Pages

Monday, September 24, 2012

তৃষ্ণা ছাড়াও পানি জরুরি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

তৃষ্ণা ছাড়াও পানি জরুরি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 আমরা সবাই জানি, আমাদের শরীরের মোট ওজনের ৭৫ শতাংশই পানি। শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে পানির উপস্থিতি রয়েছে। বিশেষ করে ফুসফুস এবং মস্তিষ্কের মতো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোয় পানির উপস্থিতি অনেক বেশি।
 
সাধারণত আমরা মনে করি, তখনই আমাদের তৃষ্ণা পায় যখন শরীরে পানির প্রয়োজন হয়। কিন্তু এ ধারণা কি আসলেই সত্যি? আমাদের মধ্যে অনেকেই দীর্ঘক্ষণ তাপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করি, সে সময় আমাদের খুব বেশি তৃষ্ণা পায় না, তার মানে কি আমাদের শরীরে তখন পানির প্রয়োজন নেই?
 
বিজ্ঞানীরা বলছেন, তখনো শরীরে পানির প্রয়েজন হয়। তৃষ্ণা না পেলেও শরীরে পানির প্রয়োজন আছে। আর এটি পূরণ না হলে শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে।
 
গবেষকদের মতে, আমাদের শরীরের ভেতরে পানির প্রবাহ বাড়তি থাকলে কোষগুলো উদ্দীপ্ত হয় এবং শক্তি আহরণ করে। এ ছাড়া ত্বকের এবং স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পানির উপস্থিতি প্রয়োজন।
 
প্রতিদিন চার লিটার পানি শরীর থেকে নির্গত হয়। এ ঘাটতি পূরণ করার জন্য একই পরিমাণ পানি পান করা দরকার। তা আপনার তৃষ্ণা থাকুক আর না থাকুক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ মেয়াদে পদ্মা সেতুর কাজ শুরু করা কঠিন: যোগাযোগমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

এ মেয়াদে পদ্মা সেতুর কাজ শুরু করা কঠিন: যোগাযোগমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  বিশ্বব্যাংক ফিরে এলেও বর্তমান সরকারের মেয়াদকালে পদ্মা সেতুর কাজ শুরু করা খুব একটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একটি পদ্মা সেতুই দেশের সব সমস্যার সমাধান নয়-এ মন্তব্য করে মন্ত্রী বলেন, “বিশ্বব্যাংক যে সব শর্ত দিয়েছে তার কারিগরি, প্রক্রিয়াগত ও কৌশলগত সব সমস্যার জট খুলতে অনেক সময় লাগবে।”

বিকল্প অর্থায়নের কথা উল্লেখ করে তিনি পদ্মা সেতু নির্মাণের যে নির্বাচনী প্রতিশ্রুতি সরকারের ছিল তা থেকে সরে আসারও কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন।

এর আগে শনিবারও সাভারের এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেছিলেন, “পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ফিরে আসার অর্থ এই নয় যে, খুব শিগগির এর কাজ শুরু হবে। কিছু প্রক্রিয়াগত, পদ্ধতিগত এবং টেকনিক্যাল বিষয় রয়েছে যা সুরাহা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। এরপর বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে চারটি শর্ত দিয়েছিল। শর্তগুলো পূরণ হওয়ায় গত বৃহস্পতিবার বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসার ঘোষণা দেয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ৬ মাস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ৬ মাস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করা হবে। এসব প্রতিষ্ঠানের নারী শিক্ষক ও কর্মচারীরা এ সুবিধা ভোগ করবেন।

রোববার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কয়েকটি সংগঠনের নেতারা শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

নুরুল ইসলাম আরো বলেন, দাবি অনুযায়ী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িবাড়া ও চিকিত্সাভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে টাকার পরিমাণটা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সুনির্দষ্টি করা হবে বলে মন্ত্রী জানান।

আবুল কালাম আজাদের বিরুদ্ধে হুলিয়া জারি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আবুল কালাম আজাদের বিরুদ্ধে হুলিয়া জারি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে গ্রেফতার করতে পত্রিকা বিজ্ঞপ্তি দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারক এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।

প্রসিকিউটর সাহিদুর রহমান সাংবাদিকদের জানান, কুখ্যাত রাজাকার আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে গ্রেফতার করতে দুটি বহুল প্রচারিত বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি জারির মাধ্যমে হুলিয়া জারি করেছেন।

তিনি বলেন, আগামী দুই এক দিনের মধ্যে তাকে হাজির হতে এ বিজ্ঞপ্তি দেয়ার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্য তাকে হাজির হতে আগামী ৭ অক্টোববর পর্যন্ত সময় দেয়ার কথা বলেছেন ট্রাইব্যুনাল। ওই তারিখের মধ্যে তিনি হাজির না হলে তার অনুপস্থিতেই বিচার কাজ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে ডিএমপি কমিশনার তাদের প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনের উল্লেখ করা হয়, তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে গ্রেফতার করতে সবখানে খোঁজা হচ্ছে।

প্রসিকিউটর বলেন, ডিএমপির এ প্রতিবেদন গ্রহণ করে ট্রাইব্যুনাল আজ এ নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

ওই দিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ২৩ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। ওই তারিখের মধ্যে তাকে গ্রেফতার করতে না পারলে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করার জন্য ডিএমপির প্রতি একটি নির্দেশ জারি করেন।

গত ২ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর সাহিদুর রহমান আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন।

আনুষ্ঠানিক অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, দেশান্তরিত, ধর্মান্তরিতকরণসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গিছে বলে জানিয়েছেন প্রসিকিউটর সাহিদুর রহমান।

তিনি বলেন, ১০টি ঘটনায় ২২টি অভিযোগের ভিত্তিতে মোট ৪৪৮ পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয়েছে রেজিস্ট্রারের কাছে। রোববার আদালত প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নিয়ে তাকে দ্বিতীয় বারের মতো গ্রেফতারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আগামী ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিটর সাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, কুখ্যাত রাজাকার  আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ৬৪ পৃষ্ঠার ফরমাল চার্জ (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।

