বিশ্বজিতের ঘাতকদের গ্রেপ্তারে হাইকোর্টের নির্দেশ
রবিবারের অবরোধে পুরান ঢাকায় বিশ্বজিত দাস নামের এক যুবককে হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ঘটনার পর গণমাধ্যমে দোষী হিসাবে যাদের নাম এসেছে তারাসহ দায়ী কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্বজিতের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
সাপ্তাহিক সপ্তবর্ণা নামে এক পত্রিকার সম্পাদক নাজিম আহমেদেরে পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ ফৌজদারি কার্যবিধিতে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দাখিল করেন।
একটি দৈনিকের প্রতিবেদনের বরাত দিয়ে ওই আবেদনে বিশ্বজিত হত্যায় জড়িত হিসাবে রফিকুল ইসলাম, মীর মো. নূরে আলম, মাহফুজুর রহমান, ওবায়দুল কাদের, এমদাদুল হকের নাম উল্লেখ করা হয়। এদের সঙ্গে অন্য আসামিদের গ্রেপ্তারের আর্জিও জানানো হয় আবেদনে।
No comments:
Post a Comment