Pages

Showing posts with label Seikh Hasina. Show all posts
Showing posts with label Seikh Hasina. Show all posts

Thursday, January 24, 2013

বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রীর আলটিমেটাম

বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রীর আলটিমেটাম


অর্থমন্ত্রীর পর এবার প্রধানমন্ত্রীও সময় বেঁধে দিলেন বিশ্বব্যাংককে। স্পষ্ট জানিয়ে দিলেন, জানুয়ারির মধ্যে বিশ্বব্যাংক সিদ্ধান্ত না জানালে বিকল্প অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বললেন, আমরা তাদের কাছ থেকে ফাইনাল কথা চাই। না হলে কাজ শুরু করে দেবো। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে সামপ্রতিক রাশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী অভিজ্ঞতা বর্ণনা করলেও প্রশ্নোত্তরে উঠে আসে পদ্মা সেতু, জাতীয় নির্বাচন, ছাত্রলীগের সামপ্রতিক কর্মকাণ্ড, রাজনৈতিক ইস্যুসহ নানা বিষয়। দেড় ঘণ্টারও বেশি সময় চলা সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। নির্বাচন পদ্ধতি নিয়ে একজন সিনিয়র সম্পাদকের প্রশ্নের জবাবে তিনি সরকারের মেয়াদকালে অনুষ্ঠিত নির্বাচনের উদাহরণ দিয়েছেন। বলেছেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। আর নির্বাচন নিয়ে বিরোধী দলের আলোচনা থাকলে তাদের সংসদে যেতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে। তবে কোন পদ্ধতিতে নির্বাচন হবে এমন প্রশ্ন এড়িয়ে যান।
বৈশাখী টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল প্রশ্নোত্তর পর্বের শুরুতে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত একজনের ফাঁসির রায় দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জানতে চান, রাশিয়া থেকে অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোন পরিবর্তন হয়েছে কিনা। এছাড়া, আওয়ামী লীগ এবং সরকারে মস্কোপন্থিদের প্রভাব বাড়ছে বলে আলোচনা আছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি একেবারে স্পষ্ট। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, যে সব দেশ আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করেছে তারা কি আমাদের বন্ধু হবে না? তিনি বলেন, আমরা কোন বলয়ে বিশ্বাস করি না। আমাদের একটি মাত্র বলয় আছে। আর সেটি বাংলাদেশ। জনগণের স্বার্থে যার যার সঙ্গে সম্পর্ক রাখা দরকার আমরা তা-ই করবো। প্রধানমন্ত্রী বলেন, আমরা আগে আরও অনেক দেশ থেকে অস্ত্র কিনেছি। যে দেশ থেকে আমরা সহজভাবে পাই সে দেশ থেকেই তা ক্রয় করি।
প্রধানমন্ত্রী বলেন, আমার মন্ত্রিসভায় সব পন্থি লোকই আছেন। আর আমরা সবাই তো একই পন্থার লোক। সেটি বাংলাদেশ। এপি’র প্রতিনিধি ফরিদ হোসেন প্রশ্ন করেছিলেন রাশিয়া থেকে সমরাস্ত্র ক্রয় চুক্তির সুদের হার নিয়ে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্টেট ক্রেডিট নেয়ার নজির এটিই প্রথম না। এর আগেও এ ধরনের ক্রয়চুক্তি করা হয়েছে। এমন চুক্তির আওতায় চীন থেকেও অস্ত্র আনা হয়েছিল। এটিএন নিউজের মুন্নী সাহার প্রশ্ন ছিল, রাশিয়া থেকে এর আগে মিগ-২৯ কেনার কারণে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এবার অস্ত্র ক্রয় চুক্তির আগে সব প্রক্রিয়া সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে কিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি করি। তাই মামলা নিয়ে চিন্তা করি না। আমরা যখন মিগ কিনেছিলাম তখন সমালোচনা ছিল। আবার এই মিগ যখন আকাশে ওড়ে তখন আবার অনেকে বলে আমাদেরও মিগ আছে। এছাড়া, এই মিগ আমরা কিনেছিলাম একেবারে কম দামে। রাশিয়া কারখানায় এই বিমান তৈরিতে যে খরচ হয় তা-ই নিয়েছিল। একই সময়ে অন্য দেশের কাছে তারা আরও বেশি দামে ওই বিমান বিক্রি করেছে। তিনি বলেন, যারা এসব নিয়ে কথা বলে তারা চায় না সামরিক বাহিনী আধুনিক হোক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উপযুক্ত বাহিনী হিসেবে গড়ে উঠুক। আমাদের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘে কাজ করছে। তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও সরঞ্জাম দরকার।
প্রধানমন্ত্রী বলেন, এবার রাশিয়া থেকে অস্ত্র কেনার আগে চীন থেকে ট্যাংক আনা হলো। তখন তো কেউ কথা বলেনি। সেটা নিয়ে প্রশ্ন উঠলো না। যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তিনবার ভেটো দিলো তাদের কাছ থেকে অস্ত্র কিনলে প্রশ্ন ওঠে না কিন্তু যারা সাহায্য করেছে তাদের কাছ থেকে কিনলে প্রশ্ন ওঠে।
শেখ হাসিনা কারও নাম উল্লেখ না করে বলেন, সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাইবেন। তাদের ব্যবহার করবেন। কিন্তু তাদের শক্তিশালী করার ক্ষেত্রে এত অনীহা কেন?
নিউজটুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ জানতে চান প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে চুক্তি করার আগে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে কিনা। এছাড়া, মধ্যপ্রাচ্যে রাশিয়ার অস্ত্রবাজার সঙ্কুচিত হয়ে আসায় তারা বাংলাদেশের ওপর এই ঋণ চাপিয়েছে কিনা।
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ক্রয়ের ক্ষেত্রে অতীতে কেবিনেটে আলোচনা হয়নি। তবে ক্রয় সংক্রান্ত যে কমিটি হয় সেখানে কেবিনেটের প্রতিনিধি থাকেন। ওই কমিটি আলোচনা করেই ক্রয় সংক্রান্ত বিষয় চূড়ান্ত করেন। এসব বিষয়ে অতীতে আলোচনা হয়েছে এরকম একটি দৃষ্টান্ত দেখান?
এসময় রিয়াজ উদ্দিন বলেন, অতীতের খারাপ দৃষ্টান্ত দিয়ে তো লাভ নেই। অতীতে আলোচনা হয়নি, আপনি করেন।
ঋণের সুদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মোটেও উচ্চ সুদ না। চীনের কাছ থেকেও এ ধরনের স্টেট ক্রেডিট নেয়া হয়েছিল। সেটির সুদও প্রায় একই রকম ছিল।
’৭১ টিভির প্রধান মোজাম্মেল বাবু বলেন, যারা ক্রয়চুক্তি নিয়ে সমালোচনা করেন তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে। এটি ষড়যন্ত্রও হতে পারে। তিনি জানতে চান পদ্মা সেতু নিয়ে সরকারের পরিকল্পনা কি।
জবাবে প্রধানমন্ত্রী মোজাম্মেল বাবুর বক্তব্য সমর্থন করে বলেন, পদ্মা সেতু- এটিও একটি ষড়যন্ত্র। এ ধরনের ষড়যন্ত্রের অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করলে তো কিছুই করা যাবে না। তিনি বলেন, আমরা যে দৃষ্টিনন্দন হাতিরঝিল প্রকল্প করেছি। এর কাজ শুরুর পর কম লেখা হয়নি পত্র-পত্রিকায়।