তিনি বলেন, বাচ্চু রাজাকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো একাত্তর সালের ২১ এপ্রিল ফরিদপুরে জগৎবন্ধু আশ্রমে আটজন সাধুকে বাচ্চু রাজাকারের সহযোগীতায় পাক বাহিনী নির্মমভাবে হত্যা করেন।

এর আগে গত ২৬ জুলাই তদন্ত সংস্থা বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করতে না পারলে বা খুঁজে না পেলে কী করবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর সাহিদুর রহমান জানান, গ্রেফতার করতে না পারলে দুটি ইংরেজি ও বাংলা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। তাতেও তাকে গ্রেফতার করা সম্ভব না হলে তার অনুপস্থিতে বিচার কাজ চলবে।

মাওলান আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত সংস্থার তদন্ত কাজ গত ১০ এপ্রিল থেকে শুরু হয়। এরপর গত ৩ এপ্রিল তাকে গ্রেফতার করে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাকিস্তানের উদ্দেশে ভারতে চলে যান।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ গত ২৫ মার্চ দেয়া আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২ এপ্রিল দাখিল করে প্রসিকিউশন।

রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে র‌্যাব: হারস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে র‌্যাব: হারস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 পুলিশের অভিজাত বাহিনী র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজনৈতিক ও অনৈতিকভাবে বিশেষ মহল থেকে প্রভাবিত হচ্ছে। র‌্যাবের কার্যক্রমে অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

জনমত জরিপে এমন তথ্য পাওয়া গেছে বলেছে দাবি হিউম্যান এনভায়রনমেন্ট রাইট্ সোসাইটির ( হারস্ )।

রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে মানবাধিকার ও পরিবেশ রক্ষা বিষয়ক সংগঠনটি।

সংস্থার নির্বাহী পরিচালক মির্জা ওয়ালিদ হোসেন তার রিখিত বক্তব্যে জানান, জরিপে ১ হাজার ৫৫৩ জন নাগরিক অংশ নিয়েছেন।

জরিপের ফলাফল

কোনো কোনো র‌্যাব সদস্য রাজনৈতিক ও অনৈতিকভাবে কোনো মহল দ্বারা প্রভাবিত হচ্ছে কি- এমন প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৬৭০ জন (৪৩.১৪ %), না বলেছেন ২৮৫জন ( ১৮.৩৫%), জানি না বলেছেন ৫১৪ জন ( ৩৩.১৯%) এবং নিরুত্তর ছিলেন ৮৪জন (৫.৪১%)।

র‌্যাব সদস্য কর্তৃক কোন কোন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করেন- এম প্রশ্নের উত্তরে ৬৬০ জন (৪২.৫%) বলেছেন, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। ১৯০ জন (১২.২৩%), বিষয়টি জানেন না ৪৭৬ (৩০.৬৫%)  আর নিরুত্তর ছিলেন ২২৭ জন ( ১৪.৬২%)।

সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে র‌্যাব সদস্যদের আরও দায়িত্বশীল আচরণ, মানবতা ও ভদ্রতা সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন জরিপে অংশগ্রহণকারীদের ১১৯৮জন (৭৭.১৪%)। ৮৬ জন (৫.৫৪%) বলেছেন প্রশিক্ষণের প্রয়োজন নেই। ১৩৭ জন (৮.৮২%) বিষয়টি জানেন না আর ১৩২ জন (৮.৫%) এ প্রশ্নের উত্তর দেননি।

র‌্যাবের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে অবদান রাখছে বলে মত দিয়েছেন ১ হাজার ৪০০ জন। ১২২ জন বলেছেন অবদান রাখছে না, ২১ জনের বিষয়টি জানা নেই এবং ১০ জন এ সংক্রান্ত উত্তর দেননি।

পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব তুলনামূলক ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করেন ৫৮০ জন। ৪৮২ জন বললেন ভূমিকা ইতিবাচক নয়। ৪০৩ জন বলেছেন জানি না আর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নিরুত্তর ছিলেন ৮৮ জন।

র‌্যাবের বিরম্নদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন ৬১৮ জন। চক্রান্ত নেই বলছেন ২৪২ জন, বিষয়টি জানা নেই ৪৭০ জনের, নিররুত্তর ছিলেন ২২৭ জন।

র‌্যাব থাকার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন ১৩১০ জন। র‌্যাবের প্রয়োজন নেই বলেছেন ১০৪ জন, বিষয়টি জানেন না ৭৬ জন আর এ প্রশ্নের উত্তর দেননি ৭১ জন। র‌্যাব ভেঙে দেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে ধারনা ১ হাজার ১৭৪ জন। র‌্যাব ভেঙে দেয়ার পক্ষে ২৩৬ জন, বিষয়টি জানেন না ৭৬ জন আর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নিরুত্তর ছিলেন ১৯ জন। জরিপে অংশগ্রহণকারী নাগরিকদের ৩১২ জন র‌্যাবকে ভয় পান। ১১০৪ জন ভয় পান না। ভয়ের বিষয়টি জানা নেই ১৭ জনের এবং এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ১২০ জন। র‌্যাব থাকার প্রয়োজনীয়তা আছে বলে জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৮৪ জনের বেশি নাগরিক মনে করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, হারসের প্রধান উপদেষ্টা শহীদুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক ইমরান হোছাইন, প্রদীপ সেন, মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম বাবু, আইন বিভাগের প্রধান সমন্বয়কারী এডভোকেট আইয়ুব আহমেদুল্লা প্রমুখ।

উত্তরায় ভবনে আগুন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

উত্তরায় ভবনে আগুন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে রাজলক্ষী কমপ্লেক্সের পাশে আলাউদ্দিন টাওয়ার নামে একটি ১৬ তলা দালানে অগ্নিকাণ্ড ঘটেছে। সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
 
নিচ তলার আগুন ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
 
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, প্রথমে তাদের দুটো ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
 
রাত পৌনে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনটির নিচের দিকের তলাগুলো ধোঁয়ায় ছেয়ে আছে। অগ্নি নির্বাপক কর্মীরা ভবনটির ভেতরে আটকে পড়া লোকদের মই দিয়ে নামিয়ে আনার চেষ্টা করছেন।
 
পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মুহাম্মদ শহিদুল্লাহ, মেটোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ ঘটনাস্থলে পৌছেছেন। সেনা বাহিনী ও নৌ বাহিনীর দুটি টিমও উদ্ধার কাজে অংশ নেয়।

খালেদা জিয়ার ছোটভাই সাঈদ এসকান্দারের ইন্তেকাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

খালেদা জিয়ার ছোটভাই সাঈদ এসকান্দারের ইন্তেকাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোটভাই সাবেক সংসদ সদস্য সাঈদ এসকান্দার নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বার্তা২৪ ডটনেটকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

সাঈদ এসকান্দার দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। তিনি আমেরিকার নিউ ইয়র্কের একটি হাসপাতালে সাতমাস চিকিৎসাধীন ছিলেন।

দুই বছর আগে সাঈদ এসকান্দার সিঙ্গাপুরে হৃদরোগের চিকিৎসা করান এবং সেখানকার একটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করেন।

সাঈদ এস্কান্দার ২০০১ সালে ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম থেকে এমপি নির্বাচিত হন। পরে ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপটে তাকে আর  নির্বাচনে মনোনয়ন না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এমপি নির্বাচিত হন।

সাঈদ এসকান্দারের দুই স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

স্বতস্ফূর্ত ও শান্তিপূর্ণ হরতাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

স্বতস্ফূর্ত ও শান্তিপূর্ণ হরতাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ইসলামী ও সমমনা ১২ দলের ডাকে রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রায় শান্তিপূর্ণ ও স্বতস্ফূর্তভাবে পালিত হয়েছে। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকেই রাজধানীতে রাস্তায় কোনো পিকেটার চোখে পড়েনি। বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল বের করার চেষ্টা করা হলেও পুলিশ বাধায় তা পণ্ড হয়ে যায়। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও হরতাল ঠেকাতে মাঠে ছিলেন। পূর্বঘোষিত মহাসমাবেশ করতে না দেয়া, প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে পুলিশি বাধা এবং আটক নেতাদের মুক্তির দাবিতে শনিবার ইসলামী ও সমমনা ১২ দল এ হরতালের ডাক দেয়। প্রধান বিরোধী দল বিএনপির হরতালেও যেখানে তেমন সাড়া পাওয়া যায় না সেখানে ছোট কয়েকটি ইসলামী দলের হরতাল তেমন পালিত হবে না বলেই ধারণা করা হচ্ছিল। তবে আজকের হরতাল ছিল অনেকটা স্বতস্ফূর্ত। হরতাল আহ্বানকারীরা মাঠে না থাকলেও রাস্তায় যানবাহন অন্যান্য হরতালের চেয়ে কম ছিল। দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। অফিস আদালত, ব্যাংক-বিমা খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। ব্যাংকপাড়া মতিঝিল এবং সচিবালয়েও হরতালের ছাপ স্পষ্টভাবে চোখে পড়েছে। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন জেলা ও মহানগরীতে স্বতস্ফূর্ত হরতাল পালনের খবর পাওয়া গেছে। বন্দরনগরী চট্টগ্রামে পিকেটাররা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও কয়েকটি বাস ভাঙচুর করে। নগরীতে মিছিল-সমাবেশ করতে চাইলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এছাড়া সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশালে হরতালের পক্ষে তেমন কোনো পিকেটিং চোখে না পড়লেও হরতাল মোটামুটি পালিত হয়েছে। বিভিন্ন জেলা শহরে হরতালের পক্ষে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। নোয়াখালীতে হরতালের পক্ষে খোদ ছাত্রলীগ কর্মীরা পিকেটিং করেছেন। তবে তারা মহানবী সা.কে অবমাননার ইস্যুতে এ হরতাল করেন। এছাড়া নরসিংদী ও পাবনায় অন্য ইস্যুতে স্থানীয়ভাবে আগে থেকেই হরতালের ডাক দেয়ায় সেখানে আরো জোরালোভাবে পালিত হয়েছে রোববারের হরতাল। আজকের হরতালে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট কোনো সমর্থন ছিল না। জামায়াতে ইসলামী এতে সমর্থন দেয়নি। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বেসরকারি এক টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন, এ হরতালে তিনি সমর্থন দিয়েছেন। তবে কারা হরতাল আহ্বান করেছেন সে ব্যাপারে তিনি জানেন না বলে জানান। উল্লেখ্য, তার দলের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামীও শনিবার গ্রেফতার হয়েছেন। এদিকে সরকারি দল আওয়ামী লীগ দাবি করছে, ইসলামি কোনো ইস্যু না বরং বিএনপি-জামায়াতের ইন্ধনেই এই হরতাল ডাকা হয়েছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর দাবি করেছেন, বিএনপি জামায়াতের ইশারায় যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ হরতাল আহ্বান করা হয়েছে। তার ভাষায়, ইসলামি কোনো ইস্যুতে এ হরতাল হলে উত্তরাঞ্চলের তিন জেলায় কেন হরতাল পালন করা হবে না। উল্লেখ্য, দিনাজপুরে ১৮ দলীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে বগুড়া, রংপুর ও দিনাজপুরকে হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সুরে একই অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল আলম টুকু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশ্লেষকরা মনে করেন, মহানবী সা.কে অবমাননার ইস্যুটি সামনে থাকায় আজকের হরতালটি অনেকটা স্বতস্ফূর্তভাবে পালিত হয়েছে। এই ইস্যুতে হরতাল ডাকা না হলেও আন্তর্জাতিক মিডিয়াসহ অনেকেই মনে করেছেন রাসুলের অবমাননার প্রতিবাদেই এ হরতাল ডাকা হয়েছে। এ জন্য ধর্মীয় অনুভূতির কারণে অনেকেই নৈতিকভাবে এ হরতালে সমর্থন দিয়েছেন। মূলত সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস পুনঃস্থাপন, নারীনীতি বাতিল, শিক্ষানীতি সংশোধনসহ সব ইসলামবিরোধী আইন বাতিলের দাবিতে গত ২৪ জুলাই সমমনা ও ইসলামি ১২ দল রাজধানীর পল্টন ময়দানে মহাসমাবেশের ঘোষণা দেন। শনিবার বিকেলে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর একদিন আগে পল্টন এলাকায় ১৪৪ ধারা জারি করায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়নি। মহাসমাবেশ করতে না দিলে হরতাল দেয়া হবে সেই হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন ১২ দলের প্রধান মাওলানা মুহিউদ্দীন খান। শনিবার প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নিজামীসহ ১৮৬ জনের একটি মামলা হয়েছে। বেআইনি সমাবেশ করে পুলিশ এর কাজে বাধাদান ও জখম করা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ, জনমনে ত্রাস সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। রোববার এ মামলায় আহমাদুল্লাহ আশরাফ ও আব্দুল লতিফ নেজামী বাদে ৩০ জনকে দুদিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন সিএমএম আদালত। এদিকে ১২ দলীয় জোটের শরিক দলগুলোর পরিচায় স্পষ্ট নয়। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ ১২ দল নিয়ে গত বছরের জুনে এ জোটের যাত্রা শুরু হলেও এখন এতে নেই চরমোনাই পীরের ইসলামী আন্দোলন এবং শায়খুল হাদিসের খেলাফত মজলিস। এ জোটের নেতৃত্বে আছেন জমিয়তে ওলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান। এছাড়া জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত প্রিন্সিপাল জয়নুল আবেদিন ও খলিলুর রহমান মাদানীও সরাসরি এর সঙ্গে জড়িত।

