Pages

Wednesday, October 24, 2012

সোনারগাঁয়ে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

সোনারগাঁয়ে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় চাঁদার দাবিতে এক স্কুলছাত্রী
অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে অপহৃত
স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।



ছাত্রীর নাম মারজু (১৪)। সে কাঁচপুর সিনহা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।



অপহৃত  স্কুলছাত্রীর বাবা রতন জানান, উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকার
আলতাফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া তারা। একই বাড়ির ভাড়াটিয়া পলাশ ও তার সহযোগী
জাকির আমার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে
সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার দুপুরে আমার মেয়ে মারজুকে অপহরণ
করে নিয়ে যায়।



সন্ত্রাসীরা মোবাইল ফোনে আমাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছে।
দাবিকৃত চাঁদা না দিলে আমার মেয়েকে তারা ফেরত দিবে না বলে হুমকি দিচ্ছে।



সোনারগাঁ থানার অফির্সাস ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ জানান, সিনহা উচ্চ
বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মারজু ও হিন্দু সম্প্রদায়ের পলাশ একই
বাড়িতে ভাড়া থাকতো বলে শুনেছি। স্কুলছাত্রী অপহরণ কিনা এখনও সঠিক বলা
যাচ্ছে না।



এ ঘটনায় থানায় বুধবার রাতে একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীতে শতাধিক অবৈধ পশুর হাট :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজধানীতে শতাধিক অবৈধ পশুর হাট :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 দুই সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই রাজধানীতে গড়ে উঠেছে প্রায় শতাধিক ভ্রাম্যমাণ পশুর হাট।

অসাধু ব্যবসায়ীরা রাস্তার মোড়, সরকারি কলোনি, বিভিন্ন স্কুলের ছোট খেলার মাঠকে পশুর হাট হিসেবে বেছে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার দলীয় নেতাকর্মীরা এসব হাট নিয়ন্ত্রণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশ মহানগরীর বিভিন্ন স্থানে ২০টি পশুর হাট ইজারা দিয়েছে। তবে রাজধানী ঘুরে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। সিটি কর্পেরেশনের দুই অংশেই গড়ে উঠেছে ভ্রাম্যমাণ ছোট ছোট শতাধিক পশুর হাট।

ঢাকা দক্ষিনের কমলাপুর স্টেডিয়াম, মতিঝিল কলোনির কয়েকটি রাস্তার মোড়, ধানমণ্ডির বিভিন্ন সড়ক, আনন্দবাজার ও চানখারপুল, মগবাজার চৌরাস্তা, শান্তিনগর বাজার এলাকায় ছোট ছোট অবৈধ প্রায় অর্ধশত হাট বসেছে।

অবৈধ পশুর হাটে পশু বিক্রির ব্যাপারে মতিঝিল কলোনি বাজারের মোড়ে সিরাজগঞ্জ থেকে পশু বিক্রি করতে আসা মোহাম্মদ আলী বলেন, “এলাকার মানুষের অনুমতি নিয়েই এখানে ভেড়া ও খাসি বিক্রি করছিল। বিক্রি ভালো হলে ওদের মিষ্টি মুখ করাবো।”

তবে ওরা কারা জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে এ প্রতিবেদক কিছু কিনতে এসছেন কিনা জানতে চান।

একাধিক স্থানীয় ও পশু বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রত্যেক ঈদেই এসব অবৈধ হাট বসে। যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের দলীয় নেতাকর্মীরা এসব অবৈধ হাটের নিয়ন্ত্রণ নেয়। পশুর ধরন বুঝে তারা বিক্রেতাদের থেকে ২০০ হতে সর্ব্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। অবশ্য কখনো কখনো অবৈধ হাটে বিক্রির দিন অনুয়ায়ীও চুক্তি হয়। এখানে দুই হাজার হতে সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত টাকা নেয়া হয়।”

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, “শুনেছি এমনটি হচ্ছে। কয়েকটি অবৈধ হাট উচ্ছেদও করা হয়েছে।”

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার গাবতলী এলাকার বেড়িবাধ, বিমান বন্দর সংলগ্ন রাস্তার মোড়, রায়েরবাজার মোড় হতে বাবুবাজার সেতু ও ইংলিশ রোড়ের পার্কেও বসেছে ছোট ছোট পশুর হাট।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা  ফসিউল্লাহ বলেন, “এ ব্যাপারগুলো অত্যন্ত দুঃখজনক। অভিযোগের প্রমাণ পেলে নিয়ম মেনে ব্যবস্থা নেয়া হবে।”

অবৈধ এসব হাট সরিয়ে দিতে পুলিশকেও তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বলে স্থানীয়রা জানান। উল্টো এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, “হাটে জায়গা কম। তাই পশু বিক্রেতারা অনেকটা বাধ্য হয়েই হাটের পাশের রাস্তায় বসেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ঘটতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে। অবৈধ পশুর হাট হতে সরকার দলীয় নেতাকর্মীরা চাঁদা আদায় করছেন এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, “কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তাছাড়া এমন কিছু ঘটেছে বলে শুনিনি।”   

পুলিশের বক্তব্যের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল বলেন, “পশু বিক্রেতারা রাস্তায় হয়তো বাধ্য হয়েই পশু বিক্রি করছেন। কেউ চাঁদা নিলে তাদের অধিকাংশই পুলিশকে লিখিত অভিযোগ করতে পারবে না। কারণ, আবেদন করতে যে শিক্ষাগত যোগ্যতা দরকার, অনেকেরই তা নেই। তাই পুলিশ বলেছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে।”

৪৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ করবে ডিসিসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

৪৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ করবে ডিসিসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট




 কোরবানীর ঈদের রাজধানীতে প্রায় চার লাখ পশু কোরবানী করা হবে বলে আশা
প্রকাশ করেছেন ঢাকা সিটি কর্পোরেশন। এসব পশু থেকে প্রায় ২০ হাজার মেট্রিকটন
বর্জ্য উৎপাদিত হবে।



কোরবানীর পশুর বর্জ্য অপসারণের জন্য নগরীর প্রতিটি ওয়ার্ডের বর্জ্য
ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা  কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছে দুই
সিটি কর্পোরেশন।



