Pages

Tuesday, October 9, 2012

আশা ভোঁসলের মেয়ের আত্মহত্যা :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

আশা ভোঁসলের মেয়ের আত্মহত্যা :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট
 উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মেয়ে বর্ষা ভোঁসলে সোমবার আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের পেডার রোডে নিজ ভবনে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের গুলিতে বর্ষার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
 
এর আগে ২০০৮ সালের সেপ্টেম্বরে মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বর্ষা। আশার তিন সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি কয়েকটি হিন্দি ও মারাঠি ছবিতে প্লেব্যাকও করেছেন তিনি। দ্য সানডে অবজারভার ও রেডিফ পত্রিকায় কলাম লেখক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে মুখ খোলেনি বর্ষার পরিবার। তবে একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে তিনি ভুগছিলেন বলে জানা গেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
 

আরাকানে উগ্র বৌদ্ধরা পুড়িয়েছে ঐতিহাসিক মসজিদ :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

আরাকানে উগ্র বৌদ্ধরা পুড়িয়েছে ঐতিহাসিক মসজিদ :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট
 মিয়ানমারের আরাকান প্রদেশের রাজধানী আকিয়াব শহরের প্রধান মসজিদ- ঐতিহাসিক "বড় মসজিদ" জ্বালিয়ে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে প্রেস টিভি ও কালাদান প্রেস। মিয়ানমার সরকারের পৃষ্ঠপোষকতায় দেশটির আরাকান প্রদেশে রোহিঙ্গা মুসলিম-বিরোধী যে অভিযান চলছে, গত জুনে মিয়ানমার ভিত্তিক কালাদান প্রেস-ই তাদের ওয়েবসাইটে এ খবর প্রথম দিয়েছিল।

স্থানীয় সূত্রগুলোতে পাওয়া খবরে জানা যায়, কয়েক মাস আগে মুসলিম-বিরোধী দাঙ্গা শুরু হওয়ার পর থেকেই আটশ বছরের ঐতিহ্যবাহী এ মসজিদটি তালাবদ্ধ ছিল। কিন্তু, রোববার দুপুর তিনটার দিকে বৌদ্ধ ভিক্ষু ও উগ্রবাদীরা তালা ভেঙে মসজিদে ঢুকে পড়ে এবং কুরআন-কিতাব বাইরে ছুঁড়ে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়।

এরপর উগ্র বৌদ্ধ জনতা মসজিদের মূল ভবনে আগুন লাগিয়ে দেয়। প্রায় দু'ঘন্টা ধরে জ্বলতে থাকলেও স্থানীয় পুলিশ, সেনাবাহিনী বা ফায়ার ব্রিগেডের কেউ আগুন নিভানোর চেষ্টা করেনি।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বড় মসজিদের এক মাইলের মধ্যে থানা, আর্মি ও সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর ক্যাম্প রয়েছে। আগুনে আশপাশের আরো পাঁচটি মুসলিম বাড়ি পুড়ে গেছে। সর্বশেষ খবরে জানা যায়, সশস্ত্র রাখাইনরা ওই এলাকায় মৌলভীপাড়ায় মুসলমানদের বাড়ি ঘিরে রেখেছে। পরিস্থিতি আরো ভয়াবহ  হতে পারে বলে আশংকা করছেন আকিয়াবের অবরুদ্ধ মুসলমানরা।

ঢাবি’র ‘ক’ ইউনিটের ভর্তিপরীক্ষা ১২ অক্টোবর :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

ঢাবি’র ‘ক’ ইউনিটের ভর্তিপরীক্ষা ১২ অক্টোবর :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট
 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। ফলাফল ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

এদিন সকাল ১০টা থেকে ১১টা ৪৫মিনিট পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ভর্তিপরীক্ষায় রেকর্ড সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে।

এবার প্রতি আসনের জন্য লড়বে ৩৭ জন। ২০১১-১২ সেশনে ৩৬ জন শিক্ষার্থী প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে।

এবার ভর্তির জন্য নির্ধারিত ৬ হাজার ৩৯টি আসনের বিপরীতে ২ লাখ ৩৬ হাজার ৪৩৬ শিক্ষার্থী আবেদন করেছে। যা গতবার ছিল ২ লাখ ৮ হাজার ১৪৪ জন।

তৃতীয় বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চলছে। এবছরের ভর্তি কার্যক্রম ২৬ আগস্ট শুরু হয়ে ২২ সেপ্টেম্বর রাত ১২টায় শেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বছর ‘ক’ ইউনিটের অধীনে ১ হাজার ৫৯৩টি আসনের বিপরীতে ৬৫ হাজার ৫২৩ জন আবেদন করেছে।

এছাড়া ‘খ’ ইউনিটের অধীনে ২ হাজার ২৯০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৮৫৭ জন, ‘গ’ ইউনিটের অধীনে ১ হাজার ৭৫টি আসনের বিপরীতে ৪৭ হাজার ৬১৫ জন, ‘ঘ’ ইউনিটের অধীনে ১ হাজার ২৬২টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৩২০ জন এবং ‘চ’ ইউনিটের অধীনে ১১৯টি আসনের বিপরীতে ৪ হাজার ১২১ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিশ্ববিদ্যালয়  ভর্তি কমিটি জানিয়েছে, এ বছর সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী লড়বে। এছাড়া  ‘ক’ ইউনিটে ৪১ জন, ‘খ’ ইউনিটে ১৮ জন, ‘গ’ ইউনিটে ৪৪ জন এবং ‘চ’ ইউনিটে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবে।

আবেদন ও ভর্তিসংক্রামত্ম যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.uivdhaka.edu) পাওয়া যাবে।

ঢাবি’র বিভিন্ন ইউনিটের ভর্তিপরীক্ষা:

১২ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষা শুরু হবে। এরপর ১৯ অক্টোবর ‘খ’ ইউনিট (মানবিক), ৯ নভেম্বর ‘ঘ’ ইউনিট (বিভাগ পরিবর্তন), ১৬ নভেম্বর ‘চ’ ইউনিট (চারুকলা) এবং ২৩ নভেম্বর ‘গ’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘মাহফুজকে গ্রেফতার করলেই সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটিত হবে’ :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

‘মাহফুজকে গ্রেফতার করলেই সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটিত হবে’ :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট
 এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেফতার করলেই সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটিত হবে বলে দাবি করেছেন সাংবাদিক নেতারা।

সাগর-রুনির খুনিদের গ্রেফতার এবং সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে মতবিনিময় সভায় তারা এই দাবি জানান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সোমবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সভা শুরু হয়। শেষ হয় বেলা আড়াইটায়।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচনের যে ঘোষণা দিয়েছেন, তা প্রকারান্তরে সরকারি ঘোষণা। এটি বাস্তবায়ন হলে সরকার সফল হবে। নয়তো মাহফুজুর রহমানের প্রভাবের কাছে প্রশাসনের সব যোগ্যতা ও দক্ষতা বিলীন হবে।”

বিএফইউজে’র আরেক সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, “১০ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী কী বলবেন জানি না। কেউ যদি মনে করেন আন্দোলন করতে করতে একদিন আমরা চুপ হয়ে যাব, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। আন্দোলনকে বিভ্রান্ত করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, খুনি গ্রেফতার হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

