের ৩০ অক্টোবর তাদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

কারিনাকে নিয়ে নতুন গুঞ্জন :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

কারিনাকে নিয়ে নতুন গুঞ্জন :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 চলতি মাসেই দীর্ঘদিনের প্রেমিক,  অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর, এটা এখন পুরনো খবর। কাপুর পরিবারের তনয়া কারিনাকে নিয়ে এবার নতুন গুঞ্জন, বিয়ের পরই গর্ভবতী হতে চাইছেন তিনি!

সম্প্রতি পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ‘রাম লীলা’ সিনেমার জন্য গর্ভবতী হওয়ার নিষেধাজ্ঞা মানতে রাজি হননি কারিনা। এখন এর পেছনে কারণ খুঁজতে গিয়ে অনেকেই ভাবছেন, গাঁটছড়া বাঁধার পরপরই সন্তান নেয়ার কথা ভেবে রেখেছেন কারিনা।

পরিচালক বনশালীর সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মতবিরোধ হচ্ছে কারিনার। এর আগে ‘রাম লীলা’তে অভিনয়ের জন্য বানসালি শর্ত দিয়েছিলেন, কারিনার বিয়ের তারিখ পেছাতে হবে। কেননা, তিনি কোনো বিবাহিত অভিনেত্রীকে দিয়ে সিনেমাটিতে অভিনয় করাতে চাননি।

জিএম গরুর দুধ উপকারী :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

জিএম গরুর দুধ উপকারী :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 সাধারণত গরুর দুধে শিশুরা অ্যালার্জি আক্রান্ত হয়। পরিসংখ্যানে দেখা গেছে, এক বছর বয়সী প্রায় ৩ শতাংশ শিশুর গরুর দুধে অ্যালার্জি রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে ল্যাক্টোজ অ্যালার্জি বলা হয়। তবে জেনেটিক উপায়ে তৈরি করা গরু বা জিএম গরুর দুধে এ ধরনের অ্যালার্জির আশঙ্কা কম বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, যেসব গরুর দেহে জিনগত পরিবর্তন করা হয়েছে সেগুলোর
দুধে অ্যালার্জির মাত্রা কম।

বিজ্ঞানীরা জানান, জেনেটিক উপায়ে তৈরি করা গরুর দুধে বেটা-ল্যাক্টোগ্গ্নোবুলিন থাকে না। বেটা-ল্যাক্টোগ্গ্নোবুলিন নামক এ প্রোটিন জাতীয় পদার্থটিই অ্যালার্জির কারণ।

নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা জানান, মায়ের দুধ ও গরুর দুধের মধ্যে গবেষণা করে দেখা গেছে, মায়ের দুধে বেটা-ল্যাক্টোগ্গ্নোলিন নামক প্রোটিন থাকে না। কিন্তু সাধারণ গরুর দুধে এ প্রোটিনটি বিদ্যমান। তাই বেটা-ল্যাক্টোগ্গ্নোবুলিন সমৃদ্ধ দুধে শিশুরা অ্যালার্জি আক্রান্ত হয়।

বিজ্ঞানীরা গরুর ডিএনএতে পরিবর্তন করে বেটা ল্যাক্টোগ্গ্নোবুলিন প্রোটিন তৈরির পদ্ধতিকে পরিবর্তন করেছেন। তারা বেটা-ল্যাক্টোগ্গ্নোবুলিন জাতীয় প্রোটিন উৎপাদন ব্যাহত করতে আরএনএ ইন্টারফেয়ারেন্স পদ্ধতির মাধ্যমে গরুর দেহে বাড়তি জেনেটিক উপাদান প্রবেশ করিয়েছেন। এ পদ্ধতিতে তৈরি করা বাছুরটি লেজ ছাড়া জন্ম নিয়েছে।

গবেষকরা জানান, সম্ভবত জেনেটিক পরিবর্তনের কারণেই এমনটি হয়েছে। বাছুরটি এখনো গর্ভবতী হয়নি। তাই এর দুধ উৎপাদন শুরু হয়নি। সেজন্য হরমোন ব্যবহার করে বাছুরটি থেকে দুধ পাওয়ার চেষ্টা চালাচ্ছে তারা।

গবেষকরা গরুর দুধে অ্যালার্জির উপাদান দূর করার পদ্ধতিকে মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। তবে
অনেকেই মনে করছেন, জেনেটিক উপায়ে গরু তৈরি করা নিয়ে নীতিগত সংকট দেখা দিতে পারে। সূত্র: বিবিসি

ডিবি কার্যালয়ে বিএনপির এমপিরা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

