চীনকে সার্কভুক্ত করতে বিশেষজ্ঞদের আহ্বান
চীনকে সার্ক-এর সদস্য করতে মত দিয়েছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা।
গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে হেকাপ প্রজেক্টের
অধীনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেন, চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর
প্রধান ব্যবসা সহযোগী। উন্নয়ন সাহায্যেও চীন দ্রুত এগিয়ে আসছে। চীনের সঙ্গে
ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তানের সরাসরি সীমান্ত রয়েছে।
বাংলাদেশেরও নিকট প্রতিবেশী চীন। চীন বর্তমানে সার্ক-এর পর্যবেক্ষক সদস্য।
আশিয়ানে যেমন পার্শ্ববর্তী অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ সদস্য হয়েছে। দক্ষিণ
এশিয়ার শক্তির ভারসাম্য, শান্তি, উন্নয়ন ইত্যাদি আঞ্চলিক ও বৈশ্বিক
গুরুত্বের কারণে চীনকে সার্ক সদস্য করার ব্যাপারে মত দিয়েছেন বাংলাদেশ ও
পাকিস্তানের বিশেষজ্ঞরা। ‘এশিয়ান স্টাডিজ’ শিরোনামের উক্ত সেমিনারে ‘ইভলভিং
পাকিস্তান-ইন্ডিয়া-চায়না ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ’ শীর্ষক প্রবন্ধ
উপস্থাপন করেন করাচি বিশ্ববিদ্যালয়ের ড. মনিস আহমের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ড. ইমতিয়াজ আহমেদ উপস্থান করেন ‘কনটিনিউটি অ্যান্ড চেঞ্জ ইন দ্য রিলেশনশিপ
বিটুইন বাংলাদেশী অ্যান্ড নেইভারস ইন দ্য কনটেক্স অব রাইস অব চায়না’
শিরোনামের প্রবন্ধ। সেমিনারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি
প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর মো.
আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভিসি প্রফেসর আলমগীর
মোহাম্মদ সিরাজুদ্দীন, প্রফেসর আসমা সিরাজুদ্দীন, ড. মাহমুদুল হক, ড.
ভূঁইয়া মনোয়ার কবির, ড. আনোয়ারা বেগম, ড. মাহফুজ পারভেজ প্রমুখ।
No comments:
Post a Comment