সাংবাদিক নেতাদের মধ্যে সভায় আরো বক্তব্য রাখেন বিএফইউজে’র মহাসচিব শওকত মাহমুদ ও আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজে’র সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক ও বার্তা২৪ ডটনেট সম্পাদক সরদার ফরিদ আহমদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, “এটিএনের চেয়ারম্যান মাহফুজুর রহমান শুধু সাগর-রুনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যই করেননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও অশালীন বক্তব্য দিয়েছেন। এজন্য কক্সবাজারে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অর্থ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের এমডি তানভীর মাহমুদকে যেভাবে র্যাব গ্রেফতার করেছে, একইভাবে মাহফুজকেও গ্রেফতার করে আদালতের নির্দেশ বাস্তবায়ন করবে, এটি আমাদের প্রত্যাশা।”

তিনি বলেন, “রাষ্ট্র থেকে সাগর-রুনি হত্যার বিচার না পেলে, আমরা গণতদন্ত কমিশন গঠন করব। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জনগণের সামনে খুনিদের মুখোশ উন্মোচন করব। মামলার কারণে আমরা ভিত বা বিচলিত নই। বারবার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।”

রুহুল আমিন গাজী বলেন, “নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হতে সময় লেগেছে। সাগর-রুনি’র হত্যকারীদের বিচার হতেও সময় লাগবে। তিনি কী কারণে এটি বললেন, তা আমার বুঝে আসে না। দু’টি ঘটনা এক নয়। বঙ্গবন্ধু হত্যাকারীরা চিহ্নিত ছিলেন। কিন্তু সাগর-রুনি হত্যাকারীরা এখনো চিহ্নিত হয়নি।”

“এই হত্যাকাণ্ড নিয়ে সরকার কোনো নাটক সাজানোর চিন্তা করলে, সেটি তাদের জন্য হিতে বিপরীত হবে।” বলেন তিনি।

শওকত মাহমুদ বলেন, “আমরা মনে করছি, খুনি সনাক্ত করা হয়তো সম্ভব হয়েছিল, এজন্যই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার কথা বলেছিলেন। কিন্তু খুনিরা প্রভাবশালী হওয়ার কারণে হয়তো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আগামী ১০ অক্টোবর নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন না হলে, আমাদের সঙ্গে জনগণও রাজপথে নেমে আসবে। সরকার ওঠানো-নামানো আমাদের কাজ নয়, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করতে আমাদের এই আন্দোলন।”

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “মামলার আসামি হয়ে আমরা ভীত নই। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ১৫ অক্টোবরের মহাসমাবেশ পেছানোর কোনো সুযোগ নেই। সেদিন মফস্বলের সব সাংবাদিক ঢাকায় আসবেন। ‘চল চল, ঢাকা চল’ স্লোগান সব সাংবাদিকের কানে পৌঁছে দিতে হবে। ঢাকার ১০৯টি প্রতিষ্ঠানের সাংবাদিক কর্মচারী এবং দেশের সব সাংবাদিক সংগঠন থেকে কয়েক হাজার সাংবাদিক উপস্থিত হবেন।”

“আমরা মামলা, গ্রেফতার, হুমকিতে ভয় করি না। ১০ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডের রহস্য প্রকাশ করতে না পারলে, ১৫ অক্টোবর মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি আসবে।” হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আব্দুস শহিদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী শুধু এ হত্যার রহস্য উন্মোচনই নয়, এতোদিন প্রশাসনের বক্তব্যে যেসব বিতর্কের সৃষ্টি হয়েছে, সেগুলোরও অবসান করতে হবে।”

ওমর ফারুক বলেন, “হলমার্কের দস্যুদের মতো সাগর-রুনির খুনিদেরও আমরা গ্রেফতার দেখতে চাই।”

বাকের হোসাইন বলেন, “আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক ইনফরমেশন জেনেই ১০ অক্টোবর হত্যার রহস্য উন্মোচনের ঘোষণা দিয়েছেন। আমরা সেটি দেখার জন্য অপেক্ষা করছি।”

শাবান মাহমুদ বলেন, “সাগর-রুনি হত্যার বিচার না হলে, এই সরকারের অবস্থা হয়তো শোচনীয় হয়ে যেতে পারে।”

সরদার ফরিদ আহমদ বলেন, “এই হত্যার বিচার এখন শুধু সাংবাদিকদের দাবি নয়, এটি এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। মিডিয়ার কর্মীদের পেশাগত নিরাপত্তার জন্য এই বিচার অত্যন্ত জরুরি।”

আরো বক্তব্য রাখেন, সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক কার্তিক চট্টোপাধ্যায়, নারী সাংবাদিক কেন্দ্র’র সভাপতি নাসিমুন আরা হক, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন’র (টিসিএ) শাহীন হাওলাদার, বাংলাবাজার পত্রিকার ইউনিট চিফ মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভি’র ইলিয়াস হোসেন, বাংলাবাজার পত্রিকার মশিউর রহমান, সাংবাদিক কামার ফরিদ, মাছরাঙার প্লানিং এডিটর রাশেদ আহমেদ, সাংবাদিক রফিকুল বাশার ও আরটিভির আখতার হোসেন।

গত ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু আট মাস পূর্ণ হতে চললেও এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি।

এই হত্যাকাণ্ডের পর থেকেই খুনিদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সংগঠনগুলো বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছে। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাবেশ হয়। ওই সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যার রহস্যের জট খুলবে বলে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ঘোষণা দিয়েছেন। এটি বাস্তবায়ন না হলে আগামী ১৫ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশের সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশ করা হবে এবং সেদিন পুরো ঢাকা অচল করে দেয়া হবে। বৃহত্তর এই আন্দোলনের প্রস্তুতির জন্য ৭ অক্টোবর সব সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়। পরে সভাটি একদিন পেছানো হয়।

আগামী ১০ অক্টোবরের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে গত ২৫ সেপ্টেম্বর আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

আগামী ১১ অক্টোবর সাগর-রুনি হত্যার আট মাস পূর্ণ হচ্ছে। এদিন তাদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে শোকসভা করবেন সাংবাদিকরা।

আমেরিকার প্রকৃতিতে শরতের ছোঁয়া :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

আমেরিকার প্রকৃতিতে শরতের ছোঁয়া :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 শরত্কাল আগমনের সঙ্গে সঙ্গে আমেরিকার প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। নয়নাভিরাম সব দৃশ্য পরিগ্রহ করছে শহরজুড়ে। গাছ-গাছালির শুকনো পাতা ঝরে পড়া শুরু করেছে।

কিছুদিন পর নতুন সজীব পাতা গজাবে। লাল-হলুদ আর নীল রঙের পাতায় যখন শরতের বিকেলের মিষ্টি রোদ এসে পড়ে, তখন মনে হয়, বাগানে যেন রংধনু লোকোচুরি খেলা করছে। গোধূলী পেরিয়ে সূর্যাস্তের সময় চমত্কার লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো।

