দ্রুতগতিতে গলছে উত্তর মেরুর বরফ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
দ্রুতগতিতে গলে যাচ্ছে উত্তর মেরুর বরফ। নরওয়ের পোলার ইনস্টিটিউটের
(এনপিআই) উত্তর মেরুবিষয়ক গবেষক ও এর আন্তর্জাতিক পরিচালক কিম হোলম্যান এই
দাবি করেন। শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়।
এনপিআইয়ের গবেষকদের মতে, উত্তর মেরুর বরফ অনুমিত গতির চেয়ে দ্রুত গলছে।
চলতি বছরের গ্রীষ্মে রেকর্ড পরিমাণ বরফ গলেছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন।
উত্তর মেরুর জমে থাকা বরফের গলে যাওয়ার গতি বেড়ে যাওয়ায় সাগরের বড় বড়
বরফখণ্ডের আকার ক্রমেই সরু হয়ে আসছে। এতে বরফ সাগরে পানির পরিমাণও ভয়াবহ
রকম বাড়ছে বলে জানান তারা।
গত মাসে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে রেকর্ড করা তথ্য থেকে জানা
গেছে, তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এ বছর উত্তর মেরুর সাগরে সবচেয়ে কম
পরিমাণ বরফ লক্ষ করা গেছে, যা ইউরোপের আবহাওয়ায় ব্যাপক প্রভাব ফেলবে। এক
সপ্তাহ একই হারে বরফ গলবে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। এ সময় ওই মেরুর
তাপমাত্রা হিমাঙ্কের ওপরে থাকবে বলে জানান তারা।
এ ব্যাপারে হোলমেন বলেন, “এটি বড় ধরনের পরিবর্তন। ২০ বছর, এমনকি ১০ বছর আগেও এটা ছিল অচিন্তনীয়।”
স্যাটেলাইটে ধারণ করা তথ্যে আরো দেখা যায়, চলতি বছরের এ সময়ে উত্তর মেরুর
সাগরে বরফের আয়তন ৪১ লাখ বর্গ কিলোমিটার। এর আগে ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর
সবচেয়ে কম পরিমাণ বরফের আয়তন রেকর্ড করা হয়েছিল ৪১ লাখ ৭০ হাজার বর্গ
কিলোমিটার।
শীতকালে উত্তর মেরুর সাগরগুলোতে বরফ জমে উঁচু পাহাড়ের মতো হয়ে যায়।
তাপমাত্রা বাড়তে থাকলে বরফের উচ্চতা কমে যায়। কিন্তু স্যাটেলাইটে ধারণ করা
তথ্য অনুযায়ী, গরমকালে গত তিন দশকের প্রতি দশকে প্রায় ১৩ শতাংশ করে বরফ
কমেছে। একই সঙ্গে সাগরে জমে থাকা বরফের পুরুত্বও কমেছে।
বিজ্ঞানী এডমন্ড হ্যানসেন বলেন, “চলতি বছর বরফ গলার গতি আর আয়তন দেখে আমি
বিস্মিত। একজন বিজ্ঞানী হিসেবে আমি জানি, বিগত দেড় হাজার বছরে এটি একটি
নজিরবিহীন ঘটনা। বিষয়টি সত্যিই বিস্ময়কর। এটি সামগ্রিক ব্যবস্থায় একটি
নাটকীয় পরিবর্তন এনেছে।”

No comments:
Post a Comment