Pages

Tuesday, September 11, 2012

ক্ষতিকর রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সচেতন করা হবে: বিএসটিআই :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

ক্ষতিকর রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সচেতন করা হবে: বিএসটিআই :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

ফরমালিনসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থের সহজলভ্যতা বন্ধ করতে এসবের আমদানি, বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে নিবিড় তদারকি ও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার সুপারিশ করেছে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান বিএসটিআই।

একই সাথে মাঠ পর্যায়ে এসব রাসায়নিক পদার্থ ব্যবহারের মাত্রা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করার সুপারিশ করা হয়েছে।

সোমবার বিকেলে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের আলোকে খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযান জোরদারকরণ সম্পর্কিত আন্তমন্ত্রণালয় সভায় এ সুপারিশ করা হয়।

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বিএসটিআই’র মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ আবুল হোসেন, ক্যাবের মহাসচিব কাজী ফারুকসহ স্থানীয় সরকার, কৃষি, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিএসটিআই, ঢাকা ওয়াসা, এফবিসিসিআই, ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ), ঢাকা জেলা প্রশাসনসহ সংশিস্নষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিল্পমন্ত্রী পণ্যের গুণ ও মান নিশ্চিত করতে বিএসটিআই‘র বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত ১শ‘ ৫৫টি পণ্যের মানের বিষয়ে কঠোর তদারকির নির্দেশ দেন।

তিনি বলেন, এটি নিশ্চিত করা সম্ভব হলে, দেশে ভেজালের পরিমাণ অনেকাংশে কমে আসবে। তিনি বিএসটিআই‘র পাশাপাশি মাননিয়ন্ত্রণ ও নজরদারির সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে নিজেদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করার পরামর্শ দেন।

সভায় খাদ্যপণ্য, ফলমূল, মাছ, পোল্ট্রি ফার্মের মুরগী, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় খাবারে ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, সোডিয়াম, সাইক্লামেট, ইথোফেন ও হাইড্রোজের মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থের অস্বাভাবিক উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য এসবের বিরুদ্ধে সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিএসটিআই‘র যৌথ উদ্যোগে সমন্বিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনার সুপারিশ করা হয়।

সভায় ভেজালের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে বেতার, টেলিভিশনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে নিয়মিত প্রচার প্রচারণা জোরদারের সুপারিশ করা হয়। একই সাথে স্থানীয় সরকার বিভাগের অধীন ন্যাশনাল ফুড সেফ্টি অ্যাডভাইজারি কাউন্সিলকে আরো সক্রিয় করার ওপর গুরুত্ব দেয়া হয়।

সভায় ভেজাল বিরোধী অভিযানে অহেতুক হয়রাণি বন্ধে বাংলাদেশ পিউর ফুড রুলস-১৯৬৭ এর আধুনিকায়ণ করার সুপারিশ করা হয়। এসময় ভেজাল বিরোধী কার্যক্রমের সাফল্য মনিটর করতে নিয়মিত আন্তমন্ত্রণালয় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
 

No comments:

Post a Comment