মধ্যযুগে যখন মুদ্রার প্রচলন ছিল না, তখন প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহের একমাত্র উপায় ছিল 'বিনিময় প্রথা'। চাল দিয়ে মাছ মিলত, কিংবা ভুট্টার বিনিময়ে রেশম। অস্ত্র-সন্ত্রাস বন্ধে এবার সেই ধরনের প্রাচীন পদ্ধতির শরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পুলিশ। সেখানকার বাসিন্দারা এখন অস্ত্র জমা দিয়ে ১০০ থেকে ২০০ ডলারের খাবার বিনা মূল্যে নিতে পারছে।
কানেকটিকাটের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। অস্ত্রের ব্যবহারে ঐতিহ্যগতভাবে উদার মনোভাবের শহর লস অ্যাঞ্জেলেসে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। কর্তৃপক্ষ এই অস্ত্র ফেরত দেওয়ার সময় কোনো প্রশ্ন না করার প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশ জানিয়েছে, জমাকৃত অস্ত্রের নথি পরীক্ষা করে দেখবে তারা। চুরি কিংবা হারিয়ে যাওয়া অস্ত্রগুলো এভাবে পাওয়া যেতে পারে বলে আশা ব্যক্ত করেছে তারা। এরপর প্রকৃত মালিককেই তার অস্ত্র ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।
প্রথম দিনে ৪১টি রাইফেলসহ মোট এক হাজার ১৬টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। জমা পড়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের একটি শটগানও রয়েছে। জমাকারীদের প্রত্যেককে নূ্যনতম ১০০ ডলার এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের জন্য ২০০ ডলারের গিফট কার্ড দেওয়া হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সার্জেন্ট রুডি লোপেজ জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর অনুষ্ঠানটি বেশ ভালোই হচ্ছে। বিপুলসংখ্যক লোক অস্ত্র জমা দিয়েছে। তিনি আরো জানান, প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার পর বাকি অস্ত্রগুলো গলিয়ে ফেলা হবে।
No comments:
Post a Comment