পদ্মা সেতু দুর্নীতি তদন্তে দাতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে সরকার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পদ্মা সেতু দুর্নীতি তদন্তে দাতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে সরকার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে না। আগের চুক্তিতেই তারা অর্থায়ন করবে। তাছাড়া এ ক্ষেত্রে নতুন কোনো শর্ত দেয়নি বলে  সরকারের পক্ষ থেকে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, ‘‘বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও দুর্নীতির তদন্তে সহ-অর্থায়নকারীদের সাথে নিবিড়ভাবে কাজ করবে।’’ পরে বিকেলে বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইকবাল মাহমুদ বলেন, “পদ্মায় ফেরার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক চারটি শর্ত দিয়েছিল। সেগুলো পুরণ হওয়ায় তারা এ প্রকল্পে ফিরেছে। আর তাদের দেয়া শর্তগুলো পূরণ হয়েছে কিনা তা দেখতেই বহুজাতিক এই আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিনিধি দল অচিরেই আগামী ২/১ সপ্তাহের মধ্যেই ঢাকায় আসছে।’’ আগের করা চুক্তি বাতিল হওয়ায় বিশ্ব ব্যাংকের সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে কি না- জানতে চাইলে সচিব বলেন, নতুন করে কোনো চুক্তি করতে হবে না। বিশ্ব ব্যাংকের ওই প্রতিনিধি দল পদ্মা প্রকল্প দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবে বলে জানান তিনি। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল যদি তদন্ত করে কোনো ‍দুর্নীতি পায় তখন অর্থায়ন বাতিল হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “দুর্নীতির প্রমাণ পেলে বাংলাদেশি আইনে শাস্তি হবে। তবে অর্থায়ন বাতিল হবে না।” দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার অর্থায়ন বাতিলের আড়াই মাস পর পুনরায় ফেরার ঘোষণা দেয়। প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে সরকারের শীর্ষস্তরের ব্যক্তিদের দুর্নীতি তদন্তে ও ভবিষ্যতে দুর্নীতি  প্রতিরোধে বিশ্বব্যাংকের বাতলানো কমপক্ষে চারটি পূর্বশর্ত পূরণে বাংলাদেশ সম্মত হয়েছে উল্লেখ করে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব পদক্ষেপ সরকার সন্তোষজনকভাবে বাস্তবায়িত করার পরই সেতু প্রকল্পটিতে নতুন করে ‘সম্পৃক্ত’ হবে ব্যাংকটি। আমেরিকার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনস্থ প্রধান দফতর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানায় বিশ্বব্যাংক। নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘‘ব্যাংক এতে রাজি হয়েছে যে, সরকারের দ্বারা সম্মত পদক্ষেপগুলোর সন্তোষজনক বাস্তবায়ন হলে, ব্যাংকের পরিচালনা কর্তৃপক্ষের সমর্থনসহ পদ্মা বহুমুখী সেতুতে আবার নতুন করে সম্পৃক্ত হবে ব্যাংক।’’ বিবৃতিতে বলা হয়, ‘‘নতুন করে প্রকল্প বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে একগুচ্ছ পদক্ষেপ নিতে সরকার রাজি হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সেতু নির্মাণ নিশ্চিত করতে বাড়তি নজরদারির ব্যবস্থাসহ নতুন ক্রয় প্রক্রিয়ার ব্যবস্থা করা, পূর্ণাঙ্গভাবে, নিরপেক্ষতা ও দ্রুততার সাথে তদন্তে এগিয়ে যাবে এবং সরকারি তদন্ত খতিয়ে দেখতে ও তাদের তদন্তের ফল সরকার ও বিশ্বব্যাংককে জানাতে একটি স্বাধীন আন্তর্জাতিক প্যানেল থাকবে।’’

