Pages

Saturday, October 27, 2012

দেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

দেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির 
  রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঈদুল আজহার আনন্দে উদ্দীপ্ত হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার সকালে বঙ্গভবনে পদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ ও নিষ্ঠার শিক্ষা দেয়, যা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকের এদিনে আমি সবাইকে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার আহ্বান জানাই।”

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এ উপলক্ষে আমি আমাদের প্রবাসী ভাই-বোনদেরও শুভেচ্ছা জানাচ্ছি।”

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম ফারুক খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনসহ মন্ত্রিপরিষদ সদস্যগণ সম্বর্ধনায় যোগ দেন। বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের ডিন, রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও এতে উপস্থিত ছিলেন।

এছাড়া সুপ্রিম কোর্টের বিচারকবৃন্দ, সংসদ সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্পাদক, তিন বাহিনীর প্রধান, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সিনিয়র সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী সমাজের প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় ব্যক্তিবর্গ, শিল্পী এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ সম্বর্ধনায় যোগ দেন।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান অতিথিদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি তাদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন।  সুত্র: বাসস।

No comments:

Post a Comment