এনএফসি স্মার্টফোনের মাধ্যমে আনলক হবে গাড়ি
অনেকেই চাবি হারানোতে প্রায় বিশেষজ্ঞের পর্যায়ে পৌঁছে গেছেন। ঘরে চাবি থেকে শুরু করে শুরু করে সব ধরনের চাবিই হারিয়ে বসতে পারেন তারা। তবে কেবল তারাই নয়, অসতর্কতার কারণে যে কেউই তার চাবিটি হারিয়ে ফেলতে পারেন। তেমনি গাড়ির চাবি যদি হারিয়ে যায়, তাহলে কী করবেন? অসম্ভব কিছু নয় গাড়ির চাবি হারিয়ে ফেলা। তবে একবার হারিয়ে ফেললে মুশকিলে পড়তে হবে বটে। তবে যারা স্মার্টফোন ব্যবহার করছেন এবং যাদের স্মার্টফোনে রয়েছে এনএফসি প্রযুক্তি, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। সেখানকার অটোমোবাইল প্রতিষ্ঠান হিউন্দাইয়ের প্রকৌশলীরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে আপনার এনএফসি সমর্থিত স্মার্টফোনটির মাধ্যমে আনলক করা যাবে গাড়ি। ফলে গাড়ির চাবি হারিয়ে ফেললেও আপনার স্মার্টফোনটিই এর চাবি হিসেবে ব্যবহূত করতে পারবেন। আগামী দুই বছরের মধ্যেই এই প্রযুক্তি গ্রাহকদের কাছে সহজলভ্য হয়ে যাবে বলেই জানিয়েছেন তারা। এই প্রযুক্তিতে গাড়ির জানালার পাশে কোনো একটি স্থানে অথবা গাড়ির লকের কাছে একটি বিশেষ ট্যাগ স্থাপন করা হবে। এনএফসি সমর্থিত স্মার্টফোনকে সেই ট্যাগের আশেপাশে প্রদর্শন করলেই এটি গাড়িকে আনলক করে দিবে। তবে গাড়ির সাথে স্মার্টফোনের সম্পর্ক এখানেই শেষ নয়। গাড়ির ভেতরে থাকবে একটি বিশেষ প্যাড। এই বিশেষ প্যাডের উপর স্মার্টফোনকে স্থাপন করলে স্মার্টফোনটি স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হতে থাকবে। একইসাথে স্মার্টফোনের তথ্যগুলো গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং টাচস্ক্রিনের সাথে সিনক্রোনাইজ হতে থাকবে। শুধু তাই নয়, এই গাড়িতে থাকবে বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে গাড়ির বিভিন্ন ড্রাইভার তার পছন্দের সেটিংগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। সম্প্রতি জার্মানিতে এক প্রদর্শনীতে হিউন্দাই তাদের এই নতুন প্রযুক্তির ধারণা প্রদর্শন করে। সাধারণ ব্যবহারকারীদের জন্য সুলভে এই প্রযুক্তি ছড়িয়ে দিতেই হিউন্দাই কাজ করছে বলে জানিয়েছে হিউন্দাই কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে হিউন্দাইয়ের ইউরোপ অঞ্চলের চিফ অপারেটিং অফিসার অ্যালান রাশফোর্থ জানিয়েছেন, 'সময়ের জনপ্রিয় সব স্মার্টফোনে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, নিত্যদিনের গাড়ির ড্রাইভিংয়ে সেসব সুবিধা যুক্ত করতেই হিউন্দাই কাজ করে যাচ্ছে। এটি সব ধরনের গ্রাহকদের জন্য কাজ করবে।'
No comments:
Post a Comment