Pages

Wednesday, October 3, 2012

জিএম গরুর দুধ উপকারী :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

জিএম গরুর দুধ উপকারী :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 সাধারণত গরুর দুধে শিশুরা অ্যালার্জি আক্রান্ত হয়। পরিসংখ্যানে দেখা গেছে, এক বছর বয়সী প্রায় ৩ শতাংশ শিশুর গরুর দুধে অ্যালার্জি রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে ল্যাক্টোজ অ্যালার্জি বলা হয়। তবে জেনেটিক উপায়ে তৈরি করা গরু বা জিএম গরুর দুধে এ ধরনের অ্যালার্জির আশঙ্কা কম বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, যেসব গরুর দেহে জিনগত পরিবর্তন করা হয়েছে সেগুলোর
দুধে অ্যালার্জির মাত্রা কম।

বিজ্ঞানীরা জানান, জেনেটিক উপায়ে তৈরি করা গরুর দুধে বেটা-ল্যাক্টোগ্গ্নোবুলিন থাকে না। বেটা-ল্যাক্টোগ্গ্নোবুলিন নামক এ প্রোটিন জাতীয় পদার্থটিই অ্যালার্জির কারণ।

নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা জানান, মায়ের দুধ ও গরুর দুধের মধ্যে গবেষণা করে দেখা গেছে, মায়ের দুধে বেটা-ল্যাক্টোগ্গ্নোলিন নামক প্রোটিন থাকে না। কিন্তু সাধারণ গরুর দুধে এ প্রোটিনটি বিদ্যমান। তাই বেটা-ল্যাক্টোগ্গ্নোবুলিন সমৃদ্ধ দুধে শিশুরা অ্যালার্জি আক্রান্ত হয়।

বিজ্ঞানীরা গরুর ডিএনএতে পরিবর্তন করে বেটা ল্যাক্টোগ্গ্নোবুলিন প্রোটিন তৈরির পদ্ধতিকে পরিবর্তন করেছেন। তারা বেটা-ল্যাক্টোগ্গ্নোবুলিন জাতীয় প্রোটিন উৎপাদন ব্যাহত করতে আরএনএ ইন্টারফেয়ারেন্স পদ্ধতির মাধ্যমে গরুর দেহে বাড়তি জেনেটিক উপাদান প্রবেশ করিয়েছেন। এ পদ্ধতিতে তৈরি করা বাছুরটি লেজ ছাড়া জন্ম নিয়েছে।

গবেষকরা জানান, সম্ভবত জেনেটিক পরিবর্তনের কারণেই এমনটি হয়েছে। বাছুরটি এখনো গর্ভবতী হয়নি। তাই এর দুধ উৎপাদন শুরু হয়নি। সেজন্য হরমোন ব্যবহার করে বাছুরটি থেকে দুধ পাওয়ার চেষ্টা চালাচ্ছে তারা।

গবেষকরা গরুর দুধে অ্যালার্জির উপাদান দূর করার পদ্ধতিকে মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। তবে
অনেকেই মনে করছেন, জেনেটিক উপায়ে গরু তৈরি করা নিয়ে নীতিগত সংকট দেখা দিতে পারে। সূত্র: বিবিসি

ডিবি কার্যালয়ে বিএনপির এমপিরা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

ডিবি কার্যালয়ে বিএনপির এমপিরা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
পুলিশের হাতে আটক যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে দেখা করতে ডিবি অফিসে গেলেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, নিজাম উদ্দিন, আবুল খায়ের ভুঁইয়া, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, নিলোফার চৌধরী মনি, অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানুসহ বেশ কয়েকজন মিন্টু রোডের ডিবি অফিসে গেছেন।

এদিকে বিএনপিপন্থী আইনজীবীরা দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করে কার্যালয় থেকে বের হয়ে মামলায় অভিযুক্তদের আগাম জামিনের জন্য জজ কোর্টে গেছেন বলে জানিয়েছে দলের একটি নির্ভরযোগ্য সূত্র।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের আটকের পর নয়াপল্টনে আবারো তৎপর দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

নীল নকশা বাস্তবায়নে দেশকে অস্থিতিশীল করছে সরকার: বিএনপি :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

নীল নকশা বাস্তবায়নে দেশকে অস্থিতিশীল করছে সরকার: বিএনপি :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 একদলীয় শাসন পাকাপোক্ত করার নীলনকশা বাস্তবায়ন করতে সরকার দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “ক্ষমতায় থাকার নীল নকশা বাস্তবায়ন করতে সরকার উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। কারণ রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ ও সর্বগ্রাসী দুর্নীতির কারণে হীন অপচেষ্টা করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়।”’’

রামুর ঘটনাকে সরকারের নীল নকশার অংশ দাবি করে তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সরকার সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকার একতরফাভাবে বিরোধী দলকে এ ঘটনায় দায়ি করলেও পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবিতে প্রমাণ হয়েছে যে, সরকারি দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রামুর ঘটনায় জড়িত।”

দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন। দেশকে সংঘাতের হাত থেকে বাচাঁন। অন্যথায় এর সব দায়দায়িত্ব আপনাদের নিতে হবে।”

হলমার্কসহ সরকারের দুর্নীতির কারণে জনগণের নজর ভিন্নখাতে প্রবাহিত করতে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দেয়া দায়েরের নিন্দা জানিয়ে তিনি বলেন, “বিরোধী নেতাদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে এ মামলা দেয়া হয়েছে।”

উল্লেখ্য, মঙ্গলবার নেত্রকোনায় মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল চলাকালে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দুটি মামলা করেছে পুলিশ। এতে অর্ধশতাধিক নামে এবং অজ্ঞাতনামা প্রায় আড়াই হাজার লোককে আসামি করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা সচেতনভাবে ধ্বংসাত্মক কর্মসূচি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করছে।”