উভয় সিটি কর্পোরেশন পাঁচ হাজার ১০০ পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি এবার আরো অতিরিক্ত দুই হাজার শ্রমিক নিয়োগ দিবে।



ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা
ক্যাপ্টেন বিপন কুমার সাহা বার্তা২৪ ডটনেটকে জানান, কোরবানীর বর্জ্য ৪৮
ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



তিনি বলেন, “এবার রাজধানীতে ৪ লাখ পশু জবাই হবে। এসব পশু থেকে ২০ হাজার
মেট্রিকটন বর্জ্য উৎপাদতি হবে। কোরবানীর বর্জ্য যাতে দ্রুততম সময়ের অপসারণ
করা যায় সেজন্য ডিএসসিসির আওতাধীন ১০টি পশুরহাট থেকে পশু ক্রয়কারীদের
জবাইকৃত পশুর বর্জ্য সংরক্ষণে মোট ৬০ হাজার পরিবেশ বান্ধব পলিব্যাগ বিতরণের
ব্যবস্থা নেয়া হয়েছে।”



তিনি বেলন, “বর্জ্য অপসারণ কার্যক্রম এবং পশুর হাট পরিচালনার লক্ষে প্রধান
স্বাস্থ্য কর্মকতার নেতৃত্বে ১৮ সদস্যবিশিষ্ট একটি কমিটিসহ দুটি উপ-কমিটি
গঠন করা হয়েছে।”



বিপন কুমার সাহা বলেন, “সাবিকভাবে কোরবানীর বর্জ্য সংগ্রহ কাজে গতিশীলতা
আনার লক্ষে ৬০০ ভ্যান সার্ভিসের  দুই হাজার ৪০০ জনবলও একাজে নিয়োজিত
থাকবে।”



তিনি বলেন, “কোরবানীর পশুর হাটসহ নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষে
ডিএসসিসি ১০টি হাটের জন্য ৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোলার, ২৫টি ডাম্পার,
৪টি ট্রেইলর, ২টি প্রাইম মোভার ও ১০টি পানির গাড়ি সরবরাহ ব্যবস্থা করা
হয়েছে।”



তিনি বলেন, “এছাড়াও কোরবানীর বর্জ্যের দুগন্ধ-রোগ এবং জীবানুর বিস্তার
রোধে স্যাভলন মিশ্রিত পানি দিয়ে জবাইকৃত স্থানটি ধুয়ে ফেলে সাথে সাথে
ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। এর জন্য ২০১ ড্রাম  বিস্নচিং
পাউটার সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন কাজের জন্য চাঁদরাতসহ ঈদের দিন
পর্যন্ত ১১৮টি খোলা গাড়ি, ৩৪টি কন্টেইনার ক্যারিয়ার নিয়োজিত থাকবে।”



বিপন কুমার সাহা বলেন, “মাতুয়াইলে সেনেটারি ল্যান্ডফিলে পরিবেশ সম্মতভাবে
বর্জ্য অপসারণের জন্য ৩টি একেভেটর, ৩টি বুলডোজার, ২টি টায়ার ডোজার
সাবক্ষণিক নিয়োজিত রাখার ব্যবস্থা করা হয়েছে।”

প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট




  দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ মাঠে। হাইকোর্ট
এলাকায় অবস্থিত জাতীয় ঈদগাহ মাঠ ঈদুল আজহার নামাজের জামাতের জন্য পুরোপুরি
প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুতি কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ঢাকা
সিটি করপোরেশন দক্ষিণ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ার অ্যান্ড সন্স।



প্রতি বারের মতো এবারও সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার
সদস্য, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এক
কাতারে নামাজ আদায় করবেন। এছাড়া পুরুষের পাশাপাশি নারীদের জন্যও আলাদা
প্যান্ডেল করা হয়েছে।



অন্যদিকে সিটি করপোরেশনের উদ্যোগে স্থানীয় সময়সূচি অনুযায়ী মহানগরীর ৯০টি ওয়ার্ডে মোট ৩৬১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।



এবার জাতীয় ঈদগাহ ময়দানের প্রায় ৬০ হাজার বর্গফুট জায়গায় একসঙ্গে নামাজ
আদায় করবেন প্রায় দেড় লাখ মুসল্লি। বৃষ্টির কথা মাথায় রেখে পুরো মাঠে
টাঙানো হয়েছে সামিয়ানা।



ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল হক বলেন, মাঠের ত্রিপল টাঙানোর কাজ
শেষ পর্যায়ে। শামিয়ানা টাঙানোর কাজ শুরু হয়েছে। এসব শেষ করার পর
ফ্যান-লাইট লাগানো হবে। মাঠের ঘাস কাটার কাজ চলছে। ঘাস কাটার পরই কার্পেট
বিছানোর কাজ শুরু হবে।



তিনি আরো বলেন, এবার জাতীয় ঈদগাহে দুই লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুট বৃষ্টি
প্রতিরোধক ত্রিপলসহ শামিয়ানা টানানো হয়েছে। এছাড়া ৬৪টি প্যাডাস্টাল ও ৪০০টি
সিলিং ফ্যানও লাগানো হবে।



আয়োজক সূত্র জানিয়েছেন, অজুর পানি সরবরাহ ও ব্যবহৃত পানি অপসারণের
ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়দানে মুসল্লিদের সুবিধার জন্য ভ্রাম্যমাণ টয়লেট ও
পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ময়দানের আশপাশের এলাকায় সিসি ক্যামরা
লাগানো হয়েছে।



এছাড়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতকে ঘিরে ময়দানে র‌্যাব ও পুলিশের
আলাদা দুটি ক্যাম্প বসানো হয়েছে। পুলিশ ছাড়াও সাদা পোশাকে র‌্যাব ও পুলিশের
গোয়েন্দা দল মোতায়েন থাকবে ঈদগাহ এলাকায়।



জানা গেছে, এবারে ঈদগাহ মাঠ প্রস্তুত করার কাজে ছোট-বড় আটটি প্রতিষ্ঠান ঠিকাদারি কাজ করছে।

প্রতিমা বিসর্জনে শেষ হল শারদীয় দুর্গোৎসব :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রতিমা বিসর্জনে শেষ হল শারদীয় দুর্গোৎসব :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট






আনন্দ-বেদনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হলো বাঙালি হিন্দু
সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তরা সজল চোখে আজ
বিদায় দিয়েছেন দেবী দুর্গাকে।



সকাল থেকেই ঢাকার বিভিন্ন পূজা মণ্ডম থেকে দূর্গা প্রতিমাকে বুড়িগঙ্গার
বাবুবাজার ব্রিজ সংলগ্ন ঘাটে নেয়া শুরু হয়। পুরোহিতদের মন্ত্র পাঠ শেষে
নদীর জলে প্রতিমা বিসর্জন দেয়া শুরু হয়। এ সময় লাখো ভক্ত শ্রদ্ধা ও
ভালবাসায় তাকে বিদায় জানিয়ে আবারও পরের বছর তার ফেরার অপেক্ষায় দিন গোনা
শুরু করেছেন।



শুভ বিজয়ায় সকাল থেকেই ঢাক আর শঙ্খধ্বনিতে মন্ত্র পাঠের মাধ্যমে চলে পূজোর
রীতিনীতি পালনের কাজ। ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৭টা ৫৫ মিনিটে দেবীর দশমী 
পূজা সমাপ্তি ও দর্পণ বিসর্জন হয়।



বিকেলে বিভিন্ন মন্দির থেকে ভক্তদের শোভাযাত্রায় দেবীকে বুড়িগঙ্গা নদীতে
নিয়ে আসা হয়। ভক্তরা আবির, ধান, দুর্বা, মিষ্টি দিয়ে প্রতিমা বিসর্জন দেন।
ঢাকার  বিভিন্ন মন্দিরের ২০১টি প্রতিমা বিভিন্ন সময়ে বিসর্জন দেয়ার মাধ্যমে
দশমী পূজোর আয়োজন শেষ হয়।



সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণের
আহ্বানে দেবী  ৪ দিনের জন্য পিতৃগৃহে আসেন। আজ বিসর্জনের মাধ্যমে পিতৃগৃহ
পৃথিবী ছেড়ে দেবী মা দূর্গা আবারো স্বামীগৃহে ফিরে যাবেন। এক বছর পর আবারো
কল্যানের ডাকে দেবী মা পিতৃগৃহ পৃথিবীতে ফিরে আসবেন।



প্রতিমাকে বিদায় জানাতে স্বামীসহ নারায়নগঞ্জ থেকে বুড়িগঙ্গার ঘাটে
এসেছিলেন কুমারী দেবী। এ সময় কান্নাভেজা কন্ঠে তিনি বলেন, ‘‘প্রতি বছরে মা
দূর্গা মাত্র একবারই এই পৃথিবীতে আসেন। সারাবছর মাকে পাওয়া সম্ভব না। তাই
যে কটা দিন তিনি এই পৃথিবীতে থাকেন তার পূজো অর্চনার মধ্য দিয়ে ভক্তি
দেখাই।’’



সুমন বড়ুয়া বলেন, ‘‘মা আমাদের দেবী। আমরা মাকে ভালবাসি। বছরে একবারই মা আসেন। আবারো অপেক্ষা করছি।’’



বিজয়া দশমী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি। বিজয়ার অনুষ্ঠান প্রচারের জন্য
দেশের সবগুলো টেলিভিশনগুলোই ব্যস্ত ছিল। রাজধানীর মন্দিরগুলো ছিল
আলোকসজ্জিত।



প্রসঙ্গত, এ বছর সারাদেশে ২৮ হাজারের বেশী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। 


গাজীপুরে ২৫ ঝুট গোডাউন পুড়ে ছাই :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

গাজীপুরে ২৫ ঝুট গোডাউন পুড়ে ছাই :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
 গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ আগুনে ২৫টি গ্রমেন্টস ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টার দিকে সিগারেটের ফেলে দেয়া আগুনে টঙ্গীর মিলগেইট এলাকার ঝুট পল্লীতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী বাদল মিয়া জানান, টেঙ্গীর মিল গেইট এলাকার ঝুট পল্লীতে ফেলা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশবর্তী অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই প্রায় ২৫ টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে দুই কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সাভির্সের কমকর্তা ফরহাদ হোসেন জানান, আগুনে প্রায় ২৫টি ঝুটের গোডাউল পুড়ে গেছে। সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জে অটো রিকশার চাপায় বাস চালকের মৃত্যু :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জে অটো রিকশার চাপায় বাস চালকের মৃত্যু :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় বুধবার সকালে ব্যাটারি চালিত অটো রিকশার চাপায় আলী আহাম্মেদ (৬০) নামে এক বাসে চালকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ পরিবহন শ্রমিক ও জনতা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়িতে আগুন ধরিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত বাসের চালক বন্দর উপজেলার বেপারীপাড়া এলাকার আইউব আলীর ছেলে। তিনি শ্রাবণ পরিবহনের চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বন্দরের মদনগঞ্জ-মদনপুর সড়কের মদনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন আলী আহাম্মেদ। এ সময় ব্যাটারি চালিত একটি অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে সে মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও পরিবহন শ্রমিকেরা মদনগঞ্জ এলাকায় বিক্ষোভ শুরু করে ও মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে গাছের গুড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ মিছিল করে। প্রায় দুই ঘণ্টা এ সড়কে সব ধরনের যানবাহন বন্ধ ছিল।

পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে দোষীকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর  দুপুর পৌনে ১২ টা থেকে যান চলাচল শুরু করে।

পাইবাসের বদলে শেন জার্গানসেন না রিচার্ড ম্যাকিঞ্জ! :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

পাইবাসের বদলে শেন জার্গানসেন না রিচার্ড ম্যাকিঞ্জ! :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
 মাত্র ৪ মাস আগেই রিচার্ড পাইবাসকে অনেক জল ঘোলা করে মুশফিকদের প্রধান কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছিল। আর ৪ মাসের মধ্যেই কিনা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের আসনটি আবারো খালি হয়ে গেছে! পাইবাস যে মুশফিকদের কোচ হিসেবে আর থাকছেন তা তো গত কয়েক দিনে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু আনুষ্ঠানিকতা বাকি ছিল। সেটাও পাইবাস সেরে দিয়েছেন। এখন দেখার বিষয় বিসিবি কি করে!

