Pages

Tuesday, September 4, 2012

ড্যাব’র কোন্দলে ৩ চিকিৎসক হত্যা পরিকল্পনা, র‌্যাবের দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ড্যাব’র কোন্দলে ৩ চিকিৎসক হত্যা পরিকল্পনা, র‌্যাবের দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব’র (ডক্টরস অসোসিয়েশন অব বাংলাদেশ) দুই গোষ্ঠির কোন্দলে খুন হতে যাচ্ছিলেন রাজধানীর তিন চিকিৎসক, এমনটি দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক চিকিৎসকসহ ছয়জনকে গ্রেফতার করেছে অভিজাত বাহিনীটি।
 
গ্রেফতারকৃতরা হলেন তারা হলেন ডা. কামরুল, মিঠু ওরফে প্রশান্ত, জয়নাল, তুষার, মেহের আলী ও মোস্তফা।
 
সোমবার দুপুরে র‌্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় সাংবাদিকদের সামনে আটককৃতদের হাজির করা হয়।
 
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাক্তার কামরুল হত্যার সম্পূর্ণ পরিকল্পনা ও প্রচেষ্টা সম্পর্কে র‌্যাবকে বিস্তারিত জানিয়েছেন। ড্যাব’র মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার অনুসারী এবং ড্যাব’র সম্পাদক ডা. দোলন ও তার অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই পরিপ্রেক্ষিতে ডা. জাহিদ গ্রুপের অনুসারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং ড্যাবে ডা. জাহিদের তুলনায় নিজের অবস্থান শক্তিশালী করার উদ্দেশ্যে তিন চিকিসককে হত্যার পরিকল্পনা করে ডা. দোলন গ্রুপ।
 
পরিকল্পনার অনুসারে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ডা. মোফাখখারুল ইসলাম রানা, ভাষানটেক এলাকার ডা. বাহার ও শেওড়াপাড়া এলাকার ডা. উজ্জলকে হত্যার চক্রান্ত করে ড্যাব নেতা ডাক্তার কামরুল। এরই ধারাবাহিকতায় তিনি পেশাদার খুনি মিঠু ওরফে প্রশান্তসহ তার সহযোগীদের ভাড়া করে। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে র‌্যাব বিষয়টি জানতে পারে।
 
রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মিরপুরের ছয় নম্বর সেক্টরের তিন নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে এই ছয় জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও চাকু উদ্ধার করা হয়।

পদ্মা সেতু: দাতাদের সিদ্ধান্তের পর জানাবেন অর্থমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পদ্মা সেতু: দাতাদের সিদ্ধান্তের পর জানাবেন অর্থমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 পদ্মা সেতু প্রকল্পে সংশ্লিষ্ট অর্থায়নকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার সিদ্ধান্তের পর এ বিষয়ে আগামী ৯ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমকে জানাবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রণালয়ে নিজ কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
 
মুহিত বলেন, “বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা’র সম্মিলিত মতামতের পাশাপাশি আমাদেরও নিজস্ব একটা রয়েছে। সবশেষে আপনাদের বিষয়টি জানাবো।”
 
আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার কথা রয়েছে অর্থমন্ত্রী  আবুল মাল আব্দুল মুহিতের।
 
সোনালী ব্যাংক প্রসঙ্গে  মুহিত বলেন, “আমি যেটা বলবো সেটা তথ্যভিত্তিক হবে, পত্রিকার রিপোর্টভিত্তিক নয়।”
 
তবে এ বিষয়ে মন্ত্রী কবে কথা বলবেন সেটা সুনির্দিষ্ট করে না জানালেও তিনি বলেন, “সম্ভবত কালও বলতে পারি, কিংবা দেশের বাইরে যাওয়ার আগে বলবো।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 মন্ত্রিসভা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের আইনের দুটি সংশোধনীতে আজ অনুমোদন দিয়েছে।

ট্রাইব্যুনালে বিচার শেষে রায়ের পর আপিলের সময়সীমা বর্তমান ৬০ দিনের পরিবর্তে ৩০ দিনে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে যা আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এমন বিধানে দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হবে। আর ওদিকে আসামী পক্ষের আইনজীবিরা একে নজিরবিহীন বলে অভিহিত করে আবারো আশঙ্কা প্রকাশ করেছেন যে এতে অভিযুক্তরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) দ্বিতীয় সংশোধনী আইন-২০১২ এর খসড়ায় অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঁইয়া জানান, আইন মন্ত্রণালয়ের বিচার ও সংসদ বিষয়ক শাখা উত্থাপিত এই খসড়ায় মূলত দুটি সংশোধনী আনা হয়েছে। এতে বিচারের আপিলের সময়সীমা বর্তমান ৬০ দিনের পরিবর্তে ৩০ দিনে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাব অনুযায়ী আসামি পক্ষের আইনজীবী রায় ঘোষণার দিনই বিনামূল্যে মামলার রায়ের কপি পাবেন এবং নতুন করে নির্ধারিত সময়সীমার মধ্যে মামলায় আপিল করতে পারেন।

ভুঁইয়া আরো জানান মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেই এই সংশোধনী উত্থাপন করা হবে।

এদিকে, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জিয়াদ আল মালুম এই সংশোধনীকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে বলেছেন এতে করে বিচারের দ্রুত নিষ্পত্তি হবে এবং ভুক্তভোগী ও সংক্ষুব্ধ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে।

তবে ট্রাইব্যুনালে বিচারাধীন একাধিক অভিযুক্তের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক এই পরিবর্তনকে নজিরবিহীন বলে অভিহিত করে অভিযুক্তরা ন্যায়বিচার বঞ্চিত হবেন বলে শংকা প্রকাশ করেছেন।

তবে ট্রাইব্যুনালের বিচারে তাড়াহুড়া করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে মো. মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন মন্ত্রিপরিষদের আলোচনায় এমন কোনো উদ্বেগের কথা আলোচিত হয়নি।

স্বাধীনতা যুদ্ধের সময় নানা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিরোধী বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ জন নেতাসহ মোট ১১ জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সূত্র: বিবিসি।

হলমার্ক কেলেঙ্কারি খতিয়ে দেখবে সংসদীয় কমিটি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক কেলেঙ্কারি খতিয়ে দেখবে সংসদীয় কমিটি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 হলমার্ক গ্রুপকে ঋণ দেয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে দুই সদস্যের উপ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এর আগে হলমার্ক গ্রুপকে সোনালী ব্যাংকের আড়াই হাজার কোটি টাকা ঋণ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন উদ্যোগ নেয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি রাষ্ট্রায়াত্ত ব্যাংক ( সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) ও বেসিক ব্যাংকের প্রথম ১০ জন সর্বোচ্চ ঋণ গ্রহীতার লেনদেনসহ ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম এবং সম্প্রতি আলোচনায় আসা হলমাকের্র ঋণ গ্রহণের বিষয়টি খতিয়ে দেখবে কমিটি।

সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এই বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্য সদস্যরা ছিলেন। গঠিত সাব কমিটির অন্য দুই সদস্য হলেন এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজী।

তাজুল বলেন ব্যাংকগুলোর আর্থিক লেনদেন ও নিয়মগুলো সঠিকভাবে প্রতিপালন হচ্ছে কিনা, তা তারা খতিয়ে দেখবেন।