সরকারের কৌশলের সঙ্গে বিরোধী দলের আন্দোলনের কৌশলের  ব্যাপারে জানতে চাইলে বিএনপির অন্যতম নীতিনির্ধারক এই নেতা বলেন, “যারা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায় তারা আমাদের আন্দোলনকে নিয়ে কথা বলবে। কিন্তু আমরা মনে করি আমাদের কৌশল ঠিক আছে। জনগণকে সঙ্গে নিয়েই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে।”

ঢাবি অধ্যাপক গোলাম মাওলা ৩ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ঢাবি অধ্যাপক গোলাম মাওলা ৩ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 হিযবুত তাহরীরের সিনিয়র উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলা ও তার সহযোগী মাকসুদুর রহমানকে নিয়মিত মামলায় ফের তিনদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার মহানগর হাকিম এমএ সালাম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ডিপ্লোমেটিক জোন আমেরিকান দূতাবাস এলাকায় ক্ষতি করার উদ্দেশে দলবদ্ধ হয়ে যাওয়ার মামলায় তিনি পাঁচদিন রিমান্ডে ছিলেন।

ওই মামলায় রিমান্ড শেষে তাকে গত ১ অক্টোবর আদালতে হাজির করে গুলশান থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফের সাত দিন রিমান্ডের আবেদন করা হয়।

তবে রিমান্ড শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র না থাকায় মহানগর হাকিম তানভীর আহমেদ বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকায় আমেরিকান দূতাবাসে কমর্রত বিদেশী নাগরিক ও স্থাপনার ক্ষতি করার উদ্দেশে প্রস্তুতির অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর তাদের গ্রেফতার করা হয়।

জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে ড. গোলাম মাওলা এর আগে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর অপর ১০ সহযোগীসহ রাজশাহী সোনাদীঘি মোড়ের সিটি প্রেস ক্লাবের নিচতলা থেকে গ্রেফতার হন। এরপর ২০১০ সালের ৮ জুলাই একই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এ মামলায় তিনি তিনদিন রিমান্ডেও ছিলেন।

২০০৯ সালের ২২ অক্টোবর সরকার জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করে। এর পরপরই এ জঙ্গি সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দেন।

দেশের তৃতীয় চিড়িয়াখানা হচ্ছে সিলেটে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

দেশের তৃতীয় চিড়িয়াখানা হচ্ছে সিলেটে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সরকারি ব্যবস্থাপনায় দেশের তৃতীয় চিড়িয়াখানা সিলেটে স্থাপন করতে যাচ্ছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেটের খাদিমনগর ‘ইকো পার্ক’-এ এই চিড়িয়াখানা করা হবে।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত সভাপতিত্ব করেন।

দেশে বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় দু’টি চিড়িয়াখানা চালু রয়েছে। এরমধ্যে একটি ঢাকার মিরপুরে এবং অন্যটি রংপুর শহরে।

বর্তমানে বাংলাদেশে কোনো জাতীয় চিড়িয়াখানা নেই। এজন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা থেকে সরকার বঞ্চিত হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি জাতীয় চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এজন্য আইন প্রণয়নের প্রক্রিয়াও চলছে।

ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহিদল্লাহ খাদিমনগরে চিড়িয়াখানা স্থাপনের বিস্তারিত পরিকল্পনা সভায় তুলে ধরেন।

শহিদুল্লাহ জানান, প্রাথমিকভাবে খাদিমনগর ইকোপার্কের আট একর জমিতে এ চিড়িয়াখানা স্থাপন করা হবে। পরবর্তী সময়ে স্থানীয়দের কাছ থেকে জমি অধিগ্রহণ করে চিড়িয়াখানাটি ৩০ একর জমিতে সম্প্রসারিত করা হবে। এতে সংরক্ষিত বনাঞ্চলের অস্তিত্ব রক্ষা করে প্রাণীদের জন্য স্থাপনা নির্মাণ করা হবে। যাতে করে ইকোসিস্টেম নষ্ট না হয়।

এজন্য ১০ কোটি টাকার একটি স্থাপনা নির্মাণসংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিলেটে চিড়িয়াখানা স্থাপনে অর্থমন্ত্রীর আগ্রহ থাকায় এটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চলতি বছরেই এ চিড়িয়াখানা তৈরির কাজ শুরু হবে। পরে পর্যায়ক্রমে আরো ২২ একর জমি অধিগ্রহণ করা হবে।

ইউপি সচিবদের আন্দোলন সামলাতে কাল বৈঠকে বসছেন নানক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ইউপি সচিবদের আন্দোলন সামলাতে কাল বৈঠকে বসছেন নানক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  সারাদেশে ইউনিয়ন পরিষদ সচিবদের চাকরি জাতীয়করণ ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগ সচিবকে নির্দেশ দেয়ার সাত মাসেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। সচিবদের আন্দোলন সামলাতে বৈঠকে বসছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমরায় প্রতিমন্ত্রী।

সচিবদের আন্দোলনের হুমকির দেয়ার আগেই স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার সমিতির নেতাদের নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিবদের চাকরি জাতীয়করণ ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ২ জানুয়ারি ও ২৩ জুলাই পর পর দুটি স্মারকলিপি দেয়া হয়।

পরে ইউনিয়ন সচিবদের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের জন্য গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগ সচিবকে নির্দেশ দেয়া হয়।

কিন্তু স্থানীয় সরকার বিভাগ সচিব এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না সারাদেশে চার হাজার ৫৪৫টি ইউনিয়ন পরিষদের সচিবরা আন্দোলনের হুমকি দিয়ে আসছিল।

সচিবদের বিষয় সমাধোনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবারয় প্রতিমন্ত্রীর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির কেন্দ্রীয় কমিটির নেতাদের মতবিনিময় করবেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দফতর থেকে সমিতির ১৪ জন নেতাকে ডাকা হয়েছে। নেতারা হলেন, সভাপতি সোহেলুর রহমান, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ফরিদ আহমেদ চৌধুরী, এইচ এম রেজাউল করিম তুহিন, ফয়জুল ইসলাম, রজ গোপাল বৈষব, আতিকুর রহমান, মিজানুর রহমান ও এনায়েত হোসেন প্রমুখ।

এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বার্তা২৪ ডটনেটকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। আমাদের চাকরি জাতীয়করণ ও দ্বিতীয় শ্রেণীর অফিসার পদমর্যাদা চাইছি।”

তিনি বলেন, “বৃহস্পতিবার প্রতিমন্ত্রী আমাদের দাবি না মানলে আমরা আন্দোলনে যাবো।”

‘রাজাকার ক্যাম্পে মুজাহিদ নিয়মিত আসা-যাওয়া করতেন’ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

‘রাজাকার ক্যাম্পে মুজাহিদ নিয়মিত আসা-যাওয়া করতেন’ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী মাহবুব কামাল জবানবন্দিতে বলেন, ফকিরাপুলে গরম পানির গলিতে ফিরোজ মেম্বার ওরফে ফিরু মেম্বারের বাসায় অবস্থিত রাজাকার ক্যাম্পে তৎকালীন ছাত্র সংঘের নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ নিয়মিত আসা যাওয়া করতেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনালে তিনি তার জবানবন্দি পেশ করেন। জবানবন্দি শেষে তাকে জেরা করতে আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

সাক্ষী তার জবানবন্দিতে বলেন, আমার নাম মাহবুব কামাল, পিতা- নাঈম উদ্দিন মন্ডল, গ্রাম-মদাতি, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।

সাক্ষী বলেন, একাত্তর সালে ২৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত আমি ঢাকার ফকিরাপুলের ২১০ নাম্বার বাসায় ভাড়া ছিলাম। ১৯ এপ্রিল আমি আমার গ্রামের বাড়ি চলে যাই। ৩০ জুন আবার ঢাকায় ফিরে এসে ১৬ ডিসেম্বর পর্যন্ত ওই বাসায় অবস্থান করি।

তিনি বলেন, আমাদের বাসার দেড়শ থেকে দুইশ গজ দূরে গরম পানির গলিতে ফিরোজ মেম্বার ওরফে ফিরু মেম্বারের বাসায় অবস্থিত রাজাকার ক্যাম্পে তৎকালীন ছাত্র সংঘের নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ নিয়মিত আসতেন। এই ক্যাম্পটি একই সঙ্গে একটি কনভার্সন ক্যাম্প ছিল। রাজাকার বাহিনীর যে সব সদস্য কার্যক্রমে দক্ষতা দেখাতে পারতেন তাদেরকে বদর বাহিনীতে উন্নত করা হতো।

তিনি বলেন, জামায়াত ইসলামীর আমির ছিলেন গোলাম আযম। ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন মতিউর রহমান নিজামী, সাধারণ সম্পাদক ছিলেন আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। পরে অবশ্য তিনি ছাত্রসংঘের সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় মুজাহিদের স্বাক্ষরসহ রাজাকারদেরকে পরিচয়পত্র দেয়া হতো।

মাহবুব কামাল বলেন, আমার দুঃসম্পর্কের চাচাত ভাই মহসিন আলী (বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের নিম্নমান সহকারী হিসেবে কর্মরত) একাত্তর সালে চাকরি খোজার জন্য ঢাকায় আমাদের বাসায় উঠেছিলেন। ১৯ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত যে সময়টাতে আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। সে সময় তিনি আমার ঢাকার বাসা পাহারা দিতেন। এ সময়ই তিনি ফিরু মেম্বারের বাড়ি রাজাকার ক্যাম্পে গিয়ে রাজাকার হিসেবে যোগদান করেছিলেন। বিষয়টি আমরা জানতাম না। একাত্তর সালে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের পর পরই আমাদের কিছু না জানিয়ে পালিয়ে যায়। আমরা তার পালিয়ে যাওয়ার কারণ বুঝতে পারিনি। পরে তার জিনিসপত্র ঘাটাঘাটি করতে গিয়ে একটি আইডি কার্ড পাই। সেটি দেখে আমরা বুঝতে পারলাম তিনি রাজাকার ছিলেন। সেই আইডি কার্ডে ফিরু মেম্বারের স্বাক্ষর এবং আলী আহসান মুজাহিদের প্রতিস্বাক্ষর ছিল। বিভিন্ন সময় বাসা পরিবর্তনের কারণে সে আইডি কার্ডটি আমরা হারিয়ে ফেলেছি।

তিনি বলেন, স্বাধীনতার পরে আমরা যখন ফিরু মেম্বারের বাড়ি রাজাকার ক্যাম্পের ওপর নিয়ন্ত্রণ করি। তখন এটিকে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রূপান্তর করা হয়। এ সময় আমরা রাজাকারদের ফেলে যাওয়া অনেক ডকুমেন্ট উদ্ধার করি। দীর্ঘ সময়ের বিবর্তনে উদ্ধারকৃত ডকুমেন্ট হারিয়ে গিয়েছে।

সাক্ষী বলেন, একাত্তর সালে আমি ঢাকার নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র একই সঙ্গে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ফকিরেরপুল আঞ্চলিক শাখার সাহিত্য সম্পাদক ছিলাম। বঙ্গবন্ধু এবং ইয়াহিয়া খানের মধ্যে দেশের রাজনৈতিক সংকট নিরসনে যে সংলাপ চলছিল সে সময় আমরা উৎকণ্ঠায় ছিলাম। ২৫ মার্চ সন্ধ্যার পর থেকেই গুঞ্জন উঠলো আজ রাতে একটি বড় ধরনের ক্রাকডাউন হতে পারে। আমরা রাত ১০টা ১১টার দিকে ছাত্রলীগের সহকর্মীদের নিয়ে বিআইটি এক্সটেনশন রোডে ব্যারিকেট সৃষ্টি করি। আনুমানিক রাত বারটার দিকে পাক আর্মি আমাদের বাসার কাছে রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করে। প্রচণ্ড গুলাগুলির শব্দে আমরা কিংকতর্ব্যবিমুঢ় হয়ে পড়ি। সারা রাত ধরে গুলাগুলি চলে। পরদিন কারফিউ থাকার কারণে আমরা বাইরে যেতে পারিনি। এরপর মুক্তিযুদ্ধ শুরু হয়।