কারণ এমন এক সময়ে প্রধান কোচের আসনটি শূন্য হয়ে যে, বিসিবি রীতিমতো বিপাকে পড়েছে। কারণ ১০ দিন পরই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলটি বাংলাদেশে আসছে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে। এমন একটি সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নেই?

এই সময়টাতেই বিসিরিতে নতুন সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্বভার গ্রহণ করলেন। কঠিন সিদ্ধান্ত নিতে হবে নতুন সভাপতিকে। আর সেই সিদ্ধান্ত নিতেই আজ দুপুর ১২টায় মিরপুরে সভাপতি পাপন সহ সকল বোর্ড পরিচালক বৈঠকে বসেছেন।

পাইবাসের বিকল্প নিয়ে সিদ্ধান্তই এই বৈঠকের মূল উদ্দেশ্য। অবশ্য বিসিবি বনাম পাইবাস যুদ্ধ তো শুরু হয়েছে টি২০ বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কা যাবার আগে থেকেই। তখন থেকেই বিসিবি বিকল্প চিন্ত করে রেখেছে। সেই বিকল্প ভাবনাটা কি হতে পারে বিসিবির? অনুসন্ধান করে জানা গেছে বিসিবি এখন জাতীয় ক্রিকেট দলের বোলিং শেন জার্গানসেনকে অথবা একাডেমি দলের কোচ রিচার্ড ম্যাকিঞ্জকে প্রধান কোচের দায়িত্ব দিতে চাইছে। এবং অবশ্যই তা আসন্ন হোম সিরিজ পর্যন্ত।

এই সিদ্ধান্তটি বোর্ডে অনুমোদনে জন্যেই আজ মিরপুরে ঈদের আগে জরুরি বৈঠক। কারণ ঈদের পর যখন অফিস শুরু হবে তখন আর বৈঠক করে পাইবাসের বিকল্প ঘোষণা করার সময় থাকবে না। ৫ নভেম্বর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিসিবির সামনে এই মুহূর্তে এছাড়া কোনো পথ খোলা নেই। তবে সাবেক বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল ক্রিকেট একাডেমির কোচ রিচার্ড ম্যাকিঞ্জের বিষয়ে অনিহা প্রকাশ করেছেন। এখন বিকাল পর্যন্ত অপেক্ষা বিসিবি জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কার নাম ঘোষণা করে!

কোচের দায়িত্বে থাকছেন না পাইবাস :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

কোচের দায়িত্বে থাকছেন না পাইবাস :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
অবশেষে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে থাকা নিয়ে অনাগ্রহের কথা জানিয়েছেন রিচার্ড পাইবাস। এতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে কোচের দায়িত্বে দেখা যাবে না ৪৭ বছর বয়সী এই অস্টেলিয়ানকে।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলের সঙ্গে দেশে ফিরলেও ছুটি নিয়ে চলে যান তার নিজ দেশে। কিন্তু সেখানে কতদিন অবস্থান করবেন তা নিয়ে স্পস্ট করে কিছু বলেননি।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করলেও পাইবাসের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চারমাস আগে বিসিবির সাথে চুক্তিবদ্ধ হোন পাইবাস। এর আগে পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার কোচিংয়ে দায়িত্বের সময় এশিয়া কাপে ফাইনাল খেলার সুযোগ পায় বাংলাদেশ।

কোস্টারিকায় শক্তিশালী ভূমিকম্প :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

কোস্টারিকায় শক্তিশালী ভূমিকম্প :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট
 কোস্টারিকায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৬। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সেখানে বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্প স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী সানজোসের ১৪০ কিলোমিটার পশ্চিমে হোজাঙ্কা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে।

মধ্য আমেরিকান দেশ কোস্টারিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা টেলিভিশন ও বেতার কেন্দ্রকে জানায়, তারা শক্তিশালী ভূমিকম্পের আঘাত টের পেয়েছে। স্থানীয় ভূ-কম্পনবিদরা জানান, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২।

ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এতে বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই।
তবে তারা সতর্ক করে বলেছে, এ ধরনের তীব্রতার ভূমিকম্প স্থানীয় সুনামির সৃষ্টি করতে পারে। এর ফলে সুনামি উৎপত্তির একশ’ কিলোমিটারের মধ্যে উপকূলবর্তী এলাকার ক্ষতি হতে পারে।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কোষ্টারিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রিখটার স্কেলে ৭.৬ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং ঘরবাড়ির অনেক ক্ষতি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: এএফপি।

আবারো সাংবাদিক খুন, আন্দোলন জোরদারের আহ্বান নেতাদের :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

আবারো সাংবাদিক খুন, আন্দোলন জোরদারের আহ্বান নেতাদের :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট
 আরেক সাংবাদিক খুন হলেন নরসিংদীতে। নিহত টি এ কাবিদ জয় ছিলেন নরসিংদীর স্থানীয় দৈনিক ‘নরসিংদীর বাণী’র পৌর প্রতিনিধি । মঙ্গলবার সন্ধ্যায় শহরের শালিধা এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

এ ঘটনায় সাংবাদিক নেতারা তাদের চলমান আন্দোলন জোরদারে দেশের সব সংবাদকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। মূলত পেশাগত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না সেটিও পর্যবেক্ষণ করছেন তারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বার্তা২৪ ডটনেটকে বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত আছে। আর নরসিংদীতে সাংবদিক জয়কে আসলে পেশাগত কারণে নাকি অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে সেটিও আমরা দেখছি।”

বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, “এত আন্দোলনের পরও কীভাবে আবারো সাংবদিক খুন হয়, সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আন্দোলন জোরদারে শিগগিরই আমরা (সাংবাদিক নেতারা) সভায় বসব।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাংবাদিক হত্যার ঘটনা দিন দিন বাড়ছে। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নেয়া উচিত। নয়তো আমাদের পেশাগত ঝুঁকি অনেক বেড়ে যাবে। আর গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশের গণতন্ত্রও বিপণ্ন হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্দোলন জোরদারে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে তেজগাঁও থানা পুলিশ মামলা করেছিল। গত রোববার ওই মামলায় জামিনে থাকা সাংবাদিকদের জামিন বাতিলের আবেদন করে পুলিশ। সোমবার শুনানি শেষে আগামী ৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “আমার দেশের ওই সাংবাদিকরা সবাই নিয়মিত অফিস করছেন। এ অবস্থায় তাদের স্থায়ী ঠিকানা জানতে পুলিশের এই রিমান্ড আবেদন সম্পূর্ণ অযৌক্তিক। এটি মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় এক প্রকার বাধা।”

