Pages

Sunday, August 26, 2012

সাগর-রুনি হত্যা: সন্দেহভাজনদের ডিএনএ নমুনা নেবে র‌্যাব

সাগর-রুনি হত্যা: সন্দেহভাজনদের ডিএনএ নমুনা নেবে র‌্যাব
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা সংশ্লিষ্ট রাসায়নিক ও ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পাওয়া যেতে পারে বলে র‌্যাব সূত্র উদ্ধৃত করে খবর বের হবার পর শুক্রবার এ বিষয়ে মুখ খুলেছে পুলিশের এ অভিজাত বাহিনীটি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে রাসায়নিক ও একটি ডিএনএ পরীক্ষার ফলাফল আসার পর সাগর-রুনির খুনিদের শনাক্ত করতে মাঠে নামবেন তারা। তার আগে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করার কাজ শুরু হচ্ছে। কমান্ডার এম সোহয়েল বলেন, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলিয়েই অপরাধী শনাক্ত করার চেষ্টা করা হবে। প্রথম শ্রেণীর একজন কর্মকর্তাকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। আরও তিনজন কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রযুক্তিগত বিশ্লেষণ করছেন। শুক্রবার দৈনিক প্রথম আলো তাদের ছাপা সংস্করণে খবর দেয় যে র‌্যাবের একাধিক কর্মকর্তা পত্রিকাটিকে জানান, অপরাধস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষার পর তারা মনে করছেন, পেশাদার খুনির হাতে এ দম্পতি খুন হতে পারেন। খুনের সময় সাগরের মতো রুনিকেও নির্যাতন করা হয়েছে। রুনির কপালে চাকুর গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মাথার চুলও কাটা পাওয়া গেছে। মৃতদেহের আশপাশে এসব চুল পড়ে ছিল। এ ছাড়া রুনির কাপড় ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি-বঁটিতেও চুল লেগে ছিল। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দুই দফায় যুক্তরাষ্ট্রের রাসায়নিক ও ডিএনএ পরীক্ষাগারে পাঠানো হয়। এরপর গত ১২ জুন প্রথম দফায় পাঠানো হয় হত্যাকা-- ব্যবহূত একটি ছুরি, ছুরির বাঁট, সাগরের মোজা, একটি কম্বল, সাগরের পরনের প্যান্ট, রুনির পরনের প্যান্ট ও অন্য কাপড়ের নমুনা। গত ১৭ জুলাই দ্বিতীয় দফায় পাঠানো হয় হত্যাকান্ডের সময় যে কাপড় দিয়ে সাগরের হাত ও পা বাঁধা হয়েছিল, সেই কাপড় এবং রুনির টি-শার্ট। র‌্যাব কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে তাদের জানানো হয়েছে, বেশির ভাগ নমুনাতেই একাধিক ব্যক্তির ছাপ পাওয়া গেছে। এর মধ্যে রুনির টি-শার্ট থেকে একজনের পূর্ণাঙ্গ প্রোফাইল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যাকান্ডের সময় যে ধস্তাধস্তি হয়েছে, তাতেই রুনির টি-শার্টে ওই ব্যক্তির চুল ও হাতের ছাপ লেগে যায়। সাগরের হাত ও পা বাঁধা হয়েছিল যে কাপড় দিয়ে, তার নমুনা থেকে অন্য কারো ডিএনএ শনাক্ত করা সম্ভব হতে পারে। র‌্যাব সূত্র জানায়, এ মামলার প্রত্যক্ষদর্শী সাগর-রুনির সন্তান মেঘের কাছ থেকে মনোরোগ চিকিৎসকদের সহায়তা নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে তিন দফা মেঘের সঙ্গে কথা বলা হয়েছে। ডিএনএ পরীক্ষা সম্পর্কে ন্যাশনাল প্রোফাইলিং ডিএনএ ফরেনসিক ল্যাবরেটরির প্রধান শরীফ আখতারুজ্জামান বলেন, ডিএনএ (ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড) জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নির্দেশ করে। এটি জিনের একটি উপাদান। মানুষের সব বৈশিষ্ট্য বহন করে ডিএনএ। হাতের ছাপ, চুল, কফ, থুতু, রক্তসহ শরীরের যেকোনো উপাদান থেকেই ডিএনএ পরীক্ষা করা যায়। এই ডিএনএ থেকে ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এরপর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ‘প্রণিধানযোগ্য অগ্রগতি’র কথা বলেন। কিন্তু এর পরও কোনো অগ্রগতি না হওয়ায় গত ১৮ এপ্রিল মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আদালতে ব্যর্থতার দায় স্বীকার করে নেয়। এরপর উচ্চ আদালত র‌্যাবকে মামলার তদন্ত করার নির্দেশ দেন। তদন্তভার পাওয়ার পর গত ২৬ এপ্রিল ভিসেরা আলামতের জন্য দুজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ভিসেরা পরীক্ষায় সাগর-রুনির শরীরে বিষক্রিয়ার কোনো আলামত মেলেনি। তদমত্ম শুরুর পর এখনো এ মামলায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে অন্য মামলায় গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশ তদন্ত পর্যায়ে ৪০ জনকে এবং র‌্যাব এখন পর্যন্ত ৯৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

No comments:

Post a Comment