ছবিগুলো নিউ ইংল্যান্ড, শিকাগো, উইসকনসিন, মিশিগানসহ বেশ কয়েকটি শহর থেকে তোলা। এর কোনো কোনোটি দেখলে কৃত্রিম বলে মনে হতে পারে। বিকেল হলে শহরের পার্কগুলোতে লোকজনের ব্যাপক ভিড় জমে। অনেকে পরিবারের সবাইকে নিয়ে সূর্যাস্তকালীন প্রাকৃতিক দৃশ্য দেখতে বের হন। শুকনো মর্মর পাতা উড়িয়ে খুনসুটিতে মেতে ওঠেন তারা। কমলা গাছের শুকনো লাল-হলুদ রঙের পাতাগুলো পার্কের জলাশয়ে দারুণ লাগে। ম্যাইন নদীর পানিতে বর্ণিল পাতার দৃশ্য যে কাউকে আকর্ষণ করতে বাধ্য। ইন্ডিয়ানার পার্কে শুকনো পাতা নিয়ে খেলায় মেতে ওঠে শিশুরা। সূত্র: ডেইলি মেইল

ম্যাচ ফিক্সিংয়ে আগ্রহী আম্পায়ার নাদির শাহ :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

ম্যাচ ফিক্সিংয়ে আগ্রহী আম্পায়ার নাদির শাহ :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
 ম্যাচ ফিক্সিংয়ে আগ্রহ দেখিয়েছেন আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ। সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ ম্যাচ গড়াপেটায় অংশ নিতে প্রস্তুত। ম্যাচ ফিক্সিংয়ে আম্পায়ারদের আগ্রহের বিষয়টি গোপন ক্যামেরায় ধারণ করার কথাও খবরে উল্লেখ করা হয়।

নাদির শাহ ছাড়াও শ্রীলঙ্কা ও পাকিস্তানের আরো পাঁচজন আম্পায়ার ম্যাচ গড়াপেটায় আগ্রহ দেখিয়েছেন। এদের মধ্যে রয়েছেন পাকিস্তানের দুই আম্পায়ার নাদিম ঘোরি এবং আনিস সিদ্দিকী। অপর তিনজন হলেন শ্রীলঙ্কান আম্পায়ার। এরা হলেন- গামিনি দিশানায়েকে, মরিস উইনস্টন এবং সাগারা গ্যালেস।

আইসিসির সদ্য প্যানেলভুক্ত বাংলাদেশের অপর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন বলেও টাইমস অব ইন্ডিয়ার ওই খবরে জানানো হয়।

কিন্তু ৪০টি ওয়ানডে এবং তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করা বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ আন্তর্জাতিক এবং ঘরোয়া যেকোনো ধরনের ম্যাচ ফিক্সিংয়ে আগ্রহের কথা জানিয়েছেন। সূত্র: ইন্টারনেট

বিজ্ঞানের ঈশ্বরপ্রাপ্তিতে ফ্যাসাদে নোবেল কমিটি :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

বিজ্ঞানের ঈশ্বরপ্রাপ্তিতে ফ্যাসাদে নোবেল কমিটি :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
  কথায় বলে, ঈশ্বর মেলা কি অত সহজ? হক কথা! কাজটা খুব একটা সহজে হয়নি বটে। বিস্তর কাঠখড় পুড়িয়ে অবশেষে জানা গিয়েছে, সে আছে!

সে দিনটা ছিল ৪ জুলাই। হিগস্-বোসন ওরফে ‘ঈশ্বর কণা’ আছে, সার্নের বিজ্ঞানীদের এই ঘোষণার পর বলা হয়েছিল, পদার্থবিদ্যার মোড় ঘুরিয়ে দেয়া আবিষ্কারগুলোর মধ্যে এটা অন্যতম।

কিন্তু পদার্থবিদ্যার ‘ঈশ্বরপ্রাপ্তি’র পরও যে থাকবে এত রকম ঝঞ্ঝাট, তা কে জানত! এত দিন পর্যন্ত ঈশ্বরকণা খুঁজতে মাথা কুটেছেন সার্নের বিজ্ঞানীকুল। আর তাকে খুঁজে পাওয়ার পর ঝঞ্ঝাটের তিরটা ঘুরে গিয়েছে নোবেল কমিটির দিকে।

পদার্থবিদ্যায় এ বছরের নোবেল পুরস্কার ঘোষিত হওয়ার কথা মঙ্গলবার। কিন্তু হিগস্-বোসন নিয়ে রীতিমতো বিপাকে নোবেল কমিটি। ঈশ্বরকণার আবিষ্কার যে একটা ঐতিহাসিক ঘটনা, এ ব্যাপারে একমত সবাই। কিন্তু প্রশ্ন উঠছে সেটা কি নোবেল পাওয়ার মতো ঘটনা?

বিজ্ঞানীদের বক্তব্য, পদার্থের ভর থাকে কেন, তা এই কণার সাহায্যেই ব্যাখ্যা করা সম্ভব। একে ছাড়া মহাবিশ্বের অস্তিত্বই থাকত না।

বৃটেনের ইনস্টিটিউট অফ ফিজিক্স-এর পিটার নাইটের কথায়, “এটা হল ডিএনএ আবিষ্কারের পদার্থবিদ্যা সংস্করণ!” কিন্তু এত সত্ত্বেও এই আবিষ্কারের কপালে নোবেলের শিকে ছিড়বে কি না, তা জানা নেই কারো।

নোবেল কমিটির বক্তব্য? “এটা একটা বিরাট আবিষ্কার”, স্রেফ এইটুকু বলেই দায় সেরেছেন কমিটির সদস্য লার্স ব্রিঙ্ক! এর সঙ্গে আছে খোদ হিগস্-বোসন কণাকে নিয়েই একটা সূক্ষ্ম অনিশ্চয়তা।

৪ জুলাই সার্নের বিজ্ঞানীরা জানিয়েছিলেন, এমন একটা কণা তারা পেয়েছেন যার ভর তাদের হিসেব করা হিগস্-বোসন কণার ভরের খুব কাছাকাছি। কিন্তু ওটাই হিগস্-বোসন, এ কথা তারা জোর দিয়ে বলেননি। এটাকে হাতিয়ার করেই অনেকে বলতে শুরু করেছেন, হিগস্-বোসনের অস্তিত্ব তো এখনো নিশ্চিত ভাবে প্রমাণই হয়নি। তা হলে নোবেলের প্রশ্ন উঠছে কিভাবে?

এই যুক্তি-পাল্টা যুক্তি পেরিয়ে যদি শেষ পর্যন্ত ‘নোবেলযোগ্য’ বলে বিবেচিত হয় এই আবিষ্কার, তা হলে পরের সমস্যাটা আরও জটিল। সেটা হল, কাকে দেওয়া হবে এই পুরস্কার? এ ক্ষেত্রে লড়াইটা হয়ে দাঁড়িয়েছে খানিকটা পিটার হিগস্ বনাম সার্নের।

কী রকম? ভরের গোলমাল ব্যাখ্যা করার জন্য একটা নতুন কণার ধারণা (অর্থাৎ হিগস্-বোসন কণা) প্রথম দিয়েছিলেন পিটার হিগস্। স্বাভাবিক ভাবেই নোবেলের দাবিদার হিসেবে তার নামটাই উঠে আসছে প্রথমে।

কিন্তু স্বয়ং পিটার হিগস্ এ কথা স্বীকার করেছেন, কণার উপস্থিতির বিষয়টা তার মাথা থেকে বেরোলেও সেটাকে পরীক্ষানিরীক্ষা করে হাতেগরম তথ্যপ্রমাণ জোগাড়ের গুরুত্বপূর্ণ কাজটার পিছনে রয়েছেন আরো বহু বিজ্ঞানী। এর মধ্যেই নোবেল কমিটির সমস্যা আরো বাড়িয়েছে গোটা বিষয়টার মধ্যে সার্নের বিজ্ঞানীদের অন্তর্ভুক্তি।

জেনিভার কাছে সার্নের গবেষণাগারে কয়েক হাজার পদার্থবিদ মাসের পর মাস পরীক্ষা চালিয়ে গিয়েছেন ঈশ্বরকণার খোঁজে। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী কোনও সংগঠনকেও নোবেল দেওয়া যেতে পারে। তা হলে কি সার্ন-এর হাতে উঠতে পারে নোবেল?

