Pages

Wednesday, October 10, 2012

শেয়ারবাজারে কারসাজি বন্ধে তিনটি আইনের অনুমোদন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

শেয়ারবাজারে কারসাজি বন্ধে তিনটি আইনের অনুমোদন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজি বন্ধ করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রশাসনিক ও পরিচালনা সংক্রান্ত বিধি-বিধান পরিবর্তন করে তিনটি আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ তিনটি আইন হলো ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন ২০১২’ ‘দি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইন ২০১২’ এবং ‘দি এক্সচেঞ্জ (ডিমিউচুয়ালাইজেশন) আইন ২০১২’।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ তিনটি আইন ছাড়াও সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের উপস্থাপিত ‘সড়ক তহবিল বোর্ড আইন, ২০১২’ এবং বিদ্যুৎ বিভাগের উপস্থাপিত ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০১২’ অনুমোদন দেয়া হয়েছে।

‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন ২০১২’ অনুযায়ী আইনটির মেয়াদ আরো দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। আগামী ১১ অক্টোবর থেকে ২০১৪ সালের ১১ অক্টোবর পর্যন্ত আইনটি কার্যকর থাকবে।

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ায় এবং সংসদ চলমান না থাকায় এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। পরবর্তীতে সংসদের অধিবেশনে এটি আইন আকারে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

শেয়ারবাজার সংক্রান্ত তিনটি আইনে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের চাকরির মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার করা হয়েছে।

তবে কমিশনের গোপনীয় তথ্য গোপন রাখতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে গোপন তথ্য প্রকাশের জন্য কমিশনের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং কমিশনারদের ওপর কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।

কোনো চেয়ারম্যান বা কমিশনার কমিশনের গোপন তথ্য প্রকাশ করে দিলে তাদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিধান রাখা হয়েছে বিশেষ আদালত গঠনেরও।

No comments:

Post a Comment