আদালত অবমাননার ব্যাখ্যা দিতে সময় পেলেন সাজেদা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় সরকারি
দলের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে
ব্যাখ্যা দেয়ার দিন পিছিয়ে ১ অক্টোবর ধার্য করেছে ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে
তিন সদস্যের ট্রাইব্যুনালে সাজেদা চৌধুরীর আইনজীবী বাসেত মজুমদার সময়ের
আবেদন করলে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুল
বাসেত মজুমদার সাজেদা চৌধুরীর পক্ষে এ সময় আবেদন করেন। ২৭ আগস্ট জাতীয় সংসদ
উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আমলে আমলে
নিয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের আদেশে সাজেদা চৌধুরীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
দেয়া হয়েছে। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমেও তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ব্যাখ্যা পাওয়ার পর উভয় পক্ষের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করবে
ট্রাইব্যুনাল।
শুনানিতে বিচারপতি এটিএম ফজলে কবীর বলেন, “আমরা আদালত অবমাননার বিষয়ে তার
বক্তব্য শুনবো। এখানে যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য শোনা উচিত।”
তখন ডিফেন্স কাউন্সেল অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “সাজেদা চৌধুরীর
বক্তব্যে আদালত অবমাননা হয়েছে। তিনি আদালতকে ডিক্টেড করার চেষ্টা করেছেন।
তিনি সরকারি দলের শীর্ষ নেতা ও সংসদ উপনেতা। তার কাছ থেকে এ ধরনের বক্তব্য
কাম্য নয়।”
৫ আগস্ট আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বিচারাধীন
বিষয় নিয়ে সংসদ উপনেতার বক্তব্যের বিষয়ে আদালত অবমাননার অভিযোগ এনে শুনানি
করতে চাইলে আদালত বিষয়টি শুনানির জন্য দিন ধার্য করে দেন।
২৮ জুলাই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিষয়ে ‘দু-একটাকে ঝুলিয়ে দিলে
আইন নিয়ে ওদের কপ-কপচানি বন্ধ হবে’ শিরোনামে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর
একটি বক্তব্য দৈনিক আমার দেশসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার আহবান
জানিয়ে সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আগেই দু-একটাকে ঝুলিয়ে দিলে আইন নিয়ে
ওদের কপ-কপচানি বন্ধ হবে। বসে বসে আইন কপচালে হবে না। এত আইন দেখলে হবে না।
তিনি বলেন, “ওরা যখন একাত্তর সালে আমার ভাইকে হত্যা করেছিল, মেয়েদের ঘর থেকে বের করে নিয়ে গেছে তখন কোথাও আইন ছিল না।”
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

No comments:
Post a Comment