পৃথক দুইটি অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় টিঅ্যান্ডটি
কর্মচারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ
সময় দুই হাজার পাঁচশ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে
বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, টিএন্ডটি কর্মচারী মো. ফখরুল ইসলাম (৪০), মো. ইলিয়াস
হোসেন (৪০), মো. তৌহিদুল ইসলাম ওরফে সুমন (৪৫)। অপর অভিযানে গ্রেফতার মো.
মাছুম (৪২) ও মো. মতিয়ার রহমান (৩৮)।
গোয়েন্দা পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর ২০১২ রাত সোয়া ৭টার দিকে ঢাকা
মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (পশ্চিম) এর অবৈধ মাদক
উদ্ধার ও প্রতিরোধ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে পল্টন থানাধীন
ইস্টার্ণ প্লাজা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট
কার আটক করে ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ২০২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ এবং
মাদক বহনকারী একটি প্রাইভেট কার (রেজিঃ নং ঢাকা মেট্রোঃ গ-২৯-৩৩৬৪) আটক করা
হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মশিউর হমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. ফখরুল ইসলাম একজন
টিএন্ডটি কর্মচারী। তিনি বেনাপোল, সাতক্ষীরা ও সীমান্তবর্তী এলাকা হতে
দীর্ঘদিন ধরে বড় চালানের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।
মো. ইলিয়াস হোসেন ঢাকায় গ্রেফতারকৃত মো. ফখরম্নল ইসলাম এর কাছ থেকে মাদক
দ্রব্য সংগ্রহ করে পাইকারি দর হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করেন এবং
তৌহিদুল ইসলাম সুমন নিজস্ব প্রাইভেট কারে ফেন্সিডিল বহন করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্টন
থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
এদিকে, একইদিনে গোয়েন্দা পুলিশের(পশ্চিম) পৃথক একটি দল অভিযান পরিচালনা
করে রমনা থানা এলাকা হতে পাঁচশ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো. মাছুম
(৪২) ও মো. মতিয়ার রহমান (৩৮)কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রমনা থানায়
নিয়মিত মামলা করা হয়েছে।

No comments:
Post a Comment