তিনি বলেন, আমার এলাকার বর্তমান বিএনপি নেতা আব্দুস সালাম, জিএম গাউস, হানিফ, মাওলা আলী ওরফে, দিলু, শফিক, নাজুসহ আরো অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আমার বাসা দেখার প্রয়োজনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি।

তিনি বলেন, উক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে নাজু নামে একজনকে ধরে রাজাকাররা হত্যা করে বলে আমি জানতে পারি। আমি মনে করি রাজাকার, আল-বদররা পাকিস্তান হানাদার বাহিনীর সমান অপরাধী। বরং কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধের মাত্রা ছিল অনেক বেশি। আমাদের দেশের ভৌগলিক অবস্থান এবং ভাষা সম্পর্কে পাক বাহিনীর ধারণা না থাকার সীমাবদ্ধতাকে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র সংঘের সদস্য, রাজাকার ও আল-বদররা পূরণ করে তাদেরকে সব ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করে।

এর আগে প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী জহির উদ্দিন জালালকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মুন্সী আহসান কবির।
পরে তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষী জালাল মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। জবানবনন্দিকালে তিনি বলেছেন, একাত্তর সালের ২৯ আগস্ট সকাল বেলা দৈনিক সংগ্রাম পত্রিকা পড়ে তিনি শহীদ জননী জাহানারা ইমামের স্বামী এবং দুই সন্তানকে ধরে নিয়ে যাওয়ার খবর জানতে পারেন। অথচ শহীদ জননী নিজে তার একাত্তরে ডায়েরিতে লিখেছেন ২৯ তারিখ রাত দুইটার পরে অর্থাৎ ৩০ আগস্ট ভোর বেলা তার স্বামী সন্তানদেরকে ধরে নিয়ে যায় পাক বাহিনী।

আসামিপক্ষের এ আইনজীবী উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন- কে সত্য, শহীদ জননী জাহানার ইমাম নাকি সাক্ষী জালাল?

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষী শাহরিয়ার কবীর গত ২৬ আগস্ট জবানবন্দি পেশ করেন। জবানবন্দি শেষে তাকে জেরা শুরু করে আসামিপক্ষ।

গত ২১ জুন মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি ঘটনায় ৩৪টি অভিযোগে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এর আগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মুজাহিদকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২ আগস্ট এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষক প্রতিনিধিরা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষক প্রতিনিধিরা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
প্রধানমন্ত্রীকে স্বারকলিপি দিতে ছয় সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল গণভবনে গেছেন।

বাংলাদেশ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী  ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সভাপিত অধ্যক্ষ এশারত আলীর নেতৃত্বে দুপুর সোয়া ৩টার দিকে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলো-ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির নেতা শরিফুজ্জামান, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মশিউর রহমান, মাহমুদুল হাসান।

এর  আগে আন্দোলনরত শিক্ষককেরা সকাল ১০টায় তারা কাফনের কাপড় নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় । সেখানে অবস্থান শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে স্মারকলিপি দিতে যাত্রা করলে শিশু পার্কের সামনে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশি বাধায়  আন্দোলনরত শিক্ষককেরা সেখানে থেমে যায়। এবং সেখান থেমে তাদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়।

কেন্দ্রীয় কমিটির সভাপিত অধ্যক্ষ এশারত আলী বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা করলে পুলিশ আমাদের বাধা দেয়। এর পর আমি সহ ছয় সদস্যের দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি দেয়ার জন্য এসেছি। এখান থেকে ফিরে আমরা আবারো আমাদের সহকর্মীরা সবাই  জাতীয় প্রেস ক্লাবের সামনে যাবো। এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’’

এ হামলা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল: তথ্যমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

এ হামলা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল: তথ্যমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 কক্সবাজারের রামুতে বৌদ্ধদের উপাসনালয়, ঘর-বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং মন্দিরে লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, “এই হামলা দেশের গণতন্ত্র, সংবিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শালিম।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শান্তি পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু।

হাসানুল হক ইনু বলেন, ‘‘এই হামলার ঘটনা সুপরিকল্পিত এবং দেশের বিরুদ্ধে সুগভীর চক্রান্ত। দেশকে অস্থিতিশীল করা, সাময়িক উত্তেজনা তৈরি এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির  দেশ। কিন্তু আমেরিকায় রাসুলকে স. নিয়ে নির্মিত চলচিত্রকে কেন্দ্র করে যারা উস্কানি দিচ্ছে, তারা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।’’

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, রাকসুর সাবেক ভিপি রাগিব হাসান মুন্না, শান্তি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কাশেম প্রমুখ।

উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও এসব প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করতে উচ্চ শিক্ষা কমিশন নামে একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নেও একটি স্বতন্ত্র এক্রেডিটেশন কাউন্সিল গঠনের বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

শেখ হাসিনা বুধবার তার কার্যালয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর পদক’ বিতরণকালে একথা বলেন। অনুষ্ঠানে ২০১০ সালে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য ২২ বিশ্ববিদ্যালয়ের মোট ৮২ শিক্ষার্থীকে এই পদক দেয়া হয়।

শেখ হাসিনা নিজস্ব আয়ের ওপর অধিকতর নির্ভরশীল হওয়ার প্রয়াস চালাতে সরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি অর্থের ওপর অধিক নির্ভরশীলতার কারণে এই বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের অধিকার খর্ব হচ্ছে।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর এ কে আজাদ চৌধুরী।

