রাজাপুরে নদীতে বিষ দিয়ে মাছ নিধন, হুমকিতে দেশী মাছ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
ঝালকাঠির রাজাপুর উপজেলায় নদীতে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা বেড়েছে। এতে
দেশী প্রজাতির অর্ধশতাধিক মাছ বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করছে
বিশেষজ্ঞরা। এদিকে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা বাড়লেও মৎস্য কর্মকর্তার
বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় উপজেলা সদরের ধানসিঁড়ি ও জাঙ্গালিয়া
নদীতে বিষ ঢেলে মাছ শিকার করে দুর্বৃত্তরা। এতে রাতেই নানা প্রজাতির দেশীয়
পোনামাছ মরে পানিতে ভেসে ওঠে। মাত্র দুই সপ্তাহ আগে একইভাবে দুটি নদীতেই
বিষ ঢেলে মাছ শিকার করে স্থানীয়রা।
এর আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উপজেলার বাদুরতলায় বিষখালির শাখানদীতে,
মনোহরপুর এলাকার নদীতে, সাতুরিয়া নদী ও চাড়াখালি নদীতে বিষ প্রয়োগে মাছ
শিকারের ঘটনা ঘটেছে।
একের পর এক অবৈধ উপায়ে এভাবে মাছ শিকার করলেও উপজেলা মৎস্য অফিসের কোনো তৎপরতা নেই বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিষ প্রয়োগে মৎস্য শিকার সম্পূর্ণ
অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর। নদীতে বিষ প্রয়োগে মাছের ডিম থেকে শুরু করে
পোনা মাছ পর্যন্ত মরে যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফণি ভূষণ পাল জানান, বিষয়টি তার অজানা। এছাড়া বিষ
প্রয়োগের সময় হাতেনাতে ধরা না গেলে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া সম্ভব নয়।

No comments:
Post a Comment