রাষ্ট্রায়াত্ত পাঁচটি ব্যাংকের কার্যক্রমে সংসদীয় কমিটি অসন্তোষ প্রকাশ করেছে এবং সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি সাব কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সদস্য মো. তাজুল ইসলাম। তাজুল এই সাব কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন। প্রতিবেদন দিতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তাজুল বলেন, ‘‘কমিটির সবাই হলমার্ক কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কার্যক্রমের ব্যাপারে খুবই অসন্তুষ্ট।’’

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে হলমার্ককে ২ হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংকের অনিয়মের বিষয়টি উঠে আসে। এরপর দুর্নীতি দমন কমিশন এর তদন্ত শুরু করে।

ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের প্রায় ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। টাকা ফেরত চেয়ে হলমার্ক গ্রুপকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

ফারুককে হামলায় পুলিশের দোষ নেই, মামলা খারিজ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ফারুককে হামলায় পুলিশের দোষ নেই, মামলা খারিজ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 গত বছরের জুলাইতে বিএনপির হরতালে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার ঘটনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। প্রতিবেদনটি গ্রহণ করে ঢাকার একটি আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও গোয়েন্দা তথ্য বিভাগের সহকারি পুলিশ কমিশনার মো. ওবায়দুল হক সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।
 
মামলায় বাদীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রতিবেদনটির বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দাখিলের জন্য সময় চান। তবে মহানগর হাকিম মো. হাসিবুল হকের আদালত পুলিশি প্রতিবেদন গ্রহণ করে বাদীর আইনজীবীর সময় আবেদন নাকচ করে দেন এবং মামলাটি খারিজ করে দেন।  আদালতের এ আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ভিপি জয়নাল আবেদীন ফারুক এবং তার সাথের অনান্য রাজনৈতিক নেতা বিশেষ করে সংসদ সদস্য পাপিয়া, শাম্মী আক্তারের অতিরিক্ত বাড়াবাড়ির কারনে হরতালের সময় ওই ঘটনার অবতারণা হয়েছে। আর বিশৃঙ্খলার সময় কোন কোন পুলিশ আঘাত করেছে তা হেলমেট পরা থাকার কারণে তাদের শনাক্ত করা যায়নি। এ ঘটনাটি তদন্ত করে আসামীদের (পুলিশ) বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়।
 
এ প্রতিবেদনের বিরোধিতা করে মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, দেশের পুলিশ আজ কি ধরণের আইনের শাসন নিশ্চিত করছে তার উৎকৃষ্ট প্রমাণ এই পুলিশ প্রতিবেদন।
 
তিনি বলেন, দেশের মানুষ জানে এবং মিডিয়া ও দেখেছে সরকারের পুলিশ বাহিনী কিভাবে ভিপি জয়নাল আবদিন ফারুককে পিটিয়ে তার শরীরের কাপড় খুলে ফেলে তাকে আহত করেছে।
 
তিনি বলেন, বিরোধী নেতাকে পেটানো সে সব পুলিশের পদোন্নতিও হয়েছে বলে মিডিয়ায় খবর বেরিয়েছে। আর আজ তদন্তকারী কর্মকর্তা প্রত্যক্ষ সাক্ষী এবং মিডিয়ার তথ্য সংগ্রহকারীদের কাছ থেকে কোনো প্রকার তথ্য সংগ্রহ ছাড়াই সরকারের নির্দেশ মোতাবেক এ একপেশে অসত্য প্রতিবেদন দাখিল করেছে।
 
প্রসঙ্গত, ওই হামলার ঘটনায় বিএনপির সংসদ সদস্য আশ্রাফ উদ্দিন নিজাম বাদী হয়ে গত বছরের ১২ জুলাই সিএমএম আদালতে পুলিশের ২ কর্মকর্তা এবং অজ্ঞাতনামা আরো ২৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
 
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে প্রতিবেদন দিতে আদেশ দেন।
 
সেদিন যা ঘটেছিল
গত বছরের ৬ জুলাই বিএনপি’র হরতাল চলাকালে জাতীয় সংসদে দলটির চিফ হুইপ ফারুকের ওপর ওই পুলিশি হামলার ঘটনা ঘটে। ‘‘শুয়ারের বাচ্চা, থাপরাইয়া তোর দাঁত ফেলে দেবো’’- পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এভাবেই অকথ্য গালিগালাজ দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপকে পেটাতে শুরু করেন। বসের এই মারমুখী আচরণ দেখে কনস্টেবলরা পরম উৎসাহে জয়নুল আবদিন ফারুকের ওপর ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় কিল-ঘুষি-লাথি। টেলিভিশনে প্রচারিত এই চিত্র দেখে যে কারো এটাই ভাবা স্বাভাবিক যে, এ যেন সংঘবদ্ধ হায়েনার আক্রমণ। এমন কঠিন মন্তব্য করেছেন একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যান। তিনি ওই সময় সেখানে দায়িত্বে ছিলেন।
 
প্রত্যক্ষদর্শী মিডিয়াকর্মীরা জানান, শুরু থেকেই মারমুখী আচরণ করছিলেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) বিপ্লব কুমার সরকার। বিএনপির ৩০ জন এমপিকে ঠেকাতে সেখানে পুলিশ সদস্য ছিলেন শতাধিক। ন্যাম ভবনের সামনে তারা সমবেত হওয়ার সাথে সাথে তাদের ঘিরে ফেলে পুলিশ। ফারুকের গায়ে ছিল নীল-সাদা স্ট্রাইপের গেঞ্জি। পুলিশের এক কর্মকর্তা তাকে টিটকারি দিয়ে বলেন, হরতাল করবি, এই কারণে গেঞ্জি পড়ে বের হয়েছিস। দেখি, কিভাবে হরতাল করিস।  এরপরই দু’পক্ষে কথা কাটাকাটি শুরু হয়।
 
এক পর্যায়ে এক কথা-দু’কথায় বিরোধীদলীয় চিফ হুইপকে গালিগালাজ শুরু করে পুলিশের দুই কর্মকর্তা। উত্তেজিত হয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ‘‘শুয়ারের বাচ্চা, থাপরাইয়া তোর দাঁত ফেলে দেবো’’। তখন ফারুক চিৎকার করে বলতে থাকেন, “পারলে ফেল দেখি।” তৎক্ষণাৎ এডিসি হারুন-অর-রশীদ পেছন দিক থেকে তেড়ে এসে অন্যান্য পুলিশ কনস্টেবলদের নিয়ে ফারুকের ওপর হামলা চালান। ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব সরকার ও হারুন-অর-রশিদকে অনুসরণ করে তাদের অধীনস্থ পুলিশ সদস্যরা অমানবিকভাবে পেটাতে থাকেন জয়নুল আবদিন ফারুককে। কর্মকর্তারা চিৎকার করে বলতে থাকেন, “মার”। কনস্টেবলরা মৌমাছির মতো ঝাঁপিয়ে পড়ে ফারুকের ওপর। শুরু হয় কিল-ঘুষি-লাথি।
 
তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ঘিরে ফেলে পুলিশ। টানাহেঁচড়াতে ফারুকের গেঞ্জি খুলে নেয় পুলিশ। তখন দেখা যায়, ফারুকের মাথা থেকে রক্ত ঝরে সারা গা রক্তাক্ত হয়ে গেছে।
 