সাংবাদিকতায় নবাগতদের উদ্দেশে এই সাংবাদিক নেতা বলেন, “এই পেশাটা এমনিতেই ঝুঁকিপূর্ণ। তারপর এসব হত্যাকাণ্ডে তরুণ সংবাদকর্মীদের মাঝে আতঙ্ক বাড়ছে। তবু হতাশ হওয়া যাবে না। সাহসের সঙ্গে ঝুঁকি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।”

গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সব সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি। অভ্যন্তরীণ বিভিন্ন কারণে সাংবাদিকদের বিভক্তি থাকলেও সাংবাদিক হত্যা-নির্যাতন ইস্যুতে তারা প্রথমবারের মতো এক হয়ে রাজপথে আন্দোলনে নামেন।

ব্যর্থতার বেড়াজালে শাবির প্রক্টরিয়াল বডি :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

ব্যর্থতার বেড়াজালে শাবির প্রক্টরিয়াল বডি :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম চলছে অনভিজ্ঞ ও অকর্মান্যদের দিয়ে। ফলে ভেঙে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কার্যক্রম।

গত চার বছরে একের পর এক অনিয়ম ও ব্যর্থতায় প্রকাশ পেলেও এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেনি আওয়ামী লীগপন্থী প্রশাসন। প্রক্টরিয়াল বডির মত গুরুত্বপূর্ণ পদে দলীয় নীতি বাস্তবায়ন ও রদবদলে ব্যস্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১১ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না প্রক্টরিয়াল বডির সদস্যরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, মহাজোট সরকারের ক্ষমতা লাভের পর থেকে শাবির প্রশাসনিকের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হয়। এর মধ্যে কাজে দক্ষতা ও ‘সিনিয়রিটি’ বিচার না করে এসব পদে অদক্ষ ও অপেক্ষাকৃত জুনিয়র শিক্ষকদের দিয়ে এক ধরনের ‘খামোখা’ প্রক্টরিয়াল বডি গঠন করেছেন কর্তৃপক্ষ।

সূত্র জানায়, মহাজোটের মদদপুষ্ট ও নিয়োগ প্রাপ্ত প্রক্টরিয়াল বডির সদস্যদের অধিকাংশই নিয়মিত অফিস কিংবা ক্যাম্পাসের আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণে তৎপরতা নেই। বরং অনেকে একটি ছাত্র সংগঠনের পেটুয়া হিসেবে ব্যবহৃত হচ্ছেন। অনেক সদস্য মাসের পর মাস সুবিধা নিলেও বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বজায় রাখায় তাদের মাথা ব্যথা নেই।

এর মধ্যে বিগত বছরগুলিতে ক্যাম্পাসে কারণ ছাড়াই বিভিন্ন সময় হোস্টেল ও মেসের নিরীহ শিক্ষার্থীরা পুলিশী তল্লাশি ও গ্রেফতারের শিকার হলেও প্রক্টরিয়াল বডি ছিলেন নিরব।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাসের বাইরে কোনো সমস্যায় পড়লে প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে পান না। এর মধ্যে সাবেক প্রক্টর ড. সাইফুল ইসলামের রেকর্ট ছিল সবচেয়ে বেশি। শিক্ষার্থীরা তাকে ফোন দিলে তিনি ধমক দিয়ে ফোন কেটে দিতেন।

অপরদিকে প্রক্টরিয়াল বডির সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের উদাসিনতা এবং তাদের ব্যর্থতার কারণে বিশ্ববিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও যৌন হয়রানিমূলক অপরাধ বৃদ্ধি পায়। সন্ধ্যার হলেই শহীদ মিনার, ছাত্রী হল ও আশপাশ এলাকায় বখাটেরদের দৌরাত্ব বেড়ে যায়।

তাছাড়া ক্যাম্পাস বন্ধ হলে শিক্ষার্থীরা আতঙ্কে থাকেন। এসব স্থানে বখাটেরা ফেনসিডিল ও মদ্য পানের নিরাপদ স্থান হিসেবে বেছে নেয়। গত সাড়ে তিন বছরে পুলিশ বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা থেকে একাধিক বখাটে, মদ্যপ, ফেনসিডিল ও জুয়াখোরদের আটক করে।

অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতা, ক্যাম্পাসের সাংবাদিকদের সম্পর্কে বিষেদগার ও বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ার হুমকি দেয়ায় ক্যাম্পাস ও সিলেট শহরে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। এর মধ্যে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সাবেক প্রক্টর অধ্যাপক ড. এস এম সাইফুল নিজেই শ্যামলী পরিবহন শ্রমিকদের হাতে লাঞ্ছিত হন।

নানা অনিয়ম ও ব্যর্থতার কারণে ভিসি ড. মো. সালেহ উদ্দিনের তোপের মুখে পড়লে ভিসি বিরোধী ড. সুশান্ত ও ড. ইউনুসের নেতৃত্বাধীন শিক্ষকদের ওই প্যানেলের প্রক্টর ড. এস এম সাইফুল ইসলামসহ অপর চার সহকারী প্রক্টর চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী রবিন, ইসরাত ইবনে ইসমাঈল,  সাঈদ আরেফিন খান নোবেল, আসিফ ইকবাল পদত্যাগ করতে বাধ্য হন।

পরে প্রশাসন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়কে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়। তবে নিয়োগের পরপরই তিনিও ব্যর্থ হন আইনশৃঙ্খলা রক্ষায়।

গত বছরের ডিসেম্বরে  বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অনিক ও খাইরুল হত্যার জের ধরে ক্যাম্পাসে ব্যাপক তাণ্ডবলীলা চালায় শিক্ষার্থীরা। অথচ তাঁর নেতৃত্বাধীন প্রক্টরিয়াল বডি কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