Friday, September 21, 2012

তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 রংপুর-লালমনিরহাট জেলার সীমান্তে দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সোয়া দুইটায় তিনি রংপুর অংশে সেতুর পশ্চিম প্রান্তে উদ্বোধনী ফলক উন্মোচন করে সেতু দিয়ে লালমনিরহাট অংশে পূর্ব প্রান্তে যান। সেখানে ফলক উন্মোচন করে সংক্ষিপ্ত রাখেন। লালমনিরহাট অংশে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “২০০১ সালে ক্ষমতায় থাকাকালে এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। কিন্তু মাঝপথে বিএনপি সরকার তাতে বাধা দেয়। এ কারণে এই সেতুর নির্মাণ পিছিয়ে যায়। আল্লাহর রহমতে উন্নয়নের প্রবেশ পথ হিসেবে তিস্তা সড়ক সেতুর আজ থেকে যাত্রা শুরু হলো।” প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় এসে দেশের সার্বিক উন্নয়ন করেছি। এই অঞ্চল থেকে মঙ্গা দূর করেছি। দেশে খাদ্য সংকট ছিল সেই সংকট দূর করেছি। এখন দেশের খাদ্য সমস্যা নেই।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “নির্বাচনী ওয়াদা অনুযায়ী রংপুরকে বিভাগে পরিণত করেছি, বিশ্ববিদ্যালয় ও সিটি করপোরেশন করেছি। রংপুরের সব ধরনের উন্নয়ন আরো তরান্বিত করার জন্য আমাদের সরকার প্রস্তুত।” এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পাটমন্ত্রী আব্দুল লতিফ, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন,  খালিদ মাহমুদ চৌধুরী এমপি, টিপু মুন্সি, কাউনিয়া উপজেলা আনোয়ারুল ইসলাম। এদিকে তিস্তা সেতুর উদ্বোধন উপলক্ষে মানুষের ঢল নামে সেতু এলাকায়। কিন্তু প্রধানমন্ত্রী কাউনিয়া অংশে দেয়া মাইকগুলো বিকল হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর কোনো কথাই শুনতে পারেননি না উৎসুক জনতা। তারা হতাশ হয়েই খুলে দেয়া তিস্তা সেতু ঘুরে দেখেন।

সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যা মামলার চার্জশিট দাখিল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যা মামলার চার্জশিট দাখিল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার ওবায়দুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ চার্জশিট দাখিল করেন।

মহানগর হাকিম রেজাউল করিম চার্জশিট গ্রহণ যোগ্যতার শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বও পরবর্তী তারিখ ধার্য করেন।

চার্জশিটভুক্ত পাঁচ আসামি হলেন, সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম খোকন ও সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ।

হলমার্ক কেলেঙ্কারি: মোদাচ্ছেরকে দুদকের জিজ্ঞাসাবাদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক কেলেঙ্কারি: মোদাচ্ছেরকে দুদকের জিজ্ঞাসাবাদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। তবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে কোথায় এবং কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি দুদক চেয়ারম্যান।
 
দুদক চেয়ারম্যান বলেন, যেহেতু তিনি সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল তাই তাকে এমন জায়গায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে যেখানে তিনি স্বাচ্ছন্দবোধ করেন।

হলমার্ক গ্রুপকে ঋণ দিতে স্বাস্থ্য উপদেষ্টা সুপারিশ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্রসঙ্গত, হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্ক একাই দুই হাজার কোটি টাকারও বেশি হাতিয়ে নেয়। পরে এ ব্যাপারে অনুসন্ধান শুরু করে দুদক। ইতিমধ্যে দুদক ৫৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

ডিজিটাল বাংলাদেশ গড়তে সব করেছি: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ডিজিটাল বাংলাদেশ গড়তে সব করেছি: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সময় মানুষের আয় বেড়েছে, জিনিসের দাম কমেছে। আমি রংপুরকে বিভাগ করেছি। রংপুরে বিশ্ববিদ্যালয় করেছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে সব করেছি। আর কি চান? সব কিছুই তো দিয়ে দিলাম।

বৃহস্পতিবার বিকেলে তিস্তা সড়ক সেতু উদ্বোধন শেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি ’৯৬ সালে তিস্তা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। বিএনপি এ সেতুর কাজ বন্ধ করে রেখেছিল। আমি ক্ষমতায় এসে মাত্র তিন বছরের মধ্যে এ সেতুর কাজ শেষ করে উদ্বোধন করলাম। সে কারণে আমি আজ সবচেয়ে বেশি আনন্দিত।”

প্রধানমন্ত্রী দেশের উত্তরাঞ্চলে তার সরকারের আমল করা উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, “১৭১ কোটি টাকা ব্যয়ে বুড়িমারী-লালমনিরহাট রেল লাইনের সংস্কার করেছি। ১৫০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় তিস্তা সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থার স্থাপন করলাম। এছাড়া হাতিবান্ধায় ন্যাশনাল সার্ভিস, দ্বিতীয় ধরলা সেতু, তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা জন্য মুক্ত করা, নার্সিং কলেজসহ অধিকাংশ উন্নয়ন আমি করেছি।”

তিনি বলেন, “আওয়ামী লীগ উন্নয়নের সরকার। যে কারণে দেশের জনগণ বারবার আমাদের ভোট দেয়। কিন্তু ভোট চোররা ভোট চুরি করে ক্ষমতায় আসার চেষ্টা করে আসছে।”

প্রধানমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় এসে জাতীয় চার নেতাসহ জাতির পিতার হত্যার বিচার করেছি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। শেষও করব। কিন্তু এতে বিরোধী দল বাধা সৃষ্টি করছে। তাতে কোনো লাভ হবে না। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।”

২০ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা বলেন, “আমাদের সময় দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কৃষককে সুদমুক্ত ঋণ দিয়েছি। সারের দাম কমেছে। আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার।”

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা সাইফুজ্জামান শিখর।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, রেলমন্ত্রী মজিবুল হক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

জনসভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ রংপুর বিভাগের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২২  কোটি টাকা ব্যয়ে নির্মিত লালমনিরহাট-কুড়িগ্রাম জেলার একমাত্র প্রবেশপথ ৭৫০ মিটার দীর্ঘ তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করেন।

এছাড়া জনসভাস্থল থেকেই ১৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বুড়িমারী-লালমনিরহাট সংস্কারকৃত ৮৫ কিলোমিটার নতুন রেল লাইন, ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত লালমনিরহাট ডায়াবেটিক সমিতির বহুতল ভবনের উদ্বোধন করেন।

পদ্মা সেতু নিয়ে বেশি কথা নয়: অর্থমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পদ্মা সেতু নিয়ে বেশি কথা নয়: অর্থমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, “পদ্মা সেতু নিয়ে বেশি কথা বলা উচিত নয়, বেশি বললে বিষয়টা ঘোলাটে হয়ে যায়। তবে আমরা বিশ্বব্যাংকের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আশা করছি।”

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশের নারী উদ্যোক্তা উন্নয়ন: জাতীয় বাজেট ২০১২-১৩’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সঙ্গীতা আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ।

পরে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “আমাদের বিরুদ্ধে বদনাম তুলে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল করা হয়। এখন এই ‘বাতিল’কে পরিবর্তন এবং প্রেস্টিজ সমুন্নত রাখা আমাদের করণীয়। বিশ্বব্যাংক তাদের পদ্ধতিমতো এই প্রকল্পে ঋণ চুক্তি বাতিল করেছে। সুতরাং এটি রিভিউ করা এতটা সহজ নয়।”

আবুল মাল আবদুল মুহিত বলেন, “অভিযোগে বিশ্বব্যাংক বলেছে দুর্নীতির ‘সম্ভাবনা’ আছে। কিন্তু সেটি প্রমাণিত নয়। আমরা এমন ব্যবস্থা নেব, যেন অভিযোগটি কার্যকর না হয়।”

“পদ্মা সেতু প্রশ্নে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ উভয় পক্ষ  থেকেই ছাড় দেয়া হচ্ছে। চূড়ান্ত কিছু হলে আমি আপনাদের জানাবো” যোগ করেন তিনি।

সেমিনারে বক্তব্য রাখেন বিডব্লিউসিসিআইর  জ্যেষ্ঠ সহসভাপতি মুনমুন রহমান এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী উদ্যোক্তারা।

তারা চলতি অর্থবছরে (২০১২-১৩) নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত ১০০ কোটি টাকার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার পদক্ষেপ নিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।

জবাবে অর্থমন্ত্রী জানান, বিষয়টি পুরোপুরি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের। সেখানেই নারী উদ্যোক্তারা তাদের প্রস্তাবগুলো উপস্থাপন করতে পারেন।

একই সঙ্গে অর্থমন্ত্রীর কোনো সহযোগিতার প্রয়োজন হলেও তিনি দেবেন বলে জানান।

গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে পাঁচ সদস্যের কমিটি গঠন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে পাঁচ সদস্যের কমিটি গঠন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য পাঁচ সদস্যের সিলেকশন কমিটি গঠন করা হয়েছে।

ড. সামসুল বারীকে এ কমিটির প্রধান করা হয়েছে। তিনি  জাতিসংঘের সোমালিয়ার মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ।

বৃহস্পতিবার মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ কমিটি গঠন করা হয়েছে বলে চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক বাকী খলিলী, সাবেক আমেরিকান এক্সপ্রেস ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট শিরিন আকতার মইনুদ্দিন, বেসরকারি ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সরওয়ার এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য তাহসিনা খাতুন।

চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, “আগামী সপ্তাহে সিলেকশন কমিটির সঙ্গে বৈঠক করে কমিটির কার্যপরিধি চূড়ান্ত করা হবে।”

গ্রাহক পর্যায়ে ১৫ শতাংশ বাড়লো বিদ্যুতের দাম :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

গ্রাহক পর্যায়ে ১৫ শতাংশ বাড়লো বিদ্যুতের দাম :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 আরেক দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। খুচরা পর্যায়ে এই দাম ১৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে ১৬ দশমিক ৯২ শতাংশ।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাম নির্ধারণ করেছে। কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন নতুন মূল্য তালিকা ঘোষণা করেন।

মহাজোট সরকারের আমালে সপ্তমবারের মতো বৃদ্ধি পাওয়া এই মূল্যে পাইকারি পর্যায়ে গণশুনানি নেয়া হলেও খুচরা পর্যায়ে কোনো শুনানি নেয়া হয়নি।

এদিকে বিদ্যুতের মূল্য তালিকার ক্রম (স্লাব) তিনটি থেকে বাড়িয়ে ছয়টি করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভর্তুকি কমাতে ‘এনার্জি সাপোর্ট ফান্ড’ গঠন করা হয়েছে।

নতুন স্লাবগুলো হচ্ছে শূন্য থেকে ৭৫ ইউনিট। ৭৬ থেকে ২০০ ইউনিট, ২০১ থেকে ৩০০ ইউনিট, ৩০১ থেকে ৪০০ ইউনিট, ৪০১ থেকে ৬০০ ইউনিট, ৬০১ থেকে উর্ধ্বে।

সর্বশেষ চলতি বছর ২৯ মার্চ পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এ সময় প্রতি ইউনিট বিদ্যুৎ গড়ে ২৮ পয়সা ও ৩০ পয়সা করে বাড়ানো হয়। যা ১ মার্চ থেকে কার্যকর হয়।