পদ্মা সেতুর কাজ আমরা শুরু করবোই। কারণ আমরা জানি কোন অপরাধ করিনি। মাঝখানে একটি বছর সময় নষ্ট হলো।
তিনি প্রশ্ন রেখে বলেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিলো। এই চিঠি দুদকে পৌঁছার আগেই একটি বিশেষ দৈনিকে হুবহু প্রকাশ হয়ে গেল। এর পেছনে আপনারা কোন উদ্দেশ্য দেখতে পান কিনা?
তিনি বলেন, সেতু ইনশাআল্লাহ হবে। বিকল্প ব্যবস্থাও আমাদের করা আছে। এর আগে এই সেতুর জন্য দেশবাসীর কাছে আহ্বান করেছিলাম। তখন অভূতপূর্ব সাড়াও পেয়েছিলাম।
সংবাদ সংস্থা সিনহুয়া’র প্রতিনিধি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন রাশিয়া সরকারের সঙ্গে করা ঋণ চুক্তি পরিমাণে বিশাল কিনা। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমরা সামরিক বাহিনীকে শক্তিশালী করতে যা যা করা দরকার তা-ই করবো। আমাদের সামরিক বাহিনী থাকবে-আর তা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার হয়ে থাকবে তা তো হয় না। প্রশ্নকর্তা ড. ইউনূসের রাজনীতিতে আসার আগ্রহের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। এ বিষয়ে ক্ষমতাসীন দলের সভানেত্রী বলেন, বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের দেশ। কে রাজনীতি করবেন আর কে করবেন না- তা তো আমার দেখার বিষয় না। আমি বলবো-শত ফুল ফুটতে দাও।
সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বিরোধী দলের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের উদ্ধতি দিয়ে বলেন, তিনি বলেছেন-কমিশন নেয়ার জন্য রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তি হয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি?
প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি অনুযায়ী স্টেট টু স্টেট লেনদেন হবে। এখানে মাঝপথে ধরার উপায় নেই। তবে যাদের কমিশন খাওয়ার অভ্যাস আছে তারা এ বিষয়ে ভাল বোঝে। সমকাল সম্পাদক গোলাম সরওয়ার প্রশ্ন করার সময় যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ টেনে বলেন, যার ফাঁসির রায় হয়েছে তিনি যদি কানাডা বা তুরস্কে চলে যান তাহলে তাকে আর ফিরিয়ে আনা যাবে না। তাই এই ফাঁসি কার্যকরের ব্যবস্থা করতে হবে। এছাড়া, যারা দেশে আছে তাদের বিচার দ্রুত করতে হবে। তারা তো পালিয়ে যেতে পারবে না। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেকে সন্দেহ, সংশয় প্রকাশ করেন। বিরোধী দল সংসদে যাচ্ছে না। তাদের সংসদে নেয়ার বিষয়ে কোন উদ্যোগ নেয়া হবে কিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল সংসদে যাবে কিনা এটি তাদের বিষয়। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমি তো কথা বলারই সুযোগ পেতাম না। উনি তো (বিরোধী নেত্রী) টানা কথা বলে যেতে পারেন। এত উদারভাবে সংসদ আগে কেউ চালায়নি।
নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সময়ে ৫৫০৯টি নির্বাচন হয়েছে। এ নির্বাচনে ৬৩১৯২ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এত নির্বাচন হলো কিন্তু গণমাধ্যম ভাল করে একটি নিউজও করতে পারলো না। কারণ কোথাও কোন সমস্যা হয়নি। সমস্যা না হলে তো নিউজও হয় না। নির্বাচনে অনেক জায়গায় আমাদের প্রার্থী হেরে গেছে। আমরা কোন হস্তক্ষেপও করিনি।
সংসদীয় গণতন্ত্র যেসব দেশে আছে সেখানে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে হবে। আপনাদের মানসিকতা সেভাবে নিয়ে আসুন। নির্বাচনের বিষয়ে বিরোধী দলের বক্তব্য থাকলে তারা সংসদে আসুক। তিনি বলেন, যে যা-ই বলুক যথাসময়ে নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী আগামী বছরের ২৫শে জানুয়ারির মধ্যেই নির্বাচন করতে হবে।
ছাত্রলীগের সামপ্রতিক নেতিবাচক কর্মকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সরকারের নির্বাচনী অঙ্গীকার কতটুকু পূরণ হয়েছে এ প্রশ্নটিও ছিল তার।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রত্যেক অঙ্গীকার নিয়ে কাজ করছি। ক্ষেত্রবিশেষে অঙ্গীকারের চেয়ে বেশি কাজ করেছি।
তিনি বলেন, ছাত্রলীগের নামে যারা এসব করছে তারা ছাত্রলীগে ঢোকার জন্য আবেদন করেছে। তাদের নেয়া হয়নি। এমন ছেলেরা এসব করছে। এছাড়া, এমন না যে আমরা কোলে তুলে তাদের আদর করছি। যেখানেই যা ঘটছে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আমাদের স্পষ্ট নীতি- দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এত দুর্বল না যে তাদের দলে নিতে হবে।
প্রধানমন্ত্রী উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পাল্টা প্রশ্ন করে বলেন, আপনারা ২০০১ সালে যে সব ঘটনা ঘটেছে, যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করা হয়েছে তার সব ছবি কি ছাপতে পেরেছেন? তখন তো অনেকে ছাত্রদল-শিবিরকে আহ্লাদ করেছে। আমরা গণমাধ্যমকে স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা ভাল। তবে এই স্বাধীনতার সঙ্গে সামাজিক দায়িত্বও তো থাকা উচিত। মিথ্যা সংবাদের জন্য বিবিসি প্রধান পদত্যাগ করেছেন। আমাদের দেশেও তো অনেক মিথ্যা নিউজ হয়। কারও কি পদত্যাগের নজির আছে? সেই গাটস কি কারও আছে? এখন আমাদের অনেকে সবক দেন শুনি। তার আগে আয়নায় নিজেদের চেহারাও তো একটু দেখা উচিত। জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খানের সরাসরি প্রশ্ন ছিল আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতবে কিনা। প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন রেখে বলেন, জিতবে না কেন? জনগণ ভোট দিলে জিতবে। না দিলে জিতবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার রাশিয়া সফরকে সব দিক দিয়ে সফল বলে দাবি করেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে বন্ধুত্বের যে বন্ধন তৈরি হলো তাতে দীর্ঘমেয়াদি সুফল ভোগ করবেন দেশবাসী। এই বন্ধুত্ব চিরস্থায়ী রূপ নেবে। রাশিয়ার সমর্থনের কারণেই মুক্তিযুদ্ধে বিজয় আরও সহজ হয়েছিল। রাশিয়া আমাদের পরম বন্ধু। দুর্দিনে তারাও আমাদের পাশে দাঁড়িয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দু’টি চুক্তি হয়েছে। এর একটি কেন্দ্র স্থাপনে প্রস্তুতিমূলক কাজের অর্থায়নের জন্য ৫০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি হয়েছে। কিন্তু পারমাণবিক বিদ্যুৎ নিয়ে অনেকের ভয়ও আছে। সেই ভয় দূর করার জন্য আমরা তথ্য কেন্দ্র চালুর ব্যবস্থা করেছি। এছাড়া, চুক্তির শর্ত অনুযায়ী পারমাণবিক বর্জ্য রাশিয়া নিয়ে যাবে। এটিতে থাকবে ৫ স্তরের নিরাপত্তা।

