Pages

Wednesday, January 2, 2013

ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড

ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড


যতোটা ভাবা গিয়েছিল, তার চেয়েও ভয়ানক প্রতিক্রিয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর বাতিল করায় এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি। সেই সঙ্গে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের এই পদক্ষেপের ফলে দু'দেশের ক্রিকেটীয় সম্পর্ক যে হুমকির মধ্যে পড়েছে, সেটা পরিষ্কার বলে দিয়েছেন।

দেড় বছর ধরে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে চলছে নানা নাটকীয় ঘটনাবলী। দফায় দফায় এই সফরের প্রতিশ্রুতি ও নানা কারণে শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন না হওয়ার পালা চলছিল। অবশেষে এই জানুয়ারিতে বিপিএলকে সামনে রেখে পাকিস্তান সফর এক রকম নিশ্চিত হয়ে গিয়েছিল। এরই মধ্যে বিদায়ী বছরের শেষ দিনে, চতুর্মুখী প্রতিবাদের মুখে বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দেন, আপাতত পাকিস্তান সফর হচ্ছে না। কারণ, নিরাপত্তাহীনতা। আর এই কারণকেই 'অনুপযুক্ত' বলে অভিহিত করেছে পিসিবির বিবৃতি। তারা বলেছে, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরকম প্রশ্ন তোলার আগে বিসিবি সভাপতির যথেষ্ট খোঁজ-খবর নিয়ে নেয়া উচিত ছিল, 'এখনও পর্যন্ত আমরা বিসিবির কাছ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা পাইনি। তবে সংবাদ মাধ্যমে যেমন এসেছে, তেমনভাবে নিরাত্তার প্রশ্ন তোলাটা একেবারেই অনুপযুক্ত কাজ হয়েছে। গত বেশ কিছুদিনে করাচি ও রাওয়ালপিন্ডিতে অত্যন্ত সফলভাবে বেশ কিছু ক্রিকেট ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাপার হয়েছে, সেখানে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার অংশ নিয়েছেন। সেখানে কোনো সমস্যা হয়নি। সবচেয়ে বড় ব্যাপার, বিসিবি ও বাংলাদেশ সরকারের একটি যৌথ দল পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দেখে গিয়ে সন্তোষজনক রিপোর্ট দিয়েছে। বিসিবি সভাপতির পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার আগে রিপোর্টটা একবার পড়ে নেয়া উচিত ছিল।' এমন কঠোর ভাষায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েই ক্ষ্যান্ত হচ্ছে না পিসিবি। বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ ব্যক্তিগতভাবে সাংবাদিকদের এ বিষয়ে বলার সময়ে আরও কঠোর হয়েছেন। তিনি বলেছেন, জোর করে বাংলাদেশকে সফরে আনা সম্ভব না। তবে এই সফর বাতিল করে বিসিবি দ্বিপাক্ষিক সম্পর্কের যে অবনতি ঘটিয়েছে, তার ফলও 'একইরকম' হবে বলেও বলছেন জাকা আশরাফ, 'তারা আসতে না চাইলে না আসতে পারে, এটা তাদের সিদ্ধান্ত। আমরা তো ওদের জোর করে আনতে পারবো না। তিন তিনবার তারা কথা দিল; এখন আবার পিছিয়ে গেল। এখন তো ওদের নিজেদেরই ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে। তারা যদি কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সম্মান করতে না পারে; আমরাও সেভাবেই এখন থেকে জবাব দেব।'

এই দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রতিশ্রুত ব্যাপারটা বার বার ঘুরে-ফিরে আসছে আলোচনায়। ব্যাপার বীজ বুনে রেখে গেছেন সাবেক বিসিবি সভাপতি ও বর্তমান আইসিসি সহ-সভাপতি আ হ ম মোস্তফা কামাল। তিনি আইসিসির পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার শর্তে এই সফরের জন্য লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই দিকে পরিষ্কার ইঙ্গিত দিয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি ভঙ্গের দাবি করেছে পিসিবির বিবৃতি, 'বিসিবি আগেরবার যখন সফরে আসতে চাইল, তখন ঢাকার উচ্চ আদালত সফর স্থগিত করলেন। ক্রীড়া ক্ষেত্রে এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি। তারপরও আমরা কিন্তু বিপিএলের জন্য খেলোয়াড়দের ছেড়ে দিয়েছিলাম। এরপর আইসিসি নির্বাচনে আমরা মোস্তফা কামালকে সমর্থন দিয়েছিলাম। এসবই করেছি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বলে। প্রতিশ্রুতি আমাদের পক্ষ থেকে যেই দিক; আমরা সেটা রক্ষা করি; বাংলাদেশ করছে না।'

এইসব প্রতিশ্রুত ভঙ্গের অভিযোগে পাকিস্তান ঠিক কি করতে পারে বা করবে; তা পরিষ্কার নয়। তবে এটা ঠিক যে, পিসিবির বিবৃতি ও জাকা আশরাফের কথায় ইঙ্গিত আছে, তারা বিপিএলে পাকিস্তানী খেলোয়াড়দের অংশগ্রহণ আটকে দিতে পারে। তবে এসব বিষয় নয় পাকিস্তান আসলে বাংলাদেশকে জবাব দিতে চায়, নিজেরা আরও ভালো আয়োজন করে। জবাব দেয়ার প্রসঙ্গে আশরাফ বললেন. 'আমরা খুব দ্রুতই বাংলাদেশের চেয়ে অনেক ভালো কোনো একটা দলের পাকিস্তান সফরের ব্যবস্থা করবো।'

No comments:

Post a Comment