সার্নের বিজ্ঞানী জন এলিস কিন্তু বলছেন, “নোবেলটা শেষমেশ হিগস্ই পাবেন। তবে এ বছর নয়। অনেক দেরিতে ব্যাপারটা জানা গিয়েছে। তা ছাড়া, কণার উপস্থিতি এখনো নিশ্চিত নয়।”

কী বলছে নোবেল কমিটি? পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কমিটির সেক্রেটারি লার্স বার্গস্ট্রোয়েমের কথায়, “সংগঠনকে নোবেল দিতে নিয়মের দিক থেকে কোনো সমস্যা নেই। শান্তি পুরস্কারের ক্ষেত্রে এমনটা ঘটেই থাকে। কিন্তু বিজ্ঞানের নোবেল সাধারণত ব্যক্তিবিশেষকেই দেয়া হয়ে থাকে। যোগ্যতম ব্যক্তির হাতেই প্রতি বছর ওঠে এই পুরস্কার।” সূত্র: আনন্দবাজার

বাংলাদেশী ছবি দিয়ে শুরু হবে ডক-লাইপসিশ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

বাংলাদেশী ছবি দিয়ে শুরু হবে ডক-লাইপসিশ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 প্রাচীনতম প্রামাণ্যচিত্রের উৎসব জার্মানির ডক-লাইপসিশ এর উদ্বোধনী ছবি হিসেবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের ছবি ‘শুনতে কি পাও’৷ এছাড়া বাংলাদেশের প্রথম ছবি হিসেবে সেই উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও মনোনীত হয়েছে এটি৷

জার্মানির লাইপসিশ শহরে ১৯৫৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে প্রামাণ্য চিত্রের উৎসব ডক-লাইপসিশ৷ এ বছর ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব৷ বিশ্বের ১১৩টি দেশ থেকে দুই হাজার ৮৪৭টি ছবি জমা পড়েছিল এবারের প্রামাণ্যচিত্র উৎসবের জন্য৷

এগুলোর মধ্যে ১৯৮টি ছবি মনোনীত করা হয়েছে চূড়ান্ত পর্যায়ে প্রদর্শনীর জন্য৷ আর সেগুলোর মধ্য থেকে ১২টি ছবি বাছাই করা হয়েছে মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতার যোগ্য হিসেবে৷ বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ‘শুনতে কি পাও' ছবিটি এবার সেই প্রতিযোগিতায় থাকছে৷

পূর্ণদৈর্ঘ্য এই ছবিটি নির্মাণ করেছেন কামার আহমাদ সাইমন এবং সারা আফরীন৷ ছবিটির পরিচালক সাইমন বলেন, “আসলে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা দেখলে হবে না৷ বরং আমার কাছে যেটা মনে হয়, স্বাধীনতা পরবর্তী গত প্রায় চল্লিশ বছর ধরে যে স্বাধীন ধারার চলচ্চিত্র আন্দোলন, সেটারই কিন্তু উত্তরাধিকারী আমরা৷ তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করলে দেখা যায় যে, প্রখ্যাত তরুণ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন' ছবিটি পুসান চলচ্চিত্র উৎসবে সমাপ্তি ছবি হিসেবে স্থান পেয়েছে এবং আমার এই ছবিটি লাইপসিশে উদ্বোধনী ছবি হিসেবে মনোনীত হয়েছে৷ ফলে আমি মনে করি এটা কোনো একক অর্জন বা স্বীকৃতি নয়, বরং একটি সামষ্টিক অগ্রগতি ও সময়ের পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে হয়৷”

শুনতে কি পাও' ছবির কাহিনী ও প্রেক্ষাপট সম্পর্কে কামার আহমাদ জানান, ছবিটি প্রদর্শনের আগ পর্যন্ত আমরা এর কাহিনীটা একটুখানি আড়াল রাখতেই চাই৷ তবুও সহজ ভাষায় বলতে গেলে এটি সুন্দরবনের কোল ঘেষে ভদ্রা নদীর পাড়ে ছোট্ট একটি গ্রামের গল্প৷ যে গ্রামটিতে আজ থেকে তিন বছর আগে একটি ঘটনা ঘটে৷ সেই ঘটনার ফলে গ্রামটির সহজ-সরল একশ' পরিবারের মানুষের জীবনটা পুরোপুরি বদলে যায়৷ সেই বদলানোর দিন থেকে ছবিটির গল্প আরম্ভ হয় এবং প্রায় দু'বছরের একটি যাত্রায় প্রতিটি মানুষের জীবনে আরেকটি পরিবর্তন তারা সামগ্রিকভাবে নিয়ে আসে৷ এই দু'বছরের যাত্রায় তাদের ব্যক্তিমানুষের সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে ওই গ্রামের মানুষের সামষ্টিক যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমি রূপকার্থে সমগ্র বাংলাদেশেরই একটি গল্প বলার চেষ্টা করেছি৷

বাংলাদেশের মানুষ ছবিটি কখন দেখার সুযোগ পেতে পারে - এমন প্রশ্নের উত্তরে সাইমন বলেন, “ছবিটি এইচডি ফরম্যাটে তৈরি করা৷ তাই বর্তমানে ছবিটি বাংলাদেশে ব্যাপকহারে প্রদর্শনের ক্ষেত্রে প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা রয়েছে৷ এছাড়া বাংলাদেশে স্বাধীন ধারার চলচ্চিত্র এবং বাণিজ্যিক ধারার চলচ্চিত্র জগতের ব্যবস্থাপনার মধ্যে এখনো বেশ তফাৎ রয়ে গেছে৷ আমি মনে করি যে, নতুন প্রজন্মের আমরা যারা কাজ করছি তারা এই ব্যবধান ঘুচিয়ে নিয়ে মূলধারায় এটি প্রদর্শনের চেষ্টা করবো৷ সেটা যদি সফল হয় সেক্ষেত্রে আমাদের ভাষার মাস ফেব্রুয়ারিতে আমরা ছবিটি দেশব্যাপী মুক্তি দিতে পারবো বলে আশা করছি৷” সূত্র: ডিডব্লিউ

শিল্পী-প্রযোজক দ্বন্দ্ব, কলকাতার বাংলা সিরিয়াল সংসারে ঘোর অশান্তি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