এই অবস্থায় বিএনপির অন্যান্য এমপিরা ফারুককে ন্যাম ভবনের ভেতরে নেয়ার চেষ্টা করেন। সেখানেও পুলিশ তাকে তাড়া করে।
 
ফারুক লিফটে ওঠার চেষ্টা করেন। সেখানে থেকে পুলিশ সদস্যরা তাকে টেনে-হিঁচড়ে চ্যাংদোলা করে গাড়িতে ওঠায়। গাড়ির কিনারে উঠিয়েই ড্রাইভার গাড়ি চালিয়ে দেয়। গাড়ি থেকে ছিটকে পড়ে যান ফারুক। এ সময় তিনি মাথায় ভয়ানক আঘাত পান। নিস্তেজ হয়ে কংক্রিটের সড়কে পড়ে থাকেন। তার জিভ বেরিয়ে আসে। এরপর তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান
 
কে এই বিপ্লব সরকার ও হারুন-অর-রশী
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, এসি বিপ্লব কুমার সরকারের জন্ম কিশোরগঞ্জ সদরের খরমপট্টিতে। ছাত্রজীবনে তিনি ছিলেন সক্রিয় ছাত্রলীগ নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২১তম বিসিএসে পুলিশে নিয়োগপ্রাপ্ত হন।
 
অন্যদিকে, তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদও ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। তার জন্ম কিশোরগঞ্জ জেলার মিঠামন উপজেলার গাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তিনি ২০তম বিসিএসে পুলিশে নিয়োগপ্রাপ্ত হন।

Monday, September 3, 2012

রংপুরে গ্রাহকদের কোটি টাকা নিয়ে রাকাব কর্মকর্তা লাপাত্তা :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট

রংপুরে গ্রাহকদের কোটি টাকা নিয়ে রাকাব কর্মকর্তা লাপাত্তা :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রংপুরের মিঠাপুকুর শাখার সিনিয়র অফিসার মতিয়ার রহমান গ্রাহকদের এক কোটিরও বেশি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন। তিনি গত ৩১ মে থেকে অফিসে যাচ্ছেন না।

ব্যাংক কর্তৃপক্ষ তার অফিসে না আসার বিষয়ে তদন্ত করে ডিজিএমকে জানালেও এ বিষয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ নিয়ে সেখানকার ঋণ গ্রহীতারা এখন চরম বিপাকে পড়ে গেছেন। ব্যাংকের ভাবমর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

রাকাব সূত্র জানায়, মিঠাপুকুর শাখায় প্রায় ১৬০ জন সিসি গ্রহীতার কাছে প্রায় আড়াই কোটি টাকা ঋণ দেয়া হয়। এটি সুপারভাইজড করতেন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মতিয়ার রহমান। ব্যাংক সূত্র জানায়, ৫০ থেকে ৫৫ জন সিসি ঋণগ্রহীতা বিভিন্ন সময়ে এক কোটিরও বেশি  ঋণ ও সুদের টাকা পরিশোধ করলে মতিয়ার রহমান কৌশলে গ্রাহকদের রশিদ দেয়া থেকে বিরত থাকেন এবং সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে লাগান।

এর মধ্যে সিসি লোন গ্রহীতা আব্দুল হাকিমের এক লাখ ৫০ হাজার, শাহজাহানের পাঁচ লাখ, মিজানুর রহমান রিন্টুর ১১ লাখ, জিয়াউল ইসলাম রিপনের আট লাখ, রেজাউল কবির টিটুর চার লাখ, ছোট হযরতপুরের মোজাম্মেলের ৮০ হাজার, টুটুলের চার লাখ, কামরুল ইসলামের দুই লাখ, কাটারী এলাকার আব্দুল বাতেনের ১৯ হাজার ৩০০, লতিবপুরের আমজাদ হোসেনের ২৫ হাজারসহ প্রায় এক কোটি টাকা। এসব টাকা তিনি ব্যাংকে জমা না দিয়ে জমি ক্রয়, ইটভাটার শেয়ার, আলুর ব্যবসা, বাড়ি বানানো এবং সুদের ব্যবসায় খাটান। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে ঋণগ্রহীতারা ‘হয় টাকা নয় রশিদের জন্য’ চাপ সৃষ্টি করলে সুচতুর মতিয়ার রহমান চলতি বছর ৩১ মে ব্যাংক থেকে লাপাত্তা হয়ে যান। গত ২ সেপ্টেম্বর রোববার পর্যন্ত তিনি আর ব্যাংকে যাননি। ব্যাংকে না তিনি অসুস্থ মর্মে আবেদন দিয়ে ব্যাংকের কাছে আনলিভ ছুটি দাবি করেন।

এভাবে আনঅথরাইজড এ্যবসেন্স’র হওয়ার কারণে ব্যাংকের ব্যবস্থাপক আমিনুল হক বিষয়টি তদন্তের জন্য ব্যাংকের দুই কর্মকর্তা রশিদুন্নবী লেবু ও নুরুল আমীনকে দায়িত্ব দেন। তদন্ত কমিটি মতিয়ার রহমানের রংপুর মহানগরীর মিস্ত্রিপাড়া জামতলা মসজিদ এলাকার বাড়িতে গিয়ে তাকে পাননি। সেখান থেকে গ্রামের বাড়ি উপজেলার মোমিনপুরে গিয়ে তাকে পাওয়া যায়নি। গ্রাহকদের টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজে নিয়ে অন্য কাজে লাগানো, টাকার জন্য মতিয়ারের ওপর গ্রাহকদের চাপ বিষয়টি সরেজমিনে অবহিত হন তদন্ত কর্মকর্তারা।

বিষয়টি জানিয়ে একটি লিখিত তদন্ত রিপোর্ট পেশ করা হয় ব্যবস্থাপকের কাছে। ব্যবস্থাপক তদন্ত রিপোর্টসহ এ বিষয়ে ‘টাকার বিষয়েই আনঅথরাইজড এ্যবসেন্স উল্লেখ করে ডিজিএম’র কাছে লিখিত চিঠি পাঠান। তবে ডিজিএম এখন পর্যন্ত মতিয়ার রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বরং তাকে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার জন্য সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ ওঠেছে, শাখা ব্যবস্থাপক আমিনুল হকও আর্থিক লেনদেনের বিনিময়ে তাকে টাকা পরিশোধের সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি বিষয়টি অভ্যমন্তরীণ তদন্ত কমিটির মাধ্যমে অবহিত হওয়া সত্ত্বে ঋণগ্রহীতাদের কাছে লিখিতভাবে ঋণ এবং সুদের টাকা পরিশোধের জন্য কোনো চাপ দেননি। বরং তাকে আনঅথরাইজড এ্যাবসেন্স ছুটি ‘আনলিভ’ পাইয়ে দেয়ার জন্য চেষ্টা করছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বিষয়টি জানাজানি হওয়ার পর মতিয়ার রহমান গ্রাহকদের সাথে দেখা করে টাকা ফেরত দেয়ার বিভিন্ন তারিখ দিচ্ছেন। এমনকি এই বিপুল পরিমাণ টাকা তিনি সুদের ওপর নিয়েছেন বলেও বলে বেড়াচ্ছেন।

