Pages

Monday, September 24, 2012

পদ্মা সেতু দুর্নীতি তদন্তে দাতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে সরকার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পদ্মা সেতু দুর্নীতি তদন্তে দাতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে সরকার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে না। আগের চুক্তিতেই তারা অর্থায়ন করবে। তাছাড়া এ ক্ষেত্রে নতুন কোনো শর্ত দেয়নি বলে  সরকারের পক্ষ থেকে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, ‘‘বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও দুর্নীতির তদন্তে সহ-অর্থায়নকারীদের সাথে নিবিড়ভাবে কাজ করবে।’’ পরে বিকেলে বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইকবাল মাহমুদ বলেন, “পদ্মায় ফেরার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক চারটি শর্ত দিয়েছিল। সেগুলো পুরণ হওয়ায় তারা এ প্রকল্পে ফিরেছে। আর তাদের দেয়া শর্তগুলো পূরণ হয়েছে কিনা তা দেখতেই বহুজাতিক এই আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিনিধি দল অচিরেই আগামী ২/১ সপ্তাহের মধ্যেই ঢাকায় আসছে।’’ আগের করা চুক্তি বাতিল হওয়ায় বিশ্ব ব্যাংকের সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে কি না- জানতে চাইলে সচিব বলেন, নতুন করে কোনো চুক্তি করতে হবে না। বিশ্ব ব্যাংকের ওই প্রতিনিধি দল পদ্মা প্রকল্প দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবে বলে জানান তিনি। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল যদি তদন্ত করে কোনো ‍দুর্নীতি পায় তখন অর্থায়ন বাতিল হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “দুর্নীতির প্রমাণ পেলে বাংলাদেশি আইনে শাস্তি হবে। তবে অর্থায়ন বাতিল হবে না।” দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার অর্থায়ন বাতিলের আড়াই মাস পর পুনরায় ফেরার ঘোষণা দেয়। প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে সরকারের শীর্ষস্তরের ব্যক্তিদের দুর্নীতি তদন্তে ও ভবিষ্যতে দুর্নীতি  প্রতিরোধে বিশ্বব্যাংকের বাতলানো কমপক্ষে চারটি পূর্বশর্ত পূরণে বাংলাদেশ সম্মত হয়েছে উল্লেখ করে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব পদক্ষেপ সরকার সন্তোষজনকভাবে বাস্তবায়িত করার পরই সেতু প্রকল্পটিতে নতুন করে ‘সম্পৃক্ত’ হবে ব্যাংকটি। আমেরিকার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনস্থ প্রধান দফতর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানায় বিশ্বব্যাংক। নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘‘ব্যাংক এতে রাজি হয়েছে যে, সরকারের দ্বারা সম্মত পদক্ষেপগুলোর সন্তোষজনক বাস্তবায়ন হলে, ব্যাংকের পরিচালনা কর্তৃপক্ষের সমর্থনসহ পদ্মা বহুমুখী সেতুতে আবার নতুন করে সম্পৃক্ত হবে ব্যাংক।’’ বিবৃতিতে বলা হয়, ‘‘নতুন করে প্রকল্প বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে একগুচ্ছ পদক্ষেপ নিতে সরকার রাজি হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সেতু নির্মাণ নিশ্চিত করতে বাড়তি নজরদারির ব্যবস্থাসহ নতুন ক্রয় প্রক্রিয়ার ব্যবস্থা করা, পূর্ণাঙ্গভাবে, নিরপেক্ষতা ও দ্রুততার সাথে তদন্তে এগিয়ে যাবে এবং সরকারি তদন্ত খতিয়ে দেখতে ও তাদের তদন্তের ফল সরকার ও বিশ্বব্যাংককে জানাতে একটি স্বাধীন আন্তর্জাতিক প্যানেল থাকবে।’’

No comments:

Post a Comment