Tuesday, January 15, 2013

‘সীমান্তে হত্যা গ্রহণযোগ্য নয়’

‘সীমান্তে হত্যা গ্রহণযোগ্য নয়’


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসিজি বলেছেন, সীমান্তে হত্যা কোনভাবেই
গ্রহণযোগ্য নয়। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ-এর হাতে কোন বাংলাদেশী নিহত হলে প্রতিবারই আমরা প্রতিবাদ জানিয়ে আসছি। এ হত্যা বন্ধে সরকারের পক্ষ থেকেও জোরালে পদক্ষেপ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে সীমান্তের অধিবাসীদেরও সচেতন হওয়া প্রয়োজন। তিনি বলেন, আন্তর্জাতিক সীমারেখার কতগুলো নিয়ম আছে। আইনের প্রতি সকলেরই শ্রদ্ধাশীল থাকা উচিত। যে কোন সীমান্তে ১৫০ গজের মধ্যে যাওয়ার নিয়ম নেই। আর সামপ্রতিক (১লা ও ২রা জানুয়ারি) ইন্সিডেন্ট (হত্যাকাণ্ড) যেগুলো ঘটেছে বেশির ভাগই ‘ক্রসিং বর্ডার’-এর কারণে ঘটেছে। তাই এ বিষয়ে সচেতনতা দরকার। রাজধানীর পিলখানার সদর দপ্তরের মিডিয়া কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্ডারের ওই পাড়ে যখন ঘটনা ঘটে আমাদের লিখিত প্রশ্নের জবাবে তারা তখন তাদের মত করে বক্তব্য দেন। তবে এ বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট। খুব জোরালোভাবে এর প্রতিবাদও আমরা জানিয়েছি। কিন্তু সেটা (হত্যাকাণ্ড) জিরো লেভেলে আসছে না। এটা দুঃখজনক। তিনি জানান, আত্মরক্ষার্থে উভয় পক্ষই গুলি চালাতে পারে। তবে এ বিষয়ে জনসচেতনতা তৈরি না হলে সীমান্তের দুঃখজনক ঘটনা বাড়বে। বিজিবি মহাপরিচালক বলেন, পিলখানায় রক্তাক্ত বিদ্রোহের চার বছর পর সীমান্তরক্ষী বাহিনীতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। ওই বিদ্রোহের পর পিলখানা ও দেশের অন্যান্য স্থানে সীমান্তরক্ষী বাহিনীর দপ্তরে নিরাপত্তার জন্য যে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছিল, পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করে নেয়া হচ্ছে। তিনি বলেন, আমার বাসায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিল সমপ্রতি তাদেরও সরিয়ে নেয়া হয়েছে। আজিজ আহমেদ বলেন, আমি দায়িত্ব নেয়ার পরপর বিভিন্ন জায়গায় আমার সঙ্গে সেনাসদস্যরা গেলেও এখন আর তারা যাচ্ছে না। উল্লেখ্য, গত ৫ই ডিসেম্বর বিজিবির মহাপরিচালকের দায়িত্ব নেন আজিজ আহমেদ। পরিস্থিতির উন্নতি হওয়ায় পিলখানায় নিয়োজিত পুলিশ সদস্যদেরও গত ৩১ ডিসেম্বর প্রত্যাহার করে নেয়া হয় বলে জানান তিনি। মহাপরিচালক বলেন, বিডিআর বিদ্রোহের যেসব মামলা চলছে সেগুলোতে আমরা শুধু প্রশাসনিক সহায়তা দিচ্ছি। বিচারে খালাসপ্রাপ্তরা আবারও বাহিনীতে ফিরে এসেছে এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালনও করছে। ইতিমধ্যে ওই বিদ্রোহের ঘটনায় সারা দেশে বিজিবি আইনে করা মামলাগুলোর বিচার শেষ হয়েছে। আর বিদ্রোহের সময় হত্যার ঘটনায় প্রচলিত আইনে মামলার কার্যক্রম চলছে। সীমান্তরক্ষা বাহিনীর চারটি আঞ্চলিক সদর দপ্তর খুব শিগগিরই চালু হবে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, আগামী ২০শে জানুয়ারি প্রধানমন্ত্রী এই আঞ্চলিক সদর দপ্তরগুলো উদ্বোধন করবেন। ব্রাক্ষণবাড়িয়ার সরাইল, চট্টগ্রাম, রংপুর ও যশোরে এই চারটি আঞ্চলিক সদর দপ্তর করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিজিবি’র মহাপরিচালক বলেন, বিজিবিকে আরও আধুনিকায়ন ও শক্তিশালী করা হচ্ছে। তিনি বলেন, এই বাহিনীর সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ১২টি সেক্টর হেডকোয়ার্টারের জায়গায় ১৬টি সেক্টর হেডকোয়ার্টার করা হবে। মোট ৫৪টি ব্যাটালিয়নের মধ্যে ঢাকায় ২টি ও ঢাকার বাইরে ব্যাটালিয়ন হবে ৫২টি। এগুলো ছাড়াও রাইফেল সিকিউরিটি ইউনিট, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, সিগন্যাল সেক্টর, আইসিটি ব্যাটালিয়নকে আধুনিকায়ন করা হয়েছে। বিজিবি’র মহাপরিচালক বলেন, সীমান্তে কাউন্টার পয়েন্টে যেসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করেন তাদের, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যথাসময়ে ও দ্রুত যাওয়ার জন্য আগামী ফেব্রুয়ারি মাস থেকে ১৭০০ মোটরসাইকেল দেয়া হবে। এতে করে টহলে সুবিধা বাড়বে। তাতে সীমান্তে চোরাচালান রোধ করা যাবে। মহাপরিচালক জানান, বিজিবি বিওপিতে সদস্যদের জীবন যাত্রার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানি, ৬৫টি সোলার সিষ্টেম এবং প্রায় প্রতিটি সীমান্ত এলাকায় ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়েছে। বিডিআর বিদ্রোহ, হত্যা ও অন্যান্য অপরাধের বিচারের বিষয়ে মেজর জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের জানান, ইতিমধ্যে কোন ধরনের প্রশ্ন ছাড়াই বিজিবির নিজস্ব আইনে বিদ্রোহের বিচার সম্পন্ন করেছি। আমাদের ধারণা এ বিষয়ে কারও বিরূপ ধারণা নেই। জাতির কাছেও তা গ্রহণযোগ্য হয়েছে। যারা এই মামলায় খালাস পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে কাজে যোগ দিয়েছে। বিজিবির প্রচলিত সব সুযোগ সুবিধাও তারা পাচ্ছে এবং পাবে। এখন ৮৪৭ জনের বিচার হবে বিদ্রোহে হত্যা সহ অন্যান্য অপরাধের জন্য। এর বিচার হবে প্রচলিত ফৌজদারি আইনে। তিনি বলেন, বিচারিক বিষয় যেহেতু সময় নির্ধারণ করে হয় না, তাই কবে নাগাদ তা শুরু ও শেষ হবে তা বুঝবে দেশের আদালত। কিন্তু এটুকু নিশ্চয়তা দিতে পারি কোন নিরপরাধ লোক সাজা পাবে না। বিচারকাজে প্রশাসনিক সহযোগিতা ও তথ্যবহুল প্রমাণ দরকার উল্লেখ করে বিজিবি’র মহাপরিচালক বরাবরের মতো সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ খান, উপমহাপরিচালক বিজিবি (যোগাযোগ) কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান প্রমুখ।

Saturday, January 12, 2013

‘প্রধানমন্ত্রীর ভাষণ আত্মপ্রশংসার বয়ান’

‘প্রধানমন্ত্রীর ভাষণ আত্মপ্রশংসার বয়ান’


সরকারের চার বছরে জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে নতুন কিছু নেই উল্লেখ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভাষণ-পরবর্তী প্রতিক্রিয়ায় তারা একে প্রধানমন্ত্রীর আত্মপ্রশংসার বয়ান বলেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সভাপতি
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেয়া বক্তব্যে সব সত্য প্রকাশ করেন নি। তিনি কেবল আত্মপ্রশংসার বয়ান দিয়েছেন। উন্নয়নের রূপকল্পের কথা বললেও দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণে তার সরকারের ব্যর্থতার কথা এড়িয়ে গেছেন। তার সরকার জ্বালানি তেলের দাম ৬ দফা বাড়িয়েছেন। বিদ্যুতের দাম ৭ দফা বাড়ানোর পাঁয়তারা চলছে। জনগণের লাগামহীন দুর্ভোগ দিন দিন বাড়তে থাকলেও এসব নিয়ে ভাবছেন না সরকার। নির্বাচন কমিশন ও স্বচ্ছ নির্বাচন করার প্রতিশ্রুতি অর্থহীন- এ মন্তব্য করে সেলিম বলেন, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সমঝোতার কোন বিকল্প নেই। কিন্তু সে ব্যাপারে তিনি কিছু বলেননি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। দেশে সন্ত্রাস, গুম, হত্যা, মানুষের দুর্ভোগ বেড়েছে। কিন্তু তিনি তার বক্তব্যে এসব প্রসঙ্গ এড়িয়ে গেছেন। পূর্বের সরকারের ব্যর্থতাকে বড় করে দেখানোর চেষ্টা করেছেন। এ প্রচেষ্টা সফল মানুষের লক্ষণ না। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, দলীয় সরকারের নিয়ন্ত্রণে কোন দিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এছাড়া পরিবার, দলের নয় প্রধানমন্ত্রী হিসেবে দেশের চাহিদা বুঝতে হবে বলেও তিনি মন্তব্য করেন। মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টি নেতা জিয়াউদ্দীন বাবলু বলেন, জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নতুন কিছু বলেননি। নানা অনুষ্ঠানে প্রতিদিন তিনি যা বলেন জাতির উদ্দেশে দেয়া ভাষণেও তিনি তা-ই বলেছেন। সব মিলিয়ে তার ভাষণে আমি নতুন কিছু পাইনি।