শিল্পী-প্রযোজক দ্বন্দ্ব, কলকাতার বাংলা সিরিয়াল সংসারে ঘোর অশান্তি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 প্রযোজক আর শিল্পীদের মধ্যে ঝামেলা। তার জেরেই অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতার বাংলা টেলিভিশনের ৬০০ কোটি টাকার বিনোদন বাজার।

টাকাপয়সা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের অশান্তি নতুন নয়। কিন্তু রোববার সেটা যেভাবে প্রায় সার্বিক অচলাবস্থা ডেকে আনতে যাচ্ছিল, তাতেই ইন্ডাস্ট্রির কপালে ভাঁজ। শিল্পী-কলাকুশলী মিলিয়ে অন্তত ২০ হাজার মানুষ প্রত্যক্ষভাবে কলকাতার বাংলা টেলিভিশনের সঙ্গে জড়িত। পুজোর মুখে আচমকাই এঁদের সামনে অনিশ্চয়তার কালো মেঘ। প্রযোজক সংগঠন ডব্লিউএটিপি (ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসার্স অফ ওয়েস্ট বেঙ্গল) এবং শিল্পীদের আর্টিস্ট ফোরাম, দু’পক্ষই যুদ্ধংদেহি মনোভাব বজায় রাখছে। আজ সোমবার বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমাধানসূত্র বের করার চেষ্টা হবে।

গোলমালের কেন্দ্রে রয়েছে রাজীব মেহরা প্রযোজিত দু’টি সিরিয়াল, ‘সাত পাকে বাঁধা’ এবং ‘পালাবদল’। শনিবারই এই দুই ধারাবাহিকের শিল্পীরা তাদের মাসিক চেক হাতে পান। চেকে ১০ অক্টোবরের তারিখ দেওয়া ছিল। শিল্পীরা ওই পোস্ট ডেটেড চেক নিতে অস্বীকার করেন। তারা একযোগে বলেন, নতুন চেক না দিলে তারা রোববার কাজে যোগ দেবেন না। এবং সেই মোতাবেক ওই দুই ধারাবাহিকের শিল্পীরা এ দিন স্টুডিওতে রিপোর্ট করেননি। প্রযোজক রাজীব মেহরার বক্তব্য, “একটা সামান্য ব্যাপার নিয়ে আর্টিস্টরা বাড়াবাড়ি করছেন!” তিনিও শ্যুটিং বন্ধ করে দেন।

গণ্ডগোলের রেশ ছড়াতে থাকে। রোববার বেলা সাড়ে বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত টেলিভিশন সিরিয়ালের বেশির ভাগ শ্যুটিংই বিপর্যস্ত হয়ে পড়ে। ডব্লিউএটিপি ঘোষণা করে দেয়, শ্যুটিং ধর্মঘট। দুপুর তিনটার পর থেকে কোনো সিরিয়াল শু্যটিং হবে না বলে ঠিক হয়ে যায়। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসের চেষ্টায় কোনো মতে কাজ আবার শুরু হয়। রাজীবের সিরিয়াল দু’টির শ্যুটিং অবশ্য হয়নি। অন্যান্য শুটিংয়েও উত্তেজনার আবহ যথেষ্টই ছিল।

সোমবারের বৈঠকে যদি সমাধানসূত্র না বেরোয়, শ্যুটিং ধর্মঘটের ডাকই বহাল থাকবে, এমন আশঙ্কা রয়েছে। ডব্লিউএটিপি-র তরফে পার্থ কর বলেই দিচ্ছেন, “ধর্মঘটের সম্ভাবনা বাতিল হয়ে যায়নি।”

প্রযোজকদের সঙ্গে শিল্পীদের সম্পর্ক এই জায়গায় এসে দাঁড়াল কেন? এই মুহূর্তে টালিগঞ্জের ব্যস্ততম অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় কালিম্পংয়ে শ্যুটিং করতে করতেই উগরে দিলেন তার ক্ষোভ। শাশ্বত বড় পর্দা-ছোট পর্দা, দু’টো মাধ্যমের সঙ্গেই যুক্ত। তার কথায়, “যে ছবি আঁকে, গান করে, তবলা বাজায়, তার রোজগার সেটা থেকেই হয়। টালিগঞ্জে এখন কেউ মাছের ব্যবসা, কেউ অন্য কিছুর ব্যবসা করে প্রোডিউসার হয়েছে।” শাশ্বতর ক্ষোভ, প্রযোজকরা আর্থিক প্রতিপত্তি খাটিয়ে শিল্পীদের কার্যত কিনে রাখতে চাইছেন।

শুধু একটা পোস্ট ডেটেড চেক নিয়ে সমস্যাতেই কি জল এত দূর গড়াল? ইন্ডাস্ট্রি সূত্রের খবর, বিষয়টা এত সরল নয়। পেমেন্ট নিয়ে আর্টিস্টদের এমনিতেই ভুরি ভুরি অভিযোগ রয়েছে।

গত ১৪ জুন প্রোডিউসার্স গিল্ড এবং আর্টিস্ট ফোরামের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, শিল্পীদের পুরো মাসের পাওনা পরের মাসের সাত তারিখের মধ্যে মিটিয়ে দিতে হবে। পোস্ট ডেটেড চেক দিয়ে সেই চুক্তি ভঙ্গ করা হয়েছে বলে শিল্পীদের দাবি।

আর্টিস্ট ফোরামের যুগ্ম সচিব দেবযানী চট্টোপাধ্যায়ের দাবি, শিল্পীরা কখনওই ধর্মঘটের পথে যেতে চান না। কিন্তু প্রযোজকরা যে ভাবে তাদের নিয়ে হেলাফেলা করেন, সেটাও মেনে নেয়া চলে না। দেবযানীর অভিযোগ, সাত তারিখের মধ্যে পাওনা মেটানোর অঙ্গীকার করার পরেও প্রায়শই কখনও ১৬, কখনও ২২ তারিখের পোস্ট ডেটেড চেক ধরিয়ে দেয়া হচ্ছে।

“শিল্পীরা কিন্তু ফ্রিলান্স কাজ করেন। এই পেশায় এমনিতেই যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।” শিল্পীদের বক্তব্য, প্রযোজকরা যখন তখন এমনকি গভীর রাতেও এসএমএস করে বলে দেন, পরের দিন কাজে আসতে হবে না। তখন নতুন করে কাউকে ডেট দেয়ার অবস্থাও থাকে না। “এই ক্ষতি কি প্রযোজকরা পূরণ করে দেন? তা যদি না করেন, তা হলে যখন তখন শু্যটিং বাতিল করার অধিকারও তাদের থাকতে পারে না।”
এর পাশাপাশি শিল্পীদের সম্পর্কে প্রযোজকদের অভিযোগও কিছু কম নয়। শিল্পীরা দু’ঘণ্টা কাজ করে পুরো দিনের পাওনা নেন বলে অভিযোগ। অধিকাংশ দিনই ‘হাফ ডে’-র জন্য আবদার করেন তারা। নাম না করে এক প্রযোজক বলেন, “আমরা আর এ সব মানব না। কালকের বৈঠকে এই সব কিছু নিয়েই আলোচনা হবে।” আর পাওনাগন্ডার বিষয়টা?

