Pages

Sunday, October 28, 2012

রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টা, ৬০ জনকে ফেরত ::

রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টা, ৬০ জনকে ফেরত 
 মিয়ানমারে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের নতুন করে শুরু হওয়া দাঙ্গায় এ পর্যন্ত কমপক্ষে ৮২ জন মারা গেছে। এছাড়া অগ্নিসংযোগে অন্তত ২০ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছে। সহিংসতায় উপকূলীয় চাওপিউ শহরের রোহিঙ্গা মুসলিম-অধ্যুষিত একটি এলাকার পুরোটাই ধ্বংস হয়ে গেছে।

দাঙ্গা শুরুর পর থেকেই ট্রলার ও নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে দুর্ভাগ্যতবলিত রোহিঙ্গারা। গত দুই দিনে টেকনাফ ও উখিয়া থেকে ৬০ জনকে আটক করে ফেরত পাঠানো হয়েছে।

দেশ টিভির টেকনাফ প্রতিনিধি জানিয়েছেন, শনিবার গভীর রাতে বঙ্গোপসাগরে প্রায় ৩ হাজার রোহিঙ্গা ৪০টি ট্রলারে করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও কোস্টগার্ডের বাধায় পরে তারা ফিরে যায়।
গত দুই দিনে টেকনাফের বিভিন্ন পয়েন্ট থেকে কমপক্ষে ৬০ জনকে আটক করা হয়েছে। এর পর তাদের ফেরত পাঠানো হয়।

মিয়ানমারে পশ্চিমাঞ্চলে রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে সহিংসতায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, মিয়ানমারে নতুন করে জাতিগত দাঙ্গা শুরু হলেও কোনো রোহিঙ্গাকে বাংলাদেশ অনুপ্রবেশের সুযোগ দেয়া হচ্ছে না। সরকারের শীর্ষ মহলের নির্দেশে অনুপ্রবেশ ঠেকাতে সেন্ট মার্টিন দ্বীপ সাগরে নৌবাহিনী, কোস্টগার্ড, টেকনাফ ও উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশকে সতর্ক প্রহরায় রয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং পাহাড়ে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাস করছে। এছাড়া সরকারি পাহাড় দখল করে বসবাস করছে আরো দুই লাখের বেশি রোহিঙ্গা। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের বাংলাদেশে স্থায়ীভাবে সববাসের সুযোগ করে দিতে সরকারকে চাপ দিয়ে আসছে।
গত মে মাসে একজন বৌদ্ধ নারীকে কয়েকজন মুসলমান ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। এরপর বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতায় প্রায় ৮০ জন নিহত এবং হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছিল।

সে সময় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সেখানে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে রোববার থেকে দেশটিতে আবারো জাতিগত সহিংসতা শুরু হয়।সূত্র: বিবিসি ও দেশ টিভি।

No comments:

Post a Comment