বিভিন্ন দাবিতে ছাত্রলীগ উপাচার্যকে প্রশাসনিক ভবনে দিনভর অবরুদ্ধ করে রাখলেও ব্যবস্থা নেয়নি এই আইন শৃঙ্খলা বাহিনী বরং এ ক্ষেত্রে তারা ছিলেন টুনো সরদারের ভূমিকায়।

তাছাড়া জানুয়ারিতে ছাত্রলীগ-শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় প্রক্টরিয়াল বডির ব্যর্থতার কারণে সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

শাবির প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। ক্যাম্পাস বা বাইরে কোনো শিক্ষার্থী বিপদে পড়লে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদেরকে ফোন দিলে অধিকাংশ সময়েই ফোন বন্ধ পান শিক্ষার্থীরা। আবার অনেক সময় বাড়িতে থাকলে প্রক্টরিয়াল বডি স্ত্রীদের দিয়ে ফোনে কথা বলানোরও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সিনিয়র শিক্ষাকগণ আশঙ্কা পোষণ করে বলেন, অতীতের তুলনায় শাবির আইন শৃঙ্খলার মেরুদণ্ড ভেঙ্গে গেছে। যারা আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত, তারা এ কাজে এক্সট্রা সম্মানি পান। তবে কাজের দায়বদ্ধতা না থাকায় দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলায় তারাও আইন ভঙ্গে লিপ্ত।

পঞ্চগড়ে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

পঞ্চগড়ে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 পঞ্চগড়ে ধানক্ষেতে পোকার আক্রমণ ঠেকাতে পরিবেশবান্ধব আলোক ফাঁদ স্থানীয় কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। অতিরিক্ত টাকা খরচ করে কীটনাশক ব্যবহার না করে কম খরচের এই পদ্ধতিতে উপকৃত হচ্ছেন গ্রামের সাধারণ কৃষকরা।

আলোক ফাঁদ পদ্ধতি অনেক পুরনো হলেও পঞ্চগড় জেলায় নতুন করে এটা চালু হয়েছে। এতে কৃষকরা কীটনাশক ব্যবহার না করে ফসল ফলানোর নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এখন থেকে জমিতে ধানসহ যে কোনো ফসল ফলাতে কৃষকদের অতিরিক্তি টাকা খরচ করে কীটনাশক ব্যবহার করতে হবে না। পঞ্চগড় সদরের মীরগড় ব্লকের বিভিন্ন কৃষি জমিতে এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে।

এই পদ্ধতিতে কৃষি জমির এক অংশে বিদুৎ অথবা চার্জার লাইটের আলো এবং তার নিচের একটি পাত্রে পানি দিয়ে বিশেষ পদ্ধতিতে আলোক ফাঁদ বানানো হচ্ছে। এতে যে জমিতে ক্ষতিকর পোকার সংখ্যা বেশি, সেই জমিতে পরপর কয়েক দিন ফাঁদ পাতার মাধ্যমে পোকা নিধন করা সম্ভব হচ্ছে।

কমলাপুর এলাকার কৃষক নজরল ইসলাম জানান, এই পদ্ধতিতে সামান্য ডিটারজেন্ট ও পানি মিশিয়ে পোকা দমন করা যায়।

সদর উপজেলার মীরগড় ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা গুলজার রহমান আনসারী বলেন, যে এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই সেখানে টর্চ লাইটের আলো বা অন্য কোনো আলো ফেলে এ ফাঁদ ব্যবহার করা যায়। এতে কৃষকদের যেমন উৎপাদন ব্যয় কমবে, তেমনি বিষমুক্ত ফসল পাবেন সাধারণ মানুষ। এ ফাঁদ ইতিমধ্যে জেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে।

থ্রিজি নিয়ে ভোগান্তি :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

থ্রিজি নিয়ে ভোগান্তি :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
মুঠোফোনে থ্রিজি সেবা চালু করতে না করতেই ভোগান্তিতে পড়েছেন টেলিটক গ্রাহকরা। গত সোমবার মধ্যরাতের পর থেকে টুজি সিম থ্রিজিতে মাইগ্রেট করতে গেলে এ সমস্যা দেখা দেয়। মঙ্গলবার রাত পর্যন্ত এই ভোগান্তির অবসান হয়নি।

বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরোপুরি সমস্যার সমাধান সম্ভব হয়নি বলে একাধিক গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।

গ্রাহদের অভিযোগ, বিনা নোটিশেই নেটওয়ার্ক ও সেবা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাদের। টেলিটক থেকে অন্য মোবাইলে ফোন করতে দফায় দফায় বিড়ম্বনায় পড়ছেন তারা। অন্য অপারেটর থেকেও টেলিটকে ফোন আসেনি। এ বিষয়ে অভিযোগ জানাতে বারবার টেলিটক কাস্টমার কেয়ারে ফোন করেও সেখান থেকে সাড়া না মেলেনি।

থ্রিজি সেবাতেও বিদেশী অপারেটরদের আধিপত্য বিস্তার করতে টেলিটক’র অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেবা নিয়ে এমন ভোগান্তির সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন টেলিটক এর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক। তাদের অভিযোগ, সেবা দিতে কারিগরি মানোন্নয়নে কিছুটা সমস্যা হতেই পারে। তাই বলে কি একটি ক্ষুদে বার্তা দিয়ে জানানো খুব কঠিন কিছু? কাস্টমার কেয়ারে বারবার ফোন দিয়েও কেন পাওয়া যাবে না?