পদকপ্রাপ্তদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভূতিভূষণ সিকদার ও বুয়েটের নাজিয়া নাফসিন তাদের অনুভূতি ব্যক্ত করেন। সূত্র: বাসস

জাতীয় পার্টির নেতা গোলাম রেজার বাসায় হামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

জাতীয় পার্টির নেতা গোলাম রেজার বাসায় হামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।
 
বুধবার ১১টা ৪৫ মিনিটে এক দল দুর্বৃত্ত এ হামলা চালায়।
 
স্থানীয় সূত্র জানায়, ২০ থেকে ২৫ জনের একটি দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নামে স্লোগান দিয়ে সেনপাড়া পর্বতায় শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের চতুর্থ তলায় গোলাম রেজা মালিকানাধীন বিএম ট্রাভেলসে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়।
 
ওই মিছিলকারীরাই ১৫৯/৪ সেনপাড়া পর্বতায় গোলাম রেজার বাস ভবনে হামলা চালায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী এইচ.এম গোলাম রেজাকে পার্টির প্রেসিডিয়াম পদ এবং সংসদীয় দলের হুইপের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। একই ধারায় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকে পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব দেন।

এইচ.এম. গোলাম রেজা বিভিন্ন স্থানে আমার রাজনৈতিক সচিব এবং একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি এই ভূয়া পরিচয় সম্বলিত ভিজিটিং কার্ড তৈরি করে বিতরণও করছেন, যা প্রতারণার শামিল।  তিনি কখনই আমার রাজনৈতিক সচিব ছিলেন না, এখনো নেই এবং তিনি এখন আমার পিএসও নন বলে উল্লেখ করেন এরশাদ।

তবে এ অভিযোগ অস্বীকার করে গোলাম রেজা বার্তা২৪ ডটনেটকে বলেছিলেন, আগে আমি তার পিএস ছিলাম। তখন সুনীল শুভরায় আমার অধীনে কাজ করতেন। কিন্তু এখন আমি সে দায়িত্বে নেই। তাছাড়া আমিতো এখন এমপি। এরশাদের পরিচয় দিয়ে আমি কোনো দিক থেকে লাভবান হবো না- সেটি দেশের সবাই জানে। তবুও তিনি কিসের ভিত্তিতে এমন করলেন, তা আমার জানা নেই।

বর্তমানে এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এবং একান্ত সচিব হিসেবে মেজর অব. খালেদ আখতার দায়িত্ব পালন করছেন।

সকল ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সকল ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সারাদেশে অবস্থিত মসজিদ, মন্দির, গির্জা, মঠসহ সকল ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের রামু, উখিয়া ও পটিয়া এলাকায় মন্দির, বাড়ি, দোকানসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের ঘটনায় নিজেদের ভূমিকা এক সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে আইজিপিসহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। ওই ঘটনা তদন্তে সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন ১৭ অক্টোবরের মধ্যে আদালতে দাখিল করারও নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার দাখিল করা পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ এ আদেশ দেন।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি ইজারুল হক আকন্দের বেঞ্চ এবং বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ বুধবার পৃথকভাবে আদেশ ও রুল জারি করেন।

বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে এবং বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চ এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়া থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার সকালে চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের রামু, উখিয়া ও পটিয়া এলাকায় বৌদ্ধ বসতি ও মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চ।

অন্যদিকে জনস্বার্থে ইউনুস আলী আকন্দ একটি রিট আবেদন দাখিল করেন। এ রিট আবেদনের ওপর শুনানি শেষে আদালত আগের স্বতঃপ্রণোদিত হয়ে জারি করা আদেশ এবং ইউনুস আলী আকন্দের রিট আবেদন সমন্বয় করে একটি আদেশ দেন।

আদেশে বলা হয়, যেহেতু জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে, তাই স্বতঃপ্রনোদিত রুল জারির প্রয়োজন দেখছি না। এ আদালত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতা কেন বোইনি ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন।

আগামী ১৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের ঘটনায় নিজেদের ভূমিকা এক সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

একই ঘটনায় সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গলবার একটি রিট আবেদন করেন। বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানিকালে অপর একটি আদালতের স্বতঃপ্রণোদিত রুলের তথ্য জানান রাষ্ট্রপক্ষ। এ পর্যায়ে আদালত শুনানি মুলতবি করেন। মধ্যাহ্ন বিরতির পর আদালত এ রিট আবদেনর ওপর শুনানি করে আদেশ দেন। এসময় আদালত চট্টগ্রাম ও কক্সবাজারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

আদালত আগামী ১৭ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এদিনের মধ্যে সরকারি তদন্তা কমিটির প্রতিবেদন আদালতে দাখিল করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেন।

ড. ইউনুস আলী আকন্দের রিট শুনানিতে সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বিরোধিতা করে বলেন, সকালে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। তাই এ নিয়ে আলাদা রিট আবেদন প্রয়োজন নেই।

এসময় রিট আবেদনকারী বলেন, এ রিট আবেদন শুধুই চট্টগ্রাম বা কক্সবাজারের ঘটনায় নয়। সারাদেশের ঘটনা নিয়ে এ রিট আবেদন। এরপর আদালত রুল জারির আদেশ দেন।

আদেশের পর ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, “সাংবাদিক সাগর-রুনি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী বলেছেন, বেডরুমে নিরাপত্তা দিতে পারবেন না। কিন্তু সংবিধান অনুযায়ী বেডরুমসহ সকল জায়গায় নিরাপত্তা দিতে হবে।”

তিনি বলেন, “ড. কামাল হোসেন বলেছেন, আমিও যেকোনো সময় গুম হতে পারি। এ অবস্থায় আজ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা হুমকির মুখে। একারণেই রিট আবেদন করা হয়েছে।”

ফেইসবুকে আল কোরআনকে অবমাননাকর ছবি প্রদশর্নের অভিযোগে ২৯ সেপ্টেম্বর শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়।

রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। পরদিন ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বৌদ্ধ বসতিতে হামলা হয়। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।

চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা আন্দোলনে যাচ্ছে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা আন্দোলনে যাচ্ছে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সিলেকশন গ্রেডসহ ১০ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে সরকার সমর্থিত বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতির কর্মচারীরা।

আগামী ১৪ অক্টোবর সমিতির আঞ্চলিক শাখা ও অধিদফতরের কর্মচারিদের সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে ঘোরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে মগবাজারস্থ প্রধান কার্যালয়ে সমিতির নির্বাহি পরিষদের আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি নির্বাহি পরিষদের সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির মহাসচিব মো. জাহাঙ্গীর আলম, সমিতির কার্যকরী সভাপতি হিরন মিয়া, সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য আবু তাহের, আজিজুল হক ও শহিদুল ইসলাম, মো. নুরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মো, শাহাবুদ্দিন ভুঁইয়া, সাংগাঠনিক সম্পাদক মো. রাশেদুল আলম ও আবুল ফয়েজ, দফতর সম্পাদক আবুল হোসেন শান্তি, অর্থ সম্পাদক আনিসুর রহমান যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাসচিব (২) মোন্তাজ উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক সাহেব মিয়া।

সভায় দাবি আদায়ে প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণলায়ের উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে মিছিলসহ স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় আগামী ১৪ অক্টোবর সমিতির আঞ্চলিক শাখা ও অধিদফতরের কর্মচারিদের সচিবালয় অভিমুখে মিছিলে যোগ দেয়ার আহবান জানানো হয়েছে।

সভার সিদ্ধান্তের বিষয়ে সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্মারকলিপি প্রদানের লক্ষে সকাল সাড়ে ১০টায় মৎস ভবন চত্বরে জমায়েত হতে বলা হয় কর্মচারীদের। সকাল সাড়ে ১১টায় স্মারকলিপি প্রদানের লক্ষে মিছিলসহ সচিবালয়ের অভিমুখে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

সমিতি সভাপতি মোহাম্মদ আলী বার্তা২৪ ডটনেটকে বলেন, “দীর্ঘ দিন ধরে সিলেকশন গ্রেড দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর অফিস থেকে দিক নির্দেশনা দেয়ার থাকলেও আজ পর্যন্ত এর কোনো সাড়া মেলেনি।’’

তিনি বলেন, “জেলা ও উপজেলা পর্যায়ে দাবি আদায়ে মিছিলসহ স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচিও দেয়া হবে।”  

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির অতিরিক্ত মহাসচিব এমদাদুল হক বার্তা২৪ ডটনেটকে বলেন, “সচিবালয়ের দু’টি ক্যাটাগরিতে সিলেকশন গ্রেড দেয়া হয়েছে। কিন্তু সারা দেশের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।”

তিনি বলেন, “একই দেশে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে দুই রকম নিয়ম থাকতে পারে না।”

সড়কে পশুর হাট বসানো যাবে না: যোগাযোগমন্ত্রী

সড়কে পশুর হাট বসানো যাবে না: যোগাযোগমন্ত্রী
  যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “পশুর হাটের কারণে সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। তাই আসন্ন ঈদুল আযহায় সড়ক-মহাসড়কে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না।”

বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সড়ক পথে যাতায়তকারীদের যাতায়ত নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়। এতে যোগাযোগমন্ত্রী সভাপতিত্ব করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথ মন্ত্রী মো. মজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক।

এছাড়া পরিবহন খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতা ও ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। 

ওবায়দুল কাদের বলেন, “সড়কের পাশে গরুর হাট বসানোর জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ইজারা দিয়ে থাকে। এসব হাট অধিকাংশ ক্ষেত্রে সড়কের ওপরে চলে আসে। এতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। ফলে ঈদে বাড়ি ফেরার পথে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।”

এই বক্তব্যের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, “রাস্তায় কোনো গরুর হাট ইজারা দেয়া হয় না। ব্যবসায়ীরা একটি-দুইটি করে রাস্তায় পশু আনার ফলে একসময় রাস্তায় হাট বসে যায়।”

যোগাযোগমন্ত্রী বলেন, “ঈদকে সামনে রেখে শান্তি নামক সোনার হরিণ আমাদের স্বপ্ন নয়। স্বপ্ন হলো- দুর্ভোগ কমিয়ে জনগণকে স্বস্তি দেয়া। যানজট সহনীয় করতে গত ঈদে আমরা যতোটুকু করেছি, এবার তার চেয়ে আরেকটু বেশি কাজ করতে হবে।”

ঢাকা থেকে বাহির-প্রবেশ মুখ ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা কবলিত গাড়ি অপসারণে রেকারের ব্যবস্থা, মেঘনা ও মেঘনা গোমতী সেতুতে রেকার ও ক্রেন প্রস্তুত রাখা, বঙ্গবন্ধু সেতুর সব ওয়ে মেশিন ও বুথ চালু রাখা, অতিরিক্ত বাস ভাড়াসহ অন্যান্য অনিয়ম বন্ধে টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম গঠন, সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত, সার্বক্ষণিক সিএনজি স্টেশন চালু রাখা, মহাসড়কের বিকল্প ব্যবহার (ধান, পাট ইত্যাদি শুকানো) বন্ধ, ফেরির সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়।

রামুর ঘটনা গোয়েন্দারা জানতেন: ড. মিজান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনা গোয়েন্দারা জানতেন: ড. মিজান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘‘রামুর ঘটনা পূর্বপরিকল্পিত আমাদের গোয়েন্দা সংস্থা সব জানতেন। তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা কি করলো। তারা সব বিষয় জানেন, কিন্তু সব তথ্য সকলের জন্য প্রকাশ করেন না। কার স্বার্থ রক্ষায় তারা এমনটা করে এ বিষয়ে সরকারকে সচেতন হতে হবে।’’