মতিয়ার রহমানের ঘনিষ্ট  সূত্র জানায়, এই বিপুল পরিমাণ টাকা পরিশোধের জন্য তিনি গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে সময় নিয়ে এসেছেন। তিনি টাকা জোগাড় করার জন্য তার জমি ও বাড়ি বিক্রির চেষ্টা করছেন।  এছাড়াও টাকার বিপরীতে  মিজানুর রহমান রিন্টুকে তার একটি ফ্লাট দিয়ে দেয়ার কথাও বলছেন।

শাখা ব্যবস্থাপক আমিনুল হক বার্তা২৪ ডটনেটকে জানান, “বিষয়টি অবহিত হওয়ার পর আমি একটি তদন্ত কমিটি গঠন করি। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি ডিজিএমকে জানিয়েছি। সেখান থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ডিজিএম মহিদুল হক বার্তা২৪ ডটনেটকে জানান, এ বিষয়ে টাকার কারণে আনঅথরাইজড এ্যবসেন্সে বিষয়ে শাখা ব্যবস্থাপকের পত্র আমি  পেয়েছি।” এরপর কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে সে বিষয়ে তিনি কোনো উত্তন দেননি।

তদন্ত কর্মকর্তা রশিদুন্নবী বার্তা২৪ ডটনেটকে জানান, “আমরা তদন্তকালে মতিয়ার মেরুদণ্ডের ব্যথাজনিত বেশ কিছু কাগজপত্র দেখিয়েছেন। রিপোর্ট শাখা ব্যবস্থাপককে দেয়া হয়েছে।” এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এদিকে এ ঘটনার পর রাকাবের ওই শাখার ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। গ্রাহকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ড. শাহ নেওয়াজ আলী বার্তা২৪ ডটনেটকে জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যপারে মতিয়ার রহমানের সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনবে চীন :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট

বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনবে চীন :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট

 গার্মেন্টস শিল্পের সর্বোচ্চ রফতানিকারক দেশ চীন এবার বাংলাদেশ থেকে বিপুল পরিমানের তৈরি পোশাক কিনবে।  ২০১০ থেকে স্বল্প পরিমান পোশাক আমাদানি করলেও বছর থেকে তাদের বেশিরভাগ পোশাক বাংলাদেশ থেকে আমদানি করার ইচ্ছা প্রকাশ করেছে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।

রোববার বিজিএমই ভবনের সম্মেলন কক্ষে “রিসিপশন অব চায়না ন্যাশন্যাল গার্মেন্টস অ্যাসোসিয়েশন ডেলিগেশন” শীর্ষক এক সংবাদ সম্মেলনে চীন থেকে আগত ব্যাসায়ীরা এ কথা জানান। মূলত বাংলাদেশের গার্মেন্টস পণ্য আমদানির বিষয়টি নিশ্চিত করতেই চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে এসেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, “বর্তমান সরকারের সহায়তায় চীন আরো পোশাক আমদানি করতে ইচ্ছুক। তিনি বিজিএমই-কে আশ্বাস দিয়ে বলেন, “ভবিষ্যতে বিভিন্ন দেশে পোশাক রফতানি বাড়াতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।”



চীনের ন্যাশন্যাল গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফেং ডেহু বলেন, “বাংলাদেশের শ্রমিকদের কর্মদক্ষতা চীনসহ সারাবিশ্বে প্রসংশনীয়। আমাদের ১৩০ কোটি মানুষের বাজার রয়েছে। জনসংখ্যা অনুযায়ী পোশাকের প্রয়োজন মেটাতে বছরে ৩৫৭ কোটি ডলারের পোশাক আমদানি করতে হয়। অতীতেও চীন বাংলাদেশ থেকে পোশাক কিনিছে। আশা রাখছি, এ বছর থেকে আমরা এদেশ থেকে আরো পোশাক কিনব।”

২০১১-১২ অর্থবছরে চীন ৩৫৭ কোটি ডলারের পোশাক বর্হিবিশ্ব থেকে আমদানি করেছে, যা তার পূর্ব বছরগুলো থেকেও বেশি। এর মধ্যে বাংলাদেশ ২০১১-১২ অর্থবছরে চীনে ১০২ মিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে।  ২০০৮-৯ অর্থবছরের চেয়ে যা এক হাজার ৩৩ শতাংশ বেশি। দিন দিন জীবনমান উন্নত হওয়ায় চীনে আমদানির পরিমান বেড়েই চলেছে।

 ২০১১ সালেও চীন ১৪ হাজার ৩০০ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। বর্তমানে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নির্মাণে ব্যস্ত হয়ে পড়ায় বাংলাদেশ থেকে পোশাক আমদানি করবে। বাংলাদেশ থেকে আমদানিকৃত পোশাক নিজেদের জন্য ব্যবহার ও বিভিন্ন দেশে রফতানি করে ব্যবসা ধরে রাখাই তাদের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফচার অ্যাসোসিয়েসনের (বিজিএমই) সদস্যরা ছাড়াও বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েসনের সভাপতি জাহাঙ্গির আলামিন এবং চীনের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মিঠাপুকুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৪০, নিখোঁজ ৩ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

মিঠাপুকুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৪০, নিখোঁজ ৩ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

 রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টিরহাটের ফুলচকি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। এতে ৪০ শ্রমিক আহত হয়েছে। নিখোঁজ রয়েছে তিনজন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বার্তা২৪ ডটনেটকে জানান, নিম্নমানের কাজের কারণে রোববার দুপুরে রংপুরের মিঠাপুকুর-ফুলবাড়ি এশিয়ান হাইওয়ের পাশে শাল্টিরহাটে অংকুর স্পেশালাইজড কোল্ডস্টোরেজের ছাদ ধসে পড়ে। এতে প্রায় ৪০ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল পুলিশের সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু করে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পারভীন, আয়াকুব,শাহীন, মোরশেদের অবস্থা আংশকাজনক। তিন শ্রমিক চাপা পড়ে আছে বলে ধারণা করছেন শ্রমিকরা।

মাহমুদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ছাদ ধসে পড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা ছোটাছুটি করতে থাকে। স্থানীয়রা ৩০ থেকে ৪০ জনকে উদ্ধার করে হাসাপাতালে পাঠায়। নিচে তিন শ্রমিক আটকা পড়ে আছে।

আরেক প্রত্যক্ষদর্শী আজিজুল ইসলাম জানান, নিম্নমানের কাজের কারণেই ছাদটি ধসে পড়েছে। ঈদগাহ মাঠ অবৈধভাবে দখল করে কোল্ডস্টোরটি নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পরপরই কোল্ডস্টোরের ম্যানেজার দিলীপ ও তত্ত্বাবধায়ক হামিদুল পালিয়ে যান। নীলফামারীর সেলিম নামে এক ব্যবসায়ী এই কোল্ডস্টোরেজটি নির্মাণ করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রংপুর ফায়ার সার্ভিসের  উপ-সহকারী কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, উদ্ধার কাজ শেষ করা সম্ভব হয়নি। রাত আটটায় প্রথম দিনের মতো উদ্ধারকাজ শেষ করা হয়েছে। সোমবার আবার উদ্ধার কাজ শুরু হবে। উদ্ধারকাজ চূড়ান্তভাবে শেষ হওয়ার পরেই বোঝা যাবে কেউ মারা গেছে কিনা।

যশোরে শিশু ধর্ষণ চেষ্টা অভিযোগে যুবক গ্রেফতার :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

