Pages

Wednesday, October 10, 2012

তাজুলের চেম্বারে ডিবির তল্লাশি: নিন্দা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

তাজুলের চেম্বারে ডিবির তল্লাশি: নিন্দা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট তাজুল ইসলামের চেম্বারে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ১০ থেকে ১২ সদস্যের গোয়েন্দা টিম (ডিবি) হানা দেয়।

তারা সেখানে অবস্থানরত আইনজীবী এবং কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। ঘটনার সময় আইনজীবী তাজুল ইসলাম ছিলেন না। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স টিমের সদস্য অ্যাডভোকেট মিজানুল ইসলাম, ব্যরিস্টার নাজিব মোমেন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

উপস্থিত আইনজীবীরা এ ধরনের আকস্মিক অভিযানের কোনো সার্চ ওয়ারেন্ট আছে কিনা জানতে চাইলে ওয়ারেন্ট নেই বলে জানানো হয়।

উপস্থিত আইনজীবীরা প্রশাসনের এ ধরনের কার্যক্রমে প্রকারান্তরে ডিফেন্স টিমের মামলা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও হয়রানি করা হচ্ছে বলে প্রতিবাদ করলে ডিবির সদস্যরা কিছুক্ষণ পরে বের হয়ে যায়।

পুলিশি হয়রানির নিন্দা জানিয়ে তাজুল ইসলাম বলেন, “সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়ে অভিযুক্তদের সাক্ষীদের বাড়িতে বাড়িতে যেমন তল্লাশি চালাচ্ছে, তেমনি আমার চেম্বারে হানা দিয়েছে।”

তিনি বলেন, “মামলার প্রস্তুতি কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘৃন্য প্রয়াস চালিয়েছে। এর মাধ্যমে সরকার প্রমাণ করেছে ডিফেন্স টিম মামলা পরিচালনায় অংশগ্রহণ করুক তা সরকার চায় না। একটি স্পর্শকাতর মামলার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত চেম্বারে পুলিশের উপস্থিতি ও ত্রাস সৃষ্টি নজিরবিহীন।”

তিনি বলেন, “আমরা মনে করি, এ ধরনের হয়রানিমূলক হানার মাধ্যমে আইনজীবীদের ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে ও মামলার প্রস্তুতি গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।”

ডিফেন্সের এ আইনজীবী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি পুলিশি হয়রানি বন্ধের জন্য আদালতের  হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার তাজুল ইসলাম স্বাক্ষরিত লিখিত প্রতিবাদে এসব তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের উপস্থিতির বিষয়টি বুধবার আদালতের নজরে আনা হবে বলেও তিনি জানান।

No comments:

Post a Comment