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘উইনিভার্সেল পিরিওডিক রিভিউ (ইউপিআর): রাইটস অব দ্যা পিপলস অব চিটাগাং হিল ট্র্যক্টিস’ শীর্ষক এক
সেমিনারে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ‘উইনিভার্সেল পিরিওডিক রিভিউ (ইউপিআর): রাইটস অব দ্য পিলস অব চিটাগাং হিল ট্র্যাক্টস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল।

তিনি বলেন, ‘‘কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ‘সাম্প্রদায়িক বাংলাদেশের রক্তাত্ব প্রতিচ্ছবি’।
খবরের কাগজে যে ভাঙা মূর্তি দেখেছি, তা আসলে বুদ্ধের মূর্তি নয়, তা সাম্প্রদায়িক বাংলাদেশের রক্তাত্ব প্রতিচ্ছবি। যা আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রতিকিকে কালিমা লেপন করেছে।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনি সর্ম্পকে তিনি বলেন, “একদিকে ধর্মনিরপেক্ষ আর অপর দিকে রাষ্ট্রধর্ম ইসলাম রেখে যে গোজামিল রাখা হয়েছে এ ধরনের ঘটনা তারই প্রতিফলন।” গোজামিল দিয়ে কোনো কাজ কোনো দিন শুভ হয় না বলেও মন্তব্য করেন তিনি।

মানবাধিকার কমিশন আগামী শুক্রবার রামুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, “সেখানে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের

সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সুপারিশ করা হবে। পার্বত্য শান্তি চুক্তি সম্পর্কে মিজানুর রহমান বলেন, “এই চুক্তি পূর্ণ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে অনেকে এটার পরিবর্তন ও সংশোধন করার কথা বলছেন। এমনটা

করা হলে সেটি হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা ওই চুক্তির বাস্তবায়ন দাবি করছি, ওই চুক্তি বাস্তবায়ন হলে যেসব বির্তকের জন্ম হয়েছে তা অনেকটাই কমে যাবে।’’

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ও মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক ড. নীরুপমা চাকমা।

গাড়ি পোড়ানোর অভিযোগ মিথ্যা: রিজভী :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

 মঙ্গলবার বিক্ষোভ মিছিলের সময় গাড়ি পোড়ানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবারের অবরুদ্ধ রাত শেষে বুধবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

রিজভী বলেন, “যে সময় গাড়ি পোড়ানো হয়েছে বলে আমাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, সে সময় এই এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। এ কাজ আমাদের নয়।”

তিনি আরো বলেন, “আমাদের বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।” দলের পক্ষ থেকে যথাযথ আইনি লড়াই চালানো হবে বলেও জানান রিজভী।

এদিকে দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জরুরি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

যুবদল সভাপতি আলাল গ্রেফতার :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

যুবদল সভাপতি আলাল গ্রেফতার :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

যুবদল সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সোয়া ১২টার দিকে কাকরাইল মোড় থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

 

মঙ্গলবার পল্টন এলাকা পুলিশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বিপুলসংখ্যক নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। এর মধ্যে আলালও ছিলেন।

 

বুধবার সকালে বেলা ১২টার দিকে আলাল কয়েকজন আইনজীবী নিয়ে কার্যালয় থেকে বের হন। ওই সময় পুলিশ তাকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কাকরাইল মোড় থেকে তাকে গ্রেফতার করে।

 

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বার্তা২৪ ডটনেটকে জানান, মঙ্গলবারের ঘটনার সঙ্গে জড়িত থাকায় বুধবার বেলা সোয়া ১২টার দিকে কাকরাইল এলাকা থেকে আলালকে গ্রেফতার করা হয়েছে। তাকে মিন্টু রোডে ডিবি অফিসে রাখা হয়েছে।


এদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতারা ডিবি অফিসে যাচ্ছেন আলালের সঙ্গে দেখা করতে। বিএনপি এ ব্যাপারে সাংবাদিক সম্মেলন করতে পারে বলেও জানা গেছে।

Tuesday, October 2, 2012

হলমার্ক এমডির ঋণ গ্রহণে অনিয়মের কথা স্বীকার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক এমডির ঋণ গ্রহণে অনিয়মের কথা স্বীকার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  হলমার্কের ঋণ গ্রহণে অনিয়মের কথা হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকও স্বীকার করেছেন বলে জানিয়েছে সংসদীয় উপকমিটি। পাশাপাশি হলমার্কের ঋণ গ্রহণ প্রক্রিয়ায় সোনালী ব্যাংকের অনিয়মের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে উপকমিটি।

মঙ্গলবার হলমার্ক কেলেঙ্কারির ঘটনা তদন্তে সংসদীয় উপকমিটি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের বক্তব্য শোনার পর কমিটির আহ্বায়ক সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, হলমার্ক কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার প্রায় দু ঘণ্টা বিভিন্ন প্রশ্নের জবাব দেন তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদ।

সংসদ ভবনে কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম বলেন, সোনালী ব্যাংকের ঋণদান প্রক্রিয়ায় সুনির্দিষ্ট অনিয়ম পেয়েছি। এছাড়া বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। হলমার্কের ঋণ গ্রহণে অনিয়ম যে হয়েছে তা হলমার্ক ব্যবস্থাপনা পরিচালকও স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে সার্বিক বিষয়ে সুপারিশসহ কমিটির প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি বলেন, চূড়ান্ত প্রতিবেদন তৈরি হওয়ার পর এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে জানা যাবে।

তাজুল ইসলাম বলেন, হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপকমিটি এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনবোধ করছে না। কারণ এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে কেউ মোদাচ্ছের আলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেনি। প্রয়োজন হলে তাকে ডাকা হবে।

তবে উপকমিটি প্রয়োজনে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করবে বলে তিনি জানিয়েছেন।

