প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি
লিমিটেডের (বিটিসিএল) সৈয়দপুর টেলিফোন এক্সচেঞ্জ’র বৈদেশিক বহির্গমন কল
(আইএসডি) সেবা। ফলে প্রতি মাসে কয়েক লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে
সরকার।
আইএসডি কলের সব কারিগরি সুবিধা থাকলেও গত জুন থেকে সৈয়দপুর টেলিফোন
এক্সেচেঞ্জ থেকে দেশের বাইরে ফোন করতে পারছেন না স্থানীয়রা। আইএসডি কল
ব্যবহারকারী এমন একজন ভুক্তভোগী সৈয়দপুরের অ্যাগ্রো রিসার্চ কোম্পানি
লিমিটেডের প্রধান নির্বাহী মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, তিন মাস ধরে তিনি
বিদেশে আউটগোয়িং কল সুবিধা পাচ্ছেন না। এতে তার রফতানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত
হচ্ছে।
গ্রাহকদের এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেননি বিটিসিএল’র সৈয়দপুর
এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী (এই) মো. রফিকুল ইসলাম। বেশ কিছুদিন ধরেই
মধ্যপ্রাচ্য, পাকিস্তান, ইউরোপ ও আমেরিকায় কোনো কল যাচ্ছে না স্বীকার করে
তিনি বলেন, তবে এক্সেস কোড অর্থাৎ ০১২ ডিজিট ব্যবহার করে ৫৫টি দেশে
বহির্গমন কল সুবিধা স্বাভাবিক রয়েছে। কেবল কান্ট্রি কোড ব্যবহার করে সরাসরি
বৈদেশিক কল সুবিধা পাচ্ছে না এখানকার টেলিফোন গ্রাহকরা।
আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ‘দ্রুত এ ত্রুটি
অপসারণে কাজ করা হবে’ বলে জানিয়েছেন বিটিসিএলের রংপুর বিভাগীয়
মহাব্যবস্থাপক (জিএম) মো. আসাদুল ইসলাম।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈদেশিক কল করতে না পারার বিষয়টি দ্রুত
সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। কিন্তু
অজ্ঞাত কারণে মাসের পর মাস কেটে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
প্রসঙ্গত, ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয় সৈয়দপুর টেলিফোন এক্সচেঞ্জটি। গত ২০০৬ সালে চার হাজার লাইনের ওই এক্সচেঞ্জটি ডিজিটালে উন্নীত করা হয়। কিন্তু প্রতিষ্ঠা থেকেই এক্সচেঞ্জের মাধ্যমে অধিকসংখ্যক আইএসডি কল হয়ে থাকে। টেলিফোনে এ কল করতে না পারায় বিপাকে পড়েছেন আমদানি- রফতানিকারকরা।
প্রসঙ্গত, ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয় সৈয়দপুর টেলিফোন এক্সচেঞ্জটি। গত ২০০৬ সালে চার হাজার লাইনের ওই এক্সচেঞ্জটি ডিজিটালে উন্নীত করা হয়। কিন্তু প্রতিষ্ঠা থেকেই এক্সচেঞ্জের মাধ্যমে অধিকসংখ্যক আইএসডি কল হয়ে থাকে। টেলিফোনে এ কল করতে না পারায় বিপাকে পড়েছেন আমদানি- রফতানিকারকরা।

No comments:
Post a Comment