বিইআরসি’র ঘোষিত মূল্য তালিকা চলতি মাস থেকে কার্যকর হবে।

অবশেষে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

অবশেষে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 অনেক চড়াই-উতরাই পেরোনোর পরে পদ্মা সেতু প্রকল্পে ঋণ দেয়ায় বিষয়ে বিশ্বব্যাংককে রাজি করাতে পেরেছে সরকার। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে তিনি জানান, “বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। জাইকা এডিবিসহ অন্য দাতাদের সবাইকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা। আশা করছি, আজ রাতেই বিশ্ব ব্যাংক এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।” এদিকে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার ব্যাপারে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বর্তমানে ওয়াশিংটনে আছেন। সেখানেই আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংকের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানা গেছে। এর আগে রাজধানীতে সকালে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করে বলেন, “পদ্মা সেতুর ব্যাপারে যেকোনো মুহূর্তে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত জানতে পারব। এই সেতুর ব্যাপারে বিশ্বব্যাংক ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ঘোষণা দিলেই আনুষ্ঠানিকভাবে জনগণকে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত জানানো হবে।” অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতুর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। বিশ্বব্যাংকের দেয়া চার শর্তের শেষ শর্ত নিয়ে (অর্থ উপদেষ্টার পদত্যাগ) ওয়াশিংটনে আলোচনা হওয়ার পর পদ্মা সেতু প্রকল্পে বহুজাতিক দাতা সংস্থাটির ফিরে আসার পথ তৈরি হয়েছে বলে ঢাকায় জল্পনা চলছিল। দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে বিশ্বব্যাংক ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেয়ার চুক্তি স্থগিত করে। এরপর চারটি শর্ত দিয়ে তা পালিত হয়নি জানিয়ে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি। এর ফলে এ প্রকল্পের অপর ঋণদাতা এডিবির ৬১ কোটি ৫০ লাখ, জাইকার ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলারের প্রতিশ্রুতিও আটকে যায়। তবে সরকারের অনুরোধে এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ দুই দফা বাড়ায়। এরই মধ্যে বিশ্বব্যাংককে পদ্মা সেতুতে ফেরাতে সরকারের নানা উদ্যোগ চলতে থাকে। বিশ্বব্যাংকের শর্ত মেনে তাদের উত্থাপিত দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূঞা যান ছুটিতে। শর্ত মেনে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা এবং পদ্মা প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজার মসিউর রহমানও ছুটিতে গেছেন বলে সরকারের একাধিক সূত্র গত মঙ্গলবার জানালেও তিনি তা অস্বীকার করে আসছেন। গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে বলেন, মসিউর সরে গেলে বিশ্বব্যাংক আগের সিদ্ধান্তে ফিরে আসে।

Thursday, September 20, 2012

সংসদে না এলেও তাকে ধন্যবাদ: খালেদার প্রতি হাসিনা

সংসদে না এলেও তাকে ধন্যবাদ: খালেদার প্রতি হাসিনা
বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, “সংসদে তিনি না এলেও তাকে ধন্যবাদ জানাই। আশা করি ৯০ দিন পর আবার অধিবেশন হলে তিনি আসবেন।”

বুধবাবার নবম জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার সমাপ্তি বক্তব্যে তিনি এ  ধন্যবাদ জানান।

অধিবেশন সফলভাবে শেষ করার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, উপনেতা ও সংসদের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপনকালে তিনি বিরোধী দলীয় নেতাকেও ধন্যবাদ জানান।

‘হলমার্কের কর ফাঁকির তদন্ত নিয়ম রক্ষার জন্য’

‘হলমার্কের কর ফাঁকির তদন্ত নিয়ম রক্ষার জন্য’

“হলমার্কের কর ফাঁকির তদন্ত নিয়ম রক্ষার জন্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিগগিরই সংশ্লিষ্ট কর অঞ্চল মামলা করবে। কিন্তু কর ফাঁকির মামলা করে কোনো লাভ নেই। এরা দুর্বৃত্ত। এরা সরকারের আড়াই হাজার কোটি টাকা নিয়েছে। ভবিষ্যতে আরো নেবে। তাদের নিয়ে বেশি ঘাটাঘাটি করতে ভয় করছে। যে কোনো সময় টার্গেটে পরিণত হতে পারি।” বললেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অডিট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন মেম্বার মো. আলাউদ্দিন।

হলমার্কের বিরুদ্ধে কর ফাঁকির মামলা কবে নাগাদ করা হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বার্তা২৪ ডটনেট-কে বুধবার বিকেলে এ মন্তব্য করেন।

হলমার্কের তদন্তে কী পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, “যারা নিয়মনীতি মেনে ব্যবসা করে তারা কর দেয়। আবার অনেকে কর সঠিকভাবে না দিয়ে ফাঁকি দেয়ার চেষ্টা করে। সন্দেহ হলে এনবিআর তদন্ত করে। কিন্তু দিবালোকের মতো স্পষ্ট যে, হলমার্ক গ্রুপ একটি প্রতারক প্রতিষ্ঠান। তারা আবার কিসের কর দেবে? সুযোগ পেলে তারা রাষ্ট্রের আরো অর্থ হাতিয়ে নেবে।”

এনবিআরের সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেল (সিআইসি) সূত্রে জানা গেছে, হলমার্ক তাদের মালিকানাধীন ৮০টি প্রতিষ্ঠান দাবি করলেও গোয়েন্দা দল ৩৪টি প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পেয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব শুধু কাগজে-কলমেই। বাস্তব অস্তিত্ব খুঁজে পাননি কর কর্মকর্তারা। এর মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের টিআইএন নম্বর রয়েছে। কিন্তু এ পর্যন্ত তারা কোনো আয়কর রিটার্ন দাখিল করেনি।


যদিও হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ গত সপ্তাহে বলেছেন, সোনালী ব্যাংক থেকে দুই হাজার ৬০০ কোটি টাকা নিলেও এর তুলনায় ২০ গুণ বেশি সম্পদ তার আছে।


জানা গেছে, কয়েক বছরে হলমার্ক গ্রুপের নামে বস্ত্রখাতের ১৪টি প্রতিষ্ঠান কর অঞ্চল-৭-এর কোম্পানি সার্কেল থেকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠান কোনো বছরই বার্ষিক আয়কর বিবরণী জমা দেয়নি। এই কোম্পানি সার্কেলে ‘এইচ’ আদ্যক্ষর দিয়ে নামের শুরু যেসব কোম্পানি, সেসব প্রতিষ্ঠানের টিআইএন দেওয়া হয়।