গত ৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যক্রমে অসেন্তোষ প্রকাশ করে এবং সার্বিক কার্যক্রম তদন্তে মো. তাজুল ইসলামকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়।



সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে হলমার্ককে ঋণ দেওয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংকের অনিয়মের বিষয়টি উঠে এলে দুর্নীতি দমন কমিশন এর তদন্ত শুরু করে।

হলমার্ক গ্রুপের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সম্পৃক্ততার কথাও বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

৩ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বেসিক ব্যাংকের প্রথম ১০ জন সর্বোচ্চ ঋণ গ্রহীতার লেনদেনসহ ব্যাংকসমূহের সার্বিক কার্যক্রম এবং সম্প্রতি আলোচনায় আসা হলমার্কের ঋণ গ্রহণের বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটির সদস্য মো. তাজুল ইসলামকে আহ্বায়ক এবং এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজীকে সদস্য করে গঠিত তিন সদস্যবিশিষ্ট উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

তাজুল ইসলাম ওইদিন সাংবাদিকদের বলেছিলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর (পাঁচটি) সামগ্রিক চিত্র খতিয়ে দেখার জন্য এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘‘কমিটি হলমার্ক কেলেঙ্কারীকে কেন্দ্র করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কার্যক্রমের ব্যাপারে খুবই অসন্তুষ্ট।’’

‘ডেসটিনি কর্মকর্তাদের যেখানে পাওয়া যাবে গ্রেফতার করা হবে’ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

‘ডেসটিনি কর্মকর্তাদের যেখানে পাওয়া যাবে গ্রেফতার করা হবে’ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন,  ডেসটিনির ২২ কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে দুদক। তাদের যেখানে যেভাবে পাওয়া যাবে গ্রেফতার করা হবে।

মঙ্গলবার বিকেলে দুদক কার‌্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ডেসটিনির ২২ কর্মকর্তার জামিন বাতিল করে আদালত তাদের আত্মসর্মপণের কথা বলেছে । কিন্তু তারা আত্মসর্মপণ না করে আদালতের আদেশ অমান্য করেছে। আইনের চোখে তারা এখন পলাতক। তাদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার  করা উচিত।

গোলাম রহমান বলেন, ডেসটিনি  দেশের আট লাখ মানুষের ভাগ্য নিয়ে প্রতারণা করেছে । তারা শুধু মানুষের আর্থিক ক্ষতি করছে না, এরা দেশের শত্রু। তাই তাদের আইনের হাতে তুলে দিতে চেষ্টা চালাচ্ছে দুদক।

হলমার্ক কেলেংকারি বিষয়ে তিনি বলেন, সোনালী ব্যাংক ঋণ জালিয়াতির সঙ্গে নানাভাবে জড়িতদের বিরুদ্ধে যে সিরিজ মামলাগুলো হতে যাচ্ছে, তার মধ্যে বেশ কিছু মামলার সুপারিশসহ অনুসন্ধান প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ। অনুসন্ধান পূর্ণাঙ্গভাবে শেষ করে তাদের বিরুদ্ধে মামলা করবে দুদক।  

সীতাকুণ্ডে প্রতারকচক্রের তিন সদস্য গ্রেফতার :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

সীতাকুণ্ডে প্রতারকচক্রের তিন সদস্য গ্রেফতার :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
 চট্টগ্রামের সীতাকুণ্ড জিনের বাদশা প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা তিনটায় সীতাকুণ্ড পৌরসদরের উত্তর বাজার বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাতকানিয়া পৌরসদরের কেউচিয়া মাইজপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী আব্দুল গফুরের স্ত্রী খুরশিদা আক্তার গিন্নির সঙ্গে জিনের বাদশা প্রতারকদল মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে গত রমজান মাসে ভয়ভীতি দেখিয়ে নয় ভরি স্বর্ণ এবং বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে এ বিষয়টি সে তার চাচি মনোয়ারা বেগমকে (৩৮) জানায়।

মনোয়ারা বিষয়টি বুঝতে পেরে খুরশিদার কাছ থেকে প্রতারকচক্রের সদস্যদের মোবাইর নম্বর নিয়ে তাদের কাছে ফোন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করতে থাকে। জিনের বাদশারা একপর্যায়ে মনোয়ারাকে ছয়ভরি স্বর্ণের বিনিময়ে কোটি টাকা মূল্যের একটি স্বর্ণের মুর্তি দিবে বলে জানায় এবং এজন্য তাকে সীতাকুণ্ড আসতে বলে।

মনোয়ারার স্বামী আব্দুল মান্নান জানান, সে অনুযায়ী আমরা একটি টেক্সি নিয়ে সীতাকুন্ডের উদ্দেশ্যে রওনা হই। এসময় খুরশিদা ও মনোয়ারাকে বাইপাস এলাকায় পাঠিয়ে দিয়ে আমি সীতাকুণ্ড মডেল থানায় পুলিশকে বিষয়টি জানালে পিএমআই সফিকুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ বাইপাসের সামনে সাধারণ পোষাকে অবস্থান নেয়।

তখন মনোয়ারা বাইপাসের সামনে দাঁড়িয়ে প্রতারক জিনের বাদশার জন্য অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পর জিনের বাদশার এক সদস্য মনোয়ারার সামনে এসে তাকে একটি পিতলের মূর্তি হাতে দেয়ার সময় পুলিশ গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ থানার গোফিনাথপুর গ্রামের বাসিন্দা মৃত ফয়েজ আলীর ছেলে রেজাউল (২৪), একই এলাকার আবুল হোসেনের ছেলে মতিয়ার (৩৫) ও ভগবানপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মঈনুল ইসলাম প্রকাশ জলিলকে (৩০) গ্রেফতার করে।

এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসও আটক করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জিনের বাদশা পরিচয়ে এ চক্রটি বিভিন্ন মানুষদের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে সর্বশান্ত করছে। মঙ্গলবার পুলিশ কৌশলে তাদের কয়েকজনকে আটক করে।