যশোরে শিশু ধর্ষণ চেষ্টা অভিযোগে যুবক গ্রেফতার :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

 যশোরে একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রোববার বিকেলে শিশির (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শিশুটির পিতা বাদী হয়ে যশোর কোতয়ালি লী থানায় মামলা করেন।

গেফতারকৃত শিশির যশোর সদর থানার বেনেয়ালি গ্রামের কালাম হোসেনের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী পুলিশ জানায়, ঘটনার শিকার শিশুটি একটি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। গত ২৯ অগাস্ট বিকেলে স্কুল থেকে ফিরে সে বাড়ির পাশের মাঠে খেলতে যায়। এ সময় শিশির তাকে ডেকে পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে শিশির পালিয়ে যায়।

পরে স্থানীয়রা শালিসের মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার আশ্বাস দিয়ে ওই শিশুর পিতাকে তখন মামলা করতে দেয়নি। কিন্তু স্থানীয়রা বিষয়টির কোনো সুরাহা না করে গড়িমসি করায় রোববার দুপুরে তিনি মামলা করেন।

মামলার পর বিকেলে পুলিশ শিশিরকে বেনেয়ালি গ্রাম থেকে আটক করেছে।

নারায়ণগঞ্জে স্কুলে বোমাসদৃশ বস্তু, শিক্ষার্থীদের আতঙ্ক :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জে স্কুলে বোমাসদৃশ বস্তু, শিক্ষার্থীদের আতঙ্ক :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জ নগরের হাজীগঞ্জ এলাকায় সরকারি আইইটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকির আধাঘণ্টার মধ্যে স্কচটেপ মোড়ানো দু’টি বস্তু উদ্ধার করেছে র্যাব। রোববার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ ও র‌্যাব-১১ সদস্যরা স্কুলের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি বস্তু উদ্ধার করে। এ ঘটনায় স্কুলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বস্তু দু’টি আদৌ বোমা কি না তা পরীক্ষার জন্য র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে বিকেলে ঘটনা স্থলে এসেছে।

আইইটি স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকতার জানান, রোববার দুপুরে সহকারী শিক্ষক মহববত আলীর ব্যবহৃত মোবাইলে একটি এয়ারটেল নাম্বার থেকে ফোন করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি জানায়, স্কুলটি কিছুক্ষণের মধ্যেই বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। স্কুলের বিভিন্ন স্থানে শক্তিশালী বোমা রাখা আছে। মোবাইলে উড়ো এ হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও র‌্যাবকে খবর দেয়া হয়।

পরে র‌্যাব ও পুলিশ স্কুলের পশ্চিম দিকের সিঁড়ির নিচে একটি বেঞ্চের পাশ থেকে স্কচটেপ মোড়ানো দু’টি বস্তু উদ্ধার করে। ঘটনার পরপর স্কুল ছুটি ঘোষণা করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বার্তা২৪ ডটনেটকে জানান, এগুলো বোমা কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। উদ্ধার করা বস্তু দু’টি বালতির মধ্যে পানিতে চুবিয়ে রাখা হয়েছে।

র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দিলে তারা বিকেলে এসে পরীক্ষা করছে।

ইরাক যুদ্ধের জন্য বুশ-ব্লেয়ারের বিচার চাইলেন আর্চবিশপ টুটু :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

ইরাক যুদ্ধের জন্য বুশ-ব্লেয়ারের বিচার চাইলেন আর্চবিশপ টুটু :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

 ইরাক যুদ্ধে গণহত্যার অপরাধে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে হেগের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত মানবাধিকারকর্মী আর্চবিশপ ডেসমন্ড টুটু। রোববার ব্রিটিশ দৈনিক অবজারভারে প্রকাশিত নিবন্ধে তিনি এ দাবি তোলেন।

নিবন্ধে নোবেল বিজয়ী টুটু লিখেছেন, ২০০৩ সালে ইরাকে হামলার মাধ্যমে বুশ-ব্লেয়ার দু’জনই আগ্রাসন চালিয়েছেন। এ অপরাধে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।

এ ধরনের অপরাধের জন্য এর আগে আফ্রিকা ও এশিয়ার অনেক নেতাকেই হেগের আদালতে যেতে হয়েছে; কাজেই বুশ-ব্লেয়ারের একই পরিণতি হওয়া উচিত বলে মন্তব্য করেন টুটু।

ইরাক আগ্রাসনকে মধ্যপ্রাচ্যের সব সঙ্কটের জন্য দায়ী করে ডেসমন্ড টুটু বলেন, এ সামরিক হঠকারিতা অন্য যেকোনো সংঘাতের চেয়ে বিশ্বকে আরো বেশি দ্বিধাবিভক্ত করেছে।  ইরাকের কথিত গণবিধ্বংসী অস্ত্রের বিষয়ে সাবেক ওই দুই নেতা মিথ্যা কথা বলেছেন বলে অভিযোগ করেন টুটু।

এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে অস্বীকৃতি জানান ডেসমন্ড টুটু। এর কারণ হিসেবে তিনি ইরাক যুদ্ধে ব্লেয়ারের ঘৃণ্য ভূমিকাকেই দায়ী করেন। সূত্র: বিবিসি।

‘আকাশ গোয়েন্দা’ নামাচ্ছে ব্রিটিশ সরকার :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

‘আকাশ গোয়েন্দা’ নামাচ্ছে ব্রিটিশ সরকার :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

 ব্রিটিশ সরকার ২০২০ সালের মধ্যে সে দেশের আকাশে চালকবিহীন বিমান বা ড্রোন মোতায়েনের কথা ভাবছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম এ কথা  জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ব্রিটিশ সরকার দেশটির জনগণের বিরুদ্ধে আরো কার্যকর ও সুচারুভাবে গোয়েন্দাবৃত্তি চালানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনার আওতায় ড্রোন মোতায়েনের বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।

অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় ব্রিটিশ জনগণ বরাবরই বেশি মাত্রায় গোয়েন্দাবৃত্তির শিকার হচ্ছে।

আমেরিকা ও তার মিত্ররা সামরিক হামলা চালানোর জন্য অনেক আগে থেকেই পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও সোমালিয়ায় ড্রোন ব্যবহার করছে। ব্রিটেনের আকাশে ২০২০ সালের মধ্যে ড্রোন মোতায়েনের লক্ষ্যে এখন এ বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে দেশটির পুলিশ।

ড্রোন দিয়ে গোয়েন্দাবৃত্তি চালানো হলে তাতে সাধারণ নাগরিকদের জীবন-যাপনের প্রতিটি বিষয়ের ওপর নজরদারি করা যাবে। এতে জনগণের নাগরিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হবে বলে আশংকা করা হচ্ছে।

২০১২ লন্ডন অলিম্পিকে ড্রোন ব্যবহারের কথা প্রথমদিকে চিন্তা-ভাবনা করা হলেও সাশ্রয়ী না হওয়ায় সে পরিকল্পনা বাদ দিতে হয়। ব্রিটেনের কোনো কোনো সংস্থা এরই মধ্যে ‘আকাশ গোয়েন্দা’ নামে পরিচিত একটি ড্রোন ব্যবহারের চেষ্টা করেছে। কিন্তু সফলভাবে উড্ডয়নের পর ১৩ হাজার পাউন্ড-স্টারলিং দামের ড্রোনটি মার্সি নদীতে পড়ে তলিয়ে যায়। এ দুর্ঘটনার পর ড্রোন ব্যবহারের এ ধরণের প্রচেষ্টা বাদ দেয়া হয়। সূত্র: আইআরআইবি।