Sunday, January 6, 2013

কোন্দল থাকলেই পরাজয়

কোন্দল থাকলেই পরাজয়


ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসন। এ আসনে ধোবাউড়ার ৭টি ও হালুয়াঘাট উপজেলায় ১২টি ইউনিয়ন রয়েছে। বর্তমান এমপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন। গত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আফজাল এইচ খানকে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হন। ’৯০-এর পর শুধু ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আফজাল এইচ খান এমপি নির্বাচিত হয়েছিলেন। দলীয় কোন্দলের কারণে বিএনপির প্রার্থী নির্বাচিত হতে পারেনি। বাকি ৩টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট প্রমোদ মানকিন নির্বাচিত হন। গতবার নির্বাচিত হওয়ার পর তাকে প্রথমে সংস্কৃতি প্রতিমন্ত্রী, বর্তমানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী করা হয়। এলাকায় তিনি একজন শান্ত ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত হলেও গত ৪ বছরে এলাকার প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন করতে পারেননি। তার ছত্রছায়ায় কিছু ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তাদের বিরুদ্ধে তিনি কোন ব্যবস্থা নেননি, বরং নীরব ভূমিকা পালন করেছেন। এতে আওয়ামী লীগের লোকজন চরম ক্ষুব্ধ তার প্রতি। এতে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ফলে বর্তমান এমপি প্রমোদ মানকিনের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে দলের নেতাকর্মীরা জানান। এ আসনে বিএনপি-আওয়ামী লীগ দুই দলেই কোন্দলের কারণে দ্বিধাবিভক্তি রয়েছে। যারা দলীয় কোন্দল নিরসন করতে পারবেন সেই দলের প্রার্থীই বিজয়ী হবেন বলে উভয় দলের নেতকর্মীদের অভিমত।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য যারা মনোনয়ন চাইবেন তারা হলেন আওয়ামী লীগের বর্তমান জাতীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন, সাবেক ছাত্রনেতা ফারুক আহম্মেদ খান, ধোবাউড়ার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইসলাম উদ্দিন খান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. সি এন সরকার চন্দন, ধোবাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন। ১৮ দলীয় জোট ও বিএনপি থেকে যারা মনোনয়ন চাইবেন তারা হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খান, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির নেতা আলী আজগর ও ধোবাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন।
আওয়ামী লীগ: এখানে তিন ভাগে বিভক্ত পড়েছে। প্রমোদ মানকিন গ্রুপ, ফারুক আহমেদ খান গ্রুপ ও তৃতীয় গ্রুপটি দু’জনকে ছেড়ে দিয়ে নীরব ভূমিকা পালন করছে। আওয়ামী লীগের কর্মীরা অভিযোগ করে বলেন, প্রমোদ মানকিন দলের অনেক প্রবীণ ও ত্যাগী নেতাকে বিগত নির্বাচনের আগে হালুয়াঘাট উপজেলা কমিটি থেকে বাদ দেয়ায় দ্বন্দ্বের সূত্রপাত হয়। প্রমোদ মানকিনের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় ফারুক খান। প্রমোদ মানকিনকে মনোনয়ন দিলে চরম বিরোধিতা করে ফারুক খানের সমর্থকরা। পরে গত উপজেলা নির্বাচনের সময় ফারুক খান উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলে তার বিরোধিতা করেন প্রমোদ মানকিন গ্রুপ। ফলে উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক খান পরাজিত হন। বিএনপি প্রার্থী আলী আজগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এ বিরোধকে কেন্দ্র করে হালুয়াঘাট আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় রয়েছে। ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে ৭ বছর ধরে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন খান ও সাবেক সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুলসহ বেশির ভাগ নেতাকর্মী নীরব ভূমিকা পালন করছেন। তারা বলেন, বর্তমান এমপি প্রবীণ ত্যাগী নেতাকর্মীদের কোন মূল্যায়ন এবং এলাকার উন্নয়ন করেননি। ফলে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তার প্রতি চরম ক্ষুব্ধ।
বিএনপি: হালুয়াঘাট উপজেলা বিএনপি এখন তিন গ্রুপে বিভক্ত। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক মন্ত্রী বিচারপতি টিএইচ খানের পুত্র হালুয়াঘাট থানা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আফজাল এইচ খান। আরেক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন জেলা (উত্তর) বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর। তৃতীয় পক্ষ হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছের লোক হিসেবে সরকারি বরাদ্দ নিয়ে এসে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেছিলেন। বর্তমানে প্রিন্স দু’টি উপজেলায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। এছাড়া জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও উপজেলা চেয়ারম্যান আলী আজগর বিএনপিতে যোগ দেয়ার পর থেকে গ্রুপের সৃষ্টি হয়। হালুয়াঘাটের ব্যক্তি হিসেবে আলী আজগরের একটি ভোট ব্যাংক রয়েছে। তিনি দু’বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিএনপির নেতা হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর বলেন, বর্তমান সরকারের গত ৪ বছরে ধোবাউড়া-হালুয়াঘাট এলাকার কোন উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ, হালুয়াঘাট বাইপাস সড়ক নির্মাণ, সীমান্ত সড়ক নির্মাণ, হালুয়াঘাট-ধোবাউড়া সড়ক প্রশস্ত করে সমপ্রসারণ কোনটাই বাস্তবায়ন হয়নি। বরং সন্ত্রাস, খুন, ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া, চুরি, ছিনতাই টেন্ডারবাজি বেড়েছে। এলাকায় গেলে উন্নয়ন কারও চোখে পড়বে না। বিএনপির আমলে শুরু হওয়া কাজগুলো শেষ হয়েছে। নতুন কোন উন্নয়নমূলক কাজ হয়নি। বিএনপি নেতাকর্মীরা বলেছেন, বর্তমান এমপি প্রমোদ মানকিন এলাকার উন্নয়ন করতে না পারলেও তিনি হালুয়াঘাটের নিজ গ্রামের বাড়িটিকে সুরম্য অট্টালিকায় উন্নীত করেছেন।

Saturday, January 5, 2013

‘জীবনযাত্রায় ব্যয় বাড়বে’

‘জীবনযাত্রায় ব্যয় বাড়বে’


সরকারের হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে জীবনযাত্রার ব্যয় বাড়বে প্রায় সব ক্ষেত্রে। এ মূল্যবৃদ্ধি দেশে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে। বেড়ে যাবে পরিবহন ব্যয়। যানবাহনের ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বোরো মওসুমে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারের এ সিদ্ধান্তকে ভালোভাবে দেখছেন না দেশের অর্থনীতিবিদেরা। তাদের প্রশ্ন, তেলের দাম বাড়ানোর ফলে যে অর্থের সাশ্রয় হবে, সেটা কোন খাতে ব্যয় হবে? এদিকে সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে রোববার ১৮ দলীয় জোট সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তবে সরকার ও বিরোধী দলীয় জোটের এ সিদ্ধান্তকে ভালভাবে নিচ্ছেন না ব্যবসায়ীরা। তারা জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে চাল, ভোজ্য তেল, কাঁচা-তরকারিসহ যাবতীয় নিত্যপণ্যের দাম বেড়ে যাবে। দূরপাল্লার পরিবহন ছাড়াও অভ্যন্তরীণ রুটে এবং রপ্তানি পরিবহনের জন্যও বাড়তি টাকা গুণতে হবে সবাইকে।
যোগাযোগ করা হলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মানবজমিনকে বলেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারমূল্য, সরকারের বর্তমান রাজস্ব-পরিস্থিতি ও রাজনৈতিক বিবেচনায় দাম বাড়ানোর দরকার ছিল না। এই মূল্যবৃদ্ধি দেশে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে। তিনি বলেন, আশা করেছিলাম বোরো চাষের জন্য সরকার ডিজেলের দাম না বাড়িয়ে কৃষককে রক্ষা করবে। কিন্তু সেটা আর হলো না। তবে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তেলের দাম বাড়ানোর ফলে যে অর্থের সাশ্রয় হবে, সেটা কোন খাতে ব্যয় হবে। এ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা থাকলে জনগণের জন্য মূল্যবৃদ্ধি মেনে নেয়া সহজ হতে পারে বলে তিনি জানান।
অর্থনীতিবিদ ও তেল-বিদ্যুৎ-গ্যাস-বন্দর ও খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ড. আনু মুহাম্মদ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে চাল, ডাল, তেল, তরিতরকারি এবং পরিবহন ভাড়া বাড়বে। যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। তিনি বলেন, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার কারণেই তেলের ওপর চাপ বাড়ছে। যেখানে সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যার জন্য সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে মনে করেন তিনি। তবে এতে সরকারের কিছু লোক লাভবান হবে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনেই তেলের দাম বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত একটি কিস্তির অর্থ পেয়েছে। দ্বিতীয় কিস্তির অর্থ পেতেই সরকারের এ সিদ্ধান্ত। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তাদেরই মাথায় আবার বাড়ি দিচ্ছে সরকার। আর এতে করে দুর্যোগটা পড়বে দেশের অর্থনীতির ওপরই। বিশেষ করে যারা সিএনজি (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) ব্যবহার করছে তারাও ভাড়া বাড়িয়ে দেবে এ অজুহাতে। পূর্বের মতো সরকার এই খাতে সৃষ্ট অস্থিরতাকেও সামাল দিতে পারবে না।
প্রসঙ্গত, এর আগে ২০১১ সালের ৩০শে ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। এই সরকারের আমলে এ নিয়ে ৫ বার জ্বালানি তেলের দাম বাড়লো। এর মধ্যে প্রতি লিটার অকটেন ৫ টাকা বেড়ে হয়েছে ৯৯ টাকা। পেট্রলের দর বেড়েছে লিটারপ্রতি ৫ টাকা। এখন প্রতি লিটার পেট্রল কিনতে হবে ৯৬ টাকায়। আর ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বেড়ে হয়েছে ৬৮ টাকা। ফার্নেস তেল ও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়নি। তবে এ দুটিতে সরকারের কোন ভর্তুকি লাগে না। অকটেন ও পেট্রলেও ভর্তুকি লাগে না। এর পরও এই দুটির দাম বাড়ানো হলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনেই তেলের দাম বাড়ানো হয়েছে। ১০০ কোটি ডলারের বর্ধিত ঋণসুবিধার আওতায় (ইএসএফ) বাংলাদেশ এখন পর্যন্ত একটি কিস্তির অর্থ পেয়েছে। দ্বিতীয় কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার চলতি জানুয়ারি মাসেই পাওয়ার কথা। এই অর্থ পেতেই বাড়ানো হলো জ্বালানি তেলের দাম।