প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে টেলিটক নেটওয়ার্ক আপগ্রেডেশনের কাজ শুরু করে। ওই সময় থেকেই সমস্যায় পড়েন সারা দেশের গ্রাহকরা। টেলিটক সূত্রে জানা গেছে, নেটওয়ার্ক ভোগান্তিতে পড়া গ্রাহকের সংখ্যা ১০ হাজারের বেশি হবে। এ বিষয়ে টেলিটকের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, “পুরনো গ্রাহকদের মধ্যে যারা টুজি থেকে থ্রিজিতে উন্নীত হচ্ছিলেন তাদেরই এ সমস্যা হয়েছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এখন যেসব সিম বিক্রি হচ্ছে তার সবই থ্রিজি ফলে আগামীতে আর এ সমস্যা হবে না।” তিনি জানান, সমস্যা এড়াতে কিছু কৌশল হাতে নেয়া হয়েছে।

জানা জায়, টুজি সিমকে থ্রিজিতে উন্নীত করতে গেলে পুরনো সিম তা সাপোর্ট করেনি। ফলে সিম অকার্যকর হয়ে যায়। টেলিটক কর্তৃপক্ষ ওই সিমের বদলে নতুন থ্রিজি সিম সরবরাহ করবে গ্রাহকদের।

টেলিযোগাযোগ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের অভিমত, সব ধরনের প্রস্তুতি না নিয়েই টেলিটকের থ্রিজি চালু করায় এ সমস্যা হচ্ছে। আগামীতে অপারেটরটিকে এ ধরনের আরো সমস্যায় পড়তে হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘গ্রাহক সংখ্যা বাড়লে সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে।’

একাধিক সূত্রে জানা গেছে, টেলিটক অবকাঠামো নির্মাণের কাজ এখনো শেষ করতে পারেনি। দেশীয় ৫টি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সঙ্গে লিংক তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। এসব বাস্তবায়ন করতে আরো সময় প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেলগুলোর লিংক শেয়ার, কনটেন্ট প্রোভাইডারদের সঙ্গে চুক্তির বিষয়গুলোও সম্পন্ন না হওয়ায় আপাতত থ্রিজি দিয়ে স্যাটেলাইট টিভিতে সরাসরি খেলা দেখা আপাতত সম্ভব হবে না।

ব্রিটনি স্পিয়ারস’র বিয়ের প্রস্তুতি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

ব্রিটনি স্পিয়ারস’র বিয়ের প্রস্তুতি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
ছেলে বন্ধু জেসন ট্রাওয়েকের সঙ্গে গাঁটছড়া বাঁধার উদ্দেশ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ারস। আর তাই বিশেষ ডায়েট করছেন তিনি। তিন বছর ডেট করার পর গেল বছর ডিসেম্বরে ট্রাওয়েকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ব্রিটনি।

সম্প্রতি জানা গেছে, আমেরিকার এক্স ফ্যাক্টর শোটি শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। এক্স ফ্যাক্টর বিচারক ব্রিটনি এখন থেকেই নিজের শরীরের প্রতি বিশেষ নজর রাখা শুরু করেছেন। তিনি ব্রাইডজেলা ডায়েট করছেন যেন বিয়ের দিন তাকে দেখতে সবচেয়ে আকর্ষণীয় লাগে। তিনি বিয়ের দিনে তার চেহারা এবং আউটফিট নিয়ে সচেতন। এক্স ফ্যাক্টর শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন এ পপ তারকা।

গর্ভাবস্থায় চিপস খেলে নবজাতকের ওজন কম হয় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

গর্ভাবস্থায় চিপস খেলে নবজাতকের ওজন কম হয় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট




 গর্ভাবস্থায় যেসব নারী চিপস খান তাদের সন্তান কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। স্পেনের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।



সেন্টার ফর রিসার্চ ইন এনভায়রনমেন্ট এপিডেমিওলজির (সিআরইএএ) গবেষকরা
জানান, গর্ভাবস্থায় চিপস খেলে নবজাতক শিশুর স্বাস্থ্য সমস্যা হওয়ার অধিক
ঝুঁকি রয়েছে। চিপসে এক্রিলিমিড নামে এক ধরনের উপাদান আছে, যা শিশুর মাথার
আকৃতি ছোট করে দেয়। সাধারণত ভাজা-পোড়া, তৈলাক্ত খাবার ও কফিতে এক্রিলিমিড
নামের রাসায়নিক উপাদানটি থাকে।



যেসব মা গর্ভাবস্থায় অধিক পরিমাণে চিপস, ক্রিপস এবং বিস্কুট জাতীয় খাবার খান তাদের শিশুদের গড় ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়।



বিষয়টি নিয়ে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেনমার্ক, যুক্তরাজ্য, গ্রিস,
নরওয়ে ও স্পেনের  এক হাজার ১০০ গর্ভবতী মহিলার ওপর পরীক্ষা চালানো হয়। এ
সময় দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় চিপস জাতীয় খাবার খেতে বেশি পছন্দ
করেছেন তাদের সন্তানের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়েছে।



এ সময় দেখা যায় ১৮৬ মহিলার শিশু খুব ছোট মাথা ও ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে।
কারণ খুঁজতে গিয়ে আমরা তাদের খাদ্য তালিকার খোঁজ করি এবং দেখতে পাই তারা
অধিক পরিমাণ চিপস জাতীয় খাদ্য গ্রহণ করেছেন। ফলে তাদের গর্ভের সন্তান কম
ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। সূত্র: ডেইলি মৈইল।


আজ শুভ বিজয়া :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আজ শুভ বিজয়া :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ আহ্বান নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বুধবার সমাপন ঘটবে হিন্দু সমপ্রদায়ের সবচে বড় উত্সব শারদীয় দুর্গাপূজা। আজ শুভ বিজয়া।

সনাতন বিশ্বাসে শনিবারের বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে। টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে আজ ফিরে যাবেন কৈলাশে স্বামী শিবের সান্নিধ্যে। গজগামিনী দেবী ফিরে যাবেন নৌকায়। ফল-মড়ক।

আজ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল। ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্র পাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। ধান, দুর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানাবে ভক্তরা।

একদিকে বিদায়ের সুর। অন্যদিকে উত্সবের আমেজ। ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, তাঁতী বাজার, শাঁখারী বাজার, স্বামীবাগসহ বিভিন্ন মণ্ডপে চলবে আবির উত্সব। সকালে দেয়া হবে দর্পণ ঘট বিসর্জন। রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিজয়া শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হবে। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। বঙ্গভবনসহ গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জিত করা হয়েছে।

