Pages

Saturday, September 1, 2012

ভারতের উদ্বেগ অমূলক, বিএনপি’ই জঙ্গি দমাতে পারবে: মোশাররফ

ভারতের উদ্বেগ অমূলক, বিএনপি’ই জঙ্গি দমাতে পারবে: মোশাররফ
 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘‘বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে আবারো জঙ্গিদের উত্থান হবে বলে টাইমস অব ইনডিয়া যে সংবাদ প্রচার করেছে তা অযৌক্তিক ও অমূলক।’’ তবে জনগণের রায়ে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে পত্রিকাটির এমন সংবাদকে স্বাগত জানান খন্দকার মোশাররফ। তিনি বলেন, তবে জঙ্গি উত্থানের মতো কোনো ঘটনা ঘটলে বিএনপি’ই তা দমন করতে পারবে।
 
সম্প্রতি এক নিবন্ধে ভারতের সর্বাধিক প্রচারিত দৈনিক টাইমস অফ ইনডিয়া জানায়, ভারতীয় ইন্টেলিজেন্স ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা কমছেই- অন্যদিকে আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির জনপ্রিয় বৃদ্ধির আলামত ‘ক্রমশ বেশি পরিমাণে দৃশ্যমান হচ্ছে’- ফলে বিএনপির ক্ষমতায় আসার ’সম্ভাবনা নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত’ হয়ে পড়েছে ভারত।   বলা হয়, ‘মৌলবাদী সংগঠনগুলোর এবং বিএনপির জোটের অংশীদার জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কযুক্ত নাশকতামূলক উপাদানগুলো’ নিয়েই ‘ভয় ভারতের নিরাপত্তা সংস্থাগুলো’র। ভয়ের বিবরণ দিয়ে নিবন্ধে বলা হয়, এরা ‘পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসী সংগঠনগুলোকে ভারতে অনুপ্রবেশের সুযোগ করে দেয়া ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের (সাতবোন অঞ্চল) অন্তর্ঘাতী গোষ্ঠিগুলোকে পৃষ্ঠপোষকতা ও আশ্রয় দেয়ার কাজ আবারো শুরু করবে।’
 
এ প্রেক্ষিতে খন্দকার মোশাররফ বলেন, ‘‘এ দেশে জঙ্গিদের উত্থানের শুরুতেই বিএনপি তা দমন করেছে। আগামী দিনে এমন ঘটনা আবার ঘটলে অন্য কোনো দল নয়, আমরাই তা দমন করতে পারবো।’’
 
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে সরকারের প্রস্তাবনা ও বাস্তবতা র্শীষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, ও নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান।
 
মোশাররফ হোসেন বলেন, ‘‘আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি স্পষ্ট অবস্থানে থাকলেও সরকার এখনো দোদূল্যমান অবস্থায় আছে। লন্ডনে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচনের কথা বললেও তাদের আচরণে মনে হচ্ছে বিএনপিকে বাদ দিয়েই নির্বাচন করতে চায়। কিন্তু তাদের এ দ্বিবা স্বপ্ন পূরণ হবে না।’’
 
তিনি বলেন, ‘‘আগামী নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের খোঁড়া অজুহাত আমরা মানিনা। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। কারণ এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে।’’
 
‘সংবিধানের ১৬তম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান’ জানিয়ে তিনি বলেন, ‘‘এ সরকার ব্যবস্থার কাঠামো বা রূপরেখা নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত আছি।’’
 
১৮ দলের ঘোষিত কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ নেতাদের খুশি না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘এটাকে নরম কর্মসূচি বলে খুশি হওয়ার কিছু নেই। কারণ আন্দোলনের কৌশল অবলম্বন করতে এমন কর্মসূচি দেয়া হয়েছে। জনগণকে আন্দোলনের কর্মসূচিতে সম্পৃক্ত করতে আগামীতে ধাপে ধাপে কর্মসূচি দেয়া হবে।’’
 
এরশাদের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ বলেন, ‘‘দুই নেত্রীর করুণায় এ পর্যন্ত রাজনীতি করার সুযোগ পেলেও এখন দুই নেত্রী জীবিত থাকাবস্থায় এ দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। শুধু তাই নয়, গৃহপালিত বিরোধীদল হওয়ার স্বপ্নও পূরণ হবে না।’’

No comments:

Post a Comment