Tuesday, January 1, 2013

গৃহযুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করছে বাংলাদেশ

গৃহযুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করছে বাংলাদেশ


আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বছর শেষ হয়ে গেলেও এই ইস্যুতে বাংলাদেশ গৃহযুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করছে। এরই মধ্যে বিরোধী দল হরতাল পালন করেছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে সৃষ্টি হয়েছে দাঙ্গা। দাবি করা হচ্ছে, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের বিচার শেষ করতে। লন্ডন থেকে প্রকাশিত অনলাইন টেলিগ্রাফে ‘সাউথ এশিয়া: প্রিভিউ অব ২০১৩’ শীর্ষক রিপোর্টে এসব কথা বলা হয়। এতে বিগত বছরের তুলনায় নতুন বছরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল কেমন যাবে তার একটি পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, রাজনীতির পাকে একরকম আটকা পড়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি আগামী নির্বাচনে দলীয় প্রচারণায় নামতে পারছেন না প্রেসিডেন্ট থাকার কারণে। আবার প্রেসিডেন্টের পদ ত্যাগ করলে তার বিরুদ্ধে যে সাধারণ ক্ষমা দেয়া হয়েছে তা-ও উঠে যাবে। ফলে নিজেকে রক্ষা করতে ও দলকে বাঁচাতে তিনি ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারিকে সামনে নিয়ে এসেছেন। ওদিকে ভারতে রাজনীতির হাল ধরতে খুব ধীর মস্তিষ্কে গান্ধী পরিবারের উত্তরসূরি রাহুল গান্ধীকে সামনে নিয়ে আসা হয়েছে। আফগানিস্তান থেকে ২০১৪ সালে ন্যাটো সেনা প্রত্যাহার করলে এ অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আভাস দেয়া হয়েছে। নেপালের নতুন সংবিধান নিয়েও এতে আলোকপাত করা হয়েছে। ডিন নেলসন লিখেছেন, এপ্রিলে পাকিস্তানে নির্বাচন হতে পারে। তাই ভুট্টো পরিবারকে পাকিস্তানের রাজনীতিতে টিকিয়ে রাখতে বিলাওয়ালকে ব্যবহার করছেন প্রেসিডেন্ট জারদারি। তবে রাজনীতিতে মিশতে হলে তাকে উর্দু রপ্ত করতে হবে ভালভাবে। এজন্য তিনি বাসায় বসে উর্দুর প্রশিক্ষণ নিচ্ছেন। ওদিকে তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রথমবার পাকিস্তানের ইতিহাসে ক্ষমতার পূর্ণ মেয়াদ পূরণ করতে যাচ্ছে। এ সময়ে প্রেসিডেন্ট জারদারি পড়েছেন উভয় সঙ্কটে। ওদিকে ন্যাটো ২০১৪ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে। এতে এ অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতায় অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আফগানিস্তান পরিস্থিতিতে পাকিস্তানকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ওদিকে আগামী বছর অর্থাৎ ২০১৪ সালে আফগানিস্তানে নির্বাচন। এর আগে প্রেসিডেন্ট হামিদ কারজাই তার শেষ দফা ক্ষমতার মেয়াদ শেষ করছেন। এর ফলে সেখানে চলমান যুদ্ধ ও নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বাসনা নতুন এ বছরেই প্রকাশ করতে হবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের সামনের সারিতে আছেন হামিদ কারজাইয়ের ভাই কাইয়ুম কারজাই ও তার সাবেক চিফ অব স্টাফ ওমর দাউদজাই। ভারত সম্পর্কে ওই রিপোর্টে বলা হয়, নতুন বছরে ভারত নির্বাচনী ভাবধারায় প্রবেশ করছে। কর্ণাটক, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান ও কয়েকটি ছোট ছোট রাজ্যের ও সাধারণ নির্বাচন এই বসন্তেই হওয়ার কথা। সেখানে কংগ্রেসের নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। গত বছর এই দল লোকসভায় অনাস্থা ভোটে টিকে গেছে। তারা এখন দরিদ্রবান্ধব হয়ে ভোট আদায়ের চেষ্টা করছে বিভিন্ন ভাবে। এই বসন্তে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভারত সফরে আসার কথা বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের। এ বছর ভারতে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর বিদেশী বিনিয়োগ অনুৎসাহিত করতে রাজনীতি অনেকটা বিকলাঙ্গ হয়ে পড়েছিল। এ বছরেই ভারত সরকার মঙ্গলগ্রহে অভিযান চালাতে চায়। মে মাসে নেপালে নির্বাচন হওয়ার কথা। সেখানে একটি নতুন সংবিধান প্রণয়নে গত বছর ব্যর্থ হয়েছেন সেখানকার রাজনীতিকরা। বিভিন্ন অঞ্চলকে স্বায়ত্তশাসন দেয়া হবে কিনা তা নিয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বরফ অনেকাংশেই কেটে যাবে নতুন বছরে এমনটা আশা করা হচ্ছে।


Monday, December 31, 2012

ব্যর্থদের ফর্মুলায় গণতন্ত্রের সুরক্ষা হবে না

ব্যর্থদের ফর্মুলায় গণতন্ত্রের সুরক্ষা হবে না


আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খানের দেয়া ফর্মুলা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক অনুষ্ঠানে ড. আকবর আলি নির্বাচনের জন্য চারটি ফর্মুলা তুলে ধরেন। তার এ ফর্মুলার প্রতি ইঙ্গিত করেই প্রধানমন্ত্রী গতকাল এক অনুষ্ঠানে বলেন, কারও দেয়া ফর্মুলায় নয়, আওয়ামী লীগ নিজেস্ব গতিধারায় চলবে। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, কেউ কেউ আজকাল ফর্মুলা দেন। ব্যর্থ লোকদের ফর্মুলা দিয়ে তো আর গণতন্ত্র সুরক্ষিত হবে না। কারণ, একজন ব্যর্থ মানুষ বার বারই ব্যর্থ হন। আওয়ামী লীগের ১৯তম কাউন্সিলে সপ্তমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে সকালে দলের কেন্দ্রীয় নেতারা শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, অনেক মোটা-তাজা মানুষই তো দল করতে ব্যর্থ হয়েছেন। যারা দল করতে পারেনি, আমরা তাদের ফর্মুলা চাই না। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিচ্ছেন। কিন্তু তারা নির্বাচন করতে ব্যর্থ হয়ে ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করেছিলেন। যে ফর্মুলাই এখন দেয়া হোক না কেন, আমার প্রশ্ন হচ্ছে- ওই সময় তারা ব্যর্থ হয়েছিলেন কেন?
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কিছু সাবেক নেতা যারা দেশের প্রাচীনতম সংগঠনটি ভেঙে ভিন্ন দল গড়তে চেয়েছিলেন তারা এখন আমাদের দলের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। যারা দল ভেঙে গিয়ে একটি নতুন দল গড়তে ব্যর্থ হয়েছেন এমন কারও কাছ থেকে আমাদের দলের ব্যাপারে কোন কিছু শুনতে চাই না। তিনি বলেন, আওয়ামী লীগের নিজস্ব পথনিদের্শনা রয়েছে এবং এর ভিত্তিতে দল এগিয়ে যাবে। আওয়ামী লীগ তার গণতান্ত্রিক পন্থা ও ঐতিহ্যের মাধ্যমে অগ্রসর হচ্ছে এবং এ পন্থা ও ঐতিহ্য ধারণ করে দলটি এগিয়ে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস ও নির্মূল করতে অতীতে আইয়ুব, ইয়াহিয়া, জিয়া ও এরশাদের আমলে অপতৎপরতা চালানো হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বরং, এ দলটিই জাতির জন্য স্বাধীনতা এনেছে। শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের প্রতি তাদের নিজ নিজ এলাকার ভোটারদের প্রতি মনোযোগী হওয়ার এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয় জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। তিনি আগামী দু’মাসের মধ্যে দলের সকল স্তরে কাউন্সিল সম্পন্ন করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্যও তাদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী সকল জেলায় স্থায়ী দলীয় কার্যালয় প্রতিষ্ঠার ওপর জোর দেন এবং এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। শেখ হাসিনা বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় যায় তখনই দেশের জনগণ কিছু পায়। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ফলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সুখী ও সমৃদ্ধ জীবনের পথে এগিয়ে যায়। তিনি বলেন, তাছাড়া জনগণের মাঝে মুক্তিযুদ্ধের ফিরে আসে এবং তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে। অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিজবাহউদ্দিন সিরাজ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ উপস্থিত ছিলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের নেতৃত্বে মহানগরের নেতারা ফুল দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এরপর সিলেট জেলা, শ্রমিক লীগ, বগুড়া জেলা, নোয়াখালী জেলা, সৈয়দপুর জেলা, ফেনী জেলাসহ দলের অন্যান্য সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ একে একে ফুল দিয়ে সভাপতিকে অভিনন্দন জানান।