পার্থবাবু বলেন, “পোস্ট ডেটেড চেক দেয়াটা অপরাধ নয়। শিল্পীদের বলাই আছে চেকে তিন দিনের ‘গ্রেস পিরিয়ড’ ধরে রাখতে।” প্রযোজকদের দাবি, এই নিয়ে ডামাডোলের পিছনে শিল্পীরা যতটা না দায়ী, আর্টিস্ট ফোরামের কিছু ‘অস্থিরমতি’, ‘দায়িত্বজ্ঞানহীন’ নেতা অনেক বেশি দায়ী। ওরাই শিল্পীদের হয়ে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। পার্থবাবুর কথায়, “এতে চ্যানেলের ক্ষতি হচ্ছে, প্রযোজকদের ক্ষতি হচ্ছে। আর্টিস্ট ফোরামের এই দাদাগিরি মানা যায় না।”

অতঃকিম? শিল্পীরা বলছেন প্রযোজকরা ওদের ভালোমন্দের দিকটা দেখেন না। প্রযোজকরা বলছেন, শিল্পীরা ওঁদের সঙ্গে সহায়তা করেন না। মাঝখানে পড়ে চ্যানেলের কর্তারা ক্ষুব্ধ। সংশ্লিষ্ট একটি চ্যানেলের কর্তা সুজয় কুট্টি বলছেন, “আমরাই টাকা দিই। কিন্তু যখনই ঝামেলা হয়, চ্যানেলের স্বার্থটা কেউ দেখেন না।” প্রথম সারির একাধিক চ্যানেলের কর্তাই আজকের বৈঠকে উপস্থিত থাকবেন। অরূপ বিশ্বাস মনে করিয়ে দিচ্ছেন, শুধু চ্যানেল নয়। পুজোর আগে ধর্মঘট শুরু হলে মার খাবেন টেকনিশিয়ানরাও। “এই অনিশ্চয়তার আবহ চলতে পারে না। আশা করছি, সোমবার একটা রফা হবে।” অরূপের সঙ্গে সহযোগী মধ্যস্থ হিসেবে থাকবেন শিবাজী পাঁজা।
কলকাতার বাংলা টেলিভিশনের ‘প্রাইম টাইম’ অতএব, সোমবার সকাল এগারোটা থেকে। সূত্র: ওয়েবসাইট।

অতিরিক্ত মিষ্টিতে মস্তিষ্কের ক্ষতি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

অতিরিক্ত মিষ্টিতে মস্তিষ্কের ক্ষতি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 মিষ্টি খাবার সবার কাছেই খুব প্রিয়। হালকা পানীয়, আপেলের সস, জেলি এবং শিশুখাদ্যে প্রচুর ফ্রুকটোস (বিভিন্ন ধরনের ফল, মধু ইত্যাদিতে যে ধরনের চিনি থাকে) ব্যবহার করা হয়। এসব খাবার শিশুসহ সবার পছন্দের হলেও একটু সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

তারা বলছেন, অতিরিক্ত ফ্রুকটোসসমৃদ্ধ খাবার দীর্ঘদিন খেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। স্মরণশক্তি কমে যেতে পারে। তবে ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খেলে এ ক্ষতি থেকে
রেহাই পাওয়া যাবে।

আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) গবেষকরা বলছেন, প্রক্রিয়াজাত করা খাবারে উচ্চমাত্রায় ফ্রুকটোসযুক্ত কর্ন সিরাপ ব্যবহার করা হয়। সাধারণ চিনির তুলনায় এ সিরাপ ছয়গুণ বেশি মিষ্টি। এটিই আমাদের জন্য ক্ষতির কারণ। ফলে ফ্রুকটোস থাকলেও তা ক্ষতিকর নয়। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের জন্য তা খুবই উপকারী।

এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোমেজ পিনিলা বলেন, তৈরি করা খাবারে স্বাদ বাড়াতে উচ্চমাত্রার ফ্রুকটোস মিশ্রিত সিরাপের ব্যবহার নিয়ে তারা উদ্বিগ্ন।

এর আগে গবেষণায় জানা গেছে_ ডায়াবেটিস, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া ও যকৃতের বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে ফ্রুকটোস। এই প্রথম জানা গেল, এটি মস্তিষ্কেরও ক্ষতি করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

রামুর ঘটনায় সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনায় সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সরকারের নিরপেক্ষতা প্রমাণ করার জন্য একটি সর্বদলীয় তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।

সোমবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বৌদ্ধপল্লীতে হামলার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, কমিশন মনে করে সরকারের উচিত দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে রামু ও উখিয়ার বিস্তারিত তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করা।

তিনি আরো বলেন, আফগানিস্তানের বামিয়ানে হাজার বছরের পুরনো দুটি বুদ্ধমূর্তি ধ্বংস করার পর সৌদি সরকার পত্রিকায় মন্তব্য করেছিল, ‘দিস ইজ নট ইসলাম’। কমিশনও রামুর এ ঘটনাকে ইসলামসম্মত কাজ মনে করে না। ইসলাম শান্তির ধর্ম। যারা এই উন্মাদনা সৃষ্টি করেছে তারা অবশ্যই ইসলামের লোক নয়। তারা ইসলামকে সমালোচিত এবং ধর্মকে বিতর্কিত করার জন্য এ কাজ করেছে।
দিলদার বলেন, প্রশাসন যদি সজাগ থাকত তাহলে এত বড় ঘটনা ঘটত না। তাদের এ গাফিলতি মেনে নেয়া যায় না। তাদেরও বিচারের আওতায় আনা উচিত।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইউএনবির চেয়ারম্যান আমানুল্লাহ খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় উপদেষ্টা ডা. এ এস এম বদরুদ্দোজা ও কমিশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল।

রাজধানী যানজটমুক্ত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে: যোগাযোগমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজধানী যানজটমুক্ত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে: যোগাযোগমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “রাজধানীকে যানজটমুক্ত করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। সাভার থেকে রাজধানীতে প্রবেশের মুখে গাবতলী ব্রিজের নিচ দিয়ে তিন কোটি টাকা ব্যয়ে সার্কুলার রোড তৈরি হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বরের আগেই এর কাজ শেষ হবে।”
 
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শন শেষে সাভারের নবীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
 
এ সময় তিনি গাবতলী ব্রিজের নিচ দিয়ে নির্মাণাধীন সার্কুলার রোডের কাজসহ ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উলাইল, গেণ্ডা বাসস্ট্যান্ড এবং সাভার বাজার বাসস্ট্যান্ডে নেমে সড়কের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। পরে তিনি নবীনগর বাসস্ট্যান্ডে নেমে ঢাকা-আরিচা মহাসড়কের নির্মাণাধীন চারলেন সড়কের কাজ পর্যবেক্ষণ করেন।
 
যোগাযোগমন্ত্রী আরো বলেন, “ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট ও বাজার বসার কারণে যানজটের সৃষ্টি হয়। আগামী ঈদের আগেই সারা দেশে সড়ক ও জনপথ বিভাগের সব রাস্তা সংস্কার কাজ শেষ করা হবে; যাতে ঈদে ঘর মুখো মানুষ ভোগান্তিতে না পড়ে।”
 
মহাসড়কের দু’পাশে থাকা রাজনৈতিক বিলবোর্ডসহ অহেতুক মহাসড়কের পাশে স্থাপন করা বিলবোর্ডগুলো অপসারণের কথা বলেন তিনি।
 
