চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের পিতা রাজা ত্রিদিব রায়কে (৮০) মৃত্যুর দশ দিন পর পাকিস্তানের ইসলামাবাদে বৃহস্পতিবার বিকেলে দাহ করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর সকালে তিনি বার্ধক্যজনিত কারণে পাকিস্তানের ইসলামাবাদে পরলোক গমন করেন। তার মৃত্যুর পর চাকমা রাজপরিবার এবং বিশিষ্ট পাহাড়ি নাগরিকদের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হয়। সরকার তার মরদেহ বাংলাদেশে আনার অনুমতি দিলেও মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করায় একটি মহল তার মরদেহ প্রতিহত করার ঘোষণা দেয়।
অন্যদিকে শনিবার পাহাড়ি-বাঙালি সংঘাতের কারণে পরিবেশ পরিস্থিতি অনুকূল না থাকায় তার মরদেহ বাংলাদেশে আনা হয়নি। অনেকটা ক্ষোভে-অভিমানে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ও পাকিস্তান যাননি। তবে রাজমাতা আরতি রায়সহ পরিবারের অন্য সদস্যরা ধর্মীয় কার্যাবলি সম্পাদন করতে পাকিস্তান গেছেন।
সামাজিক ওয়েবসাইট ফেইসবুকে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় তার পিতার লাশ বাংলাদেশে আনতে না পারায় তার পিতার শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি আগামী ৪ অক্টোবর রাজবাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
সাবেক চাকমা রাজা ত্রিদিব রায় ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা রাজা নলিনাক্ষ রায়ের মৃত্যুর পর ১৯৫৪ সালে চাকমা সার্কেলের চিফ নিযুক্ত হন।
একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেন। এ কারণে দেশ স্বাধীন হওয়ার পর তার বির্তকিত ভূমিকার জন্য বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যান। সেখানে তিনি পাকিস্তানের পক্ষে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কূটনীতিকের দায়িত্ব পালন করেন। পরে আমৃত্যু ত্রিদিব রায় পাকিস্তানে অবস্থান করেন।

No comments:
Post a Comment