Wednesday, December 26, 2012

রক্তাক্ত বিশ্বজিৎকে রড দিয়ে পিটিয়েছি

রক্তাক্ত বিশ্বজিৎকে রড দিয়ে পিটিয়েছি


দলীয় নেতাদের মন যোগাতেই হাতে রড তুলে নিয়েছিলাম। আঘাত করেছিলাম রক্তাক্ত বিশ্বজিতের শরীরে। যাতে কোনভাবেই চাকরিটা মিস না হয়ে যায়। গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বিশ্বজিতের ওপর হামলাকারী হিসেবে শনাক্ত হওয়া আসামি এমদাদুল হক (২৬)। এর আগে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার টিম (দক্ষিণ) এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের টিম ইনচার্জ মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম চাঁপাই নবাবগঞ্জের সদর উপজেলার আরামবাগ এলাকার স্বপ্নপুরী রেস্টহাউজ থেকে তাকে গ্রেপ্তার করে। পরে গতকাল দুপুরে মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গোয়েন্দা দলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদ জানায়, সে দরিদ্র পরিবারের ছেলে। তার বাবা আকবর আলী মারা গেছেন। মা বেঁচে আছেন। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ষষ্ঠ। ছেলে হিসেবে পরিবারের বড় সন্তান। বাড়ি যশোর জেলার শার্শা থানার পাঁচকাইবা গ্রামে। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। দীর্ঘদিন বেকার থাকার পরও ভাল কোন চাকরি পাচ্ছিল না। এজন্য একটি চাকরির জন্য দীর্ঘদিন ধরে নেতাদের পিছে পিছে ঘুরছিল। এরই মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে দরখাস্ত করেছে। ওই পদের চাকরিটা যাতে কোনভাবেই মিস হয়ে না যায়- এজন্য নেতাদের মন যুগিয়ে চলার চেষ্টা করেছে। যখন যে কাজ করতে বলেছে, তা-ই করেছে। বড় ভাইদের ফুট-ফরমাশ খেটেছে। এরই ধারাবাহিকতায় ৯ই ডিসেম্বরের মিছিলে অংশ নিয়েছে। এক পর্যায়ে রড হাতে বিশ্বজিৎকে ধাওয়া করেছে। এমদাদ আরও জানায়, ঘটনাস্থলে দোতলায় উপর্যুপরি ছুরিকাঘাত ও চাপাতির কোপে বিশ্বজিতের শরীর যখন রক্তাক্ত, তখন আমি ছিলাম রড হাতে নিচে দাঁড়িয়ে। আশপাশে অনেক নেতা উপস্থিত ছিলেন। তাদের নজর কাড়তেই দৌড়ে পলায়নরত বিশ্বজিতের শরীরে রড দিয়ে ২-৩টা আঘাত করি। এ সময় বিশ্বজিৎ বারবার বলছিল, আমি কোন দোষ করি নাই। কিছুই করি নাই। আমারে মাফ কইরা দ্যান। কিন্তু বড় ভাইরা সামনে থাকায় বিনা আঘাতে ছেড়ে দিতে সাহস পাই নাই। সূত্র জানায়, বিশ্বজিতের মৃত্যুর খবর শুনে এমদাদ রাজধানীর বাইরে পালিয়ে যায়। পালানোর আগে বিভিন্ন নেতার কাছে আশ্রয়ের জন্য ফোন করেছিল। কিন্তু কোন সহযোগিতা না পেয়ে নিরাশ হয়ে পড়ে। এক পর্যায়ে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করে। পরে জবি ছাত্রলীগের এক নেতার পরামর্শে ঘনিষ্ঠ আরেক নেতার তত্ত্বাবধানে চাঁপাই নবাবগঞ্জের স্বপ্নপুরী রেস্ট হাউজে ওঠে। সেখান থেকে গোদাগাড়ী সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার পথ খুঁজছিল। কিন্তু তার আগেই গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে এমদাদ জানায়, স্বপ্নপুরী রেস্টহাউজের রুম ভাড়া নিয়েছিল বস্ত্র ব্যবসায়ী পরিচয়ে। তবে রেস্ট হাউজের রেজিস্টার বুকে তার নাম ছিল না। রেস্ট হাউজ কর্র্তৃপক্ষকে বলেছিল, শীতের গরম কাপড় সংগ্রহের জন্য সে এসেছে। কাপড়ের চালান আসার পর ফিরে যাবে। মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (দক্ষিণ) মো. মনিরুল ইসলাম বলেন, ছদ্ম পরিচয়ে এমদাদ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
৭ দিনের রিমান্ডে: গ্রেপ্তারের পরপরই এমদাদুল হককে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে গতকাল দুপুরে মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। মহানগর হাকিম তানভীর আহমেদ সাত দিন মঞ্জুর করেন।
২১ জন শনাক্ত: গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (দক্ষিণ) মো. মনিরুল ইসলাম বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২০-২১ জনকে শনাক্ত করা হয়েছে। পত্রপত্রিকা ও ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৭ জনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এমদাদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিৎ হত্যার কথা সে স্বীকার করেছে। রফিকুল ইসলাম ওরফে শাকিল, জিএম রাশেদুজ্জামান ওরফে শাওন ও মাহফুজুর রহমান ওরফে নাহিদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মনিরুল ইসলাম জানায়, এ মামলায় ফারুক হোসেন, কাজী নাহিদুজ্জামান তুহিন, মোসলেহ উদ্দিন ও মামুনুর রশীদকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে। তদন্তে অনেক তথ্য পাওয়া গেছে। যেহেতু সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি, তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা সমীচীন হবে না। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাতজন ছাত্রলীগের নেতাকর্মী। সাতজনের মধ্যে পাঁচজনকে বহিষ্কার এবং দু’জনের সনদ বাতিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে দু’জনের সনদ বাতিল করা হয়েছে, তাদের একজন এমদাদুল। এ ছাড়া গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছাত্রলীগের কর্মী নয় এমন চারজন এখন কারাগারে। ঘটনার দু’দিন পর এক ব্যক্তির জামিনের ব্যাপারে আদালতে গেলে পুলিশ ‘সন্দেহজনক ঘোরাঘুরি’র অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিশ্বজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
স্বপ্নগুলো ওলটপালট হয়ে গেল: গ্রেপ্তারকৃত শাকিল, শাওন, কিবরিয়া, টিপু, সাইফুল ও এমদাদ গোয়েন্দাদের কাছে আক্ষেপ করে বলেছে, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের বড় ভাই, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বোকামির কারণেই আমাদের স্বপ্নগুলো ওলটপালট হয়ে গেল। আমরা না হয় ভুল করেই ফেলেছি- তাই বলে হত্যার উদ্দেশ্যে মারিনি। মনে করেছি, হাসপাতালে নেয়ার পর সুস্থ হয়ে উঠবে। কিন্তু দীর্ঘক্ষণ পর এক রিকশাচালক হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা দেয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সঠিক চিকিৎসায় হয়তো সে সুস্থ হয়ে উঠতো। অন্তত বেঁচে থাকলে আমাদের এমন দশা হতো না।

Monday, December 24, 2012

আওয়ামী লীগের আপত্তিতে নির্বাচন কমিশনে অস্বস্তি:সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ

আওয়ামী লীগের আপত্তিতে নির্বাচন কমিশনে অস্বস্তি:সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ


জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে অস্বস্তিতে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে আনলেও শেষমুহূর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগ সীমানা পুনঃনির্ধারণের বিপক্ষে অবস্থান নেয়ায় এখন সিদ্ধান্তহীনতায় রয়েছে ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে আর সর্বোচ্চ ১০ মাস সময় থাকলেও এখনো মূল কাজ অর্থাত্ সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে কোনো নীতিমালা স্পষ্ট করেনি ইসি। ১৯৭৬ সালের সীমানা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী আদমশুমারির প্রতিবেদন প্রকাশের পর সংসদের সীমানা পুনঃনির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। যদিও আওয়ামী লীগ এই আইনের ভুল ব্যাখ্যা দিয়ে ২০১৮ সালের পর সীমানা পুনঃনির্ধারণ করতে ইসির কাছে দাবি জানিয়েছে।

দেশের সুশীল সমাজ, গণমাধ্যম, এনজিও প্রতিনিধি এবং বেশিরভাগ রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী সীমানা পুনঃনির্ধারণের দাবি জানালেও নির্বাচন কমিশন এ ব্যাপারে এখনও কার্যত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিশেষ করে আওয়ামী লীগের অবস্থান প্রকাশের পর নির্বাচন কমিশনে ধীর গতি চলে আসে। প্রথম দিকে হাঁকডাক করে সীমানা পুনঃনির্ধারণের কাজে মনোযোগী দেখানো হলেও এখন কমিশন যে সেই অবস্থায় নেই—তা যথেষ্টই স্পষ্ট।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো ঃ জাবেদ আলী গতকাল রবিবার ইত্তেফাককে বলেন, বিভিন্ন মহলের সঙ্গে আলাপ-আলোচনা শেষে সীমানা পুনঃনির্ধারণের কাজ চলছে। দুই থেকে আড়াই মাসের মধ্যে ৩০০ সংসদীয় আসনের এ সংক্রান্ত খসড়া প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৫ মাস লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর সুশীল সমাজ, ১০ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধি, ২২ নভেম্বর এনজিও প্রতিনিধি এবং গত ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে কমিশন। প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নিলেও নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল সংলাপে অংশ নেয়। গত ৫ ডিসেম্বর আওয়ামী লীগ সংলাপে অংশ নিয়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গঠিত নির্বাচন কমিশনের (ইসি) ২০০৮ সালে প্রণীত নির্বাচনী সীমানায় দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেয়। সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে কেবল আওয়ামী লীগই সীমানা পুনঃনির্ধারণের বিপক্ষে অবস্থান নেয়।