যানজটে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

যানজটে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সাভারের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে ঈদে বাড়িমুখি হাজার হাজার যাত্রী। যানজটের কারণে সিডিউল অনুযায়ী বাস না ছাড়ার কারণে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে দেখা গেছে যাত্রীদের ভিড়। মঙ্গলবার বিকাল থেকে রাস্তায় থেমে থেমে যানজট লেগে আছে। বুধবার শেষ খবর পাওয়া পর্যন্তও যানজট লেগেই আছে। রাস্তার কোথাও কোথাও পুলিশ দেখা গেলেও যানজট নিরসনে তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীগামী একটি বাসের যাত্রী রাসেল মোস্তাফিজ জানান, গতকাল রাত ১১ টার সময় তিনি ঢাকা থেকে রাজশাহীর গাড়িতে ওঠেন। আজ বেলা ১১টার সময় রাজশাহী পৌঁছান। সাধারণত রাজশাহী পৌঁছাতে সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে। অন্যদিকে এ মহাসড়কে পযাপ্ত র‌্যাব ও ট্রাফিক পুলিশ না থাকায় যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। মহাসড়কে যানজট থাকার কারণে দুই দিনেও বাড়ি যেতে পারছে না উত্তরাঞ্চলের লাখ লাখ ঘরমুখী মানুষ। প্রতিবছর ঈদের তিন মাস আগে ঢাক-ডোল পিটিয়ে যোগাযোগ মন্ত্রণালয় রাস্তায় নামার কথা বললেও শেষ বেলায় তাদের পাওয়া যায়না। যানজটের কারণে বাসের শিডিউল বিপর্যস্ত। এজন্য ঘরমুখো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বাস টার্মিনালে। কিন্তু বাসের কোনো দেখা নেই। সময়মতো কোনো বাসই ছাড়তে পারছে না টার্মিনাল থেকে। বুধবার সকালে রাজধানীর আসাদগেট জবা পরিবহন ও এসবি কাউন্টারে গিয়ে দেখা যায় শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জবা পরিবহনের কাউন্টার ম্যানেজার হালিম জানান, গাবতলী থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট থাকায় বাসগুলো যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে ফিরতে দেরি হচ্ছে। এ কারণে আমরা সময় মতো যাত্রীদের পৌঁছেদিতে পারছিনা। সরকার এ মহাসড়কটি মেরামত করলে যাত্রীদের ভোগান্তি কমে যাবে। রাজধানী থেকে কুড়িগ্রামে ঈদের ছুটিতে যাচ্ছেন শহিদুর রহমানের চার সদস্যের পরিবার। তাদের নিয়ে টার্মিনালের এক কোনে বসে কলা ও পাউরটি খাচ্ছেন তিনি। তিনি বলেন, এসবি পরিবহনে কুড়িগ্রাম যাওয়ার জন্য গত ১৭ অক্টোবর অগ্রিম টিকিট কেটেছি। রাত ১০টায় বাস। রাত ৯টার দিকে কোনো রকম খেয়ে না খেয়ে গাবতলী এসে পৌঁছেছি। এখন সকাল ১১ বাজে। যারা ৯টার টিকিট কেটেছিল, তারাই এখনো যেতে পারেনি। শুনেছি, ঘাটেও অনেক যানজট। গাবতলী বাস টার্মিনালে দেখা গেল মানুষের হতাশা। সকাল সাড়ে ৭টার বাস ছাড়ছে দেড়টায় আর ১০টার বাস ছাড়ছে ৩টায়। যেসব পরিবহন কোম্পানি অতিরিক্ত ট্রিপের জন্য রিজার্ভ বাস রেখেছিল, তারা সে বাসগুলো দিয়ে কোনো রকম চালিয়ে নিলেও যাদের এ ব্যবস্থা নেই তারা আছে মহাবিপদে। একদিকে যাত্রীদের চাপ অন্যদিকে ব্যবসায়িক ক্ষতি। অনেক কাউন্টার থেকে স্টাফরা যাত্রীদের ভয়ে আশপাশে ঘুরছেন আর বারবার ফোনে বাসের অবস্থান জানছেন।

সোনারগাঁওয়ে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২০ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

সোনারগাঁওয়ে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২০ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতু এলাকায় বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসের ২০ বাস যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ইলিয়াটগঞ্জ থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী মেঘনা সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশবর্তী বৈদ্যুতিক খুটিতে সজোরে ধাক্কা খায়।

এতে বাসের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে বাসটি সম্পূর্ণ ভূস্মিভূত হয়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরণের কোনো অঘটন ঘটেনি।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল বার্তা২৪ ডটনেটকে জানান, যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে সৃষ্ট আগুনে পুরো বাস ভূস্মিভুত হয়ে গেছে।

ক্যারিয়ার বিষয়ে অরেঞ্জ বিডি’র সেমিনার :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

ক্যারিয়ার বিষয়ে অরেঞ্জ বিডি’র সেমিনার :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
তথ্য প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে থাকা অরেঞ্জ বিডি’র পক্ষ থেকে গত শনিবার ক্যারিয়ার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আহসানল্লাহ্  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল  সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারের বিষয় ছিল ‘ক্যারিয়ার ফর আইসিটি ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট’।

সেমিনারে ওয়েব প্রোগ্রামার, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভলপার এবং জবসইনবিডি সম্পর্কিত নানা তথ্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অরেঞ্জ বিডি’র পক্ষ থেকে ওয়েব সলিউশন পরিচালক মো. হাফিজ আহমেদ বক্তব্য রাখেন। তিনি কিভাবে আইসিটিতে ক্যারিয়ার উন্নত করা যায় এ বিষয়ে দিকনির্দেশনা দেন।

বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার মো. আশরাফউজ্জামান খান অরেঞ্জ বিডি এবং আইসিটি ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্টের পদক্ষেপগুলো, অরেঞ্জ বিডির উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা, OSET এর পটভূমি ও উদ্দেশ্য, আইসিটি ওয়ার্ক ফোর্স’র চ্যালেঞ্ সমূহ এবং কিভাবে OSET এসব চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় সহায়তা করবে এসব বিষয়ে আলোচনা করেন। সবশেষে মার্কেটিং এক্সিকিউটিব মাহমুদুল হাসান জবসইনবিডি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ড. এস.এম.আবদুল্লাহ আল-মামুন ও মো. আবুল হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সামিউদ্দিন মো. আরিফুর রাহমান ও মি. ববি বড়ুয়া।

শাহ্রিয়ার শাম্স তমালের সঞ্চালনায় বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে একটানা দেড় ঘণ্টা চলার পর বিকেল পাঁচটায় সেমিনার সমাপ্ত হয়। এছাড়া দিনব্যাপী জবসইন বিডির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। -বিজ্ঞপ্তি