ঈদের সময় মহসড়াকের পাশে যাতে পশুর হাট না বসে সে জন্য প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা চান তিনি।
 
এ সময় তিনি সাভার বাজার বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের জন্য খুব শিগগিরই আরেকটি ফুট ওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন এবং এর জন্য আগামী ২০ তারিখের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে বলে জানান তিনি।
 
এ সময় সওজের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, সুপারেন্টেড ইঞ্জিনিয়ার ঢাকা সাহাবুদ্দিন, নির্বাহী কর্মকর্তা জিকরুল হাসান, ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানভীরের বিরুদ্ধে আরো দুটি মামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

তানভীরের বিরুদ্ধে আরো দুটি মামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের বিরুদ্ধে সোমবার নতুন করে আরো দুটি মামলা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে ১১টি মামলা হয়।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় সাভার থানায় আরেকটি মামলা হয়েছে।
 
তানভীর মাহমুদকে রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে র‌্যাব গ্রেফতার করে। এ সময় দুদকের করা মামলার অপর আসামি হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদকেও গ্রেফতার করে র‌্যাব। এই দুজনের কাছ থেকে পাঁচটি ব্ল্যাকবেরি মোবাইলফোন, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও দুই লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

রামুর ঘটনায় স্থানীয় এমপির উস্কানিকে দায়ী করলেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনায় স্থানীয় এমপির উস্কানিকে দায়ী করলেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার জ্বালিয়ে দেয়া এবং ভাঙচুরের ঘটনায় প্রধান বিরোধী দল বিএপির স্থানীয় সংসদ সদস্য লুতফুর রহমানের উস্কানিকে দায়ী করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, “গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে রামুতে হামলার আগে স্থানীয় আওয়ামী লীগ, পুলিশ, উপজেলা প্রশাসন সেখানকার উত্তেজিত মানুষকে শান্ত করার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় বিএনপির স্থানীয় এমপি গিয়ে সেখানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তারপর হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে মন্দিরে আগুন দেয়।”

 সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কিজারী উচ্চবিদ্যালয় মাঠে জনসভাস্থলে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “বৌদ্ধবিহারে হামলার ঘটনায় আমি মর্মাহত ও হতাশ। বাংলাদেশে এর আগে এ রকম জঘন্যতম ঘটনা ঘটেনি। আন্তর্জাতিকভাবে দেশের সম্মান ক্ষুণ্ন করতেই এই হামলা হয়েছে।”


শেখ হাসিনা জানান, হামলার ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে রেহাই দেয়া হবে না। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেয়া হবে।

পুড়ে যাওয়া ১২টি বৌদ্ধবিহারের সংস্কার সরকারি অর্থে করা হবে বলেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “বৌদ্ধবিহারগুলোর সংস্কারের জন্য যা যা করা দরকার, সরকারের পক্ষ থেকে তা করা হবে।”

শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রীর ভাণ্ডার থেকে এক কোটি ৩৪ লাখ আর বিভিন্ন সংস্থার মাধ্যমে দুই কোটি ৪৮ লাখ নগদ টাকা (মোট তিন কোটি ৮২ লাখ ৪৬ হাজার টাকা ) ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গৃহনির্মাণের জন্য ৩০৭ বান টিন, ৩৫.৬২ মেট্রিক টন চাল, ২৪৬টি কম্বল, ১০৭ বান্ডিল কাপড়চোপড় ও স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ২৯ সেট বই দেবে সরকার।”

জনসভাস্থল থেকে পুড়ে যাওয়া বৌদ্ধবিহার ও বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িতে গিয়ে ত্রাণ দেন শেখ হাসিনা। এরপর তিনি কক্সবাজারে যাবেন। সেখানে সরকারি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন।

জনসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বীর বাহাদুর এমপি, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহম্মেদ হোসেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে পৌঁছান। সেখান থেকে তিনি রামুতে যান।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরিফের অবমাননাকর একটি ছবি প্রকাশের জের ধরে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামু উপজেলায় বিক্ষুব্ধ জনতা ১০টি বৌদ্ধমন্দিরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। এছাড়া ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এমপি গোলাম রেজার বিরুদ্ধে মামহানির মামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

এমপি গোলাম রেজার বিরুদ্ধে মামহানির মামলা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 জাতীয় পার্টি থেকে সদ্য বহিষ্কৃত সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার বিরুদ্ধে চট্টগ্রামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন দলটির এক নেতা।

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম হাসানুল ইসলামের আদালতে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের এ মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

মামলায় বলা হয়, গত ৩ অক্টোবর দৈনিক ইত্তেফাকে রেজার বরাত দিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এসব তথ্যে তার নেতার অপূরণীয় ক্ষতি হয়েছে।
 
উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রেজাকে গত শনিবার দল থেকে বহিষ্কার করা হয়। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘনিষ্ঠ ছিলেন। সম্প্রতি ব্যবসায়িক কারণে তার সঙ্গে এরশাদের দূরত্ব সৃষ্টি হয়।

পানিতে ভাসল দেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পানিতে ভাসল দেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 পানিতে ভেসেছে দেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ। এটি নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। বাংলাদেশ নৌ-বাহিনী এটি ব্যবহার করবে।

সোমবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিতভাবে এই যুদ্ধজাহাজের উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রী বলেন, “দেশে তৈরি প্রথম এ যুদ্ধজাহাজ আমাদের সমুদ্রসীমা প্রতিরক্ষায় কাজ করবে। সেই সঙ্গে এ যুদ্ধজাহাজ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। যা আমাদের নৌ-বাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করবে।”

এ সময় উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ ও চীনা জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান চায়না শিপবিল্ডিং অফসোর কোম্পানির (সিএসওসি) কর্মকর্তারা। শিপইয়ার্ডের লঞ্চিং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা শিপইয়ার্ডের ব্যাবস্থাপনা পরিচালক আরইউ আহমেদ।

চীনের প্রযুক্তিতে নৌ-বাহিনীর জন্য ২৮৮ কোটি টাকায় পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ড। এর মধ্যে একটি নির্মাণ করে নৌ-বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।  বাকি চারটি খুব শিগগির নির্মাণ শেষে হস্তান্তর করা হবে।

সুরঞ্জিতকে গ্রেফতার দাবি আইনজীবীদের :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সুরঞ্জিতকে গ্রেফতার দাবি আইনজীবীদের :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সোমবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়।

জয়নুল আবেদীন বলেন, সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে টিভিতে তার ড্রাইভার বক্তব্য দিয়েছেন। যাতে বলা হয়েছে, তিনি রেলওয়ের টাকা লুটপাট করেছেন। অথচ এখনো তিনি বহাল তবিয়তে।

অনুষ্ঠানে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, নির্বাচিত সরকারও যে  অগণতান্ত্রিক হতে পারে তার বড় দৃষ্টান্ত এই সরকার।

তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের দুর্নীতির বিষয়ে তার ড্রাইভার প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এই দুর্নীতির অভিযোগ সত্য নাকি মিথ্যা সেদিকে না গিয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাতে তিনি ওই পদে থাকতে পারেন না। তাই অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

