আমার দেশ সাংবাদিকদের রিমান্ড শুনানি ৩ ডিসেম্বর :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট
দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্য সাংবাদিকদের
বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলার শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন
ধার্য করেছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী সোমবার এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ মামলার শুনানির জন্য পরবর্তী
তারিখ চেয়ে আবেদন করলে বিচারক শুনানি শেষে আগামী ৩ ডিসেম্বর মামলার
শুনানির দিন ধার্য করেন।
রোববার এ মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব
হাসান দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ পাঁচ
সাংবাদিকের জামিন বাতিল করে একদিনের পুলিশ হেফাজতে নেয়ার আবেদন করেন।
এ মামলায় সোমবার আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক ও
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ
চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার আলাউদ্দিন
আরিফ ও অফিস সহকারী সাইফুল ইসলামসহ সব সাংবাদিক-কর্মচারী আদালতে হাজির হন।
রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় জামিনে থাকা আসামিদের জামিননামায় শুধু
আমার দেশ পত্রিকার ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাদের গ্রামের বা শহরের বাড়ির
স্থায়ী ঠিকানা দেয়া হয়নি।
২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের
সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে পরের দিন একটি মামলা দায়ের
করে তেজগাঁও থানা পুলিশ।
মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল
আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, জ্যেষ্ঠ
প্রতিবেদক আলাউদ্দিন আরিফ ও অফিস সহকারি সাইফুল ইসলামের নাম এজাহারভুক্ত
করে অজ্ঞাতনামা কয়েকশ’ সাংবাদিক কর্মচারীকে আসামি করা হয়।

No comments:
Post a Comment