অন্তত ১০০ রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি ট্রলার ডুবে গেছে বঙ্গোপসাগরে। বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
বাংলাদেশ বর্ডার গার্ড- বিজিবি'র কমান্ডার লে. কর্নের জাহিদ হাসান জানিয়েছেন, কক্সবাজার উপকূলে ডুবে যাওয়ার সময় মালয়েশিয়াগামী ট্রলারটিতে ১১০ জনের বেশি যাত্রী ছিল। স্থানীয় জেলেদের সহযোগিতায় ১১ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের জন্য অভিযান চলছে বলে হাসান জানান। তিনি বলেন, ট্রলারটি অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিল। উদ্ধারকৃত সবাইকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে অন্তত দু'জন রোহিঙ্গা মুসলমান।
কোস্টগার্ডের অপর কর্মকর্তা লে. বদরুদ্দোজা জানিয়েছেন, বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।
মিয়ানমারের উগ্র বৌদ্ধ জনগোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর পাশবিক হামলার মুখে দেশটি থেকে পালিয়ে যাচ্ছেন রোহিঙ্গা মুসলমানরা। গত ২৮ অক্টোবর মালয়েশিয়া যাওয়ার পথে ১৩৫ রোহিঙ্গাকে নিয়ে আরেকটি ট্রলার ডুবে গিয়েছিল। সে ট্রলারের মাত্র ছয় জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিদের সলিল সমাধি হয়েছে।
প্রাণ বাঁচাতে নৌকা ও ট্রলারে করে বাংলাদেশ উপকূলে আসা রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ঢাকা। জাতিসংঘ বাংলাদেশ সরকারের এ পদক্ষেপের সমালোচনা করলেও ঢাকা বলেছে, এসব শরণার্থী বাংলাদেশের নাগরিক নয় বলে তাদেরকে গ্রহণ করতে পারবে না দেশটি। এ ছাড়া, আগে থেকেই বাংলাদেশে প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। বাংলাদেশ বরং রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে।