Pages

Sunday, December 23, 2012

রংপুরে নির্বাচনোত্তর সহিংসতা, নিহত ১

রংপুরে নির্বাচনোত্তর সহিংসতা, নিহত ১

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ডালিম মিয়া (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুর সিটি করপোরেশনের  ৩১ নম্বর ওয়ার্ডের পরাজিত দুই কাউন্সিলর প্রার্থী বেলাল হোসেন (বক মার্কা) ও শামছুল আলম (হাতি মার্কা) পরাজয়ের কারণ হিসেবে একে অপরকে দোষারোপ করেন। এ নিয়ে গতকাল বেলা ১২টার দিকে শামছুল আলমের সমর্থকরা কিসামত বিষু নামক স্থানে বেলাল  হোসেনের বাড়িতে হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ডালিম মিয়া, আলমগীর হোসেন, সাদ্দাম মিয়া, রাবেয়া বেগম,  মোকলেস মিয়া, সিফাত আলী,  রোসনা বেগম, বাবু মিয়াসহ ১০ জন আহত হয়। আহত ডালিম মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে শামছুল আলম, মোকছেদ আলী, হামিদুল ইসলাম, শাহীন মিয়া,  সেলিম মিয়াসহ ১৪ জনকে আটক করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে দাঙ্গা পুলিশ  মোতায়েন করা হয়েছে।
ওদিকে নির্বাচন-উত্তর উত্তাল হয়ে উঠেছে রংপুর নগর। গতকাল রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা ৯ আসনের প্রার্থী মনোয়ারা সুলতানা মলি (কলস) প্রতীকের ছেঁড়া পরিত্যক্ত সিলমারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রিজাইডিং অফিসার ও প্রশাসনিক কর্মকর্তাদের গাফিলতির কারণে অবৈধভাবে ফলাফল ঘোষণা করে প্রতিপক্ষ প্রার্থী মঞ্জুরী বেগম (ফুটবল) কে জয়ী ঘোষণা বাতিল সহ পুনরায় ভোট গণনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সহ মানববন্ধন করেছে ২১, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের এলাকাবাসী। কয়েকশ’ নারী ও পুরুষ রংপুর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ শেষে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রসিক নির্বাচনে নির্বাচন কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিপক্ষ প্রার্থী মঞ্জুরী বেগম (ফুটবল) অবৈধভাবে ৪ ভোটের ব্যবধানে জয়ী ঘোষিত হয়েছে। নাটকীয় ভাবে ভোট গণনার শেষে মধ্যরাতে মঞ্জুরীকে ১০৮২৫ ভোটে জয়ী ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারা সুলতানা মলিকে ১০৮২১ ভোটে পরাজিত  ঘোষণা করা হয়। এদিকে ওই আসনের আদর্শপাড়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে গতকাল কলস প্রতীকে ছেঁড়া পরিত্যক্ত সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে এলাকাবাসী। ফলে ভোটার ও সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনোয়ারা সুলতানা মলি বলেন, ভোট গণনার সময় তার  পোলিং এজেন্টদের বের করে দিয়ে এ অপকর্ম করা হয়েছে। এ সময় ফজলুল হক, হারুনুর রশিদ, কাসেম, রোজিনা, সুফিয়াসহ অন্যরা বলেন, অবিলম্বে এ ফলাফল বাতিল সহ বিষয়টি তদন্ত করে পুনরায় ভোট গণনা না হলে এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে রংপুর অচল সহ তোলপাড় করা হবে। আর এ পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে বলে ঘোষণা করা হয়। ওদিকে একই দাবিতে নগরে বিক্ষোভ করেছে ২২ নং ওয়ার্ডের হাকিমুজ্জামান, ৯, ১০, ১১ নং ওয়ার্ডের মহিলা প্রার্থী বিভা রানী ও ৩১, ৩২, ৩৩ নং ওয়ার্ডের মহিলা প্রার্থী সহ অন্যরা।
যারা কাউন্সিলর নির্বাচিত হলেন
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১ নং ওয়ার্ড: রফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড: আ. কাদের, ৩ নং ওয়ার্ড: আশেক আলি, ৫ নং ওয়ার্ড: মোখলেছুর রহমান, ৬ নং ওয়ার্ড: ফয়জুল হক, ৮ নং ওয়ার্ড: আবুল মনজুম, ৯ নং ওয়ার্ড: নজরুল ইসলাম নজু, ১৩ নং ওয়ার্ড: রাজু আহমেদ, ১৫ নং ওয়ার্ড: শাফিয়ার রহমান শাফি, ১৭ নং ওয়ার্ড: জহুরুল ইসলাম, ১৮ নং ওয়ার্ড: নিজামুল হাসান বাদল, ১৯ নং ওয়ার্ড: দুলাল, ২০ নং ওয়ার্ড: তৌহিদুল ইসলাম, ২১ নং ওয়ার্ড: মাহাবুবার মনজু, ২২ নং ওয়ার্ড: শাহজালাল করিম বকুল, ২৩ নং ওয়ার্ড: সেকেন্দার আলি, ২৪ নং ওয়ার্ড: হাফিজ আহম্মেদ ছুট্টু, ২৫ নং ওয়ার্ড: নুরুন্নবী ফুলু, ২৬ নং ওয়ার্ড: আ. রাজ্জাক মণ্ডল, ২৭ নং ওয়ার্ড: আকরাম হোসেন, ২৮ নং ওয়ার্ড: ইদ্রিস আলি, ২৯ নং ওয়ার্ড: মোকতার হোসেন, ৩০ নং ওয়ার্ড: জাহাঙ্গীর আলম, ৩১ নং ওয়ার্ড: আকতারুজ্জামান ভুট্টু, ৩২ নং ওয়ার্ড: আবুল কাশেম, ৩৩ নং ওয়ার্ড: সুলতান আলম। এছাড়া, ১১ আসনের সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ঘোষিত নির্বাচিতরা হলেন- দিলারা বেগম, হাফিজা খাতুন, আঞ্জুআরা গিনি, জাফরিন আরা রিপা, হাসনা বানু, মঞ্জুরী বেগম, ফরিদা কালাম, নাজমুন্নাহার নাজমা।

No comments:

Post a Comment