আয়কর অধ্যাদেশের ৭৫(১বি) ধারায় বলা হয়েছে, প্রত্যেক কোম্পানির অবশ্যই আয়কর বিবরণী দাখিল করতে হবে। এর মানে হলো, কোনো প্রতিষ্ঠানের নামে যদি টিআইএন নেওয়া হয়, প্রতিষ্ঠানটি চালু না হলেও প্রতি বছর আয়কর বিবরণী জমা দিতে হবে। আয় না হলেও খরচ দেখিয়ে আয়কর বিবরণী জমা দিতে হবে।
সম্প্রতি হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির কথা আলোচনায় এলে এনবিআর থেকে এর প্রতিষ্ঠান ও মালিকদের আয়-ব্যয়ের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই হলমার্কের কাগুজে ৩৪টি প্রতিষ্ঠানের খোঁজ পায় এনবিআর।


হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের ব্যক্তিগত আয়কর ফাঁকিও খতিয়ে দেখছে এনবিআর। ইতিমধ্যে কর অঞ্চল-৭-এর সার্কেল-১৩৪ থেকে এই দুজনের বিগত তিন বছরের বার্ষিক আয়কর বিবরণীর ফাইল তলব করে এনেছে এনবিআরের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত বিভাগ।

আয়কর বিবরণী জমা না দেওয়ায় হলমার্ক গ্রুপের প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয়, সম্পদের পরিমাণ জানতে পারেননি এনবিআরের কর্মকর্তারা। তাঁদের মতে, এর ফলে হলমার্ক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এসব প্রতিষ্ঠান থেকে প্রকৃত অর্থে কী পরিমাণ লভ্যাংশ নিয়েছেন, তা-ও নির্ধারণ করা সম্ভব নয়।


সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিগত তিন বছরে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ আয়ের বিপরীতে তিন কোটি নয় লাখ টাকা কর দিয়েছেন। আর তার স্ত্রী হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম আলোচ্য সময়ে সেই আয়ের বিপরীতে তিন কোটি ৫৯ লাখ টাকা কর দেন। তাদের দুজনের আয়ের প্রধান উৎস হিসেবে দেখানো হয়েছে বিপুল অঙ্কের স্থায়ী আমানত (এফডিআর) থেকে প্রাপ্ত সুদের টাকা।

এনবিআরের এক পদস্থ কর্মকর্তা বলেন, “এটি আসলেই আশ্চ
র্যের বিষয় যে কীভাবে এত টাকা সোনালী ব্যাংক থেকে হাতিয়ে নিল হলমার্ক। ঋণ নিতে হলে হালনগাদ আয়কর দেয়ার তথ্য জানাতে হয় ব্যাংককে। অথচ ঋণ দেয়ার ক্ষেত্রে এ বিষয়টিও খতিয়ে দেখেনি ব্যাংক।”

বিরোধী দলকে আগামী অধিবেশনে আহ্বান জানিয়ে পঞ্চদশ অধিবেশনের সমাপ্তি

বিরোধী দলকে আগামী অধিবেশনে আহ্বান জানিয়ে পঞ্চদশ অধিবেশনের সমাপ্তি

জনগণকে দেয়া বিরোধী দল বিএনপির প্রতিশ্রুতি রক্ষায় আগামী অধিবেশনে যোগ দেয়ার আহ্বানের মধ্য দিয়ে নবম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপ্তি হয়েছে।

বুধবার দশম কার্যদিবসের মধ্য দিয়ে এ অধিবেশন শেষ হয়। বিকেল পৌনে পাঁচটায় শুরু হওয়া বৈঠক সমাপ্তি হয় রাত পৌনে ৮টায়।

সমাপ্তি অধিবেশনে স্পিকারের বক্তব্যে আব্দুল হামিদ বলেন, “দেশ ও জাতি সব সময়ই আপনাদের তথা জাতীয় সংসদের দিকে তাকিয়ে থাকেন তাদের প্রত্যাশা পূরণের আশায়। সরকারি ও বিরোধীদল বা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নৈতিক দায়িত্ব হচেছ আমাদের সাংবিধানিক মর্যাদা সমুন্নত রাখা।”

তিনি বলেন, “আমি জাতীয় ও আন্তর্জাতিক সব ফোরামেই জাতীয় সংসদের কার্যকর ভূমিকার বিষয়ে আশাবাদ পোষণ করে থাকি। এ ব্যাপারে বিশেষ করে বিরোধী দলকে প্রধান ভূমিকা রাখার আহবান জানিয়ে আসছি। আশা করছি তারা আগামী অধিবেশনে যোগ দেবেন।”


তিনি বলেন, “গণতান্ত্রিক রীতি অনুযায়ী রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ কার্যক্রমের কেন্দ্রবিন্দু হচেছ এই মহান জাতীয় সংসদ। সংসদীয় কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসু করার ক্ষেত্রে আপনাদের অবদান অনস্বীকার্য।”

এ অধিবেশনে কার্যদিবস ছিল ১০টি। এ অধিবেশনে ২২টি সরকারি বিলের মধ্যে ১৩টি বিল পাস হয়। এছাড়া ১টি বেসরকারি বিল উত্থাপিত হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩০৩টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো হতে ১৫টি গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ৬টি সংসদে আলোচিত হয়। ৭১ ক বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৭৫  টি।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ৮৪টি প্রশ্ন পাওয়া যায়। এরমধ্যে তিনি সম্পূরকসহ ৪৩টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত ১ হাজার ৯০১টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ৭০৩টি প্রশ্নের জবাব দেন।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ সমসাময়িক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিবৃতি দেন।
  
অধিবেশন শেষ করার আগে স্পিকার রাষ্ট্রপতির সমাপ্তির আদেশটি পাঠ করে শোনান।