আফগানিস্তানে আত্মঘাতি বোমায় পুলিশসহ নিহত ১৩ :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

আফগানিস্তানে আত্মঘাতি বোমায় পুলিশসহ নিহত ১৩ :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

 আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় অঞ্চলে ন্যাটো ঘাঁটির কাছে দু’টি আত্মঘাতি বোমা বিস্ফোরণে চার পুলিশসহ মোট ১৩ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। রোববার দেশটির ওয়ারদাক প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে চালানো এই হামলায় স্থানীয় একটি বাজার ও কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ারদাক প্রদেশের সাইদাবাদে স্থানীয় একজন গভর্ণরের দপ্তর লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়।এক ব্যক্তি হেঁটে এসে দপ্তরটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়।এ ঘটনার পরপরই গর্ভণর দপ্তর থেকে ন্যাটো ঘাঁটিকে আলাদা করা একটি রাস্তার ওপর একটি ট্রাকবোমার বিস্ফোরণ ঘটানো হয়।এতে অনেকগুলো দোকান ও ঘরবাড়ি ধ্বংস হয়।

হামলায় ন্যাটো ঘাঁটিতে কর্মরত কেউ নিহত না হলেও দুইজন আহত হয়েছে বলে জানান ওয়ারদাক প্রাদেশিক পরিষদের মুখপাত্র শহিদুল্লাহ শহিদ। ট্রাকবোমাটির বিস্ফোরণকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আফগান তালেবানরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।সূত্র: এপি

লাদেনের মৃতদেহ শনাক্ত করেন তার মেয়ে :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

লাদেনের মৃতদেহ শনাক্ত করেন তার মেয়ে :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

 আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর তার মৃতদেহ শনাক্ত করেন তার ছোট মেয়ে। সে সময় তার স্ত্রীরা লাদেনকে শনাক্ত করতে অস্বীকৃতি জানান বলে জানা গেছে। গত বছর লাদেন বধে অংশ নেয়া আমেরিকান নেভি সিলের সাবেক সদস্য ছদ্মনামে ম্যাট বাইসোনেট মার্ক ওয়েন নাম দিয়ে লেখা ওই অভিযানসংক্রান্ত বই ‘নো ইজি ডে’তে এই কথা বলা হয়েছে।
 
বইটি আগামী সপ্তাহে বাজারে আসবে। তবে বাজারে আসার আগেই পেন্টাগন বইয়ের লেখকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। যদিও লেখকের আইনজীবী জানিয়েছেন যে, বইটিতে লাদেন হত্যা বিষয়ে কোনো গোপন তথ্য ফাঁস করা হয়নি।
 
লাদেন হত্যা অভিযানের প্রত্যক্ষদর্শী ও নেভি সিলের সদস্য ৩৬ বছর বয়সী ম্যাট বইটিতে দাবি করেন, তিনিই দ্বিতীয় ব্যক্তি যিনি লাদেনের ঘরে প্রবেশ করেন। সেখানে দেখতে পান একজন পুরুষের মৃতদেহ পড়ে রয়েছে এবং তাকে দুই নারী ঘিরে রেখেছেন।
 
পরে জানা যায়, তারা বিন লাদেনের স্ত্রী। তিনি আরো জানান, নেভি সিলের সব সদস্য লাদেনের বাড়িতে প্রবেশের আগেই গুলিতে তিনি নিহত হন। সে সময় লাদেনের পরনে ছিল একটি তামাটে বর্ণের প্যান্ট, সাদা হাতাবিহীন গেঞ্জি ও তামাটে কটি। অভিযানে প্রথমেই লাদেনকে দেখামাত্র মাথায় গুলি করা হয় বলেও বইয়ে উল্লেখ করেন তিনি।
 
এদিকে নো ইজি ডে বইয়ের লেখকের বিরুদ্ধে সম্ভবত আইনি ব্যবস্থা করতে যাচ্ছে পেন্টাগন। পেন্টাগন দাবি করেছে, ওই বইয়ের লেখক নেভি সিল কমান্ডো সেনাবাহিনীর গোপনীয়তা ভঙ্গ করে চুক্তি লঙ্ঘন করেছেন। ম্যাট ২০০৭ সালে মার্কিন নৌবাহিনীর সঙ্গে গোপনীয়তা সংক্রান্ত দুটি ফরমে সই করেছিলেন।
 
পেন্টাগনের উপদেষ্টা জেন জনসন ম্যাটকে এক চিঠিতে জানান, গোপনীয়তা বিষয়ক চুক্তি লঙ্ঘন করায় ম্যাটের বিরুদ্ধে পেন্টাগন আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি তারা বিবেচনা করছে। সূত্র: এএফপি/জি.এন

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

 সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড ১ এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। রোববার লাল-সবুজ পতাকাধারীরা তাদের শেষ খেলায় থাইল্যান্ডকে ৬-১ গোলে পরাজিত করে তিন খেলায় পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিলো। দ্বিতীয় বাংলাদেশ আরো তিনটি গোল করে। আর থাইল্যান্ড দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করায় ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিমি-চয়নরা।
 
রাসেল মাহমুদ জিমি ও কৃষ্ণ কুমার দুটি করে এবং মইনুল ইসলাম কৌশিক ও সারোয়ার হোসেন একটি করে গোল করেন।
 
এ খেলায় দুই গোল করায় তিন খেলায় রাসেল মাহমুদ জিমি মোট পাঁচটি গোল করেন।
 
বাংলাদেশ তাদের প্রথম খেলায় হংকংকে ৬-১ গোলে এবং দ্বিতীয় খেলায় স্বাগতিক সিঙ্গাপুরকে ৪-২ গোলে পরাজিত করে।
 
উল্লেখ্য, ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে র‌্যাংকিংয়ে ৯-১৬ নম্বরে থাকা আটটি দলসহ মোট ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
 
ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড ১-এর পয়েন্ট তালিকা
 
দল
খেলা
জয়
ড্র
পরা
প/বি
পয়েন্ট
বাংলাদেশ
২৬/৪
সিঙ্গাপুর
১০/৫
হংকং
৩/৯
থাইল্যান্ড
২/১৩

আরো ভালো করে দলে ফিরতে চাই: এনামুল হক জুনিয়র :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

আরো ভালো করে দলে ফিরতে চাই: এনামুল হক জুনিয়র :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

 অনেক প্রতিশ্রুতি, অনেক সম্ভাবনা নিয়ে নয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এনামুল হক জুনিয়রের। শুরুর সেই পারফরম্যান্স ধরে রাখতে না পেরে এক পর্যায়ে বাদই পড়ে যান। সাম্প্রতিক সময়ে ‘এ’ দলের হয়ে ভালো খেলায় আবারো জাতীয় দলে ফেরানোর স্বপ্ন দেখাচ্ছে বাঁহাতি এই স্পিনারকে।

রোববার মিরপুর স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরুর আগে এনামুল হক জুনিয়র বলেন, ‘জাতীয় দলে ফিরতে যত পরিশ্রম করতে হয়, ঘাম ঝড়াতে হয় তার জন্য আমি প্রস্ত্তত। এখন দলে যারা আছে তাদের ব্যর্থতায় নয়, নিজে আরো ভালো করে দলে ফিরতে চাই।’

