শান্তিরক্ষী মিশনে নিহত ৪ বাংলাদেশীকে ‘ড্যাগ হ্যামারস্কল্ড মেডেল’ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
জাতিসংঘ মিশনে মৃত্যুবরণকারী চার বাংলাদেশী শান্তিরক্ষীকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। বুধবার সকালে ঢাকা সেনানিবাস অফিসার্স ক্লাবে চার শহীদ পরিবারের মাঝে ‘ড্যাগ হ্যামারস্কল্ড মেডেল’ পদক হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জে. মোঃ মইনুল হোসেন এ পদক হস্তান্তর করেন।
পদক প্রাপ্তরা হলেন মেজর কে.এম জিয়াউল হক, ক্যাপ্টেন মোঃ ইফতেখার আলম, ধর্মীয় শিক্ষক আব্দুস সালাম এবং মোঃ ইউনুস মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. জে. মইনুল ইসলাম বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অবদানের জন্য বিশ্বের কাছে বাংলাদেশ একটি নীল হেলমেট হিসেবে পরিচিত নাম হয়ে থাকবে। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত আমাদের দেশের শান্তিরক্ষীরা গর্বে সঙ্গে কাজ করে আসছে। এছাড়া এ মিশনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ার মিশনে অনেক দেশই তাদের সৈন্য পাঠায়নি। অথচ আমাদের সেনা কর্মকর্তারা বীরদর্পে পর্যবেক্ষণে গেছেন। এ পর্যন্ত শান্তিরক্ষী মিশনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘের এ পদক একটি দেশের জন্য গৌরবের বিষয় বলে জানান তিনি।
‘ড্যাগ হ্যামারস্কল্ড মেডেল’ জাতিসংঘের একটি মরনোত্তর সন্মাননা পদক। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে জীবন উৎসর্গকারী সামরিক পুলিশ এবং বেসামরিক ব্যক্তিবর্গ এ পদক পেয়ে থাকেন। এ পদকটি প্রবর্তন করা হয়েছে জাতিসংঘের ২য় মহাসচিব ড্যাগ হ্যামারস্কল্ড এর নামে। যিনি ১৯৬১ সালে কর্তব্যরত অবস্থায় বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ১৯৯৮ সালে প্রবর্তনের পর হতে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট ৭১ জন শহীদ শান্তিরক্ষীকে এ পদক প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তজার্তিক শান্তিরক্ষী দিবস-২০১২’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশী স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের নিকট এ পদক হস্তান্তর করেন।
No comments:
Post a Comment