ডিবি কার্যালয়ে বিএনপির এমপিরা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
পুলিশের হাতে আটক যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে দেখা করতে ডিবি অফিসে গেলেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, নিজাম উদ্দিন, আবুল খায়ের ভুঁইয়া, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, নিলোফার চৌধরী মনি, অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানুসহ বেশ কয়েকজন মিন্টু রোডের ডিবি অফিসে গেছেন।

এদিকে বিএনপিপন্থী আইনজীবীরা দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করে কার্যালয় থেকে বের হয়ে মামলায় অভিযুক্তদের আগাম জামিনের জন্য জজ কোর্টে গেছেন বলে জানিয়েছে দলের একটি নির্ভরযোগ্য সূত্র।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের আটকের পর নয়াপল্টনে আবারো তৎপর দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

নীল নকশা বাস্তবায়নে দেশকে অস্থিতিশীল করছে সরকার: বিএনপি :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

নীল নকশা বাস্তবায়নে দেশকে অস্থিতিশীল করছে সরকার: বিএনপি :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 একদলীয় শাসন পাকাপোক্ত করার নীলনকশা বাস্তবায়ন করতে সরকার দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “ক্ষমতায় থাকার নীল নকশা বাস্তবায়ন করতে সরকার উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। কারণ রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ ও সর্বগ্রাসী দুর্নীতির কারণে হীন অপচেষ্টা করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়।”’’

রামুর ঘটনাকে সরকারের নীল নকশার অংশ দাবি করে তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সরকার সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকার একতরফাভাবে বিরোধী দলকে এ ঘটনায় দায়ি করলেও পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবিতে প্রমাণ হয়েছে যে, সরকারি দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রামুর ঘটনায় জড়িত।”

দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন। দেশকে সংঘাতের হাত থেকে বাচাঁন। অন্যথায় এর সব দায়দায়িত্ব আপনাদের নিতে হবে।”

হলমার্কসহ সরকারের দুর্নীতির কারণে জনগণের নজর ভিন্নখাতে প্রবাহিত করতে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দেয়া দায়েরের নিন্দা জানিয়ে তিনি বলেন, “বিরোধী নেতাদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে এ মামলা দেয়া হয়েছে।”

উল্লেখ্য, মঙ্গলবার নেত্রকোনায় মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল চলাকালে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দুটি মামলা করেছে পুলিশ। এতে অর্ধশতাধিক নামে এবং অজ্ঞাতনামা প্রায় আড়াই হাজার লোককে আসামি করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা সচেতনভাবে ধ্বংসাত্মক কর্মসূচি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করছে।”

সরকারের কৌশলের সঙ্গে বিরোধী দলের আন্দোলনের কৌশলের  ব্যাপারে জানতে চাইলে বিএনপির অন্যতম নীতিনির্ধারক এই নেতা বলেন, “যারা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায় তারা আমাদের আন্দোলনকে নিয়ে কথা বলবে। কিন্তু আমরা মনে করি আমাদের কৌশল ঠিক আছে। জনগণকে সঙ্গে নিয়েই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে।”

ঢাবি অধ্যাপক গোলাম মাওলা ৩ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ঢাবি অধ্যাপক গোলাম মাওলা ৩ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 হিযবুত তাহরীরের সিনিয়র উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলা ও তার সহযোগী মাকসুদুর রহমানকে নিয়মিত মামলায় ফের তিনদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার মহানগর হাকিম এমএ সালাম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ডিপ্লোমেটিক জোন আমেরিকান দূতাবাস এলাকায় ক্ষতি করার উদ্দেশে দলবদ্ধ হয়ে যাওয়ার মামলায় তিনি পাঁচদিন রিমান্ডে ছিলেন।

ওই মামলায় রিমান্ড শেষে তাকে গত ১ অক্টোবর আদালতে হাজির করে গুলশান থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফের সাত দিন রিমান্ডের আবেদন করা হয়।

তবে রিমান্ড শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র না থাকায় মহানগর হাকিম তানভীর আহমেদ বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকায় আমেরিকান দূতাবাসে কমর্রত বিদেশী নাগরিক ও স্থাপনার ক্ষতি করার উদ্দেশে প্রস্তুতির অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর তাদের গ্রেফতার করা হয়।

জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে ড. গোলাম মাওলা এর আগে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর অপর ১০ সহযোগীসহ রাজশাহী সোনাদীঘি মোড়ের সিটি প্রেস ক্লাবের নিচতলা থেকে গ্রেফতার হন। এরপর ২০১০ সালের ৮ জুলাই একই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এ মামলায় তিনি তিনদিন রিমান্ডেও ছিলেন।

২০০৯ সালের ২২ অক্টোবর সরকার জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করে। এর পরপরই এ জঙ্গি সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দেন।