বাংলাদেশের প্রথম টেস্ট ও সিরিজ জেতানোর নায়ক। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে ১৮ উইকেট নেন এনামুল হক। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাবেক কোচ রিচার্ড ম্যাকিন্সকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এনামুল। তার অধীনে অ্যাকাডেমিতে সময়টা উপভোগ করছেন বললেন এনামুল। সাকলায়েন মুশতাকের সঙ্গে এখনো কাজ করার সুযোগ হয়নি। জাতীয় দলের বোলারদের নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। বিশ্বকাপ শেষে তিনি দেশে ফিরলে তার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে।’

ভারতে ‘এ’ দলের হয়ে শাফি দারাশাহ টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে ১৮ উইকেট নেয়ার পর আত্মবিশ্বাস আরো বেড়েছে এনামুলের। তিনি বলেন, ‘ভারতের ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেলেন। তাদের বিপক্ষে ভালো করলে আত্মবিশ্বাস তো বাড়েই। টার্ন বেড়েছে, এখন আরো ভালো জায়গায় বল করতে পারছি।

ক্রিকেটার হিসেবে এখন আমি অনেক পরিণত। প্রতিনিয়ত পরীক্ষার মধ্য দিয়েই যেতে হচ্ছে। প্রত্যেক সিরিজে ভালো করার চাপ নিয়ে খেলছি। জাতীয় দল গত কিছু দিন ধরেই টানা টি-টোয়েন্টি খেলছে। অন্যদিকে ‘এ’ দলের ক্রিকেটাররা বেশকটি চারদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। নভেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পরের টেস্ট সিরিজে দলে ডাক পাওয়ার ক্ষেত্রে এটা তাদের এগিয়ে রাখবে। আমরা নিয়মিত চারদিনের ম্যাচ খেলছি। পরের সিরিজের টেস্ট দল ঘোষণার সময় এটা আমাদের এগিয়ে রাখতে পারে।’

‘ওয়েস্ট ইন্ডিজের দলটিতে টেস্ট দলেরও কয়েকজন ক্রিকেটার থাকতে পারেন। তাদের বিপক্ষে ভালো করতে পারলে দলে ফেরার একটা সুযোগও থাকবেই।’ ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দল। ঐ সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন এনামুল হক জুনিয়র।

উল্লেখ্য, ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত এই স্পিনার এ পর্যন্ত খেলেছেন ১৪ টেস্ট। এতে ৩৯.২৪ গড়ে নিয়েছেন ৪১ উইকেট। সেরা ৭/৯৫, ম্যাচ সেরা ১২/২০০। ৫ উইকেট ৩ বার, ১০ উইকেট ১ বার। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৮.৯২ গড়ে নিয়েছেন ৩০৬ উইকেট।

এ মাসের মাঝামাঝি এশিয়ান টিভির সম্প্রচার :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

এ মাসের মাঝামাঝি এশিয়ান টিভির সম্প্রচার :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

 চলতি মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলক সম্প্রচারে আসছে এশিয়ান টেলিভিশন।  ইতিমধ্যে সম্প্রচার কার্যক্রমের যাবতীয় আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। পরীক্ষামূলক সম্প্রচার শুরুর অল্প কিছুদিনের মধ্যেই চ্যানেলটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসবে বলে জানিয়েছেন চ্যানেল সংশ্লিষ্টরা।

টিভি চ্যানেলটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসতে ইতিমধ্যেই বাংলাদেশে ও এশিয়ার একাধিক দেশে ধারাবাহিক নাটক, রিয়েলিটি শো, বিজনেস ও বিনোদনের প্রোগ্রাম নির্মাণ শুরু করেছে।

এসব অনুষ্ঠানে নতুনত্ব আনতে শিল্পী ও কলা-কৌশলী নির্বাচনে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদের প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চ্যানেলটির হেড অব কমিউনিকেশন এবং প্লানিং এডিটর সৈয়দ মিজানুর রহমান।

তিনি বলেন, ‘‘চ্যানেলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে এখানে চতুর্থ প্রজন্মের চিন্তা-চেতনা বা স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করা হচ্ছে।’’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘এশিয়ান টিভির প্রথম প্রযোজনায় একটি সিনেমা নির্মাণ হচ্ছে। ‘পরবাসিনী’ নামের এই সিনেমায় আমাদের আগামী প্রজন্ম কেমন হতে পারে, কি হতে পারে এই পৃথিবী তার একটি কাল্পনিক অবস্থা চলে এসেছে। সিনেমাটিতে এলিয়েন অর্থাৎ ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে মানুষের প্রেমের সর্ম্পক দেখানো হচ্ছে।’’

জানা গেছে, এশিয়ান টিভির শুধু সিনেমাতেই নয়- চ্যানেলটির প্রায় সব ধরণের অনুষ্ঠান নির্মাণে আগামী প্রজন্মের চাহিদার বিষয়টি তুলে ধরা হচ্ছে।

মিশরে টেলিভিশন উপস্থাপকের বিচার শুরু :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

মিশরে টেলিভিশন উপস্থাপকের বিচার শুরু :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

 মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হত্যার জন্য উসকানি দেয়া হয়েছে বলে অভিযোগ এনে সে দেশের একজন সুপরিচিত টেলিভিশন উপস্থাপকের বিচার শুরু হয়েছে।

তওফিক ওকাসা নামের এই উপস্থাপক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হুসনি মুবারকের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।

তবে এই টেলিভিশন উপস্থাপক দাবি করেছেন তিনি প্রেসিডেন্টকে হত্যার জন্য কোন আহবান জানান নি । ওকাসা বলেন, তিনি শুধুমাত্র প্রেসিডেন্টের সমালোচনা করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

ওকাসা অভিযোগ করছেন, ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুড তাদের সমালোচনাকারীদের কণ্ঠ বন্ধ করতে চাইছে।

ওকাসা যে টেলিভিশন চ্যানেলে কাজ করতেন, সেই আল ফারাইন টিভি স্টেশনটির সম্প্রচার গত মাসে বন্ধ করে দেয়া হয়েছে। এই টেলিভিশন চ্যানেলটি ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের তীব্র সমালোচনা করেছিল।

টেলিভিশন উপস্থাপক ওকাসার আইনজীবী মোহাম্মদ তালাত অভিযোগ করছেন যে মিশরে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে।

আইনজীবি তালাত বলছেন, হুসনি মুবারকের শাসনামলে বিরোধীদের যেভাবে দমন করা হয়েছে, সেই একই ঘটনা এখনও ঘটছে। বিপ্লব মিশরে কোনো পরিবর্তন আনেনি বলে তালাত উল্লেখ করেন।

তিনি বলছেন, উভয় ক্ষমতাসীনের চরিত্র একই রকম। পার্থক্য শুধু একটি জায়গায়। সেটি হচ্ছে বর্তমান ক্ষমতাসীনদের মুখে দাড়ি আছে।

তবে তালাতের মতো আইনজীবী কিংবা ওসাকার মতো সাংবাদিকরা এখন সরকারের সমালোচনা করতে পারছেন। কিন্তু মুবারকের সময় তারা এটি কল্পনাও করতে পারতেন না।

তবে ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের একজন আইনজীবী বলছেন,  ওকাসার আচরণ অগ্রহণযোগ্য ছিল।

ক্ষমতাসীনদের এই আইনজীবী বলছেন, মত প্রকাশের স্বাধীনতা এবং হত্যায় উসকানি দেবার মধ্যে পার্থক্য রয়েছে।

তিনি বলেন প্রেসিডেন্টকে হত্যার জন্য জনগণকে উসকানি দিয়ে ওকাসা মত প্রকাশের স্বাধীনতার সীমা অতিক্রম করেছেন।

এদিকে মিশরের একটি পত্রিকা আল দুস্তৌরের সম্পাদক ইসলাম আফিফির বিরুদ্ধেও প্রেসিডেন্টকে অবমাননা করার অভিযোগ আনা হয়েছে। সূত্র: বিবিসি।

সাগর-রুনি হত্যা: দীর্ঘসূত্রিতায় উদ্বেগ আরো বাড়ছে :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

সাগর-রুনি হত্যা: দীর্ঘসূত্রিতায় উদ্বেগ আরো বাড়ছে :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

 সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের ঘটনায় সাংবাদিক নেতারা বলেছিলেন ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচির ডাক দেবেন। ঈদের পর ১০ দিন চলে গেলেও তারা কোনো কর্মসূচি ঘোষণা করেননি। এতে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশ বিদেশের বাঙালি সদস্যরা। ‘সাগর রুনি’র হত্যাকারীদের বিচার চাই’ নামের ফেসবুক পেইজে ব্যবহারকারীরা ঈদের পর সাংবাদিক নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া ব্লগ সাইটগুলোতেও এই হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা থেমে নেই। ডিএনএ পরীক্ষার নামে ‘কালক্ষেপণের কৌশল’ হিসেবে র্যাবের বক্তব্য নিয়েও প্রশ্নের শেষ নেই।

কেউ বলছেন এভাবে আবার অনেক দিন অতিবাহিত হবে। আস্তে আস্তে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদও শেষ হবে। অন্য সরকার আসবে যাবে, কিন্তু সাগর-রুনি হত্যাকারীদের বিচারের বিষয়টি অনিশ্চিতই থেকে যাবে। আবার কারো অভিযোগ- সরকারের সদিচ্ছার অভাবের কারণেই খুনিদের মুখোশ খুলছে না।

শনিবার বিকেলে চারটা পর্যন্ত ফেসবুকে ‘সাগর রুনি’র হত্যাকারীদের বিচার চাই’ নামক পেইজটি লাইক করেছেন ১৬ হাজার ৭৯ জন ব্যবহারকারী।

পেইজটি পরিচালনাকারী তার সর্বশেষ পোস্টে বলেছেন, “ঈদ তো শেষ, সাংবাদিক নেতারা নীরব কেন?”

এর জবাবে একজন লিখেছেন, “সময়ের সাথে হারিয়ে গেছে সব, ভরসা একমাত্র আল্লাহই।”

অন্যজন লিখেছেন, “সামনে আরেকটা ঈদ আছে।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, “তাহলে কী করবেন? আন্দোলন, মারামারি নাকি আমাদের দুর্ভোগ? পারেন তো এমন কিছু করেন, যাতে আমরা জনগণ এগিয়ে আসি।”

এর আগে র্যাবের সর্বশেষ আনুষ্ঠানিক বক্তব্যের পর গত ২৬ আগস্ট পেইজটি পরিচালনাকারী লিখেছেন, “সবকিছু পর্যালোচনা করে একথা নিশ্চিতভাবেই বলা যায়, আশার আলো এখনো জ্বলেনি। সন্দেহভাজনদের ডিএনএ প্রোফাইল প্রস্তুত করে তা মিলিয়ে দেখতে হবে। মিলে গেলে তখন শুরু করা যাবে তদন্তের দ্বিতীয় পর্ব। আপাতত তার আগ পর্যন্ত আম জনতাকে বিভ্রান্ত করতে আরো অনেক মূলোই রয়ে গেছে।”

ঈদপরবর্তী কর্মসূচির বিষয়ে শনিবার বিকেলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বার্তা২৪ ডটনেটকে বলেন, “আগামীকাল (রোববার) আমরা মিটিংয়ে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”

গত ১১ ফেব্রুয়ারি সকালে পশ্চিম রাজাবাজারের বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এরপর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ‘প্রণিধানযোগ্য অগ্রগতি’র কথা বলেন।

তবে এরপরও কোনো অগ্রগতি না হওয়ায় গত ১৮ এপ্রিল মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আদালতে ব্যর্থতার দায় স্বীকার করে নেয়। এরপর উচ্চ আদালত র‌্যাবকে মামলার তদন্ত করার নির্দেশ দেন। তদন্তভার পাওয়ার পর গত ২৬ এপ্রিল ভিসেরা আলামতের জন্য দু’জনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ভিসেরা পরীক্ষায় সাগর-রুনির শরীরে বিষক্রিয়ার কোনো আলামত মেলেনি।

তদন্ত শুরুর পর এখনো এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে অন্য মামলায় গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশ তদন্ত পর্যায়ে ৪০ জনকে এবং র‌্যাব এখন পর্যন্ত ৯৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

সর্বশেষ গত ২৪ আগস্ট র্যাব জানায়, আমেরিকা থেকে রাসায়নিক ও একটি ডিএনএ পরীক্ষার ফলাফল আসার পর সাগর-রুনির খুনিদের শনাক্ত করতে মাঠে নামবেন তারা। তার আগে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। আমেরিকা থেকে পাওয়া ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলিয়েই অপরাধী শনাক্ত করার চেষ্টা করা হবে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহয়েল।

বাকৃবিতে দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

বাকৃবিতে দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবরোধের কারণে প্রশাসন ভবনের প্রশাসনিক কাজকর্মসহ সব দাফতরিক কাজে স্থবিরতা দেখা দেয়ায় রোববার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে প্রশাসন ভবনের তালা খুলে দেয়া হয়।
 
জানা যায়, রোববার সকাল ৯টায় ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার ও পর পর দুই সেশনের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন অবরোধ ও তালা ঝুলিয়ে দেয় প্রগতিশীল ছাত্র জোট।
 
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখা, ছাত্র ইউনিয়ন বাকৃবি শাখা এবং সাধারণ শিক্ষার্থীরা প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় ছাত্র এবং শিক্ষকদের মধ্যে ব্যাপক বাক-বিতণ্ডা ও ধাক্কা-ধাক্কি হয়।
 
পরে বিশ্বাবদ্যালয় প্রশাসন আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে বারোটার দিকে প্রশাসন ভবনের তালা খুলে দেয়া হয়।
 
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঁইয়া এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, ‘‘আন্দোলনরত শিক্ষার্থীদের দুই দফা মেনে নেয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা করা হবে এবং আপাতত দুই দিনের জন্য ভর্তি প্রক্রিয়ার সকল কার্যক্রম স্থগিত থাকবে।’’
 
এ ব্যাপারে বাকৃবি ছাত্রফ্রন্টের সভাপতি সেঁজুতি চৌধুরী বলেন, ‘‘শিক্ষকদের আশ্বাসে আপাতত দুই দিনের জন্য আমরা আন্দোলন স্থগিত করছি, তবে যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় কিংবা এই দুই দিন ভর্তি কার্যক্রম সচল থাকে তাহলে ফের আন্দোলন চলবে।’’