Pages

Sunday, October 21, 2012

রাজধানীতে লেক ভরাট করে ঈদগাহ, অবশেষে বন্ধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজধানীতে লেক ভরাট করে ঈদগাহ, অবশেষে বন্ধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজধানীর মিরপুরে ঈদগাহ তৈরির নামে পল্লবী আরামবাগ কল্যাণ সমিতি নামের একটি প্রতিষ্ঠান রূপনগর লেক ভরাটের কাজ করছে বলে পরিবেশ অধিদপ্তর অভিযোগ করেছে। তবে অধিদপ্তরের হস্তক্ষেপে উদ্যেক্তারা লিখিত অঙ্গীকার করে এ ভরাট কাজ বন্ধ করেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদগাহের জন্য ভরাটকৃত স্থানের পরিমাণ দৈর্ঘ্যে ১৬০ ফুট ও প্রস্থে ৬০ ফুট যা প্রায় সাড়ে তের কাঠা। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে একটি টিম গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এ ঘটনা উদ্ঘাটন করেন। আজ শনিবার ভরাটের উদ্যোক্তাদের পরিচালকের (এনফোর্সমেন্ট) দপ্তরে তলব করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ভাষ্য মতে, পল্লবী আরামবাগ কল্যাণ সমিতির পক্ষে প্রতিষ্ঠানের সদস্য আবদুল কাইয়ুম  এবং লুৎফর রহমান স্বীকার করেছেন, ভরাটকৃত স্থান রূপনগর লেকের অংশ। এর মালিকানা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। তারা আরো বলেন, আসন্ন ঈদ-উল-আজহার নামাজ পড়ার জন্য ভরাটকৃত জমিকে তারা ঈদের নামাজ পড়ার উপযোগী করছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, ‘‘উদ্যোক্তাদের এ ভরাট কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সমিতির নেতৃবৃন্দ সব বেআইনি কাজ বন্ধ রাখার লিখিত অঙ্গীকার করেছেন। এ ব্যাপারে গৃহায়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দখল বন্ধে পরিবেশ অধিদপ্তরের কঠোর নজরদারিও থাকবে।’’

পল্লবী আরামবাগ কল্যাণ সমিতির পক্ষে সদস্য লুৎফর রহমান টেলিফোনে  বার্তা২৪ ডটনেটকে জানান, লেকে আগে থেকেই মাটি ভরাট ছিল। আমরা শুধু ঈদগাহ তৈরির উপযোগী করে তুলছিলাম। তবে পরিবেশ অধিদপ্তর থেকে আপত্তি তোলায় আমরা কাজ বন্ধ রেখেছি।
 

No comments:

Post a Comment