কক্সবাজারের ঘটনায় সরকারের মদদ রয়েছে, অভিযোগ ফখরুলের :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
“তদন্তের আগেই কক্সবাজারের রামুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আগ বাড়িয়ে
বিএনপির সংসদ সদস্যকে জড়িয়ে যে কথা বলেছেন এতেই মনে হয় এ ঘটনায় সরকারের মদদ
রয়েছে। তারা বিরোধী দলকে সব সময় যেভাবে দায়ী করেন এ ঘটনায় সেভাবেই দায়ী
করেছেন।”
সোমবার সকালে নয়াপল্টনের হোটেল ভিক্টরিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দেশ ও জাতি আজ এক মহাসংকটের সম্মুখীন। দেশের অস্তিত্ব
ও গণতন্ত্রের সংকট দেখা দিয়েছে। গত ৪১ বছরে আর কখনো এ ধরনের সংকট সৃষ্টি
হয়নি।”
সরকার নিজেদের গণতান্ত্রিক সরকার দাবি করে তারা পুরোপুরি ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ফখরুল বলেন, “বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের অনেক আগে থেকেই দেখেছি
ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা রাষ্ট্রভাষা বাংলা
প্রতিষ্ঠার আন্দোলনে সফল হয়েছিলেন। ৬৯ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে
পাকিস্তানি শাসকদের সরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে ৭১’র
মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল।”
বর্তমান স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদলের নতুন কমিটির
নেতাদের কাছে দেশবাসী অনেক প্রত্যাশা করছে বলেও মন্তব্য করেন মির্জা
আলমগীর।
ফখরুল বলেন, “বিশ্বব্যাংকের অগ্রবর্তী দল আসার কথা ছিল পদ্মা সেতুর ঋণ
নিয়ে আলোচনা করতে। তারা আসছে না। কারণ তারা দশ মাস আগে চিহ্নিত ব্যক্তিদের
নাম দিয়ে ব্যবস্থা নিতে বলেছিল। কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি। এছাড়া এ
বিষয়ে সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী নেতারা এমনভাবে কথা বলেছেন যে, বিশ্ব
ব্যাংক তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে।”
বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের এমন আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন, “একটি
সরকার কিভাবে এ ধরনের কার্যকলাপে লিপ্ত হতে পারে তা আমার জানা নেই।”
তিনি দেশের মানুষকে নিয়ে এ ধরনের ছেলে খেলা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।
ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে আরো বক্তব্য
রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি,
সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক
হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র সহসভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সাংগঠনিক
সম্পাদক রাজিব আহসান, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিদুল হাসান হিরু, মহানগর উত্তরের সভাপতি আবুল
মনছুর খান দীপক, মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার, জগন্নাথ
বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়সাল আহমেদ সজল প্রমুখ।
No comments:
Post a Comment