ব্যারিস্টার রফিকুল বলেন, ‘‘এর আগে পদ্মা সেতু দুর্নীতি নিয়েও তিনি মিথ্যা বক্তব্য দিয়েছিলেন। শুধু পদত্যাগ করলেই হবে না। দুদককে তিনি যেভাবে দুর্নীতির জন্য ব্যবহার করছেন তার জন্য তার বিচারের দাবি করছি।’’

তিনি অভিযোগ করেন, রামুতে ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসী কার্যকলাপ করেছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঘটনার দুই দিন যেতে না যেতেই মোড় অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজ সরকারের দোসরে পরিণত হয়েছে। দুদক চেয়ারম্যান রাজনৈতিক নেতার মতো কথা বলেন। আজমের সাক্ষাৎকারের পরও তিনি সুরঞ্জিতের পক্ষে কথা বলেছেন। তিনিও সুরঞ্জিতকে গ্রেফতারের দাবি জানান।

তিনি আরো বলেন, অবিলম্বে সুরঞ্জিত সেনগুপ্তকে গ্রেফতার করতে হবে। দুদক চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে।

প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করবে: রামুর এমপি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করবে: রামুর এমপি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
রামুর সম্প্রীতি সমাবেশে স্থানীয় সংসদ সদস্যকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেয়ার বক্তব্যের নিন্দা জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য পুরো তদন্ত প্রক্রিয়াকেই প্রভাবিত করবে।”

তিনি আশঙ্কা করছেন, “দেশের সরকার প্রধানের এই বক্তব্যে ক্ষতিগ্রস্থ বৌদ্ধ সম্প্রদায় ন্যায় বিচার পাবে না। অপরাধীরাও আড়ালে পড়ে যাবে।”

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কক্সবাজারের কলাতলি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বিরোধী দলীয় সংসদ সদস্য।


সোমবার বিকেলে সম্প্রীতি সমাবেশে শেখ হাসিনা বলেন, “গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে রামুতে হামলার আগে স্থানীয় আওয়ামী লীগ, পুলিশ, উপজেলা প্রশাসন সেখানকার উত্তেজিত মানুষকে শান্ত করার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় বিএনপির স্থানীয় এমপি গিয়ে সেখানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তারপর হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে মন্দিরে আগুন দেয়।”

এই অভিযোগ অস্বীকার করে এমপি কাজল সেই দিনের বর্ণনা দিয়ে বলেন, “রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবি চন্দের ফোন পেয়ে রাত পৌণে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন।”

এমপি কাজল আরো বলেন, “আমিও উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য বক্তব্য দিতে চাইলে তারা আমার বক্তব্য শুনবে না, চেয়ারম্যান কাজলের বক্তব্য শুনবে বলে স্লোগান দেয়। এ সময় কিছু লোক আমাকে ও আমার সঙ্গীদের লক্ষ করে স্যান্ডেল ছুঁড়ে মারে। এর মধ্যে উপজেলার ভাইস চেয়ারম্যান মুশরাত জাহান মুন্নী এসে জানান, শ্রীকুল এলাকায় উত্তেজিত জনতা বৌদ্ধ বিহারে আগুন দেয়ার চেস্টা করছে।”

তিনি বলেন, “ওই সময় আমি ইউএনওকে ১৪৪ ধারা জারি ও পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ পাঠানোর অনুরোধ জানাই। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার খাতিরেই আমি বাড়ি চলে আসি।”

এ সময় সহকারী পুলিশ সুপার (ডিএসবি) তালেবুর রহমান ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজিবুল ইসলাম উপস্থিত ছিলেন বলে এমপি কাজল জানান।

লুৎফুর রহমান কাজল আক্ষেপ করে বলেন, “সরকারকে সহযোগিতা করতে গিয়ে যদি নিজেই অপরাধী হয়ে যাই তাহলে তো ভবিষ্যতে কেউ দুর্যোগে এগিয়ে যাবে না।”

তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

ডিসিসি নির্বাচন আরো তিন মাস স্থগিত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ডিসিসি নির্বাচন আরো তিন মাস স্থগিত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনের ওপর হাই কোর্টের দেয়া স্থগিতাদেশের মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছেন হাই কোর্ট।

সোমবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সময় বাড়ানোর এ আদেশ দেন।

রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ সোমবার আদালতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো মোখলেসুর রহমান।
শুনানি শেষে আদালত স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেন।

এ নিয়ে ডিসিসি নির্বাচনের ওপর স্থগিতাদেশের মেয়াদ দ্বিতীয় দফা বাড়ানো হলো। গত ১৬ এপ্রিল হাই কোর্ট তিন মাসের জন্য এ নির্বাচন স্থগিত করে। এরপর গত ২৩ জুলাই ওই স্থগিতাদেশের মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হয়।

পূর্বের নির্দেশ মোতাবেক এই স্থগিতাদেশের মেয়াদ আগামী ১৬ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশনে ২৪ মে ভোট হওয়ার কথা ছিল।

গত এপ্রিলে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ডিসিসি নির্বাচন স্থগিত করার জন্য একটি রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে ‘যথাসম্ভব দ্রুত’ ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করতে বলেন। একইসঙ্গে নির্বাচনের তিন মাস আগ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে বলা হয়। আইন অনুযায়ী, সব কাজ শেষ করে দ্রুত নির্বাচন করতে বলে আদালত।

তানভীর ও তুষার ২৯ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

তানভীর ও তুষার ২৯ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় গ্রেফতার হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং তার শ্যালক ও হলমার্কের জিএম তুষার মাহমুদের ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
সোমবার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ রিমান্ডের এ আবেদন মঞ্জুর করেন।
 
অন্যদিকে পল্লবী থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী শুনানি শেষে  তানভীর মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তারা সোমবার ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ’র আদালতে আসামিদের হাজির করে ১১ টি মামলায় ১০ দিন করে মোট ১১০ দিন রিমান্ড চান। তবে করে ১১ টি মামলার রিমান্ডের আবেদন থাকলেও সোমবার তিনটি মামলায় রিমান্ড শুনানির জন্য উপস্থাপন করেন দুদক’র প্রসিকিউটিং জি.আরও।
 
মামলায় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রতিটি মামলায় ৮ দিন করে মোট ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, পাচার সংক্রান্ত অর্থের পরিমাণ এবং এ সংক্রান্ত তথ্য উদঘাটনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
 
 
শুনানি শেষে আদালত তাদের এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
 
রোববার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থেকে সোনালী ব্যাংকের ঋণপত্র জালিয়াতির ঘটনায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে গ্রেফতার করে র‌্যাব। একই সঙ্গে তার শ্যালক ও হলমাকের্র জিএম তুষার মাহমুদকেও গ্রেফতার করা হয়।
 
এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা এবং ম্যাগাজিন ও গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে র‌্যাব। রাতেই তানভীরকে রমনা থানায় হস্তান্তর করা হয়।
 
ঋণপত্র জালিয়াতির ঘটনায় হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ ২৭ জনের বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে বৃহস্পতিবার রমনা থানায় ১১টি মামলা করে দুদক। মামলায় সোনালী ব্যাংকের ২০ জন ও হলমাকের্র সাত জনকে আসামি করা হয়েছে।