Pages

Friday, October 5, 2012

সরকারবিরোধী আন্দোলন ভিন্নখাতে প্রবাহের জন্যই রামুর ঘটনা: মাহবুব :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

সরকারবিরোধী আন্দোলন ভিন্নখাতে প্রবাহের জন্যই রামুর ঘটনা: মাহবুব :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
সরকারের মদদে রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান। তিনি বলেন, “রামুর এ ঘটনায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। সরকার পতনের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।”

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী যুব ফোরাম আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মাহবুব বলেন, “সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতার কারণে দেশের  শিক্ষা, রাজনীতি ও সাম্প্রদায়িক ঐতিহ্য আজ ধ্বংসের মুখোমুখি। তাই এ সরকারকে বিদায় করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “স্থানীয় আওয়ামী লীগ নেতার মিছিল থেকে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা করা হয়েছে। অথচ সরকার এর জন্য বিরোধী দলকে দায়ী করছে।”

তিনি বলেন, “পূর্ব পরিকল্পিতভাবে গাড়িতে অগ্নিসংযোগ করে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে পুলিশ। এখন আবার মিথ্যা মামলা দিয়ে এখন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।”

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “যতই মামলা দেন এতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন থামবে না। মামলার জন্য আপনি প্রস্তুত থাকুন। কারণ আপনার বিরুদ্ধে এতো মামলা দেয়া হবে আপনি হিসাব করতে পারবেন না।”

শেষ বেলায় মন্ত্রী পরিবর্তন করে ক্ষমতায় থাকা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশকে সরকারের অন্যায় নির্দেশ না মানার আহ্বান জানান ফারুক।

সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবুদস সালাম আজাদ, সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।

No comments:

Post a Comment