নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী সম্পর্কে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তিনি নিজেই গুম নাকি তাকে কেউ গুম করেছে তা মন্ত্রীর জানা নেই। তবে ইলিয়াস আলীর নামেও বিভিন্ন অভিযোগ ছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার দুপুরে র্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর র্যাব কর্মকর্তাদের সঙ্গে তিনি প্রথম মতবিনিময় করেন।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এ ধরনের হত্যার ঘটনা অনেক ঘটেছে। আমরা দায়িত্ব গ্রহণের পর তা অনেকটা কমে এসেছে। সরকার এ ধরনের হত্যার ঘটনা কমিয়ে আনতে সচেষ্ট।”
অপারেশন ক্লিন হার্টের নামে বিএনপির আমলে সাধারণ মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ সরকার মানবাধিকার রক্ষায় অনেক সচেতন বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, “এটি অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা। কারো জীবনে যেন এ ধরনের ঘটনা না ঘটে আমরা সে ব্যাপারে আন্তরিক। তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারবো না।”
তবে র্যাবের তদন্তের মাধ্যমে এ ঘটনার যুগান্তকারী রহস্য উন্মোচিত হবে বলেও দৃঢ় আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

No comments:
Post a Comment