এখনো ২৮টি দলের সংলাপের সারসংক্ষেপ প্রস্তুত করা হয়নি। অধিকাংশ দলই সীমানা পুনঃনির্ধারণের পাশাপাশি ঢাকার আসন কমানোর পক্ষে প্রস্তাব দেয়। কিন্তু সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন নির্দেশনাও দেয়া হয়নি।

এদিকে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের দরকার ছিল না মন্তব্য করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা ইত্তেফাককে বলেন, 'একই ইস্যু নিয়ে আমরাও গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিলাম। সেই সংলাপের ভিত্তিতেই সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে আইনের খসড়ার প্রস্তাবও করেছিলাম। কিন্তু কমিশন সেই প্রস্তাবকে ভিত্তি ধরে এগুলে ভালো করতো। কারণ সীমানা পুনঃনির্ধারণের আগে ১৯৭৬ সালের আইনের সংশোধন প্রয়োজন। আইন সংশোধন না করে সীমানা পুনঃনির্ধারণ করা হলে নির্বাচন নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। ওই আইনে জনসংখ্যার ভিত্তিতে আসন বিন্যাসের কথা রয়েছে। এক্ষেত্রে ঢাকার আসন আরো বাড়বে। এজন্য কমিশনের ঢাকার আসন পুনঃনির্ধারণের ক্ষেত্রে সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা প্রয়োজন।'

তিনি বলেন, ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করা হয় তাহলে আগামী ১০ বছরেরও সীমানা পুনঃনির্ধারণের কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। তবে জিআইএস পদ্ধতি অনুসরণ করলে ৪ মাসের মধ্যে তা করা সম্ভব বলে জানান তিনি।

ইসি সূত্র জানায়, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সার সংক্ষেপ না হলেও সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে পরিকল্পনার কথা ফের জানিয়েছে ইসি। সীমানা পুনঃনির্ধারণ করে খসড়া প্রকাশ, তার ওপর আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে প্রায় চার মাস সময় লাগবে। এক্ষেত্রে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সংসদীয় সীমানার খসড়া তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। খসড়ার উপর আপত্তির জন্য সময় দেয়া হবে এক মাস। এরপর বিভাগীয় শহরগুলোতে শুনানি শেষে এপ্রিল মাসে চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব হবে।

সংবিধান অনুযায়ী আগামী বছরের ২৬ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে আগামী দশম সংসদ নির্বাচন। এ জন্য কমিশনের হাতে আর সময় রয়েছে ১০ মাস। অথচ এই স্বল্প সময়ের মধ্যে সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের কঠিন চ্যালেঞ্জ রয়েছে ইসির সামনে।

উল্লেখ্য, জনসংখ্যার ভিত্তিতে ২০০৮ সালের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ঢাকা জেলায় ৭টি, রাজশাহী, চট্টগ্রাম, নেত্রকোনা ও গাজীপুরে ১টি করে আসন বেড়ে যায়। অন্যদিকে, ১২টি জেলার আসন কমাতে হয়েছিল নির্বাচন কমিশনকে। এর ফলে ১৩০টি আসনের সীমানা ওলটপালট হয়ে যায়। সারাদেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সীমানা পুনঃবিন্যাস চেয়ে কমিশনের অসংখ্য আবেদন পড়ে।

যোগ্যতার প্রমাণ দিতে বিশ্বজিৎকে খুন করেছি- শাকিল, শাওন ও নাহিদের জবানবন্দি

যোগ্যতার প্রমাণ দিতে বিশ্বজিৎকে খুন করেছি- শাকিল, শাওন ও নাহিদের জবানবন্দি


বিশ্বজিৎ হত্যার পর ছাত্রলীগের হাইকমান্ডের সহায়তায় দেশ ছাড়ার চেষ্টা করেছিলাম। কেবল আমরা তিন জনই নয় আরও কমপক্ষে ১৫ জন ছিল আমাদের সঙ্গে। ছাত্রলীগের ভাল পদ পেতে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য বেপরোয়া ছিলাম আমরা। সে যোগ্যতার প্রমাণ দিতে বিশ্বজিৎকে খুন করেছি। বিশ্বজিৎকে খুনের পরও নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল।
আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এমনভাবেই স্বীকারোক্তি দিয়েছে ৩ খুনি। স্বীকারোক্তিতে তারা বলে, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে আমরা নিজেরা সরাসরি অংশ নিয়েছি। অন্যদেরও অংশ নিতে দেখেছি। হত্যাকাণ্ডের পর ছাত্রলীগের হাইকমান্ডের সহায়তায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। দরজি দোকানি বিশ্বজিৎ হত্যা মামলায় রিমান্ড শেষ হওয়া ৩ আসামি পৃথকভাবে গোয়েন্দা পুলিশ এবং আদালতকে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা উল্লেখ করেছে। গতকাল মহানগর মুখ্য হাকিমের আদালতে যারা জবানবন্দি দিয়েছেন তারা হলো- ছাত্রলীগ কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র রফিকুল ইসলাম শাকিল, জিএম রাশেদুজ্জামান শাওন ও মাহফুজুর রহমান নাহিদ। ৮ দিনের রিমান্ডে তারা গোয়েন্দাদের জানিয়েছে, ছাত্রলীগের সামনের কমিটিতে ভাল পদ নেয়ার প্রত্যাশা ছিল তাদের। এ কারণে তাদের মধ্যে তাগিদ ছিল কেন্দ্রীয় নেতাদের কাছে নিজেদের পারফরম্যান্স শো করার। এ ক্ষেত্রে হরতালকেই তারা বড় অস্ত্র হিসেবে বেছে নিয়েছিল। তারা জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ছাত্রলীগের কেন্দ্রীয় ও ক্ষমতাধর নেতাদের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। ওই নেতারা তাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ীই তারা কাজ করছিল। তারা বলেছে, ছাত্রলীগের প্রভাবশালী নেতারা শাকিলকেই বেশি শেল্টার দিচ্ছিল। প্রত্যেকেই ভারত যাওয়ার চেষ্টা করছিল। শাকিল যে রাতে গ্রেপ্তার হয় সে রাতেই সে বরিশালের বেতাগী দিয়ে নৌপথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। আদালতে জবানবন্দি দেয়া প্রত্যেকেই নিজেদের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে বলেছে, আবেগপ্রবণ হয়েই বিশ্বজিতের ওপর হামলে পড়েছিলাম। হাইলাইটে আসতে এ ধরনের কাজ করেছি। বুঝতে পারিনি, বিশ্বজিৎ মারা যাবে। ১৬৪ ধারার জবানবন্দিতে শাকিল বলেছে, জীবন বাঁচাতে বিশ্বজিৎ আপ্রাণ চেষ্টা করেছে। ভিক্টোরিয়া পার্কের পাশে দোতলার একটি দোকানে আশ্রয় নেয়ার চেষ্টা করছিল। আমি চাপাতি হাতে নিয়ে দ্রুত দোতলায় উঠে তাকে কোপাতে থাকি। শাওন বলেছে, আমি রড দিয়ে পিটিয়েছি বিশ্বজিৎকে। নাহিদ তার স্বীকারোক্তিতে উল্লেখ করেছে, লাঠি দিয়ে আঘাত করে আমি বিশ্বজিতের মৃত্যু নিশ্চিত করেছি।
মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ছানোয়ার হোসেন মানবজমিনকে জানিয়েছেন, জবানবন্দি আদায় করতে ৩ আসামিকে রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। প্রায় ৩ ঘণ্টা সময় নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মহানগর হাকিম এরফান উল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। তিনি বলেন, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, জড়িতরা কিভাবে বিশ্বজিৎকে হত্যা করেছে এসব বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছে আসামিরা। আদালতের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমানও নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বজিৎ হত্যা মামলায় আসামিদের ৮ দিন করে রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ড শেষ হওয়ায় আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জবানবন্দি নেয়ার জন্য আবেদন করেন।
উল্লেখ্য, গত ৯ই ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে দরজি দোকানি বিশ্বজিৎকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা। ওইদিনই সূত্রাপুর থানায় ২৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন থানার এসআই জালাল আহমেদ। একই থানার এসআই মাহবুবুল আলম মামলাটি তদন্ত করছেন। ১৩ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের এক আইনজীবী ঢাকার সিএমএম আদালতে আরেকটি মামলা করেন। আদালতে করা মামলায় ১০ আসামির নাম উল্লেখ করা হয়েছে। এরা হলো মাহফুজুর রহমান নাহিদ, রফিকুল ইসলাম শাকিল, এমদাদুল হক, ওবায়দুল কাদের, মীর মোহাম্মদ নুরে আলম লিমন, ইউনূছ, তাহসিন, জনি, শিপলু ও কিবরিয়া। এছাড়া মামলায় আরও অজ্ঞাত শতাধিক ব্যক্তির কথা উল্লেখ করা হয়। আসামিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল ইসলাম কলেজের ছাত্র। আদালতে মামলা দায়েরের পর ডিবি পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। ১২ই ডিসেম্বর বিশ্বজিৎ হত্যায় জড়িত রফিকুল ইসলাম শাকিল, মীর মোহাম্মদ নুরে আলম লিমন ও ওবায়দুল হককে স্থায়ী বহিষ্কার এবং মাহফুজুর রহমান নাহিদ ও এমদাদুল হকের সনদ বাতিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২১শে ডিসেম্বর কাইয়ুম মিয়া টিপু, রাজন তালুকদার, সাইফুল ইসলাম এবং জি এম রাশেদুজ্জামান শাওনকেও বহিষ্কার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, রিমান্ডে নেয়া ৬ আসামির মধ্যে ৫ জনের রিমান্ডের মেয়াদ শনিবার শেষ হয়। ৮ দিনের রিমান্ড শেষ হওয়ার পরও কিবরিয়া এবং কাইয়ুম স্বীকারোক্তিমূলক জবানন্দি না দেয়ায় গতকাল আবারও ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অপর আসামি সাইফুলে রিমান্ডের মেয়াদ আরও ২দিন বাকি আছে। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বজিৎ হত্যার সঙ্গে জড়িত আরও প্রায় ১৫ জনকে তারা শনাক্ত করতে পেরেছে। তারাও একই সংগঠনের। অবিলম্বে তাদের গ্রেপ্তার সম্ভব বলে তারা জানান।

Sunday, December 2, 2012

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ


প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং ভিআইপি ঘোষিত দেশী বা বিদেশী অতিথিদের অনুষ্ঠানে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারের সচিব বা রাষ্ট্রীয় যে কোন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত ভিআইপি অতিথিরাও অনুষ্ঠান প্রবেশকালে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। এ বিষয়ে কঠোর হয়েছে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টসহ ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত সরকারের বিশেষ একটি ফোর্স। মোবাইল সদৃশ পিস্তলের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের অনুষ্ঠানে মোবাইল ফোন না নিয়ে আসতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দেশে মোবাইল সদৃশ পিস্তল দেখা যাচ্ছে। এ পিস্তলের কথা বিভিন্ন গণমাধ্যমে কয়েক দিন ধরে প্রকাশিত হচ্ছে। এটা ভিভিআইপিদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের মোবাইল সদৃশ পিস্তলের কারণে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টসহ সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন তারা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে দেয়া চিঠিতে তারা বলেছেন, এসব পিস্তল নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাই বিভিন্ন অনুষ্ঠানে যথাসম্ভব মোবাইল ফোন আনা থেকে বিরত রাখতে হবে। বিশেষ বাহিনী তাদের চিঠিতে বলেছে, রাষ্ট্রের ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তায় কাজ করছে আমাদের বাহিনী। সমপ্রতি তারা মোবাইল ফোনের মতো বিভিন্ন ধরনের পিস্তল দেখতে পাচ্ছেন- যা ভিভিআইপিদের নিরাপত্তার জন্য ব্যাপক হুমকিস্বরূপ। এতে বলা হয়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ভিভিআইপির নিরাপত্তায় বিশেষ বাহিনীটি কাজ করে যাচ্ছে। তাদের নিরাপত্তার জন্য হুমকির কারণ হয় এমন সব জিনিসপত্র বা যন্ত্রপাতি নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করা ঠিক নয়। এতে নিরাপত্তা হুমকির মুখে পড়েতে পারে। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের অনুষ্ঠানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা একান্তই প্রয়োজন মনে করলে আগে থেকে ফোন ব্যবহারকারীর নাম, মোবাইল নম্বর এবং ব্যবহারের কারণ সম্পর্কে বিশেষ ফোর্সকে জানাতে হবে। এতে সার্বিক বিষয়ে নজরে রাখা সম্ভব হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে অতিথি করে ছাপানো আমন্ত্রণপত্রে বর্তমানে মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়। এটা কোন কোন ক্ষেত্রে শিথিল করা হয়। আয়োজনকারী কর্তৃপক্ষের কর্মকর্তাদের দেখা যায় প্রয়োজনের খাতিরে তারা মোবাইল ফোন ব্যবহার করছেন। এ নিয়ে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বিশেষ ফোর্সের সদস্যরা কোন ধরনের বাধা দিতেন না। তবে মোবাইল সদৃশ পিস্তলের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর এ বিষয়ে কঠোর হয়েছে সরকার। এখন থেকে কোন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে যাতে বিষয়টি কঠোরভাবে লেখা থাকে এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বিশেষ বাহিনীর ওই চিঠিতে।

Saturday, December 1, 2012

তাজরীন ও বহদ্দারহাট: নিহতদের পরিবারকে দুই লাখ টাকা দেবেন প্রধানমন্ত্রী

তাজরীন ও বহদ্দারহাট:

নিহতদের পরিবারকে দুই লাখ টাকা দেবেন প্রধানমন্ত্রী


সাভারের নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ও চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে দুই লাখ করে টাকা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুই ঘটনায় আহত ব্যক্তিরা পাবেন ৫০ হাজার টাকা। খবর ইউএনবির।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল আজ শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে যাঁরা নিহত হয়েছেন এবং যাঁদের শনাক্ত করা গেছে, তাঁদের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।
এ ছাড়া চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙে নিহত ১৩ জনের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা ও ওই ঘটনায় আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকা দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হবে।
গত ২৫ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার পোশাক কারখানা তাজরীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসাবে ১১১ জনের প্রাণহানি হয়। ওই দিনই চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙে মারা যায় ১৩ জন।

Monday, October 29, 2012

সরকার ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত পছন্দ করে না: প্রধানমন্ত্রী

সরকার ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত পছন্দ করে না: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বলে তার সরকার ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় অনুভূতিতে কোনো প্রকার আঘাত পছন্দ করে না।
তিনি বলেন, আমরা ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় অনুভূতিতে কোনো ধরনের আঘাত দেখতে চাই না। আমরা চাই সকল ধর্মের মানুষ অবাধ ও শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করবে।
প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কাল তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আরো বলেন, সম্প্রতি রামু ও উখিয়ায় বৌদ্ধ পল্লীতে হামলার তদন্ত চলছে এবং ওই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের ধরা হবে এবং উপযুক্ত শাস্তি দেয়া হবে।
প্রধানমন্ত্রী কক্সবাজার ও চট্টগ্রামে ২৯ সেপ্টেম্বর সংঘটিত বর্বরোচিত ওই ঘটনার উল্লেখ করে বলেন, কোনোভাবেই এটা বিশ্বাস করা যায় না যে এ ধরনের অমানবিক ঘটনাও ঘটতে পারে।
তিনি বলেন, “আমার প্রশ্ন হলো কারা কোন উদ্দেশ্যে এই পৈশাচিক ঘটনা ঘটালো।”
শেখ হাসিনা বলেন, সকল ধর্মেই মানবিক বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শান্তির বার্তা রয়েছে এবং একে অন্যের প্রতি শ্রদ্ধার কথা বলা হয়েছে। তিনি বলেন, “কিন্তু মাঝে মধ্যে আমাদের সমাজে এ ধরনের আত্মঘাতী ঘটনা ঘটে যে পথ ধরে আসে অশান্তি এবং এখানে কোনো ভ্রাতৃত্ববোধ থাকে না।”
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলার মধ্যদিয়ে এ দেশের হাজার বছরের ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য বিনষ্ট হয়েছে।
তিনি বলেন, “আমাদের দেশের হাজার বছরের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। কিন্তু কক্সবাজার ও চট্টগ্রামের বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে তা বিনষ্ট করা হয়েছে।”
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংঘনায়ক সুদ্ধানন্দ মহাথেরো, সংঘরাজ ধর্মসেন মহাথেরো, বৌদ্ধ ফেডারেশনের সভাপতি বিশ্বপতি বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব অজিত রঞ্জন বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক কনক কুমার বড়–য়া, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি সজল তালুকদার বড়–য়া ও ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ শ্রীমাত ধর্মমিত্র মহাথেরোও বক্তৃতা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্তা ভূষণ বড়ুয়া। সূত্র: বাসস