২০ বছর পর চীনকে হারালো বাংলাদেশ

ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা আইরিশদের বিপক্ষে ২-৫ গোলে হেরে হতাশায় ডুবেছিল বাংলাদেশ। কিন্তু কাল আবার আশার আলো জাগিয়ে তুললেন জিমি-চয়নরা। গতকাল ভারতের ধ্যানচাঁদ স্টেডিয়ামে তারা ৩-২ গোলে হারালো ২২ ধাপ এগিয়ে থাকা চীনকে। বাংলাদেশের মামুনুর রহমান চয়ন, মইনুল ইসলাম কৌশিক এবং পুষ্কর খীসা মিমো একটি করে গোল করেন।
সর্বশেষ ১৯৯৩ সালে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে চীনকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গতকাল ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই পেনাল্টি কর্নার (পিসি) থেকে মামুনুর রহমান চয়ন স্কুপ করে গোল আদায় করে নেন (১-০)। ১১ মিনিটে চীনের না ইউবো গোল দিলে খেলা সমতায় ফেরে (১-১)। ২৭ মিনিটে চীনের অধিনায়ক জিমি পিসি থেকে গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় চীন। ৩৪ মিনিটে ফিল্ড থেকে মইনুল ইসলাম কৌশিক গোল করে খেলায় ফের সমতা আনেন (২-২)। পরে ম্যাচের ৫০ মিনিটে পুষ্কর খীসা মিমো গোল করলে ৩-২ গোলের জয় পায় বাংলাদেশ। আজ বাংলাদেশের চেয়ে ৪ ধাপ এগিয়ে থাকা ওমানের সঙ্গে খেলবে জাহিদ বাহিনী। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিতব্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস।
No comments:
Post a Comment