Pages

Thursday, October 4, 2012

বেসরকারি শিক্ষকদের প্রতীকী অনশন কাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বেসরকারি শিক্ষকদের প্রতীকী অনশন কাল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
এমপিওভুক্তির দাবিতে শুক্রবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান ধর্মঘটের পাশাপাশি প্রতীকী অনশন করবে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি ঐক্যজোট।

শিক্ষক-পুলিশ সংঘর্ষের পর বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটায় সংগঠনের সভাপতি এশারত আলী বার্তা২৪ ডটনেটকে এতথ্য জানান।

তিনি বলেন, “আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।”

দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারিরা।

গত সোমবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার পথে শিশু পার্কের সামনে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষকরা। সেখানেই আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়েন। পরে এশারত আলীর নেতৃত্বে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে ছয় সদস্যের শিক্ষক প্রতিনিধি দল গণভবনে যান। বিকেল পাঁচটায় আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান পরদিন সচিবালয় ঘেরাও করা হবে।

বৃহস্পতিবার সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হন শিক্ষকরা। বেলা ১২টার দিকে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে কদমফোয়ারা থেকে পুলিশি বেরিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে অর্ধশতাধিক শিক্ষক আহত হন বলে অভিযোগ করেন সংগঠনের সভাপতি। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

আহতদের ক’জন হলেন- ঠাকুরগাঁওয়ের নিতাই চন্দ্র ও ফারুক হোসেন, ময়মনসিংহের সুরুজ্জামান, খুলনার কাহারুল ইসলাম, পঞ্চগড়ের বুলবুল আহমেদ, টাঙাইলের শাহিব উদ্দিন ও শেখ রফিকুল ইসলাম, চট্টগ্রামের মাকসুদুর রহমান এবং নোয়াখালীর শহীদুল ইসলাম।

দুপুরে এশারত আলী বার্তা২৪ ডটনেটকে বলেন, “সরকারের নির্দেশেই শিক্ষকদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

পুলিশের রমনা জোনের এসি শিবলী নোমান বলেন, “সচিবালয়ের নিরাপত্তার জন্য পুলিশ ব্যারিকেড দিয়েছে। শিক্ষকরা নিয়ম ভেঙে তা সরাতে গেলে তাদের সরিয়ে দেয়া হয়। কারো ওপর হামলার কোনো প্রশ্নই